ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 28

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__২৮
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫

--- “এই, সাবধানে চলতে পারেন না? এভাবে পড়ে গেলেন কী করে?”

রাস্তার ধারের স্তূপীকৃত বালির ওপর নাভান উপুড় হয়ে পড়ে আছে। শুধুমাত্র স্নেহাকে মনের কথা বলবে বলে জরুরি কাজ ফেলে রাজশাহী থেকে ছুটে এসেছে সে। সকাল আটটার এই সময়টায় স্নেহা এই পথ ধরে কোচিংয়ে যায়। যার জন্য এত তাড়াহুড়ো, শেষমেশ তার সামনেই কি না এভাবে বালির মধ্যে আছাড় খেতে হলো! তীব্র এক লজ্জাবোধ নাভানকে গ্রাস করে নিল।

স্নেহা এগিয়ে আসার আগেই নাভান চট করে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে গেল। মনে মনে ভাবল, স্নেহা হয়তো তার মুখটা খেয়াল করেনি, কিংবা চিনতে পারেনি। সে কোনোমতে নিজেকে সামলে বিপরীত দিকে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। কিন্তু পেছন থেকে স্নেহার কণ্ঠস্বর আবার ভেসে এল,
--- “আরে আশ্চর্য! এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক?”

গলির মোড়ে এসে স্নেহা থমকে দাঁড়াল, তারপর মুখ থমথমে করে উল্টো পথে হাঁটা দিল। নাভানকে সে ঠিকই চিনতে পেরেছে। কিন্তু এভাবে তাকে এড়িয়ে পালিয়ে যাওয়ায় স্নেহার মনটা ভীষণ ভারী হয়ে উঠল।
নাভান সেখান থেকে একপ্রকার পালিয়ে এলো।
সুঠাম এবং পেশিবহুল শরীরে জরানো সাদা শার্টের সাথে একটি ডার্ক ওয়েস্টকোট এবং মানানসই কালো প্যান্ট পরেছে—যা এখন ধুলো-বালিতে একাকার অবস্থা। বিদেশি আর্টিস্ট দিয়ে বানানো কৃত্রিম লিলি ফুলের তোড়াটাও বালিতে পড়ে তার শ্রী হারিয়েছে। এই অবস্থায় স্নেহার সামনে গিয়ে দাঁড়ানো দূরহ ব্যাপার, প্রস্তাব দেওয়া তো বহুদূরের কথা!
গলিটা ভীষণ চাপা হওয়ায় নিজের গাড়িটা সে মেইন রোডে পার্ক করে এসেছে। শার্ট থেকে বালি ঝাড়তে ঝাড়তে নাভান সেই দিকেই পা বাড়াল। তাকে এখনো বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে।

ঘুম-ঘুম চোখে তিতির দাঁত ব্রাশ করতে করতে অলস ভঙ্গিতে ব্যালকনিতে এসে দাঁড়াল। পরনে তার ঢিলেঢালা একটা টি-শার্ট আর প্লাজো। অবিন্যস্ত চুলগুলো মাথার ওপর একটা ক্লিপ দিয়ে কোনোমতে খোঁপা করে রাখা। অতিরিক্ত ঘুমের কারণে ফর্সা, মসৃণ মুখ কিছুটা ফুলে আছে। দোতলার ব্যালকনি থেকে হঠাৎই তার নজর গিয়ে ঠেকল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নাভানের ওপর। মোহাবিষ্ট চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে আনমনেই বিড়বিড় করে উঠল,

--- “ইস! এমন একটা আগুনের গোলা যদি আমার জামাই হতো! একদম মাথায় করে নাচতাম।”

নাভান তখনো একমনে কাঁধ থেকে বালি ঝাড়তে ঝাড়তে দ্রুতপায়ে হেঁটে চলেছে। ওপর থেকে কেউ একজন যে মুগ্ধ চোখে তাকে গিলে খাচ্ছে, সেদিকে তার বিন্দুমাত্র হুঁশ নেই।

হঠাৎই নাভানের সামনে এসে দাঁড়াল এক বৃদ্ধ ভিক্ষুক। নাভান বিরক্তিতে ভ্রু কুঁচকে থমকে দাঁড়াল। এমনিতে মন-মেজাজ ভালো নেই। সে আর কথা না বাড়িয়ে পকেট থেকে ওয়ালেটটা বের করে দ্রুত কিছু টাকা ভিক্ষুকের হাতে দিল। টাকাটা পেয়েই লোকটা আশিস দিতে দিতে বিড়বিড় করে বিদায় নিল।
দোতলার ব্যালকনি থেকে তিতির পুরো দৃশ্যটাই খুব কৌতূহল নিয়ে দেখছিল। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়লো, তাড়াহুড়ো করে পকেটে ওয়ালেট পুরতে গিয়ে একটা জিনিস ফসকে নিচে রাস্তার ওপর পড়ে গেল। অথচ লোকটা নিজের ধ্যানে মগ্ন, বিন্দুমাত্র খেয়াল না করে সে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিতির আর স্থির থাকতে পারল না। মুখের ব্রাশটা একহাতে চেপে ধরে ব্যালকনির রেলিং গলে যতটা সম্ভব ঝুঁকে চিৎকার করে উঠল,
--- “এই যে শুনছেন! ও মশাই! আপনার পকেট থেকে কিছু একটা পড়ে গেছে তো!”

লোকটার কানে বোধহয় সেই আওয়াজ পৌঁছাল না। সে একইভাবে দ্রুত পায়ে হেঁটে গলির মোড় পার হয়ে গেল। তিতির আরও দুবার চিৎকার করে বললো, কিন্তু নাভান ততক্ষণে তার দৃষ্টিসীমানার বাইরে চলে গেছে।

তিতির মুখ থেকে ব্রাশটা নামিয়ে ক্ষণিকের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই কী যেন ভেবে সে হাতের ব্রাশটা ব্যালকনির কার্নিশে রেখেই ঝড়ের বেগে ঘরের ভেতর ছুটে গেল। ঠোঁটের কোণে আর থুতনিতে লেগে থাকা টুথপেস্টের সাদা ফেনা মোছার বা পরনের ঢিলেঢালা টি-শার্ট ও প্লাজো বদলানোর মতো সময় এখন তার নেই। পায়ে একটা চটি গলিয়ে সে একপ্রকার দৌড়েই সিঁড়ি ভেঙে নিচে নেমে এল।
রাস্তায় পা রাখতেই তিতির চারপাশে চোখ বোলাল। কিন্তু না, ততক্ষণে লোকটা মেইন রোডের ভিড়ে মিশে গেছে, কোথাও তার চিহ্ন নেই। কয়েকজন পথচারীদের দেখা পেলো। তিতির কিছুটা হতাশ হয়ে ফিরে যেতে উদ্যত হতেই রাস্তার পাশে, ঠিক যেখানটায় লোকটা দাঁড়িয়েছিল, সেখানে ধুলো-বালির মধ্যে কালো রঙের একটা ছোট চৌকো বাক্স পড়ে থাকতে দেখল।
সে কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গিয়ে বাক্সটি কুড়িয়ে নিল। মখমলের চাদরে মোড়ানো বাক্সটির ডালা খুলতেই তিতিরের চোখ ছানাবড়া! ভেতরে ঝকঝক করছে একটি অসম্ভব সুন্দর এবং নিখুঁত কারুকাজের আংটি। জহুরি না হয়েও একনজরেই বলে দেওয়া যায়, এর মূল্য সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তিতির আংটিটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। তার মন বলল, লোকটা নিশ্চয়ই কাউকে প্রপোজ করতে যাচ্ছিল, আর এই মহামূল্যবান জিনিসটাই সে হারিয়ে ফেলেছে!
তিতির ভাবল, দ্রুত মেইন রোডের দিকে এগিয়ে গিয়ে লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু নিজের দিকে তাকাতেই তার পা থমকে গেল। মাথার এলোমেলো চুল, মুখে টুথপেস্টের ফেনা লেপটে আছে, আর পরনে ঘরের ঢিলেঢালা টিশার্ট। সামনেই ব্যস্ত মেইন রোড, যেখানে শত শত মানুষের আনাগোনা। এই অবস্থায় সে কার পেছনে ছুটবে? অসম্ভব! তিতিরের মানসম্মান বলে তো কিছু আছে। আর যদি লোকটার সন্ধান না মেলে, তবে এই দামি আংটিটাই বা সে কার কাছে গচ্ছিত রাখবে? কি এক মুসিবতে পড়লো।

*

বেলা বারোটা বাজে। রিজভী অনুকে নিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক শপিং মল মেরিডিয়ান কোহিনূর সিটিতে নিয়ে এসেছে দুই ঘন্টা হলো। ওরা এখন থার্ড ফ্লোরে আছে।
অনুর পড়েনে সফেদ রাঙা একটি গোল জামা। গলায় ব্লু কালারের একটি স্কার্ফ ঝোলানো।

অনু নিজের খুঁতখুঁতে স্বভাবের কারণে কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। আর রিজভীর যেন আজ 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা। অনু যেখানে যাচ্ছে তার পিছু পিছু রিজভীও হাঁটছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, মেজাজ খিঁচড়ে গেছে। যেকোনো সময় অনুর ওপর নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে যেতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।

--- “তোর এই ফালতু শপিং তুই কর, আমি গেলাম! দুই ঘণ্টা ধরে তুই মাত্র তিনটা ড্রেস কিনেছিস। তাও আবার দামেও কম, মানেও সাধারণ। বেছে বেছে এত লো-বাজেটের ড্রেস পরবি জানলে তোকে এই ব্র্যান্ড আউটলেটে না এনে ফুটপাতে নিয়ে যেতাম। আমাকে কি ফকির মনে হয় যে তুই এত কম দামের জিনিস কিনছিস?”

শোরুমের হ্যাঙ্গারে থরে থরে সাজিয়ে রাখা কাপড়ের সারি থেকে একটা ড্রেস নেড়েচেড়ে দেখছিল অনু। রিজভী এতক্ষণে ওর কান-মাথা একপ্রকার খেয়ে ফেলেছে। কিন্তু রিজভীর এই অপমানজনক খোঁচায় অনু আশপাশে একটু নজর বুলিয়ে নিল। তারপর নিচু কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল,
--- “বাড়িতে মানুষ সফট আর কমফোর্টেবল ড্রেস পরে। লাখ টাকার লেহেঙ্গা পরে বসে থাকে না। হাফ মেন্টাল একটা!”

রিজভীর ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে অনুর হাত একপ্রকার বগলদাবা করে হাঁটা ধরল। আশপাশে মানুষ থাকায় অনু লোকলজ্জায় নিচু স্বরে বলল,
---- “আরে, আমার শপিং তো এখনও শেষ হয়নি!”
---- “আর শেষ করতে হবে না। তোর এই শপিংয়ের চক্করে আমি পাঁচশ কোটি টাকার একটা ডিল বাতিল করে এসেছি। ভেবেছিলাম শপিং মানে তুড়ি বাজানোর মতো ব্যাপার। কিন্তু তোর তো শেষই হতে চাচ্ছে না! এই দুই ঘণ্টায় আমার যে কত বড় ক্ষতি হয়েছে, ধারণা আছে তোর? আমার কাছে প্রতিটা সেকেন্ডের মূল্য আছে, তোর মতো শুয়ে-বসে খাই না আমি!”

---- “আর মাত্র দশটা মিনিট সময় দিন, আমি শপিংয়ের লাস্ট ফিনিশিংটা দিয়ে আসি। জাস্ট দশ মিনিট!”
--- “যার দুই ঘণ্টায় শপিং শেষ হয় না, সে নাকি দশ মিনিটে শেষ করবে! সোজা হাঁট।”
অনু শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। রিজভী তাকে টানার চেষ্টা করে বলল,
--- “সোজা বাড়ি চল, নয়তো তুলে একটা আছাড় মারব। এই রিজভী লোকলজ্জার ভয় করে করে না, ভালো করেই জানিস!”
--- “না, আমি যাব না। আর মাত্র দশটা মিনিট লাগবে। হাত ছাড়ুন প্লিজ!”
রিজভী হাতঘড়ির দিকে তাকাল। তারপর অনুর হাতের বাঁধন কিছুটা আলগা করে দিয়ে রাগী গম্ভীর গলায় বলল,
--- “দশ মিনিটের এক সেকেন্ড বেশি হলে, তোকেসহ এই আস্ত শপিং মল বোমা মেরে উড়িয়ে দিয়ে চলে যাব আমি!”

অনু একটা ভেঙচি কেটে সেখান থেকে হনহনিয়ে চলে গেল। অনু চলে যেতেই রিজভী ওর পিছু পিছু কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর দুই পাশে হ্যাঙ্গারে থরে থরে কাপড় ঝোলানো। চারপাশে মলের লাইটিং এবং কাচের প্রতিফলনে চোখ ধাঁধিয়ে আসছে। রিজভী পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে শীতল কণ্ঠে আদেশ দিল,
--- “দুপুরের মিটিংটা আরও পনেরো মিনিট পিছিয়ে দাও। আর শোনো, সকালে যে ডিল বাতিল হওয়ায় কোরিয়ান কোম্পানির সিইও আমাকে হুমকি দেওয়ার সাহস দেখিয়েছিল, তার একটা সু-বন্দোবস্ত করো। বেচারা জীবনে অনেক কষ্ট করেছে। এবার একটু আয়েশে করে ঘুমাক।”

কথা শেষ করে রিজভী ওখানেই দাঁড়িয়ে আইপ্যাডে তার কাজের শিডিউলগুলো মেলাচ্ছিল। কাজের চাপ দেখে তার কপালের ভাঁজ আরও গাঢ় হচ্ছিল। সে সাময়িকভাবে অনুর কথা ভুলেই বসল। কিন্তু অনু সময়ের কথা মাথায় রেখে ঠিক দশ মিনিট পর রিজভীর পেছনে এসে পিঠে একটা খোঁচা মারল। আচমকা কে খোঁচা মেরেছে তা না বুঝে রিজভী রেগেমেগে পেছনে ঘুরল, কিন্তু সামনে অনুকে দেখে তার রাগটা স্তিমিত হয়ে এল। সে দ্রুত হাতঘড়িতে সময় দেখল—একদম কাঁটায় কাঁটায় দশ মিনিট পর এই মেয়ে হাজির হয়েছে! রিজভী একটা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই অনু বলল,

--- “কাউন্টারে চলুন, বিলটা মিটিয়ে আমাকে উদ্ধার করুন।”
রিজভী কথা না বাড়িয়ে কাউন্টারের দিকে এগিয়ে গেল। ম্যানেজারকে কত বিল হয়েছে জিজ্ঞেস করতেই সে বেশ বিনয়ের সাথে বলল,

--- “স্যার, টোটাল চার লাখ পঁচাত্তর হাজার টাকা।”

বিল শুনে রিজভী রীতিমতো ভিড়মি খেয়ে অনুর দিকে তাকাল। মনে মনে ভাবল...
---- “দুই ঘণ্টায় মাত্র তিনটা জামা কিনে শেষ দশ মিনিটে পুরো মল মাথায় তুলে নেওয়ার জন্য একে তো সরকারের নোবেল দেওয়া উচিত! গিরগিটির জাত আর নারী জাতের মধ্যে আসলেই কোনো তফাত নাই। শালা, জিন্দেগি আমার তেজপাতা বানিয়ে ছাড়ল!”

রিজভীকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অনু একটা 'টেডি স্মাইল' দিল। তা দেখে রিজভীও নিজের রাগ চেপে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি হাসল। আর কথা না বাড়িয়ে সে কার্ড সোয়াইপ করে বিল পে করল। এরপর ওর গার্ডদের সব শপিং ব্যাগ গাড়িতে নিয়ে আসার নির্দেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করল।

আউটলেট থেকে বেরোতে গিয়ে মার্জানা তালুকদার অনুর সামনে পড়লেন। তাকে দেখে রিজভী কোনো কথা না বাড়িয়ে হনহনিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মার্জানা তালুকদারও কোনো কথা বললেন না। অনু ওনাকে দেখে মৃদু হেসে সালাম দিল,
--- “আসসালামু আলাইকুম।”
--- “ওয়ালাইকুমুস সালাম।”
অনু ওনার সামনে দাঁড়িয়ে বেশ অস্বস্তিতে পড়ল। ঠিক কী বলবে, বুঝে উঠতে পারছিল না। ওনার ব্যক্তিত্বের সামনে কেমন যেন একটা জড়তা কাজ করছিল। এর মাঝেই মার্জানা তালুকদারের শান্ত কণ্ঠের প্রশ্ন ভেসে এল,
--- “শপিং করতে এসেছিলে বুঝি?”
--- “জি...”
অনু ওনাকে ঠিক কী বলে সম্বোধন করবে, তা নিয়ে চরম দোলাচলে পড়ে গেল। ভেতরে ভেতরে প্রচণ্ড 'অ্যাম্বারেসিং' ফিল হতে লাগল ওর। মার্জানা তালুকদার হয়তো অনুর মনের অবস্থাটা আঁচ করে মৃদু হেসে বললেন,
--- “তুমি আমাকে যা ইচ্ছে ডাকতে পারো। যেখানে রিজভী নিজেই আমাকে মা বলে ডাকে না, সেখানে তুমি হুট করে 'মা' বলে ডাকলে বড্ড বেমানান লাগবে।”

অনু একটু হাঁফ ছেড়ে বাঁচল। তবে অনেক দিন ধরে ওর মনের মধ্যে একটা প্রশ্ন জমা ছিল। রিজভী তো বিদেশে গিয়েছিল পড়াশোনা করার জন্য, তাহলে ও ওখান থেকে গ্যাংস্টার হয়ে ফিরল কীভাবে? নাকি কেউ অনুকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে? সাতপাঁচ ভাবতে ভাবতেই অনু কৌতূহল সামলাতে না পেরে প্রশ্নটা করেই ফেলল,
--- “ওকে সাসুমা! তা বলছিলাম, রিজভী বিদেশে পড়াশোনার পাশাপাশি আর কী করত?”
মার্জানা তালুকদার অত্যন্ত স্বাভাবিকভাবে জবাব দিলেন,
--- “না না, ও তো সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া তো আর সাধারণ কোনো বিষয় না!”
অনু মনে মনে খুব মজা পেল। ছেলে বিদেশ থেকে আস্ত একটা গ্যাংস্টার হয়ে ফিরেছে, আর মা এখনো সেই খবর জানেনই না! নিজের চোখে রিজভীর খুনখারাবি আর রুক্ষ রূপ দেখে অনু অন্তত এতটুকু নিশ্চিত হয়েছে যে, রিজভী হয় কোনো আন্ডারওয়ার্ল্ডের বড় গ্যাংস্টার, নয়তো কোনো ভয়ংকর খুনি। তবে সে আর কথা না বাড়িয়ে বলল,
--- “ওহ আচ্ছা! আমি তাহলে আসি সাসুমা, রিজভী অনেকটা পথ এগিয়ে গেছে।”

মার্জানা তালুকদার কিঞ্চিৎ হেসে ঘাড় কাত করে সম্মতি দিতেই অনু হাঁটা ধরল। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে ভালো করে লক্ষ করল ওর শাশুড়ির পরনে অ্যাশ কালারের একটি চমৎকার জামদানি শাড়ি। চুলগুলো নিখুঁতভাবে খোঁপা করা। ওনার এমন মার্জিত রুচিবোধ দেখে অনু মনে মনে বেশ মুগ্ধ হলো। মার্জানা তালুকদার বেশ লম্বা, গায়ের রংও যেন বিদেশিদের মতো ধবধবে ফর্সা। বয়সের ছাপ এখনো ওনার রূপ আর ব্যক্তিত্বকে বিন্দুমাত্র কাবু করতে পারেনি।

অনু আউটলেট থেকে বের হয়ে রিজভীকে খুঁজতে থাকল। চোখের পলকে কোথায় গায়েব হয়ে গেল লোকটা? আরেকটু সামনে এগিয়ে যেতেই পেছন থেকে হঠাৎ কয়েকজন বিকৃত কণ্ঠে শিস দিয়ে উঠল। তাদের মধ্যে একজন নোংরা হেসে অনুকে উদ্দেশ্য করে বলল,
--- “কী গো ললনা, একলা একলা ঘুরছো কেনো? পার্টনার লাগবে নাকি? আমাদের সাথে চলো, ভালো অংকের পাবে! সাথে মাস্তি ফ্রি!”
সাথে সাথে সবকটা বিকৃত হাসিতে মেতে উঠলো।

অনু থমকে দাঁড়িয়ে পড়ল। পুরো শরীর ঘৃণায় রিরি করে উঠল ওর। রাগ আর অপমানে পেছনে ঘুরে দাঁড়ানোর আগেই একটা শক্তপোক্ত হাত অনুর ঘাড় চেপে ধরে একপ্রকার টেনে নিয়ে হাঁটতে শুরু করল। প্রচণ্ড আতঙ্কে অনুর আত্মা কেঁপে উঠল। আড়চোখে তাকাতেই দেখল—রিজভী! কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে গেলেই অনুর ঘাড়ে রিজভীর হাতের বাঁধন আরও গাঢ় হলো। রিজভীর দীর্ঘ ও দ্রুত কদমের সাথে অনু কোনোভাবেই তাল মিলিয়ে হাঁটতে পারছিল না।
কয়েক কদম হাঁটতেই—

হঠাৎ পেছন থেকে কারোর একটা বুকফাঁটা আর্তচিৎকার ভেসে এল! চোখের পলকে পুরো মলের শান্ত-স্বাভাবিক পরিবেশ ভেঙে এক হুলুস্থুল কাণ্ড বেধে গেল। চারদিক থেকে মানুষের দিকবিদিক জ্ঞানশূন্য ছোটাছুটি আর আহাজারি ভেসে আসতে লাগল। অনু তীব্র কৌতূহল আর আতঙ্কে কোনোমতে হালকা ঘাড় ঘুরিয়ে আড়চোখে যা দেখল, তাতে ও শিউরে উঠল, হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।

একজন যুবক রক্তাক্ত অবস্থায় মেঝেতে নিথর হয়ে পড়ে আছে! সাদা মার্বেল পাথরের ওপর লাল টকটকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

রিজভী পেছনে এক পলকও না তাকিয়ে, এক হাত পকেটে গুজে অন্য হাতে অনুর ঘাড় আগের মতোই শক্ত করে ধরে নির্লিপ্ত ভঙ্গিতে মলের লিফট এর দিকে এগিয়ে গেলো। মলের ভেতর তখন সাইরেন বাজতে শুরু করেছে, নিরাপত্তারক্ষীদের চিৎকার আর মানুষের হুড়োহুড়োতে কান পাতা দায়। কিন্তু রিজভীর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, তার পা ফেলার ছন্দ একদম স্বাভাবিক।

লিফটের ভারী মেটাল দরজাটা খুলে গেল। ভেতরে একদম ফাঁকা। অনু আর রিজভী ভেতরে প্রবেশ করলো। লিফট এর দরজা বন্ধ হয়ে গেলো। সাথে
বাইরের সব চিৎকার-চেঁচামেচি মুহূর্তেই উধাও, লিফটের ভেতর এখন শুধু এক থমথমে, দমবন্ধ করা নীরবতা। অনু কাঁপাকাঁপা কণ্ঠে রিজভীকে বলল,
--- “পানি... পানি খাব।”
রিজভী নিঃশব্দে পকেট থেকে একটা ছোট্ট মিনিয়েচার বোতল বের করে ছিপি খুলে অনুর দিকে এগিয়ে দিল। অনু কোনো বাছ-বিচার না করে তীব্র তৃষ্ণায় বোতলটা মুখে দিতেই ঝাঁঝালো আর উটকো একটা তীব্র গন্ধ ওর নাকে-মুখে এসে ধাক্কা দিল। জঘন্য, কড়া স্বাদের একটা তরল গলায় প্রবেশ করতেই ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। ও আর সহ্য করতে না পেরে লিফটের মেঝেতেই মুখের পুরো তরলটুকু ওয়াক থুতু করে বের করে দিল। তীব্র কাশির দমকে ওর কপাল আর চোখের কোণ লাল হয়ে উঠল।

রিজভী অনুর হাত থেকে সেই মিনিয়েচার বোতলটি কেড়ে নিল। বোতলে তখনও খানিকটা তরল রয়ে গেছে। ও আবার বোতলটা নিজের পকেটে রেখে দিল।
অনু কাশতে কাশতে চোখ তুলে তাকলো, কন্ঠ তেতিয়ে চিৎকার করে প্রশ্ন করল,

--- “কী ছিল ওটা?”

রিজভী অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে ঠোঁটের কোণ মুছে উত্তর দিল,
--- “Springbank 1919 Miniature. পৃথিবীর অন্যতম দামি আইকনিক সিঙ্গেল মল্ট হুইস্কি।”

অনু অবিশ্বাস্য চোখে তাকিয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে বলল,
--- “আমি আপনার কাছে পানি চাইলাম, আর আপনি সোজা মদের বোতল ধরিয়ে দিলেন? আপনার কি মানবতা বলতে কিছু নেই?”

রিজভী অনুর চোখের দিকে সোজা তাকিয়ে এক পা এগিয়ে এল। নিচু গলায় বলল,
--- “যা ছিলো তাই-ই তো দিলাম। খালি হাতে তো আর ফিরিয়ে দেইনি। ব্রাউন পিপলের এই এক জ্বালা। বাই দ্য ওয়ে, স্প্রিংব্যাংক ১৯১৯-এর দাম সম্পর্কে কোনো ধারণা আছে তোর? ওটা তো লিকুইড গোল্ড ইয়ার!

অনুর রাগ আর অপমানে মেজাজ পুরোপুরি বিগড়ে গেল। ঠিক তখনই একটা শব্দ হয়ে লিফটের ভারী মেটাল দরজাটা খুলে গেল। লিফট থেকে বের হতেই প্রথমে চোখে পড়ে ফার্স্ট ফ্লোরের বিশাল লবি। অনু রাগে দাঁত চেপে রিজভীকে প্রশ্ন করল,
--- “কত টাকা? খুব তো লিকুইড গোল্ড বলে ফাট ফুট নিচ্ছেন! এইটুকু একটা বোতলের দাম নিশ্চয়ই কয়েক হাজারের বেশি হবে না!”

রিজভী পকেটে দুই হাত গুঁজে একদম স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বলল,
--- “৫০ মিলি পরিমাণের এই ছোট্ট বোতলটি বিশ্বের সবচেয়ে দামি হুইস্কি মিনিয়েচারের বিশ্বরেকর্ডধারী। ২০২২ সালের একটি নিলামে প্রায় ৯,০০০ মার্কিন ডলারে কিনেছিলাম। এখন ২০২৩ সাল। ব্যাস্ততার কারণে খেতে পারিনি। প্রথম চুমুকটা তুই দিলি তাও থুতু করে ফেলে দিলি। আমার প্রায় পাঁচ লাখ টাকার হুইস্কি মেঝেতে ঢেলে দিলি।”

রিজভীর এই মদের এক ফোঁটার অদ্ভুত হিসাব দেখে বাকরুদ্ধ হয়ে গেলো। ফোঁস করে একটা শ্বাস ফেলে মনে মনে আউড়ালো,
--- “কিপটা গ্যাংস্টার। ঠাডা পড়ুক তোর ওপর।

দশটার দিকে আকাশ চিরে ভারী বর্ষণ হয়েছিল, এখন অবশ্য থেমে গেছে। চট্টগ্রামের রাস্তাঘাটে পানি জমেছে, চারপাশ জুড়ে বৃষ্টির সোঁদা গন্ধ। রিজভী তার ব্ল্যাক মার্সিডিজের ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ির ডিকিতে আগেভাগেই শোরুমের গার্ডরা শপিং ব্যাগগুলো রেখে দিয়েছে, পেছনের সিটেও অনেকগুলো ব্যাগ রাখা। অনু সামনের সিটে বসতে বসতে ব্যস্ত ভঙ্গিতে বলল,
---- “আমার একটা ফ্রেন্ড আসবে। একটু অপেক্ষা করুন, এক্ষুনি চলে আসবে।”
রিজভীর মুখাবয়বে কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। তবে সে গাড়ি স্টার্ট দিল না দেখে অনু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর মধ্যেই রিজভী গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,
--- “দশ মিনিটে এত টাকার শপিং করলি কীভাবে?”
অনু জোরপূর্বক একটা হাসির রেখা টেনে জবাব দিল,
--- “প্রথমেই পছন্দ করে রেখে দিয়েছিলাম। পরে সেলসগার্লদের সাহায্যে সব একবারে নিয়ে নিয়েছি।”
--- “তার মানে ইচ্ছে করে আমার সময় নষ্ট করেছিস?”
অনু কোনো উত্তর দিল না। রিজভী এবার ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
--- “চার লাখ পঁচাত্তর হাজার টাকা? তুই কি সুতা দিয়ে বোনা সোনার কাপড় কিনেছিস?”
অনু নিজের দুই হাত কচলাতে কচলাতে মিনমিনিয়ে বলল,
--- “শপিং তো করেছি এক লাখ পঁচাত্তর হাজার টাকার। কিন্তু আউটলেটের প্রিমিয়াম কর্নারে রাখা ইমপোর্টেড ব্রোঞ্জের 'ভেনাস' মূর্তিটা দেখার সময় ওড়নায় টান লেগে নিচে পড়ে ভেঙে গেছে। ওটা অ্যান্টিক পিস ছিল, ওটার দামই তিন লাখ টাকা। ড্যামেজ চার্জটা বিলের সাথে অ্যাড করা হয়েছে।”
--- “হোয়াট ননসেন্স!”
--- “একদম রাগ দেখাবেন না। কিপটের ঘরের কিপটে একটা! চার লাখ পঁচাত্তর হাজার টাকার শোক কাটিয়ে উঠতে পারছেন না, আবার ওদিকে মদের ফোঁটা হিসাব করে বলেন এইটুকু মদের দাম নাকি পাঁচ লাখ টাকা ছিল!”
রিজভী রাগে কটমট করে তাকাল। ও চিবিয়ে চিবিয়ে বলল,
--- “আমি কিপটে?”
ঠিক তখনই অনুর ফোনটা বেজে উঠল। ওপাশে তিতির কিছু একটা বলতেই অনু সিটের সাথে একদম লেপ্টে গিয়ে বলল,
--- “জাস্ট এক মিনিট।”
অনু দ্রুত গাড়ির কাচ নামিয়ে বাইরে মুখ বের করে তিতিরকে ইশারা করে ডাকল। তিতিরও ওকে দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে এল।
রিজভীর ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। ও অনুর হাত ধরে একটা হেঁচকা টান মেরে নিজের দিকে নিয়ে এল। অনুর মুখের ওপর ঝুঁকে এসে ফিসফিস করে হিংস্র গলায় বলল,
--- “আবার বল, আমি কিপটে?”
অনু শুকনো ঢোক গিলে বলল,
---“একটা বাইক কিনে দেন। তাহলে আর কিপটে বলব না।”
রিজভী চরম বিরক্তিতে কপাল কুঁচকাল। হাতের বাঁধন আরও শক্ত করে প্রশ্ন ছুঁড়ল,
--- “কী বাইক? খেলনা বাইক নাকি?”
--- “ধুর! আমি নিজে বসে চালাতে পারব, এমন বাইক।”

রিজভী দাঁত খিঁচিয়ে বলল,
--- “তুই তো আমার ঘাড়েও বসতে পারবি। আয়, ঘাড়ে উঠে বয়!”
অনু নিজের হাত মুচড়ে মেজাজ দেখিয়ে বলল,
--- “আমার বাইক লাগবে। আমি চট্টগ্রামে সিএনজিতে চড়তে পারব না, আর নতুন করে কোনো বিপদেও পড়তে চাই না।”
--- “ওকে, স্কুটি কিনে দেব। কিন্তু বাইক নট অ্যালাউড!”
অনু এবার রাগের মাথায় রিজভীর চুল খপ করে টেনে ধরল। রুক্ষ কণ্ঠে চেচিয়ে বলল,
--- “হাত ছাড়ুন, নয়তো সব চুল টেনে ছিঁড়ে ফেলব! কিপটের ঘরের কিপটে একটা। কিছুই লাগবে না আমার, হাত ছাড়ুন!”
অনু জোর করে নিজের হাত ছাড়িয়ে নিল। রিজভী সম্পূর্ণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে সিটে বসে রইল। অনু সামনে তাকাতেই দেখল—তিতির খোলা জানালার বাইরে বড় বড় চোখ করে হাঁ করে তাকিয়ে আছে! অনু বিরক্তিতে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তিতির কোনো কথা না বলে ব্যাগ থেকে কিছু কাগজ বের করে দিতেই অনু তড়িঘড়ি করে সেগুলোতে সই করে দিল।

এরপর তিতির একটা খাঁচা এগিয়ে দিল, যার মধ্যে একটি ধবধবে সাদা কাকাতুয়া। অনুকে দেখেই পাখিটি ডানা ঝাপটাতে শুরু করল। খাঁচার দরজাটা একটু আলগা করতেই পাখিটি উড়ে এসে অনুর কাঁধে বসল এবং পরম আদরে ওর গালে ঠোঁট ঘষতে লাগল। অনুও পাখিটির গায়ে হাত বুলিয়ে আদর করে একটা চুমু খেল। তিতির পুরো দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যা দেখার তা দেখে নিয়ে সে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। অনু একটা ফাইল আর পাখিটিকে কাঁধে নিয়ে আবার গাড়িতে এসে বসল।

রিজভী রাগী চোখে তাকিয়ে বলল,
--- “স্টুপিড! এটা আবার কোথা থেকে উদয় হলো? আর হাতে কিসের ফাইল এটা? কোন পেপারে সই করলি তুই?”
রিজভীর একের পর এক প্রশ্নে অনু ভীষণ বিরক্ত হলো। তবে ও আর কথা না বাড়িয়ে সোজাসুজি উত্তর দিল,
--- “চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ব। আপনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না। তিতিরও এখন থেকে চট্টগ্রামে থাকবে এবং ও-ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বে। তাই তিতির আমার ভর্তি ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করে দিচ্ছে, শুধু আমার এই সিগনেচারটা লাগত।”
রিজভী গাড়ি স্টার্ট দিতে দিতে উদাসীন কণ্ঠে বলল,
--- “কোন ইউনিভার্সিটিতে পড়বি আই ডোন্ট কেয়ার। নিজের জীবনের প্রতি উদাসীনতা চলে এসেছে বলেই হয়তো এমন অদ্ভুত সব সিদ্ধান্ত নিচ্ছিস, এখন আবার আমাকে দোষ দিচ্ছিস! আমি কি তোকে পড়াশোনায় কোনো বারণ করেছি?”
অনু কোনো জবাব দিল না। রিজভী ফের প্রশ্ন করল,
--- “কিসের ফাইল এটা?”
--- “আমার সব একাডেমিক সার্টিফিকেট আর জরুরি কাগজপত্র আছে এতে। মা ঢাকা থেকে তিতিরের হাত দিয়ে আমার সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। আর এই পাখিটাও আমার।”

একটু থেমে অনু রিজভীর দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বললো,
--- “মলের ওই খুনের সাথে আপনি জড়িত নেই তো?”

--- “আমি ভালো মানুষ। খামোখা মানুষ মারতে যাবো কেনো?”

*

রাত আটটা বাজে। অনু লিভিংরুমে বসে নিউজ দেখছে। হঠাৎই একটা নিউজ চোখে পড়লো তার।

___" আরও একটি রহস্যময় খুন!পাহাড়ি জঙ্গলে এবার এক সিএনজি চালকের ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া গেল। যার কপালে ধারালো কিছু দিয়ে খোদাই করে লিখে দেওয়া হয়েছে—OBSIDIAN.
যথারীতি এবারও খুনি কোনো প্রমাণ রেখে যায়নি!
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাতের ঘুমহারাম
করে দিচ্ছে এই 'অবসিডিয়ান'। দেশের কুখ্যাত সব
ধর্ষকদের একের পর এক নির্মমভাবে খুন করে চলেছে সে..!

নিউজটা দেখে অনু শিউরে উঠল। নিউজের বিবরণ শুনে সে নিশ্চিত হলো, এটা গতকাল রাতের সেই ধর্ষণচেষ্টাকারীরই লা*শ—যে কাল রাতে অনুর ওপর হামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল।

কিন্তু কাল রাতে তো সেখানে সেই রহস্যময়
তীরন্দাজ উপস্থিত ছিল! তবে কি সেই তীরন্দাজই
অবসিডিয়ান? নাকি রিজভী? রিজভী তো ঘটনাস্থলে এসেছিল আরও পরে। এই দুজনের মধ্যে আসল অবসিডিয়ান কে হতে পারে? নাকি এর পেছনে অন্যকারোর হাত রয়েছে? আর সেই তীরন্দাজ-ই বা কে?

একগুচ্ছ প্রশ্ন অনুর মস্তিষ্ক অবশ করে দিলো। আগে জানতে হবে কে এই তীরন্দাজ?
তীরন্দাজের চোখ জোড়া ছিল পারপেল রঙের। পৃথিবীতে আদৌ পারপেল চোখের কোনো মানুষ আছে কি না, তা দেখতে অনু গুগল সার্চ করতে লেগে পড়লো। প্রায় এক ঘণ্টা টানা ঘাঁটাঘাঁটির পর অনু এমন কিছু খুঁজে পেল, যা সে কল্পনাও করতে পারেনি।
সোশ্যাল মিডিয়ায় পারপেল চোখের এক ব্যক্তি ব্যাপক জনপ্রিয়। তবে কাঙ্ক্ষিত ইনফরমেশনাল না পেলেও ইনস্টাগ্রাম আইডি পেলো। ইনফরমেশন বার থেকে অনু তাঁর ইনস্টাগ্রাম আইডি সংগ্রহ করে সার্চ করতেই আইডিটি পেয়ে গেল। নামটি বেশ অদ্ভুত; মূলত একটি ছদ্মনাম ব্যবহার করা হয়েছে –

-- @Thundercloud_Rumble (থান্ডারক্লাউড)

আনন্দে অনু একটা চিৎকার দিয়ে উঠল। কেন তার এত আনন্দ হচ্ছে, এর কোনো ব্যাখ্যা অনুর কাছে নেই। অনুর চিৎকারে সাথে সাথে কাকাতুয়াটাও ডানা ঝাপটিয়ে নিজস্ব ভাষায় ডেকে উঠলো।

*#চলবে*
চাই।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন