ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 6

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ৬ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
.

রাত অনেক গড়িয়ে গেছে। বাড়ির সব আলো নিভে এসেছে। বিশাল বাড়িটার করিডোরে হালকা নৈশবাতির আলো— নিঃশব্দ, স্থির। দূরে কোথাও ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। নীরার ঘরে মৃদু আলো জ্বলছে। বিছানার একপাশে নীরা শুয়ে আছে। তার বুকের সাথে মুখ গুঁজে গভীর ঘুমে নাহিয়ান। ছোট্ট হাত শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে, যেন ছেড়ে দিলে মা হারিয়ে যাবে। নীরা আধো ঘুমে, আধো জাগরণে। আজকের দিনটা এত লম্বা ছিল— বিদায়, কান্না, নতুন ঘর… সব মিলিয়ে শরীর ভেঙে গেছে।
ঠিক তখনই— রাত দুটোয় দরজা খোলার শব্দ।
দরজা বন্ধ করার হালকা আওয়াজে নীরার ঘুম ভেঙে গেল। সে ধীরে চোখ মেললো। দেখলো— তূর্য ঘরে ঢুকেছে। মুখ গম্ভীর, চোখে ক্লান্তি। নীরা তাড়াতাড়ি উঠে বসল। আঁচলটা টেনে নিলো মাথায়। তূর্য একবার তাকালো— তারপর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর বের হলো। চুল ভেজা। মুখ শক্ত। বিছানার পাশে রাখা একটা বালিশ তুলে নিলো।
দরজার দিকে হাঁটতে হাঁটতে থামলো। ঘুরে তাকালো নীরার দিকে। কণ্ঠ ঠান্ডা, সংযত—
“দেখুন, মিস নীরা। আপনি ইতিমধ্যে জানেন— আমি আমার আগের স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কোনো কারণে আমাদের আলাদা হয়ে যায়। আমি কখনো আমার জীবনে কাউকে জড়াতে চাইনি। কিন্তু আমার ছেলের জন্য বিয়ে করতে হয়েছে।”
একটু থামলো।
“আমি আপনার দায়িত্ব নেবো। আপনি যা চাইবেন— সব পাবেন। কিন্তু স্বামীর অধিকার নিয়ে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আশা করি বুঝতে পারছেন।”
এক মুহূর্তও অপেক্ষা করলো না। বালিশটা নিয়ে পাশের স্টাডি রুমে চলে গেল। দরজা বন্ধ। ঘর নিস্তব্ধ।
নীরা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলো। শব্দগুলো যেন মাথার ভেতর ধাক্কা মারছে—
“স্বামীর অধিকার নিয়ে কোনো এক্সপেকটেশন রাখবেন না…”
তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এটাই কি তবে তার নতুন জীবন? পরক্ষণেই সে দু’হাত দিয়ে মুখ চেপে ধরলো। শব্দহীন কান্না শুরু হলো। কিন্তু কান্না কি চেপে রাখা যায়? গলা কেঁপে উঠলো। বুক হেঁচকি তুলে কাঁপতে লাগলো। এতদিন সে বাবার অবহেলা সহ্য করেছে। সৎ মায়ের দূরত্ব মেনেছে। অপয়া তকমা শুনেছে। কিন্তু আজ— স্বামী নামের মানুষটা প্রথম রাতেই তাকে জানিয়ে দিল— তার কোনো অধিকার নেই।
“আমি তাহলে কী?”
মনে মনে প্রশ্ন করলো সে।
“একটা দায়িত্ব? একটা প্রয়োজন? শুধু একটা মায়ের বিকল্প?”
কান্না বাড়তে লাগলো। হেঁচকি উঠে গেল। সে আঁচল দিয়ে মুখ চেপে ধরলো যাতে নাহিয়ানের ঘুম না ভাঙে।
অনেকক্ষণ পর দেয়ালের ঘড়ির দিকে তাকালো—
রাত ৩টা। নীরা ধীরে বিছানা থেকে নামলো। নাহিয়ানের হাত আলতো করে ছাড়িয়ে দিলো। বাথরুমে গিয়ে মুখে পানি দিলো। চোখ লাল, ফুলে গেছে। ওজু করলো। নামাজ পড়বে। জায়নামাজ খুঁজলো… কোথাও পেলো না। একটু থেমে রইলো।
তারপর নিঃশব্দে ঘরের ফাঁকা ফ্লোরেই দাঁড়িয়ে গেল। মেঝে ঠান্ডা। কিন্তু বুকের ভেতরের শূন্যতার চেয়ে ঠান্ডা নয়। তাকবিরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়ালো।
রুকু… সিজদাসি জদায় গিয়েই আর নিজেকে সামলাতে পারলো না। মাথা ঠেকানো মেঝে ভিজে উঠলো অশ্রুতে। মোনাজাতে দু’হাত তুলে ফিসফিস করে বললো—
“আল্লাহ… আমি খুব ক্লান্ত। খুব একা। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। তবু কেন যেন সবসময় অপ্রয়োজনীয় হয়ে যাই। আজ থেকে যে মানুষটার ঘরে এলাম— সে বললো আমার কোনো অধিকার নেই। তাহলে তুমি বলো আল্লাহ, আমার স্থান কোথায়?
আমি ভালোবাসা চাইনি, শুধু একটু আপন করে নেওয়া চাইছিলাম। একটু আশ্রয়… একটু নিরাপত্তা…একটু ভালোবাসা। তুমি তো জানো, আমি কারো স্বপ্ন ভাঙতে চাই না। আমি শুধু কারো স্বপ্ন হতে চেয়েছিলাম…”
তার কণ্ঠ ভেঙে গেল।
“যদি আমার কপালে ভালোবাসা না লিখে থাকো—
তাহলে আমাকে শক্ত করে দাও। এত শক্ত করে দাও যেন অপমানেও হাসতে পারি, অবহেলাতেও ভেঙে না পড়ি। আর যদি কখনো এই মানুষটার মনে আমার জন্য একফোঁটা মায়া জন্মায়— তাহলে সেটা যেন আমার সন্তানের মতো নাহিয়ানের জন্যই হয়। ও যেন কোনোদিন মায়ের অভাব না পায়।”
চোখ বেয়ে টুপটাপ অশ্রু ঝরছে।
“আল্লাহ…
আমি কাউকে কাঁদাইনি। তুমি শুধু আমাকে আর কাঁদিও না…”
অনেকক্ষণ সিজদায় পড়ে রইলো সে। ভোরের আজান ধীরে ধীরে ভেসে এলো দূর থেকে। নীরা চোখ মুছে উঠলো। আজ থেকেই শুরু তার নতুন জীবন—
ভালোবাসাহীন, তবু দায়িত্বে ভরা। কিন্তু বুকের গভীরে খুব গভীরে— সে এখনো একফোঁটা অলৌকিকতার অপেক্ষায়।
★
ফজরের আজান ভেসে আসতেই নীরা নামাজ শেষ করলো। দীর্ঘ মোনাজাতের পর তার চোখদুটো ভারী হয়ে এসেছে। অশ্রুতে ভেজা গাল, ক্লান্ত শরীর— সব মিলিয়ে আর বিছানায় যাওয়ার শক্তিটুকুও রইলো না।
জায়নামাজ না পেয়ে যেই ফাঁকা মেঝেতে নামাজ পড়েছিল, সেখানেই আলতো করে শুয়ে পড়লো। ঠান্ডা ফ্লোর, নিঃশব্দ ঘর। নাহিয়ান তখনো গভীর ঘুমে।
কান্নার পর শরীর যেমন হালকা হয়ে যায়, তেমনি এক অদ্ভুত অবসাদ তাকে গ্রাস করলো। চোখ দুটো বন্ধ হতেই ঘুম এসে গেল। সকাল ধীরে ধীরে শহরটাকে জাগিয়ে তুলছে। পূর্ব আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁক গলে সূর্যের নরম আলো ঢুকে ঘরের অন্ধকার ভাঙতে চাইছে। দূরে কোথাও পাখির কিচিরমিচির। রান্নাঘরের দিক থেকে ভেসে আসছে থালাবাসনের মৃদু শব্দ। ঘড়ির কাঁটা ছয়টা ছুঁইছুঁই। তূর্য জগিংয়ে বের হওয়ার জন্য স্টাডি রুম থেকে বের হলো। সারা রাত ঘুম ঠিকমতো হয়নি। মনটাও অস্থির ছিল। ঘরে ঢুকতেই খেয়াল করলো— রুম অন্ধকার। বিছানার দিকে তাকালো— নাহিয়ান ঘুমিয়ে আছে। কিন্তু নীরা? সে এক পা এগোতেই হঠাৎ কারও হাতে পা ঠেকে গেল। তূর্য চমকে উঠে তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশলাইট অন করলো। আলো ফেলতেই দৃশ্যটা স্পষ্ট হলো— নীরা মেঝেতে শুয়ে আছে। এক পাশে কাত হয়ে, আঁচল এলোমেলো। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ স্পষ্ট। কান্নার কারণে মুখটা লাল হয়ে আছে। শরীরটা এখনো হালকা কাঁপছে— যেন ঘুমের মাঝেও সে কাঁদছে। তূর্যের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। গত রাতের কথাগুলো কানে ভেসে উঠলো।
তার বলা প্রতিটা শব্দ যেন ফিরে এসে নিজেকেই আঘাত করছে।
“আমি কি বেশি কঠোর হয়ে গেলাম?”
অদ্ভুত এক অপরাধবোধ চেপে ধরলো তাকে। কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলো। তারপর ধীরে বিছানার দিকে গিয়ে একটা এক্সট্রা কম্বল তুলে আনলো। খুব সতর্কভাবে নীরার গায়ে জড়িয়ে দিলো। যেন তার ঘুম না ভাঙে। এসির ঠান্ডা বাতাস বইছে। তূর্য রিমোট তুলে এসির পাওয়ার অফ করে দিলো।
আবার একবার তাকালো নীরার দিকে। ঘুমন্ত মুখে এত অসহায়তা কেন? তারপর বিছানার কাছে গিয়ে নাহিয়ানের মাথায় হাত বুলিয়ে দিলো। ছোট্ট ছেলে একটু নড়ে উঠে আবার ঘুমিয়ে রইলো। তূর্য গভীর একটা নিঃশ্বাস ফেললো। মনে কোথাও একটা অজানা অস্বস্তি, হালকা ব্যথা কাজ করছে। সে আর দাঁড়ালো না। ধীরে দরজা খুলে বেরিয়ে গেল জগিংয়ের উদ্দেশ্যে। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল
★
ঘড়ির কাঁটা যখন সাতটা ছুঁলো, তখন নীরার ঘুম ভাঙলো। মেঝের ঠান্ডা স্পর্শ প্রথমে টের পেল সে। তারপর ধীরে ধীরে মনে পড়লো— গত রাতের সবকিছু।
গায়ে জড়ানো কম্বলটা দেখে কিছুটা থমকালো। সে তো নিজে কম্বল নেয়নি… এক মুহূর্তের জন্য মনে অদ্ভুত একটা অনুভূতি ছুঁয়ে গেল। কিন্তু সে আর ভাবলো না। ধীরে উঠে বসে চারপাশে তাকালো। নাহিয়ান এখনো বিছানায় ঘুমিয়ে। নীরা আস্তে করে উঠে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য।
কিছুক্ষণ পর নাহিয়ানের ঘুম ভাঙলো। ছোট্ট হাত বাড়িয়ে পাশটা খুঁজলো— মা নেই!
সে চোখ মেলে চারদিকে তাকালো। বিছানায় একা।
পরক্ষণেই তার মুখ কুঁচকে গেল। ঠোঁট কাঁপতে লাগলো।
“মা… মা…”
মা সাড়া দিচ্ছে না দেখে হঠাৎ করেই জোরে কেঁদে উঠলো সে। ঠিক তখনই অনু নীরাকে ডাকতে উপরে উঠছিল। নাহিয়ানের কান্নার শব্দ শুনে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লো।
“নাহিয়ান, কী হয়েছে? কান্না করছিস কেন?”
নাহিয়ান কাঁদতে কাঁদতে অনুর গলা জড়িয়ে ধরলো। ভেজা গলায় বললো—
“ফুফুমণি… মা চলে গেসে। মা নেই…!”
অনু থমকে গেল। চোখ বুলিয়ে দেখলো— সত্যিই নীরা ঘরে নেই। কিছু বলতে যাবে, এমন সময়ই ওয়াশরুমের দরজা খুলে নীরা তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। চুল ভেজা, মুখে উৎকণ্ঠা। সে দ্রুত এগিয়ে এসে নাহিয়ানকে কোলে তুলে নিলো।
“আমার বাবাটা কী হয়েছে? মা তো কোথাও যায়নি। মা আছি তো! আমি কি আমার বাবাকে রেখে কোথাও যেতে পারি?”
নাহিয়ান কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরলো।
নীরা তার কপালে চুমু দিয়ে বললো—
“মা তো শুধু ফ্রেশ হচ্ছিলাম। তুমি উঠেই কাঁদতে শুরু করলে?”
নাহিয়ান মায়ের বুকের ভেতর মুখ গুঁজে রইলো। যেন আবার হারিয়ে যাবে ভেবে শক্ত করে আঁকড়ে ধরেছে।
অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে মুচকি হাসলো।
“ভাবি, কী যে জাদু করলা! ছেলে এখন তোমায় ছাড়া কিছুই বুঝে না।”
নীরা লজ্জা মেশানো হাসি দিলো। মায়ের স্নেহে বুক ভরে উঠলো তার। অনু তাড়াহুড়ো করে বললো—
“মা-ছেলে তারাতাড়ি নিচে নামেন। নাস্তা খেতে হবে।”
এই বলে সে নিচে নেমে গেল।
নীরা ধীরে ধীরে নাহিয়ানকে ফ্রেশ করালো। মুখ ধুয়ে দিলো, ছোট্ট জামাটা পরিয়ে দিলো। তারপর তাকে কোলে নিয়েই নিচে নামতে লাগলো। সিঁড়ির মোড়ে হঠাৎ তূর্যের সঙ্গে দেখা। তূর্য জগিং সেরে ফিরেছে। মুখে হালকা ঘাম, কিন্তু চোখ দুটো স্থির। একবার নীরার দিকে তাকালো, তারপর নাহিয়ানের দিকে।
সে এগিয়ে এসে নাহিয়ানের গালে আলতো করে চুমু দিলো।
“কান্না করছিলে নাকি, ?”
নাহিয়ান মায়ের কাঁধে মুখ লুকিয়ে রইলো। তূর্য আর কিছু বললো না। নীরার দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। নীরা স্থির দাঁড়িয়ে রইলো কয়েক সেকেন্ড। তার বুকের ভেতর হালকা ঢেউ খেললো— আজকের সকালটা কি একটু অন্যরকম?
নাকি সে-ই বেশি ভেবে ফেলছে? নাহিয়ানের ছোট্ট হাত তার গলা জড়িয়ে আছে শক্ত করে।

চলবে.......
( বিদ্র : আমার ময়না পাখিরা শোনো। আজকে এই পর্ব টা ছোট তা আমি জানি। তোমরাই বলো একটা পর্ব দেওয়ার পর আরেকটা বড় করে দেওয়া যায়? কিন্তু ৭ নাম্বার পর্ব টা বড় করে দেওয়ার চেষ্টা করবো । রেসপন্স করবে বেশি বেশি । আরা জানাও কেমন হইসে গল্প টা। )

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন