ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 5

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ৫ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
..
আজকের সকালটা অন্য রকম। রোদ উঠেছে ঠিকই, কিন্তু আলোটা কেমন নরম। যেন বাড়িটার ওপর একটা অদ্ভুত শান্তির চাদর বিছানো। নীরা ভোরেই ঘুম থেকে উঠেছে। চোখ মেলেই ফিসফিস করে বলেছে—
“বিসমিল্লাহির রাহমানির রাহিম…”
তারপর জায়নামাজ বিছিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করেছে। সিজদায় মাথা রেখে শুধু একটা কথাই বলেছে—
“আল্লাহ, আজ থেকে নতুন জীবন শুরু হবে। তুমি আমাকে হেফাজত করো।”
আজ তার বিয়ে। কিন্তু বাড়িতে নেই কোনো কোলাহল, নেই কোনো হাসাহাসি, নেই গানের শব্দ। সবকিছু অদ্ভুত শান্ত। থাকবেই বা কেন? আজ যে এই বাড়ি থেকে “অপয়া” মেয়েটা চলে যাবে। আজ নীরার কোনো কাজ নেই। রান্নাঘরে একজন বাবুর্চি এসেছে। খুব সাধারণ আয়োজন— সাদা পোলাও, গরুর মাংস, মুরগির মাংস আর পায়েস। আহামরি কিছু না।
বাড়ির পরিবেশে নেই বিয়ের উচ্ছ্বাস, আছে শুধু দায়সারা আয়োজন।
★
নীরা নিজের ঘরের ছোট বারান্দার চেয়ারে হাঁটু জড়িয়ে বসে আছে। মুখ গুঁজে রেখেছে হাঁটুর ভাঁজে।
কামিনির ফুলের হালকা গন্ধ ভেসে আসছে। বাতাসে অদ্ভুত এক বিষণ্নতা। ঠিক তখনই নিলয় এসে পাশে বসলো। আলতো করে নীরার হাত ধরলো।
“বুবু… কী হয়েছে তোমার? মন খারাপ?”
নীরা মাথা তুলে হালকা হেসে বললো—
“না ভাইয়া, বুবু ঠিক আছে। তোমাকে আর আমার মুন্নি বুড়িকে ছেড়ে চলে যাবো তো… তাই একটু মন খারাপ।”
নিলয়ের মুখটা কেঁদে ফেলার মতো হয়ে গেল।
“বুবু, তুমি চলে গেলে আমাকে কে পড়াবে? রাতে কিছু খেতে চাইলে কে বানিয়ে দিবে?”
নীরার চোখে চিকচিক করে উঠলো জল। সে নিলয়কে টেনে নিজের কোলে বসালো। কপালে চুমু দিয়ে বললো—
“ভাইয়া, কিছু খেতে চাইলে মাকে বলবে। আর বাবাকে বলবে তোমাকে যেন একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেয়, কেমন? তুমি কিন্তু মুন্নির বড় ভাই। ওকে দেখে রাখবে।”
নিলয় হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। বুকের মধ্যে মুখ গুঁজে বললো—
“বুবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে দেখতে আসবে তো? আমার স্কুলে আসবে? তুমি চলে গেলে আমি তোমার হাতের রান্না খুব মিস করবো…”
নীরা কিছু বললো না। কি-ই বা বলবে সে? নিলয় হওয়ার পর থেকে এই ছেলেটাকে তো সে-ই মানুষ করেছে। গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, অসুস্থ হলে সেবা করা— সবকিছুই তো করেছে সে।
কখনো তাকে সৎ ভাই মনে হয়নি। একই বাবার সন্তান— শুধু মায়ের গর্ভ আলাদা। নীরার বুকটা ভার হয়ে এলো।
★
পাড়ার এক বড় আপা এসে নীরাকে শাড়ি পরিয়ে দিলেন। এটাই নীরার জীবনের প্রথম শাড়ি। লাল-খয়েরি মিশ্রণের শাড়িটা গায়ে জড়িয়ে যেন অন্যরকম লাগছে তাকে। এমনিতেই মেয়েটা খুব সুন্দর— আজ সাজে তাকে আরো নরম, আরো শান্ত লাগছে। মুন্নি ঘুরে ঘুরে তার আপুকে দেখছে।
“কত ছুন্দর আমাল আপুই!”
বলেই নিজে হেসে ওঠে, আবার নাচে। ছোট্ট মেয়েটা জানেই না— আজ তার আপুই এই বাড়ি ছেড়ে চলে যাবে।
....
ছেলেপক্ষের লোকজন এসে গেছে। নীরা ঘরে চুপচাপ বসে আছে। তার হাতে মায়ের একটা শাড়ি। আর দাদির দেওয়া নাকফুল। ছোটবেলায় দাদি বলেছিলেন—
“বইন, তোর যেদিন বিয়া হইবো, সেদিন আমার দেওয়া এই নাকফুলটা পরবি। জানি না তোর বিয়া আমি দেখতে পারুম কিনা। যত্ন কইরা গুছাইয়া রাখবি।”
সেদিন কথাটার গভীরতা বোঝেনি নীরা। আজ বুঝছে।
মায়ের শাড়িটার ভাঁজে মুখ গুঁজে ফুপিয়ে কেঁদে উঠলো সে। বিরবির করে বললো—
“আম্মু… ও আম্মু… তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তোমার মেয়ে ভালো নেই আম্মু। জানো, আমি কোনোদিন নিলয়ের আম্মুকে ‘আম্মু’ ডাকতে পারিনি। আমাকে কেউ খাইয়ে দেয়নি… কেউ জড়িয়ে ধরেনি।
তুমি যদি চলে যাবেই, তাহলে কেন আমাকে এই পৃথিবীতে এনেছিলে? পৃথিবীটা খুব নিষ্ঠুর, আম্মু।
আজ আমার বিয়ে… কিন্তু কেউ মাথায় হাত রেখে বলবে না— ‘তুই পর হয়ে যাস না, তুই আমাদেরই থাকবি। যখন খুশি চলে আসবি।’ জানো আম্মু, আমার জন্মদাতা বাবা কোনোদিন আমাকে কাছে টেনে নেয়নি… কখনো জড়িয়ে ধরেনি। আমাকে কেউ ভালোবাসেনি…”
কথা শেষ করতে পারলো না। কান্নায় গলা বন্ধ হয়ে এলো। দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন আতিক শেখ।
মেয়ের প্রতিটি কথা তার কানে গেছে। তার মুখ শক্ত, চোখ স্থির। কিন্তু বুকের ভেতরে যেন হালকা একটা চির ধরলো। হয়তো প্রথমবারের মতো তিনি অনুভব করলেন— তার নীরবতাও একটা অপরাধ ছিল।..
আতিক শেখ আর এক মুহূর্তও দাঁড়ালেন না।
মেয়ের কান্নাভেজা প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর কোথাও গেঁথে বসেছে। মুখ শক্ত করে দ্রুত পায়ে সরে গেলেন সেখান থেকে। হয়তো কেউ দেখলে বলত— কিছুই হয়নি। কিন্তু ভেতরে ভেতরে মানুষটা আজ প্রথমবার নিজের বিচারসভায় দাঁড়িয়ে গেলেন।
★
নীরা চোখের পানি মুছে ধীরে ধীরে নিজেকে সামলে নিল। দাদির দেওয়া নাকফুলটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তারপর সযত্নে শাড়ির আচলের এক কোণে বেঁধে রাখলো। মনে মনে বললো—
“দাদি, কথা রাখলাম।”
গভীর একটা শ্বাস নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ দুটো লাল, তবুও নিজেকে শক্ত করলো। আজ কাঁদলে চলবে না। আজ থেকে তাকে নতুন জীবনে পা রাখতে হবে। কিছুক্ষণ পর নাহিয়ান, লিপি, অনু আর তূর্যের ফুফু শাহেলা ভেতরে এলেন।
ঘরের পরিবেশ হালকা গুঞ্জনে ভরে উঠলো। নাহিয়ান ছোট ছোট পায়ে দৌড়ে ঢুকে পড়লো নীরার ঘরে।
দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। তার চোখ বড় বড় হয়ে গেল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো নীরার কাছে। নীরা হাত বাড়িয়ে মৃদু স্বরে ডাকলো—
“এদিকে আসো বাবু…”
নাহিয়ান কাছে এসে তার কোলের উপর উঠে বসল।
কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলো নীরার মুখের দিকে। তারপর ছোট্ট হাত দিয়ে নীরার গাল ছুঁয়ে বললো—
“মা… তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি আজ আমার বাসায় যাবা?”
নীরার ঠোঁটে নরম হাসি ফুটলো।
মাথা নেড়ে বললো—
“হুম বাবু, যাবো।”
নাহিয়ান খুশিতে তার কোমর জড়িয়ে ধরলো।
“ইয়ে ! আমার মা আমার বাসায় যাইবো!”
তার সরল আনন্দে ঘরটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠলো। নীরা মুচকি হেসে তার মাথার উপর চুমু খেলো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা লিপি মজা করে বললো—
“এখানে কী শুধু মা-ছেলের ভালোবাসাই দেখবো? আমাদের তো দেখছেই না!”
ভান করা অভিমানী গলায় আবার বললো—
“থাক বাপু, আমরা তাহলে চলে যাই। এই অনু আপু, চলো চলো… আমাদের তো কেউ দরকারই নাই!”
অনু হেসে সাথে সাথে বললো—
“হ্যাঁ রে, আমরা বোধহয় এক্সট্রা!”
নাহিয়ান সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো—
“না না! তোমরা যাইবা না! এটা আমার মা! তাই আমাকে আদর দিচ্ছে। ”
সবাই হেসে উঠলো। এই হাসির ভেতরেও নীরার বুকের গভীরে কোথাও এক টুকরো শূন্যতা রয়ে গেল।
আজ সে যাবে। এই ছোট্ট দু’হাতের শক্ত আলিঙ্গনটাই তাকে নতুন জীবনে টিকে থাকার সাহস দেবে।
শাহেলা বেগম নীরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখ ঘুরে ঘুরে ঘরের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে— পুরনো কাঠের খাট, ওয়ার্ডরোব, কাঁচের শোকেস, বারান্দার টব।
চোখে-মুখে হালকা বিরক্তির ছাপ। যেন এই সরল, সাদামাটা পরিবেশ তার পছন্দ হলো না।
নীরা সেটা লক্ষ্য করলো। তবুও ঠোঁটে একটা মলিন হাসি টেনে রাখলো। আজ অপমানেও কষ্ট পাওয়ার সময় নেই।
★
বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এলো। বাড়ির ভেতর অল্প কিছু মানুষের আনাগোনা। কিছুক্ষণ পর কাজি সাহেব এসে পৌঁছালেন। সাধারণ আয়োজন।
না কোনো ব্যান্ড, না কোনো শোরগোল। নীরা আর তূর্যকে আলাদা জায়গায় বসানো হলো। নীরার পাশে এসে বসল নাহিয়ান আর নিলয়। নাহিয়ান চুপচাপ তার হাত ধরে আছে। নিলয় নিচের দিকে তাকিয়ে বসে, চোখদুটো লাল। মুন্নি কুটুর কুটুর পায়ে এদিক-ওদিক ঘুরে সবকিছু দেখছে। হঠাৎ সে তূর্যের সামনে গিয়ে দাঁড়ালো। তূর্য তাকালো ছোট্ট মেয়েটার দিকে।
কিছুক্ষণ দু’জনেই একে অপরের দিকে চেয়ে রইলো।
তারপর মুন্নি আদো আদো গলায় বললো—
“তুমি কে?”
পাশ থেকে লিপি মুচকি হেসে বললো—
“ও তোমার দুলাভাই হয়।”
মুন্নি একটু ভেবে বললো—
“তুনাবাই?”
“হুম,” লিপি হেসে মাথা নাড়লো।
মুন্নি এবার তূর্যের পাশে এসে দাঁড়িয়ে বললো—
“তুমি আমাল তুনাভাই হও?”
তূর্য নরম গলায় বললো—
“হুম।”
মুন্নি আবার প্রশ্ন করলো—
“তুমি আমাল আপুইকে নিয়ে যাবা?”
তূর্য একটু থামলো। তারপর বললো—
“হুম, নিয়ে যাবো।”
মুন্নির ভুরু কুঁচকে গেল।
“আমাল আপুই আমাল কাছে থাকবে না?”
তূর্য বুঝলো— বাচ্চা মেয়েটা কিছুই বোঝে না। যদি বোঝতো, তাহলে হয়তো এই মুহূর্তে তার ছোট্ট বুকটা ভেঙে যেত। তাই সে আস্তে মাথা নাড়িয়ে বললো—
“না… থাকবে না।”
মুন্নির হাতে থাকা পুতুলটা লিপির হাতে দিয়ে সে ছোট ছোট হাত বাড়িয়ে তূর্যের ডান হাত ধরলো। ঠোঁট উল্টে কান্নাভেজা গলায় বললো—
“আমাল আপুই আর আমাকে খাইয়ে দিবে না? ঘুম পারাইয়া দিবে না?”
কথা শেষ হতেই তার চোখ বেয়ে টুপটাপ জল পড়তে লাগলো। তূর্যের বুকের ভেতরটা হঠাৎ কেমন চেপে এলো। সে কিছু বলার আগেই লিপি এগিয়ে এসে মুন্নিকে কোলে তুলে নিল। মাথায় হাত বুলিয়ে বললো—
“মুন্নি, তোমার আপুর কথা মনে পড়লে আমাদের বাসায় চলে আসবে। ঠিক আছে?”
মুন্নি কাঁদতে কাঁদতেই মাথা নাড়লো। ওদিকে নীরা সব শুনছে। তার হাত কাঁপছে। কিন্তু আজ তাকে শক্ত থাকতে হবে। আজ সে কাঁদলে— এই ছোট ছোট হৃদয়গুলো ভেঙে যাবে। মুন্নি লিপির কোল থেকে দ্রুত নেমে আবার তূর্যের কাছে এসে বলল,
" ও তুনাবাই, আমার আপুইকে নিয়ে যাইয়ো না। তুমি নিয়ে গেলে মারবে। আমার আপুই আমার মায়ের মতো। "
বলতে বলতে সে হাত ঝাঁকাচ্ছে। আজ মুন্নির ছোট বুকটা যেন ফেটে যাচ্ছে। তূর্য কী বলবে ভেবে পেল না। মেয়েটি তার বোনকে কতটা ভালোবাসলে এভাবে তার কাছে এসে এমন কথা বলতে পারে!
তূর্য মুন্নিকে কোলে তুলে নিয়ে নরম গলায় বলল,
" আমি তোমার আপুইকে মারব না। তোমার আপুই মাঝে মাঝে এসে তোমায় দেখে যাবে। "
মুন্নি আরও জোরে কান্না শুরু করল। আতিক শেখ মেয়ের কান্না শুনে এগিয়ে এলেন। মুন্নি বাবাকে দেখে তূর্যের কোল থেকে নেমে বাবার কোলে উঠার জন্য হাত বাড়িয়ে দিল। আতিক শেখ মেয়েকে কোলে নিতেই মুন্নি বাবার গলায় মুখ গুঁজে বলল,
" বাবা ও বাবা, তুনাবাইকে বলো না যেন আপুইকে না নিয়ে যায়। আমি আপুইকে ছাড়া থাকব না।"
আতিক শেখ মেয়েকে কোলে নিয়েই ঘরের বাইরে চলে গেলেন। তূর্য বাচ্চা মেয়েটির চলে যাওয়ার পথের দিকে স্থির চোখে তাকিয়ে রইল।
★
কিছুক্ষণ পর কাজি সাহেব এসে বসলেন। রেজিস্ট্রির খাতা খুলে সব তথ্য লিখে নিলেন। ঘরে তখন চাপা উত্তেজনা। সবার মুখে গম্ভীরতা। নীরাকে আলাদা ঘরে বসানো হয়েছে। তার মাথা নিচু, হাত দুটো কাঁপছে। পাশ থেকে নিলয় ধীরে বলল,
" আপু , ভয় পাচ্ছো?
নীরা মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে অদ্ভুত এক কষ্ট মিশে আছে। ওপাশে তূর্যকে বসানো হয়েছে কয়েকজন বড়দের সাথে। কাজি সাহেব গলা পরিষ্কার করে বললেন,
" পাত্র তূর্য চৌধুরী, আপনি কি কনে নীরা শেখকে ৩ লাখ টাকা কাবিনে বিবাহ করতে রাজি আছেন?
ঘর নিস্তব্ধ। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর তূর্যের দৃঢ় কণ্ঠ শোনা গেল,
" রাজি আছি।"
কাজি সাহেব তিনবার জিজ্ঞেস করলেন, আর তিনবারই তূর্য একইভাবে বলল,
"রাজি আছি।"
এরপর কনের কাছে গেলেন তিনি। নীরার সামনে খাতা রাখা হলো।
" কনে নীরা শেখ, আপনি কি পাত্র তূর্য চৌধুরীকে ৩ লাখ টাকা কাবিনে বিবাহ করতে রাজি আছেন? "
নীরার বুক ধড়ফড় করছে। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল। চারপাশ থেকে ফিসফাস শব্দ আসছে। নীরা ঠোঁট ভিজিয়ে ধীরে বলল,
" রাজি আছি।"
দ্বিতীয়বার… তৃতীয়বার… প্রতিবারই তার কণ্ঠ একটু করে কেঁপে উঠল, তবু উত্তর একটাই—
" রাজি আছি।"
সাক্ষীরা সই করলেন। তূর্য সই করল। কাঁপা হাতে নীরাও নিজের নাম লিখল ঝাপসা চোখে।
কাজি সাহেব খাতা বন্ধ করে হাসিমুখে বললেন,
" আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা স্বামী-স্ত্রী।"
ঘরে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলল “মাশাল্লাহ”, কেউ দোয়া পড়ল।
দূরে দাঁড়িয়ে থাকা আতিক শেখ সব কিছুই দেখলেন। শিমলা যেনো চাঁদ পাওয়ার মতো খুশি হলো। নীরা নীরবে বসে চোখের পানি মুছতে ব্যাস্ত। নিলয় এগিয়ে এসে নীরাকে জড়িয়ে ধরে বললো
" বুবু সাবধানে থাকবে। ঠিক মতো খাবে কেমন? "
নীরা কথা বললো না নিলয়ের হাত চুমু দিয়ে মাথা নাড়ালো।
★
সন্ধ্যা গড়িয়ে ধীরে ধীরে রাত নামছে। বাড়ির চারপাশে কেমন নিস্তব্ধতা নেমে এসেছে। দূরে কোথাও হালকা আজানের ধ্বনি মিলিয়ে গেল রাতের অন্ধকারে। নীরার কোলে ঘুমিয়ে আছে মুন্নি। অনেক কষ্টে তাকে চুপ করিয়ে ঘুম পাড়িয়েছে সে। কান্না করতে করতে মেয়েটার চোখ ফুলে গেছে। এখনো মাঝেমধ্যে ফোঁপাচ্ছে। নীরা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরার ডান পায়ের রানে মাথা রেখে শুয়ে আছে নিলয়। তার চোখে যেন সমুদ্র নেমেছে— কান্না থামছেই না। নীরা বারবার বুঝিয়েছে—
" ভাইয়া, আমি তো হারিয়ে যাচ্ছি না। যখন খুশি চলে আসবো। তুমিও আসবে আমার কাছে।"
কিন্তু নিলয় কিছুতেই মানতে চায় না। শুধু ফিসফিস করে বলেছে—
" বুবু, তুমি গেলে আমি একদম একা হয়ে যাবো…"
শেষ পর্যন্ত কান্না করতে করতে নিলয় নীরার পায়ে মাথা রেখেই ঘুমিয়ে গেল। চোখের কোণে এখনো শুকিয়ে না যাওয়া অশ্রুর দাগ। একই ঘরে লিপি, অনু আর নাহিয়ান উপস্থিত। লিপি চুপচাপ এই দৃশ্য দেখছে। অনুর চোখেও জল টলমল করছে।
নাহিয়ান গম্ভীর হয়ে মায়ের কোলে ঘুমন্ত মুন্নির দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট মুখটা ভার হয়ে গেছে। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বললো—
" মা, আমায় কোলে নেয় না।"
নীরা কথাটা শোনামাত্রই বাম হাত বাড়িয়ে বললো—
"এদিকে আসো, বাবু।"
নাহিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো। নীরা তাকে নিজের বাম পায়ের ওপর বসিয়ে গালে চুমু দিয়ে বললো—
" মা তো তার বাবুর সাথে যাবে। তখন তার বাবুকে কোলে কোলে রাখবে। এখন এই বাবুকে কোলে রাখি দেখো না, এই বাবু যে কান্না করছে।"
নাহিয়ান নিলয়ের দিকে তাকিয়ে বুঝদারের মতো মাথা নাড়লো। তারপর আলতো করে নিলয়ের চুলে হাত বুলিয়ে দিল।
" এই বাবু কাঁদে কেন?"
নীরা মৃদু হেসে বললো—
"কারণ সে তার বুবুকে খুব ভালোবাসে।"
নাহিয়ান চুপ করে রইলো। তারপর নীরার গলায় ছোট্ট করে জড়িয়ে ধরলো। এই এক ফ্রেমে— এক কোলে মুন্নি, এক পায়ে নিলয়, আর বুকে নাহিয়ান। নীরার চোখ ভিজে উঠলো আবারও। কিন্তু আজ সে কাঁদলো না। শুধু মনে মনে বললো—
“আল্লাহ, এদের হাসিটুকু যেন অটুট থাকে।”
★
রাত গভীর হয়েছে। আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে, কিন্তু বাড়িটার ভেতর আজ যেন অন্য এক ভারী চাঁদ— বিদায়ের চাঁদ। দরজার সামনে গাড়ি দাঁড়িয়ে। খুব বেশি লোকজন নেই। নেই কোনো উচ্চস্বরে কান্না, নেই ঢাকঢোল। তবু পরিবেশটা এমন— যেন নীরবতাই সবচেয়ে জোরে কাঁদছে।
নীরা ধীরে ধীরে ঘর থেকে বের হলো। লাল-খয়েরি শাড়ির আঁচল মাথায় টানা। চোখ দুটো ফুলে আছে, তবু সে নিজেকে সামলে রেখেছে। প্রথমে সে গিয়ে দাঁড়ালো আতিক শেখের সামনে। কিছুক্ষণ দু’জনেই চুপ। নীরা নিচু হয়ে বাবার পায়ে হাত রাখলো।
" বাবা, দোয়া করবেন।"
আতিক শেখ কেঁপে উঠলেন। এত বছর পর এই প্রথম মেয়েটা এভাবে তার সামনে দাঁড়িয়েছে— পর হয়ে যাওয়ার আগে। তিনি কাঁপা হাতে নীরার মাথায় হাত রাখলেন। গলা ভারী।
" ভালো থাকিস… কোনো কষ্ট হলে…"
কথা শেষ করতে পারলেন না। গলায় যেন শব্দ আটকে গেল।
★
এরপর নীরা এগিয়ে গেল নিলয়ের কাছে। নিলয় দাঁড়িয়ে আছে চুপচাপ। চোখ আবার টলমল করছে । নিলয় জড়িয়ে ধরলো।
" বুবু, যেও না…"
নীরা শক্ত করে জড়িয়ে ধরলো ছোট ভাইটাকে।
" আমি আছি তো। পড়াশোনা ঠিকমতো করবে। মুন্নিকে দেখবে। "
নিলয় মাথা নাড়লো, কিন্তু চোখের জল থামলো না।
নীরা তার কপালে চুমু দিয়ে আলতো করে সরিয়ে দিল।
★
আজ সে যাচ্ছে। অপয়া তকমা নিয়েই হোক, তবু মাথা উঁচু করে যাচ্ছে। তূর্য গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। নীরার দিকে একবার তাকিয়ে দরজা খুলে দিল। নীরা ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। আতিক শেখ স্থির দাঁড়িয়ে, কিন্তু তার চোখ আজ আর শক্ত নেই। গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল। নতুন জীবনের পথে গাড়ি ছুটতে লাগলো। পেছনে পড়ে রইলো এক শৈশব, এক বুকভরা অভিমান, আর কিছু অমলিন ভালোবাসা।

চলবে...........

[ বিদ্র : ⛔ সবাই পড়ো নোট টা । আমি কালকে #রাগে_অনুরাগে_তুমি এই গল্পটা লাস্ট আপলোড দিবো । ৭ তারিখ থেকে আমার মেডিকেল এক্সাম ।। কয়েকদিন গল্প নাও আসতে পারে । যদি সম্ভম হয় তাহলে দিবো। ইনশাআল্লাহ । আজকে বড় করে দিয়েছি। পড়ে জানাবা কেমন হইসে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে । হ্যাপি রিডিং ⛔ ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন