ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 3

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৩

সকাল পাঁচটা কুড়ি মিনিট।
সেনানিবাসের প্রশস্ত প্যারেড গ্রাউন্ড ভারী হয়ে উঠেছে ক্যাডেটদের ছন্দময় পদক্ষেপের মাটি কাঁপানো শব্দে। ভোরের কুয়াশা ভেদ করে প্রকট হতে লাগল সারিবদ্ধভাবে দাঁড়ানো ক্যাডেটদের দেহ-কাঠামো।

"এক... দুই... তিন... চার! লেফট-রাইট-লেফট! স্পিড বাড়াও ক্যাডেটস!"

প্রশিক্ষণদাতার তীক্ষ্ণ বাঁশির শব্দ আর সজোরে উচ্চারিত স্পষ্ট নির্দেশ কুয়াশাচ্ছন্ন প্রত্যুষের নিরবতা ভেদ করে দূর-দূরান্তে প্রতিধ্বনি হতে লাগল। কেবল কুড়ি মিনিট হবে প্যারেড আরম্ভ হয়েছে। হাড়-কাঁপানো এই শীতে তাদের লেপ-কম্বল মুড়ে ঘুমানোর কথা ছিল। পৌষ মাসের ঠকঠকে সমীকরণের দোলায় কারোরই হাত-পা গরম হওয়ার নাম-গন্ধ নেই, বিধায় ঠান্ডা জমে অনড়প্রায় চলমান অঙ্গগুলিও নাড়াচাড়া করতে নারাজ!

মেয়েদের সারি যেখানে শেষ হয়েছে ছেলেদের সারি সেখানে শুরু। চিত্রলেখার দণ্ডায়মান সারি বরাবর বিহান দাঁড়িয়েছে। অর্থাৎ চিত্রলেখার ঠিক পেছনে দাঁড়ানো সে। আড়চোখে একবার দেখে নিল তৃধাকে। পেছনে নীরব দাঁড়িয়ে ডান পা, বাম পা করছে। একবার জমিন থেকে পা তুলছে ফের নামাচ্ছে। সে দাঁড়াতে চেয়েছিল নীরব'কে প্রতিস্থাপন করে ঠিক সেই জায়গায়। কিন্তু তার বান্ধবী? পুরো একটা খাইষ্ঠা মহিলা! তার মনোকল্পনা আন্দাজ করতে পারে তৃধা খ্যাকখ্যাক করে উঠেছিল। প্রায় তাড়িয়ে দিয়েছে বলেই চলে!

"আজ চারদিন যাবত হাতে ফোন নেই। কিন্তু আমার তো গার্লফ্রেন্ড আছে। চব্বিশ ঘন্টাই কথা বলতে হয়। হাতে ফোন না থাকলে কথা বলব কীভাবে? আমার প্রেম টিকবে বল?"

বিহান মৃদু আর্তনাদ করার ভং ধরে আড়চোখে ফের তৃধার পানে চাইল। বেচারা তার খাইষ্ঠা বান্ধবির মুখাবয়বের পরিবর্তন হলো কিনা বুঝতে পারল না। সামনে থেকে প্যারেডের কারণে চিত্রলেখা হাঁফাতে হাঁফাতে বলল,

"ওয়াশরুমে গেলে কী করিস?"

"ছিহ! ওটা কি কথা বলার জায়গা?"

"তাহলে চব্বিশ ঘন্টা হয় কীভাবে?"

বলেই চিত্রলেখা ডান পাশে ঈষৎ ঘাড় ঘুরিয়ে বিহানের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল। বিহান প্রত্যুত্তর করল না। কিছু বলেও শান্তি নেই। এবার মুখ খুললে বোধ হয় আরেকটা ভুল ধরবে!

প্রশিক্ষণদাতাদের মধ্য থেকে সার্জেন্ট এর পাশে দাঁড়ানো লেফটেন্যান্টকে প্রশিক্ষণ প্রার্থীদের দিকে এগিয়ে আসতে দেখে বিহান ইশারায় জানাল, সামনে ফিরতে। তবে চিত্রলেখা তার ইঙ্গিতপূর্ণ বচন বুঝল না। বরং বিরক্তিতে ভ্রুকুঞ্চন করে তাকাল। লেফটেন্যান্ট ততক্ষণে চিত্রলেখার সম্মুখে এসে দাঁড়িয়েছে। বিহান'কে যন্ত্রের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রলেখা বিব্রত হয়ে ঘাড় ঘুরিয়ে সম্মুখে তাকাল। শক্তপোক্ত অবয়ব দেখে কিছুটা ভড়কে গেল। প্রথমেই দৃষ্টিতে কড়া নাড়াল পোশাকের গাত্রে এঁটে থাকা ডান পাশের নেমপ্লেট'টা 'লেফটেন্যান্ট নিখিল'।

ভয় পেল সে। ক্যাডেটের নিয়ম ভঙ্গের শাস্তি সম্পর্কে অবগত সে। তার উপর শেষোক্ত বাক্য তার জবান হতেই উচ্চারিত হয়েছে। বাঁশ খেলে তো সে-ই খাবে!

অবস্থান পরিবর্তন না করেই লেফটেন্যান্টের কড়া আদেশ ভেসে এলো কানে,

"স্টপ!"

সাথে সাথেই সকলের তালে বিঘ্ন ঘটল, থেমে গেল সারিবদ্ধভাবে প্যারেডরত কতকগুলি পাদযুগল।

লেফটেন্যান্ট নিখিলের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে তাকিয়ে মনে হলো, যেন কোনো অলঙ্ঘনীয় পাহাড়ের মুখোমুখি এসে দাঁড়িয়ে আছে সে। ল্যাফটেন্যান্টের বরফ-শীতল চাহনি চিত্রলেখার চোখ ছাড়িয়ে এক মুহূর্তের জন্য পেছনের বিহানের ওপর গিয়ে পড়ল। কণ্ঠে নিখাদ কাঠিন্য টেনে বলে উঠল,

"ক্যাডেট বিহান!"

​লেফটেন্যান্ট নিখিলের গমগমে কণ্ঠটা ভোরের নিস্তব্ধ কুয়াশায় যেন চাবুকের মতো আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে বিহান সিনা টান টান করে দাঁড়িয়ে সে দৃষ্টি সোজা বরাবর স্থির করল,

​"ইয়েস, স্যার!"

অথচ চিত্রলেখাকে কিছু বলল না। গম্ভীর গলায় ডাকল বিহানকে আর তাতেই যেন তার শিরদাঁড়া দিয়ে বরফশীতল এক স্রোত বয়ে গেল। নিখিল চিত্রলেখাকে ডিঙিয়ে বিহানের কাছাকাছি দাঁড়াল। লেফটেন্যান্ট'কে সরে যেতে দেখে চিত্রলেখা হাঁফ ছেড়ে বাঁচল।

"প্যারেড গ্রাউন্ড কি কোনো আলোচনার আড্ডাখানা? আপনি এখানে সামরিক শৃঙ্খলা শিখতে এসেছেন, নাকি সামনের ক্যাডেটের সঙ্গে কুশল বিনিময় করতে?"

বিহান জবাব দিতে পারল না। তার আগেই আবারো বজ্র কণ্ঠ ভেসে এলো,

"গুনে গুনে ত্রিশবার পুশ-আপ দিয়ে সুশৃঙ্খল পরিবেশে ব্যাঘাত সৃষ্টির করার জন্য মাশুল চুকাবেন। একটা কম পড়লে আরো দশ করে বাড়বে। রাইট নাও!"

"ইয়েস, স্যার!"

দলবদ্ধ সারি হতে বিচ্ছিন্ন হয়ে বিহান চলে কিছুটা দূরে। বিহান দাঁতে দাঁত চেপে, চোখ দুটো বুজে পুরো শরীরের জোর দুই হাতের তালুতে নিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ওপরে-নিচে তুলছে। সেই সাথে মুখ ফুটে জোরে জোরে সংখ্যা গণনাও করছে। নিখিল সেদিকে একবার ঘুরে বিহান'কে দেখে নিল। তারপর দৃষ্টি ফেরাল চিত্রলেখার দিকে,

​"ক্যাডেট লাইফ মানেই শৃঙ্খলার চরম পরীক্ষা। এখানে সেকেন্ডের চেয়ে ক্ষুদ্র সময়টুকুর জন্য হলেও অমনোযোগিতা অপরাধ। এক রাউন্ড অতিরিক্ত পুশ-আপ নাকি পুরো মাঠ তিন চক্কর দৌড়। কোনটা পছন্দ আপনার?"

​চিত্রলেখা ঢোক গিলল। হাত দুটোকে সজোরে মুষ্টিবদ্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল,

"সরি, স্যার! আর ভুল হবে না।"

​নিখিল কিছুক্ষণ চুপচাপ তার দিকে চেয়ে রইল। তীব্র শীতেও চিত্রলেখার কপালে জমতে থাকা ঘামের বিন্দুগুলো লোকটার চোখ এড়ালো না। গলার গম্ভীর ভাব খানিকটা বজায় রেখেই নিখিল বলল,

​"শাস্তি থেকে রেহাই কেবল একবারই মেলে, ক্যাডেট। মনোযোগ প্যারেডে দিন। লেফট টার্ন!"

​কথাটা বলেই নিখিল নিখুঁত পদক্ষেপে সামনের দিকে এগিয়ে গেল। পুনরায় শুরু হলো মাটিতে পদাঘাতের সশব্দ,

"এক... দুই... তিন..."
_

"পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলার জন্য কে আগে কথা বলবে? ছেলে নাকি মেয়ে?"

পায়েল ভ্যাবাচ্যাকা খেয়ে উল্টো প্রশ্ন করে বসল, "এটা আবার কেমন প্রশ্ন? তোর লেখা উপন্যাসের নতুন কোনো পার্ট নাকি?"

এত সংবেদনশীল একটা মুহূর্তে এসে বান্ধবীর বোকাসোকা প্রশ্নে প্রমি বিরক্ত না হয়ে পারল না। তবে আমলে নিল না। বরং গম্ভীরমুখে বলল,

"এটা একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন!"

ফোনের ওপাশে ভাবগম্ভীর কণ্ঠে পায়েল এতটুকু বুঝতে পারল, কারণ যেটাই হোক! বান্ধবী তার বিরাট সিরিয়াস বিষয়টা নিয়ে! তবে ছেলেদের প্রসঙ্গ উঠলে সহজাত মেয়েলি তাড়না থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গি নিয়ে অমনি বলে উঠল পায়েল,

"অফকোর্স, ছেলেটা!"

ফোনের ওপাশে থেকেও পায়েল স্পষ্ট বুঝতে পারল, তার কথা শেষ হতে না হতেই তার বান্ধবী ব্যাঙ এর মতো লাফিয়ে উঠেছে। বান্ধবীর মহান চিন্তাধারা হুবহু কারো সাথে মিলে যাওয়ায় বান্ধবি খুশি বাক-বাকুম করে চিল্লিয়ে উঠল,

"এক্সজ্যাক্টলি, ঠিক তাই! কিন্তু আমি সেটা কাউকে বুঝতেই পারছি না।"

বান্ধবির শেষাক্ত বাক্যে তীব্র হতাশা আর বেদনা ঝরঝর করে ঝরে পড়ল।

"কেন? তোর কি বিয়ে ঠিক হয়েছে?"

প্রমি জবাব দিতে পারল না। তার মা ঘর থেকে চিল্লা-পাল্লা করছে। অর্থাৎ তার নাম ধরে ডাকাডাকি করছে। টু-টু করে লাইন কেটে দিয়ে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে সে মায়ের কামরার দিকে পা বাড়াল।

"কি হয়েছে, মা? ডাকছিলে কেন?"

"জমিদার ব্যাটার একমাত্র মাইয়া দেখে আমার গোষ্ঠী উদ্ধার করব বলেই ডাকছিলাম!"

সে ঠিকি বুঝতে পারল, মায়ের অগ্নিমূর্তি ধারণ করার কারণটা! মা তীক্ষ্ণ চাহনি ফেলে বাজখাঁই গলায় ফের বলে উঠলেন,

"কার সাথে কথা বলছিলি?"

"পায়েলের সাথে!"

"হ্যাঁ, ভার্সিটির বাইরে-ভেতর যত বান্ধবী আছে সবার সাথে কথা বলবি। শুধু যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবি না!"

কথাটা বলেই টেবিলের বইখাতা সব একসঙ্গে তাক এ ঢুকাতে লাগলেন। প্রমি দৌড়ে এসে বলল,

"মা, বই আর খাতা আলাদা আলাদা করে রাখো। হাতের নাগালে পেতে সুবিধে হবে।"

"বইপত্র কীভাবে গোছাতে হবে, এটা তোর কাছ থেকে শিখতে হবে আমার? বাড়িঘর তো সব জঙ্গল করে রাখিস। ঘুম থেকে উঠে বিছানা অবধি তুলিস না। শ্বশুরবাড়িতে তোকে চাঙ্গে উপর তুলে রাখ..."

যথেষ্ট উত্তপ্ত গলায় ঝারি মারা শেষে থেমে গেলেন। হঠাৎ সুর পাল্টে শান্ত কণ্ঠে বললেন,

"ভালো কথা, ছেলেটার সঙ্গে কথা হয়েছে তোর?"

প্রমি মিন মিন করে বলল,"না।"

"নাহ?"

আবারও সেই তপ্ত মেজাজ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রমি ফট করে বলে উঠে,

"আমাকে আগে কল না দিলে, আমি কীভাবে কথা বলব? তাছাড়া আমি মেয়ে হয়ে যেচেপড়ে কেন কথা বলতে যাব?"

"এই একসপ্তাহে একবারও কথা হয়নি?"

"না"

"ছেলেটা একবারও কল দেয়নি?"

"দিয়েছিল, একবার।"

"তুই তখন কোথায় ছিলি?"

"বাথরুমে!"

বলেই প্রমি নিরীহভাবে তাকাল। কারণ তার মা আবার ক্রোধান্মত্ত হবেন। কিন্তু না এমন কিছুই হলো। মা কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে নরম গলায় বোঝানোর সুরে বলতে আরম্ভ করলেন,

"বাস্তব ক্ষেত্রে, বিয়ে জিনিসটা একটু জটিল। এই যে কথাবার্তা পাকাপোক্ত হওয়ার একসপ্তাহ হতে চললো। কিন্তু তোদের মধ্যে যোগাযোগের কোনো খবর নেই! তুই কী ভেবেছিস এটা নিয়ে কথা উঠবে না ভবিষ্যতে? একটা সম্পর্ক কী দুজনের মাঝেই সীমাবদ্ধ? ছেলেটা তোকে কল করেছিল। তুই ধরিস নি, তুই কী কলব্যাকটা অবধি করতে পারতি না? সম্পর্ক কখনো ইগো আর নিয়মের উপর টিকে থাকে না। বোঝাপড়া করে নেওয়াটাই ভালো।"

প্রমি মনোযোগ দিয়ে শুনল মায়ের কথা। খারাপ না, ভালোই বলেছে। বুঝলও সে। কিন্তু ওই যে শয়তানের লাড়া! বিদ্রোহ করে উঠল সে,

"কিন্তু মা, কেউ কেবল একবার কল দিলেই যেচে পড়ে কল ব্যাক করতে হবে? তাও আবার আজ নয়, কাল দিয়েছিল। পরে ভাববে না যে, মেয়েটা ওর সাথে কথা বলার জন্য একদম উন্মুখ হয়ে বসে আছে? আমাকে ছ্যাঁচড়া ভেবে থাকলে, তখন?..."

বাকি কথা বলতে পারল না। মায়ের শান্তশিষ্ট লক্ষ্মী রূপ উবে গেছে। তোশকের নিচ থেকে তিনি বিছানা ঝাড়ার শলার ঝাড়ু বের করছেন। প্রমি আর দাঁড়াল না, এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো।

এই দামড়ি বয়সে তাকে সবাই নিজ উদ্যোগে ছেলের সাথে কথা বলার জন্য জোরাজোরি করছে। শুধু কী জোরাজোরি? মা তো একপ্রকার হুমকি দিচ্ছে! হুহ্‌! এখন কেন? ক্লাস নাইনে পড়াকালীন একবার বান্ধবিদের দেখাদেখি প্রেম করেছিল। সেই প্রেম একসপ্তাহও টিকেনি। কীভাবে যেন তার মা জেনে গিয়েছিল। এরপর? কেউ-ই বিশ্বাস করবে না! এমন কেলানি খেয়েছিল যে, ক্লাস ফাইভে নির্বাচনী পরিক্ষার বিজ্ঞান বিষয়ে ডাব্বা মারার পরও সে-পরিমাণ কেলানি খেয়েছে কিনা সন্দেহ আছে!

সেই ঘটনার পর প্রমি মনে মনে প্রতিজ্ঞা করেছিল, জীবনে আর যাই হোক! কোনো পুরুষজাতীয় প্রাণীর সঙ্গে আলাপ করে ইতিহাস সাক্ষী করা কেলানি খেতে যাবে না!

বিছানায় ছুঁড়ে ফেলা ফোনটার দিকে তাকিয়ে প্রমি দীর্ঘশ্বাস ফেলল। এখন তাকে লোকটাকে কল করতে হবে? আচ্ছা, সরাসরি কল না করে টেক্সট করলে কেমন হয়? ধুর! হোয়াটসঅ্যাপ নাম্বার তো তার জানা নেই। বুদ্ধি করে সেদিনকার নাম্বারটা সেভ করে ফেলল ফোনে। কাকতালীয়ভাবেই হোক বা সৌভাগ্যবশত! হোয়াটসঅ্যাপ এ ঢুকে দেখল, লোকটার প্রোফাইল চলে আসছে 'উশান খন্দকার'।

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন