#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০৭
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ⛔
___________
অনু দরজার সাথে পিঠ ঠেস দিয়ে বসে আছে। তার দুচোখ বেয়ে অবিরাম ঝরছে নোনা জল। শব্দহীন তার কান্না। কান্নার তোড়ে টানা টানা চোখের ঘন, দীর্ঘ পাপড়িগুলো ভিজে সিক্ত হয়ে উঠেছে। রক্তিম বর্ণ ধারণ করেছে তার দীর্ঘ আঁখিজুগল।
লম্বা বিনুনির ফাঁক গলে কিছু অবাধ্য বেবি হেয়ার ওর মুখের ওপর এসে পড়েছে। শ্যামরাঙা মুখশ্রিতে যেন অকাল বর্ষার বানভাসি হয়েছে। অনুর ধাড়ালো দৃষ্টি স্থির হয়ে আছে ঠিক রিজভীর চোখের ওপর। সেই চাউনিতে কান্নার সাথে সাথে ঝরছে একপশলা ঘৃণার লাভা।
রিজভী পকেটে হাত গুঁজে নিস্পৃহভাবে দাঁড়িয়ে আছে অনুর সামনে। তার দৃষ্টিতে কোনো অনুভূতির ছিটেফোঁটা নেই। নির্দয় মানব কেবল ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে অনুর মুখপানে। কিছুক্ষণ আগে অনুর আঘাতে রিজভীর মাথায় রক্ত চড়ে গিয়েছিল; এমনকি সে অনুকে আঘাত করার কথাও ভেবেছিল। কিন্তু হঠাৎ কী যে হলো, রিজভী শান্ত হয়ে সামনে থেকে সরে গিয়ে কাউচে পা তুলে বসল।
অনু তখনও ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে, স্রষ্টা যেন পৃথিবীর সমস্ত ঘৃণা জড়ো করে অনুর চোখে ঢেলে দিয়েছেন। তবে রিজভীর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই মেয়েটিকে সে যে পরিমাণ মানসিক যন্ত্রণায় দগ্ধ করেছে, সেটুকুই কি যথেষ্ট নয়? সামনে তো আরো আছে।
এরই মধ্যে রিজভী কাউচ থেকে অনুর সাদা ওড়নাটা তুলে ওর দিকে ছুড়ে মারল। ওড়নাটা অনুর মুখের ওপর দিয়ে আলগোছে আছড়ে পড়ে তার কোলের ওপর স্থির হলো। এতক্ষণ পর অনুর সংবিৎ ফিরল যে, তার গায়ে ওড়না নেই। জ্ঞান ফেরার পর থেকে যে তীব্র অস্থিরতা আর যন্ত্রণার মধ্য দিয়ে সে যাচ্ছিল, তাতে এই সাধারণ বোধটুকুও হারিয়ে ফেলেছিল। তবে এখন আর কোনো জড়তা, অনুভূতি বা ভীতি তাকে স্পর্শ করল না। সে পাথুরে মূর্তির মতো নির্লিপ্ত হয়ে আগের মতোই বসে রইল। ওদিকে রিজভীও মুখ ঘুরিয়ে কাউচে বসে আছে। এছাড়া কোনো উপায়ান্তরও নেই। এখন রেজাউল তালুকদারকে ফোন করলে তিনি নিশ্চিতভাবেই কলটা রিসিভ করবেন। কিন্তু আগের রাতেই রিজভী তাকে দুবার কল দিয়েছিল। ওর প্রখর ইগো তৃতীয়বার ফোন দিতে সাই দিচ্ছে না। সবখানে এটিটিউড দেখানো লাগে ওর।
সে কাউকে ফোন দেবে না। যে দরজা বন্ধ করে দিয়ে গেছে, সে-ই নিজ দায়িত্বে এসে খুলে দেবে। কারও জন্য ঠেকা পড়েনি রিজভীর।
*
এক গাঢ় নিস্তব্ধতা কাটিয়ে তালুকদার বাড়িতে যেন একটু প্রাণ ফিরেছে। সূর্যের আলো এখনো পুরোপুরি ফুটতে পারেনি। ফজরের নামাজ শেষে বাড়ির সবাই ড্রয়িংরুমে উপস্থিত হয়েছে। সাধারণত অন্য দিনে ফজরের নামাজ পর যে যার ঘরে বিশ্রাম নেয়, কেউ মর্নিং ওয়াকে বের হয়, কেউবা রান্নাঘরে নাশতা বানাতে লেগে পড়ে। কিন্তু আজকের পরিবেশ ভিন্ন। মার্জানা তালুকদার সবাইকে একসাথে ড্রয়িংরুমে ডেকেছেন। বাড়ির মেহমানরা কালকেই সব চলে গেছেন। মার্জানা তালুকদারের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। তাঁর ভাই-ভাবি এসেছিলেন, তারা কালকে অনুষ্ঠান শেষে চলে গেছে।
তালুকদার নিবাসের ড্রয়িংরুমটা বেশ বড়সড়।
ড্রয়িংরুমের মূল তিন সিটের লম্বা সোফাটায় পাশাপাশি বসে আছেন আজাদ তালুকদার, তৌফিক তালুকদার।
পাশের অপেক্ষাকৃত ছোট দুই সিটের সোফাটায় পাশাপাশি অনুর মা-বাবা ঈশিতা এবং নাহিদ তালুকদার বসেছে।
তাদের সোজাসুজি সিঙ্গেল সিটের সোফাটায় রেজাউল তালুকদার বসে আছে। তিনি তীক্ষ্ণ চোখে সবার হাবভাব বোঝার চেষ্টা করছেন।
রুবিলা আর মার্জানা সবার সাথে টুকটাক গল্প করছেন। প্রত্যেকের মুখেই মৃদু ও মিষ্টি হাসি। মূলত মার্জানা তালুকদার আজ সকালে কোনো ভনিতা ছাড়াই অনুর বাবা-মায়ের কাছে গতদিনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। মানুষ রেগে গেলে কী করে, তা অনেক সময় নিজেরাও বুঝতে পারে না। স্বাভাবিকভাবেই, গতকাল অনুর নিখোঁজ হওয়ার সংবাদে তাদের রাগ চরমে উঠেছিল। কিন্তু আসলে অনুর সাথে কী ঘটেছিল, তা তো এখনও কেউ নিশ্চিতভাবে জানে না। তাই খামখা আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাছাড়া মার্জানা তালুকদার নিজে ভুল করলে যেমন তা স্বীকার করতে দ্বিধাবোধ করেন না। তেমনি কেউ ভুল করলে তাকে তার প্রাপ্র শাস্তি দিতেও দ্বিধাবোধ করে না।
এমনিতেও আত্মীয়তার সম্পর্কে মান-অভিমান হতেই পারে, তবে তা সময় থাকতে মিটিয়ে নেওয়াই শ্রেয়। সেই বোধ থেকেই মার্জানা সবাইকে একত্র করেছেন। এতে করে যেমন মনমালিন্য দূর হলো, তেমনি সবাই মিলে একসাথে চা খাওয়াটাও হলো। আছিয়া বেগমও সেই সুযোগে জড়তা কাটিয়ে ওনাদের সাথে কথা বলে সম্পর্কটা কিছুটা স্বাভাবিক করে নিয়েছেন। তিনি এতক্ষণ এখানেই ছিলেন, মাত্রই রান্নাঘরে গিয়েছেন সবার জন্য নাশতা বানাতে। তার পিছু পিছু রুবিলাও গেল, আছিয়া বেগমকে সাহায্য করতে।
এখানে এখন শুধু বাড়ির বড়রাই উপস্থিত আছেন, ছোটদের কেউ ডাকেনি। বড়দের এসব আলোচনায় তারা থাকলে পরিবেশটা আরও অস্বস্তিকর হয়ে উঠত। রেজাউল তালুকদার মার্জানার এই কাজে বেশ খুশি হয়েছেন। লোকটা বেশ মিশুক এবং রসিক প্রকৃতির। সবার ভুল বোঝাবুঝি শেষ হতেই তিনি ছেলে ও পুত্রবধূদের সাথে গল্পের ঝুলি খুলে বসেছেন। এরই মাঝে গল্পের এক পর্যায়ে নাহিদ তালুকদার জিজ্ঞেস করলেন,
----" আপনাদের বাড়িতে সিসিটিভি নেই?"
আজাদ তালুকদার স্মিত হেসে জবাব দিলেন,
-----" আছে তো, কিন্তু কী কাজে লাগবে?"
নাহিদ তালুকদার একবার ঈশিতা তালুকদারের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বললেন,
----" সিসিটিভি ফুটেজ চেক করলেই তো বোঝা যেত অনুর সাথে ঠিক কী ঘটেছিল। ও একা বেড়িয়েছিল নাকি কারোর সাথে গিয়েছিল!"
নাহিদ তালুকদারের এই যুক্তিসঙ্গত কথায় সবাই সায় দিলেন। বুদ্ধিটা বিফলে যাবে না ভেবে সবাই মিলে সিসিটিভির কন্ট্রোল রুমে গেলেন। কিন্তু সেখানে পৌঁছাতেই সবাই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। দেখা গেল, প্রতিটি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছে; একটিও সক্রিয় নেই। আজাদ তালুকদার কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলেন যে, রিজভী আর অনুর বিয়ের রাত থেকেই কেউ একজন সব ক্যামেরা বন্ধ করে রেখেছে। ব্যস্ততার মাঝে কেউ খেয়ালই করেনি। তার মানে যা ঘটেছে, তা অত্যন্ত পরিকল্পিতভাবেই করা হয়েছে। সবার কপালে এবার চিন্তার ভাঁজ ফুটে উঠল। তারা অত্যন্ত হতাশার সাথে চিন্তিত মুখে ড্রয়িংরুমে ফিরে এসে পুনরায় আলোচনায় বসলেন। সিসিটিভি অফ করার বিষয়টা রেজাউল তালুকদারের মনে গভীরভাবে গেথে গেলো। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন,
----" আমি কাল রাতে রিজভী আর অনুকে এক ঘরে রেখে তালা মেরে রেখে আসছিলাম। আমার মনে হয় এখন অনুকে দেখতে যাওয়া উচিত। এতোক্ষণে তো জ্ঞান ফেরার কথা।
তৌফিক তালুকদার বিরক্ত হয়ে বললেন,
----" তুমিও না বাবা! রাতবিরেত ওদের তো কোনো সমস্যাও হতে পারে। কি দরকার ছিলো তালা মারার।
রেজাউল তালুকদার কটমটিয়ে বললেন,
----" আমার থেকে বেশি বুঝো, মাথামোটা একটা। চলো দেখে আসি কি অবস্থা।
মার্জানা তালুকদার, রেজাউল তালুকদার এবং অনুর বাবা-মা ঈশিতা ও নাহিদ তালুকদার দ্রুতপায়ে রিজভীর শয়নকক্ষের দিকে এগিয়ে চললেন। তবে আজাদ তালুকদার এবং তৌফিক তালুকদার তাঁদের সঙ্গী হলেন না। ছেলে আর পুত্রবধূর শয়নকক্ষে যাওয়াটা তাঁদের কাছে কিছুটা অশোভন মনে হলো। তাঁরা ড্রয়িংরুমেই অপেক্ষা করতে লাগলেন।
রিজভীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রেজাউল তালুকদার গলার স্বর কিছুটা চড়িয়ে ডাক দিলেন,
----" রিজভী! অনুর জ্ঞান ফিরেছে?
ভেতর থেকে কোনো উত্তর এল না। এক অদ্ভুত নিস্তব্ধতা যেন ঘরটাকে আগলে রেখেছে। ঘরটাযে সাউন্ডপ্রুফ। কথাটা মাথায় আসতেই রেজাউল তালুকদার আর কালক্ষেপণ করলেন না; পকেট থেকে চাবি বের করে কম্পিত হাতে তালাটা খুললেন।
দরজা খোলার সাথে সাথেই দেখা গেল অনু দড়জার সামনে বিধ্বস্ত অবস্থায় বসে আছে। অনুর এমন বিদ্ধস্ত অবস্থা দেখে সবাই মূহুর্তেই হকচকিয়ে গেলো। সবার মনে এক লহমায় অশুভ কোনো আশঙ্কার মেঘ জমে উঠলো। নিজের বাবা-মাকে দেখামাত্রই গায়ে কোনোরকম ওড়না জড়িয়ে সে টালমাটাল পায়ে উঠে এসে মা ঈশিতা তালুকদারের বুকে ঝাঁপিয়ে পড়ল। এতক্ষণ যে কান্না অবরুদ্ধ ছিল, তা এবার বাঁধভাঙা জোয়ারের মতো শব্দ করে বেরিয়ে এল। ঈশিতা তালুকদার মেয়ের কান্নার কারণ জানেন না, কিন্তু সেয়ের এসন অবস্থা দেখে সে তাকে দু-হাতে আগলে নিলেন। অস্থির হয়ে অনুর পিঠে হাত বুলিয়ে অনুর কান্না থামানোর প্রয়াস চালালো। নাহিদ তালুকদার মেয়ের মাথায় হাত রেখে রুদ্ধকণ্ঠে জিজ্ঞেস করলেন,
— "কী হয়েছে মা? রিজভী কোথায়? এমন করছিস কেন তুই? কি হয়েছে বল বাবাকে।
সবাই উৎকণ্ঠা নিয়ে অনুর উত্তরের অপেক্ষায় রইল। অনু তখন হেঁচকি তুলে কাঁদছে, তার শরীর কাঁপছে তীব্র আতঙ্কে। বেশ কিছুক্ষণ পর, কান্নায় বুজে আসা গলায় অনু আর্তনাদ করে বলল,
— "ও একটা পিশাচ! ও... ও নীলা আপু আর আদি ভাইকে খুন করেছে! রিজভী ওদের মেরে ফেলেছে!"
অনুর অস্ফুট কথাগুলো কারো কানেই পরিষ্কারভাবে পৌঁছাল না। ঈশিতা তালুকদার মেয়ের এমন বিপর্যস্ত দশা দেখে ব্যাকুল হয়ে পড়লেন। তিনি অনুর অশ্রুসিক্ত মুখটি নিজের দুহাতের অঞ্জলিতে আগলে ধরে বললেন,
— "শান্ত হ মা, একটু শান্ত হ। কান্না থামা! কী হয়েছে গুছিয়ে বল, নাহলে আমরা তো কিছুই বুঝতে পারছি না।"
অনুর কান্নার বেগ কমছেই না; ক্রমাগত ফোঁপানিতে তার বুক ওঠা-নামা করছে, দম আটকে আসছে তার। সে দীর্ঘক্ষণ পর অতিকষ্টে বললো,
— "রিজভী মানুষ নয় মা, ও একটা জানোয়ার! ও... ও নীলা আপু আর আদি ভাইকে খুন করেছে। এমনকি...
কথাটুকু বলতে গিয়ে অনু শিউরে উঠল। তার চোখ দুটো যেন সেই ভয়ানক দৃশ্যটি আবার দেখতে পাচ্ছে। এক মুহূর্ত থেমে সে চিৎকার করে বলে উঠল,
— "জানো মা, ও কতটা খারাপ? নীলা আপুর শরীরকে ও কতোগুলো খন্ড করেছে। এমনি আপুর ডেড বডি পিরানহা মাছ দিয়ে খাইয়ে ওর অস্তিত্ব মুছে দিয়েছে!"
মুহূর্তেই পুরো ঘরে এক হীমশীতল নীরবতা নেমে এল। উপস্থিত প্রত্যেকের শিরদাঁড়া দিয়ে যেন বরফ-শীতল একটা স্রোত বয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে এল এক অব্যক্ত আতঙ্কে। সবাই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল; কারো মুখে কোনো বাক্য নেই, কারো চোখের পলক পড়ছে না। মার্জানা অনুর মুখপানে বিস্মিত হয়ে তাকিয়ে আছে।
সবার দৃষ্টি তখন তীরের মতো গিয়ে বিঁধল ঘরের ভেতর দাড়িয়ে থাকা রিজভীর ওপর। রিজভী বেলকনি থেকে মাত্রই ঘরে প্রবেশ করছিল, কিন্তু তাদেরকে দেখে ওখানেই দাড়িয়ে আছে। বরাবরের মতোই শীতল তার চাহনি। চোয়াল শক্ত হয়ে আছে। তার চোখেমুখে সেই একই নিস্পৃহ ভাব।
মার্জানা তালুকদার এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে ছিলেন। অনুর মুখ থেকে এসব বীভৎস বর্ণনা শুনে তাঁর নিজের মস্তিষ্কও যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরক্ষণেই তিনি সামলে নিলেন। মার্জানা তালুকদার শক্ত ধাচের মানুষ; সহজে ভেঙে পড়া তাঁর স্বভাবে নেই। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়ালেন। অনুর দুকাঁধ শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন,
----"তুমি কী বলছ অনু, তোমার কথার ওজন বুঝতে পারছ তো?
অনু পাগলের মতো মাথা নাড়াতে লাগল। ও কিছুটা চিৎকার করে বলল,
----"আমি সত্যি বলছি! বিশ্বাস করুন, ও একটা জানোয়ার! ও নীলা আপুকে খু*ন করেছে....
----"চুপ করো! একবার ভেবে দেখো কী বলছ। নীলা আমাদের বংশের মেয়ে। নিজের চাচাতো বোনকে ও খুন করবে? আর তুমি এমন এক বীভৎস গল্প ফেঁদেছ যা কেবল সিনেমার পর্দায় মানায়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এসব বিশ্বাস করবে না।"
ঘরের বাকি সদস্যদের মুখ থেকে যেন কথা হারিয়েছে। রেজাউল তালুকদার অবিশ্বাসের দৃষ্টিতে রিজভীর দিকে একবার তাকালেন। তারপর অনুর দিকে ফিরে বললেন,
----" অনু মা, রিজভী বেপরোয়া হতে পারে, ওর রাগ চড়া হতে পারে তাই বলে বিয়ের আসর থেকে নীলা পালিয়েছে বলে কি ও তাকে মেরে ফেলবে? নিজের বংশের রক্তে হাত দেবে ও? এটা অসম্ভব!
নাহিদ তালুকদারও কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। মেয়ের এই মানসিক অবস্থা দেখে তাঁর মনে হলো অনু হয়তো অতিরিক্ত আতঙ্কে ভুল বকছে। ওর হ্যালুসুলেশন হচ্ছে। তিনি অনুকে শান্ত করার চেষ্টায় ঘরে কাউচে নিয়ে বসালেন। ওকে পানি খাইয়ে মাথায় হাত বুলিয়ে বললেন,
----" অনু, তুই হয়তো ভুল দেখছিস। ঠিক করে বল তো কী হয়েছিল?"
অনু এবার একটু শান্ত হলো। তার কণ্ঠ থেকে কান্না উধাও হয়ে সেখানে জায়গা করে নিল এক অদ্ভুত দৃঢ়তা। সে এক লহমায় সংক্ষেপে সবটা বলে গেল, কীভাবে রিজভী তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল, কীভাবে নীলা আর আদি নিষ্ঠুর পরিণতির শিকার হলো। সবটা।
কিন্তু তার কথা শেষ হওয়ার পর সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। সবাই এমনভাবে তাকাতে লাগল যেন অনু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মার্জানা তালুকদার বিড়বিড় করে বললেন,
----" অবিশ্বাস্য! বিয়ের আসর থেকে পালানোর অপরাধে কেউ কাউকে এভাবে শেষ করে দেয়? রিজভী রাগী, বেপরোয়া স্বভাবের। কিন্তু নিচের চাচাতো বোনকে সে খুন করবে না নিশ্চয়ই।
পুরোটা সময় রিজভী তাদের থেকে কিছুটা দূরে পাথুরে মূর্তির মতো দাঁড়িয়ে ছিল। তার চোয়াল শক্ত, দৃষ্টি পাথরের মতো অনড়। মার্জানা তালুকদার এবার রিজভীর দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন,
----" রিজভী, তুমি কি কিছু বলো। অনু কিসব বলছে। এইসব কি সত্যি?
রিজভী উল্টো তাকে বললো,
----" আপনার কি মনে হয়?
মার্জানা তালুকদার কিছুটা আস্বস্ত হলেন। রিজভীর চোখের দিকে তাকিয়ে তাঁর মনে হলো না এই ছেলে এমন কোনো কিছু ঘটাতে পারে। তিনি অনুর দিকে পুনরায় ঘুরে দাঁড়ালেন, এবার তাঁর দৃষ্টি আরও কঠোর। শীতল কণ্ঠে তিনি বললেন,
----" একবার ভালো করে ভেবে দেখো অনু। কোথাও তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছ না তো?"
অনু তাঁর দিকে মুখ তুলে তাকাল। তার চোখেমুখে এখন চরম ক্লান্তির ছাপ, দীর্ঘ সময় ধরে বয়ে যাওয়া ঝড়ের ফলে মুখটা শুকিয়ে পাংশুটে হয়ে গেছে। অনু অবুঝ শিশুর মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে প্রশ্ন করল,
----" আমি যা সত্যি, ঠিক তাই বলেছি। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না?"
----" বিশ্বাস করার মতো কোনো কথা কি তুমি বলেছ? এই যে এত বড় একটা খুনের কথা অবলীলায় বলছ, তার স্বপক্ষে কী প্রমাণ আছে তোমার কাছে? ঠিক কোন প্রমাণের ভিত্তিতে তুমি রিজভীন নামে এত বড় অপবাদ দিচ্ছ?"
অনুর ভেতরটা এবার নাড়া দিয়ে উঠল। রিজভী এই বাড়ির বড় ছেলে, দেশ-বিদেশের নামকরা বিজনেসম্যান। এমন প্রভাবশালী এবং ব্যক্তিত্ববান মানুষের বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ ছাড়া কথা বলা যে চরম বোকামি, তা অনু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যতোই তা সত্য হোক, প্রমাণের অভাবে তা এখন কেবলই গল্প মনে হচ্ছে সবার কাছে। অনু দু’পাশে মাথা নেড়ে অসহায় কণ্ঠে বলল,
----" আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি যা বলছি তা এক চুলও মিথ্যা নয়। আমি নিজের চোখে সব দেখেছি!"
মার্জানা কিছুটা সন্দেহের সুরে বললেন,
----" নাকি পালিয়ে যেতে ব্যর্থ হয়ে নিজেকে বাঁচাতে এইসব মনগড়া গল্প সাজিয়েছ? সবাইকে বিভ্রান্ত করার ফন্দি আটোনি তো?
মার্জানার এই প্রশ্নে ঘরের পরিবেশ আরও থমথমে হয়ে উঠল। রেজাউল তালুকদার এতক্ষণ ধরে নিশ্চুপ হয়ে রিজভীর দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, যেন তিনি রিজভীর স্বাভাবিক অভিব্যক্তির আড়ালে লুকিয়ে থাকা কোনো রহস্য উদ্ধারের চেষ্টা করছেন। অন্যদিকে, ঈশিতা আর নাহিদ তালুকদার পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। নিজের মেয়ের কথা তাঁদের কানে পৌঁছালেও মগজে পৌঁছাচ্ছে না। এমন বীভৎস কথা বিশ্বাস করার মতো কোনো লজিক তাঁরা খুঁজে পাচ্ছেন না।
মার্জানা তালুকদার নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলেন। ঠিক তখনই রিজভীর গমগমে কণ্ঠস্বর ভেসে এল,
— "হয় অনু আমাকে অপরাধী প্রমাণ করবে, নয়তো নিজেকে নির্দোষ। আর যদি দুটোর কোনোটিই সে না পারে, তবে এরপর আমি যা করব ওকে বিনা বাক্যে তাই মেনে নিতে হবে।"
রিজভীর এই শীতল চ্যালেঞ্জ শুনে অনু তড়াক করে তার দিকে দৃষ্টি ঘোরাল। এই লোকটা আসলে কী চাইছে অনু এখনও বুঝে উঠতে পারেনি। তবে সে দমে যাওয়ার পাত্রী নয়। একটু চুপ থেকে জেদ মেশানো কণ্ঠে অনু বলল,
----" আপনি তো বাড়ির পেছনে পুকুরপাড়ে ওদের খুন করেছিলেন। নিশ্চয়ই সেখানে এখনও রক্তের দাগ লেগে আছে। চলুন আমার সাথে!"
অনুর কথা শুনে রিজভী মনে মনে খুব করে হাসল। কিন্তু ঈশিতা তালুকদার ভ্রুকুঁচকে মেয়ের দিকে তাকিয়ে বললেন,
----" তোর কথা যদি সত্যিও হয় অনু, তাতেও কোনো লাভ নেই। কাল সারাদিন যেভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে, তাতে প্রমাণের কোনো ছিটেফোঁটাও অবশিষ্ট থাকার কথা নয়।"
অনুর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সে অবাক হয়ে বলল,
----" বৃষ্টি? কাল তো সারাদিন বৃষ্টিই হয়নি!"
মার্জানা এবার চরম বিরক্ত হয়ে বললেন,
----" কাল সারাদিন-রাত তো তোমার জ্ঞানই ছিল না। তুমি জানবে কী করে বৃষ্টি নেমেছিল কি না!"
অনু যেন আকাশ থেকে পড়ল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল,
----" আমি... আমি ঠিক কতক্ষণ অজ্ঞান ছিলাম?"
----" পুরো একটা দিন তোমার কোনো জ্ঞান ছিল না।" মার্জানার ছোট উত্তরটি অনুর মাথায় বজ্রপাতের মতো ঠেকল।
পরিবেশটা যখন আরও ঘোলাটে হয়ে উঠছে, তখন মার্জানা তীক্ষ্ণ চোখে অনুর গলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,
----" আচ্ছা অনু, তোমার গলায় এই ক্ষতের দাগটা কীভাবে এল? আর তুমি অত দূরে পরিত্যক্ত শ্মশানঘাটে গেলে কী করে? এখানকার রাস্তা তো তোমার চেনা নয়। কে নিয়ে গিয়েছিল তোমাকে সেখানে?"
অনু রিজভীর দিকে ইশারা করলো। মার্জানা শান্ত থাকার চেষ্টা করে বললো,
----" সত্যিটা স্বিকার করো। বারবার রিজভীকে টানছো কেন? এসব করে ওর কি স্বার্থ আছে?
অনু অস্থির হয়ে প্রশ্ন করলো,
----" আমাকে বাড়িতে এনেছে কে?
-----" পুলিশ তোমাকে খুজে বের করেছে। ফোন ট্রাক করে।
অনু বাকরুদ্ধ হয়ে রইল। সে তো ফোন নিয়ে যায়নি। তবে এই কথা এখন বলে কোনো লাভ নেই। তার মনের মধ্যে চলমান অস্থিরতা এবং দুর্বলতা বইয়ে মার্জানার যুক্তির সাথে পেরে উঠতে পারছে না।
তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মার্জানা এবার অনুকে আরেকটি প্রশ্ন করলো
----"তোমার শরীরের সোনার গয়নাগুলোই বা কোথায়? সেগুলো ছাড়া তো তোমাকে পাওয়া গেছে।"
অনু স্বাভাবিক ভাবে বললো,
----" রাতে বেডসাইড টেবিলে ওগুলো খুলে রেখেছিলাম। ওখানেই থাকার কথা।"
----" এনে দাও।
অনু বেডসাইড টেবিলের ড্রয়ারে খুজলো পেলো না। রিজভী নিশ্বাব্দে এগিয়ে এসে আলমারির চাবি দিলে অনু আলমারিও চেক করলো কিন্ত পেলো না। টেবিলের ড্রয়ার বা আশেপাশে কোথাও একটা গয়নার চিহ্নও পাওয়া গেল না। এতোগুলা গয়না কোথায় গেলো ভেবেই অনুর হাতপা টেনশনে অবশ হয়ে আসছে। মার্জানা এবার গম্ভীর কন্ঠে বললো,
----" এবার আমার কাছে সবটা ক্লিয়ার। নীলার মতো তুমিও নিশ্চয়ই তোমার কোনো প্রেমিকের সাথে পালানোর পরিকল্পনা করেছিলে। আর সাথে নিয়েছিলে বাড়ির সব গয়না। কিন্তু তোমার সেই প্রেমিকই হয়তো এতো গয়না দেখে লোভ সামলাতে পারেনি। মাঝপথে বিশ্বাসঘাতকতা করেছে। গয়নাগুলো কেড়ে নিতে সে-ই তোমার গলায় ছুরি ধরেছিল, আর তোমাকে ওই শ্মশানঘাটে ফেলে পালিয়ে গেছে! তাই তো? এখন নিজের দোষ ঢাকতে এই গল্প সাজিয়েছো।
মার্জানার এই অকাট্য যুক্তির সামনে অনু নিরব হয়ে দাঁড়িয়ে রইল। যে সত্য সে দেখেছে, তা এখন এক নিপুণ মিথ্যের জালে ঢাকা পড়ে যাচ্ছে। প্রেমিকের সাথে পালানোর অপবাদ তার মাথার ওপর পাহাড়ের মতো চেপে বসল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রিজভীর ঠোঁটের কোণে তখন একচিলতে ক্রুর হাসি। ও ইচ্ছে করেই গয়নাগুলো নর্দমাতে ফেলেছিল। যাতে করে ওর কোনো চিহ্ন না পাওয়া যায়। আর এতোকিছুর মাঝে গয়নার প্রশ্ন অবশ্যই আসবে। এতোগুলো সাবেকি গয়না তারউপর এইগুলো তালুকদার বাড়ির ঐতিহ্য বলা চলে।
অনু তবুও যুক্তি খাটিয়ে বললো,
----" পালানোর যদি ইচ্ছে থাকে তাহলে শ্মশান ঘাটে কেন যাবো। নিশ্চয়ই কোনো স্টেশনে যাবো।
মার্জানা ফোস করে শ্বাস ফেলে বললেন,
----" তোমার মনে কোন প্যাচ এটেছিলে তা আমি কি করে জানবো।
নাহিদ তালুকদার আর ঈশিতা তালুকদার চুপচাপ দাড়িয়ে আছেন মেয়ের দিকে তাকিয়ে। তাদের কোনোটাই বিশ্বাস হচ্ছে না। রিজভী নীলাকে খুন করেছে বা অনু তার প্রেমিকের সাথে পালানোর চেষ্টা করেছে। কোনোটাই বিশ্বাসযোগ্য হচ্ছে না তাদের। ঈশিতা তালুকদার এবার অনুর দিকে এগিয়ে গেলো। ওর চোখে চোখ রেখে প্রশ্ন করলেন,
----" আমার জানামতে তোর কারোর সাথে সম্পর্ক নেই। কিন্তু এখন এইসব কী? তোদের দুই বোনকে স্বাধীণতা দেওয়াটা ছিলো আমার সবচেয়ে ভুল। মানসম্মানের কিচ্ছু বাকি রাখলি না।
----" তোমরা মিথ্যা যেমন সহজেই বিশ্বাস করে নাও
তেমনি সত্যিটাকে অবলীলায় পায়ে পিষে চলে যাও। এমন কেন তোমরা?
রেজাউল তালুকদার পাশ থেকে বললেন,
----" মিথ্যার জোর ক্ষণস্থায়ী আর সত্যির জোর চিরস্থায়ী। অনুর শরীর অনেক দুর্বল, তোমরা এখন ওকে আর বিরক্ত করো না।
তিনি রুম থেকে বেরিয়ে যেতে যেতে রিজভীর মুখোমুখি হয়ে দাড়ালেন। চোখেমুখে কাঠিন্য রেখে তিক্ততার সাথে বললেন,
----" অনুর বলা কথা কেউ ঘাটিয়ে না দেখলেও আমি কিন্তু নারী নক্ষত্র বের করে আনবো।
রিজভী স্মীথ হেসে বললো,
----" উইশ ইউ গুড লাক!
চলবে....