ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 5

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০৫
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔
________________________

ঘড়ির কাটা টিক টিক করে এগিয়ে যাচ্ছে এগারো এর ঘরে। আছিয়া বেগম ড্রয়িংরুমের সোফায় নিঃশব্দে বসে অস্থিরতায় দুহাত কচলাচ্ছেন। মনের ভেতর এক চাপা অস্থিরতা বারবার নাড়া দিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে এসেছে, অধিকাংশ অতিথিই চলে গেছে। বাকিরা একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিশাল ড্রয়িংরুমটাতে তিনি এখন প্রায় একা। বাকিরা সবাই গার্ডেনে। শুধু সিঁড়ির সামনে দুটো ছোট শিশু নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে আছে। আছিয়া বেগম একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে দোতলার করিডোরের দিকে চোখ ফেরালেন।
অনুর বাবা-মাকে দোতলার একটি ঘরে থাকতে দেওয়া হয়েছে। সকাল থেকে তাঁরা ঘর থেকে বের হননি; এমনকি দুপুর আর রাতের খাবারটাও তাঁদের ঘরেই পাঠিয়ে দিতে হয়েছে। যদিও তাদেরকে ডাকা হয়ছে, তারাই আসেনি। শুধু রেজাউল তালুকদারের বিশেষ অনুরোধে তাঁরা এখনো এই বাড়িতে আছেন।
আসলে রেজাউল তালুকদারের দ্বিতীয় বিয়ের খবর জানার পর থেকে নিজের মাকে সবসময় যে চাপা কষ্টে দেখে এসেছে সেই স্মৃতিগুলো থেকেই সে নিজের সৎ ভাইকে সহ্য করতে পারেন না। তাই না চাইতেও মুখ ফস্কে কথাগুলো বলে ফেলেছিলেন।

এমন সময় সদর দরজা ঠেলে স্নেহা প্রায় দৌড়াতে দৌড়াতে ভেতরে প্রবেশ করল। স্নেহা এই বাড়ির ছোট কর্তা মির্জা তালুকদারের একমাত্র মেয়ে। ওর বয়স যখন মাত্র চার, তখন সড়ক দুর্ঘটনায় ও বাবা-মাকে হারায়। সেই থেকেই স্নেহা দাদা বাড়িতে সবার পরম আদরে বড় হচ্ছে। বলা বাহুল্য, গোটা তালুকদার নিবাস এর চোখের মণি ও। ঠিক যেন এক চঞ্চল হরিণী! সতেরো বছর বয়সী স্নেহা এখন একাদশ শ্রেণিতে পড়ছে।
স্নেহা দ্রুত পায়ে এসে আছিয়া বেগমের ঠিক সামনের সোফাটায় ধপাস করে বসে পড়ল। আছিয়া বেগম ওর কাণ্ড দেখেও কিছু বললেন না; এই মেয়ে সবসময় এমনই চঞ্চল, ওর জন্য এটাই স্বাভাবিক। স্নেহা একটি প্লাস্টিকের কৃত্রিম লিলি ফুল নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেওয়ার ভঙ্গি করছিল, যেন ওটা মিষ্টি সুবাস বেরোচ্ছে। অবশ্য ফুলটাতে আসল লিলি ফুলের কৃত্রিম সুগন্ধি প্রয়োগ করা আছে। তবে এক পলক দেখে চট করে বোঝার উপায় নেই যে ফুলটি আসলে প্লাস্টিকের।
আছিয়া বেগম স্নেহার হাতে ফুল দেখতে পেয়ে ভ্রু কুচকে প্রশ্ন করলেন,

—" তোর হাতে ফুল কেন?

—" সমস্যা নেই ফুফি, এটা প্লাস্টিকের!

আছিয়া বেগম স্বস্তির নিশ্বাস ফেললেন। এরপর তারা দুজন টুকটাক গল্প করতে থাকলো।
মিনিট পাঁচেক পর সদর দরজা দিয়ে নিখিল ভেতরে ঢুকল। তৌফিক তালুকদারের বড় ছেলে নিখিল পেশায় ভার্সিটির লেকচারার। ঊনত্রিশ বছরের এই সুদর্শন যুবককে প্রথম দেখাই যে কেউ পছন্দ করে ফেলবে। নিখিলকে দেখেই আছিয়া বেগম ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন,

— "তোর দাদাভাই কোথায় রে?"

নিখিল একবার আড়চোখে ফুফুর দিকে তাকিয়ে উত্তর দিল,
— "বিদায়ী গেস্টদের সাথে গল্প করছে দেখে আসলা।... তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছ মনে হচ্ছে?"

আছিয়া বেগম লুকোচুরি না করেই জবাব দিলেন,

— "সকালে রাগের মাথায় অনুর বাবা-মাকে চারটে কথা শুনিয়ে দিয়েছিলাম। এখন খুব গিল্টি ফিল হচ্ছে। ওদের নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ওদের মনে কষ্ট দেওয়ায় বাবা বোধহয় খুব কষ্ট পেয়েছেন। সকাল থেকে বাবা আমার সাথে একটা কথাও বলেননি। ওনার সাথে কথা না বলা পর্যন্ত আমার মনে শান্তি নেই।"

নিখিল মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। ওর ফুফু মানুষটাই এমন; রাগের মাথায় কাউকে যা-তা বলে ফেলেন, আর পরে সেটা নিয়ে নিজেই টেনশন করতে থাকে, কেন বললেন। নিখিল গ্লাসের পানিটুকু এক চুমুকে শেষ করে টেবিলে রাখল। এরপর ব্লেজারটা খুলে আলগোছে স্নেহার মাথার ওপর ছুড়ে দিল। স্নেহা চমকে উঠে হাত দিয়ে ওটা সরিয়ে দিয়ে নাক কুঁচকে বলল,

— "ইউ! আপনার ব্লেজারে কি উৎকট ঘামের গন্ধ! দূরে যান তো।"

নিখিল ওর কথায় কান না দিয়ে সোফার হাতলে হেলান দিয়ে বসল। ফোন স্ক্রল করতে করতে স্নেহাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল,

— "শুনলাম তোর নাকি বিয়ের সম্বন্ধ এসেছে? চেয়ারম্যানের ছেলে তো তোকে দেখে ভিরমি খেয়েছে।

স্নেহা নিজের চুলে হাত বুলিয়ে কিছুটা ভাব দেখিয়ে বলল,
— "চেহারা সুন্দর হলে কত জ্বালা! বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব, কত কী যে সহ্য করতে হয়!"

নিখিল ওর দিকে এক পলক তাকিয়ে ভেঙচি কাটলো, তারপর বলল,
— "এই পাঠির মতো চেহারা নিয়ে এত অহংকার? আমার মতো একটু সুন্দর হলে তো মনে হয় মাটিতে পা-ই পড়ত না তোর।"

স্নেহা ফুঁসে উঠল। তর্জনী উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল,
— "একদম আমাকে পাঠি বলবেন না নিখিল ভাই! খুব খারাপ হয়ে যাবে কিন্তু।"

— "কী খারাপ করবি শুনি? পাটকাঠির মতো বডি নিয়ে আসছে শাসাতে! একটা ফুঁ দিলেই তো উড়ে যাবি।"

আছিয়া বেগম চুপচাপ ওদের বাকবিতণ্ডা দেখছিলেন। তিনি এতগুলো কথা বললেন অথচ নিখিল যেন সেসবে পাত্তাই দিল না। ছেলেটার রন্ধ্রে রন্ধ্রে এটিটিউড। সবসময় মুখটাকে বংলা পাঁচের মতো করে রাখে। অথচ এই গম্ভীর স্বভাবের ছেলেটাই স্নেহার সামনে এলে কেমন জানি হয়ে যায়। দুজনের সম্পর্ক অনেকটা আদায়-কাঁচকলায়; সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করার ছুতো খোঁজে দুটোতে। তিনি এবার ওদের থামিয়ে দিয়ে বললেন,
— "চুপ করবি তোরা? দিনরাত ঝিঁঝিঁ পোকার মতো ক্যাচরক্যাচর করিস কেন! ঘরে গিয়ে ফ্রেশ হ গে যা।"

ফুফুর ধমক শুনে স্নেহা ফুঁসতে ফুঁসতে বলল,
— "নিখিল ভাই-ই তো আগে শুরু করল! আমাকে দেখতে কোন দিক দিয়ে পাঠির মতো লাগে শুনি?"

আছিয়া বেগম ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। স্নেহার সৌন্দর্য একদম তেজস্বী সূর্যের মতোই প্রখর। দুধে-আলতা গায়ের রঙ, পানপাতার মতো মায়াবী মুখশ্রীতে কোনো খুঁত নেই। তিনি দুটোকে থামানোর জন্য কথা না বাড়িয়ে বললেন,
— "আমার মাথাটা ধরেছে। কিচেনে ফ্লাস্কে চা আছে, একটু নিয়ে আয় তো মা।"

স্নেহা গজগজ করতে করতে উঠে দাঁড়াল, যাওয়ার আগে আড়চোখে নিখিলের দিকে তাকাল। রাগের চোটে ওর খাড়া নাকের পাটা ফুলে ফুলে উঠছে। চুলগুলো ছেড়ে রাখা। স্নেহার চুলগুলো পুরোপুরি কালো নয়। একটু বাদামি রঙের। পারপেল রঙের ভারি কাজ করা গাউনটায় ওকে আরো স্নিগ্ধ লাগছে। নিখিল ফোন টিপতে টিপতেই আড়চোখে সেটা দেখল। দুজনের দৃষ্টি বিনিময় হতেই নিখিল দ্রুত নজর সরিয়ে নিল। স্নেহা অল্পতেই রেগে যায়, আর ওকে রাগিয়ে যে এক ধরণের অদ্ভুত আনন্দ পায় নিখিল। স্নেহা ধপধপ করে পা ফেলে রান্নাঘরের দিকে চলে গেল। নিখিল নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে হঠাৎ খেয়াল করল স্নেহার হাতে লিলি ফুল। ও উচ্চস্বরে প্রশ্ন করল,
— "তোর না পরাগ রেণুতে অ্যালার্জি? তাহলে হাতে ফুল কেন?"

স্নেহা পেছন না ফিরেই উত্তর দিল,
— "অন্ধ নাকি? এটা প্লাস্টিকের ফুল!"

মুহূর্তেই নিখিলের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। স্নেহার কথাগুলো কেন যেন তার কাছে বিশ্বাসযোগ্য ঠেকল না। সত্য-মিথ্যা যাচাই করতে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। স্নেহা ততক্ষণে কিচেনে ঢুকে পড়েছে। নিখিল ভেতরে পা রাখতেই দেখল, কিচেন কাউন্টারের ওপর ফুলটা অবহেলায় পড়ে আছে। স্নেহা ব্যস্ত হাতে ফ্লাস্ক থেকে কাপে চা ঢালছে। নিখিলের উপস্থিতি টের পেয়েও সে না দেখার ভান করে নিঃশব্দে নিজের কাজ করে যেতে লাগল।

নিখিল ফুলটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে নির্লিপ্ত গলায় বলল,
— "আমার জন্য এক কাপ কফি বানা,ফাস্ট।"

স্নেহা কাপে চা ঢালা শেষ করে নিখিলের দিকে তাকালো। চোখমুখ কঠিন করে বলল,
— "পারব না। বাড়িতে কাজের লোক আছে, তাদের গিয়ে বলুন।"

নিখিল এবার ফুলের দিক থেকে নজর সরিয়ে সরাসরি স্নেহার চোখের দিকে তাকালো। তার চিবুক শক্ত হয়ে এল, গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল,
— "এত সাহস কোথায় পাচ্ছিস?"

— "স্নায়ুতন্ত্র থেকে!".. স্নেহা চটজলদি উত্তর দিলো।

নিখিল গম্ভীর কন্ঠে বলল,
— "তোর স্নায়ুতন্ত্র দিয়ে আজ ডিনার করব আমি, দাঁড়া। সবার আশকারায় দিন দিন বেয়াদব হয়ে উঠছিস। বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না।

নিখিলের কণ্ঠস্বর বেশ গম্ভীর। ও স্নেহাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে সে পুনরায় আদেশ দিল,
— "দাঁড়িয়ে না থেকে কফি বানা।"

স্নেহা এবার কিছুটা দমে গেল। মেঝেতে নখ খুঁটতে খুঁটতে মিনমিন করে বলল,
— "চা-টা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফুফুকে এটা দিয়ে এসেই আপনাকে কফি বানিয়ে দিচ্ছি।"

নিখিল জানে, একবার কিচেন থেকে বেরোতে পারলে স্নেহাকে আর ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যাবে না। সে কাঠকাঠ গলায় বলল,
— "কফি না বানিয়ে এক পা-ও যদি বাইরে বাড়িয়েছিস, তবে ঠ্যাং কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখব।"

অগত্যা কোনো পথ না পেয়ে স্নেহা চায়ের কাপটা পাশে রেখে কফি বানাতে উদ্যত হলো। সসপ্যানে দুধ দিয়ে চুলায় বসিয়ে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। নিখিল তার কাণ্ড দেখে অবাক হয়ে প্রশ্ন করল,
— "চুলা না জ্বালিয়েই কি নতুন কোনো পদ্ধতিতে রান্না আবিষ্কার করবি?"

স্নেহা কাঁচুমাচু হয়ে এক গাল হেসে বলল,
— "আসলে... আমি গ্যাস অন করতে পারি না।"

— "সত্যি বলছিস?"— নিখিলের কণ্ঠে অবিশ্বাস।

স্নেহা মাথা নেড়ে সায় দিল। যার অর্থ সে পারে না। নিখিল ভ্রু কুঁচকে শুধালো,
— "তাহলে এতদিন কফি বানালি কীভাবে?"

ধরা পড়ে যাওয়ার ভয়ে স্নেহা কিছুটা পিছিয়ে গেল। তার চোখ জোড়া এখন মরিয়া হয়ে পালানোর পথ খুঁজছে। তোতোলা স্বরে বলল,
— "বাড়িতে তো কত মানুষ আছে। ওদের কাউকে বলতাম গ্যাস জ্বালিয়ে দিতে, তারপর আমি বাকিটা করতাম।

নিখিল ধীর পায়ে স্নেহার দিকে এগিয়ে এল। তার চোখেমুখে ভাব বোঝা গেলো না। ও শান্ত কন্ঠে প্রশ্ন করলো,

— "যে মেয়ে গ্যাস জ্বালাতে জানে না, সে এত চমৎকার কফি বানায় কীভাবে, শুনি?"

স্নেহার অবস্থা এখন 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি'। নিখিলের তীক্ষ্ণ বুদ্ধির কাছে যে সে ধোপে টিকবে না, তা আগে থেকেই জানত। সুযোগ বুঝে হাতের কাছে রাখা চায়ের কাপটা তুলে নিয়ে সে নিখিলের পাশ কাটিয়ে দৌড় দিতে চাইল। কিন্তু নিখিল বাজপাখির মতো ছোঁ মেরে ওর কবজি চেপে ধরল। গম্ভীর স্বরে বলল,
— "সত্যি করে বল, কফি কে বানিয়ে দিত?"

— "বললাম তো, আমিই বানাতাম!"

বারবার মিথ্যা বলায় নিখিলের ধৈর্যচ্যুতি ঘটল। সে মিথ্যা বলা একদম সহ্য করতে পারে না, আর এই মেয়েটি প্রতি পদে পদে তাকে বিভ্রান্ত করছে। নিখিল ধমকের সুরে বলল,

— "একদম সত্যি করে বলবি!"

স্নেহা ভয়ে চোখ খিঁচে বন্ধ করে ফেলল। একটু কেপে উঠলো মৃদু। নিখিলের সঙ্গে সে যেমন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, তেমনই মনে মনে তাকে যমের মতো ভয় পায়। তবে তার লুকায়িত অপরাধ যে আজ ধরা পড়ে গেলো। ও আমতা আমতা করে অবশেষে স্বীকার করল,

— "বু... বুয়া বানিয়ে দিত।"

উত্তর শুনে নিখিলের চোয়াল ঝুলে পড়ার অবস্থা। মেয়েটাতো আচ্ছা ধড়িবাজি হয়েছে। নিখিল হাতের বাঁধন কিছুটা শক্ত করে বলল,
— "আজ তোকে কফি বানানোর ক্লাস হাতে-কলমে শিক্ষা না দিয়ে ছাড়ছি না।"

স্নেহা সরু চোখে তাকিয়ে প্রশ্ন করল,
— "তো এভাবে হাত ধরে রেখেই শেখাবেন নাকি?"

নিখিল হাত ছাড়ল না। বরং একপ্রকার টেনে তাকে চুলার কাছে নিয়ে এল। স্নেহার হাত নিজের মুঠোয় নিয়ে সে শিখিয়ে দিল কীভাবে গ্যাস অন করতে হয়। স্নেহা শিখল কি না জানা নেই, তবে নিখিল হাত ছাড়তেই সে হাঁফ ছেড়ে বাঁচল। মনে মনে গালমন্দ করতে লাগল, লোকটার মনে দয়ামায়া বলতে কিচ্ছু নেই, আস্ত একটা খবিশ! ফর্সা কবজিতে কালশিটে দাগ পড়ে গেছে প্রায়।
নিখিল তখন দক্ষ শেফের মতো হাত নাড়িয়ে বোঝাচ্ছে এরপর কী কী করতে হবে। কিন্তু স্নেহার মনোযোগ সেখানে নেই। এর মাঝেই নিখিল হুট করে প্রশ্ন করল,
—"ফুলটা কে দিয়েছে?"

—"মেহরাব দিয়েছে।"— স্নেহা অন্যমনস্কভাবে জবাব দিল।

—"দিল আর তুই অমনি নিয়ে নিলি?"

স্নেহা এবার চোখ তুলে তাকাল। কোনো ভণিতা না করেই বলল,
—"নেব না কেন? ওটা তো বিশেষভাবে আর্টিস্ট দিয়ে আমার জন্য বানিয়ে এনেছে। আমার পরাগ রেণুতে অ্যালার্জি আছে তো তাই ও এমন কৃত্রিম ফুল এনেছে।"

এতক্ষণে নিখিলের মেজাজটা বাজেভাবে বিগড়ে গেলো। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে প্রশ্ন করল,
—"এত স্পেশাল ফুল তোকেই কেন দিল? কিছু বলেছে সে?"

—" হ্যাঁ!

—" কি বলেছে?

—" আই লাভ ইউ বলেছে।

—" শুনতে পাইনি, কি বলেছে আবার বল।

স্নেহা এবার কিছুটা চেচিয়ে বললো,

—" আই লাভ ইউ বলেছে।

—" তুই কি বলেছিস?

—" না বলেছি।

—" তাহলে ফুল নিয়েছিস কেন?

—" ফুলটা সুন্দর ছিলো তাই।

স্নেহার উত্তর শুনে নিখিল ভেতরে ভেতরে ফুঁসতে লাগল। সে জানে স্নেহা কতটা কাণ্ডজ্ঞানহীন; কার সামনে কী বলতে হয় সেই বোধটুকুও ওর নেই। এইযে এখন ও নিখিলের সামনে সব গরগর করে বলে দিলো। নিখিলের চোখেমুখে রাগের আভা দেখেও সে নির্লিপ্ত। নিখিল ডান হাত বাড়িয়ে পাশে রাখা বড় খুন্তিটা হাতে নিতেই স্নেহা চমকে উঠলো।শুকনো ঢোক গিলে প্রশ্ন করলো,

— "খুন্তি দিয়ে কী করবেন নিখিল ভাই?"

— "একজনের ডানা গজিয়েছে বড্ড, সেই ডানাটা আজ ভাঙব।"

স্নেহার আর বুঝতে বাকি রইল না যে নিখিল এখন ঠিক কি করবে। চায়ের কাপটা কোনোমতে আঁকড়ে ধরে সে রান্নাঘর থেকে দিল এক দৌড়! পেছনে খুন্তি উঁচিয়ে নিখিলও তাকে তাড়া করল।

স্নেহা দৌড়াচ্ছে আর চেচিয়ে চেচিয়ে বলছে,

—" পরের বার নেবো না। আজকের মতো ছেড়ে দিন।

কিন্ত কে শোনে কার কথা। নিখিল গতি বাড়িয়ে ওর পিঠ বরাবর দু’ঘা বসিয়ে দিলো। বেশ জোরেই মেরেছে। তীব্র ব্যাথায় কুঁকড়ে গেলেও স্নেহা দৌড় থামালো না। যমদূত ধরতে পারলে আজ স্নেহাকে নক্ষত্রপুঞ্জ দেখিয়ে ছাড়বে।
ঠিক সেই মুহূর্তে ড্রয়িংরুমে উপস্থিত হলেন মার্জানা আর রুবিলা। পেছনে আজাদ তালুকদার, তৌফিক তালুকদার আর রেজাউল তালুকদার।
তাদের পাশে রিজভী দাড়িয়ে; ওকে ঘিরে কোনো একটা আলাপ চলছিল। স্নেহা আর নিখিলের কান্ড দেখে মার্জানা তালুকদার বিরক্ত হয়ে বললে,
—" মেয়েটাকে এভাবে তাড়া করছিস কেন।

সবাই একযোগে তাদের দিকে ফিরে তাকাল। বাড়ির বড়দের এভাবে একসঙ্গে দেখে স্নেহা কিছুটা স্বস্তি পেল। সে দৌড়ে মার্জানার কাছে গিয়ে লুকাতে চাইল, কিন্তু কার্পেটে পা আটকে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরে পড়ে যেতে নিলে সোফা ধরে নিজেকে সামলে নিল। আর তাতেই ঘটল বিপত্তি। স্নেহার হাতে তখন চায়ের কাপ; ভারসাম্য রাখতে না পারায় কাপের গরম চা ছিটকে গিয়ে সরাসরি পড়ল সামনে দাঁড়িয়ে থাকা রিজভীর গায়ের ওপর।
মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িংরুমে এক থমথমে নিস্তব্ধতা নেমে এল। স্নেহা ভয়ার্ত চোখে রিজভীর দিকে তাকাল; আতঙ্কে ওর বুকের ভেতরটা দ্রীম দ্রীম আওয়াজ করছে। নিখিল ততক্ষণে সামনের পরিবেশ দেখে থমকে দাঁড়িয়েছে। রুবিলা তালুকদার স্নেহাকে ওভাবে তাড়া করতে দেখে নিখিলকে চারটে কথা শোনাতে যাচ্ছিলেন, কিন্তু সামনের কাণ্ড দেখে তিনিও নির্বাক হয়ে গেলেন। মেয়েটার কপালে আজ শনি আছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
রিজভী স্তব্ধ হয়ে নিজের পোশাকের দিকে তাকিয়ে আছে। গরম চা পড়ে শরীরটা চটচটে হয়ে গেছে। সে অত্যন্ত পরিপাটি আর খুঁতখুঁতে স্বভাবের মানুষ, এই অগোছালো হট্টগোল তার ভীষণ অপছন্দের। রাগে ওর চোয়াল শক্ত হয়ে এল। কপাল কুঁচকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে স্নেহার দিকে তাকাল। স্নেহা আগে থেকেই ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলে। সে কম্পিত কণ্ঠে বলল,

—" সরি! আমি আসলে ইচ্ছে করে করিনি...

নিখিল শুষ্ক ঢোক গিলে একবার স্নেহার দিকে তাকাচ্ছে, তো পরক্ষণেই রিজভীর দিকে। তার চোখদুটো যেন নিঃশব্দে মিনতি করছে—'ভাই, কিছু বলিস না'। নিখিল রিজভীর দুই বছরের ছোট এবং শৈশবের একমাত্র খেলার সঙ্গী। সবাইকে অবাক করে দিয়ে রিজভী কোনো কথা না বলে গটগটিয়ে সিঁড়ির দিকে পা বাড়াল। তবে তার এই অকল্পনীয় নীরবতা স্নেহার মনে দ্বিগুণ ভয়ের সঞ্চার করল।
রিজভীকে ওভাবে চলে যেতে দেখে উপস্থিত সবার বুক থেকে যেন এক বিশাল পাথর সরে গেল। রুবিলা ব্যস্ত পায়ে এগিয়ে এসে স্নেহাকে সোফায় বসালেন। অস্থির হয়ে প্রশ্ন করলেন,
—"কোথাও চোট লাগেনি তো?"

স্নেহা মাথা নেড়ে 'না' জানাল, তবে ওর হাতের পাতাগুলো তখনও মৃদু কাঁপছে। ওদিকে নিখিল তখনও হাতের খুন্তিটা শক্ত করে ধরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। স্নেহা ভয়ে মাথা নিচু করে বসে রইল।
রেজাউল তালুকদার একবার দোতালার করিডোরের দিকে তাকালো। রিজভী চলে গেছে৷ তিনি চিন্তিত মুখে সোফায় গা এলিয়ে বসে পড়লেন। ছেলেটা কোনোভাবেই এই বাড়িতে থাকতে রাজি হচ্ছে না।

*

রিজভী নিজের কক্ষে প্রবেশ করতেই প্রথমে নজর গেল বিছানায় শুয়ে থাকা অনুর দিকে। পুরো রুম জুড়ে ড্রিম লাইটের আবছা নীলচে আলোই মেয়েটাকে পরখ করে নিলো। নিস্তব্ধতায় মোড়া ঘরটাতে কেবল এসি আর স্যালাইনের নল দিয়ে ফোঁটা ফোঁটা তরল পড়ার মৃদু একটা 'টিক টিক' শব্দ হচ্ছে। ডাক্তার বলেছিলেন দশ-বারো ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরবে। সেখানে সতেরো ঘণ্টা পেরিয়ে গেছে, অথচ জ্ঞান ফেরার কোনো নাম গন্ধ নেই। শেষ স্যালাইনটাও প্রায় শেষের পথে। বিকালের দিকে ডক্টর এসে আবার দেখে গেছে অনুকে। বলেছে চিন্তার কিছু নেই।
অনুর এই অবস্থা দেখে যে কারোর মায়া লাগবে কিন্তু রিজভীর মধ্যে কোনো হেলদোল নেই। ও আলমারি থেকে পরিষ্কার কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াল। শার্টের বোতাম গুলো আলগা করতেই দৃশ্যমান হলো বুকের বাঁ পাশের লালচে দাগ। গরম চা চামড়ায় বেশ খানিকটা জ্বালা ধরিয়েছে। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে তার মনে প্রশ্ন জাগলো, কারো একবারও মনে হলো না যে গরম চা তার গায়ে পড়েছে। তার তো বার্ণ হতে পারে? অথচ নিচে স্নেহার সামান্য হোঁচট খাওয়া নিয়ে সবাই কতটা উতলা ছিল! কেউ কোনোদিন ওকে গুরুত্ব দিয়ে ভাবল না কেন? বিড়বিড় করে কথাটা বলে পরক্ষণে নিজের চিন্তায় নিজের ওপরই বিরক্ত হলো। আসলে ছোটোবেলার ট্রমাগুলো থেকেই রিজভীর চিন্তাভাবনা অনেক সেনসিটিভ হয়ে গেছে।

ঠিক তখনই কক্ষের দরজায় খটখট শব্দ হলো। রিজভী আধাখোলা শার্টের বোতাম লাগাতে লাগাতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। দরজার সামনে দাড়াতেই দেখল সামনে নিখিল দাঁড়িয়ে। নিখিলের হাতে একটি অ্যান্টিসেপটিক বার্ন ক্রিম আর তুলোর প্যাকেট। সে ভেতরে আসার অনুমতি না চেয়ে কিছুটা ইতস্তত করে দরজার সামনেই দাঁড়িয়ে রইল। রিজভীর গম্ভীর মুখ দেখে নিখিল শান্ত স্বরে বলল,
— "এটা ধরো। বার্ন ক্রিম। তোমার বুকের বাঁ পাশটায় চা পড়েছিল; এটা লাগিয়ে নাও ঠিক হয়ে যাবে।"

রিজভী স্তব্ধ হয়ে নিখিলের দিকে তাকিয়ে রইল। একটু আগে ওয়াশরুমে দাঁড়িয়ে ও ভাবছিল কেউ ওকে নিয়ে ভাবে না, অথচ নিখিল ঠিকই খেয়াল করেছে। তবে রিজভীর ভেতরের সেই শক্ত দেয়ালটা একটুও শিথিল হলো না; দীর্ঘদিনের অবিচারে ওটা এখন পাথরে পরিণত হয়েছে, যেখানে আবেগ-অনুভূতির প্রবেশাধিকার নেই। সে চোখেমুখে বরাবরের মতো নিস্পৃহ ভাব ধরে রেখে ছোট করে বলল,
— "লাগবে না।"

নিখিল এবার খানিকটা জেদ দেখিয়ে বলল,
— "আলবাত লাগবে! তুমি নিতে না চাইলে আমিই লাগিয়ে দিচ্ছি, আসো।"

রিজভী জানে, এই ছেলেকে সহজে সরানো যাবে না। আবার এই মুহূর্তে কড়া কথা শোনাতেও ইচ্ছে হলো না। অগত্যা সে হাত বাড়িয়ে নিখিলের কাছ থেকে ক্রিমটা নিল। নিখিল চাচ্ছিল রিজভীর সাথে কিছুক্ষণ কথা বলতে; ছেলেটা সবসময় এমন শক্ত খোলসের মধ্যে বন্দি করে রাখে যে তার সাথে সহজে মেশা যায় না। শৈশবের সঙ্গী হিসেবে নিখিল খুব করে চায় রিজভী ওর সাথে সহজ হোক। নিখিলকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিজভী ভ্রু কুঁচকে প্রশ্ন করল,

— "কিছু বলবি?"

নিখিলের চোখ দুটো এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। বলার মতো অনেক কিছু থাকলেও শেষ পর্যন্ত তা আর মুখ ফুটে বের হলো না। জড়তা কাটিয়ে উঠতে না পেরে সে কেবল মাথা নেড়ে 'না' বোঝাল। তবে একদৃষ্টে তাকিয়ে থাকলো রিজভীর গাঢ় নীল চোখের দিকে। ঘন পাপড়ির ছায়ায় ঘেরা সেই নীল চোখের দৃষ্টি যেন কোনো উত্তাল জলরাশীর অভেদ্য রহস্য।
রিজভীও আর কথা বাড়াল না। নিখিল চলে যাওয়ার পর ও ক্রিমের টিউবটা সেন্টার টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হওয়ার জন্য।

দোতালায় পাঁচটা কক্ষ। রিজভীর ঘরটা একেবারে কর্ণারে এবং সবচেয়ে বড়ো, এরপর নিখিলের ঘর, তারপর গেস্ট রুম। গেস্ট রুমের পরেই স্নেহার ঘর। আর বাকিরা নিচে থাকে।
নিখিল নিজের রুমে প্রবেশ করতে গিয়ে লক্ষ করলো রেজাউল তালুকদার হনহনিয়ে এদিকে আসছেন। তাঁর হাতে একটা বড় তালা-চাবি। মাঝপথে নিখিলকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। নিখিল কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
— "এত রাতে ওদিকে কোথায় যাচ্ছ দাদাভাই? হাতে তালা কেন?"
রেজাউল তালুকদার বিগলিত হেসে জবাব দিলেন,
— "কাজ আছে রে বাপ, তুই যা তো। নিজের চরকায় তেল দে।"

নিখিল আর কথা বাড়াল না, তবে তার মনে খটকা রয়েই গেল। সে ঘরে ঢুকে যাওয়ার পর রেজাউল তালুকদার সন্তর্পণে রিজভীর ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরজাটা আধখোলা। উনি ফাঁকা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখলেন অনুর হাতের স্যালাইনটা প্রায় শেষ, দু-এক ফোঁটা বাকি আছে মাত্র। নার্সটাও কিছুক্ষণ আগেই তার অসুস্থ মেয়ের খবর পেয়ে ছুটি নিয়ে চলে গেছে। সারাটাদিন মধ্যবয়ষ্ক নার্সটিই অনুর দেখভাল করেছে।
রেজাউল তালুকদার দোনোমনো করে ভেতরে ঢুকলেন। ওয়াশরুমে পানির শব্দ পেয়ে বুঝলেন রিজভী শাওয়ার নিচ্ছে। তিনি দ্রুত হাতে অনুর হাতের ক্যানুলা থেকে স্যালাইনের নলটা সাবধানে খুলে দিলেন। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন। তার কপালে হাত দিয়ে একবার তাপমাত্রা দেখে নিয়ে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন।
রিজভী একটু পরেই বেরোবে আর বেরোলেই সোজা পতেঙ্গার বাংলোয় চলে যাবে। এ খবর রেজাউল তালুকদারের অজানা নয়। বিকাল থেকে এই নিয়ে তিনি রিজভী সাথে বাকবিতন্ডা করেছেন। কিন্ত রিজভীকে এই বাড়িতে থাকার জন্য রাজি করাতে পারেনি। এখন সুযোগ বুঝে ঘরে তালাবদ্ধ করে দিলো। যেমন নাতি তেমন তার দাদা। এখন কেন জানি তার স্নেহাকে গিয়ে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। এইসব হলো ওর জন্য। এরপর তিনি চাবিটা পকেটে পুরে তৃপ্তির হাসি হেসে হাটা ধরলেন। নিখিল ওর ঘরের দড়জার সামনে হেলান দিয়ে দাড়িয়ে ছিলো। দাদা ভাইয়ের এমন কাজ দেখে সে বহু কষ্টে হাসি চেপে রেখেছে। রেজাউল তালুকদার ওর সামনে আসতেই নিখিল বাকা হেসে বললো,
—" দেখে ফেলেছি।
রেজাউল তালুকদার থমকে দাড়ালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে জবাবে দিলেন,

—" সাহস থাকলর যা বল গিয়ে।

কথাটা বলেই উনি চলে গেলেন।

*

মিনিট পনেরো পর রিজভী ওয়াশরুম থেকে বের হলো। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনে একটি ধূসর রঙের শার্ট আর কালো প্যান্ট, যা তার সুঠাম দেহে নিখুঁতভাবে মানিয়ে গেছে। শরীর থেকে কড়া পারফিউমের ঘ্রাণ আসছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত চুলগুলো সেট করে নিল। ঘড়িতে সময় দেখল, রাত অনেক হয়েছে, এখন বেরোলে মাঝরাতের আগে পতেঙ্গা পৌঁছানো যাবে।
ও দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু হ্যান্ডেল ধরে টান দিতেই তার কপালে ভাঁজ পড়ল। দরজা খুলছে না। সে কয়েকবার হ্যাঁচকা টান দিল, কিন্তু দরজা এক চুলও নড়ল না। রিজভী এবার বুঝতে পারল বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। তার চোয়াল শক্ত হয়ে এল।

— "নিখিল! এই নিখিল! দরজা খোল!" রিজভী চিৎকার করে ডাকল।

কয়েকবার ধাক্কা দিয়েও কোনো লাভ হলো না। হঠাৎ তার মনে পড়ল, ঘরটা পুরোপুরি সাউন্ডপ্রুফ। ভেতর থেকে গলা ফাটিয়ে চিৎকার করলেও বাইরে একটক শব্দও পৌঁছাবে না। আর দরজাটা এতই মজবুত যে হাত দিয়ে ভেঙে ফেলা অসম্ভব।
রাগে রিজভী দরজায় লাথি মারল। সে নিশ্চিত এটা তার দাদারই কাজ। সে কিছুক্ষণ কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, মাথার ভেতরটা রাগে দপদপ করছে। পকেট থেকে ফোন বের করে রেজাউল তালুকদারকে ফোন দিলেন বার কয়েকবার। কিন্তু তিনি ফোন ধরলেন না। নিখিলকে কল দিলে সেও রিসিভ করলো না। নাভানকে রিজভী দূরে একটা কাজে পাঠিয়েছে।
অবশেষে হাল ছেড়ে দিয়ে সে রুমের মাঝখানে এসে দাঁড়াল। ড্রিম লাইটের হলদে আলোয় অনুর ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। স্যালাইন খোলা হয়েছে, মেয়েটা এখন আগের চেয়েও শান্তিতে ঘুমাচ্ছে। রিজভী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের হাতা গুটিয়ে নিল। সে কোথায় ঘুমাবে? এই মেয়ের সাথে একই বিছানায় ঘুমানোর জন্য অসম্ভব। কিন্তু রিজভীর ঘরে রিজভী কেন শোয়ার কষ্ট করবে? কষ্ট করলে এই মেয়ে করবে। যেই ভাবা সেই কাজ। ও অনুকে পাজা কোলে তুলে নিয়ে কাউচে শুইয়ে দিলো। অনুর মধ্যে কোনো নড়াচড়া নেই। রিজভী অনুকে কাউচে শুইয়ে দিয়ে নিজে বিছানায় গিয়ে আরাম করে শুলো। ও শুধু সকাল হওয়ার অপেক্ষায়। তারপর সবাইকে দেখে নেবে। রিজভী মনে মনে গজগজ করে উঠল
—" কাল সকাল হোক, তারপর দেখে নেব এই দড়জা বাইরে থেকে লক করার মজা!"

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন