পর্ব:-০৫
উপন্যাস :-শাপলা-ভেজা আষাঢ়
লেখনিতে :-ইসমাইল বিন আব্দুল আলিম
❌কপি করা নিষিদ্ধ ❌
তারাবির নামাজ শেষে চেয়ারম্যান বাড়ির উঠানে মাদুর পেতে বসে গেছে সবাই। খেতে বসেছে একে একে—রুপম, দীপ্তী, শাপলা, শালিক, দিহান আর দিলোয়ার রহমান। সবার পাতে খাবার বেড়ে দিচ্ছেন গোলাপ। পাশে মাদুরেই বসে আছেন মার্জিনা বেগম, আর চুলার কাছে গরম তরকারি নিয়ে ব্যস্ত রুবি বেগম। ঘরের ভেতরে দাদি জাহানারা বেগম রাতের খাবার খেয়ে আগেই ঘুমিয়ে পড়েছেন; বয়স হয়েছে তো, শরীরটাও আজকাল আর আগের মতো সায় দেয় না।
গোলাপ সবার পাতে খাবার পরিবেশন শেষ করে দিহানের সামনে বসে পড়ল। দিহান সবেমাত্র প্লেট থেকে ভাত মেখে মুখে তুলেছে—ঠিক তখনই ঝালের চোটে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, গলার ভেতরটা জ্বলে উঠে মুখ একদম লাল হয়ে যাচ্ছে।
শাপলা সেটা খেয়াল করে ব্যস্ত গলায় ডেকে উঠল, “গোলাপ! জলদি গ্লাসে করে পানি দে তো! দিহান ভাইয়ের খুব ঝাল লেগেছে।”
শহরের ছেলে দিহান একদমই ঝাল খেতে পারে না; তার জন্য আমিনা বেগম সব সময় আলাদা করে কম ঝাল দিয়ে রান্না করেন। গোলাপ দৌড়ে গিয়ে এক গ্লাস পানি দিল, তারপর রান্নাঘরের ভেতর থেকে ছুটে চিনির কৌটাটা এনে নিজের হাতে একটু চিনি দিহানের মুখে গুঁজে দিল।
মার্জিনা বেগম আফসোসের সুরে বললেন, “আমাদের গ্রামের মানুষ একটু বেশি ঝাল খেতেই পছন্দ করে তো বাবা, তাই এমন হয়েছে।” তারপর একটু ধমকের সুরেই গোলাপকে উদ্দেশ করে বললেন, “তোরে না বলছিলাম তরকারিতে ঝাল কম দিতে?”
গোলাপ আমতা আমতা করে বলল, “বড় চাচি, আমি তো তরকারিতে ঝাল একদম কম দিলেই দিছিলাম! কিন্তু ছোট চাচি মনে হয় রান্নার পর নামানোর সময় আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছে।”
মার্জিনা তখন রুবির দিকে তাকিয়ে বললেন, “রুবি, তাহলে এক কাজ করিস—সেহরির সময় দিহানের জন্য একদম ঝাল কম করে আলাদা করে তরকারি রান্না করিস।”
রুবী বেগম হাতা নাড়তে নাড়তে রুক্ষ গলায় উত্তর দিলেন, “হ্যাঁ গো বড় ভাবী! সারাদিন রোজা রেখে এই দশটা মানুষের জন্য দশরকম রান্না করব! আমার তো আর কোনো কাম কাজ নেই দুনিয়ায়! মনে হয় যেন বাড়িতে যুদ্ধ লেগে গেছে!”
শাপলা মায়ের এমন কথায় বিরক্ত হয়ে বলে উঠল, “আম্মা, তুমি সব সময় এমন খ্যাপাটে ভঙিতে কথা বলো কেন বলো তো?”
রুবী ঠান্ডা গলায় বললেন, “আমার মনে অত রসকষ নেই বাপু! সারাদিন খেটে আমার মুখে অত আনন্দ-ফূর্তির হাসি ফোটে না।”
ততক্ষণে গোলাপ চিন্তিত মুখে দিহানকে জিজ্ঞেস করল, “কী দিহান ভাই, এখন কি মুখের ঝাল একটু কমেছে?”
দিহান ঢোক গিলে বলল, “হ্যাঁ, এখন বেশ কমেছে।”
তখন গোলাপ দিহানের প্লেট থেকে মাংসের বড় টুকরোগুলো তুলে একটা ডালের বাটিতে ভালোভাবে চুবিয়ে, ঝাল ধুয়ে আবার দিহানের প্লেটে ফিরিয়ে দিল।
দিলোয়ার রহমান স্নেহের সুরে বললেন, “এবার খাও বাবা, আর ঝাল লাগবে না।”
ছোট্ট শালিক খিলখিল করে হেসে বলে উঠল, “এ কেমন বড় মানুষ বাবা! সামান্য একটু ঝালই যে খেতে পারে না!” তার দেখাদেখি দীপ্তীও হেসে উঠল।
দিলোয়ার রহমান চারপাশে তাকিয়ে রুবীকে উদ্দেশ করে বললেন, “আচ্ছা রুবি, মাসুদ কই? ও কি খেতে আসবে না?”
রুবী উদাসীনভাবে বললেন, “ভাইজান, উনি এই ধুমার মধ্যে এসে বসতে পারবেন না, উনি পরে খাবেন।”
দিলোয়ার দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ছোটবেলায় তো আমরা তিন ভাই এক থালায় পাশাপাশি বসে খাওয়া দাওয়া করতাম রে...”
রুবী ব্যঙ্গের সুরে বললেন, “সেটা ছোটবেলার কথা ছিল, এখন আর সে দিন নেই।”
এরপর আর কেউ কোনো কথা বাড়াল না। দিহান মাংসের টুকরোটা মুখে দিয়ে দেখল—সত্যিই আর আগের মতো কড়া ঝাল লাগছে না।
শাপলা মুচকি হেসে বলল, “কী দিহান ভাই, এখন কেমন লাগছে?”
দিহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, “একদম ঠিক আছে।”
শাপলা চোখের ইশারায় গোলাপকে দেখিয়ে বলল, “সেটা তো দেখতেই পাচ্ছেন! এ হলো আমাদের গোলাপ ফুলের হাতের ম্যাজিক!”
খাওয়া-দাওয়া শেষ করে সবাই একে একে যে যার রুমে চলে গেল ঘুমের প্রস্তুতি নিতে; কারণ ভোররাতে আবার সেহরির জন্য উঠতে হবে। শাপলার রুমের ঠিক পাশের রুমটিই দেওয়া হলো দিহানের থাকার জন্য। কিন্তু শহরের পোলা, একা একা নতুন জায়গায় হয়তো একটু ভয় পেতে পারে—এই ভেবে রুপমও তার সাথে একই রুমে বিছানা পেতে শুতে গেল।
বিছানায় শুয়েই দিহানের মনে পড়ল মায়ের কথা। সে আর দেরি না করে ফোন বের করে সোজা ভিডিও কল দিল আমিনা বেগমকে।
অপর প্রান্ত থেকে রিং হওয়ার সাথেই আমিনা বেগম ভিডিও কল রিসিভ করে আদুরে ও একটু অভিযোগের সুরে বলে উঠলেন, “কিরে দিহান! তুই তো পৌঁছানোর পর আমাকে একদম ভুলেই গেলি রে! গিয়ে একবার ফোন করেও জানালি না যে ঠিকমতো পৌঁছেছিস কি না?”
দিহান লজ্জিত হয়ে বলল, “আরে মা, এমন অদ্ভুত জায়গায় এসে পড়েছি যে কি বলব!”
আমিনা বেগম বললেন, “আর তো মাত্র একটা সপ্তাহ! ঈদের পরদিনই তো চলে আসবি। কষ্ট করে আর কটা দিন একটু মানিয়ে নে বাবা।” তারপর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল, “বল তো, এই সাতটা দিন আমি তোকে ছাড়া একাকী কেমন করে টিকব!”
দিহান সান্ত্বনা দিয়ে বলল, “দেখতে দেখতে কেটে যাবে মা। তুমি কি ভাবছ আমি ভালো আছি?”
“আচ্ছা, বল তো বাড়ির সবাই কেমন আছে?”
“সবাই ভালো মা! তবে ওই ছোট চাচা আর ছোট চাচি একটু অন্যরকম...”
আমিনা বেগম একটু নরম সুরে বললেন, “আরে না বাবা, ওনাদের মনের ভেতর এত প্যাঁচ নেই, হয়তো কথার ধরণটা একটু অন্যরকম।”
“মা, একটা কথা জিজ্ঞেস করব?”
ভিডিও স্ক্রিনের দিকে তাকিয়ে আমিনা বেগম বললেন, “হ্যাঁ বাবা, বল কী বলবি।”
“আচ্ছা মা, মানুষের জীবনে রক্তের সম্পর্ক কি সবচেয়ে বেশি জরুরি?”
আমিনা একটু অবাক হয়ে বললেন, “ হঠাৎ এমন অদ্ভুত কথা কেন বলছিস রে?”
দিহান আনমনা হয়ে বলল, “জানি না মা... আমি এমন একটা জায়গায় এসে আটকেছি, এখানকার কাউকে আমি চিনি না, জানি না। অথচ এই মানুষগুলোই আমার কষ্ট দেখলে কাঁদে, আমার খুশিতে হাসে। আমার কোনো সামান্য অসুবিধা হলো কি না, সেটার জন্য তারা সবাই অস্থির হয়ে পড়ে!”
আমিনা বেগম পরম মমতায় বললেন, “রক্তের টান বড় অদ্ভুত জিনিস রে দিহান! রক্তের টান কখনো ফুরোয় না।” তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, “আচ্ছা, বাড়ির আর কারা কারা আছে রে যাদের আমি চিনি না?”
দিহান একে একে আঙুল গুনে পরিচয় দিতে লাগল, “বাড়িতে গোলাপ ফুল আছে, শাপলা ফুল আছে, শালিক পাখি আছে, দীপ্তী আছে আর রুপম ভাইয়া আছে।”
আমিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, “এসব আবার কেমন নাম রে বাবা? এরা আবার কারা?”
দিহান হাসিমুখে বুঝিয়ে বলল, “রুপম আর দীপ্তী হলো বড় চাচার ছেলে-মেয়ে। ছোট চাচার দুই মেয়ে—শাপলা ফুল আর শালিক পাখি। মা, বিশ্বাস করো, এখানে না এলে আমি বুঝতেই পারতাম না যে আমার এত সুন্দর একটা চেনাজানা পৃথিবী আছে!”
আমিনা বেগম বললেন, “সে তো বুঝলাম বাবা, কিন্তু এদের কাউকেই তো আমি চিনি না। আচ্ছা, সবার কথা তো বললি, এই যে ‘গোলাপ’ নামের মেয়েটার কথা বললি, ও আবার কে রে?”
দিহান একটু থমকে গিয়ে বলল, “ওহ মা! আমি তো বলতেই ভুলে গিয়েছি! গোলাপ হলো... বাড়ির পাশে আমাদের মজিদ চাচার মেয়ে গোলাপ এই বাড়িতে কাজের সাহায্য করে, তাই গোলাপ দাদিদের বাসায় কাজ করে এবং ও এখানেই থাকে। বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে।”
মজিদ চাচার নাম শোনা মাত্রই আমিনা বেগমের চোখ দুটো ছলছল করে উঠল। তিনি স্মৃতিকাতর হয়ে বললেন, “মজিদ ভাই? ওরে আল্লাহ! মজিদ ভাই মানুষটা খুব ভালো রে দিহান! শুনেছি উনি বহু বছর আগে তোর দাদির বাড়িতেই কাজ করতেন...”
মা ও ছেলের সেই সুদূর রাতের আবেগঘন কথাবার্তা এভাবেই অনেকক্ষণ ধরে চলতে থাকল।
রাত তখন প্রায় চারটা বেজে গেছে। সবাই সেহেরি খেয়ে যে যার মতো বিছানায় গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু চেয়ারম্যান বাড়ির ভেতরের বারান্দার এক কোণে চুপটি করে একা বসে আছে গোলাপ। গত তিন দিন ধরে সে তার বাবার মুখ দেখেনি, বাবার সাথে কোনো কথাই হয়নি—কোথায় যে গেলেন মানুষটা!
হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কার পায়ের শব্দে সে চমকে পেছনে ফিরে তাকাল। দেখল, দিহান দাঁড়িয়ে আছে।
গোলাপ তার মনের মলিন ও বিষণ্ণ ভাবটা কোনোমতে লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, “কী ব্যাপার দিহান ভাইয়া? আপনি এই রাতে এখনো ঘুমাননি?”
দিহান আলতো পায়ে হেঁটে এসে তার পাশের চেয়ারটায় বসল, “আমারও ঠিক ঘুম আসছে না আমার গোলাপ।” তারপর নরম গলায় জিজ্ঞেস করল, “আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে বলো তো?”
গোলাপের বুকটা যেন এই একটা কথায় কেঁপে উঠল। তার মনে ভেসে উঠল নির্মম এক সত্যি—তার আপন বলতে তো আজ এই দুনিয়ায় কেউ নেই, সে তো সম্পূর্ণ একা! তবুও নিজেকে সামলে নিয়ে সে ফাঁকা গলায় বলল, “আমার... আমার আব্বা আর আম্মা আছে।”
দিহান একটু হেসে বলল, “তাহলে আজ ভোরের দিকে আমাকে তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবে?”
গোলাপ মাথা নিচু করে ম্লান হেসে বলল, “আমাদের বাড়ি আবার দেখবেন কী দিহান ভাইয়া? আমরা তো গরিব মানুষ।”
দিহান স্নেহের সুরে বলল, “আরে পাগল! আমরাও তো গরিব মানুষই।”
ততক্ষণে পূর্ব আকাশে ভোরের প্রথম সোনালি আলো সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে। ভোরের স্নিগ্ধ বাতাসে গাছে গাছে হরেক রকমের পাখির কিচিরমিচির শব্দ চারদিক মুখরিত করে তুলেছে। চেয়ারম্যান বাড়ির বড় উঠান পেরিয়ে গোলাপ আর দিহান হাঁটতে শুরু করল গোলাপদের বাড়ির মেঠো পথের উদ্দেশ্যে।
কিছুদূর এগোতেই ঘন গাছপালার আড়ালে চোখে পড়ল একটা ছোট টিনের বাড়ি। বাড়িটা আকারে বড় নয়, কিন্তু বেশ পরিপাটি ও সুন্দর। বাড়ির উঠানের ঠিক সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা গোলাপ গাছ—যে গাছটি একসময় মজিদ তার আদরের মেয়ে গোলাপের খুব শখ করে রোপণ করেছিল। আজ সেই গাছটিতে অজস্র কুঁড়ির পাশাপাশি দারুণ সুন্দর দুটো লাল গোলাপ ফুল ফুটে রয়েছে। আর উঠানের ঠিক পাশেই প্রহরীর মতো দাঁড়িয়ে আছে একটা সুউচ্চ নারকেল গাছ, যা পুরো ছোট্ট বাড়িটিকে যেন ছায়া দিয়ে আগলে রেখেছে।
গোলাপ তার কাপড়ের আঁচল থেকে গোছা চাবি বের করে দ্রুত দরজার সামনে গিয়ে তালা খুলল। দরজাটা মেলে ধরে সে দিহানকে ভেতরে আমন্ত্রণ জানিয়ে বলল, “আসুন ভেতরে আসুন।”
ছোট্ট ঘরটার ভেতরে মূলত দুটো মাত্র রুম, কিন্তু জিনিসপত্রগুলো বেশ গোছানো। তারপর গোলাপ একটা পুরোনো চেয়ার টেনে এনে দিহানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, “এই চেয়ারটায় বসুন দিহান ভাইয়া। আমাদের এই ভাঙা ঘরে আর কী বা দেখার আছে বলুন!”
দিহান চারপাশটা গভীর দৃষ্টিতে দেখতে দেখতে বলল, “তোমার আম্মার সাথে একটু দেখা করব গোলাপ। উনি কোথায়? তোমাদের কি অন্য কোনো বাড়িও আছে নাকি?”
মায়ের কথা কানে যেতেই গোলাপের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে গলা খাকারি দিয়ে নিজেকে শক্ত করে বলল, “আচ্ছা... আসুন, আপনাকে আমার আম্মার কাছেই নিয়ে যাচ্ছি।”
কথাটা শুনে দিহান একচিলতে স্বস্তির হাসি হেসে তার পেছনে পেছনে আবার চলতে শুরু করল।দিহানও ম্লান মুখে ঘর থেকে বের হলো। গোলাপের পেছনে পেছনে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেল সে। বাড়ির পেছনে বিশাল আয়তনের সব গাছপালার ফাঁকে একটা বিশেষ জায়গায় এসে গোলাপ থামল। সেদিকে তাকিয়ে দেখা গেল, চারপাশের বাকি অংশে ঘাস বা জঙ্গল থাকলেও ঠিক ওই জায়গার মাটি একেবারে পরিষ্কার; দেখলেই বোঝা যায় নিয়মিত কেউ যত্ন করে মাটির ওপরের ঘাস তুলে জায়গাটা পরিপাটি ও পরিষ্কার রাখে।
দিহান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “এখানে আমাদের নিয়ে এলে কেন গোলাপ?”
গোলাপ তার পরিষ্কার করা সেই মাটির দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে কান্নাজড়িত কাঁপাকাঁপা গলায় বলল, “ওই যে... আমার মা! ওই মাটিতেই শুয়ে আছে আমার মায়ের ঘর।” কথাটি শেষ করেই গোলাপ আর নিজেকে ধরে রাখতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে উপুড় হয়ে কেঁদে ফেলল।
দিহানের বুঝতে আর বাকি রইল না। সে আলতো করে গোলাপের বাহু ধরে টেনে তুলে সান্ত্বনার সুরে বলল, “সরি গোলাপ... আমি সত্যিই জানতাম না যে তোমার মা বেঁচে নেই।”
চোখের জল মুছতে মুছতে গোলাপ ভাঙা গলায় বলল, “আমিও তো জানি না ভাইয়া! আমি তো আমার মাকে কোনো দিন চোখেও দেখিনি। মা কেমন হয়, মায়ের আদর কেমন—তা আমি কোনো দিন বুঝতেও পারিনি। আমাকে জন্ম দিতে গিয়েই তো আমার মা মারা গেছে... আমি কতটা অলক্ষুণে একটা মেয়ে!”
দিহান দৃঢ় গলায় তার কাঁধে হাত রেখে বলল, “এমন কথা কখনো মুখে আনতে নেই গোলাপ। তোমার আম্মার হায়াত তো এই পর্যন্তই ছিল! তা ছাড়া এর জন্য তুমি নিজেকে কেন দোষ দিচ্ছো বলো তো?” তারপর একটু থেমে সে আবার জিজ্ঞেস করল, “আচ্ছা গোলাপ, তোমার বাবা মজিদ চাচার নাম তো শুনেছি, কিন্তু তাকে তো কোথাও দেখলাম না? তিনি কোথায়?”
বাবার নাম শুনতেই গোলাপের মুখটা আরও মলিন হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, “আব্বা চেয়ারম্যান বাড়িতে কাজ করতেন। কিন্তু কিছুদিন আগে তিনি হঠাৎ জানিয়ে দেন যে আর কখনো চেয়ারম্যান বাড়ির কাজ করবেন না। ঠিক তার কিছুদিন পরই পাশের বাড়িতে কেমন করে যেন কিছু টাকা চুরি হয়ে যায়! আর সেই চুরির চোর হিসাবে ধরা পরে আমার আব্বা. আমি কত করে আব্বাকে বারণ করেছি এসব থেকে দূরে থাকতে, কিন্তু তিনি আমার কথা শোনেননি। আপনি আসার ঠিক আগের দিন গ্রামের সব মানুষ এক হয়ে আমার আব্বার বিচার বসিয়েছিল। সেদিন দাদি আব্বাকে শাস্তি দিয়ে এক মাসের জন্য গ্রামছাড়া করে দিয়েছে!”
গোলাপের মুখে সব কথা শুনে দিহানের বুকটা ভারী হয়ে এল; ভীষণ কষ্ট পেল সে। সে সান্ত্বনা দিয়ে বলল, “দেখো গোলাপ, মন খারাপ করো না। তোমার বাবা যেহেতু বলেছেন তিনি ভালো হয়ে থাকবেন, তুমি তাঁর জন্য দোয়া করো যেন তিনি খুব দ্রুত ভালো এক মনমানসিকতা নিয়ে এই বাড়িতে ফিরে আসেন।”
কিছুক্ষণ সেখানে নীরবতা বজায় রাখার পর দুজন মিলে গোলাপদের সেই ছোট্ট বাড়িটি থেকে বেরিয়ে এল। গোলাপ দিহানকে তার নিজের চাচার বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে একা বাড়ির ভেতর ঢুকল।
উঠানে তখন মাদুর পেতে কাজ করছিলেন গোলাপের চাচি। গোলাপ ভেতরে গিয়ে নরম গলায় বলল, “চাচী, আমার মুরগি আর ওগুলোর বাচ্চাগুলো কোথায় রেখেছেন? আমি একটু নিয়ে যাব।”
গোলাপের চাচি চোখ গরম করে কর্কশ গলায় বললেন, “হ্যাঁ, যা! নিয়ে যা তোর ওই বালাই! তোর বাপ তো এই বাড়ি ওই বাড়ি চুরির ফন্দি আঁটত, এখন তো চোর বাপও নাই, গ্রামের মানুষ অন্তত একটু শান্তিতে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবে!”
কথাটা শোনার পর অপমান ও অভিমানে গোলাপের চোখ দিয়ে গড়িয়ে জল নেমে এল। ছোটবেলা থেকেই ‘চোরের মেয়ে’ এই কথাটা শুনতে শুনতে সে বড় হয়েছে; তাই সে কখনো প্রতিবাদ করে এর উত্তর দেওয়ার সাহস বা শক্তি পায় না। সে চুপচাপ এক হাতে মা মুরগিটাকে আর অন্য হাতে মধ্যে বেঁচে থাকা বাকি ছয়টা বাচ্চাকে বুকে জড়িয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এল।
বাইরে দাঁড়িয়ে থাকা দিহান মুরগিগুলোর দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “এগুলো কার মুরগি গোলাপ?”
গোলাপ চোখ মুছে স্বাভাবিক হয়ে বলল, “এগুলো আমার মুরগি ভাইয়া! সেদিন চাচিদের বাড়িতে এগুলো রেখে এসেছিলাম তো...”
দিহান একটু দুষ্টুমি করার ছলে হাসিমুখে বলল, “ওহো! তাই নাকি? তা কী বলছ গোলাপ, এই বড় মুরগিটা আজ আমাকে জবাই করে রান্না করে খাওয়াবে নাকি?”
“আস্তাগফিরুল্লাহ!” আঁতকে উঠে গোলাপ তৎক্ষণাৎ সেই মুরগির মাথার ওপর আলতো করে ফুঁ দিয়ে থুতু ছিটিয়ে বলল, “আল্লাহ না করুক! কারোর কুদৃষ্টি যেন না লাগে! এই মুরগির গায়ে কেউ যদি কুনজর দেয়, তবে তার চোখ আমি তুলে দেব বলে দিলাম!”
দিহান খিলখিল করে হেসে উঠল, “আরে বাবা, মজা করছিলাম! কেন, মুরগি তো খাওয়ারই জিনিস, খেলে আবার কী হবে?”
গোলাপ আদুরে ও জেদি সুরে বলল, “না! এটা আমার শখের মুরগি, বড্ড আদরের। বনবিড়াল আর শেয়ালের হাত থেকে কত কষ্ট করে দশটা মুরগির মধ্যে থেকে এই কটা আমি বাঁচিয়ে রেখেছি! আর এই মুরগিটা এই প্রথমবার মা হয়েছে, জানেন?”
দিহান হাসিমুখে মাথা নেড়ে বলল, “হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার মায়ার কথা। তা চলো এবার, অনেক বেলা হয়ে গেল।”
তারপর দুজন মিলে আবার চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে সুলতানপুর মাঠের কাছাকাছি আসতেই দূর থেকে দেখা হলো মাসুদ রহমানের সাথে। মাসুদ রহমান হলেন সুলতানপুর কলেজের ভাইস প্রিন্সিপাল। আজ ছুটির দিন বা রোজার বন্ধ হওয়া সত্ত্বেও কিছু জরুরি দাপ্তরিক কাজের জন্য তাঁকে সকালেই কলেজমুখী হতে হয়েছে।
রাস্তার মাঝখানে গোলাপ আর দিহানকে এভাবে একসাথে হেঁটে আসতে দেখে মাসুদ রহমান থমকে দাঁড়ালেন। তিনি ঠান্ডা ও গম্ভীর চোখে গোলাপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “এত সকালে কোথায় গিয়েছিলি তুই? আর তোর হাতে ওগুলো কিসের মুরগি?”
গোলাপ একটু ভয় পেয়ে আমতা আমতা করে বলল, “আ... আসলে দিহান ভাইয়া আমাদের বাড়িটা একটু দেখতে চেয়েছিল তো চাচা, তাই সাথে করে নিয়ে গিয়ে দেখিয়ে আসছিলাম। আর এই মুরগিগুলো আমার নিজেরই, এতদিন চাচার বাড়িতে রাখা ছিল, সেটাই আনতে গিয়েছিলাম।”
মাসুদ রহমান আর একটি কথাও বাড়ালেন না। তিনি মুখ ফিরিয়ে সেখান থেকে সোজা নিজের পথ ধরলেন।
এরপর দিহান ও গোলাপ নিজেদের মধ্যে টুকটাক নানা কথা বলতে বলতে চেয়ারম্যান বাড়ির দিকে এগোতে লাগল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই গোলাপের চোখ গিয়ে পড়ল মাঠের ঠিক কোণঘেঁষা একটা পরিচিত ছেলের ওপর! লোকটাকে দেখা মাত্রই গোলাপের চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার বুকটা হাড় হিম করা ভয়ে কেঁপে উঠল। সে কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে হাঁটার গতি বহুগুণ বাড়িয়ে দিল এবং দিহানকেও তাড়া দিয়ে বলল, “দিহান ভাইয়া, একটু তাড়াতাড়ি চলুন তো! প্লিজ একটু দ্রুত পা চালান!”
আজ সকাল থেকেই চারপাশের আকাশটা ভীষণ মেঘলা। দেখে মনে হচ্ছে এই বুঝি অঝোর ধারায় মুষলধারে বৃষ্টি নামবে। ভোরের দিকে সেহেরি খেয়ে সবাই বিছানায় গেলেও মেঘলা আবহাওয়ার কারণে তখনো তেমন কেউ গভীর ঘুম থেকে ঠিকমতো উঠে পড়েনি। আস্তে আস্তে ভোরের স্নিগ্ধ আলো মুছে গিয়ে চারপাশটা গাঢ় অন্ধকারে ঢেকে যেতে লাগল—বুঝি বা এখনই নামবে কালবৈশাখীর পসরা সাজিয়ে প্রবল বৃষ্টি!
কথা বলতে বলতে আচমকাই ঠান্ডা একঝলক বাতাসের সাথে অঝোরে শুরু হলো বৃষ্টি। ঝুম বৃষ্টির বেগ দেখে গোলাপ আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে রাস্তার পাশের একটা পুরোনো বাড়ির ছাদঘেরা বারান্দার নিচে আশ্রয় নিল; মুরগি আর বাচ্চাগুলোকেও সে পরম যত্নে নিরাপদ জায়গায় রাখল। তারপর সে নিজেই আবার উন্মুক্ত রাস্তায় ছুটে এল এবং দুই চোখ বন্ধ করে মুখটা আকাশের দিকে তুলে দুহাতে সেই বৃষ্টির শীতল স্পর্শ অনুভব করতে লাগল।
ওদিকে দিহানও বৃষ্টি নামা মাত্রই দৌড়ে এসে রাস্তার পাশের সেই বাড়ির বারান্দার ছায়ায় গিয়ে দাঁড়াল। কিন্তু বৃষ্টির ফোটায় ভিজে একাকার হওয়া গোলাপের সেই অপরূপ রূপ দেখে তার চোখ যেন আর ফেরানো গেল না! মনে হচ্ছিল, কোনো এক নিখাদ কাব্যিক উপমায় সদ্য ফোটা কোনো তাজা লাল গোলাপের ওপর হাজার হাজার বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। দিহান একদৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইল সেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে।
কিছুক্ষণ পর গোলাপ আস্তে আস্তে তার বন্ধ চোখ দুটো মেলল। চোখের পলক ফেলতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা দিহানকে দেখতে পেয়ে সে চমকে গিয়ে আদুরে ও চিন্তিত কণ্ঠে বলে উঠল, “আরে দিহান ভাইয়া! আপনি বৃষ্টির মধ্যে এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? গায়ে ঠান্ডা লেগে জ্বর এসে যাবে তো!”
দিহানের বৃষ্টিতে ভিজলে যে সহজেই ঠান্ডা বসে যায় বা সর্দি-জ্বর হয়, সে কথা দিহান নিজে খুব ভালো করেই জানে। কিন্তু বুক ফুলিয়ে সে মিষ্টি হেসে বলল, “আরে না না, আমার কিচ্ছু হবে না!”
তারপর ঠান্ডা পানির হিমেল পরশে দিহানের ঠোঁট দুটো যখন ভয়ে ও শীতে কাঁপতে শুরু করেছে, তখন সে থমকে দাঁড়িয়ে অদ্ভুত এক আবেগে কবিতা আবৃত্তির মতো বিড়বিড় করে গেয়ে উঠল—
“আ... আ... আ... আ... আ... হায় আজ হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝড়ছে নিশিদিন।
আসেনি, দখিন’হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল...”
বৃষ্টি তখন আরও প্রচণ্ড বেগে চারপাশ ভাসিয়ে দিচ্ছে। দিহানের মুখে এমন সুন্দর গলায় মিষ্টি গান শুনে গোলাপের মনটা আনন্দে ভরে গেল। সে মুগ্ধ হয়ে বলল, “সত্যি বলছি দিহান ভাইয়া, আপনার গান গাওয়ার গলাটা না ভীষণ সুন্দর!”
এদিকে ঠান্ডায় দিহানের দাঁতে দাঁত লেগে কাঁপাবস্থা। গোলাপ ব্যস্ত হয়ে বলে উঠল, “চলুন চলুন, তাড়াতাড়ি বাসায় চলুন! না হলে শরীর আস্ত থাকবে না, ভীষণ অসুস্থ হয়ে পড়বেন!”
এই বলে গোলাপ বারান্দা থেকে মুরগি ও বাচ্চাগুলোকে নিজের আঁচলে ও সাবধানে গুছিয়ে নিয়ে দিহানকে তাড়া দিয়ে বলল, “একটু দৌড়ে চলুন ভাইয়া, তা না হলে এই বৃষ্টির মধ্যে মুরগির ছানাগুলো একদম ভিজে ঠান্ডা হয়ে মারা যাবে!”
দিহান কাঁপতে কাঁপতে বলল, “ঠিক আছে, তুমি সাবধানে দৌড়াও গোলাপ, আমি তোমার ঠিক পেছনে পেছনেই আসছি।”
গোলাপ পেছন ফিরে বলল, “আপনি কিন্তু সাবধানে আসবেন!”
এরপর গোলাপের পিছু পিছু দিহানও বৃষ্টির জলে ভিজে দৌড়াতে শুরু করল।
দৌড়াতে দৌড়াতে গোলাপের মনটা হঠাৎ করেই আবার ফিরে গেল একটু আগের সুলতানপুর মাঠের সেই দৃশ্যটায়। সে মনে মনে শিউরে উঠে ভাবল—‘ওই জানোয়ারটা আবার তবে ফিরে এসেছে! সেদিন হয়তো আল্লাহর অসীম রহমত ছিল বলেই আব্বা ঠিক সময়ে সেখানে এসে পৌঁছেছিলেন, না হলে তো ওই নরপিশাচগুলো মিলে আমার সর্বস্ব কেড়ে নিত... কিন্তু আজ যেভাবে ওকে দেখলাম, তাতে মনে হচ্ছে আমাকে আরও অনেক বেশি সাবধানে থাকতে হবে! শুধু আমি একা কেন, শাপলা, শালিক আর দীপ্তী—সবাইকেই আমাকে খুব ভালো করে সতর্ক করতে হবে।’
ওদিকে চেয়ারম্যান বাড়ির বড় উঠানে তখন চরম উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ। মাদুর বিছিয়ে বসে আছেন বুড়ি জাহানারা বেগম; পাশে বসে আছেন উদ্বিগ্ন মুখে শাপলা ও মার্জিনা বেগম। সকাল থেকেই দিহান ও গোলাপ বাড়িছাড়া—কোথায় যে গেল তারা! তার ওপর আবার এমন মুষলধারে অঝোর ধারায় কালবৈশাখীর বৃষ্টি নামল, অথচ দিহান যাওয়ার সময় সাথে করেও নিজের ফোনটাও নেয়নি! ঘরের বড়দের কপালে তখন চিন্তার ভাঁজ আর দুশ্চিন্তার শেষ নেই।
চলবে।।।