#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__৩৩
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
--- “রিজভী স্টক করা বন্ধ করে দিতেই ইথান লোকটা সামনে এলো কেন? নাকি এতদিন স্টকারের জন্য সামনে আসতে পারছিল না?”
গতকাল সকালের ওই স্টকারের সাথে দেখা, তারপর হুট করে সেই তীরন্দাজের সামনে আসা এবং বিকেলে অতর্কিত গুলি ছোড়া—সব ঘটনা যেন একটার সাথে একটা অদৃশ্য সুতোয় বাঁধা। কথাগুলো ভাবতে ভাবতেই অনু বইয়ের পাতায় মন দিল। কিন্তু পড়ায় মন বসছে না। কাল সকালে আবার ইথানের সাথে দেখা করতে হবে। এদিকে গতকাল বিকেলে চিরকুটওয়ালার ওয়ার্নিংটাও অনুকে বেশ আতঙ্কিত করে দিয়েছে। যদিও তালুকদার বাড়িতে আলাদা করে সব জায়গায় কড়া নজরদারি রাখা হয়েছে।
এর মধ্যেই লিভিং রুম থেকে ভাঙচুরের বিকট আওয়াজ ভেসে এলো। আতঙ্কিত এবং কৌতূহলী মন নিয়ে অনু রিজভীর কক্ষ থেকে বেরিয়ে এলো। অনু এখন রিজভীর রুম দখল করেছে। দোতলার করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার নজর আটকালো লিভিং রুমের উত্তপ্ত পরিবেশের দিকে।
লিভিং রুমের মাঝখানে রুবিলা এবং মার্জানার পাশে মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে স্নেহা। তার চোখ দুটো লাল, কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। তার কিছুটা দূরে মুখোমুখি চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে নিখিল। সামনে গম্ভীর ও রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছেন আজাদ তালুকদার এবং তৌফিক তালুকদার।
মেঝেতে ভাঙা ফুলদানির টুকরোগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। অনু মনে মনে আন্দাজ করে নিল, এটা নিখিলেরই কাজ। গাঢ় স্তব্ধতা কাটিয়ে নিখিল কাঠকাঠ গলায় বাক্য ছুড়লো,
--- “আজ এই মুহূর্তে আমি স্নেহাকে বিয়ে করতে চাই। এতে ওর মতামতের পরোয়া করছি না।”
নিখিলের কণ্ঠে কোনো জড়তা বা দ্বিধা নেই। একদম খোলামেলা স্বীকারোক্তি। ওর কথা শেষ হতেই তৌফিক তালুকদার প্রচণ্ড গর্জে উঠে বললেন,
--- “কীসের বিয়ে? মাথার তার লুজ হয়ে গেছে তোর? স্নেহা এখনো ছোট। ওর ওপর আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। ও যখন সাবালিকা হবে, নিজের পছন্দমতো ছেলেকেই বিয়ে করবে। বাকিটা আমরা দেখে নোবো।”
তৌফিক তালুকদারের জবাবে নিখিলের চোয়াল আরও শক্ত হয়ে এলো। চোখের মণি দুটো হিংস্র রূপ নিয়ে স্থির হয়ে গেল। সে শীতল কিন্তু তীক্ষ্ণ গলায় বলল,
--- “আমার চোখের সামনে স্নেহা অন্য পুরুষকে বিয়ে করবে? ওর কলিজাটা একবার মেপে দেখতে হবে!”
আজাদ তালুকদার তীক্ষ্ণ চোখে সবটা পর্যবেক্ষণ করছিলেন। ছেলেমেয়েরা ঘরের মধ্যে খুনসুটি করত—ঠিক আছে। কিন্তু নিখিল যে স্নেহাকে ভালোবেসে উন্মাদ হয়ে গেছে, তা তারা ঘুণাক্ষরেও টের পাননি। ওনার মতোই বাড়ির প্রত্যেকেই স্তব্ধ। এখন জানার বিষয় স্নেহার মন কী বলে। আজাদ তালুকদার স্নেহার দিকে ঘুরে প্রশ্ন করলেন,
--- “আশা করি তোমার থেকে মিথ্যা উত্তর পাব না স্নেহা। তুমি কি নিখিলকে ভালোবাসো? নাকি অন্য কিছু?”
স্নেহা আড়চোখে নিখিলের হিংস্র অভিব্যক্তি পরখ করে নিল। থরথর করে কাঁপছে সে। সবার মতো স্নেহাও ভীষণ অবাক হয়েছে নিখিল তাকে ভালোবাসে শুনে। মানুষ কাউকে ভালোবাসলে সেটা সেই মানুষকে আগে অনুভূতির কথা জানায়। কিন্তু নিখিল সোজা বাড়ির সবার কাছে প্রস্তাব রেখেছে—আজই স্নেহাকে বিয়ে করবে! উঁহু, এটাকে প্রস্তাব বলে না, এটা নিখিলের একগুঁয়ে জেদ, এক চরম আধিপত্য। স্নেহাকে থমকে থাকতে দেখে নিখিল নিচু কণ্ঠে ধমকে উঠল,
--- “মিথ্যা বললে খোদার কসম, আমি এমন কিছু করব যা তোর কল্পনাতীত। সত্যিটা বলবি!”
ভয়ে স্নেহা মুখ খুলতেই পারলো না। তৌফিক তালুকদার আর মেজাজ ধরে রাখতে পারলেন না। ছেলের দিকে এক পা এগিয়ে এসে বিগড়ে যাওয়া গলায় বললেন,
— “তুমি চুপ করো। আমাদেরকে বিষয়টা দেখতে দাও।”
নিখিল একচুলও নড়ল না। বাবার কথাকে কোনো পাত্তা না দিয়ে সোজা স্নেহার দিকে এক কদম এগিয়ে গেল। শিনা উঁচু করে, গম্ভীর কন্ঠে বলল,
--- “তুই আমাকে ভালোবাসিস কি না, তা আমি জানতে চাইব না। কারণ আমি জানি আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই। বিলিভ মি, এতে আমার বিন্দুপরিমাণ আফসোসও নেই! আমি তোকে ভালোবাসি এবং তোকে আমার চাই—দ্যাটস ইট! এনাফ ইজ এনাফ! কবুল বলার পর মুহূর্তে আল্লাহ কর্তৃক যে ভালোবাসা সৃষ্টি হয়, তুই সেইভাবেই আমাকে ভালোবাসবি। হালালভাবে ভালোবাসতে বাধ্য হবি তুই। কিন্তু আমার জায়গায় অন্য কাউকে বসাতে চাইলে, তোকে কেটে নদীতে ভাসিয়ে দিতেও আমার হাত কাঁপবে না!”
--- “নিখিল!”— আজাদ তালুকদার ধমকে উঠলেন। তৌফিক তালুকদার সরু চোখে সবটা দেখে গেলেন। নিখিল শীতল চোখে বাবার দিকে তাকিয়ে রইল।
নিখিলের এমন গভীর অর্থবহ কথার তোড়ে স্নেহা মাথা তুলে তাকাতেই পারল না। হাঁটু দুটো যেন থরথর করে ভেঙে আসছে। বাড়ির লোক কি সিদ্ধান্ত নেবে সেই ভয়ে চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়তে লাগল। স্নেহা কখনো এই নিখিল ভাইকে দেখেনি। এই হিংস্র নিখিল ওর কাছে সম্পূর্ণ অচেনা, কোনো এক হিংস্র দানবের মতো লাগছে।
বাড়ির আবহাওয়ায় যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ছেলেটা পাগল হয়ে গেছে এও সবাই ভেবে নিলো। নিখিল একটা তপ্ত শ্বাস ফেলে সবার থমথমে মুখের দিকে তাকিয়ে বলল,
--- “আমার কথা কারো কানে ঢুকছে না, তাই তো? গায়ে না লাগলে বলুন, আমি নিজে ব্যবস্হা করে নিচ্ছি। তবে স্নেহা এই বাড়িতেই থাকবে—আমার বউ হয়ে।”
ঘরের থমথমে পরিবেশ হালকা করতে তৌফিক তালুকদার পরিস্থিতি নিজের হাতে নেওয়ার চেষ্টা করলেন। নিখিলের উন্মাদনাকে উসকে না দিয়ে সবাই একটু শান্তভাব বজায় রাখার পথ বেছে নিলেন। তৌফিক তালুকদার গলার স্বর কিছুটা নরম করে, হাত তুলে নিখিলকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন,
--- “বিয়ে করবি বুঝলাম। কিন্তু আজই বিয়ে করতে হবে কেনো? দেরিতে করলে সমস্যা কোথায়? এর মধ্যে স্নেহাও ম্যাচিউর হয়ে উঠুক!”
নিখিল আড়চোখে তাকালো। দাতে দাঁত চেপে বললো,
--- “বাকিদের বেলা সবুরে মেওয়া ফললেও, স্নেহার পেছনে সবুর করতে গেলে আমার কপালে শুধুই বিষুট্টা জুটবে!”
নিখিলের কথা অন্যদের বোধগম্য না হলেও স্নেহার বুঝতে ভুল হলো না। তবে নিখিলের মতিগতি তার কাছে স্পষ্ট না। সত্যিই তাকে ভালোবাসে কীনা তা নিয়েও সন্দিহান সে। আজাদ তালুকদার নিখিলকে বোঝানোর সুরে শান্ত কন্ঠে বললেন,
--- “স্নেহা সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আগে ওর পড়াশোনাটা শেষ হোক, সাবালিকা হোক। তারপর ও যদি মন থেকে চায়, তবে তোদের বিয়ে আমরাই ধুমধাম করে দেব। এতে এত তাড়া কিসের?”
নিখিলের চিবুক শক্ত হয়ে এলো। সে চরম বিরক্তিতে মাথা নাড়িয়ে রুক্ষ গলায় বলে উঠল,
--- “আমি ওর মতামত শুনতে চাইনি, আর না কোনো অপেক্ষা করতে চেয়েছি! বিয়ের পরেও ও এই বাড়িতেই থাকবে, খাবে, নিজের ইচ্ছেমতো স্বাধীনভাবেই থাকবে। আর আমি বেকারও না। ওর যাবতীয় চাহিদা পূরণ করার যথেষ্ট এবিলিটি আমার আছে। কালকের জায়গায় আজ বিয়ে হলে ওর পড়াশোনায় কোন পাহাড় ভেঙে পড়বে শুনি?”
মার্জানা তালুকদার আর চুপ থাকতে পারলেন না। যুক্তিতে অটল রইলেন,
--- “পড়াশোনা আর ঘরের দায়িত্ব এক নয় নিখিল। সংসারের একটা ম্যাচিউরিটি আছে। আজ আমরা তোদেরকে বিয়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে মেয়েটা যদি তোকে নিয়ে আফসোস করে?”
--- “তোমরা আমাকে নিয়ে সন্দিহান? তোমাদের মেয়ের পাত্র হিসেবে কি আমি যোগ্য না? আর কি করতর হবে বলো?”
--- “প্রশ্টনা স্নেহার পছন্দের। ও যদি ভবিষ্যতে আমাদের দিকে আঙুল তোলে, যে আমরা তাকে যোগ্য পাত্রের হাতে তুলে দেইনি। তখন?”
নিখিল পকেটে হাত গুজে মেরুদন্ড সোজা করে দাড়ালো। তীক্ষ্ম কন্ঠে জবাব দিলো,
--- “সেই সুযোগটাই আমি রাখবো না। দিন শেষে স্নেহা নিজে তোমাদেরকে বলবে আমাকে পেয়ে ও চরমভাবে জিতেছে। ”
প্রত্যেকের এমন স্বাভাবিক যুক্তি নিখিলের উগ্র জেদের দেয়াল টলাতে পারছিল না। পুরোটা সময় নীরব নীরবতা বজায় রাখা আজাদ তালুকদার এবার স্নেহার দিকে ফিরে একদম শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন,
--- “স্নেহা, সব তো শুনলি। তোর নিজের কী মতামত? একদম ভয় পাবি না মা। নির্ধিধায় জানাতে পারিস তোর মনের কথা।”
স্নেহা এতক্ষণ ভয়ে কাঁপছিল। কিন্তু নিজের ভবিষ্যৎ আর পছন্দের প্রশ্নে নিজেকে শক্ত করার চেষ্টা করল। তাছাড়া ওর তো পছন্দের মানুষ আছে, যদিও সেটা একপাক্ষিক। স্নেহা মাথা নিচু করে, শ্লেষাত্মক কন্ঠে বলল,
--- “আমি নিখিল ভাইকে ছোটবেলা থেকে শুধু ভাই হিসেবেই দেখে এসেছি, বড়জোর একজন অভিভাবক। এরচেয়ে বেশিকিছু ভাবতে পারবো না। তাছাড়া ওনার সাথে আমার সম্পর্ক চিরকাল আদায়-কাঁচকলায়! যে মানুষের সাথে আমার সারাদিন ঝগড়া আর দ্বন্দ্ব লেগে থাকে, তাকে স্বামী ভেবে সংসার করব কীভাবে?”
স্নেহার মুখ থেকে সরাসরি এই প্রত্যাখ্যান শোনামাত্রই লিভিং রুমের পুরো সমীকরণ বদলে গেল। এতক্ষণ যারা শান্ত হয়ে নিখিলকে বোঝাচ্ছিলেন, প্রত্যেকেই স্নেহার এক বাক্যে বেঁকে বসলেন। তৌফিক তালুকদার এবার চড়াও হয়ে শক্ত গলায় নিখিলকে শেষ কথা জানিয়ে দিলেন,
--- “শুনলি তো? মেয়ে নিজে তোকে ভাই ছাড়া কিছু ভাবে না, তোর সাথে তার বিন্দুমাত্র বন্ডিং নেই। এখন আর তোর কোনো জেদ আমরা সহ্য করব না। এই বিষয়ে আর একটা কথাও হবে না!”
নিখিল একনজর স্নেহার ফ্যাকাশে মুখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে তীব্রতর কিছু একটা ছিল, যে স্নেহা অজান্তেই রুবিলার পেছনে নিজেকে লুকিয়ে ফেলল।
— “গুড!”
শব্দটি উচ্চারণ করে নিখিল আর এক সেকেন্ডও দাঁড়াল না। তীব্র আক্রোশে কাচের সেন্টার টেবিলে একটা লাথি মেরে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুধু রেখে গেল লিভিং রুমে উপস্থিত প্রত্যেকের বুকে এক অজানা আতঙ্কের ছাপ। সবচেয়ে বেশি আতঙ্কিত হলো স্নেহা। কারণ মাঝের এই একদিন নিখিল স্নেহাকে হুশিয়ারি করেছিল প্রস্তত থাকার জন্য। তবে কিসের জন্য বলেছিল তা আজ বুঝলো। আর যা কান্ড করলো তাতে সহজে হাল ছাড়বে বলে মনে হয় না।
•
সকাল সাতটা বাজে। তালুকদার বাড়ির ড্রয়িংরুমে পিনপতন নীরবতা।
গতকাল রাতে নিখিল রেগেমেগে বাড়ি ছাড়ার পর আর ফেরেনি। তার ফোনও বন্ধ, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির প্রত্যেকেই চরম টেনশনে অস্থির। স্নেহা তো ভয়ে আর আতঙ্কে কারো সামনেই আসছে না। আজ যদি নিখিলের কোনো অঘটন ঘটে যায়, তবে তার জন্য দায়ী থাকবে একমাত্র স্নেহা—এমন এক গভীর অপরাধবোধ তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। অথচ ছোটবেলায় মা-বাবার এক্সিডেন্টের পর রুবিলা তালুকদার তাকে নিজের মেয়ের স্নেহে বড় করে তুলেছেন, কখনো মায়ের অভাব টের পেতে দেননি।
বাড়ির পুরুষেরা ফজরের নামাজ পড়ে আর বাড়ি ফেরেননি; নিখিলের সন্ধানে বাইরে আছেন। ড্রয়িংরুমে এখন মার্জানা তালুকদার এবং রুবিলা তালুকদার থমথমে ভঙ্গিতে বসে আছেন। অনু পড়েছে চরম বিপাকে। আজ ইথানের সাথে দেখা করার কথা, কিন্তু ঘরের এই গুমোট পরিস্থিতিতে বাড়ি থেকে বের হবে কীভাবে! অনু ইতস্তত করে লিভিংরুমে এলো। তাকে দেখতেই মার্জানা তালুকদার গম্ভীর কণ্ঠে আওড়ালেন,
--- “কোচিংয়ে যাবে না তুমি? আজ তো লাস্ট ক্লাস, এরপরই এডমিশন এক্সাম। নাস্তা সেরে তুমি বেরিয়ে যাও। এই ঝামেলার দিকে তোমাকে খেয়াল দিতে হবে না।”
--- “আচ্ছা।”
অনুর বুক চিরে স্বস্তির একটা শ্বাস বেরিয়ে এলো। আর যা-ই হোক, প্রথমে সে মার্জানা তালুকদারকে 'রিনা খান'-এর ভার্সন ভাবলেও এখন উপলব্ধি করেছে মানুষটা অতটাও খারাপ নন। কিন্তু বড় অদ্ভুত সমস্যা হলো—মার্জানা তালুকদার প্রায়ই রিজভীকে নিয়ে প্রশ্ন করেন। এমন ভাব দেখান, যেন নিজের ছেলের সম্পর্কে উনার তেমন স্পষ্ট ধারণাই নেই! প্রথম প্রথম রিজভী আর অনুর বন্ডিং কেমন, তা নিয়েও খুব প্রশ্ন করতেন।
এসব ভাবতে ভাবতেই অনু নাস্তা সেরে নিল। আগেভাগেই তার জন্য টেবিলে নাস্তা সাজিয়ে রাখা হয়েছিল। নাস্তা শেষ করে অনু ঘরে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। ইথানের সাথে দেখা করার কথা ছিল ঠিক আটটার সময়; কিন্তু মনে হয় না একদম ঠিক টাইমে পৌঁছাতে পারবে!
•
ঘড়ির কাঁটায় তখন আটটার ঘর ছুঁইছুঁই।
ড্রাইভার সিআরবির কাছের মোড়টায় গাড়ি থামাতেই অনু নেমে পড়ল। তবে সে ভেতরের গেটের দিকে পা বাড়াচ্ছে না দেখে ড্রাইভার কপাল কুঁচকে প্রশ্ন করল,
--- “আপামণি, কোচিংয়ে ঢুকবেন না? দাঁড়িয়ে আছেন যে?”
অনু এই প্রশ্নটারই মনে মনে ভয় পাচ্ছিল। তার তো আজ কোচিংয়ে যাওয়ার কোনো উদ্দেশ্যই নেই! সে দ্রুত মুখে একটা কৃত্রিম মৃদু হাসি ফুটিয়ে বলল,
--- “আমার এক ফ্রেন্ড আসবে আঙ্কেল, আসলে একসাথে ঢুকব। আপনি চলে যান।”
--- “আজ কখন আসতে হবে?”
অনু জানে আজ স্পেশাল লেকচার আছে। শেষ সলভ ক্লাস হিসেবে অনেকক্ষণ লাগবে। তাই সে ড্রাইভারকে বলল,
--- “দশটার সময় আসলেই হবে।”
ড্রাইভার আর কথা বাড়াল না, গাড়ি ঘুরিয়ে চলে গেল। গাড়িটা চোখের আড়াল হতেই তিতির এসে হাজির। অনুকে রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা তাড়াহুড়ো করে বলল,
--- “ক্লাস তো প্রায় শুরু হয়ে গেল অনু! তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? তাড়াতাড়ি চল!”
অনু সতর্ক চোখে চারপাশটা একবার দেখে নিল, তারপর তিতিরের একদম কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। অনুর কথা শোনামাত্রই তিতিরের চোখ দুটো গোল গোল হয়ে গেল। চরম উদ্বেগে সে বলে উঠল,
--- “কেন এসব করছিস বল তো অনু? যদি কোনো ঝামেলা হয়? তোর এই সন্দেহ বা ভাবনা যদি ভুল প্রমাণিত হয়, তুই কিন্তু মস্ত বড় বিপদে পড়বি! এসবে জড়াস না দোস্ত, প্লিজ!”
--- “আরে, এত জোরে চিৎকার করছিস কেন? আস্তে বল ইয়ার!” অনু অস্থির হয়ে বলল।
--- “আমি সত্যি বুঝতে পারছি না তুই কেন নিজের জীবনের ঝুঁকি নিচ্ছিস!” তিতিরের কণ্ঠে তীব্র সংশয় ও ভয়।
অনু নিজের জেদে এক চুলও নড়ল না। চোয়াল শক্ত করে বলল,
--- “আমি শুধু ওই লোকটার উদ্দেশ্যটা জানতে চাই। ব্যাস, এতটুকুই! এর বেশি কিছু না।”
তিতির দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল,
--- “ভেবেচিন্তে পা বাড়াস অনু। পরে যেন পস্তাতে না হয়।”
কথাটা বলেই তিতির ভবনের ভেতরে হনহন করে ঢুকে গেল। অনু এক মুহূর্ত সময় নষ্ট না করে চারপাশ দেখে রাস্তা পার হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ঘটল বিপত্তি!
সামনে তাকাতেই অনুর চোখ বিরক্তিতে ছোট হয়ে এলো। বসন্ত দাঁড়িয়ে আছে! ওদের সাথেই কোচিংয়ে পড়ে, ছেলেটা ভীষণ মিশুক প্রকৃতির হওয়ায় অনুর সাথেও ভালো খাতির হয়ে গেছে। বসন্ত চোখ সরু করে অনুকে আপাদমস্তক পরখ করে তীক্ষ্ণ কণ্ঠে শুধাল,
--- “কী ব্যাপার? কোচিংয়ের দিকে না গিয়ে উল্টো হেঁটে কোথায় যাচ্ছিস? বাই এনি চান্স দোস্ত, তুই কি আজকের কোচিং বাঙ্ক দেওয়ার চেষ্টা করছিস? আজকে কিন্তু লাস্ট ক্লাস, আর ব্যাচের সবচেয়ে স্পেশাল লেকচার আজকেই!”
অনু মনে মনে দ্রুত একটা বাহানা দাঁড় করাল। মুখে চকিতে একটু অসুস্থতার ছাপ এনে দ্বিধাহীন গলায় উত্তর দিল,
--- “আমার শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে। ভীষণ মাথা ঘোরাচ্ছে, তাই বাড়ি ফিরে যাচ্ছি। তুই তাড়াতাড়ি ভেতরে যা, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে।”
বসন্ত আড়চোখে একবার অনুর দিকে তাকাল, হয়তো পুরোপুরি বিশ্বাস করল না, তবুও আর কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল। অনু একটা লম্বা স্বস্তির শ্বাস ফেলল। যত ঝামেলার উপদ্রব যেন আজকেই হতে হচ্ছে!
অনু দ্রুত পায়ে হেঁটে ডেল্টা হাসপাতালের পেছনের সেই নির্জন বাইপাস পকেট গলির সামনে এসে দাঁড়াল। সকালের ছায়াশীতল আমেজে গলিটাকে দারুণ শান্ত আর নির্মল লাগছে। উঁচু টিলার ঢালে ফোটা কৃষ্ণচূড়ার ফুলে ভরা ডালগুলো হালকা বাতাসে দুলছে।
অনু চারপাশ দেখতে দেখতে গলিটার বেশ খানিকটা গভীরে হেঁটে এলো।এখানে আসার কথা ছিল আটটায়, কিন্তু বিভিন্ন ঝামেলার চক্করে এখন বেজে গেছে আটটা বিশ!
নির্দিষ্ট স্থানে পৌঁছে অনু চরম অবাক এবং কিছুটা দিশেহারা হয়ে পড়ল। চারপাশে ইথানের কোনো চিহ্নই নেই! লোকটা কি তবে অনুর জন্য অপেক্ষা করে করে বিরক্ত হয়ে চলে গেল?
জায়গাটাও খুব একটা সুবিধাজনক নয়—নির্জন টিলা আর ঝোপঝাড়ের মাঝখানে একা দাঁড়িয়ে থাকাটা বেশ বিপজ্জনক। ও শুনেছে এসব নিরিবিলি পাহাড়ি পকেট গলিতে ছিনতাইকারীদের উৎপাত থাকে। উৎকণ্ঠায় বুক ঢিপঢিপ করছিল অনুর।
ঠিক তিন মিনিট পর কাঙ্ক্ষিত মানবটির আগমন ঘটল! গভীর অরণ্য আর টিলার ঝোপঝাড় গলিয়ে সে ধীরগতিতে হেঁটে আসছে।
পরনে কালো ডেনিম কার্গো প্যান্ট, কালো কাস্টম টেকওয়্যার মডিফাইড হুডি, মুখ যথারীতি মসৃণ কালো কাপড়ে ঢাকা। হুডির ছায়ায় তার চোখ দুটোকে কেবল আবছা দেখা যাচ্ছে।
ইথান অনুর একদম সামনে এসে থমকে দাঁড়াল।
অনু বিরক্ত হলো। ইথানের আপাদমস্তক এক পলক দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল,
--- “আপনার মতো পর্দাশীল পুরুষ আমি দুটো দেখিনি।”
ইথান পকেটে হাত গুজে বলল,
--- “আই নো।”
অনু নিজেই পঁচিশ মিনিট লেট করেছে। এইজন্য দেরি হওয়া নিয়ে আর খোঁচাল না। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল,
--- “তীর চালানো শেখাবেন কোথায়? আর তীর-ধনুক কিছুই তো আনেননি।”
ইথান মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। সে ঘুরে দাঁড়িয়ে পেছনের নির্জন আঁকাবাঁকা পথটার দিকে ইশারা করে বলল,
--- “দেবপাহাড়ের ওপর পথটা যেখানে সিআরবির প্রাচীন সেগুন বাগানের দিকে মিশেছে, ওখানেই যেতে হবে। হাঁটো।”
ইথান কোনো উত্তরের অপেক্ষা না করে ধীর ও ভারী পদক্ষেপে এগোতে লাগল। অনুও নিজের দ্বিধা ঝেড়ে ফেলে তার পিছু পিছু হাঁটতে শুরু করল। ডেল্টা হাসপাতালের পেছনের এই বাইপাস গলিটা যত ভেতরের দিকে যাচ্ছে, শহরের যান্ত্রিক কোলাহল ততটাই মিলিয়ে যাচ্ছে।
সংকীর্ণ মেঠোপথ আর রাস্তার দু’পাশের ঘন সবুজ ঝোপঝাড় পার হয়ে ওরা যখন সিআরবির দিকে এগোচ্ছে, সকালের স্যাঁতসেঁতে বাতাসে ভেসে আসছে বুনো ফুলের গন্ধ আর শতবর্ষী প্রাচীন সেগুন গাছের পাতায় বাতাস লাগার শনশন শব্দ। ইথানের বুটের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই।
হঠাৎই ইথান পেছনে না ফিরেই প্রশ্ন করল,
--- “তোমার তো ভালো সাহস আছে পিচ্চি। দুইদিনের পরিচয়ে অচেনা-অজানা লোক কোথায় নিয়ে যাচ্ছে না জেনেই তার পিছু পিছু হাঁটছ। এত সাহস কিন্তু ভালো না। যদি কোনো অনিষ্ট করে দিই?”
অনু শুষ্ক ঢোক গিলল। আসলেই ও এই গলিতে কখনো আসেনি। কোথায় নিয়ে যাচ্ছে লোকটা তাও জানে না। মনের ভেতর অজানা ভয় খোঁচালেও সে কপাট আত্মবিশ্বাসী ভাব দেখিয়ে বলল,
--- “যে রেপিস্টদেরকে নির্মমভাবে খুন করে মেয়েদেরকে সেফ করে, সে নিশ্চয়ই আমার অনিষ্ট করবে না।”
ইথান না ফিরেই শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল,
--- “কী মিন করতে চাচ্ছ তুমি?”
অনু দ্বিধা না করে শান্ত কণ্ঠে বলল,
--- “সেইদিন ওই সিএনজি চালককে খুন করা হয়েছিল। আই হোপ আপনি অবসিডিয়ান সম্পর্কে অবগত। আর সবচেয়ে বড় কথা, সেইদিন ওইখানে আপনি একমাত্র উপস্থিত ছিলেন। আমি কি ধরে নেব আপনিই অবসিডিয়ান?”
ইথান ধীরপায়ে ঘুরে দাঁড়াল। কাস্টম টেকওয়্যার হুডির ছায়ায় ঢাকা পড়া মসৃণ কালো কাপড়ের মাস্কটার পেছনে তার চোখের দৃষ্টি এখন চরম শীতল, ধারালো আর রহস্যময়।
সে পকেটে হাত গুজে অনুর দিকে আরও এক ধাপ এগিয়ে এল। অনু নিজের অজান্তেই থমকে কিছুটা পেছনে যেতে চেয়েছিল, কিন্তু নিজের জায়গায় স্থির রইল।
ইথানের গম্ভীর, নিচু কণ্ঠস্বর চিরে বেরিয়ে এল,
--- “খুনের ঘটনাস্থলে উপস্থিত থাকা আর তার খুনি হওয়া—দুটোর পার্থক্য খুব সূক্ষ্ম, পিচ্চি। অবসিডিয়ান একটা নামের পাশাপাশি, একটা বিভীষিকা। আর বিভীষিকাকে এভাবে সামনাসামনি ডেকে আনার মতো ধৃষ্টতা দেখানোটা বুদ্ধিমানের কাজ নয়।”
ইথানের এই পেঁচানো ও রহস্যময় কথা অনুর বোধগম্য হলো না। এত প্যাঁচালো কথা কি আর সহজে বোঝা সম্ভব?
অনুর বুক ঢিপঢিপ করছিল, কিন্তু সে মুখের ভীতি কোনোভাবেই প্রকাশ হতে দিল না। ইথান আর কথা বাড়াল না, আবার ঘুরে সোজা হাঁটতে শুরু করল। খানিকটা এগিয়ে অনু নিজের ইতস্তত ভাবটা গুটিয়ে নিয়ে বলল,
--- “আপনি আমাকে বারবার 'পিচ্চি' ডাকবেন না। আমার সুন্দর একটা নাম আছে।”
সামনে হাঁটতে হাঁটতেই ইথানের মৃদু হাসির একটা শব্দ শোনা গেল। সে শান্ত কণ্ঠে বলল,
--- “তুমি তোমার নাম বললে তবেই না জানব!”
অনু তীক্ষ্ণ কণ্ঠে চটজলদি উত্তর দিল,
--- “যে অধরা মরিচিকাকে কেউ কখনো সরাসরি দেখেনি, সে হঠাৎ একটা সাধারণ মেয়ের সামনে এসে দাঁড়ালে ধরে নিতেই হয়—মেয়েটার বায়োডাটা তার মুখস্থ!”
ইথান অস্বীকার করল না। বরং কিছুটা স্বগতোক্তি করেই বলল,
--- “আই লাইক ইউর কুইক-উইটেডনেস।”
একটু থেমে যোগ করল,
--- “তুমি সাধারণ মেয়ে নও। তোমার সাধারণের মধ্যেও অসাধারণ কিছু আছে।”
অনু চট করে পেছন থেকেই উত্তর দিল,
--- “প্রশংসা করে লাভ নেই মিস্টার ঘোস্ট। ইমপ্রেস করতে পারবেন না।”
ইথান ফিচলে হেসে জবাব দিল,
--- “এটা আমার ডায়ালগ ছিল না? বাই দ্য ওয়ে, তুমি আমাকে ঘোস্ট বললে কেন?”
--- “প্রথম দিন আপনাকে ঘোস্ট ভেবে যা ভয় পেয়েছিলাম, তার জন্য ঘোস্ট ডাকাই যায়। আপনার চেয়ে ওই কাকটা আরও বেশি ভয়ংকর।”
ইথান উত্তরে মৃদু হাসল। এরপর আর দুজনের মাঝে কোনো বাক্যব্যয় হলো না। মিনিট সাতেকের নীরবতার পর পাহাড়ি টিলার এক ছায়াশীতল নির্জন বাঁকে এসে থামল তারা।
সামনেই বিশাল প্রাচীন সেগুনগাছে ঘেরা এক ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের লাল ইটের বাংলো। পরিবেশটা এতটাই নীরব যে মনে হয় পুরো শহরের কোলাহল থেকে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন! গেটের পাশে ছোট পিতলের বোর্ডে খোদাই করা—
“দ্য ডার্ক ফেদার আর্চারি রেঞ্জ” (তীর প্রশিক্ষণ কেন্দ্র)
আর নিচে ঝোলানো ছোট কাঠের ফলক—“প্রাইভেট বুকিং (সকাল ৮:০০ - ৯:০০)”।
ইথান পকেট থেকে একটা চাবি বের করে সেগুনকাঠের ভারী মূল দরজাটা খুলে ভেতরে ঢুকল। অনু ভেতরে প্রবেশ করল না। যদিও এটি আর্চারি রেঞ্জ, তবুও কেন যেন ভেতরে যেতে তার একটা অজানা ভয় কাজ করছে।
কয়েক মিনিট পর ইথান দরজার সামনে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। অনু ইতস্তত করে প্রশ্ন করল,
--- “এখানে লেখা আছে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত প্রাইভেট বুকিং। আমরা কেন ভেতরে যাচ্ছি?”
--- “আমি কখনোই লোকচক্ষুর সামনে যাই না। তাই আমার লোক দিয়ে প্রাইভেট বুকিং করিয়ে নিয়েছি।”
--- “কিন্তু...”
অনুর কথা সম্পূর্ণ হওয়ার আগেই ইথান গম্ভীর কণ্ঠে বলল,
--- “ভেতরে একজন মহিলা আছেন, ভয় নেই। চলে এসো।”
অনু মনে মনে কিছুটা লজ্জা পেল। লোকটা কী করে তার মনের আতঙ্ক মুহূর্তের মধ্যে বুঝে ফেলল? তবুও অজানা এক উদ্বেগ নিয়ে অনু ভেতরে পা রাখল।
বাইরে থেকে পুরোনো মনে হলেও, ভেতরের পরিবেশটা অত্যন্ত ক্লাসি আর গা-ছমছমে। সাটিন ইয়েলো রঙের আবছা আলো ঝুলছে ডার্ক পলিশড সেগুনকাঠের ফ্লোরের ওপর। বিশাল ইনডোর হলঘরের এক প্রান্তে পরপর তিনটি গোলাকার টার্গেট বোর্ড সাজানো। কাঠের দেয়ালে সুন্দর করে সাজিয়ে রাখা নানা ধরনের আধুনিক কম্পাউন্ড বো, রিকার্ভ বো আর ধারালো তীরের তূণীর।
সবশেষে কর্নারে একজন মধ্যবয়সী নারী চোখ বন্ধ করে গা এলিয়ে রকিং চেয়ারে বসে হেডফোনে গান শুনছেন। পরনে বেশ মার্জিত শাড়ি। অনু তাকে দেখে ইথানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। ইথান তখন র্যাক থেকে তীর আর ধনুক পর্যবেক্ষণ করছিল। অনুর প্রশ্নবোধক চাহনি দেখে সে দ্বিধাহীন গলায় জবাব দিল,
--- “আই নো, এত বড় ইনডোর হলরুমে একা আমার সাথে তীর চালানো শিখতে তোমার অস্বস্তি হবে। ভয় পাওয়াটাও স্বাভাবিক। তাই আর্চারি রেঞ্জের মালকিন এই এক ঘণ্টা এখানেই থাকবেন।”
--- “আপনি না বলেছিলেন কখনোই লোকচক্ষুর সামনে আসবেন না?”
ইথান চট করে চোখ তুলে তাকাল,
--- “উনি দৃষ্টিহীন। আর কানে তো হেডফোন আছেই, আমাদের কথা শুনতে পাবেন না।”
--- “যেই লাউ সেই কদুই তো হলো!”
--- “উনি দৃষ্টিহীন বলে ওনাকে দুর্বল ভেবো না। আর শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এত কিছুর পরও যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে এখনই চলে যেতে পারো। ইউ ক্যান লিভ রাইট নাও।”
--- “বাহ্! হোয়াট আ জেন্টলম্যান!”
ইথান আর কোনো উত্তর দিল না। অনু ভেতরের তপ্ত শ্বাসটুকু চেপে নিল। এটা ভেবে কিছুটা স্বস্তি লাগল যে লোকটা অন্তত তার সাথে একটা বিষয়ে স্বচ্ছতা বজায় রেখেছে। তবে ইথানের এহেন রহস্যময় আচরণ অনুকে বরাবরই বিভ্রান্ত করে দিচ্ছে।
কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে অনু প্রশ্ন করল,
--- “সেইদিন জঙ্গলে আমাকে বাঁচানোটাই কি আপনার উদ্দেশ্য ছিলো? আর হঠাৎই এভাবে সামনে এলেন কেনো? আমার মতো সাধারণ মেয়ের নীড়ে আপনার মতো মরিচিকার কি কাজ?”
ইথান বাকা হেসে জবাব দিলো,
--- “আমি জানি তোমার আসল উদ্দেশ্য তীর চালানো শেখা নয়; আমার উদ্দেশ্য সম্পর্কে জানা। বিলিভ মি, আমার কোনো উদ্দেশ্য নেই।”
ইথানের কথা অনুর বিশ্বাস হলো না। সেটা তার চোখ দেখেই বোঝা গেলো। অনু তার খোলা চুলগুলো হাত দিয়ে খোঁপা করতে করতে জবাব দিল,
--- “তীর চালানো শিখে ঘরের দুশমনকেও বিনাশ করব, সাথে আপনার উদ্দেশ্যও উন্মোচন করব। আমার লাভ এখানে দুটো। আপনার লাভ-ক্ষতির হিসাবটাও দ্রুত বের করব।”
--- “এইটুকু পিচ্চির আবার ঘরের দুশমনও আছে? ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং!”
--- “আপনি কোথায় থাকেন?”
--- “জঙ্গলে!”
--- “মিথ্যা বলবেন না। বলুন কোথায় থাকেন?”
ইথান বাঁকা হাসল। উত্তর না দিয়ে সোজা টার্গেট বোর্ডের সামনে গিয়ে দাঁড়াল। সে ধনুক ও তীরের ছিলা টেনে অনুকে একদম প্রফেশনালি বোঝাতে থাকল কীভাবে কী করতে হবে—হাতের দূরত্ব কতটা রাখতে হবে এবং ধনুক কতটা উঁচুতে ধরতে হবে। কথার ফাঁকেই সে নিজে একটা নিখুঁত তীর ছুড়ে দেখিয়ে দিল।
অনু কিছুটা দূরে দাঁড়িয়ে গভীর মনোযোগে সবটুকু পর্যবেক্ষণ করল।
এরপর ইথান পাশ থেকে সরে দাঁড়ালে অনু কাধ থেকে ব্যাগ নামিয়ে রাখলো। এগিয়ে এসে টার্গেট বোর্ডের সামনে দাঁড়াল। দুজনের মাঝে পুরোটা সময় জুড়েই ছিল এক নিরাপদ দূরত্ব।
অনু ইথানের দেওয়া নির্দেশ অনুযায়ী মনোযোগ দিয়ে তীর ছোঁড়ামাত্রই তা টার্গেট বোর্ডে না গিয়ে – সোজা গিয়ে লাগল মাথার ওপরের একটা কাঁচের বৈদ্যুতিক বাতিতে!
চরম এক বিকট শব্দে কাঁচ ভেঙে বাতিটা একলহমায় চুরমার হয়ে গেল! ভয় এবং হতাশায় নিমজ্জিত হয়ে অনু চোখ দুটি শক্ত করে বন্ধ করে ফেলল। নিখুঁত নিশানা তো দূরের কথা, নিজের প্রথম চেষ্টাতেই এমন লণ্ডভণ্ড কাণ্ড ঘটিয়ে ফেলবে – সেটা অনু স্বপ্নেও ভাবেনি!
ইথান একটুও চমকাল না। শান্ত গলায় কিছুটা খোঁচা মেরে বলল,
--- "সোজা বাতি নিভিয়ে দিলে পিচ্চি?"
অনু আড়চোখে তাকাল। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট উল্টে বলল,
--- "আমি বাড়ি যাব।"
ইথান শব্দ করে হেসে ফেলল। হলরুমে আরও অনেক আলো জ্বলছিল। সেই ঝলমলে আলোয় ইথানের পার্পেল রঙের চোখ যেন দ্যুতি ছড়াচ্ছিল। ইথানের হাসি দেখে অনুর মেজাজ বিগড়ে গেল। সে দাঁত চেপে প্রশ্ন করল,
--- "হাসছেন কেন আপনি?"
ইথান হাসি থামিয়ে উল্টো প্রশ্ন করল,
--- "এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে? তা আমার সম্পর্কে কতটুকু জানতে পারলে আজ?"
--- "কিছু জানতে চাই না আমি। আপনার উদ্দেশ্য নিয়ে আপনি জাহান্নামে যান! শুধু যাওয়ার আগে আমাকে ভালোভাবে তীর চালানো শিখিয়ে দিয়ে যান।"
--- "রোজ রোজ দেখা করে তীর চালানো শেখানোর মতো অঢেল সময় আমার নেই।"
--- "চারদিন পর আমারও এডমিশন পরীক্ষা। আমিও আসতে পারব না।"
--- "তাহলে?"
অনুর বাড়ি ফেরার কথা ছিলো দশটায়। মার্জানা তালুকদার পইপই করে বলে দিয়েছিলেন ড্রাইভার না যাওয়া পর্যন্ত ওয়েট করতে। কিন্তু ও ফিরলো সাড়ে নয়টার সময় তাও আবার রিকশা করে। সময়ের আগে বাড়ি ফেরায় সবার প্রশ্নের তোপে পড়েছিল। কিন্তু নিজেকে অসুস্থ দাবি করে কোনোমতে সবার নজর এড়িয়ে নিজের ঘরে চলে এসেছে।
অন্যদিকে নিখিলের নাকি এখনো কোনো খোঁজ মেলেনি। এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই অনু স্নেহার ঘরের দিকে এগোল। দরজা খোলাই ছিল, তাও অনু দরজায় আলতো টোকা দিল। ভেতর থেকে স্নেহার নিচু গলা ভেসে এল,
--- "এসো।"
ঘরে ঢুকেই অনু দেখল স্নেহার বিধ্বস্ত চেহারা। কেঁদে কেঁদে চোখ-মুখ লাল বানিয়ে ফেলেছে, আর মাথার চুলগুলো এলোমেলো করে একপ্রকার জট পাকিয়ে খোঁপা করা। অনুকে দেখে সে বিছানায় উঠে বসল।
অনু স্নেহার পাশে বসে কিছুটা খুঁটিয়ে দেখার ভঙ্গিতে শুধাল,
--- "কেঁদে কেটে নিজের এই অবস্থা বানিয়েছ কেন? নিখিল ভাইয়াকে তোমার কি একদমই পছন্দ নয়?"
স্নেহা এক মুহূর্ত চুপ করে রইল। নাকের পাটা সামান্য ফুলে উঠছে তার। নিচু গলায় বলল,
--- "ওইজন্য কাঁদছি না। আসলে... নিখিল ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে।"
অনু চোখ ছোট করে তাকাল,
--- "তুমি কি অন্য কাউকে পছন্দ করো? তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে। চাইলে আমাকে বলতে পারো, স্নেহা।"
স্নেহা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। বুকে যে তীব্র অনুভূতি চেপে রাখা, তা স্বীকার করার সাহস তার নেই। সে তো নাভানকেই চায় – খুব করে চায়। কিন্তু নাভান তাকে ভালোবাসে কি না, তা তার জানা নেই। একপাক্ষিক এই ভালোবাসার কথা প্রকাশ করার চেয়ে গোপন রাখাই শ্রেয়। নিজের অনুভূতি ভেতরে চেপে বলল,
--- "কেউ নেই। আমি কাউকেই ভালোবাসি না।"
কথা শেষ হতেই স্নেহার ফোনের স্ক্রিন জ্বলে উঠল – নোটিফিকেশন। ফোনটা হাতে নিয়ে দেখতে পেল নিখিলের টেক্সট,
-- "এক্কুনি এই ঠিকানায় চলে আসবি – একদম একা। বাড়ির সবার চোখ কীভাবে ফাঁকি দিবি তা তোর ব্যাপার, কিন্তু যদি না আসিস – খোদার কসম স্নেহা, এবার ওই বাড়িতে আমার লা_শ যাবে! আর হ্যাঁ, বোরকা পরে বের হবি।"
নিচে শহরের একটা প্রাইভেট হাসপাতালের ঠিকানা।
'লা_শ' শব্দটা চোখে পড়তেই স্নেহার হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ার উপক্রম হলো। বুকটা চরম আতঙ্কে ছ্যাঁৎ করে উঠল তার। চোখ তুলে তাকাতেই অনুর সাথে চোখাচোখি হলো। অনু তীক্ষ্ণ চোখ তৎক্ষণে স্ক্রিনের পুরো মেসেজটা পড়ে নিয়েছে। স্নেহার ফ্যাকাশে আর আশঙ্কিত মুখটার দিকে তাকিয়ে অনু অভয় দিল,
--- "ভয় নেই। একা যাবে না তুমি, আমি যাচ্ছি তোমার সাথে। জলদি রেডি হও!"
--- "একা যেতে বললো যে।"
--- "বলুক।"
স্নেহা আর দ্বিধা করার সাহস পেল না। রিজভী ম্যানশন থেকে আসার পর নিখিলই জোর জবরদস্তি করে তাকে বেশ কয়েকটি বোরকা কিনে দিয়েছিল; নিখিলের ধমক খেয়ে সেই থেকে বোরকা ছাড়া সে বাইরে বের হয় না। কাঁপা হাতে একটা কালো বোরকা গলিয়ে নিল সে। ওর পুরো শরীর কালো বোরকা হিজাবে ঢাকা। শুধু নিকাব গলিয়ে চোখদুটো দেখা যাচ্ছে।
অনুর নতুন করে তৈরি হওয়ার সুযোগ ছিল না, গায়ে এখনো সকালে পরা সেই নীল রঙের সফট গাউনটাই জড়ানো। ঘরের থমথমে পরিবেশ আর লিভিং রুমের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে দুজনে পেছনের দরজা দিয়ে দ্রুত চোরের মতো বেরিয়ে পড়ল। কিন্তু পেছনের দরজা দিয়ে পা বাড়ানোর মুহূর্তেই অনুর বুকটা অজ্ঞাত আশঙ্কায় মুচড়ে উঠল।
*#চলবে*