ফন্ট সাইজ:
থিম:
এটা কি ভুল নাকি সুখ

পর্ব 11

লেখক: রওনোক জাহান হায়াত

#পর্বঃ১১ [অনুমিত ব্যতীত কপি করা নিষিদ্ধ 🚫। ]
দেখতে দেখতেই চট্টগ্রামে ফাইজার আজ পঞ্চম দিন। এই কয়েকদিনের মধ্যে দু'দিন সে খালার বাসাতেও থেকে এসেছে। বাকি সময়টা কেটেছে মির্জা বাড়িতেই। সুযোগ পেলেই অভিক, পারমিতা আর ফাইজাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়েছে। অবশ্য সৌরভও তাদের সঙ্গে যাওয়ার জন্য কম বায়না করেনি। কিন্তু মাথার ক্ষতস্থান এখনো সম্পূর্ণ শুকিয়ে ওঠেনি। তাই হামিদা মির্জা কোনো ঝুঁকি নিতে রাজি হননি। কড়া স্বরেই ছেলেকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছেন।
অন্যদিকে ফাইজারও চট্টগ্রামে থাকার সময় প্রায় শেষের দিকে। আর মাত্র দু'দিন। তারপরই আবার তাকে ফিরে যেতে হবে কুমিল্লায়।
.

বিকেলের প্রহর তখন শেষের দিকে। পশ্চিমাকাশে সূর্য ধীরে ধীরে হেলে পড়েছে, তার সোনালি আভা চারপাশে কোমলতা ছড়িয়ে দিচ্ছে। শীতের মৃদু পরশ মাখা সমীরণ খোলা জানালা বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে পর্দাগুলোকে আলতো দোলাচ্ছে। দিনের ব্যস্ততা তখনও পুরোপুরি স্তিমিত হয়নি, তবু চারপাশের আবহে সন্ধ্যার আগমনের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠেছে।

সৌরভ নিজের রুমেই রয়েছে। বিছানার ওপর হেলান দিয়ে নিশ্চিন্ত মনে ফোনে মুভি দেখছে। চারপাশ এতটাই নিস্তব্ধ যে মুভির শব্দই যেন রুমজুড়ে একমাত্র সঙ্গী। ঠিক সেই সময় রুমের দরজা খোলার ক্যাটক্যাট শব্দ কানে এলো তার। সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে দৃষ্টি ফেরাল সেদিকে। দরজার কাছে অভিককে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নির্বিকারভাবে দৃষ্টি নিবদ্ধ করল ফোনের স্ক্রিনে। চোখ ফোনের ওপর রেখেই স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল,
–"কিছু বলবি?"

অভিকের হাতে একটি তেলের বোতল। মুখাবয়বে আগের মতোই প্রশান্ত স্থিরতা, তবে চোখেমুখে যেন অস্পষ্ট এক ভাবের আনাগোনা। ধীর পায়ে বিছানার নিকটবর্তী হয়ে শান্ত গলায় বলল,
–”ফাইজা তোর জন্য সেই স্পেশাল তেলটা পাঠিয়েছে। বলেছে, তোকে লাগিয়ে দিতে।”

অভিকের কথাটা শ্রবণ করতেই সৌরভ ফোন থেকে দৃষ্টি সরিয়ে তেলের বোতলটার পানে তাকাল। কয়েক মুহূর্ত নির্বাক থেকে ভ্রুঁযুগল সামান্য কুঞ্চিত করে বলল,
–”নিজে আসতে পারল না?"

অভিক তেলের বোতলটা বেডসাইড টেবিলের ওপর রেখে শান্ত স্বরে উত্তর দিল,
–"নিচে খালার সঙ্গে ভিডিও কলে কথা বলছে।”

সৌরভ অধর বাঁকিয়ে মৃদু হাসল। বলল,
–”মেয়েটা দেখি আমার চুল নিয়েই বেশি টেনশনে আছে।"

অভিকও হালকা হেসে তেলের বোতলটা হাতে তুলে নিল।
–"আয়, বস। দেখি তোর ভবিষ্যৎ উদ্ধার করা যায় কি না।"

সৌরভ সঙ্গে সঙ্গে ফোনটা পাশে রেখে সোজা হয়ে বসল।
–"আস্তে লাগাবি কিন্তু। মাথাটা এখনো ব্যথা করে।”

–"উপুড় হয়ে শুয়ে পড়।"

–”কেন?"

–”তেল লাগাতে সুবিধা হবে। এখন আর কথা বাড়াস না, শুয়ে পড়।"

সৌরভ আর বাক্যব্যয় করল না। অভিকের কথামতো নিশ্চিন্ত মনে উপুড় হয়ে শুয়ে পড়ল। ওর বিন্দুমাত্র ধারণাও নেই, পরমুহূর্তেই তার জন্য কী অপেক্ষা করছে। ওদিকে সৌরভ শুয়ে পড়তেই অভিক ধীরস্থির ভঙ্গিতে তেলের বোতলটা বিছানার একপাশে সরিয়ে রাখল। অতঃপর অলক্ষ্যে লুকিয়ে আনা লাঠিটা বের করে আনল। নিষ্পলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত ভাইয়ের পানে চেয়ে রইল সে। মনের পর্দায় একে একে ভেসে উঠল গত কয়েক মাসের দৃশ্যগুলো। পারমিতাকে "টাকলি ভাবি" বলে ক্ষেপিয়ে সৌরভ যে মজা পেতো, আর পারমিতা সবসময় তার নালিশ করতো অভিকের কাছে। অভিক সৌরভের সেই আত্মতৃপ্তির হাসিটা হয়তো দেখে নি। কিন্তু পারমিতার কাছ থেকে বর্ণনা শুনে সেই দৃশ্য সে কল্পনা করতে পারতো। এতদিন অভিক নীরব দর্শকের মত সবটা শ্রবণ করেছে। কিন্তু আজ ভাগ্য যেন হিসাব মেলানোর সুযোগ নিজেই ওর হাতে তুলে দিয়েছে। অভিকের অধরপ্রান্তে অলক্ষ্যে বাঁকা হাসির রেখা ফুটে উঠলো।
পরক্ষণেই, ঠাস! লাঠির প্রথম বাড়িটা গিয়ে পড়লো সৌরভের পশ্চাতে। সৌরভ স্ব’শব্দে চেঁচিয়ে উঠে,
–”আম্মু গোওওও!"

আকস্মিক আঘাতে প্রায় লাফিয়ে উঠে সৌরভ। কী ঘটল, তা অনুধাবন করার আগেই উঠে বসার চেষ্টা করল সে। কিন্তু অভিক বিদ্যুৎগতিতে তার কাঁধ চেপে আবার বিছানার সঙ্গে আটকে ধরলো। আর শীতল কন্ঠে বলল,
–"শান্ত হয়ে শুয়ে থাক। ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি।"

কথাটা শেষ হতেই আবার অভিক আবার বাড়ি দিলো। ঠাস! সৌরভও ব্যথায় চেঁচিয়ে উঠে,
–”অভি! তুই কি করছিস?"

ঠাস!

– "আরে থাম! আমারে মারছিস কেন, ভাই?"

একটার পর একটা বাড়ি খেয়ে সৌরভ আর কিছুই বুঝে উঠতে পারল না। ব্যথায় ছটফট করতে করতে বারবার হাঁক ছাড়তে লাগল, আর অভিক নির্বিকার মুখে নিজের "বিচারকার্য" চালিয়ে যেতে যায়। বহুদিনের জমে থাকা একখানা হিসাব আজ শান্ত মনে মিটিয়ে নিচ্ছে। সৌরভ প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। কিন্তু অভিকের শক্ত হাতের মুঠো থেকে মুক্ত হওয়া তার পক্ষে প্রায় অসম্ভব। অসহায় গলায় বলল,
–”অভি! থাম বলছি! আমি কী করছি?"

অভিক সম্পূর্ণ নির্বিকার স্বরে বলল,
–"মনে করে দেখ।"

–”কী মনে করব? আমি তো কিছুই করি নাই!"

অভিক আরেকটা হালকা বাড়ি বসিয়ে শান্ত গলায় বলল,
– "টাকলি ভাবি... মনে পড়ছে?"

কথাটা শ্রবণ করতেই সৌরভের মুখাবয়ব মুহূর্তেই থমকে গেল। থতমত খেয়ে বলে,
–"ওহ! এই জন্য?"

–”হুম।"

–”আরে ভাই, আমি তো মজা করতাম!"

–”হ্যাঁ, এখানে ঠ্যালা সামলা। যেমন কর্ম তেমন ফল!”

এই বলে অভিক লাঠিটা একপাশে রেখে দিল। সৌরভ ধীরে ধীরে উঠে বসে নিজের পশ্চাৎদেশে হাত বুলাতে বুলাতে কটমট করে অভিকের দিকে তাকিয়ে খেকিয়ে বলে উঠে,
–”তুই ভাই না, তুই তোর বউয়ের পার্সোনাল বডিগার্ড!"

অভিক মৃদু হেসে তেলের বোতলটা হাতে তুলে নিল। আর শান্ত গলায় বলল,
–”যা-ই বলিস, এবার সত্যি সত্যি তেলটা লাগিয়ে দেই। নাহলে ফাইজাকে কী জবাব দিবি?"

ফাইজার নাম শুনতেই সৌরভের রাগটা খানিকটা প্রশমিত হয়ে এলো। অধর বাঁকিয়ে বিড়বিড় করে বলল,
–"আগে বল আর মারবি না তো?"

অভিক গম্ভীর মুখেই উত্তর দিল,
–”না। শাস্তির পর্ব শেষ। এখন চিকিৎসার পর্ব শুরু।”

… … …

সন্ধ্যার আবছা আভা জানালার কাঁচ ছুঁয়ে ডাইনিং রুমজুড়ে এক প্রশান্ত আবহ বিস্তার করেছে। সদ্য রান্না করা নানা পদের নাস্তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে।

হামিদা মির্জা আর সাহেদ মির্জা পাশাপাশি বসে আছেন। অভিক আর পারমিতাও নিজেদের জায়গায় বসেছে। ফাইজাও চুপচাপ তাদের সঙ্গেই বসে আছে। শুধু সৌরভই নিজের চেয়ারের সামনে দাঁড়িয়ে অদ্ভুত এক সংকটে পড়ে গেলো। একবার চেয়ারের দিকে তাকায়, আবার নিজের পশ্চাতের দিকে হাত বুলায়।
ব্যাপারখান পারমিতার দৃষ্টিতে পরতেই ও
ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল,
–"কী হলো? দাঁড়িয়ে আছেন কেন?"

সৌরভ কষ্টভরা মুখে বলল,
–”বসাটা এখন একপ্রকার বিলাসিতা, টাকল…না মানে ভাবি।"

কথাটা শুনেই অভিক গ্লাসে পানি ঢালতে ঢালতে নির্বিকার স্বরে বলল,
–”অল্প কষ্ট না হলে মানুষ শিক্ষা পায় না।"

সৌরভ কটমট করে তাকাল। দাঁতে দাঁত পিষে বলল,
– "তুই চুপ থাক। তোর মুখ থেকে নীতিকথা শুনতে ইচ্ছা নাই, বেয়াদপ।"

পারু আর ফাইজা ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার বৃথা চেষ্টা করলো। এদিকে হামিদা মির্জা কিছুই বুঝতে না পেরে বললেন,
–”কী হয়েছে আবার?"

সৌরভ সঙ্গে সঙ্গে অভিযোগের সুরে বলে উঠল,
–"আম্মু, তোমার ছোট ছেলে আমার ওপর অত্যাচার করছে।"

হামিদা মির্জার পাশে বসে থাকা সাহেদ মির্জা চশমার ফাঁক দিয়ে একবার অভিকের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন,
–”অভিক, আবার কী করলি?"

অভিক অত্যন্ত নির্দোষ মুখ করে চায়ের কাপে চুমুক দিতে দিত বলল,
–”কিছুই না আব্বু। ভাইয়া ভুল কাজ করেছিল। তারজন্য বেশি না,একটু এই অল্প একটু শাস্তি দিয়ছি।"

সঙ্গে সঙ্গে সৌরভ অকপট কণ্ঠে চেঁচিয়ে উঠলো,
–”মিথ্যা! একদম মিথ্যা কথা ! এই হতচ্ছাড়া আমারে লাঠি দিয়ে পিটাইছে!"

হামিদা মির্জা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালেন। একবার অভিকের দিকে তাকাচ্ছেন, তো আরেকবার সৌরভের দিকে তাকাচ্ছেন। বিস্মিত কন্ঠে আওড়ালেন,
–”লাঠি দিয়ে?"

পারমিতা পানির গ্লাসে চুমুক দিয়ে শান্ত স্বরে বললেন,
–” নিশ্চয়ই কোন বড়সড়ো ভুল করেছিল,আম্মু। তাই তো অভিক লাঠি দিয়ে পিটিয়েছে। না হলে কি অভিক অমন করে পেটানোর মানুষ নাকি?”

পারমিতার কথায় তাজ্জব বনে গেলো সৌরভ। ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকালো পারমিতার দিকে।
এই হতচ্ছাড়ির জন্য ও মা’র খেলো ভাইয়ের হাতে।
কোথায় একটু সহানুভূতি দেখিয়ে ভাসুরের পক্ষ নিয়ে কথা বলবে। তা না, কি সুন্দর নিজের স্বামীর পক্ষ নিয়ে কথা বলছে! বাহ! বাহ! সৌরভের ইচ্ছা করছে অভিক আর পারমিতা দু’জনের চুলের মুঠি ধরে টান দিতে। দু’টোই এক নম্বরের ভন্ড। সৌরভ মনে মনে কয়েক প্রকারের গালি দিল ওদেরকে। ওদিকে ফাইজা আর নিজের হাসি ধরে রাখতে পারল না।
ফিক করে হেসে ফেলতেই সৌরভ অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকাল। আর মেকি ব্যথিত স্বরে শুধালো,
–"তুমিও হাসছো, ফাইজা?"

ফাইজা নিজের হাসি সামলে বলল,
– "আগে বসুন। দাঁড়িয়ে দাঁড়িয়েই তো রাত হয়ে যাবে।"

সৌরভ দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে চেয়ারে বসার চেষ্টা করল। চেয়ারে বসতে না বসতেই তার কন্ঠনালী ছিঁড়ে বেরিয়ে অস্পষ্ট আর্তনাদ,
–”উফফ!"

মুখ বিকৃত করে আবার আধা উঠে দাঁড়িয়ে গেলো সৌরভ। ডাইনিং টেবিলজুড়ে মুহূর্তেই হাসির রোল পড়ে গেলো। অভিক মাথা নিচু করেই খেতে খেতে বলল,
–"ভাইয়া, দাঁড়িয়েই খেয়ে নে। নতুন এক্সপেরিয়েন্স হবে।"

সৌরভ ক্ষোভভরা চোখে তাকিয়ে বলল,
–"একদিন তোরও বিয়ে হবে..."

কথাটা শেষ করেই নিজেই থেমে গেলো। সঙ্গে সঙ্গে টেবিলের সবাই একসঙ্গে তার দিকে ফ্যালফ্যাল করে তাকায়। অভিক ভ্রু তুলে মুচকি হেসে বলল,
–"ভাইয়া, কিন্তু আমার বিয়ে তো হয়েই গেছে! মনে হয়, মাথা ফাটার সাথে সাথে তোর স্মৃতিশক্তিও লোপ পেয়েছে।"

দু'সেকেন্ডের নীরবতার পর পুরো ডাইনিং রুম আবারও অট্টহাসিতে মুখর হয়ে উঠে। হাসতে হাসতে সবার যেন পেট ব্যথা হয়ে যাওয়ার উপক্রম। আর সৌরভ? সে মুখ গোমড়া করে দাঁড়িয়েই খাওয়া শুরু করল। যেন বসার চেয়ে দাঁড়িয়ে থাকাই তার জন্য বেশি নিরাপদ। আর বিক্ষুদ্ধ দৃষ্টিতে একবার অভিক, পরবার পারমিতার পানে তাকাচ্ছে। যেন চোখ দিয়েই দু’টোকে গিলে ফেলবে।

#এটা_কি_ভুল_নাকি_সুখ? 🕊
#রওনোক_জাহান_হায়াত

#চলবে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন