#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_২৪
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
বেলা চারটে বাজে। তিতির অনুকে ঠিক তিনটের সময় বের হতে বলেছিল। কিন্তু অনু তো এই শহরের কিছুই চেনে না, যাবে কীভাবে? প্রথমে তো না করে দিয়েছিল অনু। কিন্তু তিতির গো ধরে বসেছে আজই সে দেখা করবে। এদিকে অনু নিরুপায়। ঠিক সাড়ে তিনটের দিকে নাভান কী একটা প্রয়োজনে বাড়িতে এসেছিল; তখন অনু তাকে রিকোয়েস্ট করতেই নাভান তাকে পৌঁছে দিতে রাজি হয়েছে।
আজ বহুদিন পর অনু নিজেকে নিজের সেই চেনা রূপে সাজিয়েছে—যেমনটা সে অভ্যস্ত। পরনে শ্বেতশুভ্র কুর্তি, আর গলায় আলতো করে জড়ানো গোলাপি স্কার্ফ। মুখে কোনো কৃত্রিম প্রসাধন নেই, শুধু চোখের নিচের ডার্ক সার্কেল আড়াল করতে সামান্য কনসিলার ব্যবহার করেছে। নয়তো তিতির দেখলে হাজারটা প্রশ্ন করবে। অনুর চোখের নিচে এমন কালচে অবসাদের ছাপ আগে কখনোই ছিল না। কিন্তু বিগত কয়েক দিনের একাকিত্ব, অবিরাম কান্না আর তীব্র মানসিক উৎকণ্ঠা তার চোখের কোণে ক্লান্তির এক স্থায়ী ক্ষত এঁকে দিয়েছে। মেয়েটা রিজভীর সামনে নিজেকে যতই ইস্পাতকঠিন ও শক্ত দেখানোর আপ্রাণ চেষ্টা করুক না কেন, চার দেয়ালের বদ্ধ ঘরে এসে নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে নিয়ন্ত্রণ করতে চায়ও না; কারণ একমাত্র কেঁদেই বুকের ভেতর জমাট বাঁধা পাথরটাকে কিছুটা হালকা করা সম্ভব।
নাভান আপনমনে গাড়ি ড্রাইভ করছে। পেছনে বসেছে অনু। গাড়ির ভেতরের দীর্ঘ নীরবতা ভেঙে অনু প্রশ্ন করল,
--- আর কতক্ষণ লাগবে?
সামনে থেকে নাভানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল,
--- চলে এসেছি।
কথাটার সাথেই গাড়িটা থেমে গেল। অনুর বুক চিরে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এল। গাড়ি থেকে নামতেই নাভান জানালার কাচ নামিয়ে ওর দিকে তাকাল। ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
--- একা একা ফিরতে পারবে?
অনু কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে ঘাড় নেড়ে সম্মতি জানাল। নাভান বুঝল, অনু হয়তো একা একা সামলাতে পারবে না। কিন্তু নাভানের নিজেরও হাত-পা বাঁধা। তাকে এখনই জরুরি কাজে রাজশাহী ছুটতে হবে। ওদিকে রিজভীর তো এদিকে কোনো খেয়ালই নেই। নাভান আর দ্বিধাদ্বন্দ্ব না রেখে অনুকে গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা বুঝিয়ে দিল। এই আধুনিক যুগে শুধু ঠিকানাটা বলতে পারলেই রিকশাওয়ালারা চিনে নিয়ে যায়। অনুও মনে মনে কিছুটা সাহস পেল। অনুকে সব বুঝিয়ে দিয়ে নাভান নিজের গন্তব্যের দিকে চললো। অনু যেহেতু ঢাকায় বড় হয়েছে, তাই নাভান ওর ওপর কিছুটা হলেও ভরসা করতে পারছে—মেয়েটা একা ফিরতে পারবে।
অনু ধীরপায়ে ‘ওয়েস্ট টাইম’ ক্যাফেতে পা রাখল। পাহাড়ি রাস্তার ধারের এই ক্যাফেটা একদম শান্ত ও নিরিবিলি। এর ছিমছাম, সুন্দর ডেকোরেশন এক পলকেই মন ভালো করে দেয়ার মতো। ভেতরে ঢুকেই অনু দেখল তিতির সামনের একটা টেবিলে বসে আছে। তিতির অনুকে আসতে দেখেও না দেখার ভান করে কফিতে মগ্ন রইল। অনু গিয়ে ওর পাশের সিটে বসতেই তিতির ঝাঁঝিয়ে বলে উঠল,
--- এক ঘণ্টা ধরে ওয়েট করছি তোর জন্য। তিন কাপ কফি খাওয়া শেষ আমার। তুই কি আমার বয়ফ্রেন্ড যে তোর জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব?
অনু ভাবলেশহীন ভাবে তিতিরের হাত থেকে কফির কাপটা টেনে নিল। কফিতে চুমুক দিতে দিতে বলল,
--- বয়ফ্রেন্ড না হলেও, ওই টাইপ কিছু একটা তো ভাবতেই পারিস।
তিতির মুখ ভেঙচে বলল,
--- বাহ! বিয়ে করে তো দেখি ভালোই ফ্লার্টিং শিখেছিস।
অনু এবার তিতিরের দিকে তাকাল। দুজনের চোখাচোখি হতেই তিতির একদম চুপ হয়ে গেল। সে হাত বাড়িয়ে অনুর গালে হাত দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল,
--- তোর গালে এটা কিসের দাগ? জিজু তোকে মেরেছে নাকি? শুধু বল, দেখ ওই বাঙ্গির নাতিরে কি করি।
অনুর চেহারাটা ছোট হয়ে গেল। সকালে রিজভীর মারা থাপ্পড়ের দাগটা এখনো স্পষ্ট। অনু হাতের আঙুল গুনে বলল,
--- এ পর্যন্ত পাঁচটা থাপ্পড় মেরেছে।
তিতির চোখ বড় বড় করে তাকাল। সে তো জানে অনু কেমন ধাতের মেয়ে। কেউ ইট মারলে ও পাটকেলটি মারতে ছাড়ে না। তিতির উৎকন্ঠা নিয়ে জানতে চাইল,
--- আর তুই কী রিটার্ন দিলি?
--- বুকে গুলি করেছি। ওর বংশের বাত্তির সুইচে লাথি মেরেছি। আর একদিন পিঠে ছুরি বসিয়ে দিয়েছিলাম। আপাতত আর কিছু মনে পড়ছে না। মনে পড়লে পরে বলব।
তিতির এবার সত্যি কথা হারিয়ে ফেলল। সে হাঁ করে এই মেয়ের দিকে তাকিয়ে রইল। কী বলবে বুঝতে পারল না। এর মধ্যে অনু যোগ করল,
--- ও হ্যাঁ, একদিন ওর গায়ের ওপর বমিও করে দিয়েছিলাম।
তিতির চিৎকার দিয়ে উঠল,
--- কীহহহ!
অনু বিরক্ত হয়ে বলল,
--- আস্তে চিল্লা ভাই, এটা পাবলিক প্লেস। আশেপাশে মানুষ আছে। কন্ট্রোল ইয়োরসেলফ বেবি।
তিতির অপ্রস্তুত হয়ে চারপাশে তাকিয়ে দেখল কয়েকজন মানুষ বেশ বিরক্ত হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। তিতির বেশ অকওয়ার্ড ফিল করল। তবে অনু তিতিরের ভাবনার বাইরে পাথরের বদলে এসিড ছুড়ে মেরেছে। ঘাড় চুলকে মিনমিন করে বললো,
--- পিস্তল কোথায় পেলি?
--- ওর কাছে থাকে অলওয়েজ।
তিতির কিছুটা অবক হয়ে ভ্রু কুচকালো। চাপা স্বরে বললো,
--- ওই মালটা কি হসপিটালে?
অনু দীর্ঘশ্বাস ফেলে বললো,
--- কালকে ফিরেছে।
তিতির বিগলিত হেসে বললো,
--- সাইডে চল তোর সাথে কথা আছে।
দুজনে একদম কর্নারের ছোট্ট টেবিলে গিয়ে বসল। ক্যাফের এই পাশটা বেশ ফাঁকা। পাশে একটি ছোট্ট বুকশেলফ। তিতির একটা বই নিয়ে টেবিলে বসল। বইয়ের পাতায় চোখ ডুবিয়ে, গম্ভীর ও থমথমে কণ্ঠে বলল,
--- আন্টি আমাকে সব বলেছে। তুই কী কী করেছিস, সব।
অনুর পিলে চমকে উঠল। তড়িৎ দৃষ্টি ঘুরিয়ে তিতিরের পানে তাকাল। তিতির নিবিষ্ট মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। অনু অনুভব করল ওর গলা শুকিয়ে আসছে। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে ও বলল,
--- কী... কী বলেছে?
তিতির চুপ করে রইল। কিন্তু তিতিরের এই নীরবতা সহ্য হলো না অনুর। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। পরম বান্ধবীকে হারানোর তীব্র ভয় মনের ভেতর খামচে ধরল। ওর কেন জানি মনে হচ্ছে তিতিরও ওকে ভুল বুঝছে। কিন্তু অনু চায় না অন্তত তিতিরের মনে ওকে নিয়ে কোনো ভুল ধারণা থাকুক।
--- এই! কী বলেছে বল না?
তিতির এবারও উত্তর দিল না। অনুর উৎকণ্ঠা বেড়েই চলল। সে তিতিরকে ঝাঁকিয়ে বলল,
--- তুই আমার সাথে কথা বলছিস না কেন? কী বলেছে বল আমাকে? কী করেছি আমি? হয়েছেটা কী?
তিতির এবার চোখ তুলে তাকাল। উদ্দেশ্য সফল হয়েছে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। চাপা স্বরে বলল,
--- কী হয়েছে, সেটা তো তুই বলবি এখন।
তিতিরের ভাবভঙ্গি দেখে অনু হকচকিয়ে গেল। বুঝতে বাকি রইল না যে তিতির তাকে কথার জালে ফাঁসিয়ে দিয়েছে। মেয়েটা আসলে কিছুই জানে না, সব অনুর পেট থেকে কথা বের করার চতুর ফন্দি। তিতির বেশ বুঝদার আর ধূর্ত। অনু যেমন ছটফটে আর মুখ আলগা স্বভাবের, তিতির ঠিক তার বিপরীত; মানুষকে ম্যানিপুলেট করতে ওস্তাদ। অনু চুল ঠিক করতে করতে জবাব দিল,
--- কী আবার হবে, কিছুই হয়নি।
--- ধুর বাল! কিছু না হলে এত অস্থির হলি কেন? আমি এত সাধতে পারব না। পেটের মধ্যে যা আটকে রেখেছিস, সব ঝটপট বের কর।
একটু থেমে, কণ্ঠস্বর কিছুটা নরম করে বলল,
--- দেখা গেল কোনো সমাধান পেলেও পেতে পারিস। মনটাও হালকা হবে। চোখের নিচে কনসিলার দিয়ে যেভাবে কালচে দাগ ঢাকতে চেয়েছিস, তাতেই বোঝা যাচ্ছে গুরুতর কিছু একটা ঘটেছে।
অনু মুখ বিকৃত করে তাকাল। যা আড়াল করার জন্য এত প্রসাধন ব্যবহার করল, সেটাই এই বাজপাখির নজরে আটকে গেল! অনু গালে জিব ঠেলে বলতে শুরু করল। শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে—সব বলল। বাদ গেল না একটা উপাখ্যানও। এত দিন পর মনের ভেতর পাথর হয়ে চেপে থাকা কথাগুলো উগলে দিতে পেরে সত্যিই যেন বুকটা হালকা হতে লাগল। কিন্তু এসব বলতে বলতে কখন যে অনুর চোখের পানিতে ওর গাল ও গলা ভিজে উঠেছে, তা সে টেরই পায়নি।
সবটা শুনে তিতির স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। যেন কোনো ঘোরগ্রস্ত ঘোরের মধ্যে চলে গেছে ও। খেয়াল করল, নিজের অজান্তেই তিতিরের চোখের কোণও ভিজে উঠেছে। আর অনু মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলছে, হাত কাঁপছে ওর। তিতির কোনো কথা না বলে আস্ত একটা বোতলের পানি এক নিঃশ্বাসে শেষ করল। তবুও যেন বুকের ভেতরের দহন জুড়ালো না। তিতির আগেই বুঝেছিল বড় কোনো বিপর্যয় ঘটেছে, নয়তো অনু রিজভীকে গুলি করতে যাবে কেন? তিতির চোখ মুছে ভেজা কণ্ঠে শুধাল,
--- সত্যি নীলা আপু মারা গেছে? রিজভী ওনাকে খুন করেছে?
অনু এবার টেবিলের ওপর মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। ভাঙা গলায় বলল,
--- আমার বোনটার শেষ অস্তিত্বটুকুও রাখেনি জানোয়ারটা। পিরানহা মাছ দিয়ে খাইয়েছে!
বলেই অনু শব্দ করে কেঁদে উঠল। তিতিরের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। অনুর মুখ থেকে যত শুনছে, তত ও অসাড় হয়ে যাচ্ছে। অনুকে কী সান্ত্বনা দেবে, ও তো নিজেই নিজেকে সামলাতে পারছে না! কান্না চেপে রাখার কারণে রমণির সৌষ্ঠব গড়নের মুখ কিছুটা লালচে বর্ণ ধারণ করছে। অনুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে আশপাশের দু-একজন মানুষ আড়চোখে তাকাচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে তিতির উঠে দাড়ালো। এই টেবিলে টিস্যু নেই। ও টিস্যু আনার জন্য উঠে পা বাড়াতেই অনু ওর এক হাত খপ করে চেপে ধরলো। টেবিলে মুখ ডুবিয়েই কন্ঠে বিষাদ ঢেলে বললো,
--- তুইও বেইমানি করলি তিতির? তুইও বাকিদের
মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? আমরা না
সোলমেট? কথা দিয়েছিলি সারাজীবন একসাথে
থাকবি। তাহলে এখন কেনো ছেড়ে যাচ্ছিস?
একটুও বুক কাঁপছে না?
তিতির স্তব্ধ হয়ে দাড়ালো। এখন বুঝলো অনু কেন ওকে বলতে চাচ্ছিল না। ওর ধারণা তিতিরও ওকে ভুল বুঝবে। তবে মেয়েটাকে একটু জ্বালানোর পায়তারা করলো তিতির৷ হাত ছাড়িয়ে নিলো। অনু চুপ থাকলো। ভেতরটা পুড়ছে বোধহয়। কেমন করে জ্বলছে। পরক্ষণেই তিতির টিস্যু হাতে ফিরে এলো। অনুর পাশে গিয়ে বসল। ওর মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলো। মুখটা দু'হাতের অঞ্জলিতে নিয়ে চোখমুখ মুছে দিয়ে বললো,
--- টিস্যু আনতে গিয়েছিলাম গাঁধি।
সাথে সাথে অনুর চোখ আবার ভিজি উঠলো। তিতির থামানোর চেষ্টাও করল না। তাছাড়া এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না তিতির। মেয়েটা হারাতে হারাতে আজ ভিষণ রকমের ভিতু হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। অনু অবাক হওয়ার চেয়ে স্তব্ধ হয়ে গেলো। শ্লেষাত্মক কণ্ঠে বলল,
--- আমি ভেবেছিলাম তুইও সবার মতো আমাকে অবিশ্বাস করবি, দূরে ঠেলে দিবি। কিন্তু এভাবে বুকে টেনে নিবি, এটা আমার কল্পনার বাইরে ছিল।
তিতির অনুর মাথায় নিজের চিবুক ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল,
--- সোলমেট হয়তো একেই বলে। যেখানে তোর নিজের রক্তের মানুষগুলো এই দুঃসময়ে তোকে ছুড়ে ফেলে দিয়েছে, সেখানে আমি তোকে বুকে আগলে নিয়েছি।
ক্যাফে খুব বেশি ভির নেই। তবে অনু আর তিতিরকে অনেকেরই বিশেষভাবে নজর কেড়েছে।
দুজন ওভাবেই বসে রইল কিছুক্ষণ। অনুও আস্তে আস্তে শান্ত হয়ে এল। অনুভব করল ওদের বন্ধুত্বটা কতটা মজবুত। দুজনে কখনো ‘আমার বেস্ট ফ্রেন্ড’, ‘বেস্ট ফ্রেন্ড’ বলে আদিখ্যেতা করেনি। কিন্তু এভাবেই দুজন দুজনের বিপদে-আপদে সবসময় পাশে থেকেছে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর অনু তিতিরকে ঠেলে সরিয়ে দিয়ে বলল,
--- সর তো! এমনভাবে জাপটে ধরেছিস যেন বহু দিন পর তোর প্রেমিক মজনুর দেখা পেয়েছিস।
--- প্রেমিকই তো!
দুজনেই মৃদু হেসে উঠল। ওই সময় ওয়েটার এসে দুই কাপ কোল্ড কফি দিয়ে গেল। এরপর দুজনের টুকটাক গল্পের মাঝে তিতির হঠাৎ প্রশ্ন করল,
--- আদি ভাইয়ার সাথে রিজভীর শত্রুতা, বুঝলাম। তাহলে নীলা আপুকে খুন করল কেন?
অনু কিছুটা ভাবুক হয়ে বলল,
--- মৃত্যুর কারণ সবসময় লাভ-ক্ষতির দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায় না রে। কিছু মানুষকে মরতে হয়, কারণ তাদের বেঁচে থাকাটাই চারপাশের অন্য সবার জন্য বিপজ্জনক হয়ে ওঠে।... ওটা রিজভী আমাকে বলেছিল।
--- তার মানে নীলা আপু আর আদি ভাই এমন কিছু জানতে পেরে গিয়েছিল, যেটা ওদের জানা উচিত ছিল না। রাইট?
অনু চুপ থাকল। আশপাশে সতর্ক নজর বুলিয়ে চাপা কণ্ঠে বলল,
--- চিরকুটদাতা আমাকে বলেছিল—রিজভী যে গ্যাংস্টার, এটা যদি আমি জেনে যাই, তবে রিজভী আমাকেও খুন করে ফেলবে।
দুজনেই দুজনের দিকে তাকাল। পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে তিতির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল,
--- চেপে যা। আর তুই ওই রিজভীর সামনে এত সেয়ানাগিরি করতে যাস না। হিতে বিপরীত হতে পারে। যা করবি কাজে করে দেখাবি। পারলে আমাকে জানাবি। আর মুখে ফটরফটর একটু কম করবি এখন।
অনু মুখ বাঁকাল। তিতিরের কথা শতভাগ সত্যি হলেও ওর গায়ে লাগল। তেতো সত্যি কথা সবসময় গায়ে লাগেই, এটাই বাস্তব। তবে সে দাঁত কিড়মিড় করে বলল,
--- ওই সালা গ্যাংস্টার হলে কী হবে, আসলে একটা আস্ত কুটনা! পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কীভাবে আমাকে কলঙ্কিত প্রমাণ করল, ভেবে দেখ একবার?
তিতির ফিক করে হেসে ফেলল। কফিতে চুমুক দিয়ে ফের বলল,
--- আমার মনে হয় তোর ওইখানে থাকা আর সেফ না। তুই বরং তালুকদার বাড়িতে চলে আয়।
অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল।
--- রিজভীর ওই রীণা খানের মতো মাকে আমি টলারেট করতে পারব না। ওনার চেয়ে বরং রিজভীই কিছুটা ভালো আছে। তাছাড়া চিরকুটদাতা থ্রেট দিয়েছে ওই বাড়ি থেকে একেবারে চলে আসলে আমাকে মেরে ফেলবে।
--- ওটা তো রিজভীও হতে পারে।
--- উহু, আমার মন বলছে ওইটা অন্যকেউ।
তিতির বোধহয় এবার প্রসঙ্গ বদলাতে চাইল। তাই পুরোনো দিনের কথা টেনে এনে টপিকটা চেঞ্জ করে দিল। দুজনে অনেকক্ষণ গল্প করল, যেন কথার শেষ হওয়ার নামই নেই। দুজনের খুনসুটির ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই হাসির শব্দ শোনা যাচ্ছে। তিতির এবার মনে কিছুটা সাহস সঞ্চয় করে অনুকে শীতল গলায় বলল,
--- একটা কথা রাখবি?
তিতিরের এমন শীতল কণ্ঠে অনু কিছুটা চমকাল। পরক্ষণেই মৃদু হেসে বলল,
--- কী?
--- আঙ্কেল-আন্টি হয়তো রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তোকে ভুল বুঝেছেন। কিন্তু তোর কি উচিত না ওনাদের ভুল ধারণাটা ভেঙে দেওয়া? নাহলে ওনারা সারাজীবন তোকে এভাবেই ভুল বুঝে যাবেন। তুই একা একা ওই রিজভীর সাথে পাঙ্গা নিতে পারবি না। তার জন্য একটা শক্ত কাঁধ দরকার।
--- তুই থাকলেই হবে।
--- নিজের ইগোটা একটু সাইডে রেখে লাস্টবার একটা ট্রাই করে দেখ না। এখনই ফোন দে আঙ্কেলের কাছে। আমি জানি তোর কাছে ফার্স্ট প্রায়োরিটি তোর ইগো। কিন্তু ওনারা তো তোর সবচেয়ে কাছের মানুষ, নিজের রক্তের।
অনু কিছুক্ষণ চুপ করে রইল। ওর বুকেও তৃষ্ণা জমেছে মা-বাবাকে দেখার, ওনাদের একটুখানি স্পর্শ পাওয়ার। এই দূরত্বের দহন যে কতটা তীব্র, তা কাউকে বোঝানোর মতো না। অনু কিছু একটা ভেবে ব্যাগ হাতড়ে দেখল—ফোনটা তাড়াহুড়োয় বাড়িতেই ফেলে এসেছে। তিতির ওর অবস্থা বুঝতে পেরে নিজের ফোনটা এগিয়ে দিল। অনু শান্ত হাতে ফোনটা নিল। তবে সরাসরি কল দিতে ওর ইগোতে বাধল। ও ভাবল, ওনাদের মন গললে এই মেসেজেই গলবে। তাই কাঁপা কাঁপা হাতে টাইপ করল—
‘বাবা, আমি অনু বলছি।’
‘তোমার রাগ ভেঙেছে কি?’
ওপাশ থেকে কোনো উত্তর এল না। অনু উতলা হয়ে আবার মেসেজ দিল—
‘বাবা, আমি ভালো নেই!’
এবার মেসেজটা সাথে সাথে সিন হলো। ওপাশে দেখাচ্ছে ‘Typing...’। অনুর মুখে মলিন একটা হাসি ফুটে উঠল। মনের উজার উঠোনে যেন একঝাঁক জোনাকি নেচে উঠল। কিন্তু বাবার পাঠানো মেসেজটা স্ক্রিনে ভেসে উঠতেই অনুর মুখের সেই হাসি পলকেই বিলীন হয়ে গেল।
"তুই আসলেই একটা মেরুদণ্ডহীন কুলাঙ্গার! নীলাকে পালাতে তুই সাহায্য করেছিস, ভাবতেই ঘৃণা হচ্ছে। আমাদের সব মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েও তোর মন ভরেনি? এভাবে বারবার মেসেজ দিয়ে জ্বালাচ্ছিস কেন? হ্যাঁ, জানি তো—ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস। এখন তো ডানা গজিয়েছে তোর! দুদিন পর ঢ্যাং ঢ্যাং করতে করতে এই শহরেই পা রাখবি। একটা কথা কান খুলে শুনে রাখ, ভুলেও কখনো, কোনোদিন কারও কাছে আমাকে তোর বাবা বলে পরিচয় দিবি না! আমার জন্য তুই মরে গেছিস!"
অনুর চোখ থেকে টপ করে একফোঁটা জল গড়িয়ে পড়ল। তিতিরও চরম হতবাক হয়ে তাকিয়ে রইল মেসেজটার দিকে। অনু কাঁপো কাঁপো হাতে শেষ একটা মেসেজ টাইপ করল—
--- তোমরা কি আসলেই আমার জন্মদাতা বাবা-মা?
সাথে সাথেই ওপাশ থেকে রিপ্লাই এল,
--- তোর জন্য দুর্ভাগ্য, আর আমার জন্য সৌভাগ্যবশত!
অনুর হাত থেকে ফোনটা ধপ করে টেবিলের ওপর পড়ে গেল। ওর পুরো শরীরে যেন একটা হিমশীতল শিহরণ বয়ে গেল। এবার আর অনু কাঁদল না; পাথর হয়ে গেল। অনুর এমন অসাড় অবস্থা দেখে তিতির মনে মনে বেশ ভয় পেয়ে গেল। ও নিজেও ঠিক বুঝে উঠতে পারল না যে আঙ্কেল শেষ মেসেজটা দিয়ে আসলে কী বোঝাতে চাইলেন! তিতির নিচু হয়ে ফোনটা তুলে নিতেই দেখল ওপাশ থেকে ওকে ব্লক করে দেওয়া হয়েছে। অনুও আড়চোখে বিষয়টা লক্ষ করল। তিতির তড়িঘড়ি করে ফোনটা লুকিয়ে ফেলল।
অনু এক চিলতে বিষাদমাখা হাসি হাসল। কী বোঝাতে চাইলেন ওর বাবা? না! অনুর মস্তিষ্ক আর কাজ করছে না, সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। তিতির আর অনুকে কিছু বলার সাহস পেল না। অনু শুকনো ঢোক গিলে অত্যন্ত শান্তভাবে বলল,
--- সন্ধ্যার আজান দিচ্ছে। এবার আমাকে যেতে হবে।
--- একা যেতে পারবি?
অনু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল,
--- আসতে যেহেতু পেরেছি, ফিরে যেতেও পারব।
তিতির তো জানে না যে অনু নাভানের গাড়িতে এসেছে, ও ভাবল অনু একাই এসেছে। তাছাড়া অনু ঢাকায় বড় হয়েছে, তাই এসব যাতায়াতের বিষয়ে ও অতটা কাঁচা নয়। দুজনে ক্যাফে থেকে একসাথে বেরিয়ে এল। ততক্ষণে পাহাড়ের কোল ঘেঁষে সন্ধ্যা নেমেছে, তবে গোধূলির আবছা লালচে আলো তখনো চারপাশে ছড়িয়ে আছে। পাহাড়ি ঢালু রাস্তায় মানুষের চলাচলও চোখে পড়ার মতো। তিতির একটা ইজিবাইক ডেকে অনুকে তুলে দিল।তিতির দ্বিধাগ্রস্ত করে প্রশ্ন করলো,
--- তোর কি খুব কষ্ট হচ্ছে অনু? আমি যাই তোর সাথে?
অনু নিজেকে স্বাভাবিক দেখানোর বৃথা চেষ্টা করে মনে মনে আওড়ালো, --'আমার ব্যাথা বলতেও ব্যাথা লাগে, হয়তো নিউরনে ক্ষতের যন্ত্রণা জমেছে!'
তবে বিগলিত হেসে মুখে বললো,
--- সয়ে গেছে।
--- আমি যায় তোর সাথে?
অনু চাইলো না ও যেই কালো ছায়ায় ধ্বংস হয়েছে সেখানে তিতিরকে নিয়ে যেতে। বলা তো যায় না কখন কার নজর পড়লো। তাই সে আপত্তি জানিয়ে বললো,
--- তার কোনো দরকার নেই। আমি যেতে পারবো। তুইও বাড়ি যা। সন্ধ্যা নেমেছে এমনিতে। এই মামা আপনি গাড়ি ছাড়েন তো।
--- পৌছে ফোন দিস।
অনুর গাড়িটা চোখের আড়াল হতেই তিতিরও একটা সিএনজি নিয়ে উল্টো পথে চলে গেল।
তবে তিতির বোধহয় অনুর ভেতরের সেই প্রলয়ংকরী ঝড়টা পুরোপুরি অনুধাবন করতে পারল না। বুঝতে পারলে ও কোনো অবস্থাতেই অনুকে এই মুহূর্তে এভাবে একা ছাড়তে পারত না।তবুও মনের মধ্যে কেমন অস্থিরতা বেড়েই চলেছে।
সিএনজির পেছনের সিটে বসে অনু তখন অন্য এক জগতে তলিয়ে গেছে। এতক্ষণ যে কৃত্রিম বাঁধ ও তৈরি করে রেখেছিল, তা যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। বুকটা খাঁ খাঁ করছে এক মহাশূন্যতায়। চোখের পানির কোনো বাঁধ মানল না অনু। গাল বেয়ে নোনা জল চিবুক ছুঁয়ে ভিজিয়ে দিতে লাগল ওর শ্বেতশুভ্র কুর্তি। বুকের ভেতরটা এমনভাবে মোচড় দিয়ে উঠছে, যেন কেউ জীবন্ত কলিজাটা টেনে ছিঁড়ে ফেলছে। তীব্র এক মানসিক যন্ত্রণায় ওর মস্তিষ্ক অবশ হয়ে আসছিল, কানের ভেতর একটা একটানা সাইরেনের মতো শব্দ বাজছিল,---'তোর জন্য দুর্ভাগ্য, আমার জন্য সৌভাগ্য।
ও এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছিল যে, চারপাশের বাস্তব জগৎ থেকে ও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়লো। আর অনুর এই সুযোগটাই লুফে নিল চালক। শহরের চেনা কোলাহল পেরিয়ে গাড়িটা কখন যে একটা নীরব, অচেনা রাস্তায় ঢুকে পড়েছে, অনু টেরই পায়নি। অনেকক্ষণ পর যখন কোনো গাড়ির হর্ন ওর কানে এল না, তখন অনুর তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটল। ও ভাবল, রিজভীর ম্যানশনটা যেহেতু একটু নির্জন এলাকায়, হয়তো ও বাড়ির কাছাকাছি চলে এসেছে।
অনু স্কার্ফ দিয়ে চোখ দুটো মুছে ঝাপসা দৃষ্টিতে বাইরে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। না, এটা রিজভীর চেনা রাস্তা নয়। চারপাশটা কেমন যেন থমথমে, জনমানবহীন পাহাড়ি পথ। একপাশে গভীর খাদ, অন্যপাশে আকাশছোঁয়া বড় বড় গাছ আর ঘন জঙ্গল। দূর-দূরান্ত পর্যন্ত কোনো আলোর চিহ্ন নেই, শুধু গোধূলির শেষ রক্তিম আভাটা আকাশের এক কোণে মরণ কামড় দিয়ে টিকে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপার, রাস্তায় আর কোনো দ্বিতীয় যানবাহন নেই।
অনু চমকে উঠে সামনে তাকাতেই দেখল, লুকিং গ্লাসের দিকে চালক চোখজোড়া নিবদ্ধ করে রেখেছে। আয়নায় প্রতিফলিত চালকের চোখ দুটোতে চকচক করছে এক আদিম, পাশবিক লালসা। সেই কুৎসিত দৃষ্টি অনুর সারা শরীরে এক হিমশীতল স্রোত বইয়ে দিল। ওর আমন্ড কালারের চোখ দুটোতে তীব্র এক ভয়ের রেখা খেলা করে গেল। বুকটা ধড়ফড় করে উঠল। অনু ভয়ে চিৎকার করে বলে উঠল,
--- আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমার বাড়ির রাস্তা না!
সামনে থেকে চালকের এক অদ্ভুত, হিমশীতল কণ্ঠস্বর ভেসে এলো,
--- ওই মেইন রাস্তায় কী একটা বড় ঝামেলা হইছে আফা। পুলিশে রাস্তা আটকাইছে। তাই এই জঙ্গল ঘেইষা শর্টকাটে লইয়া যাইতাছি। ভয় পাইয়েন না।
অনুর মন এক ফোঁটাও মানল না। ওর মন বলছে ও কোনো একটা ভয়ংকর ফাঁদে পড়তে যাচ্ছে। অনু অস্থির হয়ে, সিটের হাতল খামচে ধরে সজোরে চেঁচিয়ে উঠল,
--- মিথ্যা বলবেন না! আমি যাব না এই রাস্তায়। আপনি এখনই গাড়ি থামান! আমাকে নামিয়ে দিন... গাড়ি থামান বলছি!
অনু ভাবেনি কথাটার সাথে সাথেই গাড়িটা ব্রেক কষে থেমে যাবে। একটা ঝাঁকুনি দিয়ে সিএনজিটা রাস্তার একপাশে দাঁড়াল। ড্রাইভার ঝট করে পেছনে ঘুরে বসল। ওর মুখভর্তি পানের লাল পিক, দাঁত কিড়মিড় করে কর্কশ গলায় বলল,
--- ধুর বা\ল! এত চিল্লাচিল্লি কিসের? ভালো কথা কইলেও আপনেরা সন্দেহ করেন। নামেন গাড়ি থেইকা! ভাড়াটা দিয়া বিদায় হন, লাগব না আপনের মতো ঘাড়ত্যারা যাত্রী। জঙ্গলের মধ্যে একলা মরেন গিয়া!
ড্রাইভারের আচমকা এই রুক্ষ আচরণে অনু যেন হাতে চাঁদ পেল। ও দ্রুত গাড়ি থেকে প্রায় লাফিয়ে নেমে পড়ল। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা খুলে টাকা বের করে লোকটার দিকে হাত বাড়িয়ে দিতেই
চালকের খসখসে, শক্ত হাতটা আচমকা এসে অনুর শ্যামবর্ণের কবজিটা খপ করে চেপে ধরল!
ভয়ে আর ঘৃণায় অনুর পিলে চমকে উঠল। হাত ছাড়ানোর চেষ্টা করে চেচিয়ে বললো,
--- হাত ছাড় নয়তো খুব খারাপ হয়ে যাবে।
পৌঢ চালক দমলো না। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে বিকৃত একটা হাসি দিল। অনুর থরথর করে কাঁপা শরীরের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে বলল,
--- আগেই বুঝছিলাম, আপনের গতরখান অনেক নরম। এই রাইতে একলা জংলি রাস্তায় যাইবেন কই? তার চেয়ে আসেন...
চালক ওর দিকে এক পা বাড়াতেই অনুর মাথার ভেতরের সব চিন্তা উধাও হয়ে গেল। ও আর এক সেকেন্ডও দাঁড়াল না; এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিলো। সময় নষ্ট না করে উল্টো ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো।
চারপাশে আবছা অন্ধকার নেমে আসছে, পাহাড়ি ঢালু রাস্তা, কিন্তু অনুর সেসব দেখার বা ভাবার সময় নেই। ও শুধু জানে, ওকে বাঁচতে হবে। নিজের সতিত্বকে রক্ষা করতে হবে। পেছনে জুতোর খটখট শব্দ আর লম্পটটার শয়তানি হাসি ও স্পষ্ট শুনতে পাচ্ছিল। শিকারকে এভাবে ভয়ে পালাতে দেখে লোকটা মনে মনে এক পৈশাচিক তৃপ্তি পাচ্ছিল, আর শিকারী পশুর মতোই সেও অনুর পেছন পেছন আধো অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করল।
কিন্তু শেষ রক্ষাটা বোধহয় হলো না। সামনের রাস্তা বন্ধ—বিশাল একটা খাদ। অনুর পৃথিবীটা যেন ওখানেই থমকে গেল। পেছনে তাকাতেই দেখল, কিছুটা দূরে সেই জানোয়ারটা হন্যে হয়ে ছুটে আসছে। সামনে খাদ আর পেছনে ওই জংলিটা। কোনো উপায়ন্তর না পেয়ে অনু দিকবিদিক জ্ঞান হারিয়ে ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। লোকটা যে তাকে জেনে-বুঝে ফাঁদে ফেলেছে, সেটা বুঝতে আর বাকি রইল না। তার পিছু পিছু লোকটাও জঙ্গলে ঢুকল। অনু মরিয়া হয়ে দৌড়াচ্ছে। পেছন থেকে লোকটার লোলুপ কণ্ঠস্বর ভেসে এল,
--- ও ম্যাডাম! আপনার গলার চেইন আর হাতের আংটিডা দিয়া যান। কিচ্ছু কমু না!
অনু থামল না। লোকটা ওসব কেড়ে নিয়েও যে তার সম্ভ্রমে হাত দেবে না, তার কী গ্যারান্টি? এমনও তো হতে পারে, নিজের কার্য হাসিল করে প্রমাণ লোপাটের জন্য অনুকে জানেই মেরে ফেলল? কেউ হদিস পাবে না অনুর। দৌড়ানোর মাঝেই অনু একবার পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাল। লোকটা সত্যি সত্যি একটা ধারালো চা\\পাতি উঁচিয়ে আসছে। দূরত্ব খুব বেশি নয়। ভয়ে অনুর অন্তরাত্মা যেন খাঁচাছাড়া হওয়ার উপক্রম হলো। অন্ধকারে ঠিকঠাক দৌড়ানোও যাচ্ছে না। মাথার ওপর মস্ত বড় চাঁদটা আলো ছড়াচ্ছে ঠিকই, যা এই বিপদে সামান্য একটু সাহায্য করছে; কিন্তু পেছনের নরপশুটা যেভাবে হিংস্র হয়ে উঠেছে, তাতে মনে হচ্ছে না বেশিক্ষণ পালিয়ে বাঁচা সম্ভব।
ঠিক তখনই, তীব্র আতঙ্কে বেখেয়ালে একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ল অনু। পেছনের জানোয়ারটা এক পৈশাচিক আনন্দে চিৎকার করে উঠল।
এই ছবিটার লেখাটাও টাইপ করে দিলাম:
*Hamida Parvin - পারু*
গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে আছাড় খেয়ে পড়তেই অনুর সারা শরীর জুড়ে তীব্র একটা ব্যথার ঢেউ খেলে গেল। হাতের তালু আর হাঁটু জংলি লতা আর পাথরের কুচিতে ছিঁলে গেছে। কিন্তু সেই শারীরিক যন্ত্রণা ছাপিয়ে ওর মাথার ভেতর নিজেকে বাঁচানোর পায়তারা করছে।
পেছনের জানোয়ারটা অনুকে পড়ে যেতে দেখে পৈশাচিক উল্লাসে একটা চিৎকার দিয়ে উঠল। ওর হাতের চাপাতিটা চাঁদের আলোয় চকচকে রূপালি আভা ছড়িয়ে দিল। ও খিলখিল করে হেসে বিকৃত গলায় বলল,
--- আর কত দৌড়াইবেন আপা? এই জঙ্গল থেইকা বাইর হওনের কোনো রাস্তা নাই। তার চেয়ে সোজা আঙুলে ঘি তোলনের চেষ্টা করেন!
অনু মাটিতে পড়া অবস্থাতেই দুই হাত ছেঁচড়ে কোনোরকমে পিছিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করল। ওর বুকের ভেতর হৃদপিণ্ডটার গতি তখন বেড়েই চলেছে, যে মনে হচ্ছিল এই বুঝি বুক চিরে ওটা বাইরে চলে আসবে। মাথার ওপরের মস্ত বড় পূর্ণিমার চাঁদটা আজ যেন অনুর এই চরম অসহায়ত্বকে উপহাস করার জন্যই এতটা আলো ছড়াচ্ছিল। সেই আলোয় ও দেখতে পেল লোকটার চোখ দুটো কতটা হিংস্র আর কুৎসিত দেখাচ্ছে।
টাকা, গলার চেইন কিংবা হাতের আংটি — এগুলো যে কেবল একটা উছিলা, লোকটার আসল উদ্দেশ্য যে অনুকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, তা বুঝতে আর এক বিন্দুও বাকি রইল না। নিজের কামনার লালসা মেটানোর পর এই গভীর জঙ্গলে ওকে খুন করে খাদের নিচে ফেলে দিলেও কেউ কোনোদিন জানতে পারবে না। রিজভী, তিতির, এমনকি ওর বাবা-মাও না। শিকারীর মতো লোকটা আস্তে আস্তে ওর দিকে পা বাড়াচ্ছিল। অনুর সারা শরীর ভয়ে কাঁপছিল, চোখে অন্ধকার নেমে আসছিল। কিন্তু ওই তীব্র আতঙ্কের মাঝেই মাটিতে হাতড়াতে হাতড়াতে ছোট্ট পাথর হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। জানোয়ারটা এগিয়ে আসছে ক্রমশ। মুখে বিকৃত হাসি। অনু উঠে দাঁড়ানোর শক্তি পেলো না।
*#চলবে*