#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_২২
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
এশার সময় হয়ে গেছে। অনু এতক্ষণ ধরে চিৎকার করে আর দরজা ধাক্কাতে ধাক্কাতে এখন একদম নেতিয়ে পড়েছে। ওর মনে একটা তীব্র ভয় জেকে বসেছে—রিজভী তাকে এভাবে ঘরবন্দী করে রাখবে না তো? যদি তাই হয়, তবে এতদিন ধরে মনে মনে সাজানো অনুর প্রতিটা পরিকল্পনা জলে চলে যাবে। যেই পরিকল্পনা সাকসেসের জন্য অনুর বাড়ির বাহিরে যাওয়াটা খুব প্রয়োজন। ভয়ে অনুর বুকটা দড়ফড় করছে। তাছাড়া রিজভী মানুষটাও অদ্ভুত, খুব একটা বাড়িতে থাকে না। হুটহাট করে কোথায় যেন হারিয়ে যায়, আবার হুট করেই ফিরে আসে। আবার কখন চলে যায় তার ঠিক নেই। তাই অনু রিজভী থাকাকালীন তার মন গলানোর বৃথা চেষ্টা করেছে এতোক্ষণ যাবত। এখন হাঁপিয়ে উঠেছে।
দরজা ধাক্কানোর মতো শক্তি এখন আর অনুর শরীরে অবশিষ্ট নেই, গলাটাও শুকিয়ে কাঠ হয়ে এসেছে। এতক্ষণ দরজার সামনেই মেঝেতে জেবড়ে বসে ছিল ও। এবার কোনোমতে উঠে বেডসাইড টেবিলের দিকে এগিয়ে গেল পানি খাওয়ার জন্য। কিন্তু টেবিলের কাছে গিয়েই থমকে দাঁড়াল ও। পানির জগটা যে সম্পূর্ণ খালি!
রিজভী কি তবে অনুকে এভাবে আটকে রেখে, না খাইয়ে মারবে নাকি? কিন্তু পরক্ষণেই নিজের মনকে শান্ত করল ও। লোকটা তো এযাবৎ অনুর খাবার-দাবারের বিষয়ে কোনো খামখেয়ালি করেনি। একদম সময়মতো মেড এসে ঘরের ভেতর খাবার আর পানি দিয়ে যায়; অনুকে নিজে থেকে কিচ্ছু করতে বা চাইতেও হয় না। এই তো গত কয়েকটা দিন, হাতে ব্যান্ডেজ থাকায় মেড নিজে তাকে খাইয়ে দিয়ে গেছে, অনুকে হাত দিয়েও খেতে হয়নি। কিছুই করা লাগেনি তার। তবে আজ এমন হচ্ছে কেন? চরম দুশ্চিন্তায় অনু খাটের ওপর চিত হয়ে হাত-পা ছুড়ে শুয়ে পড়লো। এসির বাতাসও এই মুহূর্তে তার ভেতরের ছটফটানিকে একটুও স্বস্তি দিতে পারছে না। তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে ও ফিনফিনে পাতলা ওড়নাটা গা থেকে টেনে দূরে ছুড়ে মারলো। ঠিক তখনই খোলা জানালা দিয়ে আসা এক দমকা হাওয়ায় ওড়নাটা উড়ে গিয়ে ঘরের দূরবর্তী মেঝেতে পড়লো।
কেটে গেল বেশ খানিকটা সময়। হঠাৎ দরজার খোলার খটখট শব্দে অনুর হালকা ঘুমের রেশটুকু কেটে গেল। ধড়ফড় করে ঘাড় বেঁকিয়ে দরজার দিকে তাকাতেই দেখল—রিজভী দাঁড়িয়ে।
রিজভীকে দেখামাত্রই অনু বিছানা থেকে লাফিয়ে উঠল। ঘুম-ঘুম ঝাপসা দৃষ্টিতে চোখ কচলে সামনে তাকাতেই খেয়াল করল, রিজভীর হাতে একটা কাচের গ্লাসে সবুজ রঙের কোনো তরল। অনু জিজ্ঞাসু ও ক্ষুব্ধ দৃষ্টিতে তাকাল। রিজভীও অনুর দিকে তাকিয়ে সামান্য ভ্রু কুঁচকাল।
সামনের ওড়নাহীন সাদা সালোয়ার-কামিজ পরা রমণী দাড়িয়ে, চুলগুলো উষ্কখুষ্ক হয়ে ছড়িয়ে আছে চারদিকে। রিজভী অনুকে ওপর-নিচ তীক্ষ্ণ দৃষ্টিতে স্কান করে গম্ভীর কণ্ঠে বলল,
--- তোমার চেয়ে বেদেরাও ঢের পরিপাটি থাকে।
অনু রিজভীর উপহাসকে পাত্তাই দিল না। তীব্র উৎকণ্ঠা আর ক্ষোভ নিয়ে বলল,
--- আপনি আমাকে এভাবে ঘরে আটকে রেখেছিলেন কেন? এদিকে আমি পানির পিপাসায় মরে যাচ্ছি, ঘরে এক ফোঁটা পানি পর্যন্ত নেই!
রিজভী অনুর কথা না শোনার ভান করে নির্বিকার ভঙ্গিতে উল্টো প্রশ্ন করল,
--- তোমার ওড়না কোথায়?
অনু এবার আড়চোখে রিজভীর দিকে তাকাল। ওড়নাহীন এই অবস্থায় তার নিজের ভেতর কোনো অস্বস্তির ছিটেফোঁটাও নেই। থাকবেই বা কেন? সে তো বরাবরই ওড়না ছাড়া চলতেই অভ্যস্ত। বিয়ের পর তার মা বারবার করে সতর্ক করে দিয়েছিলেন, 'শ্বশুরবাড়িতে এমন আলুথালু হয়ে চলাফেরা করা চলবে না।' মায়ের সেই কথা রাখতেই তো ল্যাগেজ ভর্তি করে সব 'সুশীল' পোশাক-আশাক নিয়ে এসেছে সে।
অনু সরাসরি রিজভীর চোখের দিকে তাকাল। উত্তাল সমুদ্রের মতো গভীর নীল চোখজোড়ায় এক অদ্ভুত, জমাট বাঁধা শীতলতা রয়েছে। ঘন ভ্রু আর ফর্সা মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি—যে কোনো মেয়ের চোখেই যা এক পশলা মুগ্ধতা এনে দেওয়ার জন্য যথেষ্ট। তবে অনুর চোখেমুখে বিরক্তি ভাব ফুটে উঠলো। সে কড়া গলায় জবাব দিল,
--- ওড়না দিয়ে শুঁটকি ভর্তা বানিয়ে আপনাকে খাওয়াব, তাই ধুয়ে মুনলাইটে শুকাতে দিয়েছি!
--- আরে বাহ, বিশ্ব দেখছি আধুনিকতার শীর্ষে পৌঁছে গেছে। মুনলাইটে ওড়না শুকিয়ে ওড়না শুঁটকি ভর্তা বানানো যাচ্ছে। বাট আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ওড়না শুঁটকি।
--- আপনার ইন্টারেস্ট কিসে তাহলে? গু-য়ে? তাহলে ওটাই শুটকি বানিয়ে খান গে!
কথাটা বলেই অনু উল্টো দিকে ঘুরে দাঁড়াল। ঠোঁট দিয়ে জিভ কেটে চোখমুখ খিঁচিয়ে দাঁড়াল রমণী। এ জীবনে অনু ওর মুখের লাগাম টানতে পারবে বলে মনে হয় না। অনু অনুভব করল ওর ঠিক পেছনে, একদম কাছাকাছি রিজভী দাঁড়িয়ে আছে। ভয়ে অনুর হৃৎস্পন্দন বেড়ে গেল। রিজভী হাতের কাচের গ্লাসটা শক্ত মুঠোয় চেপে ধরল। ভেতরের রাগটা চেপে চোয়াল শক্ত করে ধারালো কণ্ঠে বলল,
--- হোয়াট দা ফা*ক! তুমি কতটা ফুলিশ কোনো আইডিয়া আছে তোমার? আর যা এক্সিস্টই করে না, তা নিয়ে এত অ্যারোগেন্স কেন?
অনু এবার ঘুরে দাঁড়াল। রিজভীর খোঁচাটা ও হজম করতে পারল না। এক হাত কোমরে ঠেকিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
--- কী নেই আমার?
রিজভীও ক্ষণিকের জন্য অনুর উন্মুক্ত গ্রীবা থেকে নিজের নজর সরিয়ে নিল। তারপর অন্যদিকে শূন্য দৃষ্টি রেখে শান্ত স্বরে বলল,
--- কোনোটাই নেই।
রিজভীর কথা বোধগম্য হলো না অনুর। ফের প্রশ্ন করলো,
--- একাধিক কিছু?
রিজভী অনুর দিকে তাকালো। হাতের উল্টোপিঠ দিয়ে নাক ঘষে হাসি চেপে গম্ভীর কন্ঠে জবাব দিলো,
--- ত্রিমাত্রিক কিছু!
--- মানে? কি বোঝাতে চাচ্ছেন আপনি?
রিজভী উত্তর দিলো না। কথা ঘুড়িয়ে বললো,
--- তোমার তৃষ্ণা পেয়েছে বললে। এই দেখো তোমার জন্য স্পেশাল করলার জুস এনেছি। উইথ..
অনু রিজভীর কথা সম্পূর্ণ করতে দিলো না। চোখদুটো খিঁচে বিতৃষ্ণা নিয়ে বললো,
--- তৃষ্ণা পেলে মানুষ পানি খায়। করলার জুস না। ওটা নিজের মুখে ঢালুন!
রিজভী এক পা এগিয়ে এলো। ভাবলেশহীন ভাবে উত্তর দিলো,
--- আমি কোনো অপশন দিইনি তোমাকে। যা করতে বলেছি করো।
--- আমি খাব না মানে খাব না!
অনুর ছটফটানি দেখে রিজভী আলতো করে অনুর মাথাটা ধরে ঘোরাল। ঘরের কোণে রাখা বড় খাঁচাটার দিকে ওর চোখ গেল। খাঁচার ভেতরে বসে থাকা বিড়াল 'নিক্স' তখন থাবা চাটছিল। রিজভী শীতল চোখে নিক্সের দিকে তাকিয়ে খুব শান্ত। স্বরে বলল,
--- নিক্স সেইদিন তোমার কি অবস্থা করেছিলো মনে আছে? এটা চুপচাপ খেয়ে নাও, নয়তো পরের বার এর চেয়েও খারাপ কিছু হবে।
রিজভীর ঠান্ডা হুমকিতে অনুর শিরদাঁড়া বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। এই লোকটা মুখে যা বলে, তা করতে এক সেকেন্ডও দ্বিধা করে না, এটা অনুর জানা। ভয়ে অনুর হাত-পা কাঁপতে লাগল; আড়চোখে ও ঘর থেকে পালানোর পথ খুঁজতে থাকল। ও ঢোক গিলে রিজভীর দিকে তাকাল। রিজভীর চোয়াল শক্ত হয়ে আছে। অনু গুটিগুটি পায়ে আচমকা রিজভীর পাশ কাটিয়ে দৌড় দিতে গেলেই রিজভী ওর এক হাত শক্ত করে চেপে ধরল। অনু হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে মিনমিনিয়ে বলল,
--- আমাকে এইসব খাওয়াচ্ছেন কেন? আমি এই তেতো জুস খেতে পারব না। কী বিশ্রী স্বাদ এটার, আআহ্...
রিজভী কোনো উত্তর দিল না। গ্লাসটা জোর করে অনুর হাতের মুঠোয় গুঁজে দিয়ে সেটা ওর মুখের কাছে চেপে ধরল। অনু বাঁকা চোখে একবার নিক্সের দিকে তাকাল। প্রাণীটা চোখ সংকুচিত করে অনুর দিকেই তাকিয়ে আছে। আর কোনো উপায় না দেখে অনু কাঁপতে থাকা এক হাত দিয়ে নিজের নাকটা শক্ত করে চেপে ধরল। অন্য হাত দিয়ে রিজভীর হাত থেকে কাচের গ্লাসটা টেনে নিল।
সবুজ তরলটার দিকে তাকিয়ে ও চোখ দুটো শক্ত করে বন্ধ করল। প্রথম চুমুকটা দিতেই তীব্র তেতো আর ঝাঁঝালো স্বাদে ওর পুরো মুখটা কুঁচকে গেল, বমি চলে আসার উপক্রম হলো। ও গ্লাসটা সরিয়ে নিতে চাইল, কিন্তু রিজভী পাশ থেকে কড়া গলায়, আদেশের সুরে বলে উঠল,
--- তোর জন্য এই কটা দিন আমাকে কী বিশ্রী, তেতো মেডিসিন গিলতে হয়েছে কোনো আইডিয়া আছে? স্যালাইন চলার সময় তো পানি পর্যন্ত টাচ করতে দেয়নি। অপেক্ষা করতে হয়েছে—কখন স্যালাইন শেষ হবে! সো, এখন তোকে রোজ তিন বেলা করে এই করলা উইথ গ্রিন চিলির জুস খাইয়ে আমি আমার খায়েশ মেটাবো। গিল এবার! পুরোটা শেষ করবি!
অনুর চোখ দুটো ফুটবলের মতো গোল গোল হয়ে গেল। এই জানোয়ারটা গ্রিন চিলি আর করলা দিয়ে জুস বানিয়ে ওকে খাওয়াচ্ছে? এইজন্যই তো অনুর গলা-বুক এভাবে ঝালে জ্বলছে! একটা পুরুষ মানুষ এত ডাইনি মার্কা কুটিল কীভাবে হয়, আজব! এভাবে তো মেয়েরা প্রতিশোধ নেয়!
--- নিক্সকে এনে দিচ্ছি। ও বাকিটা হ্যান্ডেল করে নেবে।
রিজভীর কথা শুনে অনু হরবড়িয়ে বলে উঠল,
--- তার কোনো দরকার নেই। আমি খাচ্ছি... খাচ্ছি তো!
অনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অবস্থায় আবার গ্লাসটা মুখে তুলল। নাক চেপে ধরে, থেমে থেমে, পর্যায়ক্রমে তেতো-ঝাঁঝালো তরলটুকু খেতে থাকলো। ঝালের তোড়ে জিহ্বা, ঠোঁট, এমনকি গলার ভেতরটা যেন জ্বলে-পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওর পুরো মুখটা তখন বিতৃষ্ণায় নীল হয়ে গেছে। শেষ ঢোকটা আর গিলতে না পেরে ও গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলো। কাচের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেলো। অনু আর এক মুহূর্তও বিলম্ব না করে এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। রিজভী অনুর পিছু নিতে গিয়েও থেমে গেল। অনুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ও ঘাড় চুলকে ক্রুর হাসল।
অনু এক ছুটে লিভিং রুমে এসে দাঁড়াল। বুকের ভেতরটা হাঁপরের মতো ওঠানামা করছে, গলা-বুক-জিভ যেন জীবন্ত আগ্নেয়গিরি হয়ে উঠেছে! কিছুটা দম নিয়ে ও কিচেনে গেল। ফ্রিজটা টেনে খুলে মরিয়া হয়ে মিষ্টি জাতীয় কিছু খুঁজতে থাকল। আশা করেছিল নাভানের আনা মিষ্টির প্যাকেটটা অন্তত ফ্রিজে পাবে, কিন্তু কপাল খারাপ, ওটা নেই।
এদিকে কাঁচা লঙ্কা আর করলার যৌথ প্রযোজনায় অনুর মুখের ভেতর তখন জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো ফুলে লাল হয়ে গেছে, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। ঝালের চোটে মাথা কাজ করছে না, চোখ ঝাপসা। মিষ্টি না পেয়ে অনু মরিয়া হয়ে ফ্রিজের সাইড র্যাক থেকে পানির বোতল মনে করে কাচের একটা চারকোনা বোতল বের করল। কোনো কিছু না ভেবেই ছিপিটা খুলে এক ঢোকে প্রায় অর্ধেকটা খেয়ে নিলো।
ওটা পানি ছিল না, ছিল নাভানের স্টক করা স্কচ হুইস্কি। তাও একদম 'নিট'।
প্রথম কয়েক সেকেন্ড অনু বুঝতেই পারল না ও কী গিলল। এমনিতেই কাঁচা লঙ্কার ঝাল, তার ওপর হুইস্কির তীব্র অ্যালকোহলের ঝাঁজ যখন অনুর ভেতরটা জ্বালিয়ে দিল। ও খকখক করে কেশে উঠল। কিন্তু সেকেন্ড কয়েকের মধ্যে অ্যালকোহল যেন ঝালটাকে একদম অবশ করে দিল।
তবে সাইড এফেক্ট শুরু হতে সময় লাগল না। মিনিট খানেকের মধ্যে অনুর মনে হলো কিচেনের মেঝেটা হালকা দুলছে। মাথার ভেতরটা ভনভন করে উঠল, চারপাশের আলো কেমন যেন মায়াবী আর রঙিন লাগতে শুরু করল। ঝালের মাত্রা কমায় অনু একটা অদ্ভুত আরাম পেল, কিন্তু একই সাথে ওর ভেতরে এক চরম খামখেয়ালি ভূত চেপে বসল।
ও ঢুলু ঢুলু চোখে, বোকা বোকা হেসে আবার ফ্রিজের দরজাটা খুলল। স্বাদটা প্রথমে ভালো না লাগলেও এখন ভালোই লাগছে। ও ফ্রিজে থাকা বাকি বোতলগুলোর দিকে হাত বাড়াল। ভারসাম্য রাখতে না পেরে কোলের মধ্যে চার-চারটে হুইস্কি আর ভদকার বোতল জাপ্টে ধরে ওখানেই মেঝেতে জেবড়ে বসে পড়ল। ঘামে পরনের সাদা সালোয়ার-কামিজ শরীরে লেপ্টে আছে, কিন্তু সেদিকে অনুর কোনো হুঁশ নেই।
কোলের বোতলগুলোর দিকে তাকিয়ে ও মাতাল জড়ানো গলায় বিড়বিড় করল,
--- বেটা ডাইনি... ভেবেছিস করলার জুস খাইয়ে আমাকে মারবি? আমি তো বড় ডক্টর! নিজেই ঝাল তাড়ানোর ওষুধ আবিষ্কার করে ফেলেছি...
ও কোল থেকে একটা হালকা সোনালী রঙের বোতল তুলে নিল। ছিপিটা খুলতে গিয়ে দুবার হাত ফস্কে গেল, ও নিজেই নিজের কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল। তারপর বোতলের মুখে চুমুক দিয়ে বড় বড় কয়েকটা ঢোক গিলল। তরলটা গলায় নামতেই ওর চোখের পাতা দুটো ভারি হয়ে এলো, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম তৃপ্তির, অপ্রকৃতিস্থ হাসি।
ওদিকে অনুর ঘরে তখন তাণ্ডব চালাচ্ছে রিজভী। তীব্র অস্থিরতা নিয়ে তার চোখজোড়া খুঁজছে বিশেষ কিছু। পাঁচ মিনিটের হন্যে হয়ে খোঁজাখুঁজির পর অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত বস্তু। আলমারির একদম গোপন এক কোণে অনু এটা লুকিয়ে রেখেছিল। ভাঁজ করা চিরকুটটা খুলতেই রিজভীর চোখে পড়ল—
"এই বাড়ি ছেড়ে একেবারে বেরোনোর চেষ্টা করলেই তোমাকে খু*ন করা হবে। যদি বেঁচে থাকতে চাও আর নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও, তাহলে মুখ বুজে সবকিছু সহ্য করো। রিজভীর ছায়াসঙ্গী হয়ে ওর সাথেই থেকে যাও!"
পড়ে রিজভীর মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠল। চিরকুটটা যতোই কম্পিউটার প্রিন্ট হোক। তবুও চিরকুটের লেখক কে, সেটা বুঝতে তার বিন্দুমাত্র সময় লাগল না রিজভীর। কাগজটা হাতের মুঠোয় পিষে ফেলে সে বিড়বিড় করল,
--- শুধু ছায়াসঙ্গী কেন, আমার দেহের মধ্যে মিশে গেলেও ওই মেয়ে আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না।
সেখানে আর সময় নষ্ট করল না রিজভী। ঘরের প্রতিটি ইঞ্চি সে খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি করেছে। সেদিন অনুর ঘরে লা*শটা পাওয়ার পর থেকেই মনে একটা সন্দেহর দানা বেঁধেছিল। আর সেই সন্দেহের সূত্র ধরেই এই সার্চ করা। অনু কোথায় গেলো তা দেখার জন্য সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।
রিজভী সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। নজর আটকালো লিভিং রুমের দিকে। অনু ঢুলতে ঢুলতে হেটে আসছে। তার হাটু ছুঁইছুঁই লম্বা একরাশি কেশ এলোমেলো হয়ে আছে। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত ঘোর। রিজভীর পা দুটো সিড়ির শেষ ধাপে এসে থেমে গেল। সে গম্ভীর গলায় প্রশ্ন করল,
--- তুমি ড্রিংকস করেছো?"
রিজভীর কণ্ঠস্বর অনুসরণ করে অনু কোনোমতে চোখ তুলে তাকাল। চোখের পাতায় ভর করা তীব্র ঝাপসা ভাবের ভেতরেও সে রিজভীকে দেখতে পেল। তবে এই মুহূর্তে তার মগজে রিজভী নয়, বরং অন্য কিছু! অনুর ঠোঁটের কোণে এক চিলতে চওড়া, বোকা বোকা হাসির রেখা ফুটে উঠল। সে চরম উৎফুল্ল হয়ে বাচ্চাদের মতো হাত বাড়িয়ে দৌড়ে এলো রিজভীর দিকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাতাল জড়ানো গলায় চেঁচিয়ে উঠল,
— "আআআহ্, কত বড় একটা পান্ডা! আই লাভ দিস... আই জাস্ট লাভ দিস পান্ডা!"
অনু একপ্রকার ঝাঁপিয়ে পড়ল রিজভীর ওপর। ঘটনার আকস্মিকতায় এবং অনুর আচমকা শরীরের পুরো ভর সামলাতে না পেরে রিজভী নিজের ব্যালেন্স হারিয়ে ফেলল। ধপাস করে পড়ল সিঁড়ির ওপর। সাথে অনুও তার বুকের ওপর এসে পড়ল।
পিঠ আর কোমরে বেশ ভালোই চোট পেল রিজভী। পনেরো দিন আগে হওয়া সার্জারির জায়গায় তীব্র একটা টান পড়তেই ভেতরের যন্ত্রণায় মুচড়ে উঠল। অনু তখনো তার বুকের ওপর শুয়ে অবোধের মতো কী যেন বিড়বিড় করছে। রিজভীর পুরো শরীর ব্যথার চোটে অবশ হয়ে আসছে। রিজভী যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে, রেগে চেঁচিয়ে উঠে বলল,
--- এই ডাইনি, আমার ওপর থেকে সর! সর বলছি, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে!
কিন্তু কে শোনে কার কথা! অনু রিজভীর মুখের ওপর আরও ঝুঁকে এল। অনুর শ্বাস রিজভী মুখের ওপর আছড়ে পড়ছে। অনু ছোট্ট বাচ্চার মতো নাক টেনে, এক গাল হেসে আমুদে সুরে বলল,
--- আরে বাহ্! তুমি তো কথাও বলতে পারো? ইউ আর সো কিউট, মাই বিগ পান্ডা!"
বলেই অনু কোনো কিছু না ভেবেই রিজভীর নাকে নিজের নাক ঘষে দিল। অনুর এই আকস্মিক পাগলামিতে রিজভী স্তব্ধ হয়ে গেল। কী করছে এই মেয়ে? এভাবে পাগলামি করে তাকে মেরেই ফেলবে নাকি? রিজভী নিজের সর্বশক্তি দিয়ে দুহাতে অনুকে ঠেলে সরাতে চাইল, কিন্তু অ্যালকোহলের ঘোরে থাকা অনু যেন অতিমানবীয় শক্তিতে তাকে আঠার মতো নিজের সাথে আরও জড়িয়ে ধরল।
ঠিক এমন সময় নাভান বাইরে থেকে লিভিং রুমে ঢুকছিল। সিঁড়ির গোড়ায় এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে তার পায়ের গতি আচমকা থমকে গেল। নাভানের জুুতোর শব্দে রিজভী কোনোমতে ঘাড় কাত করে তাকাল। দুজনের চোখাচোখি হতেই রিজভী আদেশের সুরে বলে উঠল,
--- নাভান... ভাই আমার! এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচা!
কিন্তু নাভান যেন সম্পূর্ণ নির্বিকার, পাথরের মতো নিরুত্তর। সে কিচ্ছু দেখেনি, কিচ্ছু শোনেনি—এমন একটা চরম উদাসীন ভাব ফুটিয়ে তুলল নিজের মুখে। তারপর ধীরপায়ে উল্টো ঘুরে দাঁড়াল এবং আঙুলের ডগায় চাবির রিং ঘোরাতে ঘোরাতে আপনমনে শিস বাজাতে বাজাতে যেমন এসেছিল, ঠিক তেমনি নির্বিকার ভঙ্গিতে ভিলা থেকে বেরিয়ে গেল। নাভানের কান্ডে রিজভীর চোয়াল শক্ত হয়ে এলো। এমন সময় অনু রিজভীকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর গালে শব্দ করে একটা চুমু খেয়ে গাল টেনে দিয়ে নেশালো গলায় বলল,
--- আই ওয়ান্না কিস ইউ, পান্ডা!
উত্তরের আশা করল না রমণী। রিজভীর গলা জড়িয়ে ধরে চোখ-মুখে অজস্র চুমু এঁকে দিতে দিতে বলল,
--- আই রিয়েলি লাভ পান্ডাস!
রিজভী পুরো থ বনে গেছে। অনু তাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে, রিজভীর যেন দম আটকে যাওয়ার জোগাড়! অনু যখনই রিজভীর ঠোঁটে কিস করতে যাবে, রিজভী খপ করে এক হাত দিয়ে অনুর মুখ চেপে ধরল। অনু তাতে বিরক্ত হয়ে রিজভীকে আরও জাপটে ধরে ওর গলায় মুখ গোঁজল। ফের নেশাতুর গলায় বলল,
--- আমি জানতাম পান্ডাদের শরীর অনেক সফট আর ফ্লফি হয়। কিন্তু তোমার শরীর এত শক্ত কেন? তুমি বুঝি জিম করা পান্ডা? গুড, জিম করা স্বাস্থ্যের জন্য ভালো।
রিজভী দু-হাতে অনুকে কিছুটা ঠেলে দিয়ে প্রশ্ন করল,
--- তুমি পান্ডা এত পছন্দ করো কেন?
অনু ধাক্কা উপেক্ষা করে রিজভীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল,
--- কারণ পান্ডাও বাঁশ খায়, আমিও বাঁশ খাই। উই আর বোসোম ফ্রেন্ডস!
রিজভী এবার খেঁকিয়ে উঠে বলল,
--- শালী নেশাখোর গুন্ডি মেয়ে! চোখ মেলে তাকিয়ে দেখ আমরা বোসোম ফ্রেন্ড, নাকি বোসোম শত্রু!
কিন্তু অনু নেশায় বুদ হয়ে রিজভীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলো। রিজভীর হৃৎস্পন্দন এক মূহুর্তের
জন্য থমকে গেলো। নিজের ঠোঁটের মধ্যে অনুর
ঠোঁটের অবাধ্য অগ্রাসন অনুভব করতেই রিজভী
চোখদুটো বড়ো বড়ো করে ফেললো। সাথে অনুভব করলো রমণীর গাল থেকে তীব্র এলকোহলের উটকো গন্ধ। সেকেন্ড দুই পরে রিজভী অনুকে ধাক্কা মেরে সরিয়ে দিলো। বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে খেঁখিয়ে উঠে বললো,
--- সব লুট করে নিলো, ডাইনি রাক্ষসী একটা। এই দিন দিন না। বাগে পায় শুধু, ফায়দা লুটার শাস্তি কড়ায়গণ্ডায় বুঝিয়ে দেবো।
অনু রিজভীর রাগ বিন্দুমাত্র বুঝতে পারল না। বরং রিজভী সোজা হয়ে দাঁড়ানোর আগেই সে আচমকা লাফিয়ে একপ্রকার বানরের মতোই রিজভীর কাঁধে চড়ে বসল; দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার গলা। রিজভী এবারও পড়ে যেতে যেতে কোনোমতে নিজেকে সামলে নিল। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সে বুঝল, এই মাতাল মেয়ের ওপর রাগ দেখিয়ে এখন কোনো লাভ নেই। রিজভী অনুকে ছাড়ানোর চেষ্টাও করল না, আবার ধরলও না। অনু এবার নিজের দুই পা দিয়ে রিজভীর কোমর পেঁচিয়ে ধরল। রিজভী সদর দরজার দিকে একবার বিরক্ত চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। আর অনু তার কাঁধে ঝুলে রইল অবোধের মতো। রিজভীর চোখ বরাবরের মতোই শীতল ও অনুভূতিহীন। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে আশ্চর্য হয়ে আপনমনে বিড়বিড় করল,
--- হোয়াট দ্য ফা*ক! এই মেয়ে শেষ পর্যন্ত আমার ঘাড়ে চেপে বসল?
রিজভী অনুর রুমে এসে দাঁড়াল। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে অনুকে কাঁধ থেকে নামিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিল। এইটুকু সময়ের মধ্যেই অনু রিজভীর কাঁধে ঘুমে ঢলে পড়েছে। অনুকে বিছানায় ঠিকঠাক শুইয়ে দিয়ে রিজভী পকেটে হাত গুঁজে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সামান্য ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল,
--- এমন একটা রাক্ষসী ঘুমালে এতটা ইনোসেন্ট লাগে কেন? দিস ইজ নট ফেয়ার।
সেখানে আর সময় নষ্ট না করে রিজভী কক্ষ থেকে বেরিয়ে গেল। সে বের হতেই রুমে প্রবেশ করল মেড। রিজভী এতক্ষণ অনুর ঘর যেভাবে তছনছ করে রেখেছিল, এখন তা গুছিয়ে ফেলার কাজে হাত দিল সে।
,
রাত তখন একটা। নির্জন অন্ধকার রাস্তার মোড় ঘুরে দুটো স্পোর্টস বাইক আগপাছ করে ঝড়ের বেগে ছুটে চলেছে। গতি দেখেই বোঝা যাচ্ছে, কেউ কারও চেয়ে কোনো অংশে কম নয়। একজন বুনো ওল হলে অন্যজন বাঘা তেঁতুল। রিজভী সামনের বাইকটাকে তাড়া করে চরম দক্ষতায় ফুল ফোর্সে বাইক চালাচ্ছে। পরনে তার ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে ব্ল্যাক গ্লাভস আর বাইকের সাথে ম্যাচিং করা ব্ল্যাক হেলমেট। সে এবার এক্সিলারেটর ঘুরিয়ে বাইকের গতি আরও বাড়িয়ে দিল।
তা দেখে সামনে থাকা নাভানও তার বাইকের স্পিড বাড়াল। সে বুঝতে পারছিল এভাবে বেশিক্ষণ পালিয়ে বাঁচা যাবে না, তবুও কিছুক্ষণ চলল সেই রুদ্ধশ্বাস ধরাধরি। আচমকা রিজভী নাভানের একদম পাশে চলে এল। নাভান ঘাড় বাঁকিয়ে হেলমেটের গ্লাসের ওপর দিয়ে এক পলক তাকাল। কিন্তু নজর সরানোর আগেই রিজভী নিখুঁত দক্ষতায় নাভানের বাইকের ঠিক সামনে নিজের বাইক এনে কড়া ব্রেক কষল!
হুট করে সামনে বাইক চলে আসায় নাভান আর ব্যালেন্স রাখতে পারল না। তীব্র গতিতে থাকা অবস্থায় আচমকা ব্রেক কষায় তার বাইকটা পিচঢালা রাস্তায় পিছলে ছিটকে পড়ল। রিজভী নিজের বাইক থামিয়ে ধীরপায়ে এগিয়ে এল এবং নিঃশব্দে একটা হাত বাড়িয়ে দিল। নাভান ভাবল, তাকে রাস্তা থেকে তুলতে বুঝি রিজভী হাত বাড়িয়েছে। সেও নিজের হাতটা বাড়াতে চাইল, কিন্তু রিজভী তার হাতটা থাপ্পড় মেরে সরিয়ে দিল! তারপর গম্ভীর কণ্ঠে বলল,
--- তোর ফোনটা দে।"
নাভান এবার আকাশ থেকে পড়ল! তার মানে রিজভী কেবল এই ফোনটার জন্য এক ঘণ্টা ধরে পাগলের মতো তাকে তাড়া করেছে? নাভানের বাইকটা তখনো রাস্তার কিনারায় কাত হয়ে পড়ে আছে; সে নিজেই ঘাড়ত্যাড়ামি করে ওখানেই পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ল। হেলমেটের কাচটা ওপরে তুলে চোখ দুটো বুজে সে রিজভীর মতোই গম্ভীর কণ্ঠ নকল করে বলল,
--- ওইটা আমার পার্সোনাল প্রোপার্টি। আপনাকে দেওয়া যাবে না।
নাভান আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গলার কাছে বরফশীতল কোনো ধাতুর স্পর্শ পেতেই সে ছটফটিয়ে চোখ মেলল। দেখল—রিজভী তার গলার নালীতে রিভলভার চেপে ধরে আছে। রিজভী অন্য হাতটা আবার বাড়িয়ে কড়া গলায় বলল,
--- ফোনটা দে, নয়তো এবার আমি লিমিট ক্রস করে ফেলব।
--- আমি বেঁচে থাকতে আমার পার্সোনাল প্রোপার্টি কারও হাতে দেব না!
--- তাহলে তোকে মেরেই নিচ্ছি...
রিজভী নিজের কথা শেষ করার আগেই নাভান চট করে পকেট থেকে ফোনটা বের করে রিজভীর মুখের সামনে ধরল। রিজভী এক ঝটকায় ফোনটা ছোঁ মেরে কেড়ে নিল। নিজের হেলমেটের গ্লাসটা তুলতেই দৃশ্যমান হলো তার সেই গভীর নীল চোখজোড়া। নাভান এবার উঠে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতে লাগল রিজভী তার ফোনে কী করছে।
রিজভী চোখের পলক না ফেলে সরাসরি গ্যালারিতে ঢুকল। সেখান থেকে সিঁড়ির সামনে অনু আর তার সেই অপ্রত্যাশিত মুহূর্তের কয়েকটা ছবি এবং ভিডিও সিলেক্ট করে 'ডিলিট' করে দিল। নাভান তা দেখে একটা শুকনো ঢোক গিলল। মনে মনে আওড়াল,---- "শালা! নীল চোখে পাওয়ার একটু বেশিই থাকে নাকি? এ কখন খেয়াল করল যে আমি ওদের ছবি তুলেছি!"
রিজভী নিজের কাজ শেষ করে ফোনটা নাভানের দিকে ছুড়ে মারল। নাভানও দক্ষ হাতে ওটা ক্যাচ ধরলো। রিজভী বাইক স্টার্ট দিয়ে চলে যেতেই নাভান দ্রুত ফোনের গ্যালারির 'রিসেন্টলি ডিলিটেড' ফোল্ডারে ঢুকল। সেখানে ছবি আর ভিডিওগুলো যথারীতি জমা হয়ে আছে। নাভান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল,
--- চুমু খেয়ে মাথার ফিউজ যে উড়ে গেছে মনে হয়। ডিলিট অপশন থেকে যে পার্মানেন্টলি ডিলিট করতে হয়, সেটা ভুলে গেছ প্রিয় ভাই আমার! পাওয়ার অফ কিস। উম্মাহ..
কথাটা বলেই নাভান ফাইলগুলো আবার গ্যালারিতে রিস্টোর করে নিল। বাইক সোজা করে ফের চরলো রিজভীর পিছুপিছু। দুজনের বাইক সমানে সমানে আসতেই দুজনেই ঘাড় বাকিয়ে তাকালো। চোখে চোখে কিছু একটা বলে দুজনেই ডেভিল হাসলো। আর তারপরই দুজনেই রাস্তার ভিন্ন বাকে চলে গেলো।
#চলবে