#পর্ব_২৪
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
এমনি করে দেখতে দেখতে আরও সাতটি দিন পার হয়ে গেল। কিন্তু সামনে মাত্র সাত দিন বাদেই শাপলার বিয়ে! অথচ চেয়ারম্যান বাড়ির মানুষগুলো এখনো দীপ্তির অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। শোক কাটবেই বা কী করে? আদরের এত একটা মেয়ে নিজের হাতে এমন চরম পথ বেছে নেবে, তা তো কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। বাড়ির সবাই মিলে হন্যে হয়ে দীপ্তির সেই মোবাইল ফোনটা খোঁজার চেষ্টা করেছে, যেটাতে সে নাফিসের সাথে কথা বলত, কিন্তু সেটার আর কোনো হদিশ মেলেনি—কে জানে ফোনটা কোথায় লুকিয়েছিল, কিংবা কে বা কারা সেটা সরিয়ে ফেলেছে।
ওদিকে মারুফের পরিবার থেকে একটানা চাপ দেওয়া হচ্ছে যেন এই অবস্থাতেই বিয়েটা সেরে ফেলা হয়। বাড়ির একজন সদস্য মারা গেছে—এমন একটা শোকার্ত মুহূর্তে অন্য একটি মেয়ের বিয়ে দেওয়া কি মানানসই হয়? কিন্তু মারুফের বাবা নাকি খুব শীঘ্রই সিঙ্গাপুর চলে যাবেন, তাই ছেলের বাড়ির তাড়ার শেষ নেই। মাসুদ রহমান তো দুশ্চিন্তায় একেবারে ভেঙে পড়লেন যে, এই শোকের মাঝে মেয়ের বিয়েটা তিনি কীভাবে দেবেন।
অবশেষে পরিস্থিতি সামাল দিতে দিলোয়ার রহমান আর মার্জিনা বেগম নিজেই সবার সামনে এসে বললেন, “ভাগ্যে যা ছিল, সেটাই তো হয়েছে! মেয়ের আয়ু ঠিক ততটুকুই ছিল, তাই সে আমাদের মাঝ থেকে চলে গেছে। এখন এই নিয়ে আর কত দিন শোক করে বসে থাকব? তাছাড়া শাপলার ব্যাপারেও তো ছেলেপক্ষ থেকে বারবার তাগাদা দিচ্ছে। যেহেতু ছেলে নিজেই শাপলাকে পছন্দ করে এবং তাদের পরিবারটাও বেশ ভালো, তাই এই মুহূর্তে অযথা সময় নষ্ট না করে শাপলাটাকে বিয়ে দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।”
বড়দের এমন কথা শোনার পর পরিবারের সবাই আর দ্বিরুক্তি করল না, যদিও সবার চোখে-মুখেই তখনও গাঢ় বিষাদের ছাপ লেগে ছিল।
শাপলা তখন নিজের বড় আম্মা মার্জিনা বেগমকে জড়িয়ে ধরে শক্ত গলায় প্রতিজ্ঞা করে বসল, “বড় আম্মা, আমি আল্লাহর কসম করে বলছি—দীপ্তির সাথে যে বা যারা এই জঘন্য প্রতারণা করেছে, তাদের আমি ছাড়ব না! যদি সেই জানোয়ারটাকে আমি খুঁজে পাই, সে যেই হোক না কেন, তার হাত আর চোখ আমি শরীর থেকে আলাদা করে দেব!”
শাপলার মুখের এই কঠিন কথা শুনে উপস্থিত সবাই একটু চমকে উঠলেও দীপ্তির শোকে সেটাকে তারা স্বাভাবিক বলেই ধরে নিল।
এরপর শাপলা শান্ত গলায় আব্বাকে উদ্দেশ করে বলল, “আব্বা, আপনি মারুফদের বাড়ি গিয়ে বলে দিন—আগামী শুক্রবার রাতেই আমাদের বিয়ে হবে।”
তারপর সে পাশে দাঁড়ানো গোলাপকে ডেকে বলল, “গোলাপ, চল তো আমার সাথে একটু।”
দিলোয়ার রহমান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “এই দুপুরের রোদে তোরা কোথায় যাবি রে শাপলা?”
শাপলা দৃঢ় কণ্ঠে বলল, “একবার দীপ্তির স্কুলে যাব, খোঁজ নিতে। দীপ্তি তো না বুঝে প্রথম দেখাতেই কোনো ছেলের হাতে নিজের ভিডিও তুলে দেয়নি! ছেলেটাকে সে নিশ্চয়ই আগে থেকেই চিনত, তার সাথে নিশ্চয়ই ডিপ পরিচয় ছিল। সেই জানোয়ারটা দীপ্তিকে এমন কোনো স্বপ্ন বা ফাঁদে ফেলেছিল, যার জেরে ও এই পথ বেছে নিয়েছে। আমি অন্তত নিজে একটু খোঁজ নিয়ে দেখি তো দীপ্তির সেই ক্লাসমেট বা পরিচিতদের মধ্যে কেউ ওই ছেলেটাকে চেনে কি না।”
বলেই সে গোলাপের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল।
ওদিকে রাজশাহীতে বসে গত সাত দিন ধরে নিয়মিত ক্লাস করছে তুহিন, মৌ আর নৌশিন; কিন্তু ক্লাসে শাপলাকে তারা সবাই বড্ড বেশি মিস করছে। তুহিন ও মৌ প্রথমে পুরো ঘটনাটা না জানলেও পরে নৌশিন ওদের সব খুলে বলেছে।
মাসুদ রহমান পরিবারের সবার—বিশেষ করে ব জাহানারা বেগমের অনুমতি নিয়ে মারুফদের বাড়ি জানিয়ে দিলেন যে আগামী শুক্রবারই তাদের মেয়ের বিয়ে সম্পন্ন হবে। কথাটা শোনার পর মারুফ ও তার বাবা ওমর ফারুক বেশ খুশি হলেন। কিন্তু চেয়ারম্যান বাড়ির মানুষগুলোর মন তো বিষাদে ভারাক্রান্ত—তারা বুঝতে পারছে না এই শোকের মাঝে এত বড় আয়োজন কীভাবে সামাল দেবে। ধুমধাম করে অনুষ্ঠান করার বিন্দু মাত্র ইচ্ছে কারোরই নেই; তাই দিহানের পরামর্শে সিদ্ধান্ত হলো একদম ঘরোয়াভাবে শুধু কাজটা সেরে ফেলা হবে, কিছুদিন পর পরিবেশ স্বাভাবিক হলে না হয় বড় করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা যাবে।
বিয়ের আর মাত্র তিন দিন বাকি! শাপলার বারবার অনুরোধের পরেও তুহিন কিছুতেই সুলতানপুর যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। ছোটবেলা থেকে সৎ মা নাজমা বেগম সবসময় বেশ কড়া মেজাজের মহিলা—কথায় কথায় রেগে যাওয়া আর তুহিনকে হাড়ভাঙা খাটুনি খাটানোই তো তাঁর স্বভাব, যা সে ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছে।
আজ রান্নাঘরে নাজমা বেগম রান্না করছিলেন আর মিতু তাঁকে সাহায্য করছিল। তুহিন গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ইতস্তত করে বলল, “আম্মা... আমি তিন দিনের জন্য একটু সুলতানপুর গ্রামে যাব আম্মা।”
নাজমা বেগম হাতা নাড়াতে নাড়াতে তেঁতে উঠে বললেন, “কীহ! সুলতানপুর যাবি? সেখানে তোর কাজ কী আবার?”
তুহিন বিনয়ের সাথে বলল, “আম্মা, আমাদের সাথে যে মেয়েটা পড়ে, সেই রুহির... আগামী শুক্রবার বিয়ে। ও আমাকেও যেতে বলেছে।”
মিতু পাশ থেকে সায় দিয়ে বলে উঠল, “ওমা, যাও না ভাইয়া! ঘুরে আসো একটু।”
নাজমা বেগম সঙ্গে সাথেই চটে গিয়ে বললেন, “যাও মানে কী! বাড়ির সমস্ত কাজকর্ম কে করবে রে? গরু-ছাগলকে খাবার কে দেবে? আর তোকে তিন বেলা রান্না করে খাওয়াব, আর ওই নবাবজাদা শুধু খাবে—সেটা তো হচ্ছে না!”
নাজমা বেগমের কথার পিঠে তুহিন শান্ত গলায় বলল, “আম্মা, আমি বিকেলের গাড়িতেই রওনা দেব। আর মিতু, তুই একটু আম্মাকে সব কাজে সাহায্য করিস কেমন?”
মিতু হাসিমুখে বলল, “আচ্ছা ভাইয়া, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু তোমার সাধের বেনেবউ পাখিটাকে সাথে করে নিয়ে যাও।”
মিতুর কথা শুনে নাজমা বেগম মুখভঙ্গি করে ব্যঙ্গ করে বললেন, “আহা রে! কী চমৎকার দরদী বোন রে আমার! যেন নিজের পেটের ভাই! আচ্ছা বাপু, যাও! তোমার হয়ে সব কাজ আমিই না হয় একা একা করবনি! তা ওই তো তোর রক্তের ভাইও না, তবুও এত দরদ কিসের বল তো!”
তুহিন একটু দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, “আম্মা, একই পেটের রক্তের মানুষ হলেই কি শুধু ভাই-বোন হওয়া যায়? আর রক্তের সম্পর্ক থাকলেই কি মনের টান তৈরি হয় নাকি?”—বলেই সে আর কথা না বাড়িয়ে সোজা নিজের ঘরে চলে এল।
ঘরের রশির ওপর ঝুলানো বাবার দেওয়া সেই তিন হাজার টাকা কেনা নতুন দুটো শার্ট আর দুটো প্যান্ট থেকে একটা শার্ট ও প্যান্ট সে কাঁধের ব্যাগে ভরে নিল। সাথে তার সবচেয়ে দামী নীল রঙের পাঞ্জাবিটা—যেটা সে কোনো সাধারণ দিনে পরে না, কেবল বিশেষ কোনো অনুষ্ঠানেই গায়ে জড়ায়—সেটাও তুলে নিল। জুতো বলতে অবশ্য সেই পুরোনো স্লিপার জুতোটাই পায়ে রয়ে গেল।
নৌশিন ও মৌয়ের সাথে কথা বলে সে জেনে নিয়েছে যে তারা দুপুরের পর বিকেল চারটার আগেই রওনা হবে, যাতে সন্ধ্যার আগেই সুলতানপুর পৌঁছে যাওয়া যায়। যাতায়াতের জন্য নৌশিনের বাবার প্রাইভেট কারটাই ব্যবহার করা হবে। নৌশিনের বাবাকেও আসার অনুরোধ করা হয়েছিল, কিন্তু ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি।
অবশেষে নির্ধারিত সময়ে চেয়ারম্যান বাড়ির খোলামেলা উঠানে এসে থামল একটা চকচকে প্রাইভেট কার। গাড়ি থেকে একে একে নেমে এল নৌশিন, মৌ আর তুহিন।
উঠানে তখন ছোট শালিক খেলছিল। নতুন গাড়ি থেকে অচেনা মানুষদের নামতে দেখে সে দৌড়ে ঘরের ভেতরে গিয়ে চেঁচিয়ে বলল, “দাদি, শাপলা আপা! মনে হয় কারা যেন বেড়াতে এসেছে গো!”
শাপলা নামটা শোনা মাত্রই তড়িঘড়ি করে ঘর থেকে ছুটে উঠানে বেরিয়ে এল। এসেই সে দেখতে পেল নৌশিন, মৌ আর সাথে তুহিন দাঁড়িয়ে আছে! সে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাড়ির ভেতরে ড্রয়িংরুমে নিয়ে গেল এবং পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিল।
সন্ধ্যা নামার পর শাপলার নির্ধারিত রুমে বসে নৌশিন, মৌ আর তুহিন গল্প করছিল। শাপলাকে এই রূপে দেখে তুহিন তো অবাক! বিশ্ববিদ্যালয়ের সেই থ্রি-পিস পরা ‘রুহি’ আর গ্রামের এই ‘শাপলা’ যেন আকাশ-পাতাল তফাত! বাড়ির ভেতরে শাপলা সাধারণত খুব সাধারণ আটপৌরে সুতির থ্রি-পিস পরে, গায়ের ধবধবে ফর্সা চামড়ায় কোনো কৃত্রিম প্রসাধন নেই, কপালে ছোট একটা টিপ, চোখে হালকা কাজলের টান, আর কোমর পর্যন্ত নেমে আসা লম্বা চুলগুলো দুই পাশ থেকে টেনে মাঝখানে ক্লিপ দিয়ে আটকানো।
তুহিন মুগ্ধ হয়ে জিজ্ঞেস করল, “রুহি... তোমাকে ভার্সিটির থেকে এখানে একদম অন্য রকম লাগছে! মনে হচ্ছে সদ্য গ্রামের কোনো এক নিখাদ কিশোরী মেয়ে।”
নৌশিন হেসে ফেলল, “আরে তুহিন! ও তো আমার সাথেই থাকে রাজশাহী শহরে, অথচ আমিও কখনো ওকে এমন স্নিগ্ধ রূপে দেখিনি! এই সাজগোজ ছাড়া সাধারণ রূপটাতে ওকে বড্ড বেশি সুন্দর মানিয়েছে।”
শাপলা মৃদু হেসে বলল, “তেমন কিছু না! আমি আসলে সবসময় এমনই থাকতে ভালোবাসতাম। কিন্তু রাজশাহী যাওয়ার আগে আব্বা কড়া করে বলে দিয়েছিলেন—শহরে গেলেই যেন একটু আধুনিক দামী পোশাক পরি, পাছে কেউ আমাকেগ্রাম্য ভেবে হীনম্মন্যতায় না ফেলে!”
সবাই যখন টুকটাক এদিক-সেদিক নানা কথা বলছে, ঠিক তখনই ছোট শালিক ঘরে উঁকি দিয়ে ডাকল, “শাপলা আপা!”
শাপলা ফিরে তাকিয়ে বলল, “হ্যাঁ শালিক, বল?”
শালিক বলল, “বড় আম্মা ডাকছে তোমাকে।”
শাপলা উঠে দাঁড়িয়ে বলল, “আচ্ছা তুই যা, আমি আসছি। তোরা একটু বস, আমি গোলাপকে পাঠিয়ে দিচ্ছি।”—বলেই সে ঘর থেকে বের হয়ে গেল।
তুহিন, নৌশিন ও মৌ নিজেদের মধ্যে আবার কথা বলা শুরু করল।
মৌ একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “আচ্ছা রে নৌশিন, ওর আসল নাম কি শাপলা নাকি রুহি?”
নৌশিন কাঁধ ঝাঁকিয়ে বলল, “আমি ঠিক জানি না রে! ভার্সিটিতে তো আমরা সবাই ওকে রুহি নামেই চিনি।”
ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল গোলাপ। সে মুচকি হেসে বলল, “আপনারাই কি শাপলার সেই ভার্সিটির বন্ধুরা?”
তুহিন বিনয়ের সাথে বলল, “হ্যাঁ। তা আপনি...?”
গোলাপ মিষ্টি হেসে পরিচয় দিয়ে বলল, “আমার নাম গোলাপ রানী! বলতে গেলে এই চেয়ারম্যান বাড়িরই একটা মেয়ে আমি, আর শাপলা তো আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় বান্ধবী।”
নৌশিন চোখ গোল গোল করে মজা করে বলে উঠল, “বাহ্! দারুণ তো! এই বাড়িতে তাহলে শাপলা ফুলও আছে, আবার গোলাপ ফুলও আছে!”
তুহিন তখন কৌতূহলবশত জিজ্ঞেস করল, “আচ্ছা শাপলার কি কোনো ছোট বোন আছে? তার নাম কী যেন... বেলি, হাসনাহেনা নাকি জুই?”
গোলাপ অবাক হয়ে খিলখিল করে হেসে উঠল, “ওমা! জুই, বেলি হতে যাবে কেন? ওর ছোট বোনের নাম হলো শালিক!”
তুহিন একটু দুষ্টুমি করে মাথা নেড়ে বলল, “ব্যাস! ফুলের মেলায় হঠাৎ একটা পাখি এল কোত্থেকে বল তো!”
সবাই যখন এমন হাসাহাসি করছে, তখন তুহিনের মনে পড়ল—সে তার ব্যাগের ছোট চেইনটার ভেতরে তার সাধের হলুদ বেনেবউ পাখিটাকে রেখে দিয়েছিল। চেয়ারম্যান বাড়িতে আসার পর নানা ঝামেলার চোটে সেটার কথাই একদম ভুলে গিয়েছিল! ওদিকে বেনেবউ তখন ব্যাগের চেইনের ভেতর থেকে নিজের হলুদ মাথাটা বের করে চারপাশটা উঁকি দিয়ে দেখছিল।
হঠাৎ গোলাপের চোখ গিয়ে পড়ল তুহিনের ব্যাগের ওই ছোট পকেটটার ওপর, যেখান থেকে কিছু একটা নড়াচড়া করছে! গোলাপ চমকে উঠে ভয়ে চিৎকার করে বসল, “ওমা গো! ওনার ব্যাগে কি সাপ নাকি!”
সাপের নাম শুনে ভয়ে তুহিন, মৌ আর নৌশিন এক লাফে সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ল!
তুহিন আঁতকে উঠে বলল, “কোথায় সাপ?”
গোলাপের চিল্লানোর শব্দ শুনে পাশের রুম থেকে শাপলা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, “কী হয়েছে রে গোলাপ?”
গোলাপ ভয়ে কাঠ হয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, “শাপলা! ওনার ব্যাগের ভেতর সাপ নড়াচড়া করছে!”
শাপলাসহ সবাই তখন ওই ব্যাগের পকেটের দিকে তাকিয়ে দেখল—সাপ নয়, আস্ত একটা সুন্দর হলুদ পাখি তার ছোট্ট মাথাটা বের করে মিটমিট করে সবার দিকে তাকিয়ে আছে!
তুহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, “আরে না না, ওটা কোনো সাপ নয়! ওটা আমার বেনেবউ পাখি।”—বলেই সে পরম যত্নে ব্যাগ থেকে পাখিটাকে বাইরে বের করে আনল।
পাখিটাকে দেখে গোলাপের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল, “ওয়াও! কী চমৎকার সুন্দর পাখিটা! একটু আমার হাতে দেবেন প্লিজ?”
গোলাপ হাত বাড়িয়ে দিতেই তুহিন পাখিটাকে তার হাতের তালুতে বসিয়ে দিল। গোলাপ পরম আদরে পাখিটার গায়ে হাত বুলিয়ে খেলতে শুরু করল।
এমন সময় শাপলা গোলাপ মনে করিয়ে দিয়ে বলল, “গোলাপ, এখন বেনেবউকে নিয়ে খেলার সময় নয়! ওরা অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছে, আগে এদের ফ্রেশ হতে দাও, তারপর না হয় হাত-মুখ ধুয়ে খেতে দিও, আর তারপর ইচ্ছেমতো বেনেবউকে নিয়ে খেলো।”
শাপলা তখন পাখিটাকে আবার তুহিনের হাতে ফিরিয়ে দিয়ে বলল, “যাও তো তুহিন! বেনেবউকে আমার হাতে দাও তো... আর গোলাপের সাথে গিয়ে জলদি হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো গে।”
গোলাপ নৌশিন ও মৌকে সাথে করে বারান্দার দিকে নিয়ে গেল, আর তুহিনও শাপলার কথামতো হাত-মুখ ধুতে চলে গেল। যাওয়ার আগে তুহিন শাপলার কাছে এসে একটু মুচকি হেসে ফিসফিস করে বলল, “আচ্ছা শাপলা... তোমার আসল নামটা শাপলা অথচ আমাদের কাছে এতদিন লুকিয়ে নাম বললে কেন?”
শাপলা একটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, “সেসব এখন পরে শুনো! যাও, আগে গিয়ে হাত-মুখ ধুয়ে নাও তো দেখি।”
রাত তখন প্রায় এগারোটা।
মাসুদ রহমান, দিহান আর রূপম মিলে বাজার থেকে বাড়ির সবার জন্য হালকা-পাতলা বিয়ের নতুন জামাকাপড় কিনে নিয়ে এল। তবে শাপলার ভার্সিটির বন্ধু তিনজনের জন্য আলাদা করে কিছু কেনা হয়নি; শাপলা তাদের আশ্বাস দিয়ে বলল, কাল সে নিজেই মারুফকে সাথে নিয়ে ওদের নিয়ে বাজারে যাবে এবং পছন্দমতো কাপড় কিনে দেবে।
সবাই ড্রয়িংরুমে বসে টুকটাক কথাবার্তা বলছে। চেয়ারম্যান বাড়ির সবারই তুহিনকে ভীষণ ভালো লেগেছে—ছেলেটার চালচলন, নরম ও ভদ্র স্বভাব, আর পরিপাটি গ্রামীণ বিনয় সবার মন কেড়ে নিয়েছে। শাপলা তো নিজে পছন্দ করে তুহিনের জন্য একটা চমৎকার বেগুনি রঙের পাঞ্জাবিও কিনে দিয়েছে। সবাই মার্কেটে গেছে
এদিকে একটু দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে মারুফ, শাপলা, তুহিন, মৌ আর নৌশিন। মারুফকে ইদানিং বেশ কিছুটা রোগা ও ক্লান্ত দেখাচ্ছে।
শাপলা একটু ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করল, “আচ্ছা মারুফ ভাইয়া, আপনি ইদানিং এভাবে দিনকে দিন শুকিয়ে যাচ্ছেন কেন বলুন তো?”
মারুফ মলিন হেসে বলল, “আর বলো কেন! মাথার ওপর বিয়ের কত চাপ, তার ওপর আবার ব্যবসার ঝামেলা...”
নৌশিন দুষ্টুমি করে বলে উঠল, “হুমমম! দুলাভাইয়ের মনে হয় বিয়ের ভয়ে ঘুম হচ্ছে না আর কি!”
নৌশিনের এই কথায় টেবিলে বসা সবাই খিলখিল করে হেসে উঠল। তবে তুহিনের চোখের দৃষ্টি বারবার কেবল শাপলার মুখের ওপর গিয়েই আটকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন র্যাগিংয়ের মুখে যখন কেউ এগিয়ে আসেনি, তখন ওই মেয়েটাই বুক ফুলিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই মুহূর্ত থেকেই শাপলার প্রতি এক অদ্ভুত ভালোলাগা জন্ম নিয়েছিল তুহিনের মনে; কিন্তু গরিব ঘরের একটা সাধারণ ছেলের মনে ভালোবাসার জন্ম নেওয়াটাও তো অপরাধ! তার ওপর আবার শাপলার সাথে তো অন্য একজনের পাকা বিয়ে ঠিক হয়েই আছে।
মারুফ হঠাৎ গম্ভীর গলায় মাসুদ ও দিলোয়ার রহমানের খোঁজ নিয়ে বললেন, “আচ্ছা শাপলা, বড় চাচা আর চাচার শরীর-স্বাস্থ্য এখন কেমন আছে?”
শাপলা একটু ক্ষোভ আর অভিমান মিশিয়ে বলল, “দীপ্তির সাথে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, মেয়েটা মারা গেল—অথচ আপনি তো একটা দিনের জন্যেও এসে সান্ত্বনা দিলেন না! আর আপনার ঠিকুজি-কুষ্ঠিও তো পাওয়া দায়, আপনি আসলে থাকেন কোথায় বলুন তো? আপনার কি দিনদুপুরে ঘর থেকে বের হতে একটুও ইচ্ছে করে না নাকি?”
মারুফ একটু বিব্রত হয়ে নিজেকে বাঁচিয়ে বলল, “আরে না মানে... আমি আসলে ভীষণ ঝামেলার মধ্যে আছি তো! আব্বা সিঙ্গাপুর চলে যাওয়ার জন্য সমস্ত ভিসা প্রসেসিং করছেন, বিয়ের ঠিক পরের দিনই ওনাদের ফ্লাইট!”
শাপলা অবাক হয়ে চেঁচিয়ে উঠল, “ওমা! এ আবার কেমন কথা! বিয়ের ঠিক পরদিনই কেন চলে যেতে হবে?”
মারুফ একটু এড়িয়ে গিয়ে বলল, “অফিসের জরুরি কাজ আছে তো, তাই। তাছাড়া... বিয়ের জন্য যে পাঁচ লাখ টাকা যৌতুক হিসেবে ঠিক হয়েছিল, আব্বা বলেছেন সেটা যেন বিয়ের দিন সকালেই একদম চুকিয়ে দেওয়া হয়।”
মারুফ যখন টেবিলের সামনে বসে ‘যৌতুক’ আর ‘পাঁচ লাখ টাকা নগদ পরিশোধ’-এর কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে গেল, তখন টেবিলে বসা বাকি সবাই একে অন্যের মুখের দিকে থমকে তাকিয়ে রইল!
মারুফ অবশ্য তাতে খুব একটা পাত্তা না দিয়ে বিল মিটিয়ে দিয়ে বলে উঠল, “আচ্ছা, আমার একটু তাড়া আছে, তোমরা খেয়ে নিয়ো—বিল আমি দিয়ে দিচ্ছি।”—বলেই সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে রেস্টুরেন্ট থেকে দ্রুত বের হয়ে চলে গেল।
বাইরে বেরিয়ে আসার পর তুহিন আর নিজের রাগ চেপে রাখতে পারল না। সে শাপলাকে উদ্দেশ করে বলল, “শাপলা! তুমি না সেদিন বললা যে মারুফ ভাইয়ের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, দুজনে দুজনকে পছন্দ করো? তাহলে উনি এভাবে প্রকাশ্যে যৌতুকের দাবি তুলছেন কেন? তাও আবার নগদ পাঁচ লাখ টাকা!”
শাপলা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হেসে বলল, “তুহিন... আমি তো কখনো বলিনি যে আমি ওকে মন থেকে ভালোবাসি! আমি বলেছিলাম মারুফের প্রতি আমার কেবল একটা ভালোলাগা কাজ করেছে। আমি ভেবেছিলাম বিয়ের পর হয়তো ধীরে ধীরে ভালোবাসাটা জন্ম নেবে... কিন্তু ইদানিং মারুফের এই অদ্ভুত আচরণ আর কথাগুলো দেখে আমার নিজেরই কেমন যেন সন্দেহ হচ্ছে!”
মৌ সান্ত্বনা দিয়ে বলল, “বিয়ে ঠিক হওয়ার পর অনেক ছেলেই বোধহয় এমন অতিরিক্ত প্যারা নেয় রে শাপলা, হয়তো নার্ভাসনেস থেকে এমন করছে।”
চেয়ারম্যান বাড়ির পরিবেশটা আগের চেয়ে কিছুটা শান্ত হলেও শোকের ক্ষতগুলো এখনো কাঁচা। মার্জিনা বেগম মাঝে মাঝেই মেয়ের কথা মনে করে ঘরের কোণে বসে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠেন।
বাড়ির বারান্দার সিঁড়ির পাশে আনমনে বসে আছে গোলাপ। তার ঠিক পাশেই দাঁড়িয়ে তুহিন, হাতে তার সেই সাধের বেনেবউ পাখিটা।
গোলাপ তুহিনকে দেখতে পেয়ে চোখের ইশারায় ডেকে বলল, “শুনুন তো ভাইয়া! পাখিটাকে একটু আমার হাতে দেবেন প্লিজ?”
তুহিন মৃদু হেসে গোলাপের পাশে এসে বসল এবং পাখিটাকে আলতো করে তার হাতের ওপর তুলে দিল। গোলাপের হাতের তালুতে বসে হলুদ বেনেবউটা খুব আরামে খেলা করতে লাগল। দুজনে মিলে পাখিটাকে নিয়ে নানা ছলে টুকটাক গল্প জুড়ে দিল।
ঠিক সেই মুহূর্তে দূর থেকে ওসব দৃশ্য দেখতে পেল দিহান! তার চোখের কোণে জমে উঠল একরাশ তীব্র হিংসা ও অভিমান। সে তেড়ে এসে গমগম গলায় ডাকল, “গোলাপ! বলছি একটু ভেতরে রুমে এসো তো!”
গোলাপ একটু অবাক হয়ে বলল, “আরে একটু পরে যাচ্ছি দিহান ভাইয়া! দেখুন না, তুহিন ভাইয়ের পাখিটা কত সুন্দর করে খেলছে!”
দিহান রেগে গিয়ে আবার কড়া গলায় বলল, “আমি বলছি এক্ষুনি রুমে আসো! জরুরি দরকার আছে!”
গোলাপ তখন একটু নাছোড়বান্দা হয়ে বলল, “ইস! একটু পরেই তো আসছি, একটু বসুন না!”
দিহান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা এগিয়ে এসে গোলাপের হাত ধরে হ্যাঁচকা টানে সিঁড়ি থেকে সোজা নিজের রুমের দিকে টেনে নিয়ে গেল!
বেচারা তুহিন তো হতভম্ব! সে তো আগেই ভালো করে জানে দিহান আর গোলাপের সম্পর্কের কথা। সে মনে মনে মুচকি হেসে নিজেকে সামলে নিয়ে দিহানের পেছন পেছন চেঁচিয়ে বলে উঠল, “আরে দিহান ভাই! রাগ করো না তো! যা-ই করো ভাই, আমার বেনেবউ পাখিটার গায়ে যেন আবার হাত তুলো না যেন!”
ঠিক ওই মুহূর্তেই শাপলা দুই হাত ভর্তি বিয়ের নতুন শাড়ি ও জামা কাপড়ের ভারী নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। তাড়াহুড়ো করতে গিয়ে হঠাৎ তার পায়ের তলার স্লিপারটা স্লিপ কেটে গেল! সে পড়ে যাওয়ার উপক্রম হতেই পাশের বারান্দার সিঁড়ি থেকে তুহিন বিদ্যুতের বেগে এক দৌড়ে এসে শাপলার কোমর শক্ত করে জাপটে ধরে সামলে নিল!
খুব কাছ থেকে শাপলা এসে তুহিনের বুকের সাথে ধাক্কা খেল। তুহিন সধৈর্য উদ্বেগে জিজ্ঞেস করল, “ঠিক আছো তো শাপলা? কোথাও লেগে যায়নি তো?”
শাপলা এক পলক তুহিনের চোখের দিকে তাকিয়ে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, “হুম... আমি একদম ঠিক আছি। ছেড়ে দাও।”—বলেই সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না, লাল হয়ে যাওয়া মুখে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল।
ওদিকে দিহান গোলাপকে সোজা টেনে নিয়ে গিয়ে ঘরের দেয়ালের সাথে সশব্দে আটকে ফেলল। তারপর রাগে গরগর করে বলে উঠল, “তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই, গোলাপ? তোমাকে ডেকেছি না বললাম আসো? ওই ছেলেটার সাথে অমন হাসাহাসি করে কথা বলার কী এমন ঠেকা পড়েছিল তোমার?”
গোলাপ চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, “কী মুশকিল! একটা সাধারণ পাখি নিয়ে একটু বসেছিলাম তো কী হয়েছে? এত রাগার কী আছে?”
দিহান আরও রেগে গিয়ে কড়া গলায় বলল, “পাখি নিয়ে বসেছিলে ভালো কথা! কিন্তু আমি কি তোমাকে তখন ডাকিনি? বলেছি না আমার জরুরি দরকার আছে? পৃথিবীর সব কাজ ফেলে সবার আগে আমার কাছে ছুটে আসতে হবে তোমাকে! আর ইদানিং দেখছি তোমার ওই নতুন ভিনদেশি বন্ধুর সাথে বেশ ভালোই ভাব জমে উঠেছে তাই না?”
গোলাপ এবার একটু ঝাঁঝালো গলায় বলল, “আরে ওনারা তো আমাদের বাড়ির মেহমান! মেহমানদের কি একটু হাসিমুখে আপ্যায়ন করতে হয় না নাকি?”
দিহান দাঁতে দাঁত চেপে বলল, “না, কোনো আপ্যায়নের দরকার নেই! আমার সামনে বা আশেপাশে আমার ওই গোলাপ ফুলটাকে যদি অন্য কোনো ছেলের সাথে ঘেষতে দেখি, তবে খবর আছে বলে দিলাম! তুমি শুধু আমার... কেবল আমারই!”—বলেই সে অভিমানী ভঙ্গিতে গোলাপকে ছেড়ে দিয়ে ঝটিতি ঘর থেকে বাইরে বেরিয়ে গেল।
চলবে....