#পর্বঃ৬ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ🚫।]
সন্ধ্যা গড়িয়ে রাতের সূচনা। কার্তিক মাসের আগমনে গোধূলি পেরোলেই বাতাসে নেমে আসে মৃদু শীতলতার পরশ; যেন আসন্ন শীতের নীরব বার্তাবাহক। হিমেল হাওয়ায় শীতের আগমনী সুর ভেসে বেড়ায়, প্রকৃতিও ধীরে ধীরে বদলে নিতে শুরু করেছে তার রূপ।
অন্যদিকে, ব্যস্ত শহরতলী সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আরও কর্মচঞ্চল হয়ে উঠেছে। আশপাশের অফিসগুলোতে ছুটি ঘোষণা হয়েছে বেশ আগেই। সারাদিনের ক্লান্তি কাঁধে নিয়ে কর্মজীবী মানুষগুলো আপন নীড়ে ফেরার তাড়নায় গাড়ির খোঁজে এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে। সেই অবিরাম ছুটোছুটি আর যানবাহনের চাপ মিলিয়ে সুদীর্ঘ সড়কজুড়ে নেমে এসেছে অসহনীয় যানজট।
প্রায় আধঘণ্টা ধরে ট্রাফিকের অবসানহীন জটের মধ্যে অবরুদ্ধ হয়ে আছে সৌরভের গাড়ি। স্টিয়ারিং আঁকড়ে নিশ্চুপ বসে রয়েছে সে। ক্রোধ, ক্ষোভ আর বিরক্তির দহন তার মুখাবয়বকে মলিন করে তুলেছে। ভ্রুঁযুগলের মধ্যবর্তী স্থান তীব্র অসন্তোষে গভীরভাবে কুঞ্চিত। তবে তার এই বিরক্তির মূল কারণ ট্রাফিক নয়; বরং পেছনের সিটে উপবিষ্ট দুই নারী।
পার্কে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পরও একপ্রকার নিরুপায় হয়েই পারমিতা ও ফাইজাকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে সে। অবশ্য এর মূলে রয়েছে পারমিতাই। মেয়েটা যে কী সাংঘাতিক ভণ্ড! পরে দেখা যাবে বাড়ি গিয়ে হামিদা মির্জা আর সাহেদ মির্জাকে বলবে–”ভাসুর তাকে পার্কে দেখেও না নিয়ে একা বাড়ি ফিরেছে”। আর সৌরভ এমন রিস্ক নেওয়ার মতো মানুষ নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও এই দুই ভণ্ডকে নিজের সঙ্গেই নিয়ে চলেছে। অপরদিকে পেছনের সিটে বসে পারমিতা আর ফাইজা সেই কখন থেকে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে গল্প জুড়েই রেখেছে। তাদের অবিরাম ফিসফাস আর পটর-পটর শব্দে সৌরভের কর্ণযুগল প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশেষে বিরক্তির বাঁধ ভেঙে সে রিয়ারভিউ মিররের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নির্বিকার স্বরে বলে উঠল,
–"কী এত পুচুর-পুচুর করছ তোমরা দু'জন? আমাকেও একটু শোনাও।"
কথাটা সে এমন ভাবলেশহীন ভঙ্গিতে উচ্চারণ করল, যেন বিষয়টা নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অথচ তার কণ্ঠস্বর কর্ণগোচর হতেই দুই বান্ধবী আচমকা নিশ্চুপ হয়ে গেল। ক্ষণিক নীরবতার পর ফাইজা গলা খাঁকারি দিয়ে নির্বিকার কণ্ঠে বলল,
– "মেয়ে মানুষের কথা আপনি পুরুষ মানুষ শুনে কী করবেন?"
দুই বান্ধবীর ভেবেছিল ছিল, এমন উত্তর শুনে সৌরভ নিশ্চয়ই আর কথা বাড়াবে না। কিন্তু তাদের সেই ভাবনা নিমেষেই ভ্রান্ত প্রমাণিত হলো। সৌরভ সামান্য শরীর এলিয়ে দিয়ে পুনরায় রিয়ারভিউ মিররের দিকে দৃষ্টি স্থির করল। অতঃপর ঠোঁটের কোণে ক্ষীণ বিদ্রূপের রেখা টেনে বলল,
–”মেয়ে মানুষের কথা? তা সামনে যে একজন পুরুষ মানুষ বসে আছে, তাকে কি আপনাদের গণনাতেই ধরছেন না? একটা পুরুষ মানুষের পেছনে বসে বসে মেয়ে মানুষের বিষয় নিয়ে এত পুচুর-পুচুর করতে আপনাদের লজ্জা করে না?"
সৌরভের এই অপ্রত্যাশিত প্রত্যুত্তরে পারমিতা আর ফাইজা দু'জনই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। বিস্ময়ে তারা পরস্পরের মুখপানে চেয়ে রইল। ফাইজা অতর্কিত ধাক্কাটা সামলে নিয়ে চোখ সরু করে তাকাল সৌরভের দিকে। মেয়েটার ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি ফুটে উঠল। আর বলল,
–"লজ্জা তো তখনই করবে, যখন সামনে সত্যিকারের ভদ্রলোক বসে থাকবে।"
কথাটা শেষ করেই পারমিতার কনুইয়ে আলতো করে গুঁতো দিল সে। পারমিতা ঠোঁট কামড়ে হাসি চাপার বৃথা চেষ্টা করছে। সৌরভ এক পলকের জন্য রিয়ারভিউ মিররে তাকাল। আয়নায় ধরা পড়ল ফাইজার মুখ। তীক্ষ্ণ চোখজোড়ায় দুষ্টুমির চিকচিকানি, অথচ মুখভঙ্গি আশ্চর্য রকমের স্থির। অকারণেই তার দৃষ্টি কয়েক মুহূর্ত আটকে রইল।
অবচেতনেই সৌরভ গলা খাঁকারি দিল,
– "ভদ্রলোক কি না, সেটা পরে বিচার করবেন। তবে এতক্ষণে বুঝলাম, কথায় কথায় মানুষকে জব্দ করার অভ্যাস আপনার পুরোনো।"
ফাইজা ভ্রু নাচিয়ে জবাব দিল,
–"জব্দ তো সবাই হয় না। কেউ কেউ আবার দিব্যি পাল্টা উত্তরও দিয়ে বসে।"
সৌরভের ঠোঁটের কোণে অতি ক্ষীণ একটুকরো হাসি উঁকি দিল। হাসিটা ক্ষণস্থায়ী হলেও আয়নায় ধরা পড়ে গেল। সেটা লক্ষ করেই ফাইজার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি দোলা দিয়ে উঠল। লোকটা হাসলে তাকে মন্দ লাগে না। বরং বিরক্ত মুখটার আড়ালে যেন এক চিলতে উষ্ণতা লুকিয়ে আছে। মুহূর্তের জন্য গাড়ির ভেতর নেমে এলো নীরবতা। বাইরে হর্নের কর্কশ শব্দ, মানুষের কোলাহল, যানজটে; সবকিছুই যেন দূরে মিলিয়ে গেল। কেবল রিয়ারভিউ মিররে মাঝেমধ্যে চোখাচোখি হয়ে যাচ্ছে দু'জনের। যতবারই চোখাচোখি হচ্ছে, ততবারই ফাইজা দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে।
দু'জনের এমন চোখাচোখি দৃষ্টিগোচর হলো না পারমিতার। তীক্ষ্ণ বুদ্ধিমত্তার হওয়ায় খুব সহজেই বুঝে গেলো পরিস্থিতি ঠিক কোন দিকে প্রবাহিত হচ্ছে। পারু হালকা চিমটি কাটলো ফাইজার হাতে। ক্ষীণ ব্যথা অনুভূত হতেই ফাইজা অতর্কিত শব্দ করে উঠে। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকায় পারমিতার দিকে। কিন্তু পারুর তীক্ষ্ণ সূচালো দৃষ্টি দেখতে পেয়ে আচানক একটা শুকনো ঢোক গিলো ফাইজা। আর ফিসফিস করে শুধালো,
–”এভাবে তাকাচ্ছিস কেনো?”
পারুও বিলম্ব না করে ফিসফিস করে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলো,
–”তোর মনে কি চলছে বলতো? আমার ভাসুরটার দিকে ওমন দৃষ্টিতে তাকাচ্ছিস কেনো? দেখ, একদম উল্টোপাল্টা চিন্তাভাবনা করবি না বলে দিলাম।”
পারুর কথায় একপ্রকার থতমত খেয়ে গেলো ফাইজা। যেনো চুরি করতে গিয়ে অসতর্কতার ফলে ধরা পড়ে গেছে। একবার নিজের দৃষ্টি পেরিয়ে সামনের দিকে তাকালো। দেখল সৌরভ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। ফাইজা ফোঁস করে শ্বাস ছাড়লো। আর ফিসফিস করে পারুকে বলল,
–”একটা কথা বলতো, উনার রিলেশনশিপ'টা কি সিরিয়াস ছিলো?”
অতর্কিত প্রশ্ন নাক-মুখ সিটকালো পারু। তারপর বলল,
–”সিরিয়াস হলে কি ওই মেয়েটা ভাইয়ার কথা শুনতো না? একটুও কি বিশ্বাস রাখতো না তার উপর? যেহেতু মেয়েটা এর কোনটাই করেনি; তার মানে নিশ্চয়ই তাদের রিলেশনটা সিরিয়াস না।”
পারমিতার যৌক্তিক কথায় মাথা দুলালো ফাইজা। কিছু একটা ভাবতেই ভাবনার জগতে পাড়ি জমালো।
বেশ কয়েক সেকেন্ডে এমন করেই অতিবাহিত হলো। ফাইজাকে আনমনে কিছু ভাবতে দেখে পারমিতা তাকে হালকা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে সম্বিৎ ফিরে পেলো মেয়েটা। সঙ্গে সঙ্গে মেয়েটার অধরকোণে ফুটে উঠল এক চিলতে লাজুক হাসি। ওর এমন হাসির কারণ বুঝতে না পেরে বিমূঢ় চিত্তে তাকিয়ে ভ্রুঁযুগল কুঁচকে ফেললো পারু। ফাইজা পারুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
–”তার মানে আমার রাস্তা ক্লিয়ার। তুই চাইতি না আমি সবসময় তোর সাথে থাকি। নে বান্ধবী খুব শীঘ্রই তোর ইচ্ছে পূরণ হতে চলেছে।”
প্রথমে তো পারমিতা বিমূঢ় চিত্তে তাকালো ফাইজার পানে। কিন্তু পরক্ষণেই ওর কথার অর্থ বুঝতে পেরে রমণী হতবিহ্বল হয়ে পড়লো। বিস্ফোরিত দৃষ্টি মেলে পরখ করলো ফাইজাকে। শব্দ উচ্চারণ করতে গিয়েও থেমে গেলো। ঢোক গিলে নিজেকে সংযত করলো। আর নিচু গলায় বলল,
–”আগুন নিয়ে খেলিস না, ফাইজু। শেষে কিনা আমার এই খাম্বা ভাসুরকে পটাবি তুই?”
পারমিতার কথায় খিলখিল করে হেসে ফেললো ফাইজা। নিজে কিছু বলতে যাচ্ছে তার আগেই সামনের সিট থেকে সৌরভের কন্ঠস্বর ভেসে এলো,
–’এটাই কি আপনার আন্টির বাসা?”
সৌরভের কন্ঠস্বর শুনে ফাইজা জানালা দিয়ে সামনের বিল্ডিংটার দিকে তাকালো। তারপর বলল,
–”হ্যাঁ, এটাই।”
তারপর ফাইজা পারমিতার থেকে বিদায় নিয়ে বেরিয়ে
গেলো গাড়ি থেকে। বিল্ডিংয়ের দিকে একপা বাড়িয়েই মুহূর্তেই নিজের পদচারণ থামিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো সে। গাড়ির সামনের জানালার দিকে এগিয়ে এসে দুষ্টুমিভরা গলায় ডাকলো সৌরভকে,
–”এই যে মিস্টার. খাম্বা!”
সৌরভ স্তম্ভিত হয়ে গেলো এমন উদ্ভব নাম শুনে। বড় বড় চোখ করে তাকালো ফাইজার দিকে। ফাইজা নিজের হাসি আটকে রেখে বলল,
–”আপনাকেই বলছি, সাবধানে থাকবেন। হামলা কিন্তু যেকোনো দিকে হতে পারে।”
সৌরভ ভ্রুঁযুগল কুঁচকে বিমূঢ় কন্ঠস্বরে আওড়ালো,
–”মানে?”
ফাইজা নিজের অধরে বাঁকিয়ে একটা হাসি টানলো। আর বলল,
–”সেটা সময় হলেই বুঝতে পারবেন। এখন চলি। খুব শীঘ্রই আমাদের আবার মোলাকাত হবে, মিস্টার. খাম্বা।”
এই বলে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না ফাইজা। দ্রুত বিল্ডিং এর ভেতরে চলে গেল। সৌরভ কিয়ৎক্ষণ হতভম্ব চাহনিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে।
.
.
মির্জা বাড়ির লিভিং রুমজুড়ে নেমে এসেছে এক অস্বস্তিকর থমথমে নীরবতা। বাতাসেও টানটান উত্তেজনার ছাপ স্পষ্ট। সোফায় গম্ভীর মুখে উপবিষ্ট আছেন সাহেদ মির্জা ও হামিদা মির্জা। তাদের ঠিক সন্নিকটে মাথা নত করে দাঁড়িয়ে আছে পারমিতা।
এখনও ফ্রেশ হওয়ার সুযোগ হয়নি তার। পরনে রয়েছে সেই আগের বোরখাটাই। আসলে বাড়ির চৌকাঠ পেরোনোর পর এক মুহূর্তের অবকাশও মেলেনি তার। দরজা দিয়ে ঢুকতেই সৌরভ প্রায় ঝড়ের বেগে হামিদা মির্জা আর সাহেদ মির্জার কাছে উপস্থিত হয়ে এক নিঃশ্বাসে পারমিতার নামে নালিশের ডালি খুলে বসেছে। তার ভাষ্যমতে, ভরা পার্কের মাঝখানে পারমিতা তাকে অপদস্থ করেছে। তাও আবার তার বান্ধবীর সাথে মিলে। সৌরভের সেই অভিযোগের পর থেকেই লিভিং রুমের আবহাওয়া যেন এক লহমায় বদলে গেছে। চারদিকে গাঢ় গুমোট নীরবতা। কারো মুখে কোনো কথা নেই।
সৌরভ ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। অন্তরে চাপা এক তৃপ্তির ঢেউ উঠেছে। আজ আর পারমিতাকে বকুনি খাওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বিশ্বাসে তার বুক ভরে উঠেছে। ঠোঁটের কোণে অদৃশ্য এক বিজয়ীর হাসি খেলা করছে। সাহেদ মির্জা ধীর দৃষ্টিতে একবার পারমিতার মুখপানে তাকালেন। অতঃপর গম্ভীর স্বরে প্রশ্ন করলেন,
–”পারু, সৌরভ যা বলছে, তা কি সত্য?"
প্রশ্নটা কানে পৌঁছাতেই পারমিতা ধীরে ধীরে মাথা তুলল। একবার আড়চোখে সৌরভের দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা আত্মতৃপ্তির হাসিটুকু চোখ এড়াল না পারমিতার। নিকাবের আড়ালে তার অধরেও ক্ষণিকের জন্য কুটিল এক হাসির রেখা ফুটে উঠল। তবে পরমুহূর্তেই সে হাসি মিলিয়ে গেল। মুখজুড়ে টেনে আনল অসহায়ত্বের আবরণ। পারু ধীর হাতে নিকাব খুলে ফেলল। তারপর মৃদু, কিঞ্চিৎ কাঁপা কণ্ঠে বলল,
–”আব্বু, আমি নির্দোষ। আমি আর ফাইজা পার্কে ঘুরছিলাম। হঠাৎ দেখি ভাইয়া একটা মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে। কৌতূহলবশত আমরা তাদের কাছে গিয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম, 'ভাইয়া, মেয়েটা কে?' তখন ভাইয়া নিজেই বলল, মেয়েটা তার গার্লফ্রেন্ড। চার বছর ধরে নাকি তাদের সম্পর্ক। কথাটা শুনে আমি শুধু বলেছিলাম, 'আব্বু-আম্মুর কাছ থেকে এত বড় বিষয়টা লুকিয়ে রেখেছেন কেন, ভাইয়া? তারা জানতে পারলে তো খুব কষ্ট পাবেন।'
আমার কথাটা শুনেই ভাইয়া হঠাৎ রেগে গেল। সবার সামনে চিৎকার-চেঁচামেচি শুরু করে দিল। ওনার চেঁচামেচি শুনেই চারপাশের মানুষ জড়ো হতে লাগল। আমি তো ভয়ে কিছুই বলতে পারিনি…"
কথাগুলো শেষ করে পারমিতা ধীরে ধীরে একটি লম্বা শ্বাস ফেলল। চোখদুটোও এমনভাবে নিচু করে রাখল, যেন সে ভীষণ অপমানিত। এদিকে পারমিতার সুসজ্জিত বক্তব্য শুনে সৌরভ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। তার মনে হচ্ছে, তার মাথার ভেতর কেউ একের পর এক হাতুড়ির আঘাত হেনে চলেছে। চোখদুটো বিস্ফারিত, মুখ হাঁ হয়ে আছে। এ কী শুনলো সে!
এই মেয়েটা এত বড় মাপের ভণ্ড! নির্লজ্জের মতো মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটাই উল্টে দিয়ে এমন নিখুঁত গল্প ফেঁদে বসল, যেন সবকিছু সত্যিই তার চোখের সামনে ঘটেছে। এরই মধ্যে হামিদা মির্জা আর সাহেদ মির্জার মুখমণ্ডল কঠোর হয়ে উঠেছে। দু'জনেরই দৃষ্টি নিবদ্ধ সৌরভের দিকে। সেই দৃষ্টিতে জমাট বেঁধে আছে বিস্ময়, ক্ষোভ আর অবিশ্বাস। সৌরভ আর চুপ করে থাকতে পারল না। এক লাফে চেঁচিয়ে উঠলো,
–”আব্বু, ওর একটা কথাও বিশ্বাস করো না। সব বানিয়ে বলছে। আমি…”
–”চুপ।" হামিদা মির্জার এক ধমকেই সৌরভের বাকিটুকু গলায় আটকে গেল। তিনি এবার ধীর পায়ে উঠে পারমিতার সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়েটার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার সৌরভের দিকে ফিরলেন। সৌরভ আর দেরি না করে দাঁতে দাঁত পিষে বলে উঠল,
–”ও একটা বেয়াদপ, আম্মু।"
পারমিতা সঙ্গে সঙ্গে করুণ মুখ করে বলল,
–”আমি কিছু করি নি, শাশুড়ি আম্মু। আমি নির্দোষ।"
পারমিতার কথাটা শেষ হতেই হামিদা মির্জা কটমট করে ছেলের দিকে তাকালেন। তারপর গলা চড়িয়ে বললেন,
–”চুপ, অপদার্থ! তুই বেয়াদপ। তোর চৌদ্দ গুষ্টি বেয়াদপ।"
পাশেই বসে থাকা সাহেদ মির্জা কপাল কুঁচকে স্ত্রীর দিকে তাকিয়ে কাশির ভঙ্গিতে গলা পরিষ্কার করলেন। আর বললেন,
–”হামু, ওর চোদ্দ গুষ্টিতে আমিও আছি।"
হামিদা মির্জা স্বামীর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার এমন দৃষ্টি দেখে চুপসে গেলেন ভদ্রলোক।
পারমিতা তড়িঘড়ি করে মুখ নিচু করে ফেলল। কাঁধ দুটো কাঁপছে। হাসিটা প্রাণপণে চেপে রাখার চেষ্টা করছে সে। সৌরভ অসহায় মুখে একবার নিজের বাবার দিকে, আরেকবার মায়ের দিকে তাকাল।
মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বাড়িতে আসলে আপন মানুষ বলতে কেউ আছে তো?
–”পার্কে প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করো! ছিঃ ছিঃ!
আমার বড় ছেলে হয়ে তুমি এসব করে বেড়াও সৌরভ?”
বেচারা সৌরভের এবার যেনো মুখ থুবড়ে পড়ার উপক্রম। ওর ইচ্ছে করছে পারুর চুলের মুঠি ধরে ইচ্ছেমতো কয়েকটা আছাড় দিতে। পরক্ষণেই মনে পড়লো টাকলির মাথায় তো চুলই নেই। আবার চুলের মুঠি আসবে কোত্থেকে?
.
.
.
রাত অনেকটা গড়িয়ে গেছে। মির্জা বাড়ির প্রতিটি কক্ষ তখন নিস্তব্ধ। করিডোরের আলোও নিভে গেছে বেশ আগেই। জানালার বাইরে গাঢ় অন্ধকারে মাঝে মাঝে শীতল বাতাস দোলা দিয়ে যাচ্ছে। দূরে কোথাও দু-একটা কুকুরের ক্ষীণ ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পুরো বাড়িটাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে।
শুধু পারমিতার ঘরের আলো এখনও জ্বলছে।
বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে রমণী। মাথায় হিজাব মোড়ানো। মুখের সামনে ধরা ফোনের স্ক্রিনে ভেসে আছে অভিকের হাসিমাখা মুখ। আজকের পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত এক নিঃশ্বাসে অভিককে শুনিয়েছে পারমিতা। পার্কের কাহিনী, বাড়ি ফিরে তার নামে নালিশ, তারপর কীভাবে এক নিমিষে পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিল; একটাও অংশ বাদ দেয়নি পারু। সবটা শুনে অভিক আর নিজের হাসি সামলাতে পারল না।হাসতে হাসতে একসময় ফোনটা বিছানার ওপর রেখে কপালে হাত ঠেকাল।নিজের কপালে তর্জনী আঙ্গুল ঘষতে ঘষতে বলে,
–”পারমিতা,প্লিজ, আর বলো না। আমার সত্যিই হাসতে হাসতে পেট ব্যথা করছে!"
পারমিতা ভ্রু কুঁচকে গম্ভীর মুখ করার চেষ্টা করল। আর বলল,
–"আমি কিন্তু একদম সিরিয়াস ছিলাম।"
অভিক আবারও হেসে উঠল। হাসতে হাসতে বলল,
–”সেটাই তো সবচেয়ে ভয়ের কথা! তুমি এতো সিরিয়াস মুখে এমন সব কাণ্ড করো কীভাবে?"
পারমিতা নাক সিটকাল। ঠোঁট বাকিয়ে বলল,
–"উনি আগে আমার নামে নালিশ করতে গিয়েছিলেন। আমি শুধু নিজের আত্মরক্ষা করেছি।"
–"আত্মরক্ষ? তোমার এই আত্মরক্ষার চক্করে আমার ভাইটা এই কয়েকদিন কারো সামনে মুখ দেখাবে কি না, আমার সন্দেহ আছে।"
এবার পারমিতাও হেসে ফেলল। হাসতে হাসতেই বলল,
–”আজকে ওনার মুখটা দেখলে আপনারও মায়া লাগত। ইশশ্, বেচারা খাম্বা ভাসুর!"
–"না, আমার তো উল্টো আরও হাসি পেতো।"
দু'জনেই আবার হেসে উঠল। হাসির রেশ ধীরে ধীরে স্তিমিত হতেই কথার বিষয় বদলে গেল। নিজের ছোট ছোট অভিযোগ, একটু অভিমান, খানিকটা খুনসুটি সব বলতে বলতে সময়টা যেন অজান্তেই গলে যেতে শুরু। আজকাল রাতের পর রাত জেগে কথা বললেও ওদের কথা যেনো শেষই হয় না। দু'জনের সম্পর্ক এখন সত্যিই স্বামী-স্ত্রীর মতো হয়ে উঠেছে। কোনো অস্বস্তিবোধ, ইতস্তত বোধ কিংবা গোপনীয়তা ;কোনোটাই আর নেই দু'জনের মাঝে। কথা বলতে বলতে একসময় অভিক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই নরম গলায় বলল,
–"জানো, আজ ক্যালেন্ডার দেখে একটা হিসাব করছিলাম।"
–"কী হিসাব?"
–”আর মাত্র তিনটা মাস।"
কথাটা শুনে পারমিতা চুপ করে রইল। দু’মাসের অপেক্ষা তারা ইতোমধ্যেই পার করছে। বাকি আর মাত্র তিনটি মাস। তারপর আর এই ছোট্ট পর্দার ওপারে নয়;একই ছাদের নিচে, পাশাপাশি বসেই গল্প করবে তারা। পারমিতার ঠোঁটের কোণে অজান্তেই একফালি প্রশান্তির হাসি ফুটে উঠল। স্ক্রিনের ওপাশে অভিকও ঠিক সেই হাসিটাই দেখছিল। কিয়ৎক্ষণ দু'জনেই নীরব রইলো। তারপর হঠাৎই অভিক বলে উঠল,
–”আচ্ছা, যদি আমার কাজের চাপ বেড়ে যায়! যদি আমি পাঁচ মাসের পরিবর্তে একবছর পর আসি?”
মুহুর্তেই পারমিতার মুখের রঙ বদলে গেলো। প্রশান্তির ছায়া উড়ে গিয়ে কালো মেঘেরা ঘনীভূত হলো তার সমগ্র মুখমণ্ডলে। চোখ দু'টো রাগে ঝলঝল করে উঠলো। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন থেকে মুখ ফিরিয়ে নিলো পারু। কোনোপ্রকার কথা বললো না। অভিক বুঝতে পারলো তার বউটা তার উপরে চটে গেলো।
#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#রওনোক_জাহান_হায়াত
#চলবে… ?
[ পর্বটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই রেসপন্স করবে।🥹]