#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৫
গোটা একদিন কেটে গেলেও পোড়া ছাইয়ের গন্ধটা তখনো বাতাসে ভারী হয়ে আছে। পৌষ মাসের হাড়কাঁপানো শীতে টিলার ওপরের সেই বারোটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই বলতে এখন কেবল কালো কয়লা আর ছাইয়ের স্তূপ। যে ঘরগুলো কদিন আগেও বাঁশ আর ছনের উষ্ণতায় পরিবারগুলোকে আগলে রেখেছিল, আজ সেখানে কেবল খোলা আকাশ আর কনকনে হিমেল বাতাস। ক্ষতিগ্রস্ত মানুষগুলো থ মেরে দাঁড়িয়ে আছে পোড়া ভিটের পাশে। বয়স্ক মানুষের চোখে শূন্যতা, ছোট বাচ্চাদের কান্না আর নারীদের দীর্ঘশ্বাসে চারপাশের পরিবেশ ভারী। এই কনকনে শীতে ওরা খোলা আকাশের নিচে কোথায় রাত কাটাবে এখন?
পাহাড়ের পাদদেশের রাস্তা ধরে গর্জন করে এগিয়ে এলো দুটো বড় সেনা লরি। সেনানিবাসে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। আশেপাশে কোনো আবাসিক ভবন বা স্কুলঘরও নেই যে, সংখ্যায় আটত্রিশ-চল্লিশ জন মানুষ বাড়ি পুনর্নিমার্ণ না হওয়া পর্যন্ত একটুখানি মাথা গুঁজবে! স্কুলের বারান্দায় ক'টা দিন কাটাবে! তাই বাধ্য হয়েই পাহাড়ের সমতলে উন্মুক্ত কোনো প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের তাঁবু টাঙ্গিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেহেতু নির্বাচিত স্থানটা পাহাড়ে ঝিরির কাছাকাছি সুতরাং তীব্র শীতের কবলে পড়ার সম্ভাবনায় বেশি। তাছাড়া অন্যান্য অঞ্চলের তুলনায় পাহাড়ি অঞ্চলে একটু বেশিই শীত শীত আমেজ পড়ে। তাই হিমশীতল আবহাওয়া থেকে রক্ষা পেতে সাধারণ তাঁবুর বদলে সামরিক বাহিনীর ব্যবহারযোগ্য ফৌজি তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।
পাহাড়ের বুক চিরে গড়িয়ে আসা শীতল ঝিরির পানির শব্দ আর কনকনে হিমেল বাতাস মিলেমিশে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে উপত্যকাজুড়ে। বিকালের রোদ ঢলে পড়ার আগেই পাহাড়ি টিলার ছায়া দীর্ঘ হতে শুরু করল। আগুনের তাপে তেতে ওঠা পাথরগুলো অলস বাতাসে একটু একটু করে ঠান্ডা হচ্ছে, আর তার সাথেই বেড়ে চলেছে শীতের ঠকঠকে কামড়।
অরিত্র বুটের ভারী শব্দ তুলে দ্রুতপায়ে হেঁটে এলো নির্ধারিত খোলা চত্বরটায়। তার পরিপাটি সামরিক পোশাকের হাতায় সামান্য কালচে ছাইয়ের দাগ লেগে থাকলেও চোখে-মুখে আদেশের কোনো স্পষ্ট নড়চড় নেই। লরি থেকে টপটপ করে লাফিয়ে নামল ফৌজি পোশাকের একদল চটপটে তরুণ সৈনিক। অরিত্রের ধীর ও স্পষ্ট গলার নির্দেশ ভেসে এলো তখন,
"দেরি নয়, জলদি পজিশন নাও! পাহাড়ি ঝিরির বাতাস সূর্যাস্তের পর কিন্তু চাবুকের মতো কাটবে। ছয়টা ফৌজি তাঁবু এখনই দাঁড় করিয়ে দাও। নারী, শিশু আর বয়স্কদের থাকার তাঁবুগুলো যেন হাওয়া-প্রতিরোধী ট্রিপল দিয়ে ডাবল লেয়ারে বাঁধা হয়।"
"ইয়েস, স্যার!"
তরুণ সৈনিকেরা মুহূর্তেই কাজে নেমে পড়ল। বড় বড় ভারী লোহার খুঁটি মাটিতে পোঁতা শুরু হলো সশব্দে। ক্যানভাসের তৈরি ওয়াটারপ্রুফ আর বাতাস-নিরোধক জলপাই-সবুজ রঙের ফৌজি তাঁবুগুলো একের পর এক খাড়া হয়ে উঠল সেই পোড়া ছাইয়ের পাশে খোলা প্রাঙ্গণে। লরি থেকে নামানো হলো মোটা কার্পেট, ভারী উলের কম্বল এবং জরুরি খাদ্য সামগ্রীর বাক্স।
অরিত্র হেঁটে এসে দাঁড়াল, কিছুটা দূরে ছোট একটা অস্থায়ী মেডিকেল তাঁবুর সামনে।
ঘটনাস্থলে নিহতের সংখ্যা শূন্য হলেও আহতের সংখ্যা অধিক। গুরুতর আহত ও মানবিক মূল্যবোধের তাগিদে সামরিক ডাক্তার ও নার্সদের দু'সপ্তাহের জন্য নিযুক্ত করা হয়েছে। হাতের নাগালে প্রশিক্ষণরত অনেক আর্মি কোরের ডাক্তার থাকায় সিএমএইচ থেকে আর কোনো ডাক্তার আনা হয়নি। জরুরি চিকিৎসা সেবার জন্য সব মিলিয়ে বারো জন ডাক্তার ও নার্স বাছাই করা হয়েছে। তাদের মধ্যে চিত্রলেখা ও তার বন্ধুরাও আছে।
ঘুরে ঘুরে সবই দেখল সে। দায়িত্বের গাফলতি করল না। ট্রিয়েজ ক্যাম্পের সম্মুখে দাঁড়িয়ে অরিত্র শুনতে পেলো একটা মেয়েলি কণ্ঠ। কাকে যেন বলছে,
"তাঁরকাটা বিঁধল কীভাবে?"
চিত্রলেখার প্রশ্নে আহত সৈনিকটা অস্বস্তিতে পা নাড়াতে গিয়েও থেমে গেল। বুট খুলে রাখা হয়েছে একপাশে। পায়ের পাতার পাশ ঘেঁষে তারকাঁটার একটা সরু অংশ ঢুকে ক্ষত তৈরি করেছে। রক্তপাত আপাতত বন্ধ হলেও ক্ষতস্থানের চারপাশটা ফুলে উঠেছে সামান্য। আহত অল্পবয়সী সৈনিকটা বলল,
"তাঁবুর পেছনে মালপত্র নামাচ্ছিলাম, একটা বাক্স সরাতে গিয়ে খেয়াল করি নাই। পেরেক আটকানো কাঠে ভুলে করে পা দিয়ে ফেলি।"
চিত্রলেখা ক্ষতস্থানটা ভালো করে পরীক্ষা করে বলল,
"তারকাঁটাটা কি পুরোপুরি বের হয়েছে?"
"জি, ম্যাডাম। নিজেই বের করেছি।"
"নিজে বের করেছেন?" চিত্রলেখা এবার মুখ তুলে তাকাল,
"কীভাবে বের করেছেন?"
সৈনিকটি একটু আমতা-আমতা করে বলল, "কেন? হাত দিয়ে!"
চিত্রলেখা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল,
"পা স্থির রাখুন। ক্ষতটা পরিষ্কার করে দেখতে হবে। মরিচাপড়া তারকাঁটা বিঁধলে সংক্রমণের ঝুঁকি থাকে। আপনার কি টিটেনাসের টিকা নেওয়া আছে?"
সৈনিকটা না সূচক মাথা নাড়ল। তার টিটেনাস টিকা নেওয়া হয়নি। চিত্রলেখা প্রয়োজনীয় সরঞ্জাম এগিয়ে দিতে বলল পাশে থাকা সহকারীকে, সেই সাথে নিয়ে আসতে বলল একটা টিটেনাস ইনজেকশনও। এরপর মনোযোগ দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করার কাজে লেগে গেল।
"ট্রিটমেন্ট কি কেবল সৈনিকদেরই চলছে, নাকি পাহাড়ের ধোঁয়া খেয়ে আসা কোনো আহত ক্যাপ্টেনের জন্যও তোমার ব্যস্ত শিডিউলে দু-চার মিনিট বরাদ্দ আছে, ডক্টর?"
কণ্ঠস্বরটা কানে আসতেই চিত্রলেখা মুখ তুলে তাকাল। তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন অরিত্র। এক হাত পকেটে গুঁজা, অন্যহাতে আগের দিনের ব্যান্ডেজ। ঠোঁটের কোণে বিচরণ করছে ফিচলে হাসি, যেন এই মুহূর্তে তার চেয়ে নিরুপদ্রব মানুষ পৃথিবীতে আর একটিও নেই!
চিত্রলেখা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর আহত সৈনিকটার পায়ের ক্ষতস্থানে মনোযোগ ফিরিয়ে নিয়ে বলল,
"ক্যাপ্টেন, আপনার কি মনে হয়, এই মুহূর্তে আমার কাজ ফেলে আপনার সঙ্গে গল্প করার জন্য বসে আছি?"
অরিত্রের হাসিটা আরও একটু প্রসারিত হলো। ডেস্কের বিপরীতে ফেলে রাখা চেয়ারটা টেনে চিত্রলেখার মুখোমুখি অবস্থান নিয়ে বসল সে। তার পাশে আহত সৈনিকটা বসা। ক্ষত স্থান পরিষ্কার শেষে এখন তাকে ইনজেকশন পুশ করা হবে।
"গল্প করার কথা তো বলিনি, ডক্টর। চিকিৎসার কথা বলেছি। দুটোর মধ্যে পার্থক্য আছে না?"
"অবশ্যই আছে। আর সেই পার্থক্যটা বোঝার মতো বুদ্ধি আপনার আছে বলেই আমার বিশ্বাস।"
কথাটা শুনে পাশের সহকারী চিকিৎসাকর্মী মুখ নিচু করে ফেলল। হাসি চেপে রাখার চেষ্টা করছে কি না, বোঝা গেল না। সে চিত্রলেখার হাতে এগিয়ে দিল টিটেনাস ইনজেকশন করার প্রয়োজনীয় সরঞ্জাম। চিত্রলেখা সেগুলো হাতে নিয়ে সৈনিকটির টিকাদানের ইতিহাস যাচাই করতে মনোযোগ দিল।
"বুদ্ধি নিয়ে যখন তোমার এত উচ্চ ধারণা, তখন সেই বুদ্ধির একটা সদ্ব্যবহার করে দাও তাহলে! হাতের চোটটা দেখেই চট করে বলে দাও তো, আর কত দিন এই আপাদওয়ালা ব্যান্ডেজ বয়ে বেড়াতে হবে?"
চিত্রলেখা এবার পুরোপুরি অরিত্রের দিকে ফিরল। বিরক্ত ও অসন্তোষে তার কপালে ইতোমধ্যে ঈষৎ ভাঁজ ফুটে উঠছে। লোকটার সাথে তার পরিচয় কতদিনের? গতকালই না পরিচয় হলো? আর আজ কিনা লোকটা 'আপনি' থেকে ডাইরেক্ট 'তুমি'-তে চলে এসেছে! কিছুটা লম্বা দম নিয়ে কড়া কয়েকটা কথা শুনিয়ে দেবার জন্য প্রস্তুতি নিল চিত্রলেখা।
তবে সেটা আর হলো কই? তার আগেই তো লোকটা ছোঁ মেরে মুখের জবান কেড়ে নিল! চিত্রলেখার মনোভাব আন্দাজ করতে পেরে ঠোঁটের হাসির রেখা অটুট রেখেই অরিত্র বলে উঠে,
"আপনি থেকে তুমি'তে আসার জন্য আগেই সরি বলে নিচ্ছি। আমি অতিপরিচিতি কাউকে আাপনি করে বলতে পারিনা। সরাসরি তুই নয়তো তুমি সম্বোধন করি।"
"আমরা অতিপরিচিত হলাম কী করে? কালকেই না আমাদের দেখা হলো?" চিত্রলেখা সরু চোখে তাকিয়ে জবাব দিল।
"হয়নি, তবে হয়ে যাব। তাছাড়া তুমি তো আমার ক্যাম্পেরই অংশ। সেক্ষেত্রে পরিচিত হওয়াই তো ভালো। নাকি ক্যাপ্টেনের সঙ্গে অপরিচিতই থাকতে চাও?"
চিত্রলেখা তুলোতে হেক্সিসোল নিয়ে ঘষে ফাহিম অর্থাৎ সৈনিকটার বাহুতে জীবাণুমুক্ত ও টিকাদানের উপযোগী করছে। ফাহিম সামনের দিকে মুখ বাড়িয়ে নিচু স্বরে বলল,
"ম্যাডাম, স্যার যাদের তুই করে বলেন তাদের চারবেলায় কথায় কথায় দুটো করে লাত্থি মারেন পাছায়! এটা নাকি উচ্চমানের গাধাদের স্বাস্থ্যের জন্য ভালো! উনি আবার হুমায়ুন আহমেদ এর বিরাট বড়ো ভক্ত আর এই নান্দনিক লেখকের মতে, বন্ধু হলো উচ্চমানের গাধা!"
চিত্রলেখা কান খাড়া করেই রেখেছিল। ফাহিমের কথা শুনে তুলো হাতে থমকে গেল সে। ফাহিমের দিকে একপলক চাইল সে, এরপর অবিশ্বাস্য চোখে অরিত্রের পানে ফিরে চাইল।
ফাহিমের ফিসফিসানি শুনে অরিত্রের হাসি গায়েবি হয়ে যাচ্ছিল তবু বহু কষ্টে না শোনার ভান করে হাসি অটল রাখল ঠোঁটে। নয়তো পাছে দেখা যাবে চিত্রলেখা এই মিথ্যুক ফাহিমের কথা এক কানা-কড়িও বিশ্বাস করল না! শ্লা, হারামখোর! তোকে বানিয়ে বানিয়ে দু-একটা প্রশংসাসূচক কথা বলতে বলা হয়েছে, বলে কি তুই এতো বড়ো অপবাদ দিবি? তুই বলতে পারতি, তিন-চারটা করে থাপ্পড় মারে! তা না বলে, বললি লাত্থি মারে তাও আবার পাছায়! চারবেলা করে! এ তো ঘরের শত্রু বিভীষণ!
চিত্রলেখা ফের ফাহিমের দিকে তাকাল। ফাহিম তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে মিথ্যুক অ্যাওয়ার্ড এর উছিলায় আরো একধাপ এগিয়ে গেল। গলাটা আরেকটু খাদে নামাল,
"বিশ্বাস না হলে লেফটেন্যান্ট নিখিল স্যারকে জিজ্ঞেস কইরেন। উনার বহু অভিজ্ঞতা আছে। অবশ্য সরাসরি জিজ্ঞেস করলে স্যার বলবেন না। কারণ লজ্জা-শরমেরও একটা ব্যাপার আছে তো!"
নাউজুবিল্লাহ! নিখিলকে সে লাত্থি মেরেছে! আজই প্রথম জানল সে। শুনে খুবই ভালো লাগল, পুলকিত হলো তার মন। অরিত্র নিশ্চিত নিখিল জানলে, এক লাফে তাকে সোজা গোবরে ভরা পঁচা ডোবায় ধাক্কা মারবে! আর এই চাঁদ বদনকে? কোনো কথা নেই, বিনা নোটিসে ফায়ার!
চিত্রলেখা হতভম্ব দৃষ্টি ঝেরে ঘাড় ঘুরিয়ে অরিত্রকে তীক্ষ্ণ চাহনিতে পরখ করল। অরিত্র ভদ্রলোকের বেশে গলা খাকারি দিল,
"এখন বলো কি বলে ডাকবো? তুমি নাকি.."
চিত্রলেখা বিস্ময় চোখদুটো বড় বড় করে ফেলল। কিছুটা দ্বিধা ও বিব্রত হয়েই বলে উঠে,
"না, না থাক। তুমি'ই ঠিক আছে!"
#চলবে...