ফন্ট সাইজ:
থিম:
এটা কি ভুল নাকি সুখ

পর্ব 7

লেখক: রওনোক জাহান হায়াত

#পর্বঃ৭ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ🚫]
বউ আজ ক্ষেপেছে ভীষণ। এখন রাগ ভাঙাতে না পারলে আগামী দু'দিনেও কথা বলবে না। কি করবে ভাবতেই মাথায় এলো তার গানের কথা। গানের গলা তার মন্দ নয়। স্টুডেন্ট থাকাকালীন সময় ভার্সিটির ক্যাম্পাসে গান গাইতে গাইতে বন্ধুমহলে কতোই না আড্ডা দিয়েছিল! সেইসব স্মৃতি অক্ষিপটে ভেসে ওঠতেই অভিক ফোঁস করে শ্বাস ছাড়লো। এখন এই গান'ই হয়তো তার একমাত্র সহায়ক হবে। যেই ভাবা, সেই কাজ। নিজের গলা হালকা ঝেড়ে আচানক গান ধরল অভিক,

“এমনও নিদানের দিনে,
বিনীত প্রার্থনা গো,
লক্ষ্য-কোটি ভুল আর ত্রুটি,
করিও মার্জনা গো,
শোনাইবো তোমারে আজ,
করেছি বাসনা গো,
ঐরাবতের হৃদয় হতে ক্ষুদ্র এ রচনা
আমি কি করিব? কোথায় যাব?
কোন সাধনে পাব গো?
আর একটি বার তোমারই দর্শন…”

ফোনের ওপার থেকে গানের সুর ভেসে আসতেই পারু তড়িৎগতিতে নিজের মাথা ঘুরিয়ে তাকালো সেপানে। সঙ্গে সঙ্গে বিস্ময়ে বিস্ফোরণ তার তার অক্ষিপট। অভিক গান গাইছে! দৃষ্টি স্ক্রিনে তার মাঝেই নিবদ্ধ। পারু অবাক হলো। ভীষণ অবাক হলো। হৃদযন্ত্রে কিছু সংখ্যক প্রশ্ন উদয় হলো বটে। তবে তক্ষুনি কোনো প্রশ্ন ছুঁড়লো না রমণী। চুপচাপ মনোমুগ্ধকর চাহনিতে তাকিয়ে রইল অভিকের পানে। শ্রবণ করতে লাগলো পুরুষটির মন্ত্রমুগ্ধের ন্যায় কন্ঠস্বরে গাওয়া গান। অবচেতনেই রমণীর অন্তঃকরণে সেই সুরগুলো গেঁথে যেতে শুরু করলো। অভিমানী মুখখানি অজান্তেই কোমল হয়ে গেলো পুনরায়। কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর অভিক থামলো। পারু সঙ্গে সঙ্গে অকপট প্রশ্নবিদ্ধ করলো অভিক’কে,
–”আপনি গান গাইতে পারেন? আগে তো বলেন নি!”

–”ওই আরকি টুকটাক। তা, ম্যাডামের রাগ কমেছে?”

পারু মৃদু হাসলো। আর ‘হ্যাঁ' সূচক নিজের মাথা নাড়লো। তা দেখে একটা স্বস্তির শ্বাস ছাড়লো অভিক। যাক, বউয়ের রাগ ভাঙাতে থাকলে সক্ষম হয়েছে। অভিক কিছুক্ষণ নিষ্পলক চাহনিতে তাকিয়ে রইল পারুর মুখের পানের। ওর কাছে মনে হচ্ছে পারুর ওই আদুরে মুখখানিতে পৃথিবীর সমস্ত মায়া এসে ভর করেছে। যেনো চাইলেও চোখ সড়ানো দুষ্কর। এই মেয়েটাকে গত দু'মাস আগে সে ভালো মতো চিনতোও না। আর এখন এই মেয়েটাই অর্ধাঙ্গিনী। এই মেয়েটাই এখন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে। ভাবতেও হৃদয়ের গভীরে অকারণ স্রোত বয়ে যায়। অভিক'কে অবচেতন মনে কিছু ভাবতে দেখে পারু নিজের ভ্রুঁযুগল কুঁচকে ফেললো। রমণীর মস্তিষ্কে কৌতূহল জাগ্রত হলো। সেই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অকপট প্রশ্ন করে বসলো,
–” এই যে, কি ভাবছেন?”

পারুর ডাকে সম্বিৎ ফিরে পেলো অভিক। নিজের গলা পরিষ্কার করে শান্ত কন্ঠে বলল,
–”তেমন কিছু না। আচ্ছা, তোমার জন্য একটা জিনিস কিনেছি।”

এক কৌতূহলের দাহন শেষ হতেই নতুন কৌতূহলের সূচনা ঘটলো পারুর মস্তিষ্কে। সেই সাথে উৎফুল্ল হয়ে উঠলো হৃদযন্ত্রটা। অভিক তার জন্য কিছু কিনেছে! ভাবতেই কেমন আনন্দ আনন্দ লাগছে মনে! তবুও নিজেকে স্বাভাবিক রাখার যথাযথ চেষ্টা করে পারু কৌতূহলী গলায় শুধালো,
–”কি জিনিস?”

অভিক নিজের কপালের মাঝে তর্জনী ঘষতে ঘষতে বলল,
–”এখন বলে দিলে তো সারপ্রাইজ মাটি হয়ে যাবে।”

অভিকের কথা শুনে পারু আর কিছু বলল না। তবে মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, কৌতূহলটা এখনও একটুও কমেনি। তবুও নিজেকে শান্ত রেখেই রমণী বলল,
–”আচ্ছা, তাহলে জোর করব না। কিন্তু দেশে ফিরে আসার পর সঙ্গে সঙ্গে দেখাতে হবে।"

অভিক মৃদু হেসে মাথা নাড়ল। ছোট করে বলল,
–”ইনশাআল্লাহ।"

কথাটা বলেই দু'জনেই খানিকক্ষণ নিশ্চুপ হয়ে রইল। ভিডিও কলে এমন নীরবতা নতুন কিছু নয়। তবুও আজকের নীরবতাটা যেন ভিন্ন। কোনো অস্বস্তি নেই, বরং একে অপরকে নিঃশব্দে দেখার মাঝেই লুকিয়ে আছে প্রশান্তি। পারুই নীরবতা ভাঙল। আবারও বলে উঠল,
–"আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি?"

–”করো।"

–”আপনি এত সুন্দর গান গাইতে পারেন, আগে কখনো বলেননি কেন?"

অভিক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল,
–”বলার মতো তেমন কিছু মনে হয়নি। তাছাড়া অনেক বছর ধরেই আর গান গাওয়া হয় না।"

–”কেন?"

প্রশ্নটা শুনে অভিক কয়েক মুহূর্ত ভেবে নিল। তারপর ধীর স্বরে বলল,
–”স্টুডেন্ট লাইফে সময় ছিল, বন্ধু ছিল, আড্ডা ছিল। তখন প্রায়ই গাওয়া হতো। কিন্তু কর্মজীবন শুরু হওয়ার পর জীবনটা কেমন যেন হিসেবের খাতায় বন্দি হয়ে গেছে। দায়িত্ব বাড়তে বাড়তে এখন আর নিজের শখগুলোকেই সময় দেওয়া হয়নি।"

পারু মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। তারপর মুচকি হেসে বলল,
–”তাহলে আজ থেকে আবার শুরু করুন।"

অভিক ভ্রুঁ তুলে তাকাল। বলল,
–”এত সহজ?"

–”হ্যাঁ। অন্তত একজন শ্রোতা তো পেয়ে গেছেন।"

অভিক বিমূঢ় দৃষ্টিতে তাকালো পারুর মুখের পানে। আর শুধালো,
–”শ্রোতা?"

–”হুম। আমি।"

মুহূর্তের জন্য অভিক চুপ হয়ে গেলো। তারপর হাসল। অতঃপর বলল,
–”তাহলে মাঝে মাঝে শুনতে চাইলে শুনিয়ে দেব।"

–”মাঝে মাঝে না। যখনই আমার মন খারাপ হবে, তখন একটা করে গান শুনবেন।"

–”আর যদি আমারই মন খারাপ থাকে?"

পারু একটুখানি ভেবে উত্তর দিল,
–”তাহলে দু'জনে মিলে গাইব। মন খারাপ এমনিতেই পালিয়ে যাবে।"

কথাটা শুনে অভিকের চোখদুটো অন্যমাত্রায় কোমল হয়ে উঠল। এই মেয়েটা বড় বড় প্রতিশ্রুতি দেয় না, আকাশছোঁয়া স্বপ্নও দেখায় না। অথচ ওর ছোট ছোট কথাগুলোই অদ্ভুতভাবে মন ছুঁয়ে যায়। ঠোঁটের কোণে হাসি টেনে অভিক ধীর কণ্ঠে বলল,
–”মনে হচ্ছে, তোমাকে বিয়ে করে খুব একটা খারাপ সিদ্ধান্ত নিইনি।"

পারু সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকাল। কিঞ্চিৎ গম্ভীর কন্ঠে বলল,
–” ‘খুব একটা’ মানে?"

অভিক নিজের ভুল বুঝতে পেরে হেসে ফেলল। আর বলল,
–"আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। একদমই খারাপ সিদ্ধান্ত নিইনি। এবার ঠিক আছে?"

পারু ভান করে গম্ভীর মুখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর নিজের হাসিটা আর আটকে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠতেই অভিকও হেসে ফেললো।

.
.
.
সৌরভের রুমে ড্রিম লাইটের আলো মিটমিট করে জ্বলছে। বিছানায় এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে সে। দৃষ্টি নিবদ্ধ সিলিংয়ের দিকে। ক্রোধের তীব্র আগুন দাউ দাউ করছে মস্তিষ্কের প্রতিটি অংশে। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে ঘৃণ্য দিনের একটি। ঘটে যাওয়া প্রতিটা ঘটনা এখনো দৃষ্টিপটে ভেসে বেড়াচ্ছে। রাগে রাতের খাবারও আজ খায় নি সে। হামিদা মির্জা বেশ অনেকবার ডেকেছে তাকে। কিন্তু প্রতিবারই সৌরভের পক্ষ থেকে একটি মাত্র জবাব শোনা গেলো– সে খাবে না। শেষপর্যন্ত হার স্বীকার করে ফিরে গেলেন হামিদা মির্জা।

আজ যা কাহিনী হয়েছে, যা যা কথা শুনতে হয়েছে তাকে ; তাতে আর ক্ষুধা নেই। ক্রোধে মনে মনে পারমিতা আর ফাইজাকে বেশ কয়েক পদের গালাগলও করেছে এই পর্যন্ত। এখন রাগ কিঞ্চিৎ কমেছে। তাই চুপচাপ শুয়ে আছে বিছানায়। জানালার ফাঁক গলে রূপালী চন্দ্রের আলোর সরু রেখা এসে ঠিক তার ফর্সা মুখমণ্ডল উপবিষ্ট হচ্ছে। তখনই হঠাৎ ফোনের রিং বাজার শব্দে ভাবনার রাজ্য ছেড়ে বেরিয়ে এলো সৌরভ। মুখাবয়বে বিরক্তির ঘন মেঘ ঘনীভূত হলো। এই সময় আবার কোন পাগল তাকে কল দিয়ে বিরক্ত করার দুঃসাহস দেখাচ্ছে! মেজাজ আবারো খিটখিটে উঠলো সৌরভের। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিলো। স্ক্রিনে চোখ রাখতেই ভ্রুঁ’দ্বয় কুঞ্চিত হয়ে গেলো। অপরিচিত নম্বর! এই মগাটা আবার কে? অতিরিক্ত না ভেবে কলটা রিসিভ করলো সৌরভ। ফোন কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো এক কৌতুকময় মেয়েলি কণ্ঠস্বর,
–”হ্যালো, মিস্টার খাম্বা! মনে আছে আমাকে? আরে, আমি আপনার সেনিওরিটা।"

কথাটা কানে যেতেই সৌরভের কপালের ভাঁজ আরও গভীর হলো। আজ সারাদিনের ঝামেলার পর এমন অদ্ভুত পরিচয় শুনে তার ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে গেল। বিরক্তি মিশ্রিত গলায় সে বলল,
–”স্যানিটাইজার! কিসের স্যানিটাইজার? আপনি কোন খেতের মুলা, হ্যাঁ?"

ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ করেই খিলখিল করে হেসে উঠল মেয়েটি। সেই হাসিতে বিন্দুমাত্র অস্বস্তি নেই, বরং যেন সৌরভের এমন উত্তর সে আগেই অনুমান করেছিল। মেয়েটি পুনরায় বলল,
–"উফফ! সেনিওরিটা, মিস্টার খাম্বা... সেনি-ও-রি-টা! স্প্যানিশ শব্দ। স্যানিটাইজার না। আপনার শ্রবণশক্তির চিকিৎসা করানো দরকার মনে হচ্ছে।"

সৌরভ বিরক্ত মুখে চোখ বন্ধ করে কপাল চেপে ধরল। খিটখিটে গলায় বলল,
–”দেখুন, আমার মুড একদম ভালো নেই। ধাঁধা না লাগিয়ে আগে বলেন আপনি কে? আর আমার নম্বর পেলেন কোথায়?”

ওপাশে আবারও ক্ষীণ হাসির রেশ ভেসে এলো। মেয়েটি প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে,,
–”আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। আগে একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি সব অপরিচিত মানুষকেই 'খেতের মুলা' বলেন?"

সৌরভ দীর্ঘশ্বাস ফেলল। বিরক্তি পুরোপুরি না কমলেও কৌতূহলটা ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে।
–”আপনি যদি নিজের পরিচয় না দেন, তাহলে আরও খারাপ কিছু শুনতে পারেন। তাই ঘুরিয়ে না বলে সোজা কথা বলুন।"

–"বাহ! এত রাগ! আচ্ছা, আমি ফাইজা। এবার মনে পড়ছে?"

'ফাইজা' নামটি কর্ণগোচর হতেই সৌরভের মুখাবয়ব মুহূর্তেই বদলে গেল। বিরক্তির ঘনমেঘে যেন আচমকা বিস্ময়ের বিদ্যুৎ চমকে উঠল। বিছানার ওপর আধশোয়া দেহখানি অনিচ্ছাসত্ত্বেও সোজা করে বসলো সৌরভ। কপালের ভাঁজ ক্রমে প্রশমিত হলেও চোখের দৃষ্টিতে সতর্কতার রেখা আরও স্পষ্ট হয়ে উঠল। হতবিহ্বল হয়ে বলল,
–”আপনি?"

–”জ্বি, আমি। এত অবাক হচ্ছেন কেন? মনে হচ্ছে ভূত ফোন করেছে।"

–"না, সেটা না। কিন্তু আপনি আমার নম্বর পেলেন কীভাবে?"

–”নম্বর জোগাড় করা খুব কঠিন কিছু না।”

ফাইজার কথাটুকু কর্ণগোচর হতেই সৌরভের ভ্রুঁদ্বয় আরও একবার কুঞ্চিত হলো। অদ্ভুত মেয়ে! দিনের আলোয় তার জীবনটাকে ওলট’পালট করে দিয়ে এখন রাতের নীরবতায় এমন নির্লিপ্ত ভঙ্গিতে রসিকতা করছে, যেন কিছুই ঘটেনি। বিরক্তি এখনো অবশিষ্ট, তবে তার সঙ্গে অজান্তেই মিশে গেছে কৌতূহলের সূক্ষ্ম এক রেখা। সৌরভ আর কোনো উত্তর দিল না। ফোনটা কানের কাছে ধরেই নির্বাক হয়ে রইল। তার এই নীরবতায় ফাইজা মোটেও অস্বস্তি বোধ করল না। বরং ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্ত এক হাসি। ওপাশ থেকে ফাইজার নরম স্বর ভেসে এলো,
–”কি হলো? হঠাৎ চুপ করে গেলেন যে?"

সৌরভ জানালার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই গম্ভীর কণ্ঠে বলল,
– "ভাবছি।"

ফাইজার মস্তিষ্কে কৌতূহলের বিচরণ ঘটলো। কৌতূহলী স্বরে আওড়ালো,
–”আমাকে নিয়ে?"

–”না। ভাবছি, আপনার মতো ঝামেলাবাজ মেয়ের নম্বর ব্লক করতে কত সেকেন্ড লাগবে।"

কথাটা শুনে ফাইজা হো হো করে হেসে ফেলল। সেই হাসিতে বিরক্ত হওয়ার কথা থাকলেও অদ্ভুতভাবে সৌরভের মুখের কঠিন ভাবটা খানিকটা নরম হয়ে এলো। ফাইজা অকপট বলে উঠে,
–"ব্লক করবেন? করেন। তবে তার আগে একটা কথা শুনে নিন।"

– "বলুন।"

কক্ষের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠল। চন্দ্রালোকের ক্ষীণ আভা সৌরভের মুখমণ্ডলে পড়লেও তার অন্তর্লোক এখনো দিনের তিক্ত স্মৃতিতে ভারাক্রান্ত। অথচ ফাইজার কণ্ঠে সেই ভারের লেশমাত্র নেই। যেন প্রতিটা শব্দ সে পরিমিত হিসাব কষেই উচ্চারণ করছে। ফাইজা কৌতুকেভরা কন্ঠে বলল,
–”আজ আপনাকে খুব রাগিয়েছি, জানি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন?"

সৌরভ ভ্রু কুঁচকে বলল,
–”কী?"

–”আপনাকে রেগে গেলে অনেক হ্যান্ডসাম লাগে। একদম ঋত্বিক রোশনের মতো।"

বাক্যটি উচ্চারিত হতেই সৌরভ ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। মেয়েটার কথায় একপ্রকার থতমত খেয়ে গেলো ত্রিশ বছরের সেই তাগড়া পুরুষ। এই মেয়েটার মাথার স্ক্রু ঢিলে নাকি? কিছুক্ষণ পর সৌরভ মৃদু বিরক্তি নিয়েই বলল,
– "আপনার মাথায় সত্যিই সমস্যা আছে।"

ফাইজাও দমে যাওয়ার মেয়ে নয়। সে ঝটপট বলে ফেললো,
– "থাকতেই পারে। তবে একটা কথা লিখে রাখুন, মিস্টার খাম্বা। আজকের এই ফোনকল আপনি এতো সহজে ভুলতে পারবেন না। এখন রাখি। গুডনাইট!”

এই বলে কলটির ইতি টানলো ফাইজা। এদিকে সৌরভ এখনো যেনো এক ঘোরের মধ্যে আছে। এতক্ষণের সকল কথোপকথন তার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু তার মন খারাপ হওয়ার কথা? কষ্ট পাওয়া কথা? লিজার সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে। তাহলে কেনো তার হৃদয় কোনো ব্যথা অনুভূত হচ্ছে না? এটা সত্যি যে লিজার সঙ্গে তার সম্পর্ক গভীর ছিলো না। কিন্তু তাই বলে বিন্দু পরিমাণ খারাপও লাগবে না! এ কেমন কথা? নিজের দুই হাতে চুল মুঠ করে ধরল সৌরভ। দাঁতে দাঁত পিষে বিড়বিড়,
–”ধ্যাৎ! আজকে আমার মাথাটা সত্যিই গেছে। প্লিজ আল্লাহ, সেইভ মি।”

***********************✧**************************

ডিসেম্বর মানেই শীতের রাজত্ব। এ মাসের আগমনে প্রকৃতি যেন শুভ্র শীতের চাদরে নিজেকে মুড়ে ফেলে। দেশের প্রায় সমগ্র ভূখণ্ডজুড়ে নেমে আসে হিমেল হাওয়ার স্পর্শ, কুয়াশার ধূসর আবরণ আর শীতের নীরব আধিপত্য।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা শুধু কঠিনই নয়, অনেক সময় প্রায় অসম্ভবও বটে। দেখতে দেখতেই কেটে গেছে আরও তিনটে মাস। এই অল্প সময়েই বদলে গেছে বহু সমীকরণ। কেউ অপরিচিতের গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে জীবনসঙ্গীতে, আবার কেউ দীর্ঘদিনের বৈরিতা ভুলে গড়ে তুলেছে বন্ধুত্বের নতুন অধ্যায়। কিন্তু এত্তসব পরিবর্তনের ভিড়ে একটিমাত্র সম্পর্ক যেন সময়কেও উপহাস করেছে; তা হলো পারমিতা আর সৌরভের সম্পর্ক। তাদের ভাসুর-ভাবীর সমীকরণে আজও কোনো পরিবর্তনের ছোঁয়া লাগেনি। আগে যেমন ছিল সাপে-নেউলের সম্পর্ক, এখনও তেমনই আছে। একে অপরকে খোঁচা দেওয়া, তর্কে জড়িয়ে পড়া আর সুযোগ পেলেই ঝগড়া বাঁধানো; এগুলো যেনো তাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।

.
–”টাকলি ভাবী, নাস্তা দাও।”

সকাল সকাল ফুরফুরে মেজাজটা বিগড়ে গেলো পারমিতার। ক্রোধে নাকের ডগা লালচে উঠেছে। তবুও নিজেকে সংবরণ করে নিলো সে। আজ পারমিতা পণ করেছে–“সে আজ সারা দিনে সৌরভের সাথে কোনোরকম বাক্-বিতর্কে জড়াবে না।” আগামীকাল অভিক ফিরবে। ব্যস, তারপর পারুও দেখবে এই ভাসুর আর কতো তাকে টাকলি ভাবী বলে ডাকতে পারে? একটা ঘন গভীর শ্বাস ছাড়লো পারু। তারপর ধোঁয়া উঠা গরম গরম পরটা এনে সৌরভের পাতে দিলো। সৌরভ কিঞ্চিৎ অবাক হলো। মনে মনে বিড়বিড় করল,
”আরে বাপ! সূর্য কি পশ্চিমে উঠেছে নাকি? আজ পায়ে পা দিয়ে ঝগড়া করতে নামলো না? ব্যাপারটা কি হলো? নাকি এবার বুঝতে পেরেছে আমার সাথে ঝগড়া করে লাভ। টাকলি তো টাকলিই থাকবে।”

এই ভেবে সৌরভ কুটিল হাসে। তার হাসি দৃষ্টিগোচর হলো না পারু না। পারু নিশ্চুপ ভঙ্গিতে কিয়ৎক্ষণ সৌরভের ওই হাসির পানে চেয়ে রইল। তারপর নিজের অধরে একচিলতে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে রমণী। সৌরভের পাশে সামান্য ঝুঁকে কৌতুকময় কন্ঠে পারমিতা বলে উঠে,
–”হেসে নিন। যত খুশি হেসে নিন। আগামীকাল আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, প্রিয় ভাসুর।”

কথাটা কর্ণাটকে পৌঁছাতেই সৌরভের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তড়াক গতিতে পারুর পানে তাকালো। মেয়েটার অধরে বক্র হাসির ক্রুজ দেখে ভ্রুঁযুগল কুঁচকে উঠলো সৌরভের। কিছু বলতে গিয়েও কেনো যেনো থেমে গেলো। নিজের গলা খাঁকারি দিয়ে নিজের খাবারে মনোযোগ দিলো।

পারমিতাও আজ কোনো রকম উস্কানি দিলো না ঝগড়া বাঁধানোর জন্য। বরং আজ কি ভেবে যেনো সৌরভের পাশের চেয়ারটাতেই বসলো সে। এতে অবশ্যই খুব একটা ভ্রুক্ষেপ ঘটলো সৌরভের মাঝে। সে নিজের সমস্ত মনোযোগ তার খাবারের প্লেটে স্থির রাখলো। তক্ষুনি পারমিতা সৌরভের প্লেটে আরো দু'টো পরটা দিলো। সৌরভের হাত মাঝে থেমে গেলো। কপাল কুঁচকে সংকুচিত চাহনি মেলে তাকালো মেয়েটার পানে। সৌরভের দৃষ্টিতে প্রশ্নের ছাপ স্পষ্ট। পারু নিজের কন্ঠ একদম কোমল করে বলল,
–”আরে, ভাইয়া দিন দিন শুকিয়ে যাচ্ছেন! নিন নিন আরো ক'টা পরটা নিন। বেশি করে, পেট ভরে খান। আগামীকালের জন্য আপনার প্রচুর শক্তির প্রয়োজন।”

ভড়কে গেলো সৌরভ। বরাবরই সোজাসাপ্টা কথা বলার স্বভাব তার। এতো ঘুরিয়ে-পেচিয়ে কথা সে বলতে পারে না, এবং শুনতেও পছন্দ করে না। তাই অকপট প্রশ্ন ছুঁড়ে দিলো পারুকে,
–”কি করতে চাইছো তুমি?”

–”তেমন কিছু না। শুধু আপনার জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছি?”

–”কি সারপ্রাইজ?”

একপ্রকার অধৈর্য হয়েই কথাটা বলল সৌরভ। এতো হেয়ালি তার মোটেও পছন্দ নয়। তাকে অধৈর্য হতে দেখে পারুর অধরের হাসিটা আরো ধারালো হয়ে উঠল। রমণী অত্যন্ত শান্ত কন্ঠে শুধালো,
–”এতো অধৈর্য হলে কি চলে? একটা সবুর করুন। সবুরে মেওয়া ফলে– জানেন তো সে কথা? তাই আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।”

#এটা_কি_ভুল_নাকি_সুখ?
#রওনোক_জাহান_হায়াত

#চলবে….?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন