#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_২৫
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
লোকটার ফোন বেজে উঠল। সে অনুর দিকে এগিয়ে আসতে আসতে ফোনটা কানে ধরে বলল,
--- স্যার, একটা মাইয়া পাইছি। বড় ঘরের মাইয়া মনে হচ্ছে। ম্যাল্যা টাকা পাওন যাইবো। শুধু আমারে কত দিবেন, তাই বলেন।
ওপাশ থেকে কিছু একটা বলতেই লোকটার মুখের হাসি চওড়া হলো। একই রকম হিংস্রতা নিয়ে এগিয়ে আসছে সে। অনু যা বোঝার বুঝে নিলো। ভয়ের তীব্রতা যেন ক্রমশ বাড়লো বই কমলো না। অনু বাঁচার শেষ চেষ্টা হিসেবে একটা পাথর ছুড়ে মারল লোকটার দিকে। কিন্তু কাঁপতে থাকা হাতের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরটা পাশে গিয়ে পড়ল।
ঠিক সেই মুহূর্তেই অন্ধকার ফুঁড়ে শনশন শব্দে একটা ধারালো তীর এসে বিঁধল লোকটার ডান হাতে। তীরের নিখুঁত নিশানা আর তীব্র গতিতে লোকটার হাতের কবজির চামড়া-মাংস ভেদ হয়ে গেল। ব্যথায় একটা চিৎকার দিয়ে উঠল সে, আর হাতের মুঠো আলগা হয়ে ভারী চা\\পাতিটা সটান গিয়ে পড়ল নিজেরই পায়ের পাতার ওপর। ভারসাম্য হারিয়ে জানোয়ারটা পাথরের ওপর মুখ থুবড়ে পড়ল। কবজি আর পায়ের তীব্র যন্ত্রণায় সে জঙ্গলের শুকনো পাতা আর মাটি খামচে ধরে তীব্র যন্ত্রণায় গুঙিয়ে উঠলো। লোকটা কাতর কণ্ঠে খেঁকিয়ে উঠে বললো,
--- কোন শা***..
কথা সম্পূর্ণ করতে পারলো না। দ্বিতীয় তীর এসে লোকটা অন্য হাতে বিধলো। লোকটার অবস্থা এবার চরম করুন হয়ে উঠলো।
অনু স্তব্ধ, হতবাক হয়ে তাকিয়ে রইল। কী ঘটে গেল এই কয়েক সেকেন্ডে! সাময়িকভাবে ওর চিন্তা করার ক্ষমতা লোপ পেল। এক লহমায় নিশ্চিত নরক থেকে বেঁচে যাওয়ার স্বস্তি, নাকি নতুন কোনো বিপদের হাতছানি—কোনোটা ভাবার আগেই ওর হাত-পা তীব্রভাবে কাঁপতে শুরু করল। কোনোমতে মাটিতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াল ও। চারপাশটা কেমন যেন থমথমে, শুধু লোকটার আর্তনাদ বাতাসে ভেসে আসছে। কাঁপতে থাকা শরীরটা নিয়ে ও ধীরপায়ে পেছনের দিকে ঘুরে তাকাল।
চন্দ্রালোকিত বুনো জঙ্গলের আবছা অন্ধকারে, নিজের থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী অবয়ব। অনু পুরোপুরি ওর দিকে ঘুরতেই, সেই রহস্যময় মানব ক্ষিপ্র গতিতে একটি দীর্ঘ ধনুকে নতুন একটি তীর চড়িয়ে সরাসরি অনুর বুক লক্ষ্য করে তাক করল। মুহূর্তের মধ্যে অনুর মেরুদণ্ড বেয়ে হিমশীতল ভয়ের এক তীব্র স্রোত নেমে গেল। গলা শুকিয়ে কাঠ। অবচেতন মনেই একটা ফাঁকা ঢোক গিলল সে। মুখ খোলার চেষ্টা করলেও কোনো আওয়াজ ফুটল না।
চাঁদের আলো লোকটার মুখে আংশিক এসে পড়েছে। পরনে লং টেইলকোট আর হুডি, মুখটা কালো কাপড়ে ঢাকা। চোখে এক শীতল ভাব। এই গভীর পাহাড়ি জঙ্গলে ধনুক-তীর হাতে এমন মানুষের দেখা পাওয়ার একটাই অর্থ হতে পারে—পাহাড়ি ডাকাত। বুকটা ধক করে উঠল ওর। একটা জানোয়ারের হাত থেকে বাঁচতে না বাঁচতেই ও কি তবে আরও হিংস্র পাহাড়ি ডাকাতের খপ্পরে এসে পড়ল?
সামনের লোকটা ধনুকের ছিলা টেনে ধরে অনুর দিকে কয়েক কদম এগিয়ে এল। তীরের ফলা এবার অনুর চোখ বরাবর স্থির। দুজনের দূরত্ব মাত্র হাত চারেক। অনু এবার লোকটার চোখের দিকে তাকাল। বিস্ময়ে তার মুখটা হাঁ হয়ে গেল। মানবের চোখ দুটো একদম গাঢ় পারপেল রঙের। ফর্সা, মসৃণ ত্বক; ঘন কালো বাঁকানো ভ্রূযুগল নেত্রজোড়ার মুগ্ধতা বাড়িয়েছে। মুখ কালো কাপড়ে ঢাকা থাকায় দৃষ্টি আরও তীক্ষ্ণ ঠেকছে। ঘন কালো বাঁকানো ভ্রূ আর চোখের এই অপার্থিব গভীরতায় অনু যেন এক মুহূর্তের জন্য নিজের পরিস্থিতিটাই ভুলে গেল। সে অবচেতন মনেই অস্ফুট স্বরে আওড়ালো,
--- এটা কি আদৌ মানুষ? মানুষের চোখ এত সুন্দর হয়?
তীরন্দাজ মানবের ভ্রূ আরেকটু বেঁকে গেল। রমণীর চোখে-মুখে ভয় এবং বিস্ময়ের অদ্ভুত মিশেল ফুটে উঠেছে। সে আচমকা তীর নামিয়ে নিল। তারপর উল্টো ঘুরে পা বাড়াতেই অনুর কৌতূহল বাড়লো। উৎকণ্ঠা নিয়ে সে প্রশ্ন করল,
--- আপনি কে? কি উদ্দেশ্যে এখানে এসেছেন?
উত্তর না পেয়ে নিজেই সংযোগ করে প্রশ্ন ছুড়লো,
--- আপনি কি আমাকে বাঁচাতে এসেছিলেন?
মানবটি থামলো না। শান্ত কদমে চলে যেতে থাকলো। তার সুডৌল কাঁধের ওপর হঠাৎই একটা কালো কাক এসে বসলো। অনু ভয়ে কেঁপে উঠলো। কী হচ্ছে এইসব? কিছুটা ভৌতিক লাগলো। সবকিছু ছাপিয়ে ওই রহস্যময় মানবটা কে, তা জানার জন্য মনটা ছটফট করছে অনুর। ফের মনে সাহস জুগিয়ে জোর গলায় প্রশ্ন করলো,
--- কে আপনি? রাতের বেলা এই জঙ্গলে কী করছেন?
মানবটির পা স্থির হয়ে গেল। ওভাবেই পিঠ ফিরিয়ে বরফশীতল গলায় বলল,
--- শিকারি! হবে নাকি আমার শিকার?
কণ্ঠের সেই গভীর শীতলতায় অনুর বুকে দুরুদুরু কাঁপন ধরল। এটা কেমন উত্তর? জিভ দিয়ে গাল ঠেলে প্রশ্ন করলো,
--- শিকারি হলে ছেড়ে কেন দিলেন?
মানবটি এবার তড়াক করে ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকটির দৃষ্টিতে অনুর শরীরে এক শীতল শিহরন বয়ে গেল। বুকে যতটুকু সাহস এতক্ষণ ছিল, এখন তা হাওয়ায় মিলিয়ে গেল। চোখ দেখে বোঝা গেল লোকটা নিঃশব্দে হাসছে। দ্বিতীয়বারের মতো তার শীতল কণ্ঠস্বর ভেসে এল,
--- ছিঁড়ে খেয়ে প্রমাণ দিতে বলছো নাকি?
অনুর চোখে ভয়ের ঢেউ খেলে গেলো। দু-পা পিছিয়ে গেল,
--- আপনার কথাবার্তা খুবই ভয়ংকর।
--- আমার কাজগুলো তার চেয়েও বেশি ভয়ংকর।
--- কি কাজ করেন আপনি?
লোকটা হাতঘড়িতে সময় দেখে থমথমে গলায় বলল,
--- 10 থেকে 1 পর্যন্ত কাউন্ট করবো। এর মধ্যে পালাতে না পারলে প্র্যাক্টিক্যালি আমার কাজ দেখিয়ে দেব। নো ফারদার রিপিটেশন ফ্রম মাই এন্ড। টেন... নাইন...
অনুর চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। শেষবারের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মানবটিকে। মানবটির হাতে ধনুক এবং তীর, পিঠে ঝোলানো আছে তীরদানি। কাঁধের ওপর বসে থাকা কাক এবং মানব—দুজনেই সরু চোখে তাকিয়ে আছে অনুর দিকে। লোকটি তর্জনী নাড়িয়ে উল্টোভাবে কাউন্ট করতে করতে ছয়ে এসে ঠেকেছে।
নাহ! দাড়িয়ে থাকার মতো দুঃসাহস অনুর হলো না। ও এক পা এক পা করে পিছিয়ে উল্টো ঘুরে দৌড় দিল। আড়চোখে খেয়াল করলো, সেই ড্রাইভারটা ব্যথার চোট সহ্য করতে না পেরে ততক্ষণে জ্ঞান হারিয়েছে। অনু থামলো না। কেন জানি মনে হচ্ছে চারপাশ থেকে অশরীরীরা ওকে পিছু করছে। অনু এই মুহূর্তে লোকটাকে ভূত ভেবে বসলো। বিশেষত লোকটার কাঁধে কাক বসার জন্য; কোনো মানুষ তো আর কাক পোষে না নিশ্চয়ই। অনু পুরো দমে দৌড় লাগালো। বেশিদূর যেতে পারলো না রমণী। পায়ের হিল ছিড়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে গেলো। কোনোরকম মাথাটা তুলে ভয়ে ভয়ে পিছনে ফিরে দেখলো সেই রহস্যময় মনবটা নেই। এবার তো অনু শতভাগ শিওর এটা ভূত। নয়লে চোখের পলকে কেউ গায়েব হয়ে যেতে পারে? অনু সকল ব্যাথাবিষ ভুলে উঠে পাগলের মতো দৌড়াতে থাকলো। ভয়ের তীব্রতায় শরীর কাপছে। কিন্তু জঙ্গলের গভীরতা শেষই হচ্ছে না। ঢোকার সময় তো টের পাইনি এতোটা গভীরে ঢুকে পড়েছে। ওভাবে কতক্ষন দৌড়ালো হিসেব নেই। ভুল পথে যাচ্ছে নাকি তাও যানে না অনু। কখনো কখনো হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল, আবার কখনো গাছের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল।
কতটা সময় যে ওভাবে দৌড়াল, তার কোনো হিসেব নেই। একসময় গাছের ঘনত্ব কমতে শুরু করতেই ও বুঝতে পারল বনের শেষ সীমানায় চলে এসেছে। তখনই ডান পা-টা মাটিতে ফেলতেই তীব্র একটা সুচালো অনুভূতি তীরের মতো ওর মস্তিষ্ক পর্যন্ত পর্যন্ত বিঁধে গেল। তীব্র যন্ত্রণায় চোখমুখ কুঁচকে গেল অনুর। আর এক কদমও এগোনোর সাধ্য নেই। পাশে থাকা গাছের সাথে শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে ও কোনোমতে দাঁড়িয়ে রইল। পায়ের পাতার ঠিক মাঝখানটায় বিশাল একটা পাহাড়ি বুনো কাঁটা গেঁথে গেছে। কাটাটা বের করার ফুসরাত পেলো না অনু। মাথার ওপর থেকে ভেসে এলো এক কর্কশ আওয়াজ—
--- কা... কা... কা...!
ভয় আর নিস্তব্ধতা ফুঁড়ে ওঠা সেই ডাক যেন অনুর আত্মাটাকে খাঁচাছাড়া করার জন্য একাই যথেষ্ট ছিল। ওই ভূতের কাঁধের সেই কাকটা! ও কি তবে পিছু পিছু চলে এসেছে? ভয়ের চোটে অনু পায়ের তীব্র যন্ত্রণার কথা এক মুহূর্তের জন্য ভুলেই গেল। আতঙ্কে জ্ঞানশূণ্য হয়ে আবার যেই না একটা দৌড় দিতে চাইল, অমনি পুরো শরীরের ভর ওই ডান পায়ের ওপর পড়তেই আলগা হয়ে থাকা কাঁটাটা এবার মাংস ভেদ করে ঢুকে গেল।
মস্তিষ্কের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেন এক তীব্র বৈদ্যুতিক শক খেলে গেল। নিজেকে ধরে রাখতে পারল না। মুখ থেকে ছিটকে এলো এক আর্তনাদ,
--- আহহহহহ...!
ধপ করে বসে পড়ল অনু। চোখ দুটো খিঁচে বন্ধ করে নেওয়ার পরও নোনা জলের অবাধ্য ধারা গাল বেয়ে অনর্গল ঝরে পড়তে লাগল। অনু দাঁতে দাঁত চাপল। অবশ হয়ে আসা হাত দুটো দিয়ে গেঁথে থাকা কাঁটাটায় এক হ্যাঁচকা টান দিল। মুখ থেকে আপনাআপনি ব্যাথ্যাতুর শব্দ বেড়িয়ে এলো,--- উহ্!
কাঁটাটা বের করে ফেলতেই যেন রক্তের বাঁধ ভাঙল। ক্ষতবিক্ষত মাংসের ভেতর থেকে গলগল করে উষ্ণ রক্ত বেরিয়ে বনের শুকনো পাতাগুলোকে ভিজিয়ে দিতে লাগল। ঠিক সেই মুহূর্তে কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতোই—মাথার ঠিক ওপরে ডানা ঝাপটানোর শব্দ পেল ও। চোখ তুলে তাকাতেই দেখল, সেই কালান্তক কাকটা কুচকুচে কালো ডানা মেলে ওর মাথার ওপর চক্কর কাটছে।
--- হুস, হুস। যাহ.
ও কি আজ আর অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারবে না? ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে কাকটা হঠাৎ তিরের বেগে নিচে নেমে এলো এবং অনুর মাথা ঘেঁষে 'সা-আ' করে অন্ধকারের দিকে উড়ে চলে গেল। ওর ডানার ঝাপটায় অনুর মুখের ওপর কয়েকটা অবাধ্য চুল এসে পড়ল। এই ভৌতিক পরিবেশ অনু সহ্য করতে পারলো না আর। শরীরের সমস্ত শক্তি নিংড়ে ঝেড়ে উঠে দাঁড়াল। এক পায়ে ভর দিয়ে, অন্য পা টেনে টেনে একপ্রকার দৌড়ে ও জঙ্গল থেকে বেরিয়ে এলো। রুক্ষ, শক্ত পিচঢালা রাস্তায় দৌড়ালো কিছুক্ষণ। দৌড়ানোর কারণে পায়ের সেই তাজা ক্ষতটা যেন দ্বিগুণ হয়ে ফেটে গেল। প্রতিটি পদক্ষেপে পিচের ওপর রক্তের স্পষ্ট ছাপ রয়ে যাচ্ছে।
বেশ খানিকটা দূর ওভাবে যাওয়ার পর অনুর শরীর আর মন—কোনোটাই আর সায় দিল না। মাথাটা ঝিমঝিম করছে। পাহাড়ি রাস্তার কোল ঘেঁষে জরাজীর্ণ একটা ভাঙা চাটাইয়ের তৈরি বসার জায়গা নজরে পড়ল। অনু খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোমতে সেটার ওপর গিয়ে বসে পড়লো। ক্লান্ত, অবশ হাত-পা দুটোকে নিজের বুকের কাছে গুটিয়ে এনে জড়ো করে বসল ও। দুই হাঁটুর ওপর চিবুকটা ঠেকিয়ে আকাশের দিকে তাকাল।
বাতাসে পাহাড়ি জঙ্গলের সোঁদা গন্ধ আর তীব্র এক নীরবতা। কতো কি ভাবল ও এই অল্প সময়ে, তার কোনো ইয়ত্তা নেই। ভাবনারা সব জট পাকিয়ে যাচ্ছে। বুকের ভেতর ধকধক করছে। আকাশের ঠিক মাঝখানে মস্ত বড় এক রূপোলি চাঁদ উঠেছে। চারপাশের কালো পাহাড় আর রূপালি আলোর এই বৈপরীত্য যেন এক মায়াবী চাদর বিছিয়ে দিয়েছে চরাচরে। পুরো বনটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। পূর্ণিমা বোধহয় আজ। এই আলোটাই এতক্ষণ জঙ্গলের পাতায় পাতায় চুঁইয়ে পড়ছিল। চাঁদের সেই স্নিগ্ধ আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুর এক অদ্ভুত শূন্যতা আর রহস্যের বেড়াজালে নিজেকে বড় বেশি একাকী আবিষ্কার করল সে। হাটুর ওপর চিবুক ঠেকিয়ে অনু বিরবির করে আওড়াল,
--- আমার বিয়োগে কারও বুকে চিনচিনে ব্যথা জাগবে না। কেবল আমার ব্যথায় আমিই একা কেঁদে গেলাম। অশ্রুগলিত এই নোনা জলও বোধহয় জেনে গেছে এই গোটা মহাবিশ্বে আমার কেউ নেই; যে এসে তাকে শাসন করে বলবে, 'খবরদার! আমার কলিজার টুকরোকে কাঁদাবি না।' কেউ আগলে রাখার নেই বলেই আজ এই চোখের জলও এত অবাধ্য!
এটুকু বলে একটু থামল ও। বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস চেপে ফের বলল,
--- আমিও আজ থেকে চরম অবাধ্য হব। আর কোনো নিয়মের খাঁচায় ফিরব না আমি। এখন থেকে মন যা বলবে, ঠিক তাই শুনব। নিজের অশ্রুকে এবার নিজেই শাসন করব। আমাকে কাঁদানো প্রতিটা মানুষকে আমি তিলে তিলে শেষ করে দেব। বাদ যাবে না ইশিতা তালুকদার আর নাহিদ তালুকদারও। আই হেট মাই প্যারেন্টস! আই হেট দেম!
পারিপার্শ্বিক সমস্ত ভয় ডর ভুলে ও জরাজীর্ণ চাটাইটার ওপর হাঁটুতে মুখ গুঁজে বসে রইল। মাথা থেকে পুরোপুরি মুছে গেল যে ও একটা গভীর পাহাড়ি জঙ্গলের প্রান্তে, একাকী আর সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বসে আছে। যেকোনো সময় অঘটন ঘটতে পারে।
সময় যেন ডানাহীন পাখির মতো স্থবির হয়ে রইল। কতটা সময় ওভাবে কেটে গেল, অনুর খেয়াল নেই।
আচমকা পায়ের পাতায় এক জোড়া বরফশীতল হাতের স্পর্শ লাগতেই অনু বিদ্যুৎস্পৃষ্টের মতো লাফিয়ে উঠল। আতঙ্কে চোখ মেলে সামনের দৃশ্যটা দেখামাত্রই অনু স্তব্ধ হয়ে গেল। বুক চিরে আসা চিৎকারটা গলার কাছে এসে আটকে গেল। এই গভীর রাতে পাহাড়ি রাস্তার ধারে কোনো অশরীরী কিংবা হিংস্র ভূত দেখলেও বোধহয় ও এতটা চমকাত না, যতটা সামনের মানুষটাকে দেখে চমকেছে।
রিজভী!
রিজভী অত্যন্ত মনোযোগ দিয়ে, নিখুঁত দক্ষতায় অনুর রক্তাক্ত ডান পা-টা নিজের হাতের ওপর রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বনের সেই বুনো কাঁটাটা উপড়ে ফেলার কারণে ক্ষতস্থান থেকে এখনো চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে, যা রিজভীর হাতের আঙুলগুলোকে লাল করে দিয়েছে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই।
অনু এক ঝটকায় পা টেনে নিতে চাইল ও, কিন্তু সেই হাতের বাঁধন আলগা হলো না, বরং আরও শক্ত করে চেপে ধরল ওর গোড়ালি। আচ্ছা অনু ঠিক দেখছে তো? কন্ঠরোধ হয়ে আসছে। মুখ খুললেও কোনো আওয়াজ বের হলো না। রিজভী অনুর পা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সরাসরি নজর রাখলো অনুর মুখের ওপর।
রিজভীর ফর্সা, তীক্ষ্ণ চেহারায় চাঁদের আলো এসে পড়েছে। পরনে টেইলকোট। অবাধ্য চুলগুলো কপালের ওপর বিছিয়ে আছে। অনু তাকালো রিজভীর চোখের দিকে। সেই গাঢ় নীল চোখে আজ শীতলতা, গম্ভীর্য, কোনোটাই দেখতে পেলো না। একদম স্বাভাবিক। আশ্চর্য, রিজভী স্বাভাবিকভাবেও তাকাতে জানে? অনু মলিন স্বরে বলে উঠল,
--- দুশমনের এই ভাঙাচোরা পরিস্থিতি দেখে খুব আনন্দ পাচ্ছেন তাই না?
মানবের শান্ত গম্ভীর উত্তর ভেসে এলো,
--- আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তা হোক দুশমনকে ভেঙে গুড়িয়ে দেওয়া কিংবা জোড়া লাগানো। অন্যের আগুনে পুরে আমার আনন্দ মাটি করার পায়তারা করেছো নাকি?
অনুর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। রিজভীর চোখের দিকে সরাসরি তাকিয়ে ও জবাব দিল,
--- এতোটাই ভেঙেছেন যে দক্ষ কারিগরও জোড়া লাগাতে পারবে না।
কথাটা বলেই অনু এক ঝটকায় নিজের পা-টা রিজভীর হাতের বাঁধন থেকে মুক্ত করার চেষ্টা করল। কিন্তু পারল না।
রিজভী কোনো উত্তর দিল না। তার পুরো মনোযোগ তখন অনুর পায়ের ক্ষতের দিকে। পকেট থেকে একটা ধবধবে সাদা রুমাল বের করে সে কোনো রকম দ্বিধা ছাড়াই অনুর পায়ের রক্তাক্ত ক্ষতস্থানে চেপে ধরল।তীব্র যন্ত্রণায় অনু আবার ককিয়ে উঠল,
--- আহ্! ছাড়ুন, লাগছে আমার!
--- চুপচাপ বসে থাকো। একটা কথাও বলবে না।
রিজভীর গলার স্বর এতটাই নিচু আর থমথমে শোনাল যে, অনু অবচেতনভাবেই চুপ হয়ে গেল। তবে রিজভীকে খোঁচানোর জন্য কটাক্ষ করে বলল,
--- দুশমনকে এভাবে পা ধরে বসে থাকতে দেখে আনন্দে নাচতে ইচ্ছে করছে।
রিজভী তৎক্ষণাৎ উত্তর দিল না। সে শক্ত করে একটা গিঁট দিয়ে দিল এবং অনুর পা-টা টেনে নিজের কোলের ওপর নিয়ে নিল। ক্ষত জায়গায় টান পড়ায় অনুর মুখ থেকে আবার একটা যন্ত্রণাদার্থ আর্তনাদ বেরিয়ে এলো। রিজভী অনুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
--- আমিও ইন্টারেস্টেড তোমার নাচ দেখার জন্য। তা কবে দেখাচ্ছ?
অনু ব্যাথ্যা সংযত করে বললো,
--- মঞ্চ যদি হয় আপনার বুক, তাহলে এখনই নেচে দেখাচ্ছি।
--- আর ইউ সিওর?
--- ইয়াহ, আই ক্যান ডু ইট।
বলতে বলতেই অনু ভীষণ রকমের একটা দুঃসাহসিক কাজ করে বসল। র\ক্তাক্ত পা-টা সোজা রিজভীর বুকের ওপর রাখল। রিজভী থাবা দিয়ে ধরল পা-টা। চোখ দুটো সরু করে তাকাল অনুর দিকে। এমনটা করবে সে ভাবেনি বোধহয়। গম্ভীর কন্ঠে বললো,
--- একটু তো ভয় পাও আমাকে... এতো সাহস ভালো নয়। নিজেকে কী ভাবো? মৃত্যুঞ্জয়ী?
অনুর চোখেমুখে ভয়ের লেশমাত্র নেই। কথায় আছে না, অতি কষ্টে মানুষ পাথর হয়ে যায়। অনুর হয়েছে সেই অবস্থা। মুখে হাসি ফুটিয়ে বললো,
--- মৃত্যুঞ্জয়ী শব্দটা একদম পারফেক্ট।
--- তাহলে এই পা ধরে এক টানে খাদে ফেলে দেই?
--- দেরি করছেন কেনো?
রিজভী চোখদুটো আগের চেয়ে সরু হয়ে গেলো। চাঁদের আলোয় রিজভীর চোখ দুটোকে কেমন যেন চিলড্রেন-স্টোরির হিংস্র নেকড়ের মতো ঠেকল। তীক্ষ্ণ দৃষ্টিতে অনুকে পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় বললো,
--- কি হয়েছে তোর? এমন করছিস কেনো? ভুতে ধরেছে নাকি ভীমরতিতে?
--- আপনার কি হয়েছে? এভাবে পা ধরে বসে আছেন কেনো?
অনুর পাল্টা প্রশ্নে রিজভী সঙ্গে সঙ্গে বুক থেকে পা সরিয়ে উঠে দাড়ালো। তবে এর হিসেব রিজভী তুলে রাখলো। সময় হলে হিসেব চুকিয়ে দেবে। ও পিঠ ফিরিয়ে দুইহাতে মাথার চুল খামচে ধরলো। অনু সেইদিকে খেয়াল না দিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। মন খারাপে অনু আকাশের দিকে তাকালে শান্তি পাই।
--- বাড়ি ফিরতে হবে। গো ফাস্ট।
রিজভীর কণ্ঠস্বরে অনু চোখ তুলে তাকাল। দেখল, রিজভী তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। অনু একটু সময় নিয়ে স্থির গলায় প্রশ্ন করল,
--- আপনি আমাকে খুঁজতে এখানে এসেছেন, তাই না?
রিজভী ঘাড় ঘুরিয়ে এক চিলতে বাঁকা হাসল,
--- তুমি হারিয়ে গিয়েছিলে বুঝি?
বিরক্তিতে অনুর ভ্রুকুটি তীব্র হলো। ঠিক তখনই রিজভীর গম্ভীর, উদাসীন কণ্ঠস্বর ভেসে এলো,
--- আমি এখানে চাঁদ দেখতে এসেছিলাম।পাহাড়ের ওপর থেকে চাঁদের ভিউটা একদম পারফেক্ট।
--- আমাকে যতটা বোকা ভাবেন, আমি অন্তত ততটা বোকা নই। আমি এখানে আছি আপনি জানলেন কি করে?
রিজভী এবার পুরোপুরি ঘুরে দাঁড়াল না, গম্ভীর গলায় বলল,
--- বাড়ি ফিরতে হবে।
তাকে এভাবে বারবার কথা ঘোরাতে দেখে অনু দাঁতে দাঁত চেপে জেদি গলায় বলল,
--- যাব না আমি!
রিজভী এবার ঘুরে দাঁড়াল। একটা ভ্রু কুঁচকে, অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল,
--- তোমাকে তো আমি যেতে বলিনি। বলেছি আমার বাড়ি ফিরতে হবে। চললাম, টা-টা।
কথাটা শেষ করেই রিজভী লম্বা কদমে হাঁটতে শুরু করল। অনু অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। এই গভীর রাতে, এই ভয়ঙ্কর জংলি রাস্তায় একটা মেয়েকে এভাবে একা ফেলে কোনো মানুষ সত্যি সত্যি চলে যেতে পারে? অবশ্য রিজভীর পক্ষে সব সম্ভব। অনু পেছনের দিকে তাকাতেই অবচেতন মনেই একটা শুকনো ঢোক গিলল ও। তারপর সমস্ত জড়তা ঝেড়ে পেছন থেকে চিৎকার করে উঠল,
--- এই যে ব্লু ক্রিস্টাল বল! সাপের মতো নীলচোখা, আমাকে নিয়ে যান বলছি!
রিজভীর পা থামল না, যেন শুনতেই পায়নি। অনু এবার চেঁচিয়ে উঠল,
--- এই নীলতিমি! কথা কি কানে যায় না আপনার?
অনু আর বসে থাকতে পারল না। চাটাই থেকে মাটিতে পা ছোঁয়াতেই যন্ত্রণায় মাথাটা টনটন করে উঠল। তবুও সে থামল না। নিজের এই দুশমনের মাঝেই এক অদ্ভুত নিরাপদ আশ্রয় খুঁজতে সে মরিয়া হয়ে উঠল। আশ্চর্য! খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেও অনু রিজভীর নাগাল পেল না। রিজভী তার চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। অনু পেছন থেকে সমানে ডেকেই চলেছে তাকে।
#চলবে