ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 27

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_২৭
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌

শাপলার কথা শুনতে শুনতে কখন যে মেঠো কাঁচা রাস্তাটা ফুরিয়ে এলো, আর সামান্য একটু পথ পেরোলেই তুহিনদের বাড়ি—সে খেয়াল আর কারোই ছিল না।
অন্ধকার চত্বরে এসে তুহিন নরম স্বরে ডাকল, “শাপলা... তুমি সত্যিই ভীষণ সাহসী একটা মেয়ে! আর আজ থেকে... আমার বউ।”
শাপলা সামান্য ম্লান হাসল। তারপর খুব শান্ত গলায় বলল, “আমি সাহসী নই, তুহিন সাহেব। চারপাশের নির্মম পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এমন কঠিন হতে। আর আজ আপনি বিপদের মুখে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে বিয়ে করেছেন বলে এই অর্থ দাঁড়ায় না যে—আমার ওপর আপনি স্বামীর সমস্ত অধিকার ফলিয়ে বসবেন, কিংবা আমি এখুনি আপনাকে স্ত্রীর পূর্ণ অধিকার দিয়ে দেব। হ্যাঁ, আপনি আমার আইনি স্বামী বটে, কিন্তু এই অদ্ভুত বাস্তবতাকে মানিয়ে নেওয়ার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে।”
শাপলার এই কথাগুলো যেমন সাবলীল ছিল, তুহিনের কাছেও তা ভীষণ যৌক্তিক ঠেকলো।
সে মাথা নেড়ে সায় দিয়ে বলল, “তুমি যেমনটা চাইবে, ঠিক তেমনটাই হবে। তবে... আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে কি, শাপলা?”
শাপলা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, “হুম, বলুন।”
তুহিন আলতো গলায় বলল, “আমার মা, ছোট বোন আর আব্বার সামনে একটু স্বাভাবিক থেকো। তারা যেন মনে করে আমরা সাধারণ দম্পতির মতোই বেশ সুখেই আছি—এইটুকু কথা অন্তত আমার জন্য রেখো, প্লিজ।”
শাপলা একটু ভেবে বলল, “আচ্ছা... আমি চেষ্টা করব।”
বাড়িটার সামনে এসে দাঁড়ানোর পর সবকিছুর মাঝেও তুহিনের বুকটা যেন সামান্য কেঁপে উঠল—এই বুঝি সৎ মা নাজমা বেগম বেরিয়ে এসে তাকে তিরস্কার শুরু করেন!
সে আর কালক্ষেপণ না করে গলা চড়িয়ে ডাকতে শুরু করল, “আম্মা... ও আম্মা! মিতু, এই মিতু দরজা খোল!”
মিতুর ঘুম সবসময়ই খুব পাতলা; দু-একটা ডাক পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে জিগ্যেস করল, “কে বাইরে?”
তুহিন বাইরে থেকে জবাব দিল, “আমি রে... তোর ভাইয়া!”
ঘরের ভেতর থেকে মিতু অবাক হয়ে বলে উঠল, “ভাইয়া! তুই এত রাতে ফিরেছ?”
“হ্যাঁ রে! দরজাটা খোল আর আম্মাকে একবার বাইরে আসতে বল।”
বহু ডাকাডাকির পর অবশেষে নাজমা বেগম ঘুমচোখে বাইরে বেরিয়ে এলেন। সদ্য গভীর ঘুম ভেঙে যাওয়ায় তাঁর মেজাজ তখন চরমে—এ সময়ে কার ঘুম না ভাঙে!
মিতু দ্রুত ঘরের উঠানের ভেতরের বাতিটা জ্বেলে দিল। তারপর দরজা খুলতেই নাজমা বেগম ও মিতু একসঙ্গে বাইরে এসে দাঁড়াল। অচেনা এক কনে সাজের যুবতী মেয়েকে তুহিনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু অবাক হয়ে বিড়বিড় করে উঠল, “এ... এ আবার কে রে ভাইয়া?”
নাজমা বেগম তেলেবেগুনে জ্বলে উঠে কটূক্তি করে বলে উঠলেন, “কী রে নবাবজাদা! এত রাতে আবার কোত্থেকে কোন সর্বনাশিনীকে সাথে করে নিয়ে এলি তুই? দেখলেই তো বোঝা যাচ্ছে কনে সেজে আছে!”কার বউ এটা শুনি?
বাইরের হইচই শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন আফজাল হোসেনও। তিনি ধীরপায়ে বারান্দার কাছে এসে দাঁড়ালেন।
তুহিন শাপলার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, “আম্মা... ও হলো শাপলা। আজ আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছি।”
নাজমা বেগমের চোখের ঘুম নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল!
মিতু তখনো ঘোরের মধ্যে বলে উঠল, “ভাইয়া! তুই সত্যি সত্যি বিয়ে করেছ? আর আমাদের বললে কিনা রুহি আপার বিয়ে খেতে যাবে! অথচ নিজে গিয়ে হুট করে... বাহ্ রে ভাইয়া! আমাকেও একটা শব্দ জানাল নারে!”
নাজমা বেগম চিৎকার করে বলে উঠলেন, “বিয়ে করে ফেলেছিস মানে কী! বিয়ে কি হাতের মোয়া যে যখন-তখন রাস্তাঘাট থেকে কুড়িয়ে নিয়ে করবি? আর কার অনুমতি নিয়ে এই মেয়েটাকে তুই গলায় মালা পরালি?”
আফজাল হোসেন এগিয়ে এসে শাপলার মুখোমুখি দাঁড়ালেন।
নাজমা বেগম স্বামীর উদ্দেশ্যে তেড়ে গিয়ে বললেন, “দেখুন আপনার এই গুণধর পোলার কাণ্ড! আমাকে বা আপনাকে বিন্দুমাত্র না জানিয়ে নিজের ইচ্ছামতো একটা মেয়ে তুলে নিয়ে এসেছে! আমাদের নিজেদেরই যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে সে চলে এসেছে সংসার পাতার শখ মেটাতে! যাও, মেয়েটাকে যে যেখান থেকে ধরে এনেছিস, ওই পথেই ফেরত দিয়ে আয় বলছি!”
তুহিন আলতো করে শাপলার হাত ধরে ফিসফিস করে বলল, “শাপলা... ইনি আব্বা। একটু সালাম করো তো।”শাপলা বলল আপনার আব্বাকে আমি চিনি, আফজাল হোসেন বলল ও তুমি মেয়েটা না
জী আমি, মিতু বলল কোন মেয়েটা কাছে এসে দেখে শাপলা নামক রুহি, ও আপু তুমি,নাজমা বলল কে এই মেয়ে সবাই চিনো আর আমি চিনিনা
শাপলা বিনীতভাবে মাথা নিচু করে হাত জোড় করে বলল, “আসসালামু আলাইকুম ো... মানে আব্বা।”
আফজাল হোসেন স্নেহের সুরে জবাব দিলেন, “ওয়ালাইকুম আসসালাম মা... দীর্ঘজীবী হও।” তারপর তিনি নাজমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, “বিয়ে যখন করে ফেলেছে, তখন আর চেঁচামেচি করে লাভ কী! মিতু, বউমাকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে বসতে দে তো!”
নাজমা বেগম মুখ গোমড়া করে বিড়বিড় করতে লাগলেন, “আহা! গায়ে মানে না আপনি মোড়ল! এত কাণ্ড ঘটে গেল আর আপনি কিনা ছেলের বউ হিসেবে মেনেও নিলেন!”
আফজাল হোসেন স্ত্রীর কথার প্রতিবাদ করে বললেন, “তোমার শাশুড়ির মেজাজ একটু বেশি, ওসব নিয়ে ভেবো না মা। ঘরে যাও, গিয়ে একটু জিরিয়ে নাও, কাল সকালে বাকি কথা হবে।”—বলেই তিনি নিজের ঘরের দিকে ফিরে গেলেন।
মিতু তখন সানন্দে শাপলার হাত ধরে তুহিনের সেই ছোট টিনশেড ঘরের দিকে এগিয়ে গেল।
যাওয়ার আগে আফজাল হোসেন দূর থেকে শুধু বলে গেলেন, “বিয়ে তো করেছিস ভালো কথা, কিন্তু এরপর তো সংসার চালাতে হবে! দিনমজুরির কাজ করি, বউটাকে দুবেলা দুমুঠো খাওয়াবি কী দিয়ে রে তুহিন?”—বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন।
নাজমা বেগম তখনো ক্ষিপ্ত হয়ে বিড়বিড় করে বলে উঠলেন, “শোন কথা! কোনো বাপের বাড়ির ঠিকঠিকানা নেই, একটা পয়সার যৌতুক এনেছে কি না তার কোনো ঠিক নেই! তুহিন, সাফ কথা বলে দিচ্ছি—এই বউ আমি মানি না! হয় বাপের বাড়ি থেকে ভালোমতো যৌতুক নিয়ে আসবি, নয়তো এই মেয়েটাকে এখনই তালাক দিয়ে বিদায় করবি!”
তুহিন খুব ধীর ও শক্ত গলায় জবাব দিল, “তালাক দেওয়ার জন্য আমি কাউকে বিয়ে করি নাই, আম্মা।”
কথাটা শেষ করে সে আর এক মুহূর্তও দাঁড়াল না, সোজা নিজের ঘরের দরজায় গিয়ে প্রবেশ করল।
ঘরের ভেতর তখনো এক স্নিগ্ধ আলোড়ন। বিছানায় চুপচাপ বসে আছে শাপলা। মিতু তার পাশে বসে নানা কথামতো সান্ত্বনা ও কৌতূহল প্রকাশ করতে লাগল, কিন্তু শাপলা মুখে টু শব্দটিও করল না—সবকথাই সে কেবল নীরবতা দিয়ে এড়িয়ে গেল।
কিছুক্ষণ পর তুহিন ঘরে প্রবেশ করতেই মিতু ভ্রূ কুঁচকে দুষ্টুমি করে বলে উঠল, “বাহ্ রে ভাইয়া! তলে তলে এত বড় প্রেম করে ফেললে, অথচ আমাদের বললে রুহি আপার বিয়ে খেতে যাচ্ছিস! আর গিয়ে কিনা নিজেই তার স্বামী হয়ে বসলি! ছোট একটা বোন ঘরে ছিল, তাকে অন্তত একটা কথা জানাতে পারতে না?”
তুহিন ক্লান্ত মুখে ধমকের সুরে বলল, “মিতু! আর ওকে রুহি না এখন থেকে শাপলা ভাবী বলবি! আমরা যখন আবার সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করব, তখন তোকেও নিমন্ত্রণ করবখন। এখন অনেক রাত হয়েছে, তুই তোর ঘরে গিয়ে ঘুমা !”
মিতু ঠোঁট উল্টে ব্যঙ্গ করে বলল, “ওহ! এখন তো দেখি বউ আসতেই আমাকে একেবারে তাড়িয়ে দেওয়া হচ্ছে! আচ্ছা বাবা, থাকছি না তোমার সাথে!”—বলেই সে খিকখিক করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল।
মিতু বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তুহিন সশব্দে ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিল।
এরপর সে ব্যাগ থেকে পরম যত্নে সেই হলুদ বেনেবউ পাখিটাকে বের করে খুব সাবধানে তার নিজস্ব খাঁচায় রেখে দিল। তারপর শাপলার মুখোমুখি দাঁড়িয়ে একটু দ্বিধা নিয়ে বলল, “আমি জানি... এই জরাজীর্ণ গরিবের কুঁড়েঘরে তোমার মতো একটা মেয়ের মানিয়ে নেওয়াটা ভীষণ কষ্টকর হবে। তবুও... যেমন করেই হোক, একটু কষ্ট করে মানিয়ে নিও, শাপলা।”
শাপলা চৌকির এক কোণে উদাসীনভাবে তাকিয়ে থেকে বলল, “যেহেতু আমার জীবনের এই সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমার নিজের মতামত না নিয়েই হয়েছে, তাই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া ছাড়া তো আমার আর কোনো পথ খোলা নেই। আচ্ছা... আমি একটু হাত-মুখ ধুতে চাই।”
“আমার সাথে এসো,”—বলে তুহিন তাকে বাড়ির পেছনের কলপারের দিকে নিয়ে গেল।
কলপারে পৌঁছানোর পর তুহিন নিজে হাত দিয়ে চেপে টিউবওয়েল থেকে পানি তুলে দিল, আর শাপলা খুব যত্নে ঠান্ডা পানিতে হাত-মুখ ও ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে আবার ঘরে ফিরে এল। শাপলা ঘরে ঢোকার পর তুহিন ভেতর থেকে আবার দরজায় শিকল তুলে দিল।
ঠিক সেই মুহূর্তেই শাপলার স্মার্টফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখা গেল বড় অক্ষরে ভেসে উঠেছে—‘বাবা’। একটানা দুবার রিং হয়ে কেটে গেল, কিন্তু শাপলা ফোনটা হাতে নিয়েও একবারের জন্য রিসিভ করার বিন্দুমাত্র চেষ্টা করল না।
তুহিন একটু উদ্বেগের সাথে বলল, “বাবা ফোন করছেন... ফোনটা কি একবার ধরা উচিত নয়?”
শাপলা নিরুত্তাপ গলায় ফোনটা তুহিনের হাতে বাড়িয়ে দিয়ে বলল, “আপনার ইচ্ছে হলে আপনিই ধরে কথা বলুন।”
তুহিন আর কথা বাড়াল না, ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করল; কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসার আগেই সে নিজেই সংযোগ বিচ্ছিন্ন করে দিল।
ঘরে ফিরে আসার পর শাপলা ক্লান্ত হয়ে চৌকির একপাশে চুপচাপ বসে রইল। তুহিন তখন নিজের জন্য মেঝেতে একটা পরিষ্কার পাটি বিছিয়ে তার ওপর একটা বালিশ টেনে বসল।
তা দেখে শাপলা সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে উঠল, “আরে! আপনার নিচে শোয়ার কোনো প্রয়োজন নেই! খাট তো বেশ বড়... আপনি ওই মাথার দিকে শোবেন, আর আমি এই মাথায় থাকব।”
তুহিন মাথা নেড়ে মৃদু হেসে বলল, “না না, আমি নিচেই বেশ আরামেই ঘুমাতে পারব।”
কিন্তু শাপলা নাছোড়বান্দা হয়ে জোর দিয়ে বলল, “না! আপনাকে উপরেই বিছানায় থাকতে হবে।”
শাপলার বারবার পীড়াপীড়িতে তুহিন আর কথা বাড়াল না। সে খাটের এক কোণে একটু জায়গা করে বালিশটা নিয়ে শুতে যাবে, এমন সময় শাপলা অস্বস্তি নিয়ে বলে উঠল, “আচ্ছা... আমি কি কনে সাজের এই ভারী ভারী গয়না আর ভারি শাড়িটা পরেই সারারাত শুয়ে থাকব নাকি? এগুলো পরে আমার পক্ষে এক ফোঁটাও ঘুমোনো সম্ভব নয়! একটু হালকা কোনো পোশাক থাকলে বলুন, আমি বদলে নিই।”
তুহিন চিন্তায় পড়ে গেল—কথাটা তো একশভাগ সত্যি! কিন্তু সে তো অবিবাহিত এক একা মানুষ, ঘরে তো মেয়েদের কোনো কাপড়চোপড় থাকার কথা নয়। সে একটু ভেবে আলমারির ওপর হাত বাড়াল। তারপর সেখান থেকে পলিথিনে মোড়ানো পেঁচানো একটা ধূসর রঙের পুরোনো শাড়ি সন্তর্পণে নামিয়ে আনল।
প্যাকেটটা খুলে শাপলার দিকে বাড়িয়ে দিয়ে সে নরম গলায় বলল, “আপাতত আজকের রাতটা তুমি এটা পরে নাও! কাল সকালেই আমি বাজারে গিয়ে তোমার জন্য নতুন কাপড় কিনে আনবখন।”
শাড়িটার দিকে এক পলক তাকিয়ে শাপলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “এটা... এটা কার কাপড়?”
তুহিন একটু থেমে বলল, “আমার আম্মার... মানে আমার নিজের মায়ের!”
শাপলা অবাক হয়ে জিজ্ঞেস করল, “আপনার মা তো অন্যরকম রাগী মানুষ! উনি দেখলে তো সকালেই আমাকে বকাঝকা করবেন!”
তুহিন মাথা নেড়ে খুব মায়াবী সুরে বলল, “না, উনি আমার সৎ মা... মিতুর জন্মদাত্রী মা। এই শাড়িটা আমার নিজের জন্মদাত্রী মায়ের, যিনি মারা গেছেন আজ থেকে প্রায় আটারো বছর আগে, যখন আমার বয়স মাত্র আট বছর ছিল।”
শাপলা এই ছোট্ট কথাটা শোনার পর পলকহীন চোখে তুহিনের মুখের পানে চেয়ে রইল। সে বুঝতে পারল, এতগুলো বছর ধরে ছেলেটি পরম যত্নে তার মায়ের এই স্মৃতিচিহ্নটুকু বুকে আগলে রেখে দিয়েছে।
সে খুব আলতো করে শাড়িটা নিজের দুই হাতের তালুতে তুলে নিয়ে অবাক হয়ে বলল, “এতগুলো বছর ধরে... এত যত্ন করে আপনি এটা এভাবেই রেখে দিয়েছেন?”
তুহিন খুব ছোট করে কেবল একটা শব্দ উচ্চারণ করল—“হুম।”
এরপর তুহিন ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেল, যাতে শাপলা স্বাচ্ছন্দ্যে পোশাক বদল করে নিতে পারে। শাপলা ঘরের এক কোণে দাঁড়িয়ে সেই ধূসর রঙের পুরোনো শাড়িটা খুব যত্নে নিজের গায়ে জড়িয়ে নিল।
কিছুক্ষণ পর শাপলার অনুমতি নিয়ে তুহিন যখন আবার ঘরে প্রবেশ করল, তখন সেই সাধারণ বাঙালি আটপৌরে শাড়িতে শাপলাকে অসাধারণ সুন্দর লাগছে! এক পলক তাকিয়ে তুহিনের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এল, “তোমাকে আজ সত্যি ভীষণ সুন্দর লাগছে... বেনেবউ!”
শাপলা একটু লজ্জা মিশ্রিত ক্ষোভ নিয়ে ভ্রূ কুঁচকে বলল, “আমার নাম বেনেবউ নয়! ওই পাখিটা হলো আপনার আসল বেনেবউ, যে ওই খাঁচার ভেতরে বন্দি!”
তুহিন মিষ্টি হেসে চোখ টিপে বলল, “তা ঠিক! তবে এই মুহূর্তে আমার ঘরের আসল বেনেবউ তো তুমিই।”
শাপলার মনে তখন দীপ্তির মৃত্যু, মারুফের বিশ্বাসঘাতকতা আর জোর করে ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া এই বিয়ের নানা গ্লানি জমা হয়ে আছে; সে কষ্টের মাঝেও এক চিলতে হাসার ব্যর্থ চেষ্টা করল।
তুহিন তখন নিজের গায়ের খাদি পাঞ্জাবিটা খুলে ফেলল; ভেতরে তার পরা ছিল একটা সাধারণ সাদা রঙের গেঞ্জি। পাঞ্জাবির পকেট থেকে হাত ঢোকাতেই তার হাতের ছোঁয়া লাগল মাসুদ রহমানের দেওয়া সেই খামের গায়ে—যেখানে সেই দুই লাখ টাকার বান্ডিলটা সযত্নে রাখা ছিল! শাপলার চোখের আড়ালে অত্যন্ত সন্তর্পণে সে টাকাটা তুলে সোজা চৌকির তোশকের নিচে গুঁজে রাখল।
এরপর খাটের অন্যপ্রান্তে শাপলা ধীরে ধীরে শুয়ে পড়ল। শুয়ে পড়ার আগে সে নিচু গলায় বলল, “ঘরের লাইট একটু বন্ধ করে দিন তো... আলোয় চোখে লাগছে।”
তুহিন বিনা বাক্যে সুইচ টিপে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিল।
চারপাশটা নিমেষেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। তুহিনের সেই টিনশেড ঘরের চালের এক পাশে যে মস্ত বড় ফুটোটা ছিল, তার ঠিক নিচ দিয়েই রাতের খোলা আকাশের অজস্র তারা পরিষ্কার দেখা যাচ্ছে।
তুহিন অন্ধকারেই মৃদুস্বরে বলে উঠল, “একটু মানিয়ে নিও, শাপলা... আমাদের ঘরের চালের ওই জায়গাটাতে একটা বড় ফুটো আছে তো, তাই...”
শাপলা তার পাশ থেকে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, “বেশ তো! কি সুন্দর... বিছানায় শুয়ে শুয়েই খোলা আকাশের তারা আর ওই এক সথে ফালি চাঁদ হালকা স্পষ্ট দেখা যাচ্ছে!”
তুহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, “ভাগ্য হয়তো তোমার এমনই ছিল, তাই তোমায় এমন জীর্ণ কুঁড়েঘরে টেনে এনে ফেলল।”
শাপলা তখন অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। তুহিন তার মন হালকা করার জন্য খুব নরম ও মায়াবী কণ্ঠে বলল, “আচ্ছা শাপলা... তোমাকে একটা গান শোনাব?”
শাপলা একটু অবাক হয়ে বলল, “জি... শুনান!”
রাতের গভীরতা আর প্রকৃতির নিঃসীম নীরবতার সাথে মিলিয়ে তুহিন তার অত্যন্ত নিচুগলায় গেয়ে উঠল—
“আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে— আবার জোছনা ছুইয়া পড়ে, হাত বাড়াইয়া ডাকে... হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না— ‘আমার কাছে আইলে বন্ধু, আমারে পাইবা...!’”
গান থামিয়ে তুহিন একটু থেমে বলল, “আচ্ছা শাপলা, তুমি মানুষটা কতখানি শক্ত বলো তো! এত বড় একটা ঝড় বয়ে গেল তোমার ওপর দিয়ে, অথচ তোমার চোখের জল ছাড়া আমি তেমন কোনো গভীর ভাঙন দেখলাম না।”
শাপলা অন্ধকারে মৃদু হেসে বলল, “ম্যাচিওরটি কাকে বলে জানেন, তুহিন সাহেব? যখন মনের ভেতর একটা আস্ত দাবানল বা জ্বলন্ত আগুনের ফুলকি আপনাকে ভেতর থেকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, অথচ আপনার ঠোঁটের কোণে লেপ্টে থাকবে এক ফালি স্নিগ্ধ ও শান্ত হাসি—তখনই মানুষ পরিপক্ব হয়ে ওঠে।”
পরদিন সকাল ঠিক নয়টা।
তুহিন ভোরে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠেছে। সকাল সকাল সৎ মা নাজমা বেগমের সাথে তার সামান্য কথা কাটাকাটি হয়ে গেছে—সে কঠোরভাবে বলে দিয়েছে শাপলাকে যেন কেউ সকাল সকাল অযথা ডেকে বিরক্ত না করে।
ঘুম থেকে উঠেই সে গরুর জাবনা দেওয়ার কাজটা সেরে নিয়েছে, তারপর সোজা বিলের পাড়ে নিজের দুটো জমিতে গিয়ে সার ছিটানোর কাজ শেষ করে এসেছে। গত রাতে শুয়ে শুয়ে সে অনেক ভেবেছে—সে আর একা নয়, তার একজন স্ত্রী আছে, তাকে দুবেলা পেটপুরে খাওয়ানোর দায়িত্বও তার নিজের কাঁধে। তাই সে আর কোনোদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে না। পড়াশোনার পাট আপাতত চুকিয়ে সে পুরোদমে কায়িক পরিশ্রমে নেমে পড়বে, জমিজমা চাষবাস করবে, আর সেই উপার্জিত টাকায় শাপলাকে পড়াবে।
এদিকে ঘরের ভেতরে বেনেবউ পাখির কিচিরমিচির আওয়াজে শাপলার ঘুম ভেঙে গেল। সারারাত একটা সম্পূর্ণ অচেনা পরিবেশ ও নতুন মানুষের সাথে এক ঘরে কাটানোর কারণে তার ঠিকমতো চোখই লাগেনি; ফজর আজানের ঠিক আগে সামান্য একটু ঘুম এসেছিল তার।
চোখ মেলে সে পাশে তাকাল—তুহিন বিছানায় নেই।
শাপলা আস্তে করে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিল। নিজের ফোনটা হাতে নিয়ে সে দেখল গত রাতে বড়ির ফোন থেকে কয়েক বার ফোন এসেছিল! সে দ্রুত স্ক্রিনটা লক করে একপাশে রেখে দিল।
ইতিমধ্যে তুহিনের বিয়ের খবরটা গ্রামের বাতাস ছুঁয়ে আশেপাশের মানুষের কান পর্যন্ত পৌঁছে গেছে। গ্রামীণ প্রথা অনুযায়ী এলাকার দু-চারজন উৎসাহী প্রতিবেশী ও মহিলারা ইতিমধ্যেই বউ দেখতে বাড়িতে এসে ভিড় জমিয়েছে!
শাপলা নিজের পোশাকটা একটু ঠিকঠাক করে নিয়ে চৌকি থেকে উঠে দাঁড়াল। তারপর খাঁচার দরজা খুলে সেই হলুদ বেনেবউ পাখিটাকে ঘরে ডানা মেলতে মুক্ত করে দিল। খাঁচা থেকে বেরিয়ে পাখিটা আনন্দে ঘরজুড়ে ওড়াউড়ি শুরু করল। শাপলা আলতো পায়ে হেঁটে গিয়ে তুহিনের সেই শখের মানিপ্ল্যান্ট গাছগুলোর সবুজ পাতায় নিজের আঙুল রাখল—গাছগুলোর সতেজতা তার মনে কেমন যেন এক অচেনা শান্তি এনে দিল।
এরপর সে ঘরের দরজাটা একটু ফাঁক করে বাইরে পা রাখল।
বাইরে উঠানে দাঁড়িয়ে থাকা নাজমা বেগমসহ একদল উৎসুক প্রতিবেশী মহিলা তাকে দেখা মাত্রই টিপ্পনি কেটে বলে উঠলেন, “ওই দেখো! জমিদার বাড়ির মহারানি বউ অবশেষে ঘর থেকে পা বের করেছে!”
লোকজনের সেই ভিড় ঠেলে মিতু দৌড়ে এসে শাপলার হাত ধরে ফেলল। সে কড়া গলায় উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, “আপনারা কি একটু শান্ত হবেন? ভাবি সবেমাত্র ঘুম থেকে উঠেছে, একটু হাত-মুখ ধুয়ে ফ্রেশ তো হতে দিন! আর আপনাদের কি এখন আর কোনো কাজ নেই যে সকাল সকাল বউ দেখতে হাজির হয়েছেন? যান, নিজের নিজের বাড়িতে গিয়ে রান্না সামলান গে! এত কৌতূহল ভালো না!”
মিতুর এমন ঝাঁঝালো কথা শুনে উঠানে জমা হওয়া মহিলারা একটু থমকে গেল এবং নিজেদের মধ্যে ফিসফিস করতে করতে আস্তে আস্তে সরে পড়তে লাগল।
নাজমা বেগম দূর থেকে মুখ বাঁকিয়ে বিড়বিড় করলেন, “বেশ কোরেছে!সত ভাইয়ের চেয়ে আবার ভাবির দরদ উথলে উঠেছে!”
মিতু শায়েরি ভঙ্গিতে মায়ের কথার উত্তরে বলল, “আম্মা! সারাদিন খালি ওই এক কথা তোমার মুখে ভালো লাগে না! এসো ভাবি, তোমাকে কলপারে নিয়ে যাই।”
শাপলা কোনো কথা না বলে কেবল একটু ম্লান হেসে মিতুর সাথে নীরবে কলপারের দিকে হেঁটে চলল।

চলবে।।।।্

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন