#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০৪
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ!⛔
________
দুপুর তিনটা বাজে। ধরণী জুড়ে তখন অকাল বর্ষণ স্তিমিত হয়ে এসেছে। চৈত্রে শেষের ভ্যাপসা গরমের পর বৃষ্টির আর্দ্রতায় প্রকৃতি কেমন শান্ত হয়ে গেছে। পতেঙ্গার উত্তাল সমুদ্রের নোনা বাতাস আর বৃষ্টির ভেজা সোঁদা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে পরিবেশে। দিগন্তজোড়া জলরাশির গর্জন ডুপ্লেক্স বাড়িটির কাঁচের দেয়ালে এসে যেন বারি খাচ্ছে। লোকালয় ছাড়িয়ে পতেঙ্গার উত্তর দিকে
সৈকতের একদম কাছে নিরিবিলি যায়গায় দাঁড়িয়ে আছে সেই বিলাসবহুল প্রাসাদসম ডুপ্লেক্স বাড়িটি। কালো মার্বেল আর ধূসর কাঁচের অবয়বে বৃষ্টির পানির ধারায় ভিজে বাড়িটির বহির্ভাগ এখন আরও মসৃণ আর রহস্যময় দেখাচ্ছে। ম্যানশনের ভেতরটা গাঢ় নিস্তব্ধতায় ঢাকা, শুধু সমুদ্রের একটানা গর্জন কানে ভেসে আসে। ওপরতলার বিশাল মাস্টার বেডরুমের দরজা আধখোলা। ঘরের ভেতরটা আধা-অন্ধকারে ডুবে আছে, শুধু সমুদ্রের দিককার বিশাল ব্যালকনির স্লাইডিং ডোর দিয়ে আসা আবছা আলোয় চরাচর দৃশ্যমান। পতেঙ্গার সমুদ্র তখন আরও উত্তাল হয়ে উঠেছে। বাতাসের ঝাপটা জানালার পর্দাগুলোকে সমানতালে নাড়িয়ে দিচ্ছে।
কক্ষের মাঝখানের ধূসর রাঙা একটি বিশাল বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে রিজভী। বিছানার একপাশে ঝুলন্ত একটি মিনিমালিস্ট পেন্ডেন্ট ল্যাম্প থেকে মৃদু হলুদ আলো ছড়াচ্ছে। আবছা আলোয় রিজভীর বলিষ্ঠ, ফর্সা উদাম পিঠের পেশিগুলো অতিরিক্ত আকর্শনীয় দেখাচ্ছে। কোমরের নিচ থেকে পা পর্যন্ত একটি ধূসর ব্ল্যাঙ্কেট আলগোছে টানা। বেশ আরাম করে ঘুমোচ্ছে সে।
ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটি তীব্রভাবে ভাইব্রেট করতে শুরু করল। সেই যান্ত্রিক আওয়াজে ঘরের শান্ত পরিবেশ কিছুটা বদলে দিল।
রিজভী না তাকিয়েই পাশ থেকে হাতরে ফোনটা হাতে নিয়ে দক্ষ আঙুলের ছোঁয়ায় কলটা কেটে দিল। ফোনটা আবার পাশে ছুড়ে ফেললো। সাথে সাথে আবার ফোনটা বিপ বিপ আওয়াজে ঝঙ্কার তুললো। রিজভী এবার বিরক্ত হয়ে চোখ মেলে তাকালো৷ "দাদাভাই" নামে সেভ করা নাম্বারটা দেখে ফোনটা একেবারে বন্ধ করে রেখে দিয়ে ঘুমে মগ্ন হলো। রেজাউল তালুকদারের ফোন করার কারণ রিজভীর অজানা নয়। আজ সকালেই সে তালুকদার বাড়ি ছেড়ে পতেঙ্গার নিজস্ব ম্যানশনে এসে উঠেছে। তার বিশ্রামের বড্ড প্রয়োজন ছিল, কিন্তু অনুর সাথে এক ঘরে থাকা তার পক্ষে অসম্ভব। আজ রাতে রিসেপশনের অনুষ্ঠান; রিজভী না থাকলে সেই আয়োজনের কোনো অর্থ নেই। তার ওপর অনু এখনও অবচেতন হয়ে পড়ে আছে।
রিজভী ঠিক করেছে ওই বাড়িতে আজ ফিরবে না। ছোটবেলা থেকে যারা তাকে অবহেলার তীব্র দহনে পুড়িয়েছে, তাদের সম্মান রক্ষার্থে বারবার কেন রিজভীকেই বলির পাঁঠা হতে হবে? লোকে বলে, মানুষ নাকি তার সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসে! রিজভী তো তার বাবা-মায়ের একমাত্র সন্তান, তবে তারা কেন তাকে এতটা অবহেলা আর একাকিত্বে দগ্ধ করল? তারা রিজভীকে ভাতে মারেনি ঠিকই, কিন্তু মেরেছে অযত্নে আর একাকিত্বে।
ছোটবেলায় রিজভী যখন বিড়ালছানার মতো গা ঘেঁষে মায়ের কাছে একটু আদর চাইত, তখন মার্জানা তালুকদার তাকে কাছে টেনে নেওয়া তো দূর, উল্টো রিজভীকে সরিয়ে দিতো। আর বলতো,"তুমি একটা ব্যাড বয়। আমি ব্যাড বয়দের পছন্দ করিনা, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে।" ছোট্ট রিজভী মায়ের কথার মর্মার্থ না বুঝে ফ্যালফ্যাল করে চেয়ে অবুঝ শিশুদের মতো বলতো,"বেবিরা ব্যাত বয় হয় না মাম্মা, বেবিরা নিস্পাপ হয়।" সেই নিষ্পাপ রিজভী এখন তাদের কল্পনার চেয়েও খারাপ হয়ে গেছে। শুধু অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় না। অবহেলার তীব্র পারদেও একটা মানুষ জানোয়ারের রূপ নিতে পারে!
রিজভীর মনে পড়ে না, কখনো মন খারাপের দিনে মা-বাবা তার মাথায় একটু স্নেহের হাত বুলিয়ে দিয়েছেন কি না।
অথচ সেই একই সময়ে বাড়ির অন্য শিশুরা কত আদরে বড় হয়েছে! তাদের সামান্য ‘আহ’ শব্দে বাড়ির সবাই উতলা হয়ে উঠত। অথচ রিজভীর কিছু হলে মার্জানা কিংবা আজাদ তালুকদারের মধ্যে কোনো ভাবান্তরই হতো না। আজাদ তালুকদার রিজভীর সব প্রয়োজন মিটিয়ে দিতেন, কিন্তু কখনো পাশে বসে সঙ্গ দিতেন না। তবে সবাই যে তাকে অবহেলা করত, তা নয়। দাদা এবং চাচা-চাচিরা তাকে মাথায় করে রাখতেন ঠিকই, কিন্তু বাবা-মায়ের প্রবল উদাসীনতার কাছে সেই ভালোবাসা রিজভীর কাছে খুব ফিকে মনে হতো।
রিজভীর বয়স যখন মাত্র আট বছর, আজাদ তালুকদার একদিন তাকে জানালেন তারা ইংল্যান্ডে বেড়াতে যাবেন। ছোট্ট রিজভীর জীবনে সেই দিনটা ছিলো সবচেয়ে আনন্দের আর স্বপ্নের। কিন্তু সেই আনন্দ বেশি স্হায়ী হলো না। ইংল্যান্ডে যাওয়ার দুইদিন পর ওর বাবা-মা ওকে আর ফিরিয়ে আনলো না। রেখে আসলো এক কঠোর বোর্ডিং স্কুলে। যে বয়সে একটি শিশু অন্ধকারকে ভয় পায়, একা ঘুমাতে পারে না, সেই বয়সেই রিজভীকে স্বদেশের মাটি আর চেনা আকাশ ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পরিবেশে পাড়ি জমাতে হলো। পরে বুঝতে পেরেছিল রিজভীকে বিদেশের বোর্ডিং স্কুলে রেখে আসার জন্যই তারা ইংল্যান্ডে গিয়েছিল।
কিন্তু শৈশবের এই একাকিত্ব আর মা-বাবার তার প্রতি এই হীনকাজ রিজভীর মনে তীব্র প্রভাব ফেলে। মানষিক যন্ত্রনায় ছটফটিয়ে তার দিন রাত অতিবাহিত হতে থাকে।
তখনকার সেই মানুষিক যন্ত্রনা আর একাকিত্ব থেকে প্রাণবন্ত রিজভী হয়ে ওঠে গম্ভীর রাগচটা আর বেপরোয়া স্বভাবের। ইংল্যান্ডে থাকাকালীন একমাত্র রেজাউল তালুকদার রিজভীর সঙ্গে দেখা করতে যেতেন। বলা বাহুল্য রেজাউল তালুকদার রিজভীকে যতোটা ভালোবাসতেন, ততোটা আর কেউ বাসেনি। এইজন্যই রিজভী আজও তার কথায় তালুকদার বাড়িতে যান।
আজাদ তালুকদার ইংল্যানান্ডে রিজভীর সাথে একবার দেখা করতে গিয়ে ফিরে এসেছিলেন, রিজভী দেখা করেনি তার সাথে। বাড়ির লোক ফোন দিয়ে খোজ নিতো,কিন্তু রিজভী তাতে বেশ বিরক্তবোধ হতো। বাড়ি ফেরার কথাও মুখে আনেনি কখনো। তার এই নিশ্বব্দ অভিমান নিশ্বব্দেই হৃদয়ে মিশে এক গভীর জখম তৈরি করেছে। এখন আর অভিমান হয় না ওর।
শৈশবের, কৈশোরের গণ্ডি পেরিয়ে সে যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো, তখন থেকেই তার দুচোখে ছিল এক অদম্য জেদ।
অসাধারণ মেধার জোরে সে অনায়াসেই বড় কোনো গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার গড়তে পারত; কিন্তু কোনো এক অজানা কাণে রিজভী বেছে নিল অন্য পথ। সরাসরি বিজ্ঞানের তাত্ত্বিক গবেষণায় নিমগ্ন না হয়ে, রিজভী তার অর্জিত প্রজ্ঞা ও উদ্ভাবনী জ্ঞানকে পুঁজি করে বিদেশের মাটিতেই একটি স্টার্টআপ গড়ে তোলে। তার দূরদর্শিতা আর নিরলস প্রচেষ্টায় কোম্পানিটি অভাবনীয় সাফল্যের মুখ দেখে—যা ছিল রিজভীর কল্পনাাতীত। দ্রুতই আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মেধার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এভাবেই সাফল্যের সিঁড়ি বেয়ে পার হয়ে গেল তার জীবনের বর্ণাঢ্য একত্রিশটি বছর। জীবনের এই দিনগুলো রিজভীর জন্য মোটেও সহজ ছিলো না। সবচেয়ে বড়ো উত্থান পাতান ঘটেছে রিজভীর জীবনে। পাল্টে দিয়েছে ওর জীবনের মোড়।
বিদেশে থাকলেও দেশের মাটিতে তার অনুপস্থিতিতেই তিলে তিলে গড়ে উঠেছিল এক সর্বাধুনিক ওষুধ কারখানা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি হোল্ডার হিসেবে নিজের অর্জিত দীর্ঘ শিক্ষা আর গবেষণার নির্যাসকে সে বিফলে যেতে দেয়নি। রিজভীর মনে সবসময় এক দুর্জয় জেদ কাজ করত, সে বাংলাদেশে ফিরলেও আর কখনো তালুকদার বাড়িতে নিয়ম করে থাকবে না। সেই আত্মমর্যাদাবোধ আর স্বাধীনতার তাড়না থেকেই উত্তর পতেঙ্গার এই নির্জন সৈকত ঘেঁষে সে গড়ে তুলেছে নিজের বিলাসবহুল ডুপ্লেক্স ম্যানশন। রিজভী দেশে ফিরেছে ছয় মাস পূর্ণ হলেও তার যাতায়াত মূলত দুই দেশেই; বিদেশের বিশাল বিজনেস সামলাতে তাকে মাঝেমধ্যেই সেখানে ছুটতে হয়। প্রয়োজন ছাড়া সে সচরাচর বাংলাদেশে আসে না। তবে এবার ফেরার প্রেক্ষাপট ভিন্ন, রেজাউল তালুকদারের প্রবল ইমোশনাল ব্ল্যাকমেইলের চাপে পড়ে বিয়ের জন্য এসেছিল। নিজের অতীত থেকে রিজভী বুঝে গিয়েছিল মানুষের শরীরে আঘাত করলে সে যতোটা কষ্ট অনুভব করে, মনে আঘাত করলে তার চেয়ে শতভাগ বেশি কষ্ট অনুভব করে। কিন্তু এর কোনো ব্যাখ্যা হয় না। এইজন্যই রিজভী নীলা আর আদিকে খুন করলেও অনুকে সে মানুষিক যন্ত্রনা দিয়ে দগ্ধ করবে। কারণ রিজভী যেমন মানুষ খুন করে তৃপ্তি পাই তারচেয়ে বেশি তৃপ্তি পায় কাওকে মানুষিক যন্ত্রনায় দগ্ধ করে। প্রথম থিওরিতে মানুষ একবার কষ্ট পেয়ে মুক্তি পেয়ে যায়। আর দ্বিতীয় থিওরিতে মানুষ প্রতিমূহুর্তে মৃত্যুসমান কষ্ট পাই কিন্তু মুক্তি মেলে না।
অতীতের স্মৃতিচারণ করতে করতেই রিজভীর কানে করিডোর থেকে একজোড়া বুটের জোড়ালো আওয়াজ ভেসে এলো। যা এইদিকেই এগিয়ে আসছে। রিজভী জানে কে আসছে। নাভান আসছে। এমনকি নাভান কি জন্য আসছে তাও আন্দাজ করে নিলো। নাভান ওর শুধু এসিস্টেন্ট নয়, সে রিজভীর রাইট হ্যান্ডও। ছেলেটা বেশ বিচক্ষণ। এবং একমাত্র মানুষ যাকে রিজভী মনভরে বিশ্বাস করে।
নাভান দরজার কপাটে আলতো টোকা দিয়ে বেশ নিচু স্বরে ডাকল, "ভাই... রিজভী ভাই? একটু শুনবেন?"
রিজভী কোনো উত্তর দিল না। নাভান দরজার ওপাশ থেকে কিছুটা গম্ভীর গলায় আবারও বলল, "আপনার দাদাভাই কল দিয়েছেন। আপনার ফোন বন্ধ পেয়ে উনি খুব চেঁচামেচি করছেন।"
রিজভী এবারও চুপ। নাভান ফের বললো,
—" রিসেপশনের অনুষ্ঠান শুরু হবার আগে আপনাকে তালুকদার বাড়িতে যেতে বলেছেন।
রিজভী এবার ধীর গতিতে বিছানায় উঠে বসল। এলোমেলো চুল আঙুলের ভাজে ব্যাকব্রাশ করে বিছানা থেকে পা নামিয়ে দাড়ালো। মার্বেল পাথরে পা রাখতেই সারা শরীরে এক অদ্ভুত শীতলতা ছুয়ে গেলো। বেডসাইড টেবিল থেকে পানি ঢালতে ঢালতে বললো,
—" বলে দে আমি যাবো না।
নাভান অস্থির হয়ে বললো,
—" দাদাভাই কলে আছেন। আপনি কথা বলুন।
—" তোর মুখে কি বোমা পড়েছে যে বলতে পারছিস না?
নাভানের ফোন লাউডস্পিকারে থাকায় রেজাউল তালুকদার সবটা শুনলেন। তিনি কিছুটা চেচিয়ে বললেন,
—" বিকালের মধ্যে উপস্থিত না হলে বোমা তোর ইয়ের মধ্যে মারবো।
রিজভী এগিয়ে এসে নাভানের থেকে ফোনটা হাতে নিয়ে বললো,
—" আমি যেতে পারবো না, শুনতে পাওনি?
রেজাউল তালুকদার এবার কিছুটা রাগী কন্ঠ বললো,
—" তুমি কিন্তু কথার খেলাপ করছো।
—" করলাম।
রেজাউল তালুকদার কন্ঠ কিছুটা নমনীয় করে বললো,
—" তুমি আমাকে ছুয়ে প্রতিজ্ঞা করেছিলে বিয়ের দিন থেকে বৌভাত পর্যন্ত আমার কথা মানবে। তোমার কাছে আমি মাত্র এই দুইটা দিন চেয়েছিলাম! আর তুমি...
—" তুমি জোর করে প্রমিস করিয়েছিলে। ওই প্রমিসের কোনো মূল্য নেই।
রেজাউল তালুকদার একটা দীর্ঘশ্বাস ফেলে বললো,
—" আমি মরার পর বুঝবে মূল্য ছিলো কি ছিলো না।
রিজভী দাঁতে দাঁত চেপে হিসহিসে বললো, "হোয়াট দ্য হেল...
তার কথা শেষ হওয়ার আগেই কলটা বিপ বিপ আওয়াজে কেটে গেলো।
*
তালুকদার ভিলায় আজ সাজসাজ রব। সন্ধ্যার অন্ধকার নামার আগেই পুরো বাগানটি নিওন আলোয় ঝলমল করে উঠেছে। বড়ো বড়ো আম গাছগুলোতে জড়ানো লতানো বাতিগুলো যেন নক্ষত্রের মতো জ্বলছে। নানান রকমের খাবারের সুঘ্রাণ চারপাশে ম ম করছে। বাগানের একপাশে সুবিশাল স্টেজ। খাবারের সাইডটা আলাদা। আমন্ত্রিত অতিথিদের তালিকায় চট্টগ্রামের বাঘা বাঘা ব্যবসায়ী থেকে শুরু করে বড়ো বড়ো রাজনীতিবিদদেরও উপস্থিতি আছে।
সবার মুখে একটাই প্রশ্ন—নতুন বর-বউ কোথায়? কয়েকজন লোক রেজাউল তালুকদারকে ঘিরে ধরলেন। গল্পের তালে তালে একজন বললেন, "কী তালুকদার সাহেব! নতুন বউকে তো দেখছি না? নাতবউয়ের মুখ দেখাবেন না নাকি?
রেজাউল তালুকদারের মুখে এক কৃত্রিম হাসির রেখা ফুটে উঠল। মনের ভেতরের অস্থিরতা আড়াল করে তিনি শান্ত গলায় বললেন,
— "আসলে নতুন বউয়ের শরীরটা খুব একটা ভালো নেই। একটু অসুস্থ বোধ করায় বিশ্রামে আছে। আজ যে তার সাথে দেখা করা হচ্ছে না।
একজন রসিকতা করে বললেন,
—" তাহলে নতুন বউ এর মুখ দেখা উপলক্ষে আরেকটা দাওয়াত পাচ্ছি। নাকি?
তার কথা শুনে সবাই সশব্দে হেসে উঠলো। এর মাঝে আরেকজন প্রশ্ন করলেন,
—"আর আপনার নাতি? রিজভী কে তো দেখছি না!"
প্রশ্নটা শুনে রেজাউল তালুকদার মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলেন। রিজভী যে পতেঙ্গার ডুপ্লেক্সে গিয়ে ফোন বন্ধ করে বসে আছে, সেটা তো আর জনসমক্ষে বলা যায় না। তিনি উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে যাবেন, ঠিক তখনই তার নজর আটকালো রিজভীর দিকে।
পুরো কালো ফর্মাল গেটআপে রিজভীকে এই দিকে এগিয়ে আসতে দেখে তার কপালের ভাঁজ শিথিল হয়ে এলো। কালো শার্টের ওপর কালো ব্লেজার, কবজিতে দামী ঘড়ি আর চোখে সেই চিরচেনা শীতল চাউনি। সিল্কি চুলগুলো কপালের ওপর আলতো হেলে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা চাপ দাড়ি আরো আকর্ষনীয় লাগছে। রিজভীকে দেখে রেজাউল তালুকদারের বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলেন, "যাক, অন্তত পরিবারের সম্মানটা ও রাখল!"
রিজভী ধীর পায়ে হেঁটে এসে অতিথিদের মাঝখানে দাঁড়াল। কোনো কুশলাদি বিনিময় নয়, কেবল সৌজন্যের খাতিরে মাথা নেড়ে সে তার উপস্থিতি জানান দিল।
রিসিপশনের অনুষ্ঠানে আগত অতিথিদের কারোরই নতুন বউয়ের দেখা পাওয়ার সৌভাগ্য হয়নি। সবাই শুধু এইটুকু জানে নতুন বউ অসুস্থ। তাই কৌতূহলী ও চিন্তিত হয়ে তিনজন মহিলা এসে
মার্জানা এবং রুবিলার কাছে জেদ ধরলেন তারা নতুন বউকে একনজর দেখবেন। অনু যতই অসুস্হ হোক, ঘরের বউকে না দেখে কি যাওয়া যায়?
মার্জানা তালুকদার আর রুবিলা বেগম বিপাকে পড়লেন। ঘনিষ্ঠ বান্ধবী হওয়ায় না করার কোনো পথও নেই। নানান খোশ গল্প করতে করতে তারা অন্দরে গেলো অনুকে দেখতে।
সেখানে গিয়ে তারা দেখলেন অনু বিছানায় অচেতন হয়ে শুয়ে আছে, আর তার শীর্ণ হাতে স্যালাইন চলছে। বাসর রাতের পরই নতুন বধূর এমন বেহাল অবস্থায় দেখে তারা কয়েকজন ফিসফিস করে বলতে লাগলেন,
—"আহা রে বাচ্চা মেয়েটাকে প্রথম রাতেই একদম আধমরা করে ফেলেছে।
অন্য একজন তার কথায় সায় দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন,
—"ঠিক বলেছো, মেয়েটার অবস্থা দেখে সত্যি মায়া লাগছে। যতসব কন্ট্রোললেস বেটা ছেলে!
মার্জানা আর রুবিলা তাদের কথায় কোনো উত্তর দিলো না। এমন সময় রিজভী একটা দরকারে ঘরের কাছে আসতেই ভেতরের আলাপগুলো তার কানে পৌঁছালো। সাথে সাথে পা দুটো থমকে গেল তার। পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে নিঃশব্দে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো।
—"এইযে পাড়ার কুচুটে আন্টিরা, বেড়াল হলেও মাছ দেখলে নিজেকে কন্ট্রোল করার অশেষ ক্ষমতা আছে আমার!"
পুরুষালি গম্ভীর কন্ঠ কানে যেতেই সবাই একযোগে দড়জার দিকে তাকালো। রিজভীকে দেখে তারা একটু থতমতোই খেয়ে গেলো। ইনিয়েবিনিয়ে কিছু বলে মানসম্মন খোয়ানোর চেয়ে তারা সেখান থেকে প্রস্হান করাটা শ্রেয় মনে করলো। তাদের মধ্যে সাবরিনা নামের একজন বললো,
—" আমার হাসবেন্ড একা আছে আমি গেলাম, তোমরা থাকো।
কথাটা বলেই সে রিজভীর পাশ কেটে হনহনিয়ে চলে গেলো। তার পিছুপিছু বাকিরাও একপ্রকার পালালো। মার্জানা বেড়িয়ে যাওয়ার আগে রিজভীর অনুভূতিহীন চোখের দিকে একবার তাকালো। তারপর চুপচাপ বেড়িয়ে গেলো। তারা যেতেই রিজভী ঘরের আলমারিতে কিছু খুজতে থাকলো। পেয়েও গেলো। কাল রাতে অনুর খুলে রাখা সকল সোনার গহনা রিজভী আলমারিতে তুলে রেখেছিল। কিন্তু বাড়িতে ফিরে পরিবেশ কেমন ঠান্ডা লাগায় রিজভীর মাথায় আরেকটা কুবুদ্ধি এসেছে। গয়নাগুলো একটা ব্যাগে ভরলো। গয়নাগুলো সাবেকি হওয়ায় তার প্রতিটি ডিজাইন নিখুঁত এবং ভারি অনেক। এই গয়নাগুলোর মধ্যে লুকিয়ে আছে তালুকদার বাড়ির ঐতিহ্য। পুরো গয়না মিলে প্রায় বিশ ভরি হবে। রিজভী সবগুলো গয়না ব্যাগে ভরে বেলকনিতে গেলো। এইদিকটা একদম অন্ধকার এবং নিরিবিলি। নিচে নাভান একা দাড়িয়ে আছে। রিজভী ব্যাগটা ফেলে দিতেই নাভান সেটা ক্যাচ করলো। নাভান জানে না এই ব্যাগে কি আছে। রিজভী শুধু ওকে বলেছে ব্যাগটা দূরে কোনো নর্দমায় ফেলে দিতে। রিজভী ভক্ত নাভান ওর কথামতো ব্যাগটা নিয়ে একটা নর্দমায় ফেলে দিয়ে আসলো।
*
রাত বাড়ার সাথে সাথে উৎসবের কোলাহল স্তিমিত হয়ে এল। গেটের বাইরে বিদায়ী অতিথিদের গুঞ্জন এখন ক্ষীণ। বাগানের সেই আলোকসজ্জাগুলো এখনো জ্বলছে ঠিকই, কিন্তু উৎসবের আমেজ ছাপিয়ে তালুকদার বাড়িতে এখন এক জমাটবদ্ধ গাম্ভীর্য।
আছিয়া বেগম ড্রয়িংরুমের সোফায় বসে আনমনে শাড়ির আঁচল খুঁটছিলেন। সকালের সেই তিক্ত বাক্যবিনিময় তার মনের কোণে বিষের মতো বিঁধছে। সকালবেলা অনুর বাবা-মায়ের ওপর যে ব্যবহার করেছিলেন, সেটা এখন তার নিজের কাছেই কেমন যেন অশোভন ঠেকছে। তিনি বরাবরই সোজাসাপ্টা কথা বলেন, কিন্তু আজ যেন রাগের মাথায় মাথায় জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। তারচেয়ে বড়ো কথা অনুর বাবা-মাকে কষ্ট দেওয়ায় রেজাউল তালুকদারও যে কষ্ট পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। পরোক্ষভাবে নিজের বাবাকে আছিয়া কষ্ট দিয়েও শান্তিতে নেই। সকাল থেকে তিনি রেজাউল তালুকদারকে একা পাওয়ার সুযোগ খুঁজছিলেন। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি এই অবধি।
চলবে...