#পর্ব_২১
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
রাত তখন সাতটা। সুলতানপুরের আকাশে-বাতাসে ইতিমধ্যেই নেমে এসেছে রাতের গাঢ় অন্ধকার। চেয়ারম্যান বাড়ির সবাইকে ছেড়ে শাপলার চলে যাওয়ার আজ দুই দিন হয়ে গেল; আর এই কয়-দিনের ব্যবধানেই যেন বাড়ির প্রতিটি কোণে একটা অচেনা শূন্যতা আর ফাঁকা ফাঁকা ভাব গ্রাস করে আছে।
রান্নাঘরে বাড়ির তিন বউ—মার্জিনা বেগম, রুবী বেগম আর আমিনা বেগম মিলে রাতের রান্নার কাজে ব্যস্ত। জাহানারা বেগম নিজের রুমে মাগরিব ও ইশার নামাজ শেষ করে জায়নামাজে বসে তসবিহ গুনে আল্লাহর নাম জপছেন। ওদিকে দিলোয়ার রহমান ও মাসুদ রহমান যে যার প্রয়োজনীয় কাজে বাজারের দিকে গেছেন। আর বরাবরের মতো নিজের ঘরে বসে স্মার্টফোনে ব্যস্ত দীপ্তি। ইদানিং এসএমএসের গণ্ডি পেরিয়ে দীপ্তি ও নাফিসের সম্পর্কের গভীরতা এতটাই বেড়েছে যে তারা এখন নিয়মিত ভিডিও কলে কথা বলা শুরু করেছে। দীপ্তি টেবিলের ওপর একটু দূরে ফোনটা স্ট্যান্ড করে রাখে, আর ওপাশ থেকে নাফিস অপলক তাকিয়ে থাকে দীপ্তির মিষ্টি মুখের পানে। সব মিলিয়ে বয়সের এই লগ্নটিতে তাদের ভালোবাসাটা এক স্নিগ্ধ রূপ নিয়েছে।
ওদিকে চেয়ারম্যান বাড়ির পুকুরঘাটে পাশাপাশি বসে আছে গোলাপ আর দিহান। শাপলা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই দিহান নিজ উদ্যোগে পুকুরের ওই মাথায় একটা উজ্জ্বল লাইট সেট করে দিয়েছে, যাতে চারপাশটা আলোয় আলোকিত থাকে। শাপলা কাছে নেই বলেই গোলাপের শাপলা ফুলগুলোকে দেখলে তার কথা আরও বেশি করে মনে পড়ে যায়। শাপলার সাথে জন্ম থেকে শুরু করে এই তো সেদিন পর্যন্ত হাসি, কান্না আর সুখ-দুঃখের কত স্মৃতি জড়িয়ে ছিল—আজ সেই মেয়েটাই কাছে নেই! ছোটবেলার সেই চিরচেনা সাথীকে হঠাৎ কাছে না পেয়ে গোলাপের মনটা ভীষণ খারাপ হয়ে আছে।
গোলাপ একটু আনমনা হয়ে বসে থাকাতে দিহান নরম গলায় ডেকে উঠল, “কী ব্যাপার গোলাপ ফুল, শাপলার কথা খুব মনে পড়ছে বুঝি?”
গোলাপ একটু চুপ থেকে মৃদু মাথা নেড়ে বলল, “হ্যাঁ গো... খুব মনে পড়ছে।”
দিহান একটু দুষ্টু হাসি দিয়ে জানতে চাইল, “আচ্ছা, শাপলাকে তো অনেক ভালোবাসো, তাই না?”
গোলাপ পলকহীন তাকিয়ে থেকে বলল, “হ্যাঁ, অনেক ভালোবাসি।”
দিহান কৌতূহলী হয়ে আবার জিজ্ঞেস করল, “আমার থেকেও কি বেশি ভালোবাসো?”
গোলাপ তখন এক চিলতে মিষ্টি হেসে জবাব দিল, “হ্যাঁ, আপনার থেকেও অনেক বেশি! কারণ ওই মানুষটার সাথে তো আমার উনিশ বছরের পথচলা,!”
দিহান তৃপ্তির হাসি হেসে বলল, “হুম, তা তো বটেই!” তারপর একটু থেমে সে খুব মায়াবী সুরে বলল, “জানোন গোলাপ ফুল? তোমাকে
ভালোবাসার পর থেকে আমার জীবনে আলাদা করে কোনো ‘প্রিয় ফুল’ বলে কিছু নেই। তুমি পাশে থাকলেই পৃথিবীর সব ফুলের মাঝে শুধু তোমাকেই আমার একমাত্র প্রিয় গোলাপ ফুল বলে মনে হয়।”
দিহানের এমন বুকভরা ভালোবাসার কথা শুনে গোলাপ অবাক হয়ে ফিসফিস করে বলল, “এত ভালোবাসেন আমাকে আপনি?”
দিহান গভীর ভালোবাসায় চোখ রেখে উত্তর দিল, “ভালোবাসার হিসাব কি কখনো মানুষের পক্ষে রাখা সম্ভব বলো? আমি শুধু এতটুকু জানি, দিনের শেষে আমার সমস্ত ক্লান্তি আর ভাবনা এসে কেবল তোমার ওই এক ফালি হাসির কাছেই থামে।”
গোলাপ তখন মনে এক অজানা আশঙ্কা নিয়ে একটু ভয় পেয়ে বলল, “আচ্ছা... যদি কোনোদিন আমি হঠাৎ অনেক দূরে চলে যাই? চিরকালের মতো হারিয়ে যাই, তখন কী করবেন?”
দিহান শক্ত করে তার হাতটা খামচে ধরে দৃঢ় প্রতিজ্ঞায় বলল, “দূরত্ব কখনো তোমাকে আমার কাছ থেকে সরাতে পারবে না, গোলাপ! আর যদি জেনেশুনে কেউ সরাতেও চায়, তবুও আমার মনের ভেতর থেকে তো কেউ তোমাকে সরাতে পারবে না। তাছাড়া, আমি নিজে থেকেই বা তোমাকে আমার থেকে দূরে যেতে দেব কেন?”
গোলাপ একটু দুষ্টুমি করে জিদ ধরার সুরে বলল, “আর যদি আমি তোমার ওপর রাগ করে অভিমান করে বসে থাকি, তখন কী হবে?”
দিহান মুচকি হেসে বলল, “তাহলে তোমার সেই মিষ্টি অভিমান ভাঙানোর জন্য আমি সারাটা রাত তোমার সামনে একা অপেক্ষা করব! তুমি যত অভিমান করবে, আমি ঠিক ততবার তা ভালোবেসে ভেঙে দেব। আর তুমি যতই আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইবে, আমি ঠিক ততই শক্ত করে আমার দুই বাহুর বেড়াজালে তোমাকে জড়িয়ে ধরে রাখব।”
গোলাপ আর নিজেকে ধরে রাখতে না পেরে দিহানের চওড়া কাঁধে নিজের মাথাটা আলতো করে এলিয়ে দিল। তারপর নিচু গলায় ফিসফিস করে বলল, “আপনি আমাকে এত আপন করে নিলেন কেন বলুন তো?”
দিহান ভালোবাসায় গলে গিয়ে বলল, “কারণ তোমাকে আপন করে নেওয়ার পরই আমি বুঝতে পেরেছি—পৃথিবীতে কিছু কিছু মানুষ কেবল জীবনে আসার জন্যই আসে, হারিয়ে যাওয়ার জন্য নয়। তুমি হলে আমার সেই একমাত্র গোলাপ ফুল, যে জীবনেও অন্য কারও হতে পারবে না!”
গোলাপ তখন তার মাথাটা তুলে রাতের ওই বিশাল খোলামেলা আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে গেল। তারপর মৃদুস্বরে বলল, “ওই আকাশটার দিকে দেখুন? আজ রাতের আকাশটা কত সুন্দর লাগছে না?”
দিহান কিন্তু একবারের জন্যও আকাশের পানে তাকাল না; তার চোখের সমস্ত আকুলতা কেবল আটকে আছে গোলাপের ওই মায়াবী দুই চোখের গভীরতায়।
সে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে কবিতাচ্ছলে গেয়ে উঠল—
“তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজার পূর্ণিমা! ভেতর থেকে বলছে হৃদয়— তুমি আমার প্রিয়তমা...!”
গোলাপ তখনো নিষ্পলক চোখে আকাশের সেই একফালি চাঁদের দিকে তাকিয়ে আছে, আর ওদিকে দিহান হারিয়ে গেছে তার নিজের আকাশের মাঝে—গোলাপের সেই জোছনাভরা দুটি চোখের অতলে!,,,,,,,
ওদিকে রাতের হাড়ভাঙা খাটুনি শেষ করে নিজের ছোট্ট ঘরে এসে বসেছে তুহিন। পরনে তার একটা পুরোনো লুঙ্গি, গায়ে একটা সাদা গেঞ্জি আর পায়ে সাধারণ একজোড়া স্যান্ডেল। তুহিনের ঘরটার চালের এক পাশে টিনের ওপর একটা বড় ফুটা রয়েছে—যেখান থেকে রাতের খোলা আকাশটা খুব পরিষ্কার দেখা যায়, আর মাঝেমধ্যে ভেসে ওঠে চাঁদের মিষ্টি আলো। চালের ওই ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ার ভয় থাকলেও তুহিন তার ছোট্ট ঘরটাকে সবসময় বড় যত্নে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে।
ঘরের অধিকাংশ দেয়াল ও কোণ জুনে নানা সাইজের ঝুলন্ত মানিপ্ল্যান্ট গাছে সাজানো—পুরো ঘরটাকে দেখলে মনে হবে যেন এক টুকরো স্নিগ্ধ সবুজ বাগান! তুহিন বরাবরই গাছপ্রেমিক, তবে সব গাছের তুলনায় মানিপ্ল্যান্ট গাছটি তার হৃদয়ের বড্ড বেশি কাছের। সে পড়ার টেবিলের ওপর কাঁচের একটা ছোট জারে কিছুটা পরিষ্কার পানি আর কয়েকটা রঙিন পাথর দিয়ে মানিপ্ল্যান্টের ডালগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে; গাছগুলো তরতর করে বেড়ে উঠে টেবিলের ওপর সবুজ ঝোপের মতো ছড়িয়ে আছে, যা দেখলেই তুহিনের মন জুড়িয়ে যায়।
তুহিনের এই ছোট্ট ঘরে একটা চৌকি, একটা পড়ার টেবিল আর একটা কাঠের চেয়ার ছাড়া আর বিশেষ কিছু নেই। তবে এই ঘরে আরও একটা বিশেষ অতিথি আছে—সেটা হলো কালবৈশাখী ঝড়ের রাতে কুড়িয়ে পাওয়া এক জোড়া হলুদ বেনেবউ পাখির ছানা! ঝড়ের তাণ্ডব থেকে বাঁচাতে সে পাখি দুটোকে তুলে এনে নিজের এই ঘরেই আশ্রয় দিয়েছিল। দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর বেচে যাওয়া একটা পাখিটা এখন বেশ বড় হয়েছে। কুড়িয়ে পাওয়ার ঠিক পরের দিনই পুরুষ পাখিটা মারা গেলেও অন্য ছানাটি পরম যত্নে তুহিনের সাথেই বড় হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাখিটা এখন আর কাকেও ভয় পায় না, সবসময় তুহিনের ঘরেই স্বেচ্ছায় থাকে। আজ কাল সেটা টেবিলের ওপর মানিপ্ল্যান্ট গাছের সবুজ পাতার আড়ালে লুকোচুরি খেলে বেড়াচ্ছে।
এমন সময় বাইরে থেকে মিতুর গলার আওয়াজ ভেসে এল, “ভাইয়া... ও ভাইয়া! আম্মা ডাকছে, তাড়াতাড়ি ঘরে আয় ভাত খেতে দিছে।”
মিতুর ডাক শুনে তুহিন বাইরে তাকিয়ে জিজ্ঞেস করল, “আব্বা কি কাজ থেকে ফিরেছেন রে?”
মিতু উচ্চস্বরে জবাব দিল, “হ্যাঁ ভাইয়া, আব্বা এসেছে। তুমি তাড়াতাড়ি আসো,আমরা সবাই একসাথে বসে খাব।”
তুহিন আবার বলল, “ওকে, তুই যা... আমি আসছি।”
বিছানা ছেড়ে সে যেইমাত্র উঠতে যাবে, অমনি সেই হলুদ বেনেবউ পাখিটা উড়ে এসে সরাসরি তুহিনের হাতের ওপর এসে বসল।
তুহিন আলতো করে পাখিটার পিঠে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, “কী রে বেনেবউ , তোর কি খুব খিদে পেয়েছে? তুই খাবি একটু?” পাখির তো আর মানুষের মতো কথা বলার শক্তি নেই, কিন্তু তুহিনের কথা যেন ঠিকই বুঝতে পারে সে—আর তুহিনও পাখির মনের ভাষা খুব ভালো বোঝে। তুহিন স্নেহের সুরে বলল, “আচ্ছা তুই একটু এখানে খেলা কর, আমি একটু পরেই এসে তোকে খাবার দিচ্ছি।”
তুহিন সোজা গিয়ে হাজির হলো মায়ের রুমে। মাটির মেঝেতে পরিষ্কার একটা পাটি বিছানো, তার ওপর ফ্লোরে বসে আছেন আফজাল হোসেন। মিসামনে পিঁড়ি পেতে বসেছে, সৎ মা নাজমা বেগম একটা পাতিলে থেকে সবার জন্য ভাত বাড়ছেন। তুহিন এসে চুপচাপ মিতুর পাশে বসল।
নাজমা বেগম খাবার দিতে দিতে বাঁকা সুরে তুহিনকে উদ্দেশ করে বললেন, “এই যে নবাবজাদা! আজকে সারাদিন তো মাঠে গেলে না, বিকেলে বাজারেও গেলে না—এখন মহারাজা সেজে খেতে এসেছিস পাটি বিছিয়ে!”
তুহিন খুব বিনয়ের সাথে বলল, “আম্মা, যা রান্না হয়েছে, তা-ই আমাকে একটু খেতে দেন।”
মিতু পাশ থেকে তুহিনকে বাঁচানোর সুরে বলল, “আরে আম্মা, তুমি খালি খালি ভাইয়াকে বকছ কেন? আজকে তো তুমি মাছের সাথে লাউ দিয়ে দারুণ রান্না করেছ!”
আফজাল হোসেন নিজের ক্লান্ত শরীরটা একটু সোজা করে বড় ছেলের দিকে তাকিয়ে স্নেহের সুরে জিজ্ঞেস করলেন, “হ্যাঁ রে তুহিন, তোর আজকের ভার্সিটির প্রথম দিনটা কেমন কাটল বাবা?”
ভার্সিটির সেই প্রথম ক্লাসের কথাগুলো মনে পড়তেই তুহিনের মুখটা একটু ম্লান হয়ে গেল। সে সংকুচিত হয়ে বলল, “হ্যাঁ আব্বা, ভালোই কেটেছে... তবে আব্বা, আমার না সত্যি একটা ভালো শার্ট হলে খুব ভালো হতো! ভার্সিটির বাকি সবাই তো দেখি অনেক দামি আর আধুনিক পোশাক পরে ক্যাম্পাসে আসে...”
তুহিনের মুখ থেকে এই কথাটা বের হওয়া মাত্রই নাজমা বেগম তেলেবেগুনে জ্বলে উঠে কটূক্তি করে বলে উঠলেন, “ওমা! তাই নাকি! তো ওরা কি তোর মতো আমাদের এই গরিব ঘরের সন্তান নাকি? ওরা বড়লোক বাপ-দাদার ধন, তাই দামি পোশাক পরে ভার্সিটিতে বসে ভাব নেবে! আর তোকে আমি সেদিনই না করলাম যে এই শখের ভার্সিটি পড়া বাদ দিয়ে সোজা গিয়ে বাপের সাথে ভাটায় কাজ কর? তা হলে অন্তত দুটো পয়সা তো ঘরে আসত!”
মিতু আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করে বলে উঠল, “আম্মা! তুমি সবসময় ভাইয়ার সাথে এমন করো কেন বলো তো?”
আফজাল হোসেন নাজমাকে থামিয়ে দিয়ে নরম গলায় বললেন, “তুহিন, তুই মন খারাপ করিস না বাবা। কাল আমি কিছু টাকা দেব, তুই সাহেববাজার গিয়ে তোর পছন্দমতো ভালো দেখে একটা পোশাক কিনে আনিস কেমন?”
বাবার সেই অসহায় মুখের দিকে তাকিয়ে আর না করার মতো কোনো পরিস্থিতি ছিল না তুহিনের—সে তো ভালো করেই জানে, ভার্সিটিতে চলতে হলে তার ন্যূনতম এই জিনিসগুলো প্রয়োজন।
নাজমা বেগম তখন মুখ ঝামটা দিয়ে বললেন, “হ্যাঁ, অত টাকা কোথায় পাবে যে বাপ-বেটা মিলে খরচ করবে! এ বাড়িতে তো নুন আনতে পান্তা ফুরায়, আর উনি চলেছেন শার্ট কিনতে!”
আফজাল হোসেন একটু কড়া গলায় স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন, “তুমি বাপ-বেটার মাঝখানে বেশি কথা বলো না তো!”
রাতের খাবার খাওয়া শেষ করে তুহিন নিঃশব্দে নিজের ঘরে ফিরে এল। এসেই সে প্রথমে সেই বেনেবউ পাখিটাকে খাবার দিল, তারপর ঘরের কোণায় অযত্নে পড়ে থাকা মানিপ্ল্যান্ট গাছগুলোতে একটু করে পানি ঢেলে দিল। এই ভাঙাচোরা, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত ঘরটাকে ওই সবুজ মানিপ্ল্যান্ট গাছগুলোই যেন পরম যত্নে একটুখানি প্রাণবন্ত করে রেখেছে। বেনেবউ পাখিটা তখন তার ডানার ওম দিয়ে তুহিনের হাতের তালুর ওপর বসে খুব আরামে খাবার খাচ্ছে—তুহিন বড় এক মায়াভরা চোখে সেই দৃশ্যটা অপলক তাকিয়ে দেখল।
কিছুক্ষণ পর মিতু এসে তুহিনের রুমে ঢুকল। সে হাত মুঠোয় থেকে কিছু টাকা বের করে ভাইয়ের হাতে দিয়ে ফিসফিস করে বলল, “ভাইয়া, আব্বা তোমারে এই তিন হাজার টাকা দিছে তোমার পছন্দমতো ভালো কিছু কেনার জন্য। জানি এই টাকায় সব হবে না, তবু আপাতত এটা দিয়ে একটা শার্ট কিনে নিয়ো তো ভাইয়া! আর হ্যাঁ, আব্বা বলেছে আগামী কাল সকালে তোকে মাঠে গিয়ে জমির ধানের পোকা মারার ওষুধগুলো ছিটিয়ে আসতে হবে। আব্বা আরও বলেছে যে, এই পড়াশোনার পাশাপাশি যদি তুই একটু কষ্ট করে আমাদের ওই জমিগুলোর চাষবাসের দেখভাল করো, তবে সামনের ধান বিক্রি করে পাওয়া সেই টাকা দিয়ে তোমাকো সে আরও অনেক কিছু কিনে দেবে।”
মিতুর কথাগুলো শুনে তুহিনের বুকটা কেমন যেন ভারী হয়ে এল। সে টাকা আলতো করে টেবিলের ওপর রেখে মিতুর মাথায় হাত বুলিয়ে বলল, “আচ্ছা মিতু, আমি সব কাজ করে দেব রে... তুই এখন ঘুমাতে যা তো! ও হ্যাঁ, তোর জন্য আমি এই এলাকার দ্বিতীয় শ্রেণির দুটো ছোট বাচ্চা পড়ানোর ব্যবস্থা করেছি। মূলত ওরা আমার কাছেই পড়তে চেয়েছিল, কিন্তু আমি তো এখন ভার্সিটিতে যাব, তাই তোর কথাই ওদের বলে দিয়েছি। তুই কাল থেকে ওদের পড়াবি, মাস গেলেই দুই হাজার টাকা পাবি—তাতে তোর নিজের হাতখরচটা অন্তত আর টানাপোড়েনে পড়বে না।”
মিতু খুশি হয়ে বলল, “সত্যি ভাইয়া?” তারপর সে মুচকি হেসে ঘর থেকে বের হয়ে গেল।
নিজের ঘরে একা একা চৌকিতে বসে তুহিন আনমনা হয়ে আজকের ভার্সিটির কথা ভাবতে লাগল—বিশেষ করে শাপলা আর নৌশিনের কথা। ওদের মতো বড় ঘরের এত আধুনিক মেয়ের মনে বিন্দুমাত্র কোনো অহংকার বা কৃত্রিমতা নেই—সেটা ভেবে তার বড় ভালো লাগল।
এদিকে রাজশাহীতে বসে শাপলা ও নৌশিন প্রথমে মারুফের সাথে কিছুক্ষণ ফোনে টুকিটাকি কথা সারল, তারপর শাপলা হঠাৎ করেই দিহানের মেসেঞ্জার আইডিতে একটা কল দিল।
সুলতানপুরে তখন দিহান নিজের ঘরের বারান্দায় বসেছিল। শাপলার ফোন আসার সাথে সাথেই সে এক দৌড়ে বাড়ির উঠানে চলে এল এবং সবার উদ্দেশ্যে জোরে চেঁচিয়ে ডেকে উঠল, “এই সবাই এদিকে আসো! শাপলার ভিডিও কল এসেছে!”
দিহানের সেই চেঁচামেচি শুনে গোলাপ একছুটে রান্নাঘর থেকে উঠানে এসে সোজা দিহানের হাত থেকে ফোনটা লুফে নিল এবং আনন্দের চোটে স্ক্রিনে শাপলাকে দেখেই কথা বলতে শুরু করে দিল। এরপর একে একে জাহানারা বেগম, মার্জিনা বেগম, রুবী বেগম আর আমিনা বেগম—বাড়ির সবাই এসে পালা করে শাপলার সাথে অনেকক্ষণ ধরে হাসিমুখে কথা বললেন।
সবার সাথে কথা বলা শেষ হওয়ার পর সবাই আবার যে যার নিজের কাজে ফিরে গেল।
দিহান তখন মুচকি হেসে নিজের রুমে হেঁটে গেল, আর তার ঠিক পেছনে পেছনে সন্তর্পণে গিয়ে হাজির হলো গোলাপও।
গোলাপকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে দিহান একটু বাঁকা হেসে জিজ্ঞেস করল, “কী ব্যাপার গোলাপ ফুল? আমার পিছু পিছু আবার আমার রুমে কেন এলে বলো তো? বিশেষ কিছু বলার আছে নাকি?”
গোলাপ একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, “না... এমনিই এলাম।”
দিহান খাটের দিকে ইশারা করে বলল, “ও আচ্ছা! তা এমনি এমনি যখন এসেই পড়েছ, তখন আর দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো তো দেখি। আচ্ছা বলো তো, শাপলার সাথে ফোনে কথা বলে তোমার মন এখন একটু ভালো হয়েছে তো?”
গোলাপ মাথা নেড়ে খুশির সুরে বলল, “হ্যাঁ, অনেক ভালো হয়েছে!”
সকালবেলা ভোরের প্রথম আলো ফুটতেই ঘুম থেকে উঠল তুহিন। হাত বাড়িয়ে খাঁচার দরজাটা খুলে দিয়ে প্রিয় বেনেবউ পাখিটাকে তার সাধের মানিপ্ল্যান্ট গাছগুলোর কাছে ছেড়ে দিল। খাঁচার বন্দিদশা থেকে মুক্ত হতেই হলুদ বেনেবউটা আনন্দে ডানা ঝাপটে সবুজ পাতার আড়ালে ওড়াউড়ি শুরু করল। রাতে ঘুমানোর সময় পাখিটাকে তুহিন সবসময় খাঁচায় সযত্নে আটকে রাখে, যাতে বাইরে থেকে কোনো বিষাক্ত পোকামাকড় বা প্রাণী সেটিকে আক্রমণ না করতে পারে।
এরপর হালকা মুখে পানি দিয়ে দ্রুত হাত-মুখ ধুয়ে নিল সে। তারপর কীটনাশক ছিটানোর স্প্রে করার ভারী বাক্সটা কাঁধে ঝুলিয়ে আর হাত-নিড়ানিটা হাতে নিয়ে বিলপাড়ের জমির উদ্দেশ্যে রওনা হলো। মাঠে গিয়ে শুধু কীটনাশক স্প্রে করাই নয়, ধানের চারার গোড়ার বাড়তি আগাছাগুলো নিড়ানি দিয়ে টেনে তোলার কাজটাও তাকেই শেষ করতে হবে।
ওদিকে সুলতানপুরের ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়িতে আজ এক অন্যরকম থমথমে পরিবেশ। জাহানারা বেগম আজ তাদের সেই ঐতিহ্যবাহী বড় ঘরটায় এক জরুরি পারিবারিক বিচার বসিয়েছেন। আর সেই বিচারে কাঠগড়ার আসামি হিসেবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গোলাপ ও দিহান!
গতকাল গভীর রাতে পুকুরপাড়ে লাইটের মৃদু আলোয় দুজনকে বড্ড ঘনিষ্ঠ ও মুখোমুখি বসে থাকতে নিজের চোখে দেখে ফেলেছিলেন দিলোয়ার রহমান। রাতে তিনি কাউকে কিছু না বললেও আজ সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সবাইকে জরুরি তলব করে বড় ঘরে একত্র করেছেন। ছোট শালিক থেকে শুরু করে বাড়ির সকল সদস্যই সেখানে উপস্থিত।
গোলাপ আর দিহান দাঁড়িয়ে আছে জাহানারা বেগমের ঠিক দুই পাশে। দুজনই অপরাধীর মতো মাথা নিচু করে রয়েছে। বিশেষ করে গোলাপের কপালে চিন্তার ভাঁজ, বুকে চরম আতঙ্ক—ভয়ে তার হাত-পা পর্যন্ত থরথর করে কাঁপছে!
জাহানারা বেগম গম্ভীর ও শক্ত চোখে গোলাপের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, “গোলাপ! তোকে ছোটবেলা থেকে আমরা নিজের ছায়ার নিচে মানুষ করেছি, আজও করে যাচ্ছি। তোর আব্বাও তো জীবনভর এই বাড়িতেই খেটে খেয়ে বেঁচে ছিল। আর সেই তুই আজ শেষমেশ আমাদের এই প্রতিদান দিলি?”
গোলাপ তখন নিস্পন্দ, একদম নিস্তব্ধ।
জাহানারা বেগম গলা আরেকটু চড়িয়ে বললেন, “কী রে গোলাপ! কথা বলিস না কেন? এখন মুখে কুলুপ এঁটে বসে আছিস যে?”
জাহানারা বেগমের এমন বজ্রকঠিন ধমক শুনে গোলাপ আর নিজেকে ধরে রাখতে পারল না—বুকফাটা কান্নায় ভেঙে পড়ল সে।
দিহান আর সহ্য করতে না পেরে একধাপ সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, “দাদি, এতে গোলাপের বিন্দুমাত্র কোনো দোষ নেই! যত দোষ সব আমার। আমি গোলাপকে ভালোবাসি!”
মাসুদ রহমান চশমাটা ঠিক করে বিস্ময়ে বলে উঠলেন, “তুমি গোলাপকে ভালোবাসো? মানে... ভালোবাসা কি মুখের কোনো কথা বললেই হলো? আর গোলাপ, তুই তো আমাদের এই বাড়ির নিজের মেয়ের মতোই ছিলি! তুই কীভাবে এসবের মধ্যে জড়ালি বল তো?”
দিলোয়ার রহমান একটু আফসোসের সুরে বললেন, “আমরা তো জানিই গোলাপ মেয়েটা কতটা ভালো আর লক্ষ্মী! কিন্তু তাই বলে কি গোলাপের সাথে এভাবে ভালোবাসার সম্পর্ক গড়বি দিহান?” তারপর তিনি আমিনা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, “আচ্ছা আমিনা, তুমি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার ছেলে এত বড় একটা কাজ ঘটিয়ে ফেলল, আর তুমি একটা কথাও বলছ না?”
আমিনা বেগম শান্ত দুটি চোখ তুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, “আমি আর কী বলব ভাইসাহেব? যেখানে খাঁটি ভালোবাসা এসে দাঁড়ায়, সেখানে তো কোনো তর্ক বা জাত-পাতের বিচার বাঁধে না। আজ থেকে ঠিক চব্বিশ বছর আগে এই ভালোবাসার অপরাধেই আমাকে আর আপনার ভাইকে এই ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। চব্বিশ বছর পর আমি আর সেই পুরোনো ভালোবাসার কাছে আমার নিজের ছেলেকে হারাব না! আর সত্যি বলতে, দিহান যে গোলাপকে মন থেকে ভালোবাসে, তা আমাকে ও অনেক আগেই বলেছিল। কিন্তু আপনাদের সামনে কীভাবে এই কথাটা তুলব, সেই পথ খুঁজে পাচ্ছিলাম না বলেই এতদিন মুখ ফুটতে পারিনি।”
আমিনা বেগমের এমন আবেগঘন জবানবন্দি শোনার পর মার্জিনা বেগম নরম গলায় বললেন, “আম্মা, যেহেতু দিহানের মা নিজেই ওদের এই ভালোবাসার কথা আগে থেকে জানেন এবং সম্মতি দিয়েছেন, তবে আমাদেরও তো এখন মানিয়ে নেওয়া উচিত।”
মার্জিনা বেগমের এই কথায় রুবি বেগমও সায় দিয়ে মাথা নাড়লেন।
ঠিক সেই মুহূর্তে কিশোরী দীপ্তি সবার মাঝে দাঁড়িয়ে হঠাৎ চটপটে গলায় বলে উঠল, “ভালোবাসা আবার কীসের অপরাধ গো? ভালোবাসা তো হলো দুটি পবিত্র মনের এক অদৃশ্য মেলবন্ধন!”
কৈশোরে পা দেওয়া দীপ্তির মুখে ভালোবাসার এমন গভীর ব্যাখ্যা শুনে ঘরের উপস্থিত সবাই একমুহূর্তের জন্য থমকে গেল!
রূপম ভ্রূ কুঁচকে ছোট বোনকে ধমকে উঠে বলল, “তুই ভালোবাসার কী বুঝিস রে ? বড়দের আলোচনার মধ্যে ছোট মানুষ হয়ে এমন পাকা কথা বলছিস কেন? সোজা নিজের ঘরে যা!”
রূপমের ধমক খেয়ে দীপ্তি আর দ্বিতীয় কোনো কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে সোজা নিজের ঘরের দিকে চলে গেল।
জাহানারা বেগম এবার নিজের মুখের কঠিন ভাবটা ধরে রেখে গোলাপের দিকে তাকিয়ে বললেন, “তুই কিন্তু মস্ত বড় একটা ভুল কাজ করেছিস গোলাপ! আর এই ভুলের জন্য তোকে কড়া শাস্তি পেতেই হবে!”
জাহানারা বেগমের মুখ থেকে ‘শাস্তি’ শব্দটা শোনামাত্রই গোলাপ ভয়ে আর দুশ্চিন্তায় কপালে ঘামতে শুরু করল।
দিহান সাথে সাথে বাধা দিয়ে বলল, “দাদি! আমি আগেই বলেছি ওর কোনো দোষ নেই, যা করার আমিই করেছি! আমার জোরাজুরিতেই ও রাজি হয়েছিল। তাই গোলাপকে আপনি কোনো শাস্তি দেবেন না!”
জাহানারা বেগম হাত উঁচিয়ে দিহানকে থামালেন। তারপর দিহান আর গোলাপ দুজনকেই একদম নিজের কাছাকাছি সামনে এসে দাঁড়াতে বললেন।
দুজন ভয়ে ভয়ে তাঁর সামনে এসে দাঁড়ালে জাহানারা বেগম গম্ভীর চোখে গোলাপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “গোলাপ, তুই যে ভুলটা করেছিস তার কোনো ক্ষমা নেই! এখন সত্যি করে বল—তুই কি দিহানকে সত্যি পছন্দ করিস?”
গোলাপ ভয়ে একদম চুপ।
জাহানারা বেগম এবার কণ্ঠ আরেকটু নরম করে আবার বললেন, “আমায় সত্যি বল গোলাপ, তুই কি দিহানকে পছন্দ করিস?”
গোলাপ এবার আমতা আমতা করে মাথা নিচু করে বলল, “হ্যাঁ... দাদি।”
জাহানারা বেগমের ঠোঁটের কোণে হঠাৎ এক চিলতে মিষ্টি হাসির ঝিলিক ফুটে উঠল। তিনি সস্নেহে বলে উঠলেন, “তুই যে ভুলটা করেছিস, তার একটাই কড়া শাস্তি—আজ থেকে তুই এই চেয়ারম্যান বাড়ির নাতবউ হয়ে এই বাড়িতেই থাকবি!”
জাহানারা বেগমের মুখ থেকে এই ঐতিহাসিক রায়ের ঘোষণা শোনামাত্রই থমথমে ঘরের পরিবেশটা নিমেষেই আনন্দের বন্যায় ভেসে গেল! সবাই খুশিতে হেসে উঠল। গোলাপ আর নিজের চোখের আনন্দাশ্রু ধরে রাখতে না পেরে দৌড়ে গিয়ে জাহানারা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল।
আমিনা বেগম এগিয়ে এসে গোলাপকে জাহানারা বেগমের কাছ থেকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে পরম আদরে বললেন, “কান্না থামাও মা! খুব তাড়াতাড়ি আমি তোদের দুজনের বিয়ে দেব। তবে তার আগে আমাদের শাপলার বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হোক!”
ওদিকে রাজশাহীর কর্মব্যস্ত শহরের সমস্ত যানজটের ঝামেলা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের ক্লাসরুমে এসে পৌঁছেছে শাপলা, নৌশিন আর মৌ। তারা তাদের নির্দিষ্ট আসনে বসে ক্লাসের বাকি সহপাঠীদের সাথে গল্প করছে, আর উৎসুক চোখে বারবার দরজার দিকে তাকাচ্ছে তুহিনের অপেক্ষায়।
কিন্তু অন্য দিকে, মাঠের হাড়ভাঙা কাজ শেষ করে তুহিন যখন তাড়াহুড়ো করে এসে ঘরে ঢুকল, তখন সে দেখল আজ সৎ মা নাজমা বেগম তার জন্য এক ফোঁটা খাবারও রান্না করেননি!
তুহিন ক্ষুধার্ত পেটেই জামাকাপড় বদলে সাইকেল নিয়ে বের হতে যাবে, অমনি নাজমা বেগম পাশ থেকে মেজাজ দেখিয়ে মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, “হুঃ! চলল মহাভারত উদ্ধার করতে! তা ঘরে এত যে কাজ পড়ে আছে, এই কাজগুলো কে করবে শুনি?”
তুহিন বিনয়ের সাথে বলল, “আম্মা, আমি আমার সকালের কাজে প্রায় শেষ করে এসেছি। বাকি অল্প সামান্য কাজ আপনি একটু দেখে নিয়ো। আর হ্যাঁ, মিতুকে বলেন ওর জন্য দুটো টিউশনি ঠিক করেছি, একটু পরেই যেন পড়তে বসে।” বলেই তুহিন দ্রুত সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে বেরিয়ে গেল।
নাজমা বেগম ভুলেও কখনো তুহিনের ঘরের চৌকাঠে পা রাখেন না। তরুণ বয়সের ছেলেটার ঘরটা গোছানো নাকি অগোছালো, সেখানে একটু ঝাড়ু দেওয়া দরকার কি না—সে বিষয়ে তিনি বিন্দুমাত্র খেয়াল রাখেন না। সারাদিনের সমস্ত কাজ শেষ করে তুহিন নিজেই পরম যত্নে তার প্রিয় ঘরটাকে গুছিয়ে রাখে, আর মাঝেমধ্যে বোন মিতু এসে ভাইকে ভালোবেসে ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যায়।
চলবে....