#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০৩
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ⛔
________________________
ওসির প্রস্তাবে সম্মতি দিয়ে সবাই দুই টিমে ভাগ হয়ে গেলো। তৌফিক তালুকদার, আজাদ তালুকদার আর দুইজন পুলিশ একদিকে গেলেন; অন্যদিকে রেজাউল তালুকদার, রিজভী, ওসি সাহেব আর বাকি পুলিশ সদস্যরা তল্লাশি শুরু করলেন। তবে বেশি বেগ পেতে হলো না। টর্চের জোরালো আলো শ্মশানের জীর্ণ ও ভাঙা দেয়ালের পাশে পড়তেই সবাই আঁতকে উঠল। সেখানে পড়ে আছে একটি মেয়ের নিথর দেহ। কাছে যেতেই আর বুঝতে বাকি রইল না— অবচেতন অবস্থায় পড়ে থাকা মেয়েটি আর কেউ নয়, অনু।
অনুর এমন বিধ্বস্ত ও নিথর দেহ দেখে উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। একজন মহিলা কনস্টেবল কালক্ষেপণ না করে দ্রুত এগিয়ে গিয়ে অনুর মাথাটা নিজের কোলের ওপর টেনে নিলেন। পালস পরীক্ষা করে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন।কারণ অনুর বেহাল দশা দেখে তিনিও প্রথমে ভেবেছিলেন মেয়েটি হয়তো বেঁচে নেই। তিনি অস্ফুট স্বরে বললেন,
— "মেয়েটাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। দেরি করা একদম ঠিক হবে না।"
ওসি সাহেব বিস্ময়ে কপালে ভাঁজ ফেলে বললেন,
— "ও মাই গড! মেয়েটা এখানে আসলো কী করে?"
রেজাউল তালুকদার অস্থির হয়ে বললেন,
— "হাঁ করে তাকিয়ে দেখছ কী? ওকে দ্রুত এখান থেকে তোলো!
পাশে দাঁড়িয়ে থাকা রিজভীর মনে তখন অন্য কিছু চলছে। সে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে ওসির কথার সূত্র ধরে রেজাউল তালুকদারকে মিন করে বলল,
— "আমার মনেও তো একই প্রশ্ন। তালুকদার বাড়ির বউকে কে সবার চোখ ফাঁকি দিয়ে এখানে আনলো?
রেজাউল তালুকদার চরম বিরক্ত হয়ে রুক্ষ মেজাজে বললেন,
— "এখন কি এইসব ফালতু প্রশ্ন করার সময়? অনু সুস্থ হলে ওর কাছ থেকেই জেনে নেওয়া যাবে। এখন ওকে দ্রুত হসপিটালে নিতে হবে।"
— "এত কথা ব্যয় না করে দ্রুত ওখান থেকে তুলুন ওকে।" ওসি সাহেব তাগাদা দিলেন।
রিজভী চোয়াল শক্ত করে এগিয়ে গিয়ে অবচেতন অনুকে এক ঝটকায় পাঁজাকোলা করে তুলে নিল। অনুর পরনের শাড়িটা বড্ড এলোমেলো, কুচি অর্ধেক খুলে গেছে। লম্বা কালো রেশমী চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে। রিজভী ওর গাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়াল। পেছন ফিরে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল,
— "হসপিটালে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে যা চিকিৎসা পাওয়া যাবে, তার সব ব্যবস্থা এই বাড়িতেই করুন। বাড়িতে ডক্টর, নার্স যা লাগে আনা যাবে।"
আজাদ তালুকদার ভ্রু কুঁচকে রিজভীর দিকে তাকালেন। পরিস্থিতি সামলানোর বদলে রিজভীর জেদ দেখে তিনি বিরক্ত হয়েই প্রশ্ন করলেন,
—" হসপিটালে নিতে সমস্যা কী? সব বিষয়কে পুতুলখেলা হিসেবে নাও কেন?"
রিজভী কাঠকাঠ গলায় উত্তর দিল,
—" সমস্যা অনেক। একবার বাড়ি থেকে পালিয়েছে আবার হসপিটাল থেকে পালানোর চেষ্টা করবে না এর গ্যারান্টি কোথায়?
—" তুমি কিভাবে শিওর হচ্ছো যে অনু পালিয়ে এখানে এসেছে?
—" না পালালে কেউ তো আর বাড়ি থেকে এইভাবে হাওয়া হয়ে যায় না নিশ্চয়ই। আর তালুকদার বাড়িটা কোনো ভাঙা ঘর না যে কেউ ফাকা দিয়ে তোমার নাতনির লেজ ধরে টেনে এখানে এনে ফেলে গেছে।
—" যার পালাবার সে পালাবেই। হসপিটালে নিলে পালিয়ে যাবে আর বাড়িতে নিলে পালাবে না, এ কেমন কথা? তা যাগগে! এতো বেশি কথা বলছো কেন? তোমার মুখ থেকে তো কথায় বের হয় না, আজ হঠাৎ খই ফুটছে।
রিজভী কিছুটা বিরক্তি নিয়ে সিরিয়াস মুডে বললো,
—" বউ হিসেবে মানি না ঠিক আছে। কিন্তু বিয়ের দিন নীলা পালিয়েছে। অনুকে বিয়ে করিয়েছো, সেও যদি পালিয়ে যায়? দু-দুবার বউ পালালে আমার প্রেস্টিজের হালুয়া হয়ে যাবে। কোনো রিস্ক নিতে চাই না আমি।
সত্যি বলতে, রিজভী অনুকে হসপিটালে নিতে দেবে না; কারণ হসপিটালে জ্ঞান ফেরার পর অনু চরম পাগলামি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। রিজভী কোনোভাবেই চায় না অনু হসপিটালের মতো পাবলিক প্লেসে এইসব বিষয় নিয়ে পাগলামি করুক, এর ফলে দেখা যাবে রিজভীর সমস্ত প্ল্যান জলে যাবে। এই যেমন রাতে সবাই যখন অনুকে নিয়ে টেনশন করছিল। রিজভী তখন সবার চোখের আড়ালে অনুর ফোনটা ওর লোকের মাধ্যমে এখানে পাঠিয়েছিল। যাতে করে রিজভী সবাইকে যা বোঝাতে চাচ্ছে তা আরো স্পষ্ট হয়।
আজাদ তালুকদার কিছুটা রুক্ষ মেজাজে বললেন,
—" তোর প্রেস্টিজ সুজি নাকি যে হালুয়া হয়ে যাবে?
তাদের এই তর্কাতর্কির মাঝে বিরক্ত হয়ে ওসি সাহেব বলে উঠলেন,
— "আপনারা কি মেয়েটার চিকিৎসার ব্যবস্থা না করে এভাবেই ঝগড়া করে যাবেন?"
মুহূর্তেই রিজভী এবং রেজাউল তালুকদার একসাথে ধমক দিয়ে উঠলেন,
— "আপনি চুপ করেন তো মিয়া!"
দুজনের একসাথে দেওয়া ধমকে অপমানে ওসি সাহেবের মুখ চুপসে গেল। তিনি থমথমে মুখে বললেন,
— "রাগ করবেন না তালুকদার সাহেব। মেয়েটার মঙ্গলের কথা একবার চিন্তা করে দেখুন।"
রেজাউল তালুকদার চড়া গলায় বললেন,
— "আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক না গলিয়ে সাইডে যান। আমাদের একটু স্পেস দিন।"
পরপর অপমানে ওসির মুখ আষাঢ়ের কালো মেঘের মতো অন্ধকার হয়ে গেল। পাশ থেকে দুইজন পুলিশ সদস্য মুখ চেপে ফিক করে হেসে উঠতেই ওসি সাহেব ধমক দিয়ে বললেন,
— "বেয়াদব! সাইডে আসো!"
ধমক খেয়ে তাদের হাসি থামল এবং তারা দূরে গিয়ে দাঁড়াল। ওসি মুখে কিছু না বললেও মনে মনে তাদের চৌদ্দগুষ্টি উদ্ধার করতে লাগলেন। এই পরিবারের কাউকেই তার পছন্দ নয়। এখানে প্রত্যেকে ক্ষমতা আর অর্থ আর ক্ষমতার দম্ভে অন্ধ; মানুষকে মানুষ বলেই গণ্য করে না। রেজাউল তালুকদার চট্টগ্রামের সাবেক এমপি ছিলেন, আর বর্তমানে আজাদ তালুকদার সেই গদিতে আসীন। বিশাল পারিবারিক ব্যবসার অহংকারে তাদের পা যেন মাটিতে পড়ে না। তারমধ্য রিজভী ছেলেটা আরো একধাপ উপরে। রাগে, জেদে সবার ঊর্ধে।
ওসি সরে যেতেই রিজভী গমগমে কন্ঠে বললো,
—" অনু পালালে তোমার খান্দানী বংশের মান সম্মান থাকবে তো?
— "না থাকলে না থাকবে! এই রেজাউল তালুকদার কখনো কারো ধার ধারেনি, আজও কাউকে পরোয়া করে না।" বৃদ্ধর কণ্ঠে তখনো জেদের পারদ।
— "যত সব ফাঁকা বুলি! পরোয়া না করার সাহস যদি আপনার থাকত, তবে আমাদের জোর করে বিয়ে দিতেন না। নিজের স্বার্থ রক্ষায় তখন তো ঠিকই সমাজ আর সম্মানের দোহাই দিয়েছিলেন।"
—" তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মেয়েটার কিছু একটা হয়ে যাবে তারাতাড়ি হসপিটালে নিয়ে চল।
রিজভী নির্লিপ্ত গলায় বলল,
—" যা হয় হোক। আমি হসপিটালে নিতে দেব না। আমাকে বলির পাঁঠা বানানোর সময় খুব সম্মানের দোহাই দিতে এসেছিলেন।"
রেজাউল তালুকদার দমবার পাত্র নন। আর রিজভীকে বোঝানোও অনেক টাফ ব্যাপার। তিনি কিছু বলতে যাবেন, তখনই তৌফিক ও আজাদ তালুকদার সেখানে এসে পৌঁছালেন। রিজভীর কোলে অনুকে দেখে তারা স্বস্তির নিশ্বাস ফেললেন। আজাদ তালুকদার বললেন,
— "অবশেষে পাওয়া গেল! তা দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত বাড়িতে নিয়ে চল।"
তৌফিক তালুকদার অনুর অবস্থা পর্যবেক্ষণ করে বললেন,
— "না না, বাড়িতে নয়! আগে হসপিটালে নিতে হবে।" তার কথা বুঝে আজাদ তালুকদারও সায় দিলেন।
রিজভী আর দেরি করল না। চুপচাপ অনুকে গাড়ির সামনের সিটে বসিয়ে সিটবেল্ট বেঁধে দিল। সে ড্রাইভিং সিটে বসতে যাবে, এমন সময় রেজাউল তালুকদার ঝড়ের বেগে এগিয়ে এসে রিজভীর হাত খপ করে ধরলেন। কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বললেন,
— "অনুকে সোজা হসপিটালে নিয়ে যাবে রিজভী। আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না বলে দিলাম।"
রিজভী হেয়ালি করে বলল,
— "ওকে!"
রেজাউল তালুকদার আশ্বস্ত হয়ে হাত ছেড়ে দিলেন। রিজভী গাড়ি স্টার্ট দিতেই তিনি বললেন,
— "আমাদের কি নিয়ে যাবি না?"
রিজভী একবার আড়চোখে তাকিয়ে বলল,
— "তাড়াতাড়ি উঠবে, ফাস্ট!"
রেজাউল তালুকদার গাড়ির দরজায় হাত দেওয়ার আগেই রিজভী স্টিয়ারিং ঘুরিয়ে সাঁ করে গাড়ি নিয়ে চলে গেল। যেতে যেতে উচ্চ স্বরে বললো, "আমি বাড়িতেই যাচ্ছি, আপনাদের ইচ্ছে হলে আসতে পারেন।"
তার এমন কাণ্ড দেখে রেজাউল ও আজাদ তালুকদার বোকার মতো তাকিয়ে রইলেন। তৌফিক তালুকদার পরিস্থিতি আঁচ করতে পেরে টিপ্পনী কেটে বললেন,
— "আমাদের পুলিশের গাড়িতেই যেতে হবে। ভাইজান একটা ছেলে পয়দা করেছেন বটে, একদম সুবহান-আল্লাহ!"
আজাদ তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। কোনো উপায় না দেখে তারা পুলিশের গাড়িতেই উঠে বসলেন। তবে ওঠার আগে ওসি সাহেবকে কঠোরভাবে শাসিয়ে দিলেন, এই ঘটনা যেন কোনোভাবে কাকপক্ষীও না জানতে পারে। এর সাথে ডক্টরকেও ফোন করে জানিয়ে দিলেন সবটা।
ভোর হয়ে গেছে, কিন্তু আকাশে গুমোট মেঘের কারণে চারপাশে অতোটাও আলো ফোটেনি। চারপাশে থমথমে পরিবেশ। বাতাশও যেন একজায়গায় থেমে আছে। রিজভী গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ খেয়াল করলো, অবচেতন অনু গাড়ির ঝাকিতে বারবার হেলে যাচ্ছে, যদিও সিটবেল্ট বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে সে অত মাথা ঘামালো না; কিন্তু কিছুক্ষণ পর অনু সিট থেকে পড়েই যাচ্ছিল। উপায় না পেয়ে রিজভী এক হাতে অনুকে ধরে রাখলো, অন্য হাতে গাড়ি ড্রাইভ করলো। এই মেয়েকে কাড়াকাড়ি করে এনেও ফ্যাসাদে পড়েছে সে, বিরক্তিকর! তবে বাড়িতে গিয়ে ওর মা, চাচি, ফুফুরা অনুর কি অবস্থা করবে ভেবেই রিজভীর ভেতরটা এক পৈশাচিক আনন্দে নৃত্য করছে। সাথে রিজভী কিছু মশলা এড করলে জমে ক্ষীর হয়ে যাবে। কারন বিয়ের দিনে নীলা পালিয়েছে আর বাসর রাতে অনু নিখোঁজ হলো। আর তাকে পাওয়া গেলো কোথায়? দূরে শ্মশান ঘাটে। কেয়া মিল হ্যায়। তবে বলতেই হবে দাবার গুটি নিখুঁতভাবে সাজানোর জন্য রিজভী তালুকদার সেরা।
*
আজকের গুমোট আবহাওয়ার মতোই তালুকদার বাড়িটাও থমথমে হয়ে আছে। রিজভী যখন অনুকে পাজাকোলা করে বাড়িতে নিয়ে এলো, উপস্থিত সবার মুখে অজস্র প্রশ্ন; কিন্তু কারো কোনো উত্তর না দিয়ে সে সোজা নিজের ঘরে চলে গেলো। ঘাড়ত্যারামিতে তার পিএইচডি করা কীনা! রিজভী ফেরার কিছুক্ষণ পর বাকিরা ফিরলে বাড়ির সবাই তাদের কাছ থেকেই পুরো ঘটনা জানতে পারল।
মিনিট দশেকের মধ্যেই পারিবারিক চিকিৎসক মেহেরজান চৌধুরী এসে পৌঁছালেন। বয়স পঞ্চাশের কোঠায়। আজাদ তালুকদারের জরুরি ফোন পেয়ে তিনি বেশ তাড়াহুড়ো করেই এসেছেন। ডাক্তার আসতেই অন্দরমহলের মহিলাদের গুঞ্জন থেমে গেল। তাকে সোজা নিয়ে যাওয়া হলো রিজভীর ঘরে।
ডাক্তার অনুর নাড়ি পরীক্ষা করতে গিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেললেন। গলার কাছে ধারালো কিছুর ক্ষত স্পষ্ট। এমনকি দুই হাতের কবজিতে অসংখ্য আঁচড়ের দাগ। অনুর গায়ের রং কিছুটা চাপা হওয়ায় রক্তাভ সেই কালচে আঁচড়গুলো কালশিটের মতো ফুটে আছে। ঘরটি সুগন্ধি কাঁচা ফুলে সুসজ্জিত থাকলেও নতুন বউয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে ডাক্তার বিচলিত হলেন। তালুকদার বাড়ির সঙ্গে তার দীর্ঘদিনের পুরনো সম্পর্ক, এখানকার সমীকরণগুলোও তার অজানা নয়। মনে মনে কিছুটা খটকা জাগলেও তিনি গম্ভীর মুখে বললেন,
— "প্রেশার অনেক লো, পালস রেটও স্বাভাবিক নয়। প্রচণ্ড ট্রমার কারণে ওর নার্ভাস সিস্টেম সাময়িকভাবে শাট-ডাউন হয়ে গেছে। আসলে কী ঘটেছিল পেশেন্টের সাথে? একটু খুলে বলবেন কি?"
রিজভীর রুমে তখন মার্জানা, রুবিলা, আছিয়া বেগম আর রিজভী নিজে উপস্থিত। বাকিরা দরজার বাইরে উৎসুক হয়ে দাঁড়িয়ে। রিজভী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে আছিয়া বেগম অত্যন্ত সাবলীলভাবে বললেন,
— "আসলে নতুন জায়গা, তার ওপর বাচ্চা মেয়ে। ভোররাতে বাড়িতে কিছু ক্রিমিনাল ঢুকেছিল; ঠিক ওই সময়েই অনু কোনো দরকারে নিচে নেমেছিল। আর তারপর যা হবার হয়েছে। তবে ভাগ্য ভালো, মেয়েটার খুব বড় কোনো ক্ষতি হয়নি।"
আছিয়া বেগম রিজভীর একমাত্র ফুফু। রিজভীর বিয়ে উপলক্ষে এসেছেন। ভীষণ ব্যক্তিত্বসম্পন্ন এবং স্মার্ট। কত অনায়াসেই না পরিস্থিতি সামাল দিলেন! তবে তার মিথ্যা উত্তরে রিজভী মনে মনে ক্ষুব্ধ হলো। সে চেয়েছিল ডাক্তারকে সত্যিটা জানানো হোক। কেন তার এমন মনে হলো, সেই কারণ তার নিজেরও অজানা। কিন্তু ফুফু যখন বলেই ফেলেছেন, তাই সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সারারাত চোখের পাতা এক না করার কারনে চোখদুটো রক্তাভ হয়ে আছে ওর।
আছিয়া বেগমের শান্ত ও স্বাভাবিক কথায় ডক্টর আর কথা না বাড়িয়ে অনুর গলার কালচে দাগটা গভীরভাবে খেয়াল করলেন। কোনো ধারালো অস্ত্রের আঁচড় মনে হচ্ছে। তিনি ক্ষত স্হানে মেডিসিন লাগাতে লাগাতে রিজভীকে প্রশ্ন করলেন,
—" পেশেন্টের নাম কি রিজভী?
রিজভী পকেটে হাত গুঁজে জানালার বাইরের ঝিরঝিরে বৃষ্টির দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল,
—" অনু।
—" পুরো নাম?
—" জানি না।
—" বয়স কতো?
—" জানি না।
ডক্টর কিছুটা ভ্রু কুচকে আঁড়চোখে তাকালেন।
তিনি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে সিরিঞ্জ বের করলেন। রিজভীকে তিনি আগে থেকেই চেনেন; ছেলেটার উদ্ধত স্বভাব তার মোটেও পছন্দ নয়। তিনি বললেন,
—" আমি ওষুধ লিখবো, বয়সটা বলবেন প্লিজ।
রেজাউল তালুকদার কক্ষে প্রবেশ করলেন তখন। গম্ভীর কন্ঠে বললেন,
—" পুরো নাম "অনুরিমা তালুকদার অনু" বয়স উনিশ।
ডক্টর চুপচাপ নিজের কাজ করতে করতে বললেন,
— "আমি একটা মাইল্ড সিডেটিভ দিচ্ছি। এখন ওর দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। তবে জ্ঞান ফেরার পর ওকে কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। আর এই স্যালাইনটা চলতে থাকুক।"
রুবিলা বেগম পাশ থেকে জিজ্ঞেস করলেন, "ওর জ্ঞান ফিরবে কখন?"
— "জ্ঞান ফিরতে দশ-বারো ঘণ্টা সময় লাগবে। ইনজেকশনের কারণে এখন গভীর ঘুমে থাকবে সে। চিন্তার কিছু নেই।"
মার্জানা তালুকদার ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বললেন, "রাতে রিসিপশনের অনুষ্ঠান আছে। এই মেয়ের জ্ঞান না ফিরলে অনুষ্ঠান হবে কী করে?"
ডাক্তার সাহেব বললেন, "পরিস্থিতি এখন হাতের বাইরে। সবটা আপনাদেরই ম্যানেজ করতে হবে। আমার কাজ শেষ, আমি এখন আসি।"
তিনি উঠে দাঁড়াতেই দরজার পাশ থেকে তৌফিক তালুকদার বললেন, "বাইরে এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করলে ভালো হতো।"
— "উপায় নেই, আমাকে অন্য এক রুগিকে দেখতে যেতে হবে। দেরি করা যাবে না একদম।"
— "তাহলে আসুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি।"
ঘর থেকে বেরোনোর আগে ডাক্তার শেষবারের মতো সতর্ক করে দিলেন, "পেশেন্টকে যেন বাড়তি কোনো মানসিক চাপ বা ‘স্ট্রেস’ দেওয়া না হয়।" দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি ঠিকই বুঝেছেন, অনুর সাথে কোনো স্বাভাবিক দুর্ঘটনা ঘটেনি; এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু তালুকদার বাড়ির মানুষরা ‘ভাঙবে তবু মচকাবে না’ গোছের। তাই সরাসরি কিছু না বলে তিনি সাবধান করে দিয়ে বিদায় নিলেন।
তৌফিক তালুকদার ডাক্তারকে এগিয়ে দেওয়ার পাশাপাশি জরুরি ওষুধগুলো আনতেও বেরিয়ে গেলেন। ডাক্তার ঘর থেকে বেরোতেই মার্জানা ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। অনুর পাতলা ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে আছে, নিশ্বাস বইছে খুব ক্ষীণ গতিতে। পান পাতার মতো ঢলঢলে মুখশ্রিতে গাঢ় ক্লান্তির ছাপ রয়েছে। কপালের ওপর বেবি হেয়ারগুলো লেপ্টে আছে।
মার্জানা তালুকদার অনুর ওপর চরম ক্ষিপ্ত। শুধু তিনি নন, বাড়ির অনেকেই তার মতো মেয়েটার ওপর মহা বিরক্ত। সারারাত কেউ ঘুমানোর সুযোগ পায়নি। তাদের মনে একটাই চিন্তা, যে নীলার মতো অনুও কারো হাত ধরে পালানোর চেষ্টা করছিল! তিনি অনুর এমন ইনোসেন্ট ফেস দেখে দাঁতে দাঁত চেপে বললো,
—" দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ দেখো দুই বোন মিলে আমাদের বংশের মান সম্মান নিলামে তুলে দিয়েছে।
রেজাউল তালুকদার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন এমন সময় মার্জানার এ উক্তি শুনে তিনি ফিরে দাড়ালেন। রাগী কন্ঠে সবাইকে আদেশ দিলেন রুম থেকে বেরিয়ে আসার।
—" রিজভী বাদে বাকি সবাই ঘর থেকে বেরিয়ে আসো। এই ঘটনা নিয়ে এখন যেন আর একটা টু শব্দ না হয়। পরে ঠান্ডা মাথায় এই নিয়ে আলোচনা করা হবে।
রেজাউল তালুকদারের আদেশ পেয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেলো। কক্ষ ফাকা হবার পর রিজভী কিছুটা বিরক্তি নিয়ে কাউচে গা এলিয়ে দিলো। সারারাত অনেক ধকল গেছে।
,
বাড়ির সবাই প্রতিদিন একসাথে নাস্তা করলেও আজকের সকালটা ছিল একদম ভিন্ন। যে যার মতো নাস্তা শেষ করে দ্রুত নিজের ঘরে চলে গেছে। পুরো বাড়ির পরিবেশ থমথমে; সবার মেজাজ যেন সপ্তম আকাশে চড়ে আছে।
ঘড়ির কাঁটা তখন সকাল সাতটার ঘরে। ড্রয়িংরুমের সোফায় বসে মার্জানা, রুবিলা ও আছিয়া নিচু স্বরে অনুকে নিয়ে আলোচনায় ব্যস্ত। বাড়ির পুরুষরা অনেক আগেই নাস্তা সেরে যার যার কাজে বেরিয়ে পড়েছেন। আজ রাতে বড় ছেলের বিয়ের রিসেপশন, কাজের পাহাড় জমে আছে। অনেক গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই অন্দরমহলের পরিবেশ বিষিয়ে থাকলেও সবাই নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে। খাবার টেবিলে ঈশান একা বসে ভিডিও গেম খেলছে। বাকিরা যে যার মতো ঘরে ঢুকে পড়েছে, কেউবা গুমোট ভাব কাটাতে ছাদে আড্ডা দিচ্ছে।
ঠিক এমন সময় ড্রয়িংরুমে উপস্থিত হলেন অনুর বাবা-মা। রেজাউল তালুকদারের দুই পক্ষের পরিবারের মাঝে কোনোকালেই মিল ছিল না। এমনকি অনুর দাদি কুলসুম বেগম কোনোদিন এই বাড়ির চৌকাঠ মাড়াননি। রেজাউল তালুকদারই তাকে কখনো আনেননি। বলা বাহুল্য, দুই সতিনের সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। রেজাউল তালুকদারের দুই স্ত্রীই গত হয়েছেন, কিন্তু দুই পক্ষের সন্তানদের মধ্যে যাতায়াত বা হৃদ্যতা গড়ে ওঠেনি। নীলা আর রিজভীর বিয়ে উপলক্ষে দীর্ঘদিনের সেই বিচ্ছিন্ন সম্পর্ক জোড়া লাগার একটা সম্ভাবনা তৈরি হলেও, কোনো এক অদৃশ্য বিষাক্ত কীটের দংশনে তা আবারও মিলিয়ে যাচ্ছে। রেজাউল তালুকদারের প্রথম স্ত্রী আঁখির তিন ছেলে ও এক মেয়ে, অন্যদিকে দ্বিতীয় স্ত্রী কুলসুমের একমাত্র ছেলে নাহিদ তালুকদার। নাহিদ ও ঈশিতা দম্পতির দুই মেয়ে—অনু এবং নীলা।
অনুর বাবা-মাকে দেখা মাত্রই ড্রয়িংরুমের সবাই সেদিকে এগিয়ে গেল। নাহিদ তালুকদার এবং তার স্ত্রী ঈশিতা তালুকদার চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তাদের চোখেমুখে একরাশ অস্বস্তি।
আছিয়া বেগম সুযোগ বুঝে তীক্ষ্ণ কণ্ঠে কটাক্ষ করে বললেন,
—" কেমন কুলাঙ্গার মেয়ে জন্ম দিয়েছেন আপনারা! মানুষের দুটো সন্তানের মধ্যে অন্তত একটা খারাপ হলে অন্যটা ভালো হয়। কিন্তু আপনাদের মেয়ে দুটোই তো দেখছি একই ধাতুতে গড়া।
আছিয়া বেগমের বিষোদগারে ঈশিতা তালুকদার দমে গেলেন না। তিনি বেশ গমগমে গলায় প্রতি উত্তর দিলেন,
—" আপনারা এখানে সমস্যার সমাধান করার জন্য আমাদের ডেকে পাঠিয়েছেন, তাই আমরা এসেছি। এভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না।"
এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রেজাউল তালুকদার অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রইলেন। জীবনের শেষ প্রান্তে এসে বড় শখ হয়েছিল দুই পক্ষের সন্তানদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দেওয়ার। সেই উদ্দেশ্যেই তিনি নীলার সাথে রিজভীর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু নিয়তি কেন বারবার তার হাত ফসকে বেরিয়ে যায়? ভাগ্য কেন তার বেলায় বারবার এমন নিষ্ঠুর হয়ে ধরা দেয়? তিনি নিজের মনে লুকায়িত অনুভূতি আড়াল করে ধীর পায়ে এগিয়ে গেলেন। কিছুটা শান্ত কন্ঠে সবাইকে বললেন,
—" রাতে রিসিপশনের অনুষ্ঠানটা হতে দাও তারপর প্রত্যেকে মনের মধ্যে যেই ক্ষোভ আটকে রেখেছো তা উগলে দিও। তবে অনু যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তোমাদের কপালে শনি আছে বলে রাখলাম। আর অনু যদি দোষ করেই থাকে তোমরা যা করবার করো।
চলবে....