#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১১
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
[🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫]
_______
বেলা গড়িয়ে এগারোটা বেজেছে। দিনটা বৃহস্পতিবার হওয়ায় তালুকদার বাড়ির সব পুরুষমানুষই বাড়ির বাইরে। চারদিকের ভ্যাপসা গরমে সবারই প্রাণ ওষ্ঠাগত।
বাড়ির গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত হাতে দুপুরের খাবার তৈরি করছে। আছিয়া বেগম এখনো তাঁর শ্বশুরবাড়িতে ফেরেননি। মেয়ে ইকরাকে নিয়ে তিনি এখনো এই বাড়িতেই আছেন। রুবিলা ও আছিয়া টুকটাক গল্প করলেও, মার্জানা তালুকদার পুরোপুরি নির্বিকার। চারপাশের কোনো কিছুতেই যেন তাঁর কোনো হেলদোল নেই; গম্ভীর মুখে মন দিয়ে রান্না করে যাচ্ছেন তিনি। দুজন মেড তাঁদের হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। তারা রান্না করার পাশাপাশি ড্রয়িংরুমে অনু আর রেজাউল তালুকদারের কথোপকথনও শোনার চেষ্টা করছে।
রেজাউল তালুকদারের মুখোমুখি সোফায় অনু বসে আছে। সবসময়ের মতোই রেজাউল তালুকদারের গায়ে সাদা পাঞ্জাবি পাজামা।
অনুর চোখেমুখে চিন্তা আর ক্লান্তির ছাপ স্পষ্ট। গায়ে সেই কালো রঙের ড্রেসটাই। এখানে এসেই অনু জানতে পারল রিজভী এই বাড়িতে থাকেই না! মাঝেসাঝে দু-এক দিনের জন্য আসে মাত্র। দেশে যে কয়দিন থাকে, তার বেশিরভাগ সময়ই কাটে পতেঙ্গার নিজস্ব ম্যানশনে। আবার বছরের বড় একটা সময় সে দেশের বাইরেই কাটায়। এতগুলো বছরে দেশে ফিরেছে মোটে দুইবার। রিজভী যদি দেশেই না থাকে, তবে অনু এখন কী করবে? তার ওপর রিজভী জানিয়ে দিয়েছে, সে অনুকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবে। ডিভোর্স হয়ে গেলে এই দুই মেরুর বাসিন্দার দূরত্ব আরও দীর্ঘ হয়ে যাবে। শত্রুকে পরাস্ত করতে হলে যতটা সম্ভব শত্রুর কাছে থাকতে হয়—এই কদিনে কথাটা অনু খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। কিন্তু রিজভী ডিভোর্স দিয়ে দিলে তো সব পরিকল্পনা পণ্ড হয়ে যাবে! ওর মাথা আর কাজ করছে না। এক অজানা আশঙ্কায় পরাস্ত সৈনিকের মতো নিস্তেজ হয়ে পড়েছে অনু।
— "তাহলে তুমি ডিভোর্সও দেবে না, আবার রিজভীর সাথে সংসারও করবে না! আলটিমেটলি করতে কী চাচ্ছো?"
রেজাউল তালুকদারের প্রশ্নে অনুর ভাবনায় ছেদ পড়ল। চোখ তুলে একপলক তাকিয়ে কিছুটা ম্লান, রিনরিনে সুরে সে বলল,
—" আপনি শুধু আমাদের ডিভোর্সটা আটকে দিন, দাদাভাই।"
—" রিজভীর জেদের কাছে আমি নস্যি। ও যখন বলেছে ডিভোর্স দেবে, তখন ও দিয়েই ছাড়বে।"
অনু কিছুটা গাইগুই করে বলল,
—" তাহলে আমি বাবা-মায়ের কাছে ফিরে যেতে চাই।"
রেজাউল তালুকদারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুটা ইতস্তত করে বললেন,
— "কাল সকালে তোমার তীব্র অসুস্থতায়ও তারা মুখ ফিরিয়ে চলে গেছেন। এর মধ্যে একটিবারের জন্যও তাঁরা তোমার খোঁজ নেননি। এর বাইরেও অনেক ঝামেলা হয়েছে, যা এখনো তোমার অজানা। তবে এটুকু জেনে রাখো, তারা আমাদের সাথে সম্পর্ক কাট-অফ করে গেছেন।"
—" তাহলে বাবা সত্যি সত্যি আমাকে ত্যাজ্য কন্যা করে দিলেন? ডিভোর্সের পর আমি তবে কোথায় থাকব?"
পাশের সিঙ্গল সোফায় বসে নিখিলের ছোট ভাই ঈশান ভিডিও গেম খেলছিল। ছেলেটা ভীষণ বিচ্ছু; আজও মিথ্যা অজুহাতে স্কুল ফাঁকি দিয়েছে। অনুর কথা শুনে ঈশান চট করে বলে উঠল,
—" প্যারা নাই ভাবি! ভাইয়া তোমাকে ডিভোর্স দিলে আমি তোমাকে বিয়ে করব।"
অনু কিছুটা অপ্রস্তুত বোধ করল। রেজাউল তালুকদার হো হো করে হেসে উঠলেন।
—" তোর বয়স কত যে তুই অনুকে বিয়ে করবি?"
রেজাউল তালুকদারের প্রশ্নের জবাবে ঈশান কপালের ওপর থেকে ঝাকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল,
—" তেরো বছর। আচ্ছা... ভাবির বয়স কত?"
অনু মনের কষ্টের মাঝেও মৃদু হেসে জবাব দিল,
—" উনিশ বছর।"
সহসা ঈশানের কপালে ভাঁজ পড়ল। নাকের ডগায় চশমাটা ঠেলে দিয়ে সে বলল,
—" সরি, ইউ আর এক্সপায়ার্ড!"
অনু এবার একটু শব্দ করেই হেসে উঠল। রেজাউল তালুকদার ঈশানের দিকে একটি কুশন ছুড়ে মেরে বললেন, "যা ভাগ এখান থেকে, ফাজিল কোথাকার!"
ঈশান তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল। ভয় পেয়ে? উহু; ওর ক্রাশ মেসেজ দিয়েছে!
ঈশান চলে যেতেই রেজাউল তালুকদার সিরিয়াস মুখ করে গম্ভীর স্বরে বললেন,
—" তুমি আমার নাতনি হও, এই কথাটা কেন ভুলে যাচ্ছো? এই বাড়িতে বাকিদের মতো তোমারও সমান অধিকার আছে। তুমি এই বাড়িতেই থাকবে।"
রেজাউল তালুকদার কথাটা সহজে বললেও অনুর মনে স্বস্তি ফিরল না। অনু যতই রেজাউল তালুকদারের নাতনি হোক না কেন, সে তো কোনোদিন এই বাড়িতে বেড়াতে পর্যন্ত আসেনি। কারও সাথে সম্পর্ক অতো ঘনিষ্ঠ না, বরং প্রতিটা সম্পর্কই যেন এখন বিষাক্ত কীটে পরিণত হয়েছে। এর আগে কেবল নীলা আর রিজভীর বিয়ের দিনক্ষণ ঠিক করার সময় বাবা-মায়ের সাথে একবার এসেছিল সে, আর দ্বিতীয়বার এল এই বাড়ির বউ হয়ে। ডিভোর্সের পর এই বাড়িতে থাকাটা অনুর আত্মসম্মানে তীরের ফলার মতো বিঁধল। তাছাড়া, এই বাড়িতে থেকে অনুর বিশেষ কোনো লাভও হবে না, কারণ এখানে তো রিজভী থাকেই না। রিজভী ঠিকই বলেছিল—ওর মতো গভীর জলের মাছকে জালে আটকানো মোটেও সহজ নয়। মানুষটা এত কঠিন কেন? একটা প্রমাণের ছিটেফোঁটা রাখেনি।
অনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
— "আমি একটু একা থাকতে চাই।"
রেজাউল তালুকদার সোফায় একটু হেলান দিয়ে বসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা গম্ভীর গলায় বললেন,
— "দেখো অনু, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে লাইফ চলে না। তুমি একা থাকতে চাও, ভালো কথা। তোমার বাবা-মা সম্পর্ক ছিন্ন করে গেছেন বলে ভেঙে পোড়ো না।"
অনু এবার সোজা হয়ে বসল। সকালে এই বাড়িতে আসার পর রুবিলা আর স্নেহা ছাড়া কেউ ওর সাথে কথা বলেনি। আর না কেউ গত কয়েকদিনের ঝামেলা নিয়ে কোনো প্রশ্ন করেছে। অনুও নিজে থেকে আগ বাড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেনি। যেখানে কোনোদিন সে নিজেকে প্রমাণ করার তাগিদ বোধ করেনি, আজ তবে কেন করতে যাবে? অনুর চোখ দুটো সামান্য টলমল করলেও গলার আওয়াজে একটা চাপা জেদ প্রকাশ পেল,
—" আমি তাহলে এখানেই কিছুদিন থাকি। তারপর যখন ডিভোর্স হবে, তখন দেখা যাবে।"
রেজাউল তালুকদার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
—" তুমি টেনশন কোরো না। ঘরে গিয়ে রেস্ট নাও।"
অনু চট করে চোখ তুলে তাকাল। চোখের কোণ ভিজে উঠেছে ওর।
—" আমি কোন ঘরে থাকব?"
—" কোন ঘরে আবার? রিজভীর ঘরেই থাকবে। রিজভী তো এখানে থাকে না, তাই কোনো সমস্যা হওয়ারও কথা নয়।"
—" অন্য কোনো ঘর নেই?"
—" না, নেই। এত ছোট বাড়িতে আর কতগুলো ঘর থাকবে বলো?"..রেজাউল তালুকদারের কন্ঠে রসিকতা।
অনু ফিক করে হেসে ফেলল। দাদাভাই যে তার সাথে রসিকতা করছে, তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে কথা বাড়ানোর ইচ্ছে ওর হলো না। চুপচাপ উঠে চলে গেল রিজভীর ঘরের উদ্দেশ্যে। তাছাড়া, রিজভীর ঘরেই ওর সব প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে।
রেজাউল তালুকদার অনুর যাওয়ার পানে চুপচাপ তাকিয়ে রইলেন। মেয়েটা ওপর ওপর যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, ভেতরটা ওর একদম ধসে গেছে। এতো কিছুর মাঝেও তার মাথার মধ্যে একটা জিনিস কুঁড়ে কুড়ে খাচ্ছে, তা হলো নীলার খোজ তিনি পাননি। আবার অনুর কথা বিশ্বাস হয়েও হচ্ছে না। সবমিলিয়ে তিনি দোটানায় পড়েছেন।
রেজাউল তালুকদার রিজভীকে জোর করে বিয়ে দেওয়ার পেছনে একটাই কারণ ছিল—যেন ছেলেটার একটা পিছুটান তৈরি হয়। ছেলেটা মাত্রাধিক ছন্নছাড়া। একটা মায়ায় বাঁধতে পারলে হয়তো সে একটু শুধরাবে। পরিবারের আপন মানুষদের কথা, এমনকি নিজের দেশের কথাও তো সে প্রায় ভুলে বসেছে। তবে এখন রেজাউল তালুকদারের নিজের ওপরই অনুশোচনা হচ্ছে—কেন যে তিনি রিজভীকে এভাবে জোর করে বিয়ে দিতে গেলেন!
অনু সিঁড়ি বেয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় ইকরার সাথে দেখা হলো। ইকরাকে অনু চেনে, রিজভীর ফুফাতো বোন। এ বাড়িতে আসার প্রথম দিনই আলাপ হয়েছিল। মেয়েটা খুবই মিশুক আর শান্ত স্বভাবের। সাথে কিছুটা গম্ভীরও। অনুর চেয়ে বছর দুয়েকের বড়, ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ে। ইকরা ঠোঁটের কোনে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে বলল,
—" কখন ফিরলে?
—" অনেক্ষণ হয়েছে।
—" নাস্তা করেছো?
—" হুমম।
—" তোমার শরীর এখন কেমন আছে? দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে।
—" এখন ভালো আছি।
—" কোথায় যাচ্ছো এখন?
—" ঘরে যাচ্ছিলাম। একটু রেস্ট নিতে।
—" আচ্ছা যাও।
কথাটা শেষ করেই অনু আর এক মুহূর্ত দাঁড়াল না, ইকরাকে পাশ কাটিয়ে রিজভীর ঘরের দিকে চলে গেল। ইকরা কিছুক্ষণ থম মেরে দাড়িয়ে থাকার পর সেও ঘুরে চলে গেলো। স্নেহা কলেজে যাওয়ায় ইকরার হয়েছে জ্বালা। একা একা বোরিং লাগছে খুব।
ইকরার সাথে যান্ত্রিকভাবে দুটো কথা বলতে গিয়েও অনুর বুকের ভেতরটা যেন খাঁ-খাঁ করে উঠছিল। গলার কাছে এসে আটকে থাকা বাঁধভাঙা কান্নাটা ও আর চেপে রাখতে পারছিল না।
রুমে ঢুকেই অনু দ্রুত দরজাটা লক করে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর আর নিজেকে ধরে রাখতে পারল না ও; দরজায় পিঠ ঠেকিয়ে মেঝেতে ধসে পড়ল। হাঁটুতে মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল ও। এতক্ষণের অবরুদ্ধ সবটুকু আর্তনাদ যেন এক লহমায় উগরে এল। বদ্ধ ঘরে অনুর কান্নার আওয়াজটা দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল।
ওর জীবনটা এমন কেন হয়ে গেল? মাত্র কয়েকটা দিনে কীভাবে সবকিছু এভাবে ওলটপালট হয়ে গেল, ও নিজেও তা বুঝতে পারছে না। মনের ভেতর যেন এক অদৃশ্য চিতা জ্বলছে। আর সবকিছুর চেয়ে বুক চিরে যে তীব্র অভিমানটা ধেয়ে আসছে, তা ওর নিজের বাবা-মায়ের ওপর। কান্নাভেজা শ্লেষাত্মক কণ্ঠে ও বিড়বিড় করে আওড়াল...
'কেন তোমরা আমার সাথে এমন করলে? কী অপরাধ ছিল আমার? ছোটবেলা থেকে তোমরাই তো আমাকে শিক্ষা দিয়েছ—বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচা উচিত, অন্যায়ের সাথে কখনো আপোষ করতে নেই। আজ যখন আমার নিজের জীবনটা অকূল পাথারে ভেসে গেল, তখন তোমরা কোনো বিচার-বিবেচনা না করেই আমাকে এভাবে ছুড়ে ফেলে দিলে? একটা বারও আমার কথাটা শুনতে চাইলে না? বুঝতে চাওয়া তো দূরের কথা! রক্তের সম্পর্ক এত সস্তা হয়ে গেল!'
বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে অনুর। যে বাবা-মা ওর মেরুদণ্ড ছিল, তারাই আজ ওকে পুরোপুরি কোণঠাসা করে দিল। ও এখন কোথায় গিয়ে মাথা গোঁজাবে? এই তালুকদার বাড়িতে যদি ও থাকতেও চায়, তবে পরজীবী হয়ে থাকতে হবে; সহ্য করতে হবে প্রতিটা মানুষের করুণা আর বাঁকা চাহনি। সারাজীবন যে মেয়ে মাথা উঁচু করে চলেছে, তাকে আজ এই বাড়িতে মাথা হেঁট করে পড়ে থাকতে হবে! কিন্তু এই দাসত্ব তো অনুর আজন্ম লালিত শিক্ষার বিপরীত। এই গুমোট, দমবন্ধ করা পরিবেশে ও বাঁচবে কীভাবে?
কান্না ছলোছলো চোখে হঠাৎই ওর নজর আটকে গেল দেওয়ালে টাঙানো রিজভীর বিশাল তৈলচিত্রের দিকে। ওই অহংকারী, নিষ্ঠুর মুখটা চোখের সামনে ভেসে উঠতেই অনুর চেহারা আরও ম্লান হয়ে গেল। মেঝে থেকে মাথা তুলে শূন্যে দৃষ্টি মেলে, কণ্ঠে সবটুকু বিষাদ ঢেলে দিয়ে ও বলল,
'জীবনে কোন পাপের ফল হিসেবে আমি রিজভীর মতো একটা জানোয়ারকে জীবনসঙ্গী হিসেবে পেলাম, আল্লাহ? ও তো মানুষের রূপ ধরে থাকা একটা কসাই! ও আমার মা-বাবা, আমার সম্মান, আমার বোন সবকিছু এক নিমেষে কেড়ে নিয়েছে!'
অনু উঠে দাঁড়াল। কান্নার তোড়ে নাকের পাটা লাল হয়ে গেছে; অবিন্যস্ত চুল আর রক্তাভ চোখ নিয়ে ও ধীর পায়ে এগিয়ে গেল রিজভীর সেই বিশাল তৈলচিত্রের দিকে। ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল মানুষটাকে।
ক্যানভাস জুড়ে রিজভীর নিখুঁত অবয়ব। সমুদ্রের গভীরতার মতো শান্ত, মায়াবী নীল চোখ; নিখুঁতভাবে বাঁকানো জোড়া ভ্রু আর তীক্ষ্ণ পুরুষালি চাহনি। সুঠাম চোয়াল জুড়ে হালকা ছাঁটা খোঁচা খোঁচা দাড়ি। তার বাম হাতটা বুক বরাবর তোলা, যার কবজিতে শোভা পাচ্ছে একটা ধাতব, চকচকে দামি ঘড়ি, আর অনামিকায় জ্বলজ্বল করছে একটি প্ল্যাটিনামের মহামূল্যবান আংটি। প্রথম দেখায় যে কেউ বলবে, এ যেন ক্যানভাসে ফুটিয়ে তোলা এক নিষ্পাপ রাজপুত্র। কিন্তু অনুর চোখে সেই মায়াবী আভা ধরা পড়ল না। ওর নজর আটকে গেল রিজভীর ওই নীল চোখের মণিতে—যার গভীরে সুপ্ত এক ধূর্ত পৈশাচিকতা।
হঠাৎ করেই অনুর মনে হলো, ওই চোখ দুটো যেন ক্যানভাস থেকে জীবন্ত হয়ে ওকে উপহাস করছে। সহ্য হলো না অনুর। ঘৃণায় সারা শরীর রি রি করে উঠল। পাশে থাকা সাইড টেবিলের ওপর রাখা ছিল ভারী ব্রোঞ্জের তৈরি একটি প্রাচীন অ্যান্টিক শোপিস। কোনো কিছু না ভেবেই অনু দুই হাতে সেই ভারী শোপিসটা তুলে ছুঁড়ে মারল তৈলচিত্রের ঠিক মাঝখান বরাবর। সুরক্ষামূলক কাচটি তীব্র "ঝনঝন" শব্দে চূর্ণ-বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল।
ভারী কাচ ভাঙার এক বিকট শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। শোপিসের আঘাতে ফ্রেমের কাচ চূর্ণ-বিচূর্ণ হলেও তৈলচিত্রে রিজভীর ওই নিখুঁত মুখটার তেমন কোনো ক্ষতি হলো না। মানতেই হবে, রিজভী তালুকদারের প্রাণ যেন কৈ মাছের জান! ফ্রেমটা দেয়াল থেকে খসে পড়ে মেঝেতে আছাড় খেল, কিন্তু অনুর ভেতরের উন্মাদনা তাতেও কমল না।
হঠাৎ করেই ওর নাসিকারন্ধ্রে এসে ধাক্কা দিল ঘরের বাতাস। এই পুরো ঘরটায় লেপ্টে আছে একটা কড়া, পুরুষালি কোলনের সুবাস—রিজভীর সেই চেনা, অভিজাত ঘ্রাণ। এই দুই দিনে ঘ্রাণটা বড্ড বেশি পরিচিত হয়ে উঠেছে। দমবন্ধ হয়ে আসছে ওর। এই ঘরের প্রতিটা কোণে, প্রতিটা আসবাবে ওই জানোয়ারটার অস্তিত্ব মিশে আছে!
রিজভী ওকে সত্যিই একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। নিজের বলতে আজ অনুর আর কিছুই অবশিষ্ট নেই, শুধু পড়ে আছে এক বুক হাহাকার আর প্রতিশোধের এক সুপ্ত, জ্বলন্ত আগুন।
তীব্র মানসিক যন্ত্রণায় অনু যেন এক হিংস্র হয়ে উঠল। কষ্ট পেলে বা রাগ হলে জিনিসপত্র ভাঙচুর করার একটা পুরনো স্বভাব আছে ওর। অনু টেবিলের ওপর থাকা ক্রিস্টালের ফুলদানি, দামি সিরামিকের ল্যাম্পশেড, ফাইলপত্র—যা হাতের কাছে পেল, সব মেঝেতে আছাড় মেরে ভাঙতে লাগল। ভাঙা কাচ আর বিলাসবহুল অ্যান্টিকের টুকরোয় ছেয়ে গেল ঘরের মেঝে; পুরো ঘরটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ঘরটি সাউন্ডপ্রুফ হওয়ায় ধ্বংসাত্মক শব্দ শুধু কক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকলো।
ভাঙচুর করতে করতেই আচমকা ও এসে দাঁড়াল ঘরের বিশাল ড্রেসিংটেবিলটার সামনে। দামি অ্যান্টিক আর নিখুঁত সোনালু কারুকাজ করা আয়নার সামনে আসতেই অনু থমকে গেল।
আয়নায় ও নিজেকে দেখল। এ কে? এতটা বিধ্বস্ত কবে হলো অনু? ও এগিয়ে গেল আয়নার দিকে। পায়ে স্লিপার থাকায় মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা কাচগুলো ওকে ছুঁতে পারল না। এক পা, দু পা করে ড্রেসিংটেবিলের আরও কাছে এগিয়ে গেল। অবশ হাতটা বাড়িয়ে দিল নিজের প্রতিবিম্বের দিকে। আয়নার কাচে আঙুল ছোঁয়াতেই ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক শ্লেষাত্মক হাসি।
যে প্রশ্নটা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, এতক্ষণে তার উত্তর ও পেয়ে গেল এই নিষ্প্রাণ কাচের আয়নায়।
এই তো সেই মুখ! যেই শ্যামরাঙা মুখশ্রীকে ঘিরে ওর বাবা-মায়ের কতোই না হাহুতাশ ছিল। মেয়ের গায়ের রং এমন চাপা, একে ভালো ঘরে বিয়ে দেবে কীভাবে? পরিবারের মানুষ যেখানে ওকে কথা শোনাতে ছাড়েনি, সেখানে সমাজের বর্ণবাদী মানুষ কি আর রেহাই দেয়?
অপরদিকে অনুর বড় বোন নীলাকে নিয়ে তাদের গর্বের শেষ ছিল না। নীলা ছিল ভুবনমোহিনী সুন্দরী, দুধে-আলতা গায়ের রঙ—যেন কোনো রূপকথার রাজকুমারী। বাবা-মা সবসময় নিশ্চিন্ত ছিলেন যে, কোনো এক রাজপুত্র এসে নীলাকে রানী করে নিয়ে যাবে। সত্যিই রাজপুত্ররা এসেছিল। তবে সেই দুষ্টু আর ভালো রাজপুত্রদের লড়াইয়ে শেষ পর্যন্ত রাজকন্যার প্রাণটাই চলে গেল, আর বেঁচে রইল অপরাধবোধে জর্জরিত অনু।
অনু আরেকটু ঝুঁকে আয়নার একদম কাছে এগিয়ে গেল। নিজেকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগল। আজ বড্ড বেশি ঘেন্না হচ্ছে নিজের এই গায়ের রং নিয়ে। ভাবনার মাঝেই মনে হলো ওর ভেতরের অবদমিত হীনম্মন্যতা প্রতিবিম্ব হয়ে ওকে উপহাস করে বলছে,
—"বোকা মেয়ে! তোমার মতো শ্যামলা মেয়েকে যে বাবা-মা ঘাড় থেকে নামিয়ে মুক্তি পেয়েছে, তারা কি আর সেই বোঝা স্বেচ্ছায় ঘাড় পেতে নেবে? এমনিতেই তোমার গায়ে কৃষ্ণবর্ণের কলঙ্ক লেপ্টে আছে, এরপর যদি ডিভোর্সের তকমা লাগে, তবে এই সমাজে তোমার মূল্য আর কোথায় থাকবে?"
কিছুক্ষণ আগে রিজভীর প্রতি থাকা সব ক্ষোভ যেন এসে জমা হলো অনুর নিজের গায়ের রঙের ওপর। রংটা একটু উজ্জ্বল হলে সবাই বোধহয় ওকে ভালোবাসত, মা-বাও এভাবে ফেলে যেত না। অনু ভাঙা গলায়, ফিসফিস করে নিজের প্রতিবিম্বকে উদ্দেশ্য করে প্রশ্ন করল,
—" শ্যামলা হয়ে জন্মানোটা কি আমার পাপ? আমি অপবিত্র নাকি, যে আমার মূল্য থাকবে না?"
প্রতিবিম্বটা যেন এক চিলতে নিষ্ঠুর হেসে জবাব দিল,
—" তুমি শ্যামলা। বর্ণবাদী মানুষের কাছে তুমি জীবন্ত এক হাজরে আসওয়াদ! হাজরে আসওয়াদ পাথরটি যেমন মানুষের পাপ শুষে কালো হয়েছে, তোমার গায়ের রঙও তেমনি কোনো পাপের প্রতীক! আর তোমার পাপ শ্যামলা হয়ে জন্মানো। ভেতরটা পবিত্রতায় ঠাসা হলে কি হবে মানুষ তো খোজে সাদা চামড়া।
অনু নিজের সৌন্দর্য পরিমাপ করতে থাকলো।
পান পাতার মতো ঢলঢলে মুখশ্রী জুরে রয়েছে অঢেল মায়া। তার ছোট্ট চওড়া কপালের নিচে ঘন চিকন ভ্রু জোড়া যেন সুনিপুণ ধনুকের মতো বাঁকানো। বড় ও টানা চোখের মনিতে রয়েছে ধূসর গাঢ় বাদামি রঙের অদ্ভুত গভীরতা। সেই স্নিগ্ধ মুখের ঠিক মাঝখানে মানানসই ছোটখাটো নাক। তার ধনুকের মতো বাঁকানো সুগঠিত তন্বী দেহটি মিলে যেন কোনো খুঁত নেই।
কিন্তু এইসবকিছু ছাপিয়ে অনুর নজর আটকে থাকলো ওর গায়ের রঙের ওপর। আশপাশের সবকিছু ওর দৃষ্টিআকর্ষন করতে ব্যর্থ হলো। চিকন পাতলা ঠোঁট জোড়া তিরতির করে কেপে উঠলো। তীব্র আক্রোশে ড্রেসিনটেবিলের ওপর থাকা ভারি ধাতব জিনিস দিয়ে আঘাত করলো। সঙ্গে সঙ্গে আয়নাটি চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে গুড়িয়ে গেলো।
ঘরের চারদিকে এখন শুধুই ধ্বংসস্তূপ। অনুর তীব্র আক্রোশের জায়গাটা দখল করল এক ধরনের অসাড়তা, এক গভীর শূন্যতা।
অনু ধীর পায়ে গিয়ে খাটের ওপর ধপাস করে বসে পড়ল। দুই হাঁটু বুকের কাছে টেনে এনে, চিবুকটা হাঁটুর ওপর ঠেকিয়ে সে কিছুক্ষণ থম মেরে রইল।
স্তব্ধ হয়ে বসে ও ভাবতে থাকল—এখন ও ঠিক কী করবে?
'পতেঙ্গায় যাবে?'—অনুর মাথায় আচমকা একটা আইডিয়া খেলে গেল। তবে বুদ্ধিটা কতোটুকু কাজে দেবে বুঝতে পারলো না। চিন্তার জট পাকিয়ে মাথাটা আবার দপদপ করতে লাগল।
পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই অনু খাট থেকে নেমে হন্যে হয়ে নিজের ফোনটা খুঁজতে লাগল। কিন্তু পুরো ঘরের লণ্ডভণ্ড পরিস্থিতির মাঝে ফোনটা কোথায় হারিয়ে গেছে, কে জানে! বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও যখন ফোনটার হদিস মিলল না, তখন এক চরম বিরক্তিতে সে হাল ছেড়ে দিল।
নিজের ওপর এক তীব্র বিতৃষ্ণা তৈরি হলো অনুর। সারা গায়ে সেই ধুলোবালি আর ঘামে লেপ্টে থাকা কালো ড্রেসটা যেন তার দম আটকে ধরছিল। সে সোজা এগিয়ে গেল তার লাগেজটার দিকে। লাগেজ খুলে একটা সুতি সাদা সালোয়ার-কামিজ বের করে নিয়ে ও সটান ওয়াশরুমে ঢুকে গেল।
শাওয়ারটা ছেড়ে দিয়ে অনু অনেকক্ষণ পানির নিচে দাঁড়িয়ে রইল। ঠাণ্ডা পানির স্পর্শে তার শরীরের ক্লান্তি আর মনের ভেতরের জ্বলতে থাকা চিতাটা কিছুটা হলেও শান্ত হলো।
লম্বা একটা শাওয়ার নেওয়ার পর সে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কোনো রকমে জড়িয়ে নিয়ে এসে খাটে শুয়ে পড়ল। চোখের পাতা দুটো প্রচণ্ড ভারী হয়ে আসছিল। বিছানায় পিঠ ঠেকানোর কয়েক মিনিটের মধ্যেই সে এক গভীর, নিশ্ছিদ্র ঘুমে তলিয়ে গেল।
বেলা গড়িয়ে অনেক হলো। ঘড়ির কাঁটা কতটা পথ পেরিয়েছে, জানালার ভারী পর্দা টানা থাকায় তা বোঝার কোনো উপায় ছিল না। ঘর অন্ধকার হয়ে এসেছে।
অনুর ঘুমটা ভাঙল আচমকা এক তীব্র, কর্কশ শব্দে।
ঘুমের ঘোরে প্রথমে সে ভেবেছিল বোধহয় কোনো স্বপ্ন দেখছে। কিন্তু পরক্ষণেই বুঝতে পারল, ঘরের কাঠের ভারী দরজাটা ক্রমাগত কাঁপছে। বাইরে থেকে কেউ বা কারা সর্বশক্তি দিয়ে দরজায় ধাক্কাচ্ছে।
অনু ধড়মড় করে বিছানা থেকে উঠল। পায়ের কাছে পড়ে থাকা স্লিপার দুটো গলিয়ে নিয়ে সে অত্যন্ত সাবধানে মেঝেতে ছড়ানো ভাঙা কাচ মাড়িয়ে দরজার দিকে কিছুটা এগিয়ে গেল। তার বুঝতে আর বাকি রইল না যে, সারাদিন দরজা বন্ধ করে এভাবে মৃত মানুষের মতো ঘুমিয়ে থাকায় বাইরের মানুষজন চরম প্যানিকড হয়ে গেছে। আর এখন দরজা ভাঙার চেষ্টা চলছে।
অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ গেল ঘরের চারপাশে—দিনের আলো ফুরিয়ে আসায় ভাঙা কাচ আর ধ্বংসাবশেষগুলো অন্ধকারের মাঝেও এক ভৌতিক রূপ ধারণ করেছে। ঘরের এই শ্রীহীন অবস্থা বাইরে থেকে কেউ দেখলে কী ভাববে, সেই বোধটুকু এখন তার মাথায় এল।
কয়েক মিনিটের মাথায় বাইরে থেকে একটা প্রচণ্ড ধাক্কায় দরজাটা "দড়াম" করে খুলে গেলো। অনু সামান্য কেঁপে উঠল।
দরজা খুলতেই দেখা গেল, দরজার ওপাশে রীতিমতো একটা ছোটখাটো ভিড়। বাড়ির অর্ধেক মানুষ। রেজাউল তালুকদার, আজাদ তালুকদার, রুবিলা, মার্জানা হুরমুর করে কক্ষে প্রবেশ করল। কিন্তু ভেতরে পা রাখতেই সবার পায়ের গতি থমকে গেল। ঘরের ভেতরের নজিরবিহীন পরিস্থিতি দেখে উপস্থিত প্রত্যেকে একেবারে হতভম্ব, বাকরুদ্ধ হয়ে গেল।
রেজাউল তালুকদার সবার সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি কিছুটা রাগী এবং গম্ভীর স্বরে প্রশ্ন করলেন,
— "সেই দুপুর থেকে দরজা ধাক্কাচ্ছি। তোমার দরজা খোলার নাম নেই! চিন্তা আর টেনশনে দরজা ভাঙার জন্য শেষ পর্যন্ত লোক ডাকতে হলো। আর... আর ঘরের এই অবস্থা কেন? চোর-ডাকাত এসেছিল নাকি?"
অনু চরম অস্বস্তি আর আড়ষ্টতা বোধ করল। রাগের মাথায় যখন সে ভাঙচুর করছিল, তখন পরিণতির কথা ভাবেনি। এখন পুরো বাড়ির সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে তার নিজের হাত-পা ঠাণ্ডা হয়ে আসছে। এখন ওর কী হবে? দাদাজির এই গম্ভীর রূপ সে আগে দেখেনি।
অনুকে এভাবে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মার্জানা তালুকদার গম্ভীর গলায় প্রশ্ন করলেন,
— "কী করছিলে সারাদিন ঘরের মধ্যে? দুপুর গড়িয়ে বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামতে চলল, সেই খেয়াল আছে? এই বাড়িতে এসেছ পর্যন্ত প্রতিটা মানুষকে পেরেশানিতে একদম কুপোকাত করে ফেলেছ!"
অনু এবারও চুপ করে রইল। রাগের মাথায় যা চরম অকাজ সে করেছে, তাতে বড় গলা করে কথা বলার মতো বিন্দুমাত্র সাহস বা মুখ তার ছিল না। অত্যন্ত নিচু স্বরে বলল,
— "সরি। আসলে... ঘুমিয়ে গিয়েছিলাম।"
— "মশকরা পেয়েছ? ঘুমিয়ে গিয়েছিলে ভালো কথা, তা ঘরের এই অবস্থা কেন? এগুলো কীভাবে হলো?"
অনুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে এবার হাত কচলাতে কচলাতে, অপরাধীর মতো মাথা নুইয়ে বলল,
— "আমি... আমি ভেঙেছি।"
আজাদ তালুকদার চুপচাপ সব পর্যবেক্ষণ করছিলেন। ডক্টর তাকে বলেছিলেন অনুর মানুষিক অবস্থা খুবই ভয়াবহ। তাই তিনি অনুর এইসব কর্মকান্ড সামাল দেওয়ার চেষ্টায় বললেন,
—" আমরা বাইরে গিয়ে কথা বলি? এখানে দাড়িয়ে থাকাটাও বিপদজনক। পায়ে কাচ ফুটে যেতে পারে।
কথা বলেই তিনি সবাইকে তাড়া দিয়ে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। অনু রুবিলার সাথে সাথে গেলো। ভয়ে ওর বুকটা দুরুদুরু কাপছে।
কিছুক্ষণ পর চারজন মেড এলো ঘরে। প্রত্যেকের মুখের প্রচন্ড অসন্তোষ। একজন মাঝবয়সী মেড কিছুটা মেকি করুন সুরে বললো,
—" আগে তো খালি বড়ো ভাইজান এসে রাগ উঠলে ভাঙচুর করত, এখন তার মতনই এক হিটলার বউ জুটেছে! এই মেয়ে তো দেখি বড়ো ভাইজানের চেয়েও এক কাঠি ওপরে। ওনারা রাগের চোটে ভাঙচুর করে মনের খায়েশ মেটাবেন, আর এই আপদ পরিষ্কার করতে করতে আমাদের হাড়মাস কালি হবে। নতুন ফার্নিচার সাজাতে সাজাতে তো জান বের হয়ে যাবে আমাদের! আল্লাহ, তুমি এই আপদ থেকে আমাদের মুক্তি দাও!"
#চলবে
।