#পর্ব_০৭
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
জাহানারা বেগমের বড় ঘরটিতে তখন বসে আছেন শাপলা, মার্জিনা, রুবী, রুপম, ছোট শালিক আর দীপ্তী—বাড়ির সবাই। একে একে সবার জন্য আনা নতুন ঈদের কেনাকাটাগুলো বের করে টেবিলে সাজিয়ে রাখছেন দিলোয়ার রহমান। এরপর গোলাপকে দিয়ে ডেকে পাঠানো হলো দিহানকে।
দিহান ঘরে এসে বিনীত ভাবে দাদির পাশে বসল। জাহানারা বেগম টেবিল থেকে একটি সুন্দর শপিং ব্যাগ তুলে দিহানের হাতে দিয়ে স্নেহের সুরে বললেন, “নে দাদুভাই, এটা তোর জন্য ঈদের একটা পাঞ্জাবি।”
দিহান ব্যাগটা নিয়ে অবাক হয়ে বলল, “আরে দাদি! আমি তো ঢাকা থেকেই ঈদের পাঞ্জাবি কিনে এনেছিলাম।”
জাহানারা বেগম হেসে বললেন, “তা এনেছিস তো কী হয়েছে? আমাদের গ্রামের দোকানের জিনিস, খুব বেশি দামি হয়তো না...”
দিহান ব্যাগ থেকে পাঞ্জাবিটা বের করল
পানজাবি টা সাদা রং এর।দিহান ভালো করে হাতে নিয়ে আবেগ কণ্ঠে বলল, “দাম কম-বেশি যাই হোক দাদি, আমার তো সবচেয়ে পছন্দের রংই সাদা! আপনি কেমন করে জানলেন যে আমার সাদা রঙের পাঞ্জাবিই সবচেয়ে বেশি ভালো লাগে?”
দিহানের মুখে কথাটি শুনে জাহানারা বেগম তৃপ্তির এক ফালি মুচকি হাসি দিলেন।
ঠিক তখনই পাশ থেকে ছোট শালিক তার নতুন জামাটা উঁচু করে ধরে খিলখিল করে বলে উঠল, “দিহান ভাইয়া, দেখুন দেখুন! আমার জামাটার রংও কিন্তু সাদা! কত সুন্দর, তাই না?”
দিহান হেসে মাথা নেড়ে বলল, “হ্যাঁ রে শালিক, দারুণ সুন্দর!”
দীপ্তীও কম যায় না, সে সামনে এসে বলে উঠল, “হ্যাঁ, খালি তোদেরটাই সুন্দর! আমার এই নতুন জামাটা কি একটুও সুন্দর না?” সবার খুনসুটিতে ঘরটা মুখরিত হয়ে উঠল।
সবার ভিড়ের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা অপলক দেখছিল গোলাপ। ঠিক তখনই জাহানারা বেগম চোখ তুলে গোলাপকে ইশারায় কাছে ডাকলেন। তারপর একটা ছোট শপিং ব্যাগ তার হাতে বাড়িয়ে দিয়ে মায়াভরা গলায় বললেন, “কী রে, তোর মনে কি এই বুড়ি দাদির ওপর রাগ হয়েছিল যে ভাবলি তোর জন্য বুঝি কিচ্ছু আনি নাই? তুইও তো আমার একটা দাদুভাইয়ের মতো পেয়ারের নাতনি, তোকে কি বাদ দেওয়া যায় নাকি?”
দাদির এমন নিখাদ ভালোবাসায় গোলাপ আর নিজেকে সামлаতে পারল না। সে জড়িয়ে ধরল জাহানারা বেগমকে, আর তার দুই চোখ বেয়ে অঝোরে আনন্দের জল গড়িয়ে পড়তে লাগল।
মার্জিনা বেগম তখন দিহানের দিকে আরেকটি প্যাকেট বাড়িয়ে দিয়ে বললেন, “দিহান, এই ব্যাগটা রাখো তো বাবা, এটার ভেতর তোমার নতুন পায়জামা আছে।”
দিহান ব্যাগটা হাতে নিয়ে একটু সংকোচের সুরে বলল, “বড় চাচি, এতকিছুর কোনো দরকার ছিল? আমি তো এমনিতেই...”
রুবী বেগম পাশ থেকে একটু বাঁকা ও কটূ্য কন্ঠে বলে উঠলেন, “দরকার কেন থাকবে না শুনি? দাদি পাঞ্জাবি দিয়েছে, চাচি পায়জামা দিয়েছে—খুশি মনে পরে নিলেই তো হয়!”
মার্জিনা বেগম একটু ধমকের সুরে রুবীকে থামিয়ে দিয়ে বললেন, “আরে রুবি, বাড়ির সবার জন্যই তো আনা হয়েছে! ও তো আমাদেরই বংশের রক্ত, ওকে কি বাদ দেওয়া যায়?”
রুবী মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বললেন, “আপন আত্মীয় মনে করে নাকি!”
রুবীর এমন অবহেলার কথা শুনে দিহানের বুকটা ছ্যাঁত করে উঠল, তার মনটা আবারও ভীষণ খারাপ হয়ে গেল।
জাহানারা বেগম রুবীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, “রুবী, তুই একদম চুপ কর তো!”
রুবী আরও তেজী গলায় বললেন, “হ্যাঁ, চুপই তো করলাম! আমি মুখ খুললেই তো সবার গায়ে লাগে!”
পরিস্থিতি হালকা করার জন্য জাহানারা বেগম দিহানকে উদ্দেশ করে বললেন, “যাও তো দাদুভাই, তোমার রুমে গিয়ে পাঞ্জাবিটা পরে একটু আমাদের সামনে এসে ঘুরে এসো তো দেখি কেমন মানিয়েছে।”
দিহান ব্যাগগুলো বুকে জড়িয়ে ধরে ম্লান হেসে বলল, “আচ্ছা দাদি, আমি পরে দেখছি।” বলে সে ঘর থেকে বেরিয়ে এল। একে একে সবাই তখন যে যার মতো যে যার ঘরে চলে গেল।
চেয়ারম্যান বাড়ির ঠিক পেছনের উঠান—যেখান থেকে সুলতানপুর ব্রিজের দিকে যাওয়ার মেঠো রাস্তাটা শুরু হয়েছে—তার পাশেই বসেছিল গোলাপ। সে পরম যত্নে তার সেই আদরের মুরগি আর ছানাগুলোকে খাবার খাচ্ছিল। খাবার দিতে দিতে হুট করেই তার মনে পড়ে গেল ঠিক দুই বছর আগের সেই ভয়ংকর ও বিভীষিকাময় বর্ষার একটা বিকালের কথা! ভাবতেই তার গায়ের পশম এখনো শিউরে ওঠে।
সেদিনও চেয়ারম্যান বাড়ির সব কাজকর্ম শেষ করে যখন সে সন্ধ্যার মুখে নিজের বাড়ির পথ ধরেছিল, তখন সুলতানপুর মাঠের কোণটায় বখাটে কিছু ছেলে রোজকার মতো আড্ডা দিচ্ছিল। সুলতানপুরের বখাটে যুবকদের উৎপাত এমনিতেই একটু বেশি ছিল—যেখানকার ছেলেমেয়েরা অন্তত পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে, সেখানে এই কুচক্রী দলটা কেবল নষ্টামি করে বেড়াত।
সেদিন হঠাৎ করেই সেই বখাটেদের দলটি গোলাপকে ঘিরে ধরে এবং অকথ্য জোরজুলুম শুরু করে। একপর্যায়ে তাদেরই একজন গোলাপের গলার ওড়নাটা সজোরে টেনে ফেললে সে রাস্তার ধুলোবালিতে আছড়ে পড়ে যায়। এক পলকের জন্য গোলাপের মনে হয়েছিল, হায়রে কপাল! ওই পশুগুলোর থাবায় বুঝি তার জীবনের সব শেষ হয়ে গেল! সে তখন গলা ফাটিয়ে চিৎকার করেছিল, কিন্তু সুলতানপুর ব্রিজের আশপাশের ওই নির্জন এলাকায় সন্ধ্যার পর কোনো মানুষের সাড়াশব্দ পর্যন্ত থাকে না।
ঠিক তখনই ত্রাতার মতো অন্ধকারে হাজির হয়েছিল অচেনা এক তরুণ! ছেলেটির চোখে তখন ওই জানোয়ারগুলোর হাত থেকে কোনোমতে একটা অসহায় গোলাপকে বাঁচানোর আকুল আকুতি। ওই তরুণকে আচমকা উদয় হতে দেখে বখাটে যুবকেরা ভয় পেয়ে যে যার মতো অন্ধকারে পালিয়ে গেল। এরপর সেই তরুণ নিজে এগিয়ে এসে গোলাপকে মাটি থেকে তুলে তার ছিঁড়ে যাওয়া ওড়নাটা পরম যত্নে গায়ে জড়িয়ে দিয়েছিল।
ভয়ে কাঁপতে কাঁপতে গোলাপ সেদিন জানতে চেয়েছিল, “আপনার নাম কী ভাইয়া?”
ছেলেটি মৃদু হেসে উত্তর দিয়েছিল, “আমার নাম রায়হান... আমি পাশের গ্রামেই থাকি।”
(তারপর... আপাতত আমরা আমাদের ঈদের আনন্দে ফিরে আসি!)
ঠিক তখনই ঘোর কাটল গোলাপের। দিহান এসে পেছন থেকে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, “কিরে গোলাপ! মন কোথায় উড়ে গেছে শুনি? এভাবে আনমনা হয়ে কার কথা ভাবছ বল তো?”
গোলাপ চমকে উঠে নিজেকে সামলে নিয়ে ব্যস্ত গলায় বলল, “ইয়ে মানে... কিছু না তো! বলুন দিহান ভাইয়া, কী বলছিলেন?”
দিহান মুচকি হেসে বলল, “না মানে, আমি বাজারে যাচ্ছি তো...”
ঠিক সেই মুহূর্তে শাপলা আর ছোট শালিক দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে এসে হাজির। শাপলা খিলখিল করে হেসে বলে উঠল, “দিহান ভাইয়া! বাজারে যাচ্ছেন তো ভালো কথা, কিন্তু আমাদের জন্য সুন্দর দেখে মেহেদী আনতে কিন্তু একদম ভুলবেন না যেন!”
দিহান আশ্বস্ত করে বলল, “হ্য, ঠিক এনে দেবো।”
তারপর যাওয়ার আগে গোলাপের দিকে তাকিয়ে একটু মজা করে দিহান বলল, “কী গো গোলাপ, তোমার ওই শখের মুরগির জন্য কি ঈদের কোনো নতুন জামা কাপড় কিনে আনব নাকি?”
শালিক খিলখিল করে হেসে উঠল, “ওমা! মুরগি আবার কখনো ঈদের জামা পরে নাকি দিহান ভাইয়া!”
গোলাপ তখন একটু লজ্জা পেয়ে নিজের কাপড়ের আঁচল ও ওড়নার গেঁটে ভাজ করা একটা একশ টাকার নোট বের করে দিহানের দিকে বাড়িয়ে দিয়ে সিরিয়াস গলায় বলল, “না না ভাইয়া, মুরগির জামা লাগবে না... ওই যে আমাদের আব্বা বাড়িতে নাই তো, আপনি বাজারে গিয়ে একটু কষ্ট করে এই একশ টাকা দিয়ে আমার মুরগিগুলোর জন্য কিছু ভালো -খাবার কিনে আনবেন প্লিজ? বেচারারা সকাল থেকে ঠিকমতো কিছু খেতে পারছে না।”
দিহান পরম স্নেহে গোলাপের হাত থেকে নোটটি নিজের মুঠোয় তুলে নিয়ে হাসিমুখে বাজারের উদ্দেশ্যে রওনা দিল।
পাশের বাড়ির রহমান চাচার সৌদি প্রবাসী ছেলেটির মাধ্যমে খবর এল—আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সেই সুবাদে বাংলাদেশের আকাশে আজই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল! তাই সন্ধ্যার পর থেকেই পাড়ার ছোট-বড় সবাই পশ্চিমাকাশে এক ফালি কাঁচের ফলার মতো সরু নতুন চাঁদের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল।
অবশেষে মাগরিবের আজান শেষ হলো। সবাই মিলে দ্রুত তারাবির নামাজ ও দোয়া সেরে উঠানে এসে ভিড় জমাল।
ছোট শালিক আর দীপ্তী একছুটে ঘরের ভেতর থেকে বাইরে উঠানে এসে চিলচিৎকার জুড়ে দিল, “ওই দেখ! আকাশপানে এক ফালি কাঁচের মতো সরু চাঁদ উঠেছে! চাঁদ উঠেছে গো!”
শালিক লাফাতে লাফাতে চেঁচিয়ে উঠল, “ও শাপলা আপা! রুপম ভাইয়া! তাড়াতাড়ি এসো, চাঁদ উঠেছে! কাল ঈদ! কাল আমাদের সবার ঈদ!”
ঈদ মানেই তো ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মুসলিম জাতির জন্য মহা আনন্দের দিন! ছোট-বড় সবাই আর ঘরে থাকতে না পেরে ছুটে এল উঠানে। মার্জিনা, রুবী, রুপম, শাপলা, গোলাপ—সবাই এক ফ্রেমে দাঁড়িয়ে উদগ্রীব হয়ে সেই নতুন চাঁদ দেখতে লাগল।
এমন সময় দিহান দৌড়ে এসে কার যেন কাঁধে হাত রেখে উল্লাসে মেতে উঠল—সে খেয়ালই করল না যে যার কাঁধে সে হাত রেখেছে, তিনি আর কেউ নন, স্বয়ং রুবী বেগম!
মুহূর্তের জন্য রুবী বেগম চমকে গিয়ে পাশে তাকাতেই দেখলেন দিহান দাঁড়িয়ে আছে। দিহানও বুঝতে পেরে অপরাধীর মতো আমতা আমতা করে দ্রুত হাতটা সরিয়ে নিয়ে একটু দূরে সরে গিয়ে ফের আকাশের চাঁদের দিকে মন দিল।
গোলাপ তখন সবাইকে উদ্দেশ করে কোলাহল থামিয়ে বলে উঠল, “আরে আপনারা সবাই শুনছেন? টিভিতে তো এখনই ঈদের সেই গানটা বাজাবে! এখনই যদি গিয়ে টিভির সামনে না বসি, তবে সারা বছরের মতো চরম একটা মিস হয়ে যাবে! তাড়াতাড়ি চলুন সব।”
দিহান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “কোন গান গো গোলাপ?”
গোলাপ চোখ গোল গোল করে বলল, “আরে ওই যে! যে গানটা বছরের অন্য কোনো দিন টিভিতে দেখায় না, শুধু রোজা শেষে ঈদ এর আগের দিন এই চাঁদ রাতের ঠিক এই পবিত্র মুহূর্তে দেওয়া হয়! দেরি করলে কিন্তু আস্ত একটা গানটা হাতছাড়া হয়ে যাবে, চলুন চলুন সবাই!”এই গান না শুনলে ঈদ টাই মাটি হয়ে যাবে।
শাপলা দীর্ঘশ্বাস ফেলে বলল, “আহা রে! এই জন্যই বলি শহর ভালো না, গ্রামের আসল আনন্দ শহরের কোথায় যেন হারিয়ে যায়!”
এরপর সবাই গোলাপের পিছু পিছু ছুটতে ছুটতে সোজা এসে ঢুকল জাহানারা বেগমের বড় ঘরে। ঘরের এক কোণে রাখা পুরোনো টেলিভিশনটার সামনে সবাই এসে একসঙ্গে বসে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই সবাই এক প্রকার অবাক—জাহানারা বেগম নিজেই তো অনেক আগে থেকে টিভির সামনে একা একা বসে সেই চিরচেনা সুরটার জন্য শুনছিলেন !
ঠিক তখনই টেলিভিশনের ভেসে উঠল দিহানবাদে ঘরের সবাই একে একে নিজেদের অজান্তেই সেই চেনা কথার সাথে সুর মিলিয়ে গলা মেলাল—
"আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন,
হাত মিলাও হাতে…(২)
তোর প্রেম নিয়ে কর বিশ্ব নিখিল
ইসলামে মদিন…
ও মন, রমজানের ঐ রোজার শেষে
এল খুশির ঈদ!..."
গানটা শেষ হতেই একটা প্রশান্তিতে সবার মন ভরে গেল।
দিহান একটু অবাক হয়ে বলল, “আরে! এই গানটা তো চাইলেই যেকোনো সময় ইউটিউব বা ফোনে সার্চ দিয়ে হাজারবার শোনা যায়!”
শাপলা মিষ্টি হেসে বুঝিয়ে বলল, “আরে দিহান ভাইয়া, ফোনে তো হাজারবার শোনা যায় ঠিকই, কিন্তু চাঁদ রাতের এই নির্দিষ্ট সময়ে সবার সাথে বসে টিভিতে এই গানটা শোনার যে কী অদ্ভুত এক ভালোলাগা ও পবিত্র আমেজ আছে, তা শুধু অনুভব করা যায়! এই গানটা আবার শোনার জন্য আমাদের আস্ত একটা বছর অপেক্ষা করতে হবে।”
রাত তখন গভীর। যে যার মতো ঘুমানোর জন্য নিজের রুমে ফিরে গেল।
রান্নাঘরের এক কোণে চুপিসারে এসে দাঁড়াল শাপলা। সেখানে তখন একা কাজ গুছিয়ে নিচ্ছিল গোলাপ। শাপলা একটু আমতা আমতা করে নিচু গলায় ডাকল, “গোলাপ রে... আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ! যদি কেউ জিগায়, তবে বলিস আমি ঘরের ভেতরেই আছি, কেমন?”
গোলাপ কাজ থামিয়ে ভ্রু কুঁচকে কড়া গলায় বলল, “তুই আবার এই রাতে কোথায় যাস বল তো শাপলা? এর আগেও সেদিন রাতেনা বলে কোথায় যেন গেছিলি তুই?”
শাপলা মিনমিন করে একটু ভয় পেয়ে বলল, “প্লিজ গোলাপ, কাওকে বলিস না! সত্যি কথা বলতে কি... আমি একটা ছেলের সাথে একটু দেখা করতে যাচ্ছি। তুই প্লিজ কাউকে কিছু বলিস না, কসম রইল!”
কথাটা শুনে গোলাপের চোখ কপালে ওঠার দশা! সে অবাক হয়ে জিজ্ঞেস করল, “কী বলিস! তুই রাতের বেলা একটা ছেলের সাথে দেখা করতে যাস? তোর মাথা কি আউলে গেছে নাকি শাপলা!”
শাপলা তাড়াতাড়ি দুহাতে গোলাপের মুখটা চেপে ধরে ফিসফিস করে বলল, “আস্তে! প্লিজ আস্তে বল! সবাই শুনতে পেলে আস্ত রাখবে না আমাকে! বিশ্বাস কর, আমি কোনো খারাপ উদ্দেশ্যে যাচ্ছি না, জাস্ট একটু দেখা করতে যাচ্ছি।”
তারপর গোলাপের মুখ থেকে হাত সরিয়ে নিয়ে সে নরম গলায় বলল, “আচ্ছা তুই একটু দিকটা সামলে রাখিস তো!”
এই বলে সে আর এক মুহূর্তও দেরি না করে রান্নাঘর থেকে এক দৌড়ে নিজের রুমে গিয়ে ওড়নার নিচে লুকিয়ে রাখা একটা ছোট্ট শপিং ব্যাগ হাতে নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল।
সুলতানপুর ব্রিজের ঠিক পাশের খোলা মাঠটার এক কোণে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল মারুফ। ঠিক তখনই শাপলা এসে তার মুখোমুখি দাঁড়াল। ব্রিজের পাশের বৈদ্যুতিক পোস্টের ঘোলাটে হলুদ আলো কিছুটা এসে পড়লেও মারুফ সুকৌশলে এমন একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়েছিল যেখানে মুখটা ঠিকমতো ঠাহর করা যায় না। কিন্তু শাপলার কাছে এটা নতুন কিছু নয়; এর আগেও সে এই জায়গায় মারুফের সাথে দেখা করতে এসেছে।
শাপলা গিয়ে তার সামনে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, “কেমন আছেন মারুফ ভাইয়া?”
মারুফ এক হাত বাড়িয়ে সটান শাপলার কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, “সারাদিন মনটা বড্ড খারাপ ছিল শাপলা... কিন্তু তুমি এসে দাঁড়াতেই সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেল।”
মারুফের এই হুট করে গায়ে হাত দিয়ে কাছে টেনে নেওয়ার ভঙ্গিটা শাপলার ঠিক পছন্দ নয়; সে ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করলেও ভালোবাসার খাতিরে নিজেকে সামলে নিল। সে নিজেকে সামান্য ছাড়িয়ে নিয়ে নিজের হাত থেকে সেই শপিং ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, “এটা আপনার জন্য এনেছি মারুফ ভাইয়া, কাল ঈদ তো!”
মারুফ ব্যাগটা হাতে নিয়ে কৌতূহলী হয়ে বলল, “এর ভেতর কী আছে রে?”
শাপলা লজ্জারাঙা মুখে বলল, “আপনার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে এনেছি।”
মারুফ মুচকি হেসে চটজলদি প্রতিশ্রুতি দিয়ে বসল, “আরে পাগলী! আমার কাছে তো তুমি থাকলেই হলো, পাঞ্জাবি দিয়ে কী হবে! বল তো, তোকে কবে বিয়ে করে নিজের করে নেব? বিয়ে করে সোজা হানিমুনের জন্য সিঙ্গাপুর নিয়ে যাব তোকে!”
শাপলা অবাক হয়ে হেসে বলল, “সিঙ্গাপুর যাওয়ার মতো এত টাকা আছে নাকি আপনার?”
মারুফ বুক ফুলিয়ে উত্তর দিল, “আরে ধুর! আমার বাবার যা সম্পত্তি আছে না... একবার শুধু তোমাকে বিয়ে করে ঘরে তুলি, তারপর দেখ কত কাণ্ড করি!”
তারপর প্যান্টের পকেট থেকে এক হাজার টাকার একটা নতুন কড়া নোট বের করে শাপলার হাতে গুঁজে দিয়ে সে বলল, “কাল তো ঈদ, বাড়িতে অনেক মেহমান আসবে, হয়তো তোমার সাথে আর দেখা করার সুযোগ পাব না—তাই আজকের এই রাত থেকেই তোকে অগ্রিম ঈদ সেলামি দিয়ে গেলাম।”
ওদিকে চেয়ারম্যান বাড়ির অন্দরে তখন ঈদের আনন্দ একেবারে তুঙ্গে। দীপ্তী, শালিক, রুপম আর গোলাপ—সবাই মিলে উঠানে একটা উৎসবের আমেজ তৈরি করেছে।
ঠিক তখনই সবার মাঝে এসে হাজির হলো দিহান। তার হাতে ছোট ছোট চারটা আকর্ষণীয় শপিং ব্যাগ। সে এক এক করে সবার হাতে ব্যাগগুলো তুলে দিতে লাগল—শালিকের জন্য দুটো, শাপলার জন্য একটা, দীপ্তীর জন্য একটা এবং শেষ ব্যাগটা বাড়িয়ে দিল গোলাপের দিকে।
রুপম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “কিরে দিহান, এই রাতে শাপলা কোথায় গেল বল তো?”
গোলাপ পাশ থেকে সামলানোর সুরে মিথ্যে বলে দিল, “আরে শাপলা তো ঘরের ভেতরেই আছে, একটু কাজে ব্যস্ত বোধহয়!”
দিহান গোলাপের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে হাসিমুখে বলল, “নাও গোলাপ, এটার ভেতরে তোমার জন্য একটা মেহেদীর আছে... আর ওই যে তোমার শখের মুরগিগুলোর কথা বলছিলে না? ওই ব্যাগের ভেতরেই মুরগিগুলোর জন্য পুষ্টিকর খাবার আছে, কাল সকালে ওদের খাইয়ে দিও!”
চলবে।।।