#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__২৬
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
হঠাৎই রিজভীর পা দুটো স্থির হয়ে গেল। আশপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে কিছু একটা খুঁজলো। তারপর পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেওয়ার চেষ্টা করতে থাকলো। নেটওয়ার্ক পাচ্ছে না বোধহয়।
কিছু একটা হয়েছে আন্দাজ করে অনু থমকে দাঁড়ালো। কিছুক্ষণ পর রিজভী ফিরে এলো। চোখেমুখে গাম্ভীর্য স্পষ্ট। কোনো একটা বিষয় নিয়ে রেগে আছে মনে হয়। রিজভী এগিয়ে এসে চোখ দুটো সরু করে দাঁড়ালো, তারপর গম্ভীর কণ্ঠে বললো,
--- কোনো পাহাড়ি চোর-ডাকাত বাইকটা নিয়ে গেছে। ফোনেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এখন আমার সাথে যেতে হলে হেঁটেই যেতে হবে। না হলে এখানেই থাকো।
অনু আঁতকে উঠলো। তারমানে যায়গাটা যেমন নিরব শুনশান তেমনি চারপাশে নিস্তব্ধতার কোটরে লুকিয়ে আছে বিপদের বিষাক্ত দানা। কোথায় কে লুকিয়ে আছে তারও ইয়াত্তা নেই। তারপর তাকালো নিজের পায়ের দিকে। সাদা রুমালটা র\ক্তে ভিজে উঠেছে। এই পা নিয়ে সে তো আর এক কদমও হাঁটতে পারবে না। অনু ভয়ার্ত গলায় বললো,
--- হাঁটতেই তো পারছি না! নিজের বাইকটা প্রোটেক্ট করতে পারেন না, কেমন গ...
শেষের শব্দটুকু অনু গলাধঃকরণ করে ফেললো। কী বলতে কী বলে ফেলছিল সে! রিজভী তীর্যক দৃষ্টিতে অনুর আপাদমস্তক দেখলো। বাইকটা সে একটু দূরেই রেখেছিল, কারণ নিজের উপস্থিতির জানান দিতে চাচ্ছিল না রিজভী।
--- কথাটা সম্পূর্ণ করো।
রিজভীর কথায় অনু কিছুক্ষণ চুপ থেকে বললো,
--- বলছিলাম কেমন গুন্ডা আপনি? সামান্য বাইক সামলাতে পারেননা।
রিজভীর মনের সন্দেহ দূর হলো কি না বোঝা গেল না। তবে সে কথা না বাড়িয়ে অনুকে স্পষ্ট জানিয়ে দিল,
--- গেলে হেঁটেই যেতে হবে। না পারলে জঙ্গলেই থাকো।
অনু অস্থির হয়ে উঠলো। চোখের সামনে ভেসে উঠলো জঙ্গলের মধ্যকার সেই পার্পল চোখওয়ালার কথা। ওটা ভূত নাকি মানুষ, অনু এখনো কনফিউজড। ভয়ে সে হরবরিয়ে বললো,
--- আপনি আস্তে হাঁটলেই হবে।
রিজভী হাঁটা ধরলো। তার পিছু পিছু অনু খুবই আস্তে, খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে লাগলো। পা ফেলার সাথে সাথে পুরো শরীর ব্যথায় অবশ হয়ে আসছে। অনুর গাল বেয়ে একফোঁটা জল গড়িয়ে পড়লো। আর যায় হোক অনু কাটা ছেঁড়ার ব্যাথা একদম সহ্য করতে পারে না। এর মধ্যেই সে দেখলো, তাকে ফেলে রিজভী অনেক দূরে চলে গেছে। রাগে-দুঃখে অনু ওখানেই দাঁড়িয়ে গেল। গলায় সর্বোচ্চ জোর দিয়ে ডাকলো,
--- রিজভী...
ব্যাস! এক ডাকেই কাজ হলো। রিজভী তার ডাক শুনে ঘুরে বড় বড় পায়ে এগিয়ে এলো। সে অনুর সামনে এসে থামলো। থমথমে গলায় বললো,
--- তোর থেকে আমি গুনে গুনে বারো বছরের বড়। আমার নাম ধরে চেঁচাস কোন সাহসে? ভাই বলে ডাকবি, বল ‘বড় ভাই’। বল!
অনু চোখ পাকিয়ে তাকালো রিজভীর দিকে। এই জানোয়ারকে সে ডাকবে বড় ভাই? বড়ো ভাই তো একটা সম্মানিত শব্দ। এই খবিশকে ডাকলে তো ‘বড় ভাই’ শব্দটার মানই চলে যাবে!
--- কী হলো, কথা কানে যায়নি?
অনু কণ্ঠ টেনে বললো,
--- রিজভী ভাই। এটা চলবে?
--- আবার নাম ধরিস! বল, ‘বড় ভাই’।
অনু ভেতর ভেতর ফুঁসে উঠলো। এই পরিস্থিতিতে সে রিজভীর সাথে তর্কে জড়াতে চাচ্ছে না। অন্য সময় হলে ‘নীলতিমি’ বলে ক্ষ্যাপাতো। সমস্যা নেই, পরে পুষিয়ে নেবে। ভেতরের রাগকে চেপে মেকি হেসে বললো,
--- রিজভী ভাই ডাকটা বেশি মিঠা।
--- এতো মিঠা কথা তো আমার হজম হয় না। আমার তেতো কথাই লাগবে।
রিজভীর হেয়ালিপূর্ণ কথায় অনু নাক কোঁচকালো। পরক্ষণে হাত কচলে বললো,
--- রিজভী ভাই, আমাকে একা ফেলে চলে যাবেন না, কেমন?
--- গেলে কী হবে?
--- আপনি বুঝতে পারছেন না আমি জোরে হাঁটতে পারছি না। অথচ আপনি আমাকে ফেলে আগে আগে চলে যাচ্ছেন! আমার একা একা ভয় লাগছে।
ইগো সাইডে রেখে নিজের দুর্বলতাটুকু প্রকাশ করেই দিল অনু। রিজভী ফিচেল হেসে বললো,
--- বারবার শত্রুর কাছে সাহায্যের জন্য হাত বাড়াস কেন?
অনু নির্বিকার ভঙ্গিতে বললো,
--- আপনার হাতে জোর আছে। শত্রুর জোরে উপরে উঠে শত্রুকে নিচে নামাবো। সুন্দর না?
--- পাগলের সুখ মনে মনে।
--- মনে মনে আর কোথায় রাখলাম বলুন, প্রকাশ করেই তো দিলাম। তাহলে এখন কী বলবেন?
রিজভী গম্ভীর কণ্ঠে বললো,
--- ল্যাংড়া!
রিজভীর কথা বুঝতে অনুর কয়েক সেকেন্ড সময় লাগলো। বোঝামাত্রই সে ঝাঁঝিয়ে বলে উঠলো,
--- আপনি ল্যাংড়া! আপনার চৌদ্দগোষ্ঠী ল্যাংড়া! আমার পায়ে কাঁটা ফুটেছে, তাই বলে আমি ল্যাংড়া হয়ে যাবো না!
রিজভী নির্বিকার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বলল,
--- তুই আমার পিছু পিছু আসবি না বলে দিলাম। তোর মতো ঘাড়ত্যাড়াকে সাহায্য করতে গিয়ে আমার জান জ্বলে যাচ্ছে। মানুষ বিপদে পড়লে বিড়াল সাজে, আর ওনাকে সবসময় সিংহী হয়ে থাকতে হবে! যা, নিজের রাস্তা নিজে মাপ।
অনুও কন্ঠ তেতিয়ে বললো,
--- লাগবে না আপনার সাহায্য। যান তো সামনে থেকে।
রিজভী পেছনে না তাকিয়েই বেশ কিছুটা পথ এগিয়ে গেল। কিন্তু হঠাৎ কোনো সাড়াশব্দ না পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো—অনু মুখ কালো করে গুটিগুটি পায়ে হাঁটছে। তবে সবকিছু ছাপিয়ে রিজভীর নজর আটকে গেল অনুর পায়ের দিকে। ভাঙা পিচঢালা রাস্তায় খালি পায়ে হাঁটতে রীতিমতো হিমশিম খাচ্ছে মেয়েটা। তার ওপর পায়ের ক্ষতটাও বেশ গভীর। অনু একবারের জন্যও রিজভীর দিকে তাকাল না। তবে তার মুখের ভাব দেখে মনে হচ্ছে, এই বুঝি চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় কান্না নেমে আসবে। বাতাসে তার লম্বা খোলা চুল উড়ছে, গায়ের পোশাকও ধুলোমলিন হয়ে আছে।
রিজভী পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে পড়ল। অনু হাঁটতে হাঁটতে তাকে ছাড়িয়ে সামনে চলে গেল। এবার রিজভী নিজে অনুর পিছু নিল। যাওয়ার আগে একবার পেছনের জঙ্গলটার দিকে তীক্ষ্ণ নজর বোলালো। তারপর আবার অনুর পেছনে পেছনে ছায়ার মতো হাঁটতে লাগল। একটু এগিয়ে গম্ভীর স্বরে বলল,
--- তুমি চাইলে আমার জুতো জোড়া পরতে পারো। আই মিন, খালি পায়ে হাঁটতে তো খুব কষ্ট হচ্ছে তোমার।
অনু চাপা জেদি কণ্ঠে বলল,
--- লাগবে না।
সাথে সাথে রিজভী বিরক্ত হয়ে বলল,
--- তাড়াতাড়ি হাঁট।
কথা বলার সাথে সাথেই কোমর থেকে রিভলবারটা বের করে লোড করে নিল সে। কাজটা খুবই বিচক্ষণতার সাথে করল রিজভী। চোখ-কান সম্পূর্ণ সজাগ রাখল, যেন শত্রু আক্রমণ করা মাত্রই প্রহার করতে পারে। এর মাঝে রিজভী আর অনুর মধ্যে কোনো বাক্যবিনিময় হলো না। এক নিরেট নিস্তব্ধতা এসে ভর করল দুজনের মাঝে। অনু খুবই ধীরপায়ে হাঁটছে। কিছু সময় পর নীরবতা ভেঙে রিজভী শীতল কণ্ঠে বলল,
--- হেই টারটেল, লেটস গো ফাস্ট! এভাবে চলতে থাকলে তো ভোর হয়ে যাবে।
অনু টু শব্দও করল না। এখন মুখ খুললেই রিজভীর সাথে তার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এমনিতে মেজাজ বিগড়ে আছে। অনুর নিশ্চুপতায় রিজভী খোঁচা মেরে বলল,
--- ভয় পেয়ে বোবা হয়ে গেলি নাকি, ড্রামা কুইন?
অনু থেমে গেল। সাথে সাথে রিজভীও হাঁটা থামাল। অনু ঘাড় বাঁকিয়ে রিজভীর দিকে আড়চোখে তাকাল। চোখমুখ কুঁচকে, ভেতরের তপ্ত শ্বাসটুকু চেপে রেখে চেঁচিয়ে বলে উঠল,
--- সমস্যা কী আপনার? কথা বললে ধমক দিয়ে চুপ করিয়ে দেন, আর চুপ থাকলে খোঁচাতে থাকেন!
রিজভী এবার ধমকে উঠল,
--- এতো পকরপকর করিস কেন? সামনে তাকিয়ে হাঁট!
অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করল। তবে মনে মনে রিজভীকে গালি দিতে ভুলল না। এবার আর কেউ কোনো কথা বলল না। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, তবুও পথ ফুরানোর কোনো নামগন্ধ নেই। এদিকে অনুর অবস্থা বেহাল, সে আর হাঁটতেই পারছে না। রিজভী দেখেও না দেখার ভান করে অনুর পেছন পেছন ছায়ার মতো হাঁটতে থাকল। অনুর এই ধীরগতির কারণে রিজভী মনে মনে বেশ বিরক্ত। চারপাশে বনবিছুটির ঝোপ থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। এই নির্জন রাস্তায় অনু আর রিজভীর সাথে তৃতীয় পথিক হিসেবে যোগ দিয়েছে একঝাঁক জোনাকি। পথ না ফুরানোয় অনু চলতি পথেই প্রশ্ন করল,
--- আর কতক্ষণ লাগবে? রাস্তা শেষ হচ্ছে না কেন?
রিজভী একটু সময় নিয়ে বলল,
--- তোমার কোনো আইডিয়া আছে তুমি কোথায় এসেছ? কতটা গভীরে চলে এসেছ? আমার ম্যানশন এক মেরুতে, আর তুমি এসেছ তার ঠিক বিপরীত মেরুতে।
--- কত কিলোমিটার?
--- এখান থেকে লোকালয়ে পৌঁছাতে আরও অন্তত চার কিলোমিটার পথ হাঁটতে হবে।
অনুর শিরদাঁড়া বেয়ে এক হিমশীতল রক্তস্রোত বয়ে গেল। একটুখানি খামখেয়ালিপনার জন্য আজ অনুর চিহ্ন এই পৃথিবী থেকে চিরতরে মুছে যেতে পারত! তবে এত বড় বিপদ থেকে অনু কার উসিলায় বাঁচল? ওই তীরন্দাজ? রিজভী, নাকি নিজের গায়ের জোরে? অনুর ভেতরের সত্তাটা পরিষ্কার জানিয়ে দিল—নিজের জোরে সে কখনোই বাঁচতে পারত না। তবে কি...? ভাবনার জট আরও পাকিয়ে ওঠার আগেই অনু আর গভীরে গেল না। তবে একটা বিষয় বুঝলো, এখন পাশে রিজভী থাকায় নিজেকে কেমন যেন নিরাপদ মনে হচ্ছে। আশপাশের কোনো ভয় বা টেনশন এখন আর অনুর মস্তিষ্ক ছুঁতে পারছে না।
রিজভী শুধু দেখতে থাকলো অনু কীভাবে স্রেফ হাড়ের জোরে শরীরটা টেনে টেনে হাঁটছে। নাকি ভেতরের তপ্ত জেদের কারণে? তারা বিশ মিনিট ধরে হাঁটছে, কিন্তু অনুর ধীরগতির কারণে বেশিদূর যেতে পারেনি। এর মাঝে অনু টলমলে পায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত কণ্ঠে বলল,
--- আমি আর এক পা-ও হাঁটতে পারব না। আমার পায়ের পাতা অবশ হয়ে গেছে! এই জঙ্গলের রাস্তা যেন শেষ হওয়ার নয়।
সেকেন্ডের ব্যবধানে রিজভী ঝুকে অনুকে পাঁজাকোলে তুলে নিল। এক হাতে শূন্যে তোলার কারণে পড়ে যাওয়ার তীব্র আতঙ্কে অনু রিজভীর গলা শক্ত করে জড়িয়ে ধরল। রিজভী অনুকে নিয়ে অবলীলায় এগোতে এগোতে নিচু স্বরে বলল,
--- কিন্তু আমার এনার্জি এখনো ফুল। সো, লেটস শেয়ার ইট?
ঘটনার আকস্মিকতায় কী হলো, তা প্রথমে বোধগম্য হলো না অনুর। কিন্তু যখনই সম্বিত ফিরল, সে সাথে সাথে ছটফট করে উঠল। বজ্জাতটা তাকে এক হাতে কোলে তুলে নিয়েছে!অন্য যে হাতে মারণাস্ত্র ধরা—যা স্বাভাবিক ভাবে ঝুলে আছে; যেন অনুকে এক হাতে সামলানো তার জন্য কোনো ব্যাপারই না। অনু ভালো করেই জানে, রিজভীর গলা ছাড়লেই সোজা নিচে আছাড় খেয়ে কোমর ভাঙবে, তা আর বলার অপেক্ষা রাখে না। নাসারন্ধ্রে একটা কড়া পারফিউমের ঘ্রাণ এসে দোলা দিয়ে যেতে থাকলো। অনু বিতৃষ্ণায় কন্ঠ তেতিয়ে বললো,
--- আপনি আমাকে কোলে তুললেন কেন? নামান বলছি! বেশি বাড়াবাড়ি করে ফেলছেন আপনি।
রিজভী নিরেট, ভাবলেশহীন স্বরে জবাব দিল,
--- শত্রুর জোরে ওপরে উঠতে চেয়েছিলিস না? তো এখন উঠিয়েছি বলে এভাবে ছটফট করছিস কেন?
--- আমি এই ওপরে উঠতে চাইনি। নামান আমাকে!
অনু তীব্র আক্রোশে রিজভীর গলায় আর ঘাড়ে নখ বসিয়ে দিল। মুহূর্তে থমকে গেল রিজভীর পদযুগল। একটা তপ্ত শ্বাস টেনে নিয়ে নিজের ভেতরের ব্যথাটা সংযত করল সে, তারপর চাপা স্বরে বলল,
--- এখানে জংলি বিড়ালের মতো আঁচড় কাটবি, তো আমি বাড়ি ফিরে নিক্সের খাঁচায় তোকে পুরে দেব। মালিকের হয়ে সেরা প্রতিশোধটা ও-ই নিতে পারবে।
কিন্তু অনু থামল না। নিজের বড় বড় নখ দিয়ে সে রিজভীর ঘাড়ে সমানে খামচি বসিয়ে যেতে লাগল। রিজভী এবার সত্যি সত্যি মেজাজ হারাল। চোখের পলকে আলগোছে অনুর ঘাড় গলিয়ে বন্দুকের নলটা ঠেকিয়ে দিল সরাসরি। শীতল সেই ধাতব স্পর্শে অনু চমকে উঠে তড়াক করে দৃষ্টি ফেরাল রিজভীর দিকে। রিজভী তখনো রক্তচক্ষু মেলে তীব্র আক্রোশে তাকিয়ে আছে ওর দিকেই। অনু শান্ত হতেই রিজভী দাঁত চিবিয়ে বলল,
--- আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই। আমি ঠিক কতটা নিকৃষ্ট, তা তোর ধারণারও বাইরে। কিসের এত সাহস তোর? একটু ছাড় দিয়ে চলি বলে মাথায় উঠে গেছিস, না? তোকে মারতে আমার হাত একটুও কাঁপবে না। জানের মায়া নেই তোর? মেরে দিই তাহলে? মেরে দিই?
অনুর এবার আর সাহস হলো না উচ্চবাচ্য করার। সে একদম মিইয়ে গেল। রিজভী আবার দ্রুত গতিতে হাঁটতে শুরু করল। আর তার বুকে লেপ্টে রইল অনু, ভেতরে ভেতরে ফুসছে ভীষণ। রিজভী দ্রুত পায়ে অনেকটা পথ অতিক্রম করে ফেলল। এর মধ্যে অনুর আর কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। রিজভী এতক্ষণ একবারের জন্যও অনুর দিকে তাকায়নি। তবে তার নাকের কাছে একটা চে
মেয়েলি সুবাস বারবার এসে দোলা দিয়ে যাচ্ছিল। হঠাৎ কী ভেবে রিজভী তাকাল অনুর মুখের দিকে। আর মুহূর্তেই আশ্চর্য হয়ে তার চোখ দুটো সরু হয়ে এল। অনু ঘুমিয়ে পড়েছে? এই মেয়ে নিজের চরম শত্রুর বুকেও নিজেকে এতটা নিরাপদ ভেবে বসল? রিজভী গম্ভীর কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলে উঠল,
— এই মেয়ে? নিজের শত্রুর কোলের মধ্যে নিঃসংকোচে ঘুমিয়ে পড়েছো? জানের মায়া একদম নেই নাকি?
সাথে সাথে অনু চোখের পাতা মেলে তির্যক দৃষ্টিতে তাকাল রিজভীর অভিমুখে। তীব্র ঘৃণায় নিঃসংকোচে বলে উঠল,
--- আপনার শরীরের পুরুষালি কোলনের ঘ্রাণ আর তাকালেই চোখের সামনে আপনার ওই পাপিষ্ঠ মুখ! তাকিয়ে থাকলেই ঘৃণায় আমার শরীরটা রিরি করছে। পারলে তো চোখের সাথে সাথে নিজের নাকটাও বন্ধ করে রাখতাম!
রিজভী এবার হুংকার দিয়ে উঠল,
--- তাতে আমার কয়টা বাল ছেঁড়া গেলো?
--- আমার জাস্ট ঘৃণা লাগছে আপনার সান্নিধ্য। নামান আমাকে।
--- বেশি লাফালাফি করলে সোজা পাহাড়ের খাদে ফেলে দেবো।
--- দরকার হলে তাই করুন। তবুও নামিয়ে দিন।
রিজভী বাধ্য ছেলের মতো খাদের ঠিক কিনারায় গিয়ে দাঁড়াল। তার মুখে গাম্ভীর্য স্পষ্ট। অনু শুকনো ঢোক গিলে রিজভীর দিকে তাকাল। রিজভীও পাষাণের মতো অনুর দিকে চেয়ে রইল—যেন একটু এদিক-ওদিক হলেই ওকে নিচে ফেলে দেবে। ঠিক তখনই মানবের গম্ভীর, রাশভারী কণ্ঠস্বর ভেসে এল,
--- শরীরে ওজন বলতে তো কিছুই নেই তোর। ফেলে দিলেও বাতাসে ভেসে থাকবি। ফেলে দেব?
--- নাআহ!
অনু ভয়ে শক্ত করে রিজভীর গলা জড়িয়ে ধরল। এমনিতেই অনুর উচ্চতাভীতি আছে, তার ওপর রিজভী খাদের এত কিনারে দাঁড়িয়েছে যে অনুর বুকের ভেতর দুরুদুরু কাঁপন ধরে গেছে। রিজভী ফিচলে হেসে ওখান থেকে হাঁটা শুরু করল। সেই সুযোগে কায়দা করে নিজের ফোনটা অনুর হাতে গুঁজে দিয়ে বলল,
--- এখানে কোনো নেটওয়ার্ক নেই। তাও এই ডায়াল করা নম্বরটায় চেষ্টা করতে থাক। ভাগ্য ভালো হলে কল লেগেও যেতে পারে।
অনু ফোনটা হাতে নিয়ে জিজ্ঞেস করল,
--- কার নম্বর এটা?
--- নাভানের। ওর কাছে একবার কল পৌঁছাতে পারলে ও গাড়ি পাঠিয়ে দেবে।
অনুকে পাঁজাকোলে নিয়ে রিজভী আনুমানিক দুই কিলোমিটার পথ হেঁটেছে। এতক্ষণ যাবৎ অনু লাগাতার নাভানকে ফোন করার চেষ্টা করে অবশেষে সফলও হয়েছে। নাভানই তাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। রাত তখন দশটা ছুঁইছুঁই। এর মধ্যে রিজভী অনুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল; সেখান থেকে অনুর পায়ের ক্ষত ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ বেঁধে এনেছে।
গাড়িটা এখন এসে থামল একটা বিশাল শপিংমলের সামনে। রিজভীদের পিছু পিছু বডিগার্ডদের কালো গাড়িটাও এসে দাঁড়াল। রিজভী নিজের গাড়ি থেকে নেমে অনুর পাশের দরজাটা খুলে দিল। অনু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই রিজভী সেই দৃষ্টির পরোয়া না করে তাকে আবারও পাঁজাকোলে তুলে নিল। আশপাশের মানুষের উপস্থিতিকে সে পাত্তাই দিল না।
অনু এবার বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেল। হাসপাতালেও ঠিক এই কাজটাই করেছিল লোকটা! তখন অনু চিৎকার করে পাবলিক প্লেসে চরম সিনক্রিয়েট করেছিল তখন। আশপাশের লোকজন এগিয়ে এলে অনু ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলেছিল—এই লোক তাকে কিডন্যাপ করেছে। অনুর ধূলিমলিন জামাকাপড় দেখে লোকজন তার কথা বিশ্বাসও করে নিয়েছিল। তারা তো তেড়ে রিজভীকে মারতে আসছিলো। গার্ডদের জন্য অবশ্য পারেনি। কিন্তু তাদেরকে একটি কথাও বলার সুযোগ না দিয়ে রিজভী নাভানকে ফোন করে তাদের বিয়ের ছবি নিয়ে লোকজনকে দেখিয়ে দেয়। লোকটার নিজের ফোনে বোধহয় বিয়ের ছবি ছিল না। ছবিতে বিয়ের স্টেজে অনু আর রিজভী বর-বউয়ের বেশে বসে আছে; অনু মুখ কালো করে অন্যদিকে তাকিয়ে, আর রিজভী গম্ভীর মুখে আরেকদিকে। ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল, দুজনের একজনেরও এই বিয়েতে মত ছিল না। তবে সেই ছবি দেখার পর স্বামী-স্ত্রীর মনোমালিন্য ভেবে লোকজন নিঃশব্দে কেটে পড়েছিল।
আগের সেই ঘটনার কথা মনে পড়তেই অনু একটা তপ্ত শ্বাস ফেলে এবার চুপচাপ রইল। এবারও আশপাশের পথচারীরা আড়চোখে তাদের দেখছিল। অনু রিজভীর দিকে চোখ রাঙিয়ে চাপা গলায় বলল,
--- কোলে নেওয়ার ব্যারাম উঠছে আপনার?
--- কোলে উঠার জন্যই তো ল্যাংরা হয়ে বসে আছিস।
রিজভীর এই হেয়ালিপূর্ণ জবাবে অনুর গা জ্বলে উঠল। রিজভী সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মলের ভেতরে পা বাড়াল। তাদের পিছুপিছু কালো পোষাকপড়া বলিষ্ঠ গার্ডরাও এগোলো। অনু আশপাশে দ্রুত নজর বুলিয়ে চাপা কণ্ঠে বলল,
--- এখানে এসেছেন কেনো?
--- তোকে রিপেয়ার করতে। একেতো ল্যাংরা হয়ে আছিস তারউপর এমন ময়লা জামাকাপর পড়ে বাড়ি ফিরলে আমার জানাজা হয়ে যাবে আজকে।
--- মানে কি?
রিজভী কোনো উত্তর দিল না। অনুর প্রশ্নটাকে হেয়ালি করে সে সোজা মলের এক প্রিমিয়াম ব্র্যান্ডের শোরুমের ভেতরে ঢুকে গেল।
পেছনে সাত আটজন কালো পোশাকধারী বডিগার্ড আর
এমন ধুলোমাখা পোশাক আর পায়ে ব্যান্ডেজ জড়ানো একটা মেয়েকে একহাতে কোলে নিয়ে এক গম্ভীর চেহারার সুদর্শন পুরুষকে ভেতরে ঢুকতে দেখে শোরুমের ম্যানেজার আর কর্মচারীরা প্রথমে কিছুটা হকচকিয়ে গেল। কিন্তু রিজভীকে দেখে ম্যানেজার চিনতে পারলেন। এমপির ছেলে বলে কথা। সে পরিস্থিতি কিছুটা আঁচ করে নিল। দ্রুত এগিয়ে এসে মাথা নিচু করে বলল,
--- স্যার! এনিথিং আই ক্যান ডু ফর ইউ?
অনু হাঁসফাঁস করছে। কিন্তু রিজভী অনুকে কোল থেকে না নামিয়েই ম্যানেজারের দিকে তাকিয়ে বরফশীতল কণ্ঠে আদেশ দিল,
--- ওর জন্য বেস্ট কিছু ড্রেস সিলেক্ট করে দিন। আর আপনাদের স্টাফদের রেস্টরুমটা খালি করুন, ও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবে। কুইক!
--- ইয়েস স্যার, একদম। আপনারা প্লিজ এদিকে আসুন।
ম্যানেজার এক মুহূর্ত সময় নষ্ট না করে ভেতরের দিকে স্টাফদের লাউঞ্জ আর ট্রায়াল রুমের সাথে যুক্ত এক্সক্লুসিভ চেঞ্জিং জোনের দরজা খুলে দিল। দুজন নারী কর্মচারী তটস্থ হয়ে অনুর সাইজের কিছু ড্রেস এবং হিল এনে দিয়ে গেল, অনু যেন ওখান থেকে নিজের পছন্দমতো বেছে নিতে পারে। যাওয়ার আগে একজন স্টাফকে ফিসফিস করে বলতে শোনা গেল,
--- মেয়েটা শ্যামলা হলে কী হবে, হিরো এক্কেবারে লুফে নিয়েছে! তাও আবার কী সুন্দর গভীর সমুদ্রের মতো নীল চোখ। এক দেখাতেই দিল পাগল ইয়ার! মেয়েটা পায়ে চোট পেয়েছে বলে কত যত্ন সহকারে কোলে করে শপিং করিয়ে দিচ্ছে। সবই কপাল!
রিজভী ভেতরের সেই পার্সোনাল রেস্টরুমে অনুকে নিয়ে প্রবেশ করল। ওয়াশরুমের দিকে চোখ দিয়ে ইশারা করে অনুকে গম্ভীর গলায় বলল,
--- ভেতরে যা। ফ্রেশ হয়ে এই ময়লা জামাকাপড়গুলো বদলে নে। বেশি সময় নষ্ট করবি না।
অনু রিজভীর দিকে একবার তীব্র আক্রোশে তাকাল। চেঁচিয়ে বলে উঠল,
--- তো এখন কি কোলে করে ওয়াশরুমেও নিয়ে যাবেন? জানোয়ার কোথাকার! এখন তো মনে হচ্ছে পুরো চট্টগ্রাম শহরের ভাইরাল টপিক হবে এমপির পুত্রবধূ পায়ে চোট পাওয়ায় তার গুণধর ছেলে তাকে কোলে করে শপিং করিয়ে দিচ্ছে!
সাথে সাথে রিজভী অনুকে কোল থেকে নামিয়ে দিল। অনু এই রিজভীর কার্যকলাপে নিজের পায়ের ব্যথা যেন ভুলেই বসেছিল। রাগে-ঘৃণায় শরীরটা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে জানোয়ারটাকে পিস পিস করে কাটতে। বাড়ি ফিরলেই তো ফ্রেশ হওয়া যেত, কিন্তু রিজভী কেন এইসব করছে তা অনুর বোধগম্য হচ্ছে না। সে চুপচাপ স্টাফদের রেখে যাওয়া ড্রেস আর হিল থেকে নিজের সাইজটা বেছে নিল, আলাদা করে পছন্দ করার প্রয়োজন মনে করল না। অবশ্য প্রতিটা ড্রেসই বেশ এলিগেন্ট ছিল। অনু ড্রেস নিয়ে চুপচাপ ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। বেসিনের ঠাণ্ডা পানিতে মুখটা ধুয়ে নিতেই ভেতরের ক্লান্তিটা একটু কমল। ওয়াশরুমে অনু নিজেকে পরিপাটি করতে ব্যস্ত, আর বাইরে রিজভী বারবার ঘড়ি দেখছে।
*
--- ফারদার আপনি আমাকে আর কখনো কোলে নেবেন না।
রিজভী কথাটা কানে নিল কি না বোঝা গেল না। সে অনুকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে এসে বসল। ঠিক তখনই একজন ডেলিভারি বয় দ্রুত পায়ে এসে গাড়ির জানালার সামনে দাঁড়াল। রিজভী গাড়ির কাচ নামিয়ে তার হাত থেকে একটা প্যাকেট নিল। প্যাকেট থেকে ছড়ানো সুবাসেই বোঝা গেল ওটা কোনো খাবারের ব্যাগ।
রিজভী ব্যাগটা অনুর কোলের ওপর বাড়িয়ে দিল। তারপর একহাতে স্টিয়ারিং ধরে গাড়িটা স্টার্ট দিতে দিতে নিস্পৃহ গলায় বলল,
--- খেয়ে নে। এমন শুকনো মুখে বাড়ি ফিরলে আমার জানাজা কনফার্ম।
অনু খাবারের প্যাকেটটার দিকে এক পলক তাকিয়ে নজর ঘোরাল রিজভীর দিকে। ভেতরের তপ্ত শ্বাসটুকু শুষে নিয়ে চাপা কণ্ঠে বলল,
--- বারবার একই কথা বলছেন কেন? বাড়িতে গেলে কী হবে? আর জানাজা হলে তো ভালোই হবে। এটলিস্ট পৃথিবী থেকে একটা আপদ বিদায় হবে।
রিজভীর মধ্যে কোনো ভাবাবেগ হলো না। অনু খাবারের প্যাকেটটা সাইডে রাখতে রাখতে বলল,
--- আপনার এই হারাম টাকা খেতে খেতে আমার ভেতরটা পচে যাচ্ছে।
গাড়ি চলছে হাইরোডে। রিজভী স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল,
--- তাই তো বলি, এত গন্ধ আসছে কিসের! এবার বুঝলাম।
অনু কিছুক্ষণ আড়চোখে কটমট করে চেয়ে রইল।
তখনই রিজভী শীতল কণ্ঠে বলল,
--- হালাল টাকা দিয়েই কিনেছি। ইভেন বাড়িতেও হালাল টাকার খাবারই খাস।
অনুর বিশ্বাস হলো কি না বোঝা গেল না, তবে সে জানালার বাইরে মুখ ঘুরিয়ে নিল।
*
চরাচরে আজ দমকা বাতাস বইছে। পূর্ণিমার চাঁদ সমুদ্রের জলের ওপর আলোড়ন সৃষ্টি করেছে, সেই সাথে সমুদ্রের তর্জন-গর্জনের শব্দও কানে আসছে। রাতের আঁধারে ঢাকা পড়া রিজভীর কালো ম্যানশনটিকে যে কেউ ভুতুড়ে মহল বলে ভুল করে বসবে।
ঘণ্টা পেরিয়ে পরপর চারটে কালো গাড়ি রিজভীর ম্যানশনে প্রবেশ করতে দেখা গেল। গাড়ি এসে থামতেই অনু নেমে দাঁড়াল, সাথে রিজভীও অনুর পাশে এসে দাঁড়াল। ঠিক সেই সময় ম্যানশনের সদর দরজা ঠেলে রেজাউল তালুকদারকে বেরিয়ে আসতে দেখা গেল। বয়স বাড়লেও লোকটা এখনো যথেষ্ট স্ট্রং আছে। সব সময়ের মতো পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। সে লাঠি হাতে অনু আর রিজভীর সামনে এসে দাঁড়াল। তির্যক দৃষ্টিতে অনুকে পর্যবেক্ষণ করে গমগমে স্বরে আউড়ালেন,
--- হুমমম, সব ঠিকঠাক আছে।
তার কথায় রিজভী হাফ ছেড়ে বাঁচল। কিন্তু তখনই সে রিজভীকে উদ্দেশ্য করে প্রশ্ন করল,
--- কিন্তু আমার নাতনির পায়ে ব্যান্ডেজ কেন? কী করেছিস ওর সাথে?
কথা প্রস্তুতই ছিল রিজভীর। সে চট করে উত্তর দিল,
--- ক্যাঙ্গারুর মতো লাফঝাঁপ করলে যা হয়! পায়ে কাঁটা ফুটে গেছে। তাছাড়া আর কী হবে?
--- তা তুই কি বিড়ালছানা নাকি? নিজের বউকে সামলাতে পারিস না? তা যাকগে, তোরা দুজনে সত্যিই ঘুরতে গিয়েছিলি? বিশ্বাস হচ্ছে না আমার।
রিজভী স্বাভাবিকভাবে উত্তর দিল,
--- দেখে কী মনে হচ্ছে?
রেজাউল তালুকদার নাকের ডগায় চশমা ঠেলে গম্ভীর কণ্ঠে বললেন,
-- তা ভালো।
তাদের মধ্যে কী আলাপ হচ্ছে অনুর মাথার ওপর দিয়ে যাচ্ছে। সে আর চুপ থাকতে পারল না। উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল,
--- কারা ঘুর...
তখনই রিজভী অনুর পায়ের ওপর পাড়া মেরে দিল। অনু ব্যথায় চেঁচিয়ে উঠল রিজভীর ওপর। কিছু বলতে যাবে, তখনই রিজভী তাকে শুধাল,
--- দেখি, কোথায় লেগেছে?
বলতে বলতেই অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। রেজাউল তালুকদার বিষয়টা ভালোভাবে খেয়াল করেননি, তাই তিনি চুপচাপ তাদের পেছনে হাঁটা ধরলেন।
এদিকে রিজভী অনুকে কোলে নিয়েছে ঠিকই, কিন্তু ঘাড় পেঁচিয়ে অনুর মুখ চেপে ধরেছে। কানের কাছে মুখ নিয়ে শাসানোর সুরে বলল,
--- দাদাভাইকে বলবি আমরা ঘুরতে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছিলি সেই কথা বললে আমি তোকে খুন করে ফেলব। আর নয়তো আমার কাছে যে তিন মাস সময় চেয়েছিলি, বলে দিলে একদিনও সময় দেব না।
অনু সমানে মোচড়ামুচড়ি করছে। রিজভী মুখের সাথে সাথে নাকও চেপে ধরেছে। শেষে অনু রিজভীর হাতে কামড় বসিয়ে দিল। সাথে সাথে রিজভী হাত সরিয়ে নিল। অনু যেন হাঁফ ছেড়ে বাঁচল। রিজভী এইসব কেন বলছে বা করছে, ওর বোধগম্য হচ্ছে না। তবে যা বুঝল, এখন চুপ থাকাটাই শ্রেয়।
লিভিং রুমের সোফায় অনুকে নামিয়ে দিল রিজভী। রেজাউল তালুকদার এসে সিঙ্গেল সোফায় বসলেন, রিজভীও অনুর পাশে গা এলিয়ে দিয়ে বসল। অনু আপাতত মুখে হাত ঠেকিয়ে সবার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। হঠাৎ দাদাভাই এখানে কেন এসেছেন, জানে না অনু।
রেজাউল তালুকদার রিজভীকে উদ্দেশ্য করে বললেন,
--- উকিল জানাল কোর্টে ডিভোর্সের জন্য আপিল করেছ। তাহলে মানিয়ে নিচ্ছো কোথায়? আর একসাথেই বা আছো কেন?
রিজভী এতক্ষণে বুঝল দাদাভাইয়ের এখানে আসার কারণ। তবে সে ভাবলেশহীনভাবে পায়ের ওপর পা তুলে চুপচাপ বসে থাকল। তাকে চুপ থাকতে দেখে রেজাউল তালুকদার ফের বললেন,
--- অনুর সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য
জোরজবরদস্তি করেছিলাম ঠিকই, কিন্তু আমি তোমাদের আর কাউকে এখন সংসার করার জন্য জোর করব না। দুদিন পর একজন আরেকজনকে হসপিটালে পাঠাবে, এভাবে কোনো সুস্থ-স্বাভাবিক সংসার হতে পারে না। তাই বলছিলাম, ডিভোর্স যেহেতু দিয়েই দেবে, তাহলে একসাথে না থেকে এখনই আলাদা হয়ে যাও।
রিজভী চুপ থাকল। কারণ এটা অনুর ম্যাটার, ওরটা ও বুঝে নেবে। এখন ঠ্যালা সামলাক! রিজভী চুপ থাকলেও অনু চুপ থাকতে পারল না। সে রেজাউল তালুকদারের দিকে তাকিয়ে বলল,
--- আমরা ডিভোর্সের জন্য কোর্টে আপিল করেছি ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমাদের মাঝে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ডিভোর্স দেব না। আর যদি ঠিকঠাক না হয়, তাহলে তিন মাস পর ডিভোর্স দিয়ে দেব।
অনুর কথায় রেজাউল তালুকদার কিছুটা সন্তুষ্ট হলেন। ছেলেমেয়েরা যে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটাই অনেক। সে বিগলিত হেসে প্রশ্ন করলেন,
--- তা কতটুকু মানিয়ে নিতে পারলে? টিকবে নাকি টিকবে না? দেখো, এভাবে চলতে থাকলে আমি তোমাকে এখানে রাখব না। রিজভী ছন্নছাড়া আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু তোমার ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না।
অনু আড়চোখে রিজভীর দিকে তাকাল। তারপর মেকি হেসে ঘাড় চুলকে জবাব দিল,
--- টিকবে টিকবে। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে দাদাভাই। এই যে এখন প্রায়ই আমরা ঘুরতে বের হই। আর ঝগড়া? ওটা তো আমাদের হয়ই না। রেজাউল তালুকদার খুশিতে গদগদ হয়ে বললেন,
--- তাহলে সুখবরটা তাড়াতাড়ি দিস।
সঙ্গে সঙ্গে রিজভী হেসে ফেলল। ভালো মানুষকে পাম মারতে গিয়েছিল, এখন ঠ্যালা সামলাক! এদিকে অনুর মুখটা দেখার মতো। রাগে-দুঃখে সে ওখান থেকে উঠে চলে গেল। জানোয়ারটা ঠিকই মজা লুটছে। যেতে যেতে বিড়বিড় করে আওড়াল,
--- আমার হাতে আপনার নাতি নিহত হয়েছে, সেই সুখবর খুব তাড়াতাড়ি পাবেন। ডোন্ট ওয়ারি!
তার পিছু পিছু রিজভীও চলে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনু রিজভীকে প্রশ্ন করল,
--- দাদাভাইকে মিথ্যা বললেন কেন?
--- কারণ দাদাভাই হুট করে ম্যানশনে এসে দেখেন তুমি নেই, আমিও ছিলাম না তখন। বাট তৎক্ষণে তুমি তো বাধ্য বউয়ের মতো জাহান্নাম দর্শনের উদ্দেশ্যে চলে গেছ। তাই দাদাভাই আমাকে ফোন করে তোমার কথা জিজ্ঞেস করায় বলেছিলাম আমরা ঘুরতে বের হয়েছি।
অনু এবার মাঝসিঁড়িতে থেমে গেল। শপিংমল থেকে পরিপাটি করে আনা এবং খাবার খাওয়ানোর কারণটা চট করে বুঝে নিল। কিন্তু এটা বুঝল না, রিজভী সেখানে পৌঁছাল কী করে? ইভেন জানলই বা কীভাবে? অনু সামনে তাকাল। রিজভী তখন সিঁড়ির মাথায়। অনু জোর গলায় প্রশ্ন করল,
--- আপনি জানলেন কীভাবে আমি ওই জায়গায় ছিলাম?
রিজভী উত্তর না দিয়ে চলে গেল। অনুরও আর জানা হলো না।
চলবে..