#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__৩২
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
তালুকদার বাড়িতে আসার পর থেকে সময়গুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মাঝখানে কেটে গেছে পুরো একটা মাস। এই এক মাসে অনেক কিছুই ওলটপালট হয়ে গেছে। রিজভী বিদেশে চলে গেছে শোনার পর অনু যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। অনুর কিছু করারও মতো ছিল না। রিজভীর সাথে আর কারও কোনো যোগাযোগ নেই; সে কবে ফিরবে—তাও অজানা।
অনু আপাতত তালুকদার বাড়িতে থেকেই নিজের পড়াশোনায় ফোকাস করেছে। দিনরাত এক করে এডমিশনের পড়া পড়তে পড়তে অনুর অবস্থা নাজেহাল। এত কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লড়াইটাও কম কঠিন নয়। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে অনু পড়াশোনাতেই নিজের সমস্ত বিষাদ ভুলতে চাইছে। এতে কিছুটা মাইন্ড কনভার্ট হচ্ছে।
হাতের এই শেষ এক মাস সে জিইসির কোচিংয়ের নিয়মিত মডেল টেস্ট আর রিভিশন ক্লাসগুলো করেছে। তিতির সাথে আছে বলেই অনু এ যাত্রায় বেঁচে গেছে। ডিইউতে চান্স না পাওয়ায় তিতিরও এবার আদা-জল খেয়ে লেগেছে। তিতিরের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। ঢাকায় নিজের ভাই-ভাবির কাছে থাকলেও তারা বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। কিন্তু তিতিরের ইচ্ছে পড়াশোনা করার। এই জন্যই তিতিরের মামা তাকে চট্টগ্রামে এনে নিজের কাছে রেখেছেন।
এখন আর আগের মতো ফোনে আড্ডা হয় না দুজনের; শুধুমাত্র সকালের কোচিংয়েই যা একটু দেখা হয়। বাকি সময়টা কাটে বইয়ের পাতায়। আর মাত্র ছয় দিন পর এডমিশন পরীক্ষা।
ক্লাস শেষ হতে হতে দশটা বেজে গেল।
অনু জিইসি ভবনের বাইরে একা অপেক্ষা করছে। তিতিরকে ওর মামা কিছুক্ষণ আগেই নিয়ে গেছেন। অনু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ড্রাইভারের অপেক্ষায়। কিন্তু ড্রাইভার আসছে না কেন? তখনই অনুর ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মার্জানা তালুকদারের উদ্বেগমাখা কণ্ঠ ভেসে এলো,
--- “ড্রাইভারের শরীর খারাপ করেছে, সে যেতে পারবে না। নিখিলকে পাঠানো হচ্ছে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লেগে যাবে।”
অনু কিছু একটা ভেবে বলল,
--- “কাউকে পাঠানোর দরকার নেই আম্মু। আমি একাই চলে যেতে পারব।”
--- “তুমি পারবে না। নিখিল তোমাকে নিয়ে আসবে। ওখানে অপেক্ষা করো,” মার্জানা তালুকদার শান্ত ও গম্ভীর কণ্ঠে বললেন।
অনু কিছুটা আত্মবিশ্বাসী সুরেই বলল,
--- “রাস্তায় অনেক জ্যাম। নিখিল ভাইয়ের আসতে আসতে বারোটা বেজে যাবে। তার চেয়ে আমি রিকশা করে চলে আসি। এই এক মাসে যতটুকু চিনেছি, তাতে আমার কোনো সমস্যা হবে না। আপনি টেনশন করবেন না।”
মার্জানা তালুকদারও শেষমেশ সম্মতি দিয়ে বললেন,
--- “আচ্ছা, সাবধানে এসো তাহলে।”
জিইসির এই প্রধান মোড়ে দাঁড়িয়ে রিকশা পাওয়া অসম্ভব। জ্যাম ঠেলে রিকশাগুলো সামনেই এগোতে পারছে না। অনু ঠিক করল, একটু হেঁটে গোলপাহাড়ের দিকে এগোবে; ডেল্টা হাসপাতালের মোড় পার হয়ে সুবিধাজনক জায়গায় গিয়ে রিকশা নেবে।
ধীরে ধীরে হেঁটে অনু ডেল্টা হাসপাতালের কাছাকাছি চলে এলো। ওখানেই দাঁড়াল রিকশার জন্য। হঠাৎ মনে হলো ওকে কেউ ফলো করছে। শুধু আজকে নয়, গত এক মাস ধরেই অনুর মনে হচ্ছে কেউ ওকে আড়াল থেকে লক্ষ্য করছে। অদৃশ্য একজোড়া চোখ সবসময় ওর পিছু পিছু হাঁটছে।
অনু নিজেকে স্বাভাবিক রেখে আচমকা পেছনে তাকাল। অমনি মনে হলো গলির আড়ালে কোনো এক ছায়ামূর্তি সটকে পড়ল। হাসপাতালের ডানপাশের বাইপাস গলিটা প্রধান সড়কের কোলাহল থেকে সম্পূর্ণ বিপরীত—একদম নিঝুম জঙ্গল।
অনু মেইন রোডের চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই গলির মধ্যে ঢুকে পড়ল। কে ওকে দিনরাত ফলো করছে, বিষয়টা দেখে নিতে হবে। অনু গলিতে ঢুকতেই এক প্রৌঢ় ও মার্জিত চেহারার লোক শান্ত ভঙ্গিতে ওর সামনে এসে দাঁড়াল। অনু লোকটিকে আপাদমস্তক একপলক পর্যবেক্ষণ করে সরু চোখে তাকাল। লোকটি শীতল ও থমথমে কণ্ঠে অনুকে বলল,
--- “গলিটা সেফ না ম্যাডাম। এই গলিতে আপনার না যাওয়াই ভালো।”
অনু স্পষ্ট গলায় লোকটিকে সরাসরি প্রশ্ন করল,
--- “আমাকে মারার চেষ্টা করছিলেন কেন? কে পাঠিয়েছে আপনাকে?”
অনুর এত আত্মবিশ্বাসী ভাবের কারণ—তখন আড়ালে লুকিয়ে পড়া লোকটাই উনি। অনু স্পষ্ট দেখেছিল লোকটার হাতে পিস্তল ছিল। এখন অবশ্য নেই। তবে প্রৌঢ় লোকটি নিজের আত্মবিশ্বাসী ভাব বজায় রেখে উত্তর দিল,
--- “আমি একজন সাধারণ মানুষ, আপনাকে মারতে যাব কেন? আপনার সাথে কথা বলাটাই বেকার। সাবধান করলাম, শুনলেন না তো! যান।”
বলেই লোকটি পাশ কাটিয়ে চলে যেতে নিলে অনু তার পথ আগলে দাঁড়াল। ভেতরটা ভয়ে দুরুদুরু করলেও তা প্রকাশ পেতে দিল না। আলগা আত্মবিশ্বাস দেখিয়ে অনু লোকটিকে শুধাল,
--- “আমাকে মারতে কে পাঠিয়েছে জানতে চাইব না। কিন্তু আমি একজনকে মারতে চাই। তার জন্য আপনি যত টাকা চাইবেন, তত টাকাই পাবেন। রাজি থাকলে তাড়াতাড়ি হ্যাঁ বলুন।”
লোকটি এবারও অস্বীকার করল। মুখে তীব্র বিরক্তি ফুটিয়ে অনুকে বলল,
--- “আপনার মাথার নাটবল্টু ঢিলা নাকি? কী সব আবোলতাবোল বলছেন? আমি সাধারণ একজন মানুষ, ওইসব খুনখারাবি আমি করি না।”
অনু শুষ্ক ঢোক গিলল। ভয়ে ভেতরটা ধকধক করছে। এইসব লোক কেমন হয় ওর ধারণা নেই, তবে খুব জঘন্য হয় এটুকু জানে। অনু কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে এবার শেষ টোপটা দিল,
--- “পুরো ত্রিশ লাখ দেব। রাজি থাকলে বলুন।”
--- “বললাম তো আমি এসব করি না!”
--- “আরে এত মিথ্যা বলা বাদ দেন তো! রাজি থাকলে হ্যাঁ বলুন, না হলে কেটে পড়ুন। এত তেল মারতে পারব না।”
লোকটি আশপাশে নজর বুলিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কণ্ঠ কিছুটা গম্ভীর করে নিচু স্বরে বলল,
--- “কাকে খুন করতে হবে? কবে?”
অনু সর্বোচ্চ চেষ্টা করল নিজেকে স্বাভাবিক রাখতে। ভয়ে হাত-পা অবশ হয়ে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবে অনু যে ভয় পাচ্ছে, তা লোকটাকে বুঝতে দিলে চলবে না। অনু কিছুটা ধারালো কণ্ঠে বলল,
--- “সে এখন দেশে নেই। যখন দেশে ফিরবে, তখন কাজটা করে দিলেই হবে।”
--- “নাম কী? কী করে?”
--- “রিজভী তালুকদার। থাইল্যান্ডের 'দ্য ন্যাচার ইন্ডাস্ট্রি'-র মালিক।”
সঙ্গে সঙ্গে লোকটার মুখ হা হয়ে গেল। কিছুক্ষণ ড্যাবড্যাব করে তাকিয়ে থাকল। অনু কপাল কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল,
--- “কোনো সমস্যা?”
লোকটি কোনো উত্তর দিল না। চুপচাপ পকেট থেকে কালো রঙের একটি অদ্ভুত দেখতে ফোন বের করে কাউকে কল করল। ওপাশ থেকে রিসিভ না হওয়ায় সে আরও কয়েকবার চেষ্টা করল। অনু চুপচাপ দেখতে থাকল লোকটি কী করতে চাইছে। গলিতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। ভয়ে অনুর আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়! কী করতে চাইছে লোকটা? কোনো ভুল করে ফেললো না তো?
এমন সময় লোকটি কানে ফোন রেখে বিনীত কণ্ঠে বলল,
--- “বস! যার সেফটির জন্য আমাকে স্টকিংয়ে রেখেছিলেন, সেই মেয়ে আপনাকে মারার জন্যই আমাকে টাকা অফার করছে!”
অনুর চোখ চড়কগাছ! ভয়ে ওখানেই পা জমে গেল। একেই বোধহয় বলে—যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়!
ফোনের ওপাশ থেকে কী বলা হলো তা বোঝা গেল না, তবে স্টকারটি বেশ নিচু কণ্ঠে উত্তর দিল,
--- “কসম বস! আমি স্বীকার করিনি, কিন্তু ম্যাডাম আমাকে ধরে ফেলেছেন।”
ওপাশ থেকে রিজভী গর্জে উঠে বলল,
--- “বাস্টার্ড! দিলি তো আমার ইগোর দফারফা করে! কী দরকার ছিল ওই শাঁকচুন্নিটার সামনে আমার নাম নেওয়ার? তোকে তো আমি দেখে নেব!”
অনু ততক্ষণে লোকটার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়েছে! শেষের কথাটা অস্পষ্ট শুনেছে। সে রেগেমেগে কণ্ঠ চড়িয়ে বলে উঠল,
--- “আপনার সাথে আমার তিন মাসের চুক্তি হয়েছিল, কিন্তু আপনি বাটপারি করেছেন! শুধু একবার সামনে আসেন, একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলব!”
অনুর কণ্ঠ শুনে রিজভী থমকে গেল। কয়েক সেকেন্ড নীরবতার পর রিজভী গম্ভীর কণ্ঠে বলল,
--- “আমি চিবিয়ে খেলে সহ্য করতে পারবি তো?”
অনু চোখ বড় বড় করে ফেলল। মুখটা আপনাআপনি হা হয়ে এলো। নিজেকে সংযত করে দাঁত চেপে বলল,
--- “দূর থেকে নিজের চামচা দিয়ে গোয়েন্দাগিরি মারতে হবে না! নিষেধ করেছিলাম তো, এভাবে নজরদারি করবেন না। আমাকে নিয়ে আপনার কিসের এতো ইনসিকিউরিটি?”
--- “ইনসিকিউরিটি বলে কিছু নেই। নজরদারি করা তোর অপছন্দ, তাই করি। বিকজ মানুষের অপছন্দের কাজ করে তাদেরকে জ্বালিয়ে যে আনন্দ পাই, তা তুই বুঝবি না।”
অনু নিজের আত্মনিয়ন্ত্রণ হারাচ্ছে, তবুও কণ্ঠ যতটা সম্ভব শান্ত রেখে বলল,
--- “আমার অস্বস্তি হয়!”
ওপাশ থেকে রিজভীর থমথমে কণ্ঠ ভেসে এলো,
--- “কেন?”
--- “বাহিরে বেরোলেই সারাক্ষণ কেউ তাকিয়ে থাকলে যে কারও অস্বস্তি হবে। আশা করি বুঝতে পেরেছেন।”
ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে অনু প্রশ্ন করল,
--- “ফিরে আসুন!”
এবারও কোনো জবাব এলো না। অনু ফোনটা কানের কাছ থেকে নামিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল রিজভী কল কেটে দিয়েছে।
লোকটি অনুর হাত থেকে ফোনটা চট করে নিয়ে নিল। তারপর রিজভীকে ফের কল দিয়ে নিচু স্বরে কী যেন কথা বলল। অনু চুপচাপ দাঁড়িয়ে রইল, এই মুহূর্তে কী করা উচিত কিছুই মাথায় আসছে না। লোকটি কথা শেষ করে চলে যেতে উদ্যত হতেই অনু উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল,
--- “রিজভীর নম্বরটা দিন তো।”
--- “নম্বর দেওয়া যাবে না। তবে... আপনার জন্য একটা গুড নিউজ আছে। এখন থেকে আর কেউ আপনাকে স্টক করবে না।”
লোকটির কথায় অনু চোখ সরু করে প্রশ্ন করল,
--- “আপনি ছাড়াও আরও অনেকে স্টক করে বুঝি?”
লোকটি সে প্রশ্নের উত্তর না দিয়ে হনহন করে হেঁটে চলে গেল।
অনুর মাথাটা ভনভন করছে। এতদিন ধরে তাহলে আড়ালে এসব খেলা হচ্ছিল? আশপাশে নজর বুলিয়ে দেখল, গলিটার পরিবেশ একদম গা-ছমছমে। যতদূর চোখ যায়, সামনের গাছপালাগুলো ঘন হয়ে অন্ধকার তৈরি করে রেখেছে। এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয় ভেবে অনু যখনই পা বাড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক কর্কশ কণ্ঠ ভেসে এলো,
--- “কা... কা... কা... কা!”
অনু তড়িৎ গতিতে পেছনে তাকাল। সেইদিনের ঘটনার পর থেকেই কাক পাখিটা অনুর মনে আলাদাভাবে দাগ কেটেছে। কতটাই না ভয়ঙ্কর ছিল সেই কাকটা! অনু চারপাশে দৃষ্টি বুলিয়ে পাশের নিমগাছের ডালটার দিকে তাকাতেই চমকে উঠল—একটি কালান্তক কাক ওর দিকেই চোখ সরু করে তাকিয়ে আছে! দৃষ্টি খুব চেনা চেনা লাগলো।
কাকটি অনুর সন্দেহের পাল্লা ভারী করে ঠিক সেইদিনের মতোই হুবহু মাথার ওপর গোল হয়ে ঘুরতে থাকল। অনু অবাক চোখে কেবল তাকিয়ে রইল। অতঃপর কাকটি কিছুটা নিচে নেমে অনুর মাথার ওপর দিয়ে ‘শাঁ’ করে উড়ে জঙ্গলের গভীরে ঢুকে গেল। অনু কৌতূহল দমাতে পারল না। এটি যদি সত্যিই সেই কাকটি হয়, তবে আশেপাশে ওই রহস্যময় মানবও নিশ্চয়ই আছে!
অনু গলি ধরে হাঁটতে শুরু করল। পিঠের ওপর ছড়িয়ে থাকা রেশমের মতো চুলগুলো গ্রীষ্মের হাওয়ায় মৃদু দুলছে। হাঁটতে হাঁটতে অনু অনেকটা গভীরে ঢুকে পড়ল। আশপাশে কেউ নেই; জঙ্গলের নিস্তব্ধতার ভারে গা ছমছম করে উঠল। গলির দুই পাশে বড় বড় কৃষ্ণচূড়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে—গাছ ভর্তি রক্তরাঙা ফুল যেন টগবগ করছে।
মেইন রোডের গাড়ির শব্দও এখন আর আসছে না। অনু মনে সাহস জুগিয়ে আরেকটু এগোল। কিছুটা যেতেই ওর চলন্ত পা জোড়া থমকে গেল!
কিছুটা দূরে, একটা মোটা কৃষ্ণচূড়া গাছের গুঁড়িতে পিঠ ঠেকিয়ে পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে সেই মানব। পরনে কালো কার্গো প্যান্ট, গায়ে হুডি আর মুখ কালো কাপড়ে ঢাকা। হুডি গলে কিছু অবাধ্য চুল কপালে এসে পড়েছে। লোকটার ঢালের মতো চওড়া ও তীক্ষ্ণ চোখ জোড়া অনুর দিকেই নিবদ্ধ—এক বেপরোয়া দৃষ্টিতে তাকিয়ে আছে সে।
অনু নিজেকে ধাতস্থ করে কয়েক কদম এগিয়ে গেল। মাঝখানে অবশ্য বিস্তর দূরত্ব। কারও মুখে কথা নেই, দুজনই নির্নিমেষ চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। অনুর চোখে সংশয়, আর লোকটার চোখে শীতল নীরবতা। অনুকে এভাবে ডাগর ডাগর চোখ মেলে তাকিয়ে থাকতে দেখে নিস্তব্ধতা ভেঙে মানবের গম্ভীর কণ্ঠ ভেসে এলো,
--- “এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন, পিচ্চি?”
অনু দৃষ্টি না সরিয়েই জবাব দিল,
--- “যার এমন সুমিষ্ট কোকিল কণ্ঠ আর ঈগলের মতো ধারালো চাহনি, তার দূত এমন কালান্তক কাক কেন?”
লোকটার চোখ দেখে বোঝা গেল সে মাস্কের আড়ালে হাসছে। তীক্ষ্ণ কণ্ঠে উত্তর ভেসে এলো,
--- “তুমি বলতে চাইছ, কাক দিয়ে তোমাকে ডেকে এনেছি?”
অনু উত্তর দিল না, শান্ত দৃষ্টিতে কেবল তাকিয়ে রইল। তা দেখে মানবটি ফের বলে উঠল,
--- “আবার চোখ দিয়ে গিলে খাচ্ছ? হোয়াই, পিচ্চি?”
--- “ক্ষুধা পেয়েছে!”
--- “সরি পিচ্চি, আমার কাছে ফিডার নেই!”
--- “ফিডার লাগবে না। চকলেট কিনে দিন, খেতে খেতে বাড়ি চলে যাই!”
--- “অচেনা লোকের কাছ থেকে চকলেট নিতে নেই, তোমার মা শেখায়নি?”
--- “ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিতে নেই, আপনার আম্মু শেখায়নি?”
--- “আমার কাছে টাকা নেই, অন্য কোথাও দেখো।”
--- “যার ১০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফ্যান-ফলোয়ার, তার কাছে টাকা নেই? হাস্যকর! আপনার প্রতিটি ফলোয়ার যদি এক টাকা করে দেয়, তবুও আপনি কোটিপতি হয়ে যাবেন!”
বলতে বলতেই অনু ব্যাগ থেকে একটি কয়েন বের করে লোকটার দিকে বাড়িয়ে দিল। তারপর মৃদু হেসে বলল,
--- “এই নিন, আপনার ফলোয়ারদের পক্ষ থেকে আমার তরফ থেকে প্রথম এক টাকা। বিগ ফ্যান, ভাইয়া!”
লোকটিও নিঃশব্দে এগিয়ে এসে হাত বাড়িয়ে এক টাকার কয়েনটি নিয়ে নিল। মুদ্রার এপিঠ-ওপিঠ উল্টেপাল্টে দেখতে দেখতে প্রশ্ন ছুড়ল,
--- “আমার আইডিও খুঁজে বের করে নিয়েছ? এত ইন্টারেস্ট? অনেক কিছু জানার আছে মনে হয় তোমার!”
অনু তাতে আপত্তি জানিয়ে ঘাড় নেড়ে বলল,
--- “একদমই না! এটাকে ইন্টারেস্ট বলে না, না-জানা রহস্য জানার আগ্রহ মাত্র।”
--- “কী জানতে চাও?”
--- “আপনার পরিচয় কী?”
--- “অ্যাজ অ্যান অ্যানোনিমাস সিঙ্গার অ্যান্ড ফ্যান্টাসি তীরন্দাজ।”
অনু মৃদু হাসল, লোকটার চোখ দুটোও যেন মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। অনু শান্ত কণ্ঠে বলল,
--- “আপনাকে অ্যানোনিমাস সিঙ্গার হিসেবেই সুন্দর লাগে। তার হাসির সামনে যেন উজ্জ্বল নক্ষত্রও হার মানবে! কিন্তু তীরন্দাজ হিসেবে বড্ড ভয়ংকর লাগে।”
--- “তীরন্দাজের কাছে কী হার মানবে?”
অনু চট করে উত্তর দিল,
--- “ব্ল্যাক পাইথন!”
লোকটা মৃদু শব্দে হেসে উঠে বলল,
--- “মুদ্রার অপর পিঠটাও উল্টে দেখার জন্য থ্যাংকস!”
অনু ক্ষণিক থেমে প্রশ্ন করল,
--- “নিজের সম্পর্কে তো কিছুই বললেন না? আপনি যদি ফ্যান্টাসি ম্যানই হয়ে থাকেন, তবে আমাকেই কেন দেখা দিলেন? মতলবটা কী?”
মানব দুই হাত ওপরে তুলে আড়মোড়া ভাঙল। তাতে তার হুডির হাতার নিচে থাকা পেশিবহুল হাতের ভাজ স্পষ্ট হয়ে উঠল। তারপর কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে তাকিয়ে বলল,
--- “ফ্যান্টাসিটা কিন্তু দেখা দেবার পরই তৈরি হয়েছে।”
অনু বুঝল এই লোক সহজে উত্তর দেবে না, শুধু কথা পেঁচাবে। তাই সোজাসুজি প্রশ্ন ছুড়ল,
--- “নাম কী আপনার?”
লোকটা সে কথার উত্তর না দিয়ে জঙ্গলের আরও গভীরে হাঁটতে শুরু করল। অনু তার পিছু পিছু হাঁটতে হাঁটতে প্রশ্ন করল,
--- “এত দেমাগ কেন আপনার?”
লোকটা হাঁটতে হাঁটতেই ধীরস্থিরভাবে জবাব দিল,
--- “ইথান অলিভারদের শিরায় শিরায় দেমাগ থাকে।”
অনু থমকে দাঁড়িয়ে গেল। লোকটা তবে নিজের নাম বলেই দিল? তার মানে অনুর আরও প্রশ্নের উত্তর দেবে ইথান? কিন্তু ওর সেই আশায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে ইথান ঘাড় ফিরিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
--- “আর কোনো উত্তর পাবে না। চলে যাও, পিচ্চি।”
হতাশার গভীরে তলিয়ে গেল অনুর দুচোখ। কোমল ও ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করল,
--- “ডেকে এনেছেন কেন তবে? আপনার উদ্দেশ্যটা কিন্তু এখনও ধোঁয়াশাতেই মোড়ানো থাকল!”
--- “কিছু জিনিস ধোঁয়াশায় থাকাই ভালো। এস্থেটিক লাগে দেখতে।”
অনু ফোঁস করে এক তপ্ত শ্বাস ফেলল। ভেতরের বিরক্তিটুকু চেপে নিয়ে বলল,
--- “আপনার মন জিলিপির প্যাঁচ দিয়ে ভরা!”
ইথান মৃদু হাসল,
--- “চলে যাও!”
--- “আপনার নামটা কিন্তু সুন্দর—ইথান অলিভার!”
--- “ইমপ্রেস করতে পারবে না, পিচ্চি। চলে যাও।”
অনু চাপা ক্ষোভে আড়চোখে তাকাল। কিছু একটা ভেবে নিয়ে বলল,
--- “আমাকে তীর চালানো শেখাবেন?”
--- “তুমি কি আমার কাছাকাছি আসার চেষ্টা করছ?”
অনু সোজা উল্টো ঘুরে হাঁটা শুরু করল। অনুর পরনে নীল রঙের হালকা প্রিন্টের স্কার্ট আর সফেদ রঙের ফতুয়া। বাতাসে ওর স্কার্ট উড়ছে। অনুর পিছু পিছু ইথানও ধীর কদমে হাঁটছে।
অনু তীক্ষ্ণ কণ্ঠে বলল,
--- “কথা পেঁচাবেন না! শেখাবেন কি না বলুন?”
ইথান কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল,
--- “তোমাকে তীর চালানো শেখাতে পারি, তবে একটা শর্তে!”
--- “কী শর্ত?”
ইথান কিছুটা সুর টেনে গাওয়ার ভঙ্গিতে বলল,
--- “বয়ফ্রেন্ড বানা লে!”
অনু পেছনে না ফিরেই তৎক্ষণাৎ তাল মিলিয়ে উত্তর দিল,
--- “কিসি অউর কো পটা লে!”
--- “হায়, বয়ফ্রেন্ড বানা লে!”
অনু থমকে দাঁড়াল। ঘাড় ফিরিয়ে দেখল ইথান বেশ চঞ্চল চোখে তাকিয়ে আছে। অনু এবার বিরক্তি মাখা কণ্ঠে বলল,
--- “নজরেঁ তু হটা লে!”
ইথান আড়মোড়া ভেঙে অলস ভঙ্গিতে বলল,
--- “হায়, মুঝকো ফঁসা লে!”
--- “একদম সিঙ্গারগিরি দেখাতে আসবেন না! যা প্রশ্ন করেছি সোজা উত্তর দিন!”
--- “তোমাকে আমি কেন তীর চালানো শেখাব?”
অনু শান্ত কণ্ঠে বলল,
--- “অ্যাজ এ ফ্রেন্ড?”
লোকটা একগুঁয়েমি করে প্যান্টের পকেটে দুই হাত গুঁজে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রইল। অনু কয়েক সেকেন্ড পর আবার অপশন দিল,
--- “বেস্ট ফ্রেন্ড?”
মানব এবারও নীরব। অনু কপাল কুঁচকে শেষ অপশনটা ছুড়ে দিল,
--- “জাস্ট ফ্রেন্ড?”
ইথান এবার হালকা ঘাড় নেড়ে সম্মতি দিল। অনু নিচু কণ্ঠে বলল,
--- “আপনার কণ্ঠটা কিন্তু দারুণ, মিস্টার সিঙ্গার! মুখটাও নিশ্চয়ই আরও সুন্দর। দেখতে পারি?”
--- “তুমি তো দেখছি আমার চেয়েও ভালো ফ্লার্ট করতে পারো! বাট নো চান্স... চলে যাও।”
--- “তীর চালানো শেখাবেন কবে থেকে, গুরুজি?”
ইথান ঘাড় কাত করে বলল,
--- “পরশু সকাল আটটায় চলে এসো এখানে।”
অনু চোখের পলক ফেলে নিজের গন্তব্যে হাঁটা ধরল। লোকটা যে এত সহজে রাজি হয়ে যাবে, তা ও ভাবতে পারেনি। ইথানও ঠিক উল্টো দিকে হাঁটতে শুরু করল। দুজন দুজনের গন্তব্যের দিকে চলে গেল—আর মাঝখানে রেখে গেল দুই দিনের প্রহর গণনার অপেক্ষা!
*
--- “ভাইয়া তোমাকে কখনো কিস করেছে?”
স্নেহার এমন লাগামহীন প্রশ্নে অনুর বাদামের খোসা ছাড়াতে যাওয়া হাত জোড়া থমকে গেল। সে আড়চোখে চারপাশটা একবার দেখে নিল। বিকেলের এই সময়টায় বাড়ির সবাই পেছনের পুকুরপাড়ে আড্ডা দিচ্ছে। স্নেহা আর অনু ঘাটলার সিঁড়িতে বসে আছে, আর বাড়ির অন্য মহিলারা একটু দূরে চেয়ারে বসে গল্পে মশগুল।
এই এক মাসে অনুর সাথে স্নেহার বেশ ভালো খাতির হয়েছে। কিন্তু এত বেশি ঘনিষ্ঠ হয়ে অনু মাঝেমধ্যেই বিপাকে পড়ে; মেয়েটা যখন-তখন এমন সব অদ্ভুত প্রশ্ন করে অনুকে বিভ্রান্ত করে দেয়! উত্তর না পেয়ে স্নেহা অধৈর্য হয়ে ফের একই প্রশ্ন করতেই অনু ঘাড় চুলকে আমতা আমতা করে বলল,
--- “কামড় দিয়েছিল একবার! এই দেখো, এখনো ঠোঁটের নিচে কামড়ের হালকা দাগ বসে আছে।”
অনুকে লজ্জিত করতে গিয়ে স্নেহা নিজেই এবার চরম লজ্জায় পড়ে গেল! অনু আড়চোখে স্নেহার লাল হয়ে যাওয়া মুখ দেখে ঠোঁট টিপে হাসল। মেয়েটা সবসময় ওকে এভাবে নাজেহাল করার চেষ্টা করে। অবশ্য সত্যিটাও বলতে পারছে না অনু, কারণ সবাই জানে অনু আর রিজভী মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তাতে তারা কিছুটা সফলও। স্নেহা খেয়াল করে দেখল, সত্যিই অনুর ঠোঁটের কোণে একটা দাঁতের আবছা দাগ রয়ে গেছে।
--- “ছি ভাবি! ছোট ননদ হই, একটু তো লজ্জা করো!”
--- “ওলে আমার কুচুপুচু ননদটা! তা প্রশ্নটা জানি কে করেছিল?”
স্নেহা চোরচোখে তাকাল। অনু হাসি চেপে বলল,
--- “তুমি একটু বসো, আমি আসছি। ততক্ষণে লজ্জাটা কাটিয়ে নাও।”
অনু উঠে চলে যেতেই কোত্থেকে নিখিল এসে বসে পড়ল স্নেহার পাশে। হঠাৎই স্নেহার টমেটোর মতো লাল গাল দেখে নিখিলের চোখ দুটো সংকুচিত হয়ে এলো। সে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল,
--- “কী রে, টমেটোর মতো লাল হয়ে আছিস কেন?”
স্নেহা দুটো বাদাম গালে পুরে বলল,
--- “বাদাম খাবেন?”
--- “খোসা ছাড়িয়ে দে!”
স্নেহা খোসা ছাড়িয়ে নিখিলকে বাদাম দিল। হঠাৎই নিখিল প্রশ্ন ছুড়ল,
--- “তোর ক্রাশের নাম জেনেছি আজ।”
স্নেহা আতঙ্কিত চোখে তাকিয়ে ফট করে বলে ফেলল,
--- “কে বলেছে?”
--- “অন্তরা।”
--- “ও মিথ্যা বলেছে! উনি আমার ক্রাশ না।”
--- “উনাকে নিয়ে তো আমি কিছু বলিইনি! ‘উনি’টা আবার কে?”
স্নেহা ধরা পড়ে গিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াল। নিখিলের কথার জালে যে সে আবার ফেঁসে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিখিল চট করে ওর হাত চেপে ধরে আগের জায়গায় বসিয়ে দিয়ে অভয় দেওয়ার ছলে বলল,
--- “আরে, বেস্ট ফ্রেন্ড মনে করে বলে দে! ভাইয়ের দায়িত্ব হলো বোনকে বিয়ে দিয়ে বিদায় করে তারপর নিজের বউকে ঘরে তোলা। তোকে বিদায় না করতে পারলে তো আমি বিয়ে করতে পারছি না! তাড়াতাড়ি বল।”
স্নেহা এবার অটল। নিখিলের পাতা জালে আর পা দিল না। বানানো রাগ দেখিয়ে বলল,
--- “আমার কোনো ক্রাশ-ফ্রাশ নেই! আর এত সহজে বাড়ি ছাড়ছি না, আপনার বউকেও এই বাড়িতে আসতে দিচ্ছি না!”
--- “নাভান তোর ক্রাশ, তাই না? আই মিন... এর থেকেও বেশি কিছু ভাবিস?”
নিখিলের শান্ত ও গম্ভীর প্রশ্নে স্নেহা ভয়ে থমকে গেল। স্নেহার চোখের চাহনি দেখেই নিখিল যা বোঝার বুঝে নিল। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল।
ঠিক তখনই অনুর এক বিকট আর্তচিৎকার ভেসে এলো! সাথে সাথে কানফাটা গুলির শব্দ!
আতঙ্কে সবাই একসাথে পুকুরপাড় থেকে দৌড়ে বাড়ির সামনের দিকে গেল। গিয়ে দেখল, অনু দুই হাতে কান চেপে ধরে চোখ-মুখ খিঁচে দাঁড়িয়ে আছে। ওর হাত-পা থরথর করে কাঁপছে। রুবিলা তালুকদার আর মার্জানা তালুকদার দৌড়ে গিয়ে অনুকে আগলে নিলেন। অনু প্যানিক করছে! শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সবাই ওকে ধরে বেঞ্চে বসিয়ে শান্ত করার চেষ্টা করল। মার্জানা তালুকদার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন,
--- “কী হয়েছে? কিসের শব্দ ওটা?”
অনু লম্বা শ্বাস নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল,
--- “সদর দরজা দিয়ে বের হচ্ছিলাম... ঠিক তখনই কে যেন গুলি ছুড়েছে!”
রুবিলা তালুকদার আঁতকে উঠলেন! নিখিল সঙ্গে সঙ্গে গার্ডদের আদেশ দিল চারপাশটা ভালো করে চেক করতে। সবাই ভীষণ বিচলিত হয়ে পড়ল। অনুর মন বার বার বলতে লাগল—এটা সেই চিরকুটওয়ালার ওয়ার্নিং! সে তো স্পষ্ট নিষেধ করেছিল রিজভীর থেকে দীর্ঘসময়ের দূরত্ব না বাড়াতে। কিন্তু এখন অনু কী করবে?
*
--- “ফেসে এত গ্লো করছে আজ! ঘটনা কী?”
ভিডিও কনফারেন্সে রিজভী আর নাভান তাদের পরবর্তী মিশন নিয়ে বিশেষ আলোচনা করছিল। হঠাৎই কাজের মাঝে নাভানের এমন প্রশ্নে রিজভী বিরক্ত হয়ে বলল,
--- “কাজের মধ্যে একদম ফালতু বকবি না, নাভান! সবসময় চিল মুড ভালো লাগে না।”
নাভান ল্যাপটপের স্ক্রিনের দিকে আরেকটু ঝুঁকে বলল,
--- “আপনি যদি কাজের মাঝে ইনস্ট্যান্ট নুডুলস খেতে পারেন, তাহলে আমিও ফালতু কথা বলতে পারি!”
নাভানের কথায় রিজভীর থামা-চামচ আটকে গেল। নুডুলসের কাপটা একপাশে সরিয়ে ল্যাপটপের দিকে ঝুঁকে এসে নিচু স্বরে বলল,
--- “ফেসে গ্লো বাড়ানোর টিপস চাস?”
--- “অফকোর্স!”
--- “ব্লা/ড ফেসপ্যাক নিয়ম করে মুখে মাখবি, দেখবি ফেসের গ্লো তরতরিয়ে বাড়ছে।”
--- “খুন করতে গিয়ে কতই তো র/ক্তের স্রোতে সাঁতার কাটলাম! এমন গ্লো তো পেলাম না। স্পেশাল কিছু নাকি?”
রিজভী কোনো উত্তর দিল না। নুডুলস খেতে খেতে শুধু একটা বাঁকা হাসি দিল। তার ঠোঁটের কোণে লেপ্টে রইল এক গভীর তৃপ্তির ছাপ!
#চলবে