#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৬
চিত্রলেখার চোখেমুখে চিকিৎসকের পেশাদার গাম্ভীর্য,
"আপনার হাতের চোটের চিকিৎসা হয়েছে?"
"হ্যাঁ, হয়েছে।"
"তাহলে?"
"তাহলে কী? ফলোআপ বলে একটা জিনিস আছে না, ডক্টর?"
চিত্রলেখা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। লোকটা কথায় কথায় এমনভাবে জবাব দেয় যে, তাকে ধমক দিতেও কেমন যেন অস্বস্তি হয়। অথচ এই মুহূর্তে তাঁবুর ভেতর রোগীর অভাব নেই। সে আহত সৈনিকটির ক্ষতস্থানে পরিষ্কার গজ বেঁধে দিয়ে সহকারীকে প্রয়োজনীয় নির্দেশ দিল। তারপর হাতের গ্লাভস খুলতে খুলতে অরিত্রকে বলল,
"আপনার হাতে যদি সত্যিই সমস্যা থাকে, তাহলে বসুন। তবে একটা কথা আগেই বলে রাখছি, চিকিৎসার সময় অপ্রয়োজনীয় কথাবার্তা আমি পছন্দ করি না।"
ডেস্কের উপর থেকে কাঁচের পেপারওয়েট-টা ঘুরাতে ঘুরাতে অরিত্র বলল,
"বুঝতে পেরেছি। তোমার সামনে মুখ বন্ধ রাখার অনুশীলনটাই তাহলে আজ থেকে শুরু করতে হবে।"
চিত্রলেখা তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল,
"অনুশীলনটা অন্য কোথাও গিয়ে করলেও হবে।"
"কিন্তু আমার হাতের চিকিৎসা যে তোমার কাছেই করাতে চাই!"
কথাটা বলে অরিত্র এমন নিরীহ মুখ করে বসল, যেন এর মধ্যে দুষ্টুমি খুঁজে পাওয়ার কোনো অবকাশই নেই। চিত্রলেখা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে শেষমেশ চোখ সরিয়ে নিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে চাইছিল, কিন্তু সে তা প্রকাশ হতে দিল না।
"হাতটা সামনে দিন, ক্যাপ্টেন।"
অরিত্র নির্দেশমতো হাত বাড়িয়ে দিল। চিত্রলেখা ব্যান্ডেজের অবস্থা পরীক্ষা করতে করতে বলল,
"ব্যথা কি আগের চেয়ে কমেছে?"
"তুমি জিজ্ঞেস করায় মনে হচ্ছে কমে গেছে।"
চিত্রলেখার হাত থেমে গেল। ধীরে ধীরে মুখ তুলে সে বিরক্তি নিয়ে অরিত্রের দিকে তাকাল।
"ক্যাপ্টেন, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন?"
অরিত্র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে সেই চেনা হাসিটা ফিরিয়ে এনে বলল,
"নো, ডক্টর। তোমার সঙ্গে ইয়ার্কি করার সাহস আমার আছে বলে কি মনে হয়?"
চিত্রলেখা নির্বিকার মুখে উত্তর দিল, "আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে, সাহসের কোনো অভাব নেই।"
"সাহসের অভাব নেই বলেই তো তোমার কাছে এসেছি। অন্য কোনো ডাক্তারের কাছে গেলে যদি এত প্রশ্নের মুখে পড়তে না হতো!"
"তা হলে অন্য ডাক্তারের কাছেই যান।"
"এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছো?" অরিত্র মৃদু হেসে বলল, "অথচ আমি ভেবেছিলাম, অন্তত হাতের চোটটা পুরোপুরি না সারা পর্যন্ত তোমার তত্ত্বাবধানে থাকার সুযোগ পাব।"
চিত্রলেখা এবার আর উত্তর দিল না। মনোযোগ দিয়ে তার হাত পরীক্ষা করতে লাগল। বাইরে থেকে দেখলে মনে হবে, ক্যাপ্টেনের কথায় তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু অরিত্রের প্রতিটি কথার জবাব দেওয়ার সময় যে মেয়েটার চোখে এক ঝলক বিরক্তির সঙ্গে চাপা আমোদও খেলে যাচ্ছে, সেটা তার নজর এড়াল না। কিছুক্ষণ পর চিত্রলেখা বলল,
"ক্ষতটা আপাতত ভালোই আছে। তবে পুরোপুরি সেরেছে কি না, সেটা নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে। ব্যথা বাড়লে বা ক্ষতস্থানে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবশ্যই জানাবেন। আর হাতের ওপর চাপ দেবেন না।"
অরিত্র মাথা নাড়ল,
"জ্বি, ডক্টর মহোদয়া। আপনার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। বাই দ্য ওয়ে নামটা জানা হয়নি তোমার!"
"ডেসিং করাতে আসছেন, নাম জেনে কাজ কী আপনার? কাজ শেষ এখন সোজা পথ মাপেন!"
চিত্রলেখা ব্যান্ডেজ গুছিয়ে রেখে অভিব্যক্তিটুকু করল।
"কাজে নেই মানে? অকাজে বলছি নাকি? এই যে ঔষধ দিলে, ডেসিং করালে। ভুলভাল ঔষধের ব্যাড ইফেক্ট এ এখন যদি আমি মরে-টরে যায়। তাহলে তো তোমার নামে মামলা করার জন্য হলেও নামের দরকার পড়বে। সুন্দ্রী ডক্টর বললে তো কেউ চিনবে না!"
অরিত্র অপর হাত গালে ঠেকিয়ে ঠোঁটের কোণে জমা কৌতুক হাসি টেনে সিরিয়াস হওয়ার ভান করে বলল। চিত্রলেখা হতাশ হলো। নিরস কণ্ঠে বলল,
"চিত্রলেখা!"
"কোন রেখা? সরলরেখা নাকি বক্ররেখা?"
"নট রেখা, চিত্রলেখা!"
"কোন চিত্ররেখা? 'মেঘ বলে যাব যাব' উপন্যাসের চিত্রলেখা নাকি, যাকে অঙ্কের আপা বারবার চিত্ররেখা বলে গুলিয়ে ফেলতেন?"
অরিত্রের অদ্ভুত প্রশ্নে চিত্রলেখা আবারো হতাশ হলো। অতঃপর একরাশ নিরাশা নিয়ে ক্লান্ত গলায় জবাব দিল,
"হ্যাঁ, সেটাই। এখন নিজের কাজে যান।"
অরিত্র চেয়ার ছেড়ে উঠল। তারপর একবার হাতের ব্যান্ডেজের দিকে, আরেকবার চিত্রলেখার দিকে তাকিয়ে বলল,
"একটা কথা, ডক্টর?"
চিত্রলেখা চোখ তুলল, "আবার কী?"
"পরেরবার হাতের চোট দেখাতে এলে কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে?"
চিত্রলেখা এবার সত্যিই বিরক্ত হয়ে পড়ল,
"ক্যাপ্টেন!"
"জ্বি?"
"বাইরে যান!"
তার মেজাজি জবাবে অরিত্র হাসল। তারপর মাথা চুলকে স্যালুট ঠুকে তাঁবু থেকে বেরিয়ে গেল অরিত্র। চিত্রলেখা নির্বিকার ভঙ্গিমা চোখ ঘুরিয়ে সবই দেখল। এই স্যালুটের কোনো প্রয়োজন ছিল না। কারণ সে এখনো কমিশনপ্রাপ্ত অফিসার হয়নি, কেবল প্রশিক্ষণার্থী ক্যাডেট মাত্র।
ক্যাম্পের প্রবেশপথ প্রস্থান করে খানিকটা দূরে এসে দাঁড়াল অরিত্র। তার পেছন পেছন এলো ফাহিম নিজেও। ব্যাটা এখনো যায়নি।
"ইয়ে স্যার... ভাবছিলাম চেপে যাব, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে বলে না ফেললেই নয়! ম্যাডাম কিন্তু এক কথায় আপনাকে তাঁবু থেকে একদম আউট করে দিলেন। কত বড় বড় মিশন কাভার করেন, অথচ শেষমেশ একটা মেয়ের ধমক খেয়ে ক্যাম্প থেকে প্রস্থান করতে হলো! ব্যাপারটা একদিকে দিয়ে যেমন হৃদয়বিদারক অন্যদিকে দিয়ে তেমনই ল-জ্জা-জ-নক, স্যার!"
অরিত্রের ঠোঁটের একপাশে লেপ্টে থাকা হাসিটা ঘায়েব হয়ে গেল। সে পেছন ফিরে তাকাল। ফাহিমকে দেখে ভ্রু দুটো কুঁচকে গেল তার।
"কী ব্যাপার? তোর ডিউটি কি আমার পেছনে পেছনে ঘুরে বেড়ানো?"
ফাহিম দাঁত বের করে হাসল,
"না, স্যার! আপনার কিছু সাহায্য লাগবে কি না, সেটাই দেখছিলাম।"
"তখন কী বলছিলি আমার নামে?" বলতে বলেতে অরিত্র মাথা নাড়ল। ফের বলল,
"তা, আমার নামে যে নতুন ইতিহাস রচনা করলি, সেটার জন্য পুরস্কার হিসেবে কী চাস? মেডেল, নাকি একটা সার্টিফিকেট?"
ফাহিমের মুখের হাসি একটু ফিকে হয়ে গেল।
"স্যার, আমি তো আপনার প্রশংসাই করছিলাম!"
"তোর প্রশংসায় আমি গুল্লি মারি। খবরদার, এমন প্রশংসাসূচক বোমা ফের যেন মুখ থেকে বের হতে না দেখি। যে কারো উপর যখন-তখন পড়ে ব্লাস্ট হতে পারে! এর কোনো গ্যারান্টি নাই।"
"স্যার, কথাটা একটু রসিয়ে বলেছি আরকি!"
"বাহ্! তুই তাহলে শুধু সৈনিক নোস, সাহিত্যিকও বটে! তা হুমায়ূন আহমেদের ভক্ত হিসেবে আমার নামে একটা উপন্যাস লিখে ফেলিস। নাম দিবি 'এক ক্যাপ্টেনের লাত্থিকাণ্ড'!"
ফাহিম এবার মুখ নিচু করে ফেলল। হাসি চেপে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত হেসে ফেলল সে। অরিত্র চোখ সরু করে তাকাল।
"হাসছিস কেন?"
"না, স্যার!"
"তোর এই 'না, স্যার' শুনলেই আমার সন্দেহ মন ঘুম চট করে জেগে উঠে।"
ফাহিম এবার যথাসম্ভব গম্ভীর মুখে বলল,
"স্যার, আসলে আপনার রসবোধের প্রশংসা করছিলাম মনে মনে।"
"তাই? তাহলে মনে মনেই রাখ। মুখ দিয়ে বের করলে আবার সেটা প্রশংসা থেকে অপবাদ হয়ে যাবে!"
"জ্বি, স্যার!"
"যা, এখন নিজের কাজে যা।"
"আচ্ছা, স্যার!"
ফাহিম স্যালুট ঠুকে দাঁড়িয়ে রইল। পা বাড়িয়ে অগ্রসর হতে নিলে, আবারো তার ডাক পড়ল। অরিত্র কৌতুকভরা নিঃশব্দে হেসে, ডান হাত উঁচিয়ে ধরল,
"আর শোন, আমার নামে পরেরবার কোনো গল্প ফাঁদলে অন্তত গল্পের নায়ককে একটু ভালো মানুষ বানাস!"
উঁচানো হাতটা নাড়াতে নাড়াতে তার গন্তব্যমুখো হলো অরিত্র। ফাহিম ভ্যাবাচেকা খেলো। কী বলে গেল?
জরুরি আশ্রয় প্রাঙ্গণ হতে বেরিয়ে এলো অরিত্র। তার দায়িত্ব ছিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ী আবাসনের ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা তা তদারকি করা। সেই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শীতবস্ত্রের সরবরাহ নিশ্চিত করা। কাজ শেষ! এখন সেনানিবাসে ফেরার পালা!
পাহাড়ের উপত্যকার পাকা রাস্তা ধরে অলিভ রঙের গাড়িটা শাঁ শাঁ শব্দ তুলে এগিয়ে যাচ্ছে সেনানিবাসের দিকে। জানালার কাচ তুলে দিল অরিত্র। পরক্ষণেই গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। বাইরে তখন ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘগুলো অন্ধকারের সঙ্গে মিশে যাচ্ছে। আঁকাবাঁকা পথের দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে মনে হচ্ছে নিঃশব্দ কোনো প্রহরী। বাম কনুই গাড়ির জানালায় ঠেকালো অরিত্র। মুষ্টিবদ্ধ চার আঙ্গুলগুলি গাল ছুঁইয়ে, বৃদ্ধাঙ্গুল দ্বারা ঠোঁট চেপে ধরল সে। দৃষ্টি তখনো তার জানালার বাইরে। নামটা কী যেন? ওহ্, হ্যাঁ মনে পড়েছে। চিত্রলেখা! নামটা মনে মনে আরেকবার আওড়াল সে। নামটা কিন্তু ধরুন, রুচিশীল বলা চলে সাথে মেয়েটা নিজেও। তারপর নিজেকেই প্রশ্ন করল, মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন সে? উত্তরটা জানা নেই তার। আপাতত না জানলেও চলবে!
#চলবে...