#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৩
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
[⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔]
রিজভী নিজেই এবার ভেতরে ভেতরে চরম বেকুব বনে গেল। মনে মনে সে ভেবেছিল, এই ভয়ংকর পরিস্থিতিতে যেকোনো সাধারণ মেয়ে লজ্জায় আর ভয়ে চোখ বন্ধ করে ফেলবে কিংবা চিৎকার করে ওয়াশরুম থেকে পালিয়ে বাঁচবে। কিন্তু এই মেয়ে তো আচ্ছা রকমের একরোখা আর জেদি! রিজভীর নিজেরই এবার অস্বস্তি হতে লাগল।
এদিকে অনুর অবস্থা তখন কেরোসিন। ভেতরে ভেতরে দম আটকে মরি মরি ভাব ওর। লজ্জায়, অপমানে আর তীব্র ক্ষোভে পা দুটো যেন মাটির সাথে সেঁটে গেছে। এই জানোয়ার এতটা খবিশ হতে পারে, ও কল্পনাও করতে পারেনি।
ঠিক তখনই রিজভীর ভারী, গম্ভীর পুরুষালি কণ্ঠস্বর ভেসে এলো,
— "নির্লজ্জ বেহায়ো মেয়ের মতো এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে আছো কেন? বের হও ওয়াশরুম থেকে। পার্সোনাল কাজ করতে এসেও শান্তি নেই।"
অনুর যেন আকাশ থেকে পড়ার দশা! এই জানোয়ারটা নিজেই জোর করে ওয়াশরুমে এনে এত বড় নাটক সাজালো, আর এখন উল্টো তাকেই ধমকাচ্ছে? নিজে একেবারে ধোঁয়া তুলসী পাতা সেজে বসল! শালা ভণ্ডের ঘরের ভণ্ড! রাগ আর অপমানে অনুর পুরো শরীর রি রি করে উঠল। তবে পরক্ষণেই যখন খেয়াল হলো সে এই যাত্রায় নিজের শর্তে জিতে গেছে, তখন আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। তীব্র ক্ষোভ আর লজ্জার সংমিশ্রণে উল্টো ঘুরে এক ছুটে ওয়াশরুম থেকে বের হয়ে এলো ও।
কক্ষে পা রাখতেই এক ঝটকায় ওয়াশরুমের দরজাটা টেনে দিল। অনুর বুকটা তখন কামারের হাপরের মতো ওঠানামা করছে, কান দুটো গরমে ঝাঁ ঝাঁ করছে। ওখানেই ঠাঁই দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ-মুখ খিঁচে বন্ধ করে রাখল। ভয়ে, অপমানে ওর হার্টবিট তখন হাজার ছাড়িয়েছে। নিজেকে সামলাতে কয়েকটা গভীর শ্বাস নিল অনু। মনে মনে বলল,
— "আজকে বেঁচে গেছি আল্লাহ! কিন্তু এই সাইকোর সাথে আগামী নব্বই দিন আমি কীভাবে কাটাব?"
কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই অনু চট করে সোজা হয়ে দাঁড়াল। রিজভী চুলগুলো হাত দিয়ে সামান্য ঠিক করতে করতে শান্ত পায়ে ঘরটিতে প্রবেশ করল। তার চোখে-মুখে একটু আগের ঘটনার কোনো আবেশই নেই, যেন কিছুই হয়নি।
সে অনুর মুখোমুখি দাঁড়িয়ে, পকেটে হাত গুঁজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। শীতল গলায় বলল,
— "শর্তে জিতে গেছ, স্বীকার করছি। তবে মনে রেখো, রিজভী তালুকদারের ছায়ার সাথে থাকাটা যতটা সহজ ভাবছ, পরিণতি তার চেয়েও অনেক বেশি ভয়ংকর হতে পারে। এইরকম মিনি হার্ট অ্যাটাক রোজ তোমার সাথে হবে। দেখি কতদিন এখানে থাকার ইচ্ছে বজায় থাকে তোমার।"
— "যে নিজের ইজ্জত হেফাজত করতে পারে না, বেগানা নারীর সামনে ইজ্জত মেলে ধরতে চায়, তার থেকে আর কী-ই বা এক্সপেক্ট করতে পারি আমি?"
— "বেগানা নারী কোথায়..."
রিজভীর মুখের কথা কেড়ে নিয়ে অনু তেতে উঠে বলল,
— "একদম বউ বলতে আসবেন না। ওই বা*লের বিয়ে আমি মানি না।"
রিজভী দাঁত কিড়মিড় করে জবাব দিল,
— "মনে হচ্ছে আমি মেনে বসে আছি? তোমাকে তো ডিভোর্স দিয়ে বিদায় করতে পারলে আমি বাঁচি। তো তুমি কোন অধিকারে এই বাড়িতে থাকতে এসেছো, একবার ভেবে দেখো তো!"
অনু আমতা আমতা করে বলল,
— "ও...ওই যে... সৎ-চাচাতো ভাই হন আপনি, ওইটাই... আমি আপনাকে জামাই হিসেবে মানি না।"
— "তাহলে ওই অধিকারেই থাকো। লেট ডিভোর্স আমার সহ্য হচ্ছে না। এখনই দিয়ে দেই ডিভোর্স।"
অনু যেন নিজের বলা কথাতেই নিজে ফেঁসে গেল। এখন ডিভোর্স হলে অনুর সকল পরিকল্পনা ভেস্তে যাবে। পরিস্থিতি সামাল দিতে অনু বলল,
— "বলেছি না, সুষ্ঠু আইনি উপায়ে ডিভোর্স হবে? আর আমরা তো একে অপরকে স্বামী-স্ত্রী বলে মানি না। তাহলে তো সৎ-চাচাতো ভাই-বোনের মতোই থাকতে হবে। ভাই বোন।
— "তোমার কথা আমার কেন শুনতে হবে?"
অনু কথার খৈ হারাল। কিছুক্ষণ চুপ থেকে বলল,
— "রিজভী তালুকদার কি আমাকে ভয় পাচ্ছে?"
রিজভী কটমট করে তাকাল। গম্ভীর, শীতল কণ্ঠে প্রত্যুত্তর করল,
— "পথিক কাদাকে এড়িয়ে চলে নিজের কাপড় পরিষ্কার রাখতে, আর কাদা ভাবে পথিক কাদাকে ভয় পাচ্ছে।"
অনু বিস্ফোরিত নয়নে তাকাল। তর্জনী উঁচিয়ে কণ্ঠে কিছুটা ঝাঁজ এনে বলল,
— "আপনি আমাকে কাদার সাথে তুলনা করলেন?"
— "কাদা তো কাদাই।"
— "একদিন এই কাদায় ডুবিয়ে মারব আপনাকে। সেদিন পালিয়ে কূল পাবেন না।"
রিজভী অনুর কথায় পাত্তা না দিয়ে বলল,
— "সৎ-চাচাতো বোনের সাথে এভাবে এক বাড়িতে থাকলে আমার চরিত্রে কলঙ্ক লাগলে একদম জানে মেরে দেব।"
— "আপনার চরিত্র আছে?"
— "তোমার থেকে ফ্রেশ আমার চরিত্র। তোমার চরিত্রে তো কলঙ্ক লেপ্টে আছে।"
— "কলঙ্কের দাগ তো আপনিই লাগিয়েছেন।"
রিজভী অনুর কথায় কান না দিয়ে ভ্রু কিছুটা উঁচিয়ে বলল,
— "আমার বাড়িতে থাকতে হলে ফ্রি ফ্রি থাকতে পারবে না।"
অনু কপাল গোটাল। রমণীর চোখজোড়াতে কোনো অস্থিরতা নেই। স্বাভাবিক স্বরে বলল,
— "কীভাবে থাকতে হবে?"
— "বাড়ি ভাড়া দিয়ে থাকতে হবে। আর বাড়ির সব কাজ করতে হবে তোমাকে।"
— "বললেই হলো? আমি এই বাড়িতেই থাকব, তাও কোনো রকম ভাড়া না দিয়ে এবং কাজ না করেই।"
— " আমি থাকতে দেবো না।
—" আমি থাকবোই।
—" পারবে না।
—" থেকে দেখিয়ে দেবো।
কথাটা বলেই অনু কক্ষ থেকে বেরিয়ে যেতে চাইল, তখনই রিজভীর গুমোট কণ্ঠস্বর অনুর কানে এসে বাড়ি খেল,
— "আমার বাড়িতে থেকে আমাকেই মারতে এসেছ? বোকাসোকা মিস অনুরিমা তালুকদার!"
অনুর গতিশীল পা জোড়া থমকে গেল। ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে রিজভীর দিকে তাকাল। মানবের চতুর ও বিচক্ষণ ক্ষমতায় সে কিঞ্চিৎ বিস্মিত হলো। দুজন দুজনের চোখে নিশ্চুপ কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর রিজভী ফের বলল,
— "আমাকে ধ্বংস করতে এসো না, নিজে ধ্বংস হয়ে যাবে। আগেও বলেছি; ইউ আর আ লিটল রেইনড্রপ। রিজভী তালুকদার নামক আগুন নেভাতে পারবে না।"
অনু মৃদু হেসে শান্তভাবে বলল,
— "আপনার মতে আমি কাদা আর আপনি দাবানল? হাহ! মনে রাখবেন, আগুন কাদাকে যত পোড়াবে, কাদা ততই শক্ত হয়ে উঠবে। তাই ভুলেও আমাকে পোড়াতে আসবেন না। পরে কংক্রিটের আঘাত সহ্য করতে পারবেন না।"
অনু ঘুরে হনহনিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। রিজভী পকেটে হাত গুঁজে ওর যাওয়ার পানে তাকিয়ে মনে মনে আওড়াল,
— "নব্বই দিন তো দূর, এমন জ্বালানো জ্বালাব যে নয় ঘণ্টা পরেই বাপ বাপ করে পালাবি!"
,
লিভিং রুমে নিখিল আর স্নেহা বসে আছে। চারপাশে থমথমে নিস্তব্ধতা। অনু ধীর পায়ে লিভিং রুমে এসে ওদের সামনে দাঁড়াল। নিখিল মাথা তুলে প্রশ্ন করল,
— "কনভিন্স করতে পারলে?"
অনু আলতো করে মাথা নেড়ে 'হ্যাঁ' বোঝাল। নিখিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
— "তাহলে আমরা এখন আসি। কোনো সমস্যা হলে ফোন কোরো কিন্তু।"
— "আচ্ছা।"
অনুর থেকে বিদায় নিয়ে নিখিল হাঁটা ধরল। স্নেহাও চুপচাপ কাউচ থেকে উঠে দাঁড়াল। অনুর এবার খেয়াল হলো স্নেহা কেমন গম্ভীর হয়ে আছে। অনু কিছুটা দ্বিধা নিয়ে প্রশ্ন করল,
— "কিছু হয়েছে স্নেহা?"
স্নেহা একটু হেসে জবাব দিল,
— "না।"
— "ওহ, পৌঁছে ফোন দিয়ো।"
— "আচ্ছা।"
এরপর স্নেহাও চলে গেল। তখনই সেখানে নাভান উপস্থিত হলো। নাভান চোখ-মুখ কুঁচকে বলল,
— "ভাবি, আপনি যাবেন না?"
অনু আড়চোখে তাকাল সেদিকে। মেকি হেসে জবাব দিল,
— "না দেবরজি, আমি এখানেই থাকছি।"
— "ভাইয়াকে কী জাদুটোনা করেছেন বলুন তো? যার কারণে ভাইয়া আপনাকে এখানে থাকতে দিতে রাজি হয়ে গেল!"
অনু ভ্রু কুঁচকে তাকাল।
— "এটা পাড়ার আন্টি সমাজের ডায়লগ না?"
নাভান মেকি হেসে বলল,
— "আমি পাড়ার আন্টি সমাজ না ভাবিজি, আপনার ঘরের দেবর সমাজ।"
অনু মুখ বাঁকিয়ে বললো,
— "আমার ঘরটা দেখিয়ে দিন।"
— "আসুন।"
কথাটা বলেই নাভান হাঁটা ধরল। পেছন থেকে অনু চেঁচিয়ে উঠল,
— "আমার লাগেজ কে নেবে?"
নাভান কপাল কুঁচকে একজন গার্ডকে ইশারা করতেই সে এগিয়ে এসে লাগেজ হাতে হাঁটা ধরল।
এদিকে স্নেহা বড় বড় পা ফেলে নিখিলের পিছু নিল। কণ্ঠ কিছুটা চড়িয়ে আবদারের সুরে বলল,
— "চলুন না, বিচে গিয়ে একটু বসি। চাঁদের আলোয় সমুদ্র দেখব।"
নিখিল না ফিরেই গম্ভীর কণ্ঠে বলল,
— "সোজা বাড়ি যাব। ডানে-বামে তাকানোর কথা একদম বলবি না।"
নিখিলের রাশভারী কণ্ঠে স্নেহার চোখেমুখে মেঘ জমে উঠল। বাড়ির দমবন্ধকর পরিস্থিতি থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে জোর করে এই অবদি আসলো। অথচ নিখিলের জন্য তা-ও হচ্ছে না। কেমন কুমড়ো পটাসের মতো মুখ করে আছে!
নিখিল গাড়ির কাছে গিয়ে দেখলো স্নেহা গেটের কাছেই দাঁড়িয়ে আছে। বিরক্ত হয়ে বলল,
— "আই সোয়্যার স্নেহা! আর একটুও ঘাড়ত্যরামি করলে তোকে রেখেই চলে যাব আমি।"
— "আমি বিচে যাব।" — স্নেহার কণ্ঠে জেদ।
নিখিল ফোঁস করে শ্বাস ফেলল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,
— "তোর বোরকা নেই? বোরকা পরতে পারিস না?"
স্নেহা ভ্রু কুঁচকে তাকাল। কিসের মধ্যে কী বলছেন এই লোক? সংক্ষেপে উত্তর দিল,
— "না।"
— "তা থাকবে কেন? নিজের সৌন্দর্য দেখিয়ে বেড়াতে খুব আনন্দ লাগে তাই না? তোকে কতোবার বলেছি বোরকা পড়তে ভালো না লাগলে অন্তত হিজাব পড়বি।
— " মাইগ্রেনের সমস্যার জন্যই তো হিজাব পড়তে পারি না।
নিখিল ফোঁস করে একটা শ্বাস ফেললো।
— "তাহলে বাড়ি থেকেই বের হবি না।
— " (.......)
— "গাড়িতে এসে বোস।"
— "আমি বিচে যাব।"
— "গাড়িতে এসে বসতে বলেছি, স্নেহা!"
— "বললাম না, আমি বিচে যাব!"
— "তোকে সর্গে রেখে আসি?
— " না আমি বিচেই যাবো।
নিখিল এবার আর নিজেকে সামলাতে পারল না।
ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে এগিয়ে এসে স্নেহার কবজিটা শক্ত করে চেপে ধরলো। স্নেহা ব্যথায় ককিয়ে উঠলেও নিজের জেদ থেকে এক চুল নড়ল না।
— "ছাড়ুন আমাকে! আমি যাব না মানে যাব না!"
স্নেহা হাত মোচড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল।
নিখিল দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল।
— "চুপচাপ গাড়িতে বোস, স্নেহা! তোকে থাপ্পড় মারতে বাধ্য করিস না।
নিখিল স্নেহার কোনো আপত্তির তোয়াক্কা না করে তাকে টেনেহিঁচড়ে গাড়ির দিকে নিয়ে গেল। স্নেহা মাটিতে পা ঘষে নিজেকে আটকানোর চেষ্টা করল, কিন্তু নিখিলের পুরুষালি শক্তির সামনে তার সব প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে গেল। নিখিল এক ঝটকায় গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে স্নেহাকে ভেতরে একপ্রকার ছুড়ে ফেলল এবং সে যেন বের হতে না পারে, সেজন্য ক্ষিপ্র হাতে দরজাটা আটকে নিজে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসল।
গাড়ি স্টার্ট নিতেই স্নেহা সিটে সোজা হয়ে বসেই পাগলের মতো দরজার লক খোলার জন্য ছটফট করতে লাগল।
— "নামিয়ে দিন আমাকে! আমি আপনার সাথে এক সেকেন্ডও থাকব না! লক খুলুন বলছি!"
বলতে বলতেই স্নেহা দরজার হ্যান্ডেল ধরে হ্যাঁচকা টান দিতে লাগল। নিখিল হিসহিসিয়ে বললো,
— "স্নেহা, মাথা গরম করিস না! গাড়ি এখন স্পিডে আছে।
কিন্তু স্নেহা তখন হিতাহিত জ্ঞান শূন্য। নিখিলকে বুড়ো আঙুল দেখিয়ে সে দরজার লকটা লক-আনলক করতে করতে হুট করেই সজোরে হ্যান্ডেল টেনে ধরল। দরজাটা সামান্য খুলে গেল এবং বাইরের তীব্র বাতাস গাড়ির ভেতর আছড়ে পড়ল। স্নেহা চলন্ত গাড়ি থেকেই নিচে লাফ দেওয়ার জন্য দরজার দিকে ঝুঁকে পড়ল।
— "স্নেহা! আর ইউ ম্যাড?"
নিখিলের বিচলিত হলো না। সে এক হাত দিয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে, অন্য হাত বাড়িয়ে স্নেহার হাতটা খপ করে চেপে ধরল। গাড়ির গতি তখন বেশ জোরে।
— "ছাড়ুন! মরে গেলে আপনার কী? আমি নামব!" স্নেহা দরজার বাইরে অর্ধেক শরীর ঝুঁকিয়ে দিয়ে পা বাড়িয়ে দিল, তার ঘাড়ত্যরামির তখন শেষ সীমা।
একহাতে স্টিয়ারিং সামলানো আর অন্যহাতে ছটফট করতে থাকা স্নেহাকে সামলানো কষ্ট হয়ে উঠছিল। বলা বাহুল্য স্নেহার চেয়ে শতগুণ জেদ নিখিলের। স্নেহা স্রোতের সোজা দিকে চললে নিখিল তার উল্টো দিকেই চলবে। এইযে এখন স্নেহার ওপর জেদ খাটিয়ে গাড়ি চালানো থামাচ্ছে না। স্নেহাকে একটা উচিৎ শিক্ষা না দিয়ে গাড়ি থামালে নিখিলের জাত যাবে কীনা!
স্নেহা নিখিলের থেকে নিজেকে ছাড়াতে ছটফট করতে থাকলো। গাড়ির ঝাকিতে সে এদিকওদিক চলে যাচ্ছে। নিখিল শক্ত করে ধরে রাখায় সে গাড়ি থেকে পড়ে যাচ্ছে না। তবে চলন্ত গাড়িতে এইভাবে কতোক্ষণব্যাপী টিকে থাকবে তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।
আচমকা কিছু একটা ভেবে নিখিল স্নেহার হাত আলগা করে স্টিয়ারিংয়ে দুই হাত ফিরিয়ে নিল।
হাত ছুটতেই ভারসাম্য হারিয়ে স্নেহা চলন্ত গাড়ি থেকে ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে থাকা একটা বিশাল বালুর স্তুপের ওপর। বালু হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটল না। তবে গাড়ির জড়তার কারণে গোড়ালিতে প্রচন্ড ব্যাথা পেয়েছে।
নিখিল সজোরে ব্রেক কষল। গাড়িটা একটু দূরে গিয়ে থামল। নিখিল গাড়ি থেকে নেমে স্বাভাবিক পায়ে স্নেহার দিকে এগিয়ে গেল। চোখমুখ রাগে লাল হয়ে আছে।
স্নেহা ততক্ষণে বালুর স্তুপ থেকে কোনো রকমে কনুইয়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। সারা শরীরে বালু মাখামাখি, চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। কনুই আর হাঁটুতে সামান্য ছিলে যাওয়ার তীব্র জ্বালা। নিখিলকে এগিয়ে আসতে দেখে সে রাগে দিকশূন্য হয়ে উল্টো দিকে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা ধরল।
নিখিল দুই এক পদক্ষেপে স্নেহার সামনে গিয়ে ওর পথ আগলে দাঁড়াল এবং ওর একটা হাত ধরে নিজের দিকে টানল।
— "গাদ্দারের সাথে গাদ্দারি করতে আসলে ফল এমনই হবে। সোজা গাড়িতে ওঠ।
— "যাবো না আমি! মরে গেলেও আমি আপনার গাড়িতে উঠব না। দরকার হলে হেঁটে বাড়ি যাব, তাও আপনার মুখ দেখব না!" স্নেহা হাতটা ঝাড়া দিয়ে ছাড়ানোর চেষ্টা করল, তার চোখ দিয়ে তখন টলমল করে জল গড়িয়ে পড়ছে।
নিখিল আর একটা বাক্যও খরচ করল না। সে আচমকা নিচু হয়ে স্নেহাকে কাধে তুলে নিলো।
— "ছাড়ুন! নামান আমাকে! কী হচ্ছে কী এসব?!"
স্নেহা নিখিলের পিঠে কিল-ঘুষি মারতে লাগল।
নিখিল যেন এক জীবন্ত পাথর। স্নেহার কোনো আঘাতই তার গায়ে লাগল না। সে বড় বড় পা ফেলে গাড়ির কাছে এসে ব্যাক সিটের দরজাটা এক হাতে টান দিয়ে খুলল এবং স্নেহাকে ব্যাক সিটে ছিটকে ফেলে দিল। স্নেহা সোজা হয়ে বসার আগেই নিখিল দড়াম করে ডোর আটকে দিল এবং চাইল্ড লক অন করে দিল যাতে ভেতর থেকে কোনোভাবেই আর খোলা না যায়।
নিখিল দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে বসে সেন্ট্রাল লক চেপে গাড়ি স্টার্ট দিল। পেছনের সিট থেকে স্নেহার অবিরত কাচ চাপড়ানোর আর কান্নার শব্দ আসতে লাগল, কিন্তু নিখিল এবার আর পেছনে ফিরেও তাকাল না। তার চোয়াল শক্ত, দৃষ্টি সামনের অন্ধকার পিচঢালা রাস্তায়।
*
রাত তখন দুটো। হুট করেই আকাশে ঘন কালো মেঘ জমা হয়েছে। বৃষ্টি এখনো নামেনি, তবে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে তীব্র বেগে। মেঘের গুরুগম্ভীর গর্জন আর সমুদ্রের উত্তাল গর্জন মিলেমিশে চারপাশে এক লোমহর্ষক পরিস্থিতির সৃষ্টি করেছে।
অনু নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ছিল। নামাজ শেষে সেজদায় লুটিয়ে পড়ে কণ্ঠের সবটুকু আকুলতা, অসহায়ত্ব আর অভিযোগ ঢেলে অনেকক্ষণ ধরে নিজের প্রয়াত বোনের জন্য দোয়া করল ও। মেয়েটা কোন পাপে যে এমন জঘন্য মৃত্যুর শিকার হলো, তার হিসেব আজও অনু মেলাতে অক্ষম। নিজের মনের সমস্ত দুঃখ-কষ্ট আর ভেতরের রক্তক্ষরণ সেজদাতেই উজার করে দিয়ে অনু মাথা তুলে বসল। চোখের পানিতে ওর পুরো মুখমণ্ডল ভিজে উঠেছে। জায়নামাজে বসেই ও শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঠিক তখনই হুট করে পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল।
চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেতেই অনু অস্থির হয়ে জায়নামাজ থেকে উঠে দাঁড়াল। তখনই আকাশ চিরে তীব্র এক আলোর ঝলকানিতে বজ্রপাত হলো। সেই ক্ষণস্থায়ী আলোয় পুরো ঘরটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই অনুর চোখ গেল জানালার দিকে। জানালার কাচ ভেদ করে ওর দৃষ্টি আটকে গেল বাইরের একটি কালো অবয়বের ওপর। দীর্ঘ সেই অবয়বটির পরনে কুচকুচে কালো রঙের একটি 'লং ভেলভেট ওভারকোট হুডি'। আর তার পুরো মুখটা ঢাকা এক সাদা মুখোশে।
মুহূর্তেই অনুর মেরুদণ্ড বেয়ে এক শীতল রক্তস্রোত বয়ে গেল। সহসা পুরো ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল। পরপর আরও দুবার বজ্রপাত হলো, কিন্তু অনু সেই আলোয় জানালার পাশে ওই কালো অবয়বটিকে আর দেখতে পেল না। মনের ভেতর এক অজানা, হিমশীতল ভয় জেঁকে বসল ওর। অন্ধকারের মাঝেই ও গুটিগুটি পায়ে কিছুটা এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় আউড়ালো—
— "কে... কে ওখানে?"
কোনো সাড়া-শব্দ এলো না। অনুর মনে হলো, হয়তো ও ভুল দেখেছে—মনের বিভ্রম। কিন্তু অশান্ত মনকে শান্ত করতে আর বিষয়টিকে যাচাই করতে ও আরও কয়েক কদম এগিয়ে গেল। ঠিক তখনই ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, ওর খুব কাছেই কেউ একজন দাঁড়িয়ে আছে! ভয়ে ভয়ে ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই আবারও তীব্র বজ্রপাত হলো। আর সেই আলোয় ও ঠিক নিজের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখল সেই নিরেট কালো অবয়বটিকে। মাথায় হুডি তোলা, আর পুরো মুখটা ঢাকা সেই নিষ্পাণ সাদা মুখোশে!
অনু চিৎকার করার সুযোগটুকুও পেল না। অবয়বটি অতর্কিতে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র সেই আঘাত থেকে বাঁচতে অনু অন্ধকারের মাঝেই ছিটকে সরে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু কোনো কিছুর সাথে পা বেধে ভারসাম্য হারিয়ে মেঝেতে উল্টে পড়ে গেল ও।
ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। অনুর ঘরে একটি ম্লান ডিম লাইট জ্বালানো ছিল, বিদ্যুৎ আসায় সেটি ধপ করে জ্বলে উঠল। তবে এইটুকু আবছা ও অনুজ্জ্বল আলোয় মুখোশধারীর আসল পরিচয় নির্ণয় করা অনুর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াল।
সেই অজ্ঞাত মানব এবার অনুর দিকে ধারালো একটা চাকু হাতে ধীর পায়ে এগিয়ে আসতে লাগল। তীব্র আতঙ্কে অনুর গলা দিয়ে কোনো শব্দ ফুটল না, উঠে দাঁড়ানোর শক্তি তো বহু দূরের কথা। মেঝেতে কোনো রকমে হেঁচড়ে হেঁচড়ে পেছাতে লাগল ও। কিন্তু আততায়ী ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে ধারালো চাকুটা সজোরে অনুর পেটে বসিয়ে দিতে গেল। ঠিক শেষ মুহূর্তে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টায় অনু দুই হাত দিয়ে চাকুর নগ্ন ফলাটা খপ করে চেপে ধরল।
ধাতব চাকুর ধারালো ঘর্ষণে অনুর হাতের তালু কেটে চুইয়ে চুইয়ে তাজা রক্ত মেঝেতে পড়তে লাগল। ছুরির ডগাটা এখন অনুর পেট থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে থমকে আছে। ওপরে এক কালান্তক মৃত্যুরূপী মানুষ, আর নিচে অনু। তীব্র যন্ত্রণায় অনুর দম আটকে আসছে, চোখ ফেটে জল বেরিয়ে আসার উপক্রম। অনু নিজের শেষ শক্তিটুকু দিয়ে ছুরিটা আটকে রেখে আর্তনাদ করে শুধাল,
— "কে আপনি? কী চান আমার কাছে?"
কিন্তু সেই করাল মানবাকৃতির কাছ থেকে কোনো উত্তর এলো না। অনুর অজ্ঞাত মনে হানা দিলো এটা রিজভী না তো?
#চলবে
📌গল্প পড়ে রেসপন্স করবে সবাই 😑