#পর্বঃ৮ (ক) [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ 🚫।]
দিবাভাগের তুলনায় নিশীথের প্রহরে শৈত্যের দাপট যেন বহুগুণ তীব্র হয়ে ওঠে। দিনের শেষ আলোটুকু দিগন্তে বিলীন হতেই হিমের শুভ্র চাদর সমগ্র ধরিত্রীকে আপন বক্ষে জড়িয়ে ফেলে। নিশীথিনীর গাঢ় আবরণ চিরে সুদূর অরণ্য থেকে ভেসে আসে শৈত্যে কাতর কোনো বন্য পশুর কর্কশ হুংকার। সেই রুক্ষ ধ্বনি স্তব্ধ রজনীর বুকে এক অজ্ঞাত আতঙ্কের ঢেউ তোলে। হিমেল সমীরণের নির্দয় পরশে পথপ্রান্তে গুটিসুটি মেরে বসে থাকা নিরাশ্রয় মানুষগুলোর দেহ বারবার শিহরিত হয়ে ওঠে। দাঁত কাঁপানো শৈত্য যেন তাদের হাড়ে হাড়ে অনুভব করিয়ে দেয় প্রকৃতির নির্মমতা। চারপাশে কেবল কুয়াশার ধূসর আস্তরণ, নিস্তব্ধতা আর হিমের নিষ্ঠুর রাজত্ব।
শরীর উষ্ণ রাখার প্রয়াসে সৌরভ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নিজ শয্যায়। কাচের জানালায় খিলান দেওয়া। কনকনে শীতল হাওয়া কক্ষে প্রবেশ করার কোনো মধ্য নেই। এসির উষ্ণ বাতাসে সম্পূর্ণ কক্ষ উষ্ণময় আবরণে ঢাকা পড়েছে। তবুও কম্বলের ভিতর থরথর করে কাঁপছে সৌরভের সমগ্র দেহ । শীত সে একেবারেই সহ্য করতে পারে না। একটু শৈত্যের আঁচ লাগলেই সে সর্দি বাঁধিয়ে বসে। তাইতো শৈত্যপ্রবাহ শুরু হলেই আগাম প্রস্তুতি জ্যাকেট, টুপি, হাতে-পায়ে মুজো পরিধান করে।
চোখ দু'টো বন্ধ করে শুয়ে আছে সে। কম্বলের উষ্ণতায় তার দেহের কম্পন কমছে ঈষৎ। ইতোমধ্যেই তার ফোনের রিংটোন বেজে উঠল–”শান্তি নাই, মনেতে শান্তি নাই।” তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতেই দেখতে পেলো “শাকচুন্নি” নামে সেইভ করা ফাইজার নম্বর। প্রথম প্রথম ফাইজা কল করলে বেশ বিরক্ত হতো। তবে ধীরে ধীরে এই বিরক্তি এখন তার অভ্যাস আর প্রশান্তি'তে পরিণত হয়েছে। দ্রুত কল রিসিভ করলো। ফোনটা কানে দিতেই ওপার থেকে ভেসে এলো ফাইজার ঝাঁঝালো কন্ঠস্বর,
–”শালা, খাম্বার বাচ্চা খাম্বা! ফোন কই থাকে হ্যাঁ? এই নিয়ে পাঁচবার কল করছি। পাঁচবার! আর তুই শালা কলই রিসিভ করিস না?”
থতমত খেয়ে গেলো সৌরভ। গলাখান শুষ্ক কাঠের মতো লাগছে। ঢোক গিলতে গিয়েও যেনো কন্ঠনালীতে বেঁধে গেলো। এই মেয়েটা সহজে রাগ দেখায় না। তবে ইদানীং সৌরভ ফোন রিসিভ না করলে ভীষণ চড়ে যায়। এতে সৌরভেরই বা কি দোষ? ফোনটা মাঝে মাঝে মিউট করে রাখে। তাই কেউ কল করলেও সেই হদিস সে পায়।
–”কিরে খাম্বা বাচ্চা, কথা বলিস কেনো?”
বজ্রকন্ঠ শ্রবণেন্দ্রিয় হতেই একপ্রকার লাফিয়ে উঠলো সৌরভ। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে তিনবার ফুঁ দিয়ে দেয়। বাপ রে বাপ! গলা নাকি ফাটা বাঁশ! আর একটুর জন্য সৌরভের হার্ট অ্যাটাক হয়ে যেতো! তবুও নিজেকে সংবরণ করে নিলো সৌরভ। ত্রিশ বছরের একটা ছেলে তেইশ বছরের একটা রমণীর ধমকে ভয় পায়– এ কথা লোকে জানলে সৌরভের কান কাটা যাবে। ভাবতেই গা গুলিয়ে উঠে। নিজের মাথাচাড়া দিয়ে গলা খাঁকারি দিয়ে সৌরভ প্রত্যুত্তর করল,
–”আরে, ফোন মিউট করা ছিলো গো। তাই…”
–”তোরে ফোন মিউট করতে বলছে? আমি বলছিলাম?”
–”ফাইজা চেঁচামেচি করছো কেনো? কথাটা আগে শোনো!”
কিন্তু ফাইজা তো শোনার পত্রী নয়। মেজাজ আজ সপ্তম আকাশে উঠেছে। এতো সহজে কমবে না। রমণী ক্ষিপ্ত কন্ঠে আওড়ালো,
–”কি শুনবো? এই এক সেকেন্ড… নাকি তোর এখন আমাকে আর ভালো লাগে না? জানে মে’রে
ফেলবো, খাম্বার বাচ্চা।”
ব্যস, এবার সৌরভের মেজাজটা খারাপ হয়ে গেলো। এতোক্ষণ নিজেকে সংবরণ করে রাখতে সক্ষম হলেও এখন অসম্ভব। মেয়েটা লিমিটের বাহিরে গিয়ে কথা বলছে। সৌরভ গুরুগম্ভীর কন্ঠে বলল,
–”আর একটা বাজে কথা বললে আমি এক্ষুনি ব্লক করবো তোমায়। সেটাই কি তুমি চাও?”
ফাইজার সঙ্গে এমন গুরুগম্ভীর কণ্ঠে সৌরভ খুব কমই কথা বলে। তাই কথাগুলো কানে যেতেই মেয়েটা মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে কণ্ঠে ঝড় বইছিল, সেখানে আচমকাই নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। সৌরভ ফোনটা কানের সঙ্গে আরও শক্ত করে চেপে ধরল। কম্বলের ভেতর থেকেও তার ভ্রু দু'টো অজান্তেই কুঁচকে এলো। ফোনের ওপাশে কোনো শব্দ নেই। সৌরভ এবার মৃদু স্বরে আওড়ালো,
–"ফাইজা?"
কোনো উত্তর এলো না ফাইজার তরফ থেকে। সৌরভ এবার একটু নড়েচড়ে বসল। বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠেছে। ফাইজার রাগ, চিৎকার, ঝগড়া;এসবের সঙ্গে সে মোটামুটি অভ্যস্ত। কিন্তু মেয়েটা এভাবে চুপ করে গেলে তার অস্বস্তি হয়। এই নীরবতা হাজারটা কথার চেয়ে বেশি ভারী মনে হয় তার কাছে। সৌরভ এবার আরো নরম হয়ে শুধালো,
–"এই... কথা বলছো না কেন?"
কয়েক সেকেন্ড নীরব থাকার পর খুব আস্তে ফাইজা বলল,
–”সত্যিই ব্লক করে দেবে?"
রাগের বশে যে মেয়েটা কিছুক্ষণ আগেও 'তুই-তুকারি' করছিল, সেই একই কণ্ঠে এখন অভিমানের মৃদু রেশ। সৌরভ দীর্ঘশ্বাস ফেলল। রাগটা অনেক আগেই মিলিয়ে গেছে। এখন বরং নিজের কথাটাই একটু বেশি কঠিন শোনাচ্ছে তার কাছে। ও বলল,
–"তুমি না... একেক সময় একেকটা কথা বলো।"
–"উত্তরটা দাও।"
ফাইজার কণ্ঠে জেদটা একটু বেশিই। যেন সে কোনো আশ্বাস শুনতে চায়। সৌরভ অকপটে উত্তর দিলো,
–”না, দেব না।"
–”কেন?"
সৌরভের ঠোঁটের কোণে অগোচরে এক চিলতে হাসি ফুটে উঠল। এই মেয়েটাকে সে যতটা চেনে, তার চেয়েও বেশি বোধহয় মেয়েটা তাকে চিনে ফেলেছে। নিজের অধরে হাসির রেখা বজায় রেখেই সৌরভ বলল,
–"কারণ আমি নিজেও জানি, তোমাকে ব্লক করতে পারব না।"
ওপাশ থেকে ভেসে এলো চাপা একটা নিঃশ্বাস। শব্দটা এতটাই ক্ষীণ যে খেয়াল না করলে বোঝাই যেত না। কিন্তু সৌরভ বুঝে গেলো, কথাটা ঠিক জায়গাতেই লেগেছে। একটু বিরতি দিয়ে সে আবার বলল,
–”কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই বলবে, সেটা তো হবে না।"
–"আমি রাগ করেছিলাম।"
–জানি।"
–তুমি ফোন ধরছিলে না।"
–”ফোনটা মিউট করা ছিল। ঘুমাচ্ছিলাম।"
–পাঁচবার কল করেছি।"
–সেটাও জানি।"
–"একবারও ধরোনি।"
–"ধরেছি তো শেষমেশ।"
আবারও দু'জনের মাঝখানে নেমে এলো ক্ষণিকের নীরবতা। ঝগড়ার রেশ এখনও পুরোপুরি কাটেনি, তবে সেই তীব্রতাও আর নেই। অভিমান আর মায়ার মাঝামাঝি কোথাও এসে আটকে আছে দু'জনের কথোপকথন। সৌরভ মৃদু হেসে বলল,
–"আচ্ছা, এবার বলো তো, এতো রাতে আমাকে এত খুঁজছিলে কেন?"
–”বলব না।"
সৌরভের ভ্রুঁ কুঁচকে গেলো। কৌতূহলে আওড়ালো,
–"কেন?"
–"ইচ্ছে করছে না।"
সৌরভ অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল। অবশ্য সে জানে, এই দৃশ্য দেখার উপায় ফাইজার নেই। তবুও অভ্যাসবশত কাজটা করে ফেলল। আর নরম কন্ঠে জিজ্ঞেস করল,
–”আচ্ছা, রাগ এখনও কমেনি?"
–"একটুও না।"
–"তাহলে পাঁচ মিনিট আগে যেমন চেঁচাচ্ছিলে, এখন চুপ মে'রে গেলে কেন?"
প্রশ্নটা শুনে ফাইজা সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কয়েক মুহূর্ত যেন নিজের ভেতরেই কী একটা গুছিয়ে নিল। তারপর নিচু স্বরে বলল,
–"চেঁচিয়ে লাভ কী? আপনি তো উল্টো ব্লক করে দেওয়ার ভয় দেখান।"
কথাটা শুনে সৌরভের অজান্তেই হাসি পেয়ে গেল। এই মেয়েটার এক অদ্ভুত স্বভাব; কখনো তুমি, তো কখনো তুই, আবার কখনো আপনিতে চলে যায়। যেনো ওর মুডের উপর নির্ভর করে ও কখনো সৌরভকে কি বলে ডাকবে। সৌরভ ফোঁস করে শ্বাস ছাড়ে। তারপর বলে,
–"আরে বাবা, ভয় দেখিয়েছি। সত্যি সত্যি কি আর ব্লক করতাম?"
–”করতেন না?"
–”"না।"
–”সত্যি তো?”
–”তিন সত্যি।”
ওপাশ থেকে খুব আস্তে একটা 'হুম' শোনা গেল। শব্দটা ছোট হলেও তাতে অভিমানের ভার অনেকটাই হালকা হয়ে এসেছে। সৌরভের মুখে স্বস্তির হাসি ফুটল। অবশেষে মনে হচ্ছে ঝড়টা ধীরে ধীরে থেমে আসছে। সে সুযোগ বুঝে আবার আগের চেনা দুষ্টুমিতে ফিরল। কৌতুকময় কন্ঠে বলল,
–"এখন বলেন, এই অধমের কী অপরাধ হয়েছে যে এতো রাতে পাঁচটা কল দিতে হলো?"
ফাইজা নাক টেনে বলল,
–"আজকের তারিখটা দেখেছেন?"
সৌরভ ফোনটা কানের সঙ্গে চেপে রাখলো।আর কক্ষের দেয়ালের পানে তাকাতেই দৃষ্টি গিয়ে থামল দেয়ালে টাঙানো ক্যালেন্ডারে। কপালের ভাঁজ ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠল। বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলল,
–”না তো... কেন?"
ফাইজা ঠোঁট উল্টে বলল,
–”দেখেন আগে। তারপর নিজেই বুঝবেন কেন পাঁচবার ফোন করেছি।"
কথাটা বলেই সে আর কিছু বলল না। সৌরভ আবার ক্যালেন্ডারের দিকে তাকাল। ঘড়িতে তখন রাত সাড়ে বারোটা। অর্থাৎ নতুন দিন শুরু হয়েছে। আজ ১৪ই ডিসেম্বর। কিন্তু আজ এমন কী আছে? কপালে হাত ঠেকিয়ে মনে করার চেষ্টা করল সে। কোনো জন্মদিন? কোনো প্রতিশ্রুতি? নাকি এমন কোনো দিন, যেটা ভুলে যাওয়ার মতো নয়? যতই ভাবছে, ততই মাথাটা ফাঁকা লাগছে। শেষ পর্যন্ত পরাজিতের ভঙ্গিতে বলল,
–"আমার তো কিছুই মনে পড়ছে না। তুমিই বলো।"
ওপাশে ফাইজা এমন একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন পৃথিবীর সবচেয়ে হতাশ মানুষটা সে-ই। আর হতাশ কন্ঠে বলল,
–"আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি।"
সৌরভ এক লাফে উঠে বসল। ‘থ' হয়ে বলে উঠে,
–"কীইই? কিন্তু আমরা তো প্রেম করছি মাত্র দু'মাস!"
ফাইজা বিরক্ত গলায় বলল,
–"আহারে বুদ্ধিমান! প্রথম মাস শেষ হলে ফার্স্ট অ্যানিভার্সারি, দ্বিতীয় মাস শেষ হলে সেকেন্ড অ্যানিভার্সারি। এতটুকুও বুঝেন না?"
সৌরভ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর মনে মনে বিড়বিড় করল,
"শালা, এটা মন না গুলিস্তানের পাইকারী দোকান! শেষে কিনা টাকলি ভাবীর বান্ধবীরই প্রেমে পড়তে হলো? এখন এই দুই ভন্ড মিলে আমার জীবনটা তেনা-তেনা করে দিচ্ছে। ধ্যাৎ, সন্ন্যাসী হই যামু।”
ওপাশে দীর্ঘ নীরবতা টের পেয়ে ফাইজা সৌরভকে ডাকল,
–"এই সৌরভ! কোথায় হারিয়ে গেলে?"
–"হুম... আছি। একটা প্রশ্ন করি?"
–"করো।"
–”আর ইউ টিনএজার, ফাইজা?"
ফাইজা ভ্রু কুঁচকে বলল,
–"অবভিয়াসলি নট।"
–”সিউর?"
–"একশো ভাগ। কেন?"
সৌরভ গম্ভীর গলায় বলল,
–”কারণ টিনএজাররাই এসব মাসে মাসে অ্যানিভার্সারি পালন করে।"
এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফাইজা। তারপর গাল ফুলিয়ে বলল,
–"ও আচ্ছা! তাই নাকি?"
–"অবশ্যই।"
–”তাহলে শোনেন, আমি প্রতি মাসেই অ্যানিভার্সারি পালন করব। আর আপনাকেও পালন করতে হবে।"
সৌরভ কপালে হাত ঠেকাল। কি মুসিবত রে খোদা? এ কোন পাগলের প্রেম পড়লো সে? চেঁচিয়ে উঠে সৌরভ বলে,
–”ইয়া আল্লাহ! তাহলে বছরে বারোটা অ্যানিভার্সারি?"
সৌরভের চিৎকার শুনে ফাইজা মনে মনে কুটিল হাসে। ব্যাটাকে জব্দ করার আরেকটা ছুঁতে খুঁজে পেয়েছে সে । এত সহজে তো হাতছাড়া করবে না। একদম শান্ত ভঙ্গিতে বলল,
–”"হ্যাঁ।"
–”আমার তো মনে হচ্ছে, উপহার কিনতে কিনতেই আমার সব বেতন শেষ হয়ে যাবে!"
ফাইজার রাগ উঠে গেলো আবারও। দাঁতে দাঁত চেপে বলল,
–"এইজন্যই বলে, সিনিয়রদের সঙ্গে প্রেম করতে নেই। ব্যাটা নিরামিষ কোথাকার!"
সৌরভ আর নিজেকে সামলাতে পারল না। হো-হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল,
–”"আচ্ছা, আচ্ছা! রাগ করো না। এবার থেকে মাসে মাসে অ্যানিভার্সারি পালন করব। তবে একটা শর্ত আছে।"
–"কী শর্ত?"
–”উপহার দু'জনেই দু'জনকে দেব। একা একা আমার পকেট কাটলে হবে না।"
কথাটা শুনে ফাইজাও শেষ পর্যন্ত হেসে ফেলল।
.
.
ভোরের প্রথম আলো ফুটতেই হেঁসেলের কাজে ব্যস্ত হয়ে পড়েছে পারমিতা আর হামিদা বেগম। হামিদা মির্জাকে সাধ্যমতো সাহায্য করে চলেছে পারমিতা। আজ অভিক দেশে ফিরবে। সেই আনন্দে মায়ের মন উৎফুল্ল হয়ে উঠেছে। ছোট ছেলের পছন্দের নানান পদ তিনি নিজ হাতে রেঁধে চলেছেন। অল্প সময়ের মধ্যেই গোটা মির্জা বাড়িজুড়ে ছড়িয়ে পড়েছে সদ্য রান্না করা খাবারের লোভনীয় সুঘ্রাণ।
সকাল থেকে পারমিতা আর সৌরভের খুব একটা দেখা হয়নি। অবশ্য, দেখা না হওয়ার পেছনে কারণও আছে। ইচ্ছাকৃতভাবেই সৌরভের সামনে পড়া এড়িয়ে চলেছে পারমিতা। অবশেষে রান্নার কাজ সেরে নিজের কক্ষের দিকে পা বাড়াতেই করিডোরে সৌরভের মুখোমুখি হয়ে গেল সে। সৌরভকে চোখে পড়তেই পারমিতার অধরে কৌতুকমিশ্রিত এক বক্র হাসি ফুটে উঠল। নিম্নস্বরে, প্রায় ফিসফিসিয়ে সে বলল,
–”সারপ্রাইজের জন্য প্রস্তুত হয়ে নিন, প্রিয় ভাসুর।"
সৌরভ ভ্রু কুঁচকে তাকাল। আবার সারপ্রাইজের কথা উল্লেখ করলো মেয়েটা। নিশ্চয়ই কোনো খিচুড়ি পাকাচ্ছে নিজের মাথায়। যা, ভন্ড মেয়ে! সৌরভ নিজের গলা পরিষ্কার করে বলল,
–” মানুষকে ভয় দেখানোর নতুন কোনো শখ হয়েছে নাকি?"
পারমিতা কাঁধ ঝাঁকাল। ঠোঁটের বক্র হাসিখানে একবিন্দুও ফাটল ধরলো। নিজের হাসি অখণ্ড রেখেই পারমিতা প্রত্যুত্তর করল,
–”ভয়? আরে না! আমি তো শুধু আগাম সতর্ক করে দিলাম। পরে যেন বলতে না পারেন, ‘ টাকলি ভাবী, আগে জানালে একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখতাম।’"
–"তোমার সারপ্রাইজের জন্য মানসিক প্রস্তুতি নিয়েও লাভ হয় না। শেষ পর্যন্ত দেখা যায়, সম্মান, মান-ইজ্জত; সব একসঙ্গে বিসর্জন দিতে হয়।"
পারমিতা ঠোঁট কামড়ে হাসি চাপল। আর বলল,
-"ওমা! তাহলে তো দেখছি আমার ওপর আপনার অগাধ অভিজ্ঞতা হয়েছে।"
–" শুধু অভিজ্ঞতা না, তিক্ত অভিজ্ঞতা বলো।"
–"চিন্তা করবেন না। এবারেরটা আগেরগুলোর চেয়ে অনেক... স্পেশাল।"
'স্পেশাল' শব্দটায় এমন জোর দিল পারমিতা যে সৌরভের বুকের ভেতর অকারণই ধুকপুক করে উঠল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল বটে, তবে মুখে তার ছিটেফোঁটাও প্রকাশ হতে দিল না। গম্ভীর ভঙ্গিতে বলল,
–”অপেক্ষায় থাকব, টাকলি ভাবী।"
পারমিতা এক পা পেছিয়ে গেল। চোখে-মুখে রহস্যময় হাসি খেলা করছে। কৌতুকেভরা কন্ঠে বলল,
–"অপেক্ষা করুন। তবে একটা কথা..."
–"কী কথা?"
–"পরে কিন্তু পালিয়ে বাঁচার চেষ্টা করবেন না।"
কথাটা বলেই খিলখিলিয়ে হেসে পাশ কাটিয়ে চলে গেল পারমিতা। সৌরভ কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। সৌরভ কিছুক্ষণ স্থাণুবৎ দাঁড়িয়ে রইল। তারপরই আবার নিজেই মাথা নাড়ল। ভ্রুঁযুগল কুঁচকে নিজে নিজে বিড়বিড় করে বলল,
–"না, এই মেয়ে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল পাকাবে আজ। ওর মুখে সারপ্রাইজ শব্দ মানেই সর্বনাশ!”
সন্দেহটা দূর করতে তড়িঘড়ি করে পারমিতার পিছু নিল সৌরভ। করিডোরে উঁকি দিল, সিঁড়ির দিকে তাকাল, এমনকি রান্নাঘরের দরজার আড়ালেও একবার চোখ বুলিয়ে নিল। কিন্তু পারমিতা যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হামিদা মির্জা। ছেলেকে এভাবে চোরের মতো এদিক-ওদিক উঁকি দিতে দেখে ভ্রু উঁচু করে বললেন,
–"কী রে? চোর খুঁজছিস নাকি?"
সৌরভ চমকে উঠে কাশির ভান করল। আমতা-আমতা করে বলল,
–"না... মানে... একটা... একটা..."
–”একটা কী?"
মুহূর্তের মধ্যেই মাথায় বুদ্ধি এলো তার। ব্যস, সেটাকেই কাজে লাগাল। –"টিকটিকি।"
হামিদা বেগম বিস্মিত হয়ে চারপাশে তাকালেন। আর বিমূঢ় গলায় আওড়ালেন,
–"টিকটিকি ধরতে গিয়ে রান্নাঘরের ভেতর উঁকি মারছিলি?"
সৌরভ গম্ভীর মুখে মাথা নাড়ল আর বলল,
–”অনেক বড় ছিল, আম্মু। প্রায়... কুমিরের বাচ্চার মতো!"
হামিদা মির্জা এবার বিরক্তবোধ করলেন। সাত সকালে ছেলের মাথাটা বোধহয় এক্কেবারে গেছে। কুমিরের বাচ্চার মত দেখতে এত বড় টিকটিকি আদৌও হবে? কেমন সব আজগুবি কথাবার্তা! ছেলেটা বড় হয়েছে ঠিকই; কিন্তু বুদ্ধিশুদ্ধি এখনো সব এখনো হাঁটুতে। এসব ভেবে তিনি চোখ রাঙিয়ে বললেন,
–”"সকাল সকাল আজেবাজে বকিস না তো। যা, গিয়ে গোসল করে আয়।"
এই বলেই তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন।
তিনি চলে যেতেই সৌরভ দীর্ঘশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল,
–"টাকলি ভাবী, তুমি যদি আজ কোনো কাণ্ড না ঘটাও, তাহলে আমার নামও সৌরভ না!”
.
ড্রয়িংরুমে বসতেই অভিককে ঘিরে বসলেন হামিদা বেগম, সাহেদ মির্জা আর সৌরভ। পাঁচ মাস পর বাড়ি ফেরা ছেলেকে ঘিরে স্বাভাবিকভাবেই জমে উঠল খোঁজখবরের পালা। লন্ডনের কাজকর্ম, শরীরের অবস্থা, যাত্রাপথের ক্লান্তি; একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে তিনজন মিলে। অভিকও ধৈর্য ধরে সবার প্রশ্নের জবাব দিচ্ছে। মাঝেমধ্যে সৌরভ দু-একটা খোঁচা মেরে পরিবেশটাকে আরো হালকা করে তুলছে । হামিদা বেগমের চোখ যেন ছেলের মুখ থেকে সরছেই না। বারবার ছেলের মুখের এদিক-সেদিক থেকে দেখছেন ছেলেটা শুকিয়ে গেল কি না, ঠিকমতো খাওয়াদাওয়া করেছে কি না। এতদিনের জমে থাকা মাতৃত্ব যেন এক মুহূর্তেই উথলে উঠেছে। সবাইকে নিয়ে গল্পে মেতে থাকলেও অভিকের দৃষ্টি বারবার রুমের এপ্রান্ত-ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে। চোখ চলে যাচ্ছে সিঁড়ির দিকে, করিডোরের দিকে।কাউকে খুঁজছে বেড়াচ্ছে তার আকুল নেত্রদ্বয়। অথচ যার উপস্থিতি সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল, সেই মানুষটারই দেখা মিলছে না।
অভিকের অপেক্ষাটা ধীরে ধীরে কৌতূহলে রূপ নিতে লাগল। পাঁচ মাস পর বাড়ি ফেরার দিনটায় অন্তত একবার সামনে এসে দাঁড়াবে; এমনটাই ভেবেছিল অভিক। কিন্তু সময় গড়িয়ে চললেও পারমিতার কোনো দেখা নেই। অজান্তেই তার ভ্রুর মাঝখানে হালকা একটা ভাঁজ পড়লো। নিজের মুখের আকুলতা ধরে রাখতে ব্যর্থ হয়ে অভিক উদগ্রীব কন্ঠে মাকে শুধালো,
–”আম্মু, পারমিতা কোথায়?”
ছেলের প্রশ্নের কোমল স্বরে উত্তর দিলেন হামিদা মির্জা,
–”পারু তো কিছুক্ষণ আগেই রুমে গেলো। হয়তো গোসল করতে ঢুকেছে। আচ্ছা, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো।”
অভিক সম্মতি সূচক নিজের গর্দান নাড়িয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে সৌরভ বিদ্রূপাত্মক স্বরে বলে উঠে,
–”ও কিন্তু এখনো টাকলিই আছে।”
পদাচরণ সহসাই থমকে গেলো অভিকের। কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রয়োজনবোধ করলো না। পূর্বের স্থানে দাঁড়িয়ে স্বভাবগতভাবেই একদম শান্ত গলায় বলল,
–” যাক, অত্যন্ত তুই নিজের ব্যাকরণ'টা তো ঠিক করলি। এটাই অনেক, ভাইয়া।”
এই বলে অভিক বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলো। এদিকে ওর উত্তরে চোখমুখ কুঁচকে ফেললো সৌরভ। আর নিজের ঠোঁট বাকালো।
✧✧✧✧✧✧✧
আজ অবশেষে পাঁচ মাসের দূরত্ব ঘুচিয়ে অভিক আর পারমিতার মুখোমুখি হওয়ার ক্ষণ উপস্থিত। অতিরিক্ত এক্সাইটেডে অভিকের সর্বাঙ্গের লোম খাড়া হয়ে উঠছে। পারমিতাকে সামনাসামনি দেখতে কেমন লাগবে? এই পাঁচ মাসে কী মেয়েটার মাথায় চুল গজায়নি? এই পাঁচ মাসে যতবারই ফোনে তাদের কথা হয়েছে, ততবারই পারমিতা নিজের মাথা কাপড়ে আবৃত রেখেছিল। তাই চাইলেও তার মাথায় চুল গজিয়েছে কি না, তা আর দেখা হয়ে ওঠেনি। এসব ভাবতে ভাবতেই নিজের কক্ষের চৌকাঠে এসে আচমকা থমকে দাঁড়াল অভিক। বিস্ময় আর মুগ্ধতায় তার দৃষ্টি প্রসারিত হয়ে গেল। হৃদস্পন্দন যেন তড়িৎবেগে ছুটে চলল। মন্ত্রমুগ্ধের ন্যায় তার অধর থেকে নিঃসৃত হলো একটি শব্দ,
–"পারমিতা!"
আয়নার সামনে দাঁড়িয়ে আছে পারমিতা। সদ্য গোসল সেরে এসেছে সে। ভেজা চুলের ডগা বেয়ে টুপটাপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে পিঠ বেয়ে। একসময় যে মাথাটা সম্পূর্ণ নিঃকেশ ছিল, আজ সেখানে পিঠ ছুঁই ছুঁই ঘন কালো কেশরাশি। ভেজা চুলগুলো আরও ঘন, আরও কোমল দেখাচ্ছে। পরনে মিষ্টি রঙের শাড়ি। শ্যামলা মুখখানা যেন গোসলের স্নিগ্ধতায় আলোকিত হয়ে উঠেছে। দরজার চৌকাঠে দাঁড়িয়েই থমকে গেলো অভিক।
তার দৃষ্টি যেন আর সরছেই না। বিস্ময়, মুগ্ধতা আর অবিশ্বাস একসঙ্গে ভর করলো তার সমগ্র চোখেমুখে। মাত্র পাঁচ মাসে এতো পরিবর্তন! যে মেয়েটার মাথায় বিদায়ের দিনেও একটা চুলও ছিল না, আজ সেই মেয়েটার মাথা ভরে উঠেছে ঘন কেশে। মুহূর্তের জন্য জন্য অভিকের মনে হচ্ছে সে বোধহয় স্বপ্ন দেখছে।
নীরবে পারমিতার দিকেই তাকিয়ে থাকলো সে। দীর্ঘ পাঁচ মাসের প্রতিটা অপেক্ষা, প্রতিটা আকুলতা এক নিমিষে এসে জমা হয়েছে এই এক পলকের দেখায়। বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। বিশ্বাসই হচ্ছে না; আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীটিই তার অর্ধাঙ্গিনী, তার পারমিতা। নিজের অজান্তেই অভিকের অধর ফসকে উচ্চস্বরে বেরিয়ে এলো একটামাত্র শব্দ,
–"সুবহানআল্লাহ!"
আচমকা পুরুষালি কণ্ঠস্বর কানে পৌঁছাতেই পারমিতা চমকে উঠল। আয়নার সামনে থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই তার দৃষ্টি গিয়ে থামল দরজার চৌকাঠে।
অভিক দাঁড়িয়ে আছে সেখানে। পাঁচ মাস পর নিজের স্বামীকে সামনে দেখে বিস্ময়ের পরিবর্তে তার অধরের কোণে ফুটে উঠল এক চিলতে উষ্ণ হাসি। সেই হাসিতে ছিল না কোনো সংকোচ, ছিল না অকারণ অভিমান। অন্য সবার মতো একের পর এক প্রশ্নে অভিক’কে জর্জরিত করল না পারমিতা। বরং সহজ, অকপট এবং উদ্বেলিত কণ্ঠে জিজ্ঞেস করল,
–"আমায় কেমন লাগছে, অভিক?”
প্রশ্নটা শুনেও অভিকের মুখ থেকে সঙ্গে সঙ্গে কোনো উত্তর এলো না। সে শুধু তাকিয়েই রইল। চোখ দুটো বারবার ঘুরে বেড়াচ্ছে পারমিতার মুখে, ভেজা কেশরাশিতে, তারপর আবার মুখে। যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে। অতঃপর মৃদু হেসে মাথা নাড়ল সে। চোখের মুগ্ধতা তখনও একটুও ফিকে হয়নি। শান্ত, কিঞ্চিৎ কোমলতা মিশ্রিত স্বরে বলল,
–"অভিকের আদুরে বউ লাগছে। আমার পারমিতা।"
আর এক মুহূর্তও স্থির হয়ে দাঁড়ালো না অভিক। ধীর, দৃঢ় পদক্ষেপে কয়েক কদম এগিয়েই দু'জনের মধ্যকার সমস্ত ব্যবধান ঘুচিয়ে ফেললো অভিক। পরক্ষণেই নিজের বলিষ্ঠ বাহু জড়িয়ে ধরল পারমিতার সুকোমল কটিদেশ। কিছু বোঝার কিংবা সামান্য প্রতিক্রিয়া জানানোর অবকাশ না দিয়েই এক টানে তাকে নিজের সন্নিকটে এনে বক্ষে আগলে নিল অভিক। আকস্মিক ঘটনায় পারমিতা মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলো। বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে গেলো। অজান্তেই নিজের দেহের সমস্ত ভার ছেড়ে দিল স্বামী নামক পুরুষটির বক্ষে।
সবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অভিক। পরনে কালো রঙের একটা শার্ট আর ধূসর বর্ণের টাউজার। স্নানসিক্ত সিল্কি চুলগুলো কপালের ওপর এলোমেলোভাবে লেপ্টে রয়েছে। এদিকে পারমিতা বিছানার প্রান্তে নীরবে বসেছিল। অভিকের উপস্থিতি তার দৃষ্টি আকর্ষণ করতেই ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে। আর পরক্ষণেই স্থাণুবৎ হয়ে গেল। এই মুহূর্তে অভিককে ভীষণ সুদর্শন লাগছে। দৃষ্টির বন্ধন ছিন্ন করার সামর্থ্য যেন হারিয়ে ফেলেছে পারমিতা। অপলক নয়নে চেয়ে রয়েছে পুরুষটির মুখাবয়বের দিকে। অভিক যে আহামরি ফর্সা, তা নয়। বরং তার তাম্রাভ, স্নানসিক্ত শ্যামল মুখচ্ছবি এই মুহূর্তে অনায়াসেই হার মানাতে পারে যেকোনো অতিসুদর্শন, গৌরবর্ণ পুরুষকেও।
নিজের প্রতি পারমিতার নিবদ্ধ দৃষ্টি অনুভব করতেই অভিক সোজাসুজি তাকালো রমণীর পানে। আচমকাই চমকে উঠল পারমিতা। যেন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। মুহূর্তের ব্যবধানে উজ্জ্বল শ্যামল গালজোড়া রক্তিম আভায় রঞ্জিত হয়ে উঠল। যদিও সেই লাজরাঙা আভা অভিকের দৃষ্টিগোচর হলো না। তবে রমণীর লজ্জাবনত মুখখানি অবলোকন করে অভিকের অধর কোণে সূক্ষ্ম মৃদু হাসির পল্লব খেলে উঠে। ধীরস্থির পায়ে অভিক এগিয়ে আসতে লাগল পারমিতার দিকে। অভিককে ক্রমশ নিজের সন্নিকটে অগ্রসর হতে দেখে অবচেতনেই রমণী নিজের শাড়ির আঁচল মুঠোবন্দী করে ফেলল। অন্তঃকরণে যেন উত্তাল সমুদ্রের অবিরাম তরঙ্গ একের পর এক আছড়ে পড়তে লাগল। ইচ্ছে করছে কোথাও নিজেকে আড়াল করে ফেলতে। কিন্তু এই মুহূর্তে সেই সাধ্যিও তার নেই।
অভিক এসে রমণীর সম্মুখে দাঁড়িয়ে পড়ল। দীর্ঘদেহী, সুঠাম পুরুষটির ছায়া আচ্ছন্ন করে ফেললো পারমিতাকে। অজান্তেই পরপর কয়েকবার ঢোক গিলে নিল সে। অভিক দেশে ফেরার পর থেকে তার সঙ্গে ঠিক কী ঘটছে, সে নিজেও যেন তার হদিস পাচ্ছে না। ছেলেটাকে সামনে দেখলেই অকারণে লজ্জা এসে গ্রাস করে, হৃদস্পন্দনও দ্বিগুণ বেগে ছুটতে শুরু করে। অথচ এতদিন ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলার সময় তো এমন অনুভূতি কখনো হয়নি! তবে আজ কেন? পারমিতার গভীর ভাবনার সূত্র ছিন্ন হলো তখনই, যখন অভিক সামান্য ঝুঁকে নিজের মুখ নিয়ে এলো পারমিতার মুখোমুখি। মেয়েটা কিছু বলার পূর্বেই অভিক অত্যন্ত শান্ত স্বরে আওড়ালো,
–”রহস্য'টা কি বলো তো, পারমিতা?”
প্রশ্ন শ্রবণ হতেই রমণীর কপালে ভাঁজ পড়ল। মিহি স্বরে বলল,
–”কিসের রহস্য?”
–”এইযে এতো দ্রুত এতো ঘন, লম্বা চুল গজালো!”
পারমিতা কয়েক সেকেন্ড নীরব রইল। অতঃপর ধীর এক নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল,
–”ফাইজার দাদু বিশেষ তেল তৈরি করেন। ফাইজা আমাকে তা ব্যবহার করতে দিয়েছিল। আমিও ওর কথা মতো দিনে দু'বেলা করে ব্যবহার করেছি। ব্যস, তারই ফল।”
অভিকের অধরে ফুটে ওঠা ক্ষীণ হাসির রেখাটি আরও স্পষ্ট হয়ে উঠল। সে আরেকটু ঝুঁকে এলো রমণীর মুখের সন্নিকটে। তার উষ্ণ নিঃশ্বাস আলতোভাবে স্পর্শ করে গেল পারমিতার চোয়াল। তাতেই কেঁপে উঠল রমণীর হৃৎপিণ্ড। অভিক একেবারে ফিসফিসিয়ে বলল,
–”বাড়ির কেউ দেখেছে?”
–”না। আমি কাউকে দেখাই নি। আগে থেকেই ভেবে রেখেছিলাম সবার আগে আপনাকে দেখাবো।”
উত্তরটা কর্ণগোচর হতেই অভিকের অন্তরে তৃপ্তির এক মৃদু তরঙ্গ বয়ে গেল। পরক্ষণেই অধরকোণে লেগে থাকা ক্ষীণ হাসির রেখা রূপ নিলো দুষ্টুমিভরা কৌতুকময় হাসিতে। কৌতুকরস মিশ্রিত স্বরে সে বলে উঠল,
–”তারমানে তো আজ ভাইয়া বেহুশ হয়ে যাবে!"
অভিকের কথা শুনে খিলখিলিয়ে হেসে ফেললো পারু। হাসির রেশ ঠোঁটে মেখেই বলল,
–”সেই অপেক্ষাতেই আছি। অনেক জ্বালিয়েছে আমাকে। এবার আমার পালা। তবে..."
ইচ্ছাকৃতভাবেই কথার বাকি অংশটুকু অসমাপ্ত রেখে থেমে গেল রমণী। ধীরে ধীরে মুখ তুলে তাকাল অভিকের পানে। অভিকের দৃষ্টি তখনও অবিচলভাবে নিবদ্ধ রয়েছে তারই মুখাবয়বে। বরং পারমিতার আকস্মিক থেমে যাওয়ায় অভিকের কৌতূহল আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেলো। সে অধীর প্রতীক্ষায় অপেক্ষা করতে লাগল কখন রমণী নিজের বাকি কথাটুকু শেষ করবে। পারমিতা আলতো করে নিম্নাধর সামান্য ফুলিয়ে অভিমানী ভঙ্গিতে বলল,
–"আপনি কিন্তু বলেছিলেন দেশে ফিরে ওই জল্লাদ ভাসুরের থেকে আমার হয়ে শোধ নিবেন।”
পারমিতার অভিমান মেশানো অভিযোগটা শুনে অভিক কিছুক্ষণ চুপ করে রইল। কেবল তার মুখের দিকে তাকিয়ে রইল অপলক। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে একচিলতে হাসি ফুটে উঠল। আর বলল,
–"তাহলে আমার বউয়ের এখনও হিসাব’টা মনে আছে?"
–"থাকবে না কেন? কথা দিয়ে ভুলে যাওয়া আমার স্বভাব না।"
অভিক মৃদু হেসে মাথা নাড়ল।
–”আচ্ছা, শোধ তো নিতেই হবে। তবে তার আগে…”
অভিক ধীরে ধীরে হাত বাড়িয়ে রমণীর কপালের ওপর নেমে থাকা একগুচ্ছ চুল কানের পাশে সরিয়ে দিল। আচমকা স্পর্শে কেঁপে উঠল পারমিতা। অস্পষ্ট স্বরে আওয়ালো,
–”অভিক…!"
নামটুকু উচ্চারণ করেই থেমে গেলো পারমিতা। অভিক আর এক মুহূর্তও দেরি করল না। অত্যন্ত ধীর ভঙ্গিতে সামান্য ঝুঁকে নিজের অধর ছুঁইয়ে দিল পারমিতার কপালে। চমকে উঠল পারমিতা। চোখ দু'টো বিস্ফারিত হয়ে গেল। যেন মুহূর্তের জন্য সমস্ত পৃথিবী থমকে দাঁড়িয়েছে তার সামনে। কিন্তু রমণী সরে গেল না। বরং নিঃশ্বাসটুকু পর্যন্ত আটকে রেখে স্থির হয়ে বসে রইল। কপালে লেগে থাকা সেই ক্ষণিকের স্পর্শ যেন শরীরের প্রতিটি শিরায় শিরায় উষ্ণতার মৃদু কম্পন ছড়িয়ে দিয়েছে। ।অভিক ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াল। চোখে-মুখে প্রশান্ত এক তৃপ্তির ছাপ। তারপর শান্ত গলায় বলল,
–"এবার চল। আগে ভাইয়াকে চমকে দিই। তারপর তোমার হয়ে সব হিসাব একে একে মিটিয়ে দেব।"
.
.
.
পারমিতার মাথাভর্তি ঘন, লম্বা চুল চোখে পড়তেই প্রথমে বিস্ময়ে থমকে গেলেন হামিদা মির্জা। যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কয়েক মাস আগেও যে মেয়েটার মাথা একেবারে ন্যাড়া ছিল, আজ সেই একই মেয়ের কাঁধ ছাপিয়ে নেমে এসেছে ঘন কালো কেশরাশি! বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই তার মুখজুড়ে ছড়িয়ে পড়ল প্রশান্তির হাসি। স্নেহভরে পারমিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
.
লিভিং রুমে বসে গল্পগুজবে মশগুল পারমিতা, অভিক, সাহেদ মির্জা ও হামিদা মির্জা। চারজনের হাসি-আড্ডায় ঘরজুড়ে তৈরি হয়েছিল শান্তির পরিবেশ। কেবল সৌরভেই উপস্থিত ছিল না তাদের সঙ্গে।
তখনই নিজের রুম থেকে গুনগুন করতে করতে বেরিয়ে এলো সৌরভ। নিশ্চিন্ত ভঙ্গিতে করিডোর পেরিয়ে সিঁড়ির মুখে পৌঁছাতেই আচমকা তার পদযুগল থমকে গেল। নিচে লিভিং রুমে অভিকের পাশে বসে থাকা অপরিচিতা রমণীর ওপর গিয়ে স্থির হলো তার দৃষ্টি। ভ্রুঁযুগল কৌতূহলে কুঞ্চিত হয়ে উঠল। মেয়েটা কে? আগে তো কখনও দেখেনি! সিঁড়ির দিকেই মেয়েটা পিঠ ফিরিয়ে বসে থাকায় মুখাবয়বটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। মনের কৌতূহল আর দমন করতে না পেরে ওপর থেকেই হামিদা মির্জার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিল সৌরভ,
–"আম্মু, এই মেয়েটা কে?"
হামিদা মির্জা উত্তর দেওয়ার জন্য মুখ খুলেও থেমে গেলেন। তার আগেই ধীরে উঠে দাঁড়াল পারমিতা। অতঃপর নিজের সম্পূর্ণ শরীর ঘুরিয়ে মুখোমুখি হলো সৌরভের। সঙ্গে সঙ্গে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল সৌরভ। চোখ দু'টো বিস্ময় আর অবিশ্বাসে ক্রমশ বিস্ফারিত হয়ে উঠল। মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে ভর করল নিখাদ হতবাক ভাব। কয়েক মুহূর্তের জন্য প্রতিক্রিয়া জানানোর সামান্য ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলল সে। এ কাকে দেখছে? এটা কী করে সম্ভব? একের পর এক প্রশ্ন তার মস্তিষ্কে ঝড় তুলতেই চিন্তাগুলো যেন এলোমেলো হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে ঠাস্ পড়ে যাবে। সমগ্র অস্তিত্ব স্তব্ধ করে দিয়ে অস্ফুট স্বরে প্রায় চিৎকার করেই বলে উঠল,
–"টাকলি ভাবী!"
সৌরভের বিস্ময়াভিভূত চেহারা দেখে পারমিতার অধর কোণে ধীরে ধীরে ফুটে উঠল একটা বাঁকা, বিজয়ের হাসি। অবশেষে জব্দ হয়েছে তার জল্লাদ ভাসুর। এতদিনের খোঁচা, ঠাট্টা আর বিদ্রূপের প্রতিশোধ আজ এক নিমিষেই উসুল হয়ে গেল। আনন্দে পারমিতার সমগ্র অন্তর ভরে উঠল প্রশান্তিতে। মুখভরা হাসি নিয়েই সে বলল,
–"সারপ্রাইজ, প্রিয় ভাসুর।”
সৌরভের মুখভঙ্গি দেখেই লিভিং রুমজুড়ে চাপা হাসির রোল বয়ে গেল। সবচেয়ে বেশি হাসছিলেন সাহেদ মির্জা। ছেলের এমন হাঁ করে তাকিয়ে থাকা মুখ বহুদিন পর দেখলেন তিনি। ছেলে একবারে কুপোকাত। সৌরভ অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করল না। সিঁড়ির মাঝখানেই স্থাণুবৎ দাঁড়িয়ে রইল। বিস্ফারিত চোখজোড়া এখনও নিবদ্ধ পারমিতার দিকেই। এটা কি কোন দুঃস্বপ্ন, নাকি সত্য ; তাই ঠাওর করতে পারছে না বেচারা। একবার চোখ কচলে আবার তাকাল সে। না, ভুল দেখছে না। মাথাভর্তি ঘন, কালো চুল নিয়ে সত্যিই তার তথাকথিত 'টাকলি ভাবী' দাঁড়িয়ে আছে। অবিশ্বাসভরা কণ্ঠে সৌরভ আবারও বলে উঠল,
–"না... না, এটা হতে পারে না! টাকলি ভাবী, তুমি উইগ পরেছো, তাই না?"
কথাটা শুনে পারমিতা ভ্রুঁ নাচিয়ে অভিকের দিকে একবার তাকাল। অভিক ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে। হামিদা মির্জা আর নিজেকে সামলাতে পারলেন না। হেসেই বললেন,
–"তোর মাথায় সবসময় উল্টোপাল্টাই কথাই আসে। উইগ হতে যাবে কেনো?"
সৌরভ এবারও নিচে নামল না। সিঁড়ির রেলিং আঁকড়ে ধরেই দাঁড়িয়ে রইল। দৃষ্টি একবারও সরছে না পারমিতার কাছ থেকে।
–"অসম্ভব! মাত্র কয়েক মাসে এভাবে চুল বড় হয় কীভাবে?"
পারমিতা ঠোঁট টিপে হাসল। আর বলল,
–"কেন? সব রহস্য কি আপনাকে জানাতে হবে?"
–"অবশ্যই হবে। কারণ আমি বিশ্বাসই করছি না।"
পারমিতা ভান করে দীর্ঘশ্বাস ফেলল। আর ভাব নিয়ে বলল,
–"বিশ্বাস না হলে দূর থেকেই দাঁড়িয়ে থাকুন। আমি কিন্তু কাউকে প্রমাণ দিতে যাব না।"
সাহেদ মির্জা মুচকি হেসে সৌরভের উদ্দেশ্যে বললেন,
–”দেখলি? এতদিন মেয়েটাকে 'টাকলি ভাবী' বলে খেপিয়ে আজ নিজেই ধাক্কা খেয়ে গেলি।"
বাবার কথা শুনে সৌরভ অপ্রস্তুত হয়ে গলা খাঁকারি দিল। কিন্তু চোখের বিস্ময় এতটুকুও কমল না। সৌরভ এখনও সিঁড়ির ধাপেই স্থির হয়ে দাঁড়িয়ে। চোখজোড়া বিস্ময়ে বিস্ফারিত। কয়েকবার পলক ফেলেও যেন নিজের দৃষ্টিকে বিশ্বাস করাতে পারছে না। অবশেষে মাথা নেড়ে দৃঢ়স্বরে বলে উঠল,
–”আমি বিশ্বাস করি না। এ হতে পারে না। আমি শিওর ও কোনো জাদু-টোনা করেছে। এই ছেমড়ির মাথার চুল নকল। এই টাকলি মাথায় চুল উঠতে পারে না।"
কথাটা শেষ করেই সে সন্দেহভরা চোখে পারমিতার মাথার দিকে তাকিয়ে রইল। সৌরভের এমন সন্দেহে হাসি চেপে রাখতে পারলেন না সাহেদ মির্জা। হামিদা মির্জাও হেসে মাথা নাড়লেন। অন্যদিকে পারমিতা বিন্দুমাত্র বিচলিত হলো না। বরং অধরের কোণে আরও গাঢ় হয়ে উঠল দুষ্টুমিভরা হাসির রেখা। ভ্রু সামান্য উঁচু করে সে শান্ত স্বরেই বলল,
–”বিশ্বাস না হলে দূরে দাঁড়িয়ে আছেন কেনো? সামনে এসে চুল টেনে দেখুন এগুলো আসল নাকি নকল।”
কিন্তু সৌরভও তো হার মানবার পাত্র নয়। বিশেষ করে পারমিতার কাছে? সে প্রশ্নই ওঠে না। দু'জনের সম্পর্কটা বরাবরই সাপে-নেউলের। সুযোগ পেলেই একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করে। এত সহজে পারমিতার এই বিজয় সে মেনে নেবে! এটা যেন সৌরভের স্বভাবের একেবারেই পরিপন্থী।
চোখে-মুখে জেদের ছাপ আরও গাঢ় হয়ে উঠল সৌরভের। দৃষ্টি নিবদ্ধ রইল পারমিতার মাথাভর্তি কেশরাশির ওপর। যতই তাকাচ্ছে, ততই সন্দেহ বাড়ছে। না, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে।
মুহূর্তের মধ্যেই টি-শার্টের দুই হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নিল সৌরভ। যেন কোনো মহাযুদ্ধে নামতে চলেছে। অতঃপর ধপধপ শব্দ তুলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। কিন্তু তখনই…
#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#রওনোক_জাহান_হায়াত
#চলবে…?
[কোনো ভুল-ত্রুটি হলে মার্জনা করবেন।🥹]