ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 2

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০২
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

⛔ কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।⛔

___________________

রিজভী অনুর সামনে একটু ঝুকে বললো,

—" আই উইশ, কোনো বন্যপ্রাণি এসে তোমাকে খুবলে খাক।

অনুর বুকের ধুকপুকানি বড়লো। ভিজে আসা কন্ঠে বললো,

—" কেন করছেন এইসব?

রিজভী কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসল। অনু বুঝে উঠতে পারল না রিজভী তার সাথে ঠিক কী করতে চাইছে। রিজভী গাড়ি স্টার্ট দিতেই অনুর চিৎকার করে বলতে ইচ্ছে করল— "প্লিজ, এমনটা করবেন না!

কিন্তু তা আর বলা হয়ে উঠলো না। রিজভী গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অনুর দিকে তীব্র গতিতে ধেয়ে এলো; যেন চাকার নিচে পিষে মেরে ফেলবে মেয়েটাকে। অনু স্তব্ধ হয়ে রইল। চরম আতঙ্কে দুই হাত মুখের ওপর আড়াআড়ি ভাবে চেপে ধরল সে। রিজভীর এমন ভয়ংকর রূপ দেখে অনুর কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। কয়েক মুহূর্ত পর অনু অনুভব করল, রিজভী ওর পাশ কাটিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। নিষ্ঠুর রিজভী অনুকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্ধকারের বুক চিরে অদৃশ্য হয়ে গেল। গাড়ির ম্লান হয়ে আসা শেষ আলোয় অনু আবারও জঙধরা ভাঙা সাইনবোর্ডটার দিকে তাকাল। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা— "কালভৈরব শ্মশান ঘাট।"
গাড়িটা চোখের আড়ালে হারিয়ে যেতেই চারপাশের জমাটবদ্ধ অন্ধকার যেন অনুকে খামচে ধরল। শ্মশানের এই বিভীষিকার মাঝে সে সম্পূর্ণ নিঃসঙ্গ। আশেপাশে লোকালয়ের কোনো চিহ্ন পর্যন্ত নেই। চারদিকে নিশাচর পাখিদের করুণ আর্তনাদ আর প্যাঁচার অশুভ ডাক নিস্তব্ধতাকে আরও প্রকট করে তুলছে। দূরে একদল কুকুরের আর্তনাদ ভেসে আসছে। চিৎকার করে সাহায্য চাওয়ার সাহসটুকুও অনুর হলো না অনুর; পাছে কোনো অশরীরী অস্তিত্ব তার অবস্থান টের পেয়ে যায়। অনু চিরকালই অন্ধকারকে যমের মতো ভয় পায়। তবে প্রিয় কিছু হারানোর শোকে ভয়ের পরিমাণটা আজকে কম।

চৈত্রের শেষে পত্রহীন কড়ই গাছগুলোকে বিশাল কোনো দৈত্যের মতো লাগছে। অনু বহু কষ্টে উঠে দাঁড়াল, কিন্তু ব্যথায় ককিয়ে উঠল— পা মচকে গেছে তার। আশেপাশে যতদূর চোখ যায়, কেবল শূন্যতা আর ধূসর অন্ধকার। অনুর গা ছমছম করে উঠল; মনে হচ্ছে অদৃশ্য কোনো প্রেতাত্মা তাকে ঘিরে নৃত্য করছে। এখানে কতশত মৃত মানুষকে দাহ করা হয়, এই চিন্তাটুকু মাথায় আসতেই তার শিরদাঁড়া বেয়ে শীতল এক স্রোত বয়ে গেল। ও মনেপ্রাণে চাইছিল সে যেন এই মুহূর্তে জ্ঞান হারায়, অথবা কেউ একজন তাকে বাঁচাতে এগিয়ে আসুক। কিন্তু নিয়তি আজ বিমুখ।
এই বিভীষিকা সহ্য করার ক্ষমতা অনুর আর নেই। শ্মশানের ভগ্ন প্রাচীরের সাথে সিটিয়ে বসে পড়ল সে। কাঁপছে ঠোঁট দুটো, মুখ দিয়ে অবিরত বেরোচ্ছে ‘দোয়া ইউনুস’। এই নিকষ কালো অন্ধকার থেকে পালানোর কোনো পথ নেই। বারবার মনে হচ্ছে, ছায়ার মতো কেউ তার দিকে ছুটে আসছে, আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে। আজ সারাদিন অনুর ওপর দিয়ে যা ধকল গিয়েছে, তা বর্ণনাতীত। বারবার বোনের নিথর, র*ক্তাক্ত আর ছিন্ন*ভিন্ন দেহটা চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। হাঁটুর ওপর মুখ লুকিয়ে সে ডুকরে কেঁদে উঠল। শ্মশানের বাতাসে ধাক্ক খেলো সেই করুণ সুর।
অনুর লম্বা খোলা চুলগুলো যেন এলোমেলোভাবে তাকে আগলে রেখেছে। শ্মশানের সামনে এমন আলুথালু শাড়ি পরিহিত কান্নারত অনুকে দেখলে যে কেউ প্রেতাত্মা ভেবে ভ্রম করবে। কান্না করার মতো অবশিষ্ট শক্তিটুকুও আর নেই ওর। ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হয়ে এল, চোখের পাতা ভারী হয়ে এল। অনু তলিয়ে যেতে লাগল এক গভীর অতল অন্ধকারে। অনু নিস্তেজ হয়ে আসলেই কালো লম্বা একটি অবয়ব অন্ধকার ভেদ করে এসে যেন অনুর পাহাড়ায় দাড়িয়ে থাকলো।

*

বাড়িতে ফিরেই রিজভী সোজা নিজের ঘরে চলে গেল। ওয়াশরুমে ঢুকেই দুহাতে মুখের শুকিয়ে যাওয়া রক্ত ধুয়ে নিলো। দুইহাতে বেসিনে ভর দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তৃপ্তিভরা বাকা হাসি। কিছুক্ষণ নিজের দিকে অপলক তাকিয়ে থেকে সে দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নিল। সারা শরীর শুকিয়ে যাওয়া রক্তে মাখামাখি হয়ে ছিল, তাই শাওয়ার নেওয়াটা জরুরি ছিল।
শাওয়ার শেষে কোমরে সাদা তোয়ালে পেঁচিয়ে সে ঘর থেকে বের হলো। ওইভাবেই ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করল সে; ফর্সা সুঠাম দেহের ওপর পানির কণাগুলো মুক্তাদানার মতো চিকচিক করছে। এরপর পরিপাটি বিছানা কিছুটা এলোমেলো করে চুলগুলো ভালো করে শুকিয়ে নিলো। একটা টি-শার্ট ও ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে থমথমে হয়ে আছে। রিজভী দোতলার করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। সুবিশাল ড্রয়িংরুমে একটি মাত্র বাতি টিমটিম করে জ্বলছে।
রিজভী তার বাবা-মায়ের ঘরের সামনে গিয়ে দরজায় নক করল। কিছুক্ষণ পর আজাদ তালুকদার দরজা খুলে দিলেন। অসময়ে রিজভীকে নিজের ঘরের সামনে দেখে কিছুটা ব্যতিব্যস্ত হয়ে শুধালেন,
— "তুমি এখন এখানে? কোনো দরকার?"

রিজভী কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে বলল,
— "অনু ঘরে নেই।"

মুহূর্তেই আজাদ তালুকদারের মুখে চিন্তার বলিরেখা ফুটে উঠল। তিনি থমথমে গলায় বললেন,
— "নেই মানে কী? দেখ, কোথাও হয়তো গেছে।"

রিজভী এবার কিছুটা রাগ দেখিয়ে চড়া গলায় বলল,
— "রাত সাড়ে চারটে বাজে। শেষ রাতে এই অচেনা জায়গায় ওই মেয়ে কোথায় যাবে বলতে পারেন?"

রিজভীর উচ্চস্বর শুনে তার মা মার্জানা তালুকদার উঠে এলেন। ঘুম জড়ানো চোখে হাই তুলতে তুলতে শুধালেন,
— "কী হয়েছে রে? এত রাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন?"

রিজভী উত্তর না দিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। আজাদ তালুকদার চিন্তিত মুখে রিজভীকে প্রশ্ন করলেন,
— "তুই সব জায়গায় দেখেছিস তো?"

রিজভী গম্ভীর কণ্ঠে জবাব দিল,

— "হ্যাঁ!"

'আজদ তালুকদার' এই তালুকদার নিবাসের বড়ো কর্তা, তার সহধর্মিণী মার্জানা তালুকদার। তাদের একমাত্র ছেলে রিজভী। আজাদ তালুকদার চট্টগ্রাম শহরের এমপি হলেও সে পারিবারিক ব্যবসাও সামলায়। বেশ বড়ো ব্যবসা।

মার্জানা তালুকদার এবার বিরক্তির সুরে বললেন,
— "আরে বাবা, হয়েছেটা কী সেটা তো বলবি!"

রিজভী মার্জানা তালুকদারের কথা গায়ে না মেখে সেখান থেকে সরে এল। আজাদ তালুকদার কপাল ঘষতে ঘষতে চিন্তিত সুরে বললেন,
— "অনুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।"

মুহূর্তেই মার্জানার অভিব্যক্তি বদলে গেল। রিজভীর সাথে প্রথমে নীলার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিন নীলা পালিয়ে যাওয়ায় অনেকটা দায় ঠেকেই অনুর সাথে রিজভীর বিয়ে হয়। এখন এত রাতে অনুকে পাওয়া যাচ্ছে না শুনে মার্জানার মাথায় সেম চিন্তাটাই ভর করলো। কারণ একজন এমপির বাড়ি থেকে জ্যান্ত একটা মেয়েকে কেউ তুলে নিয়ে যাবার দুঃসাহস করবে না নিশ্চয়ই ! তিনি কিছুটা শঙ্কা নিয়ে বললেন,

— "নীলার মতো এই মেয়েও পালিয়ে গেল না তো?"

আজাদ তালুকদার তার দিকে বিরক্ত চোখে তাকালেন। কোনো উত্তর না দিয়ে অনুর বাড়িতে ফোন করার জন্য তিনি একপাশে সরে গেলেন। মার্জানা এবার কপাল চাপড়াতে চাপড়াতে রাগি স্বরে রিজভীকে উদ্দেশ্য করে বলে উঠলেন,
— "কী দরকার ছিল বিয়েটা করার? নীলা যেহেতু তোকে রেখে পালিয়েই গিয়েছিল, তবে ওই অলক্ষ্মী মেয়ের বোনকেই কেন বিয়ে করে ঘরে আনলি? এখন আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গেল মেয়েটা। হায় হায়! সোসাইটিতে এবার মুখ দেখাব কী করে?"

রিজভী বিরক্ত মুখে উঠে দাঁড়াল। কিছুক্ষণ পর আজাদ তালুকদার ফিরে এলেন। তার চোখেমুখে এখন স্পষ্ট অস্থিরতা। তিনি রিজভীর দিকে তাকিয়ে নিচু কিন্তু গম্ভীর গলায় বললেন,
— "অনুর ফোনে রিন হচ্ছে কিন্ত রিসিভ করছে না।
অনুর বাড়িতেও ফোন দিয়েছিলাম, তারা জানালো অনু ওদের বাড়িতেও যায়নি। আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো বড়সড় গোলমাল আছে। এখন অন্য কোথাও ফোন দিলে জানাজানি হয়ে যাবে, আর তাতে আমাদের বংশের মান-সম্মান ধুলোয় মেশা ছাড়া আর কিছুই হবে না। তুই বরং পুলিশকে ফোন কর।"

রিজভী কোনো উচ্চবাচ্য করল না। সে নির্লিপ্ত মুখে ফোনের স্ক্রিন স্ক্রোল করতে করতে একপাশে সরে গেল। যেতে যেতে খুব তীক্ষ্ণ গলায় বলল,
— "বংশের ইমেজ ধরে রাখতেই তো ওই মেয়েটার সাথে আমাকে জোর করে বিয়ে দিলেন। তাতেও তো শেষ রক্ষা হলো না, সম্মান বাঁচল? না!... 'সো স্যাড'! আসলে আপনার কপালটাই খারাপ, বুঝলেন? তবে আপনাদের মতো নিমকহারামি লোকের সাথে এমনই হওয়া উচিৎ।"

রিজভীর গলায় এক অদ্ভুত বিদ্রূপ খেলে গেল।
ছেলের এমন তীক্ষ্ণ কটাক্ষে আজাদ তালুকদারের মুখ মুহুর্তেই অপমানে থমথমে হয়ে গেলো। অতীতের কিছু ভুলের কারণে এই ছেলে যখনই সুযোগ পাই কড়াই গণ্ডায় তার হিসেবে চুকাই। সুযোগ পেলে তাকে ঠান্ডা মাথায় কটাক্ষ করতে বিন্দুপরিমাণ পড়োয়া করে না। মুখের ভাষা তো নয়, যেন ধারালো ব্লেডের একেকটি পোঁচ। তবুও তিনি দমে না গিয়ে গম্ভীর গলায় বললেন,

— "দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই বুদ্ধিজ্ঞানটুকু লোপ পেয়েছে।"

রিজভী ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে শান্ত গম্ভীর কন্ঠে জবাব দিল,

— "সেটা তো ছোটবেলা থেকেই শুনে আসছি। তা এতো বছরে ঠিক কত কিলোমিটার বেয়াদব হলাম, সময় করে একবার মেপে জানাবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনার ক্লপনার চেয়েও বেয়াদব আমি। বেয়াদবি ধরতে পারলেও তার সীমা ধরতে পারবেন না।

কথাটা শেষ করেই সে ফোনের ওপাশে থাকা কারও সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। দূর থেকে মার্জানা তালুকদার নিরব হয়ে এই দৃশ্য দেখে গেলেন। ভেতরে ভেতরে ফুসলেও ছেলের এমন আচরণে প্রতিবাদ করার সাহসটুকুও যেন তার বর্তমানে নেই।
আজাদ তালুকদার আর কথা বাড়ালেন না। অপমানে চোয়াল শক্ত করে তিনি ওখান থেকে সরে গেলেন। এবং নিজের ভাই তৌফিক তালুকদারকে ডাকতে ওনার ঘরের দিকে পা বাড়ালেন।
অনুষ্ঠান বাড়িতে মেহমান থাকবে এটাই স্বাভাবিক। তবে অধিকাংশ অথিতিরাই চলে গেছে। তারা বৌভাতের অনুষ্ঠানে আবার আসবে। গুটি কয়েক খুব কাছের মানুষগুলো শুধু থেকে গেছেন।

,

পুলিশকে খবর দেওয়ার পর তারা তৎপরতার সাথে কয়েকটি টিমে ভাগ হয়ে প্রতিটি স্টেশন এবং আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছেন। রাতের নির্জনতায় যাকে সামনে পাওয়া গেছে, তাকেই অনুর ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে; কিন্তু ফলাফল শূন্য। এর মধ্যেই অনুর ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশের আরেকটি টিম একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হয়। সামনের সাইরেনহীন পুলিশের গাড়িটিকে অনুসরণ করে এগোচ্ছে একটি প্রাইভেট কার।
গাড়িতে আছেন রিজভী, রেজাউল তালুকদার, আজাদ তালুকদার এবং তৌফিক তালুকদার। তৌফিক তালুকদার তালুকদার বাড়ির মেজো কর্তা। তার সহধর্মিণী রুবিলা তালুকদার। তাদের দুই ছেলের মধ্যে বড় ছেলে নিখিল ভার্সিটির লেকচারার এবং ছোট ছেলে ঈশান সপ্তম শ্রেণিতে পড়ে।
রিজভী গাড়ি ড্রাইভ করছে। তার পাশে বসে আছেন রেজাউল তালুকদার, আর পেছনের সিটে আজাদ ও তৌফিক তালুকদার। তারা নিজেদের মধ্যে চাপা স্বরে উদ্দীগ্ন আলোচনা করলেও রিজভীর গম্ভীর অভিব্যক্তি দেখে ভেতরের সমীকরণ বোঝার সাধ্য কারো নেই।
রাত তখন সাড়ে পাঁচটা। চারপাশের তখনও আধো-অন্ধকারে মাঝে নিয়ন আলোর ম্লান আভা ছড়াচ্ছে। গাড়িটি লোকালয় ছাড়িয়ে নির্জন মেঠো পথ ধরে এগিয়ে চলল। সরু রাস্তা চিরে পুলিশের গাড়িটি শেষমেশ গিয়ে থামল অতি প্রাচীন ও পরিত্যক্ত একটি শ্মশান ঘাটের সামনে।
সবাই গাড়ি থেকে নামলেন। সাথে এসেছেন থানার ওসি। তিনি আজাদ তালুকদারের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন,

— "লোকেশন এখানেই দেখাচ্ছে। আমাদের খুব সতর্কভাবে জায়গাটা খুঁজে দেখতে হবে।"

ওসির কথাই সম্মতি দিয়ে সবাই টর্চের আলো জ্বালিয়ে শ্মশানের ঝোপঝাড় ও অন্ধকার কোণগুলোতে তল্লাশি শুরু করলেন। তবে খুব বেশি বেগ পেতে হলো না। টর্চের জোরালো আলো শ্মশানের একটি জীর্ণ ও ভাঙা প্রাচীরের পাশে পড়তেই সবাই আৎকে উঠল। সেখানে পড়ে আছে একটি মেয়ের নিথর দেহ। কাছে যেতেই আর বুঝতে বাকি রইল না— অবচেতন অবস্থায় পড়ে থাকা মেয়েটি আর কেউ নয়, এটা অনু।

চলবে......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন