#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৪
ভুল এড়াতে প্রোফাইলের ভেতর ঢুকে পড়ল প্রমি। পিকচারের ওপর চাপ দিয়ে ছবিটা একটু বড় করে দেখল সে। আরে! এ তো সেই গম্ভীর মুখের নমুনা! সেদিন দেখতে আসার সময় যার গোমড়ামুখ দেখে মনে হচ্ছিল কেউ জোর করে তাকে ধরে নিয়ে এসে খাঁচায় পুরে রেখেছে। ছবিটা জুম করে ভালোমতো নাক-মুখ দেখে নিয়ে সে নিশ্চিত হলো, ভুল মানুষ নয়, এ সেই পাত্রপক্ষের সঙ্গের কঠিন মূর্তিটাই!
হাস্যোজ্জ্বল ছবি! তবে সেটা রোদের, এই লোকটার নয়। ছবিতে হাসির কোনো ছিটেফোঁটা নেই। গায়ে ধূসর-নীল শার্ট চাপানো। পেছনে পাহাড়ি ঝর্ণা বেয়ে ছলাৎ ছলাৎ রূপে জলধারা বইছে। বিকালের উদাসীন আলোর চুম্বনে উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানা আরও বেশি গম্ভীর ও রাশভারী ঠেকছে।
প্রমি বিরক্ত হয়ে ছবি থেকে বের এলো। সবসময় হাসতে থাকা মানুষগুলো হঠাৎ তার বিপরীত স্বভাবের কারো সাথে পরিচিতি হলে বিরক্ত হয় বেশ। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে, সে চ্যাটবক্সে ফিরে এলো। কিবোর্ডে ঝটপট হাত চালিয়ে সালাম দিল প্রথমে,
"আসসালামু আলাইকুম!"
সঙ্গে সঙ্গে কোনো টেক্সট এলো না। সে চলে গেল রেডি হতে, ভার্সিটি যাবে। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। না গেলেই নয়! কলেজ থাকাকালে কত ক্লাস যে মিস দিয়েছে। এর কোনো ইয়ত্তা নেই। বেতনের থেকে জরিমানার অঙ্ক'ই বেশি। ব্যাটারা মনে হয় স্টুডেন্টদের কাছ থেকে জরিমানা নিয়েই এত বড় কুমড়া মার্কা ভুঁড়ি বাঁধিয়েছে। ভার্সিটির ক্ষেত্রেও প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার মতো প্যারার শেষে নেই। তবে তাদের আদায়ের পদ্ধতিটা ভিন্ন।
মাথায় হিজাব বাঁধা শেষে ফোনটা হাতে নিয়ে দেখল নোটিফিকেশন এসেছে,
"ওয়ালাইকুম আসসালাম! কিন্তু আপনাকে তো চিনলাম না।"
আরে ব্যাটা, না চিনলে সালামের উত্তর দিতে যাস কেন? প্রমি মুখ ভেঙ্গালো,
"আমি তোফা আফরিন!"
এবার আর দেরি হলো না, সাথে সাথে রিপ্লাই এলো,
"জ্বি, চিনলাম না।"
এহ্! চিনে না। সেদিন দেখতে এসে যে, তার খালা নাকি ফুফু গোছের কে যেন হুট করে প্রশ্ন করে বসলেন,
"মা, নাম কি তোমার?"
প্রমি তখন সুন্দর করে জবাব দিয়েছিল,
"তোফা আফরিন প্রমি।"
তখন কোথায় ছিল এই লোক? পাশেই তো বসেছিল ভদ্রমহিলার! শুনতে পাইনি লোকটা সেদিন? নাকি বধির ছিল! শেষমেষ বাবা তাকে বধির লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে? কেন? মেয়ে কী চোখে কম দেখে যে, বাজারে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তাই বলে কানা-ল্যাংড়া যাই পাচ্ছে, দিয়ে দিচ্ছে? দুঃখ কষ্টের ঠেলায় স্থান-কাল ভুলে চিরচেনা ক্ষিপ্ত স্বভাবে ফিরে এলো প্রমি,
"আপনি কি কানে কম শুনেন নাকি মন ভুলার রোগ আছে আপনার? আমি প্রমি, তোফা আফরিন প্রমি।"
মেসেজ সেন্ড করা শেষ হলে সে ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখল। ধ্যাত, সকাল সকাল মোডটাই দিল নষ্ট করে। সদর দুয়ারে এলো জুতো নিবে বলে, নিতে গিয়েও থমকে গেল প্রমি। তার জুতোর ওপর কে যেন একজোড়া কাদা-মাখা স্যান্ডেল রেখে দিয়েছে! চোখ দুটো সরু হয়ে এলো তার। সে নিশ্চিত, এটা তার ভাইয়ের কাজ। হাবলাটা বোধহয় গতকাল বিকালে খেলা শেষে ফিরে এসে এখানেই ছুঁড়ে ফেলেছে জুতো দুটো।
"এখানেও শান্তি নেই!"
স্যান্ডেলজোড়া এক হাতে সরিয়ে অন্য হাতে নিজের জুতোটা তুলতে গিয়ে আবারও বিরক্তিতে মুখ ভেংচাল। কাদার ছিটে জুতোর একপাশে লেগে আছে। মৃদু চেঁচানোর সুরে বলল,
"মানুষজন জুতো রাখার জায়গাটাকেও কি ডাস্টবিন মনে করে?"
এমন সময় আবারো টুং করে একটা নোটিফিকেশন এলো। সে হাত বাড়িয়ে আর ফোনটা তুলল না। ভোঁতামুখে জুতো পরে নিল।
_
ক্যান্টনমেন্ট ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের দোতলার ঘরটায় পিনপতন নীরবতা। বড় টেবিলটার ওপর মানচিত্র আর কিছু নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখা। ঘরের এক কোনায় রাখা কাঠের ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে।
ডেস্কের ওপাশে চশমা চোখে বসে আছেন লেফট্যানেন্ট কর্নেল রাশেদ। ঘরে প্রবেশ করে বুটের শব্দ তুলে একহাত উঁচিয়ে স্যালুট ঠুকল অরিত্র।
"অনুমতি নিয়ে ভেতরে আসতে পারি, স্যার?"
কর্নেল রাশেদ চশমাটা টেবিলের ওপর রেখে ক্লান্ত চোখে অরিত্রের দিকে তাকালেন। পরিপাটি সামরিক পোশাকে দাঁড়িয়ে আছে ছেলেটা। জলপাই-সবুজ পোশাকের প্রতিটি ভাঁজে শৃঙ্খলার ছাপ, চকচকে বুটজোড়ায় সামান্যতম অবহেলার চিহ্ন নেই। পরিচ্ছন্ন মুখে ক্লান্তির বিশেষ ছাপও দৃশ্যমান নয়। কেবল ডান কনুইয়ের কাছে সাদা ব্যান্ডেজটা আগের দিনের অভিযানের স্মারক হয়ে আছে।
"বসো, অরিত্র। টিলার আগুনের খবর পেয়েছি। উপত্যকার এখন কী অবস্থা? ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন?"
অরিত্র সোজা হয়ে দাঁড়িয়ে ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল,
"আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, স্যার। বাঁশ আর ছনের তৈরি ঘর হওয়ায় টিলার ওপরের বারোটি বসতঘর পুরোপুরি ছাই হয়ে গেছে। বাতাসের বেগ বেশি থাকায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়েছিল।"
কর্নেল রশিদ একটু চিন্তিত গলায় শুধালেন,
"হাতে কোনো ক্যাজুয়ালটি আছে? কোনো প্রাণহানি?"
"না, স্যার। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি।"
অরিত্রের গলায় এক ধরনের প্রশান্তি ফুটে উঠল।
"সাতজন স্থানীয় পাহাড়ি নাগরিক সামান্য অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছিলেন। তাদের মধ্যে একজন বয়স্ক লোক পোড়া কড়িকাঠের নিচে আটকে গুরুতর আঘাত পান। তবে বিএমএ-র অন-ডিউটি ক্যাডেট ডক্টর এর সময়োচিত সিদ্ধান্তের কারণে কোনো বড় অঘটন ঘটেনি। স্পটেই তিনি খুব দক্ষ হাতে প্রাথমিক চিকিৎসা দ্বারা সামলে নিয়েছেন এবং মেডিকেল টিমও ঠিক সময় চলে এসেছিল। অল সিভিলিয়ান্স আর সেফ নাউ।"
কর্নেল রাশেদ অরিত্রের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অরিত্রের কনুইয়ের ব্যান্ডেজটার দিকে একনজর তাকিয়ে ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে বললেন,
"আর ডক্টর তো সিভিলিয়ানদের সামলেছেন, তোমার হাতটা কে সামলাল? শুনলাম অগ্নিকুণ্ডে লাফিয়ে পড়ে নাকি কড়িকাঠ সরাতে গিয়েছো? নিজের সুরক্ষার কথাটা হঠাৎ ভুলে গেলে নাকি, ক্যাপ্টেন?"
অরিত্রের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল।
"পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি, স্যার। আহত ব্যক্তিকে উদ্ধার করাটা তখন বেশি জরুরি ছিল। হাতের চোট গুরুতর নয়। তাছাড়া সেনাবাহিনীতে ডিউটি ফার্স্ট!"
কর্নেল রাশেদ এক মুহূর্ত অরিত্রের একগুঁয়ে কিন্তু দেশপ্রেমিক চোখের দিকে তাকিয়ে রইলেন। অরিত্র এর বলা শেষের কথাটা তাঁর। বলা চলে, অরিত্রের বলা শেষাংশে তিনি খুশি হয়েছেন বেশ। কর্নেল রাশেদ তাঁর অধিনস্থ আর্মি কর্মকর্তাদের প্রায়ই বলেন,'সেনাবাহিনীতে ডিউটি ফার্স্ট!' তারপর মৃদু হেসে টেবিলের ফাইলে সই করতে করতে বললেন,
"গুড জব, অরিত্র। অফিশিয়াল রিপোর্টটা কাল সকালে টেবিলে পাঠিয়ো। আজকের মতো গিয়ে রেস্ট নাও।"
"ইয়েস, স্যার!"
যন্ত্র মতোন আবারো একই শব্দ! অরিত্র আরেকবার স্যালুট ঠুকে ধীর পায়ে বেরিয়ে এলো কর্নেলের কামরা থেকে। বাইরের করিডোরে নামতেই পাহাড় থেকে বয়ে আসা হিম শীতল বাতাস এসে ছুঁয়ে গেল তার শরীর।
_
জানালার ধারে মুখে ডুবিয়ে উদাস মনে ক্লাসের বাইরে তাকিয়ে আছে প্রমি। তাদের ক্লাস হয় চারতলায়। এই জানালা দিয়ে প্রকাণ্ড কাঠগোলাপ গাছটা বেশ ভালোই দেখা যায়। আচমকা পিঠে চাপড় পড়ায় প্রমি চমকে উঠল। পাশ ফিরে দেখল, পায়েল!
"লেকচার শেষ, স্যার ক্লাস থেকে চলে গেছেন। বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। চল, বাইরে যায়।"
বলতে বলতে পায়েল উঠে দাঁড়াল। বান্ধবীর আবদারে প্রমি কেবল একা উঠল না। সঙ্গে ব্যাগটাও নিল। পায়েল এর চোখদুটো বড় বড় হয়ে এলো,
"আমরা কী ভার্সিটি ফাঁকি দিব নাকি?"
প্রশ্নে প্রমির কোনো ভাবান্তর হলো না। সে নিজের ব্যাগটা কাঁধে চাপিয়ে, সিটের পাশে অপর ব্যাগটা পায়েলের দিকে ছুঁড়ে মেরে বলল,
"হ্যাঁ, সেটাই। চল!"
চুপি চুপি কোনোরকমে ভার্সিটির গেটে চলে এলো দু'জনে। গেটের কাছাকাছি আসতেই পায়েল একবার পেছনে ফিরে তাকাল। নাহ্, আশপাশে পরিচিত কোনো মুখ দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রমির হাত ধরে টান দিল সে।
"এই, দাঁড়া! কোথায় যাচ্ছি আমরা?"
প্রমি ভ্রু কুঁচকে তাকাল।
"কেন? ভার্সিটির ভেতরে থাকব নাকি? তুই না বললি বাইরে যাবি?"
"বাইরে যাব বলেছি, তাই বলে ক্লাস ফাঁকি দিয়ে ভার্সিটির গেট পার হয়ে যাব, এটা তো বলিনি!"
"তাহলে তুই কি ভার্সিটির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবি? তবে গেটের দারোয়ানকে বলবি, আঙ্কেল, আমাদের একটু লেকচার দিয়ে দেন?"
প্রমির এমন যুক্তি শুনে পায়েল চোখ পাকাল। মেয়েটার মুখে কথার অভাব নেই। একবার মুখ খুললে তাকে থামানোর সাধ্য কারো নেই স্বয়ং উপরওয়ালা ছাড়া!
"তুই আসলে একটা অসহ্য মহিলা!"
"ধন্যবাদ। তোর মতো ভালো মানুষের সার্টিফিকেট পেয়ে নিজেকে ধন্য মনে করছি।"
কথাটা বলেই প্রমি গেটের দিকে পা বাড়াল। পায়েল তার পিছু যেতে যেতে বলল,
"সকালে কি যেন বলছিলি? তোর কি বিয়ে ঠিক হয়েছে?
পায়েলের অভিব্যক্তিতে প্রমির মনে পড়ল, সকালের মেসেজের কথা। লোকটার মেসেজটা আর সিন করা হয়নি। ব্যাগ হাতরে ফোন খুঁজতে খুঁজতে আড়চোখে একবার বান্ধবীকে দেখে নিল। তারপর ছোট করে জবাব দিল,
"হ্যাঁ!"
বিস্ময় ভরা খুশিতে পায়েলের চোখদুটো চকচক করে উঠল। জোর আওয়াজে বলে উঠল,
"সত্যি?"
প্রমি ফোন হাতে নিয়েছিল, অন করতে। এখন সেটা বাদ দিয়ে পায়েলের হাত চেপে ধরল। ফিসফিস করে বলল,
"কী করিস! সবাই দেখছে তো!"
কে শুনে, কার কথা! বেচারী তো খুশিতেই গদগদ। আগামীকাল থেকেই দেখা যাবে, বান্ধবী তার প্ল্যানিং আরম্ভ করে দিয়েছে কোনটা রেখে কোনটা পড়বে ড্রেস! না, না কাল থেকে না। আজ রাত থেকেই মিশন শুরু করে দিবে। সে নিশ্চিত, ড্রেস-ফ্রেস বাদ! তার বান্ধবী বিয়ে বাড়ির কালা-ধলা কচি কচি যুবকদের ভাবনায় পড়েই ফিদা! হয়ত সেই খুশিতেই এতো লাফাচ্ছে!
ফোনটা অন করতেই স্ক্রিনে মেসেজটি জ্বলজ্বল করে উঠল। লোকটার মেসেজ! প্রমি হালকা চাপ দিয়ে ঢুকল সেখানে।
"সরি, চিনতে না পারার জন্য। কিন্তু আপনি ডাকনাম না বলে, ভালো নাম কেন বলেছেন? তাই তো চিনতে এতো বেগ পেতে হয়েছে আমার!"
সরি বলায় প্রথমে খুশি হয়ে গিয়েছিল প্রমি। তবে পরের কথাগুলোতে অখুশি না হয়ে পারল না। তার ভ্রু দুটো আপনা থেকেই কুঁচকে এলো। এহ্! এখন দোষও তার? বাহ্! চমৎকার!
প্রমি ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে স্বভাবসুলভ এদিক-ওদিক তাকাল। অদূরে চোখ পড়তেই এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যে থমকে গেল সে। দূরত্ব খুব বেশি নয়। ভার্সির প্রধান ফটকের পাশের কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে চারটি ছেলে। বাঁশির মতো খাড়া নাকওয়ালা লোকটা উশান না? সাথে তিনটে সমবয়সী ছেলে। লোকটা শব্দরিক্ত, বাকি তিনজন ঠোঁট নাড়ছে। এক হাতে উশানের গলা পেঁচিয়ে ধরা ছেলেটা তো হেসেই কুটিকুটি! উশান মাথা চুলকে এদিকে তাকাতেই প্রমি দৃষ্টি সরিয়ে নিল। আশ্চর্য! এদিকে তাকানোর কী আছে?
#চলবে...