ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 7

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৭

গাড়ি এসে থামল সোজা ক্যান্টমেন্টে। অরিত্র এসে তার কোয়ার্টারে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে নেমে এলো। পোশাক পাল্টানো তো দূর এক গ্লাস পানি পান করার সময়টুকু পেল না। হেডকোয়ার্টার থেকে ডাক পড়েছে। কোনোমতে বিছানা হতে মোবাইলটা তুলে যেভাবে এসেছিল, সেভাবেই দরজা চাপিয়ে বেরিয়ে গেল।

সিনিয়রের কাছ থেকে অনুমতি নিয়ে অফিস কামরায় প্রবেশ করল অরিত্র। দেহে তার ক্লান্তির ভর তবে সেই ছাপ চোখে-মুখে বহিঃপ্রকাশ করতে অনিচ্ছুক সে!

"চেয়ারে বসো। তোমাকে অসময়ের ডেকে পাঠানোর একটা কারণ আছে। কেসটা সিরিয়াস!"

অরিত্র সামনের চেয়ারটা নিঃশব্দে টেনে বসল। ডেস্কের উপর রাখা নীল রঙের ফাইলটা অরিত্রের দিকে এগিয়ে দিয়ে লেফটেন্যান্ট কর্নেল বলতে আরম্ভ করলেন,

"রিপোর্ট এসেছে, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে কিছু আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। সন্ত্রাসী সম্পর্কিত তথ্য এবং গতিবিধি উদ্ধারের দায়িত্ব তোমাকে দেওয়া হলো। তার জন্য তোমার, রাতে টহলরত সেনাসদস্যের সঙ্গে কাজে নামার প্রয়োজন পড়তে পারে। এই ফাইলেও কিছু তথ্য আছে। বাকিগুলো তুমি যুক্ত করে নিও। বুঝতে পেরেছো?"

অকম্পিত স্থিরতায় অরিত্র জবাব দিল,

"ইয়েস, স্যার!"

"রাত আটটার নাগাদ থেকে ডিউটিতে জয়েন করিয়ো। এখন যাও!"

"আচ্ছা, স্যার!"

চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, যান্ত্রিক নিয়মে স্যালুট করল অরিত্র। তারপর বেরিয়ে এলো কামরা থেকে।

-

​পৌষের নিঝুম রাতে পাহাড়ি ঝিরির ধারের বাতাস বরফের চেয়েও তীক্ষ্ণ চাবুকের মতো কাটছে। চারপাশ এমন এক গাঢ় অন্ধকারে ডুবে আছে, যেখানে হাত বাড়ালেও নিজের আঙুলগুলো অবধি দেখা যায় না। আজ অমাবস্যা নাকি? কেবল দূর টিলার কাঁচা রাস্তা দিয়ে বুটের সুশৃঙ্খল এবং ভারী আওয়াজে এগিয়ে চলেছে অরিত্র এবং তার পাশেই হাঁটছে নিখিল। পেছনে লাইনে দাঁড়িয়ে পায়েচারি করছে একদল ফৌজি বাহিনী।

পাহাড়ি এই উপত্যকায় ছুটে চলা মোটরসাইকেলটার হেড লাইটের আলো খোয়া বিছানো কাঁচা রাস্তার উপরে, এক টুকরো অন্ধকারকে সাময়িকভাবে গ্রাস করে নিলো হলদে দ্যুতি। অস্থায়ী চেকপোস্টের মুখোমুখি হতেই চালক মোটরসাইকেলের গতি কমালেন। একজন টহলরত সেনাসদস্য হাতে থাকা কম্যান্ডো স্টিক দ্বারা ইশারায় চালককে থামতে বলল। একজন সিনিয়র কর্মকর্তা হাতের রাইফেলটা কাঁধে তুলে এগিয়ে এলেন। শান্ত গলায় জিজ্ঞেস করলেন,

"এই গভীর রাতে পাহাড়ি মেঠোপথে বাইক নিয়ে কোথায় যাচ্ছেন?"

"বাজার থেকে ফিরছি, স্যার!"

মোটরসাইকেল এ দু'জন যাত্রী। পেছনের জন বাজারের চটের ব্যাগ হাতে বসে আছে। টচ লাইটের আলোয় দেখা গেল, ব্যাগের ভেতর থেকে শাক জাতীয় কিছু বেরিয়ে আছে। ব্যাগটা সবজিতে ঠাসা। চেহারা, পরিধান বস্ত্র এবং বচন ভঙ্গিমায় ধরে নেওয়া যায় লোক দুজন এখানকার স্থায়ী বাসিন্দা। লোকটা হয়তো ঠিকই বলছে। সন্দেহজনক কিছু পেল না চেক করার দায়িত্বরত সৈনিকটা। অফিসারটির দিকে ফিরে মাথা নাড়াল সৈনিকটি।

"সব ক্লিয়ার।"

"ঠিক আছে, তাদের যেতে দাও।"

যা শুনে বাইকের চালক স্বস্তির নিশ্বাস ফেলে হেলমেটটা মাথায় চড়িয়ে নিল। ইঞ্জিনটা আবার মৃদু গর্জন করে উঠল। কম্যান্ডো স্টিক হাতে দাঁড়িয়ে থাকা সৈনিকটি ব্যারিকেড হিসেবে ধরে রাখা কাঠের লাঠিটা একপাশে সরিয়ে পথ করে দিল যাত্রীদের যাওয়ার।

​হলদে আলোর রেখাটা ধুলো উড়িয়ে সামনের পাহাড়ি মেঠোপথ ধরে ধীরে ধীরে অন্ধকারের গভীরতায় মিশে গেল। শুধু বাকি রইল বাইকের পেছনের লাল আলোটুকু। সেটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে।

​পাহাড়ি উপত্যকার এই দুর্গম অঞ্চলে রাতের বেলা টহল দেওয়া মানে প্রতি মুহূর্তে অদৃশ্য কোনো বিপদের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়া। অগ্নিকাণ্ডের পর থেকে এই সেক্টরে সাধারণ মানুষের চলাচল এখন অনেকটাই নিয়ন্ত্রিত। গিরির আনাচে-কানাচে গভীরতম অনতিক্রম্য অঞ্চলই সচারাচর দুষ্কৃতিদের ডেরা। তাই সেখানে তাদের চলাচল বহমান থাকাই স্বাভাবিক। বিপদ যদি সেখানে ওঁত পেতে না থাকে তাহলে কোথায় থাকবে?

​অরিত্রের বাঁ হাতে রাইফেল, ডান হাতের কব্জিতে লুমিনাস কম্পাস আর চোখে নাইট ভিশন গ্লাস। তার পাশেই ফৌজি বুটের মাপা ছন্দে এগিয়ে চলেছে নিখিল। হাঁটতে হাঁটতে হঠাৎ হাড়কাঁপানো ঠান্ডায় অরিত্রের কাঁধটা একটু কুঁকড়ে ফেলল। তারপর দু'হাতের তালু একত্রে ঘষে বলে উঠল,

"পাহাড়ি শীতের যে বহর, গুলি লাগার আগেই মনে হয় নিউমোনিয়ায় পটল তুলতে হবে! পকেট থেকে ওই কফির ফ্লাস্কটা বের কর তো। গলাটা একটু ভিজিয়ে নিই। নইলে তোর মুখের ওই গোমড়া গোমড়া ভাব দেখে এমনিতেই আমার হার্টফেল হবে!"

নিখিল ডার্ক গিয়ারের আড়াল থেকেই বাঁকা চোখে তাকাল,

"ডিউটি করতে আসছিস, কোনো কফি পার্টিতে না! চুপচাপ পা চালা। সামনে ঝিরির পারটা বেশ পিচ্ছিল।"

আশপাশের পরিবেশে কনকনে কুয়াশা আরও ঘন হয়ে নেমে এলো পৃথিবীর বুকে। তাপমাত্রা যেন এক নিমেষে আরও কয়েক ডিগ্রি কমে গেল। ​চারপাশের পিনপতন নীরবতা ভেঙে হঠাৎ অরিত্রের ওয়াকিটকিটা ক্রিপ-ক্রিপ করে বেজে উঠে। ফিসফিসে গলায় ওপাশের পোস্ট থেকে রিপোর্ট দিল এক সৈনিক,

​"টিম নাম্বার ফোর! স্যার, ঝিরির ওপাশের ঘন জঙ্গলে কিছু একটা নড়াচড়া দেখা যাচ্ছে। মনে হচ্ছে দুই-তিনজন লোক হাতে কিছুটা একটা নিয়ে রাস্তা ছেড়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে নিচে নামছে। ওভার!"

​নিখিল এক পা এগিয়ে থেমে গেল। অরিত্রের মুখের পেশি টানটান হয়ে উঠল, নিচু গলায় বলল,

"নিখিল, ঝিরির ওই পাশটায় তো কোনো বসতি নেই। এই রাতে পাহাড়ি খাদ বেয়ে নামার কথা তো নয় কারো! চোরাচালানি বা ওই টাইপের কোনো চক্র হবে নিশ্চিত।"

তারা দুজন যাতায়াতের কাঁচা রাস্তা ছেড়ে ক্রমাগত জনমানবহীন জঙ্গলের পাশে কাঙ্ক্ষিত টিলায় পৌঁছাল। ​অরিত্র নাইট ভিশন গিয়ারে চোখ রেখে ঝোপঝাড়ের মাঝের ঢালটা ভালো করে দেখে নিল। আবছা অন্ধকারে দেখা যাচ্ছ, সত্যিই সত্যিই কে যেন হাতে কিছু একটা নিয়ে দ্রুতগতিতে ঝোপের দিকে এগোচ্ছে। সৈনিকটা ঠিক বলেছে তবে দুজন নয় একজন লোক! সে যাইহোক! পেটে কুমতলব না থাকলে এই ঘুটঘুটে রাত্রিকালে ঝোপের মধ্যে কি এমন বিশেষ কাজ সারবে? নিঃসন্দেহে এই ব্যাটাকে সন্দেহের কাতারে ফেলা যায়।

​অরিত্রের গলায় কোনো তাড়াহুড়ো নেই। একদম শান্ত ও ঠান্ডা স্বর,

​"সামনে থেকে সরাসরি লোকটাকে আটকাতে গেলে, পাহাড়ের ঢাল বেয়ে গভীর খাদের ভেতর পালিয়ে যেতে পারে। আমাদের দুই দিক থেকে ঘিরে ধরতে হবে।"

​নিখিল মাথা নেড়ে ইশারায় বুঝাল, বুঝতে পেরেছে সে। তারপর ফিসফিস করে বলল,

"ঠিক আছে। তুই বাঁ দিক দিয়ে পাহাড়ে ওঠ, আমি ডান দিকের ঝিরি পার হয়ে বেরোনোর রাস্তা বন্ধ করছি।"

বলেই যেতে নিলে, অরিত্র ডাক দিল। গ্লাসের সবুজ ফ্রেমে দৃষ্টি রেখেই বলল,

"নিখিল, শুন!"

"হু?"

"সাবধানে ঝিরি পার হস, পানি কিন্তু বরফগলা না হলেও জব্বর ঠান্ডা। পাহাড়ি এলাকা তো!"

বিপরীতে নিখিল মুচকি হাসল।

​"ঠিক আছে। কেউ যেন ফায়ার করার সুযোগ না পায়।"

কথা শেষ করে নিখিল অন্ধকারের মধ্যে ছায়ার মতো মিশে গেল। ​পাহাড়ি আঁকাবাঁকা পথ, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ বাঁচিয়ে দুজনেই খুব সন্তর্পণে এগোতে লাগল। বরফশীতল ঝিরির পানি পার হওয়ার সময় পায়ের বুট ভিজে বরফ হয়ে যাওয়ার উপক্রম হলো, তবুও তাদের গতিতে বিন্দুমাত্র ঢিল পড়ল না। নিখুঁত পরিকল্পনামতো তিন মিনিট পর তারা সন্দেহভাজন লোককে চারপাশ থেকে ঘিরে ফেলল।

​অন্ধকার থেকে আচমকা রাইফেলের লাল রঙের লেজারের রোশনাই মুখের উপর পড়তেই লোকটা ভীত হলো। অরিত্রের হাতের ভারী রাইফেলটা তার দিকে তাক করে রাখতে দেখে লোকটা ভয়ে তটস্থ হলো। দিকশূন্য হয়ে পালাতে নিলে পেছন থেকে নিখিল জাপ্টে ধরল। জোর খাটিয়ে ফের পালানোর চেষ্টা করলে নিখিল এক টানে তার কলার চেপে ধরে মাটিতে ফেলে দিল,

"কোথায় যাস ভাই? পাহাড়ের ঠান্ডা কি কম লাগছে নাকি একটু হাত-পা গরম করে যাবি?"

লোকটার কলার তখনো নিখিলের শক্ত মুঠোয় ধরা। পাথুরে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা লোকটা ভয়ে এমনভাবে কুঁকড়ে গেছে, যেন আরেকটু জোরে ধমক দিলেই জ্ঞান হারাবে। অরিত্র কয়েক পা এগিয়ে এসে তার সামনে দাঁড়াল। হাতে রাইফেল, চোখে নাইট ভিশন গিয়ার। কণ্ঠে বিরক্তি আর সন্দেহের মিশেল।

"বাড়ি-ঘর নেই? ঝোপের আড়ালে কি?"

লোকটা ঢোক গিলল। ঠান্ডায় এমনিতেই দাঁত কাঁপছিল, তার ওপর দুই সশস্ত্র সেনাসদস্যের সামনে পড়ে কথাগুলোও ঠিকমতো গুছিয়ে বলতে পারছে না অজ্ঞাত লোকটা। একবার নিখিলের দিকে, আরেকবার অরিত্রের দিকে তাকিয়ে আমতা-আমতা করে বলল,

"হ..হাও..য়া খেতে এসেছি, স্যা..স্যার! ঘরে গরম লাগছিল!"

কথাটা শুনে অরিত্র কয়েক মুহূর্ত স্থির হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। তার চোখেমুখে এমন একটা অভিব্যক্তি ফুটে উঠল, যেন লোকটা এইমাত্র পাহাড়ের বুকে সবচেয়ে অদ্ভুত যুক্তিটা হাজির করেছে। পাশে দাঁড়িয়ে থাকা নিখিলের ভ্রুও সামান্য কুঁচকে গেল। সে লোকটার কলার ধরে রেখেই একবার চারপাশে তাকাল। এই কনকনে ঠান্ডায় গভীর রাতে জনমানবহীন পাহাড়ি ঝোপের মধ্যে হাওয়া খেতে আসার যুক্তিটা কে বিশ্বাস করবে? পাগলেও বিরক্তিতে 'না না' করে মাথা নাড়াবে!
অরিত্র ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি টেনে বলল,

"আমি তো জানতামই না, এখন গ্রীষ্মকাল! নিখিল, তুই জানিস কিছু?"

"না। সেই জন্যেই তো বলছি, চল ব্যাটা! দু-চারটে মোটা লাঠির রোল পিঠে পড়লেই গরম ভাব কেটে যাবে।"

কথাটা শুনেই লোকটার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। সে আসলে এইসব বলতে চাইনি তবে ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলেছে। লোকটা দুই হাত জোড় করার চেষ্টা করল কিন্তু নিখিলের মুঠোয় কলার আটকে থাকায় ঠিকমতো নড়তে পারল না।

"স্যার, আমি খারাপ মানুষ নই।"

নিখিল এবার লোকটার হাতের দিকে তাকাল। এতক্ষণ ধরে লোকটা বাম হাতটা শরীরের আড়ালে রাখার চেষ্টা করছিল। তার সন্দেহ হলো, হয়তো কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে। অরিত্রও একই দিকে নজর দিল।

"হাতে কী?"

প্রশ্নটা শুনে লোকটা তড়িঘড়ি করে বাম হাতটা উঁচিয়ে ধরল। হাতে প্লাটিকের একটা বদনা! অরিত্রের চোখ কপালে। নাইট ভিশন গিয়ারের আড়ালে তার মুখটা পুরোপুরি দেখা না গেলেও মাথা সামান্য কাত করে বদনাটার দিকে তাকিয়ে থাকার ভঙ্গি দেখেই তার বিস্ময় বোঝা গেল। নিখিলও কম অবাক হলো না। লোকটার হাতের দিকে তাকিয়ে রইল নিখিল। তার গম্ভীর মুখে এবার স্পষ্ট বিরক্তির ছাপ। এতক্ষণ ধরে যে লোকটাকে সন্দেহভাজন ভেবে আটকানো হয়েছে, সে কি না প্রাকৃতিক ডাকে সাড়া দিতে এসেছে!

অরিত্র ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর ত্যক্ত কণ্ঠে বলে উঠল,

"ষিহ্‌! লোক আর পেলি না? যে ব্যাটা'ই এর সন্ধান করেছে তাকে আমি একশটা সাইড রোল খাওয়াবো। দাঁড়া, একবার খালি ক্যান্টমেন্টে ফিরতে দে আমাকে!"

কথাটা বলার সময় অরিত্র একবার আকাশের দিকে তাকাল, যেন ওপরওয়ালার কাছেও এই অভিযানের ব্যাখ্যা চাওয়ার ইচ্ছা হচ্ছে তার। এত ঠান্ডার মধ্যে পাহাড়ি পথ পেরিয়ে সতর্কভাবে এগিয়ে এসে শেষমেশ একটা বদনাসহ লোককে আটকানো ঘটনাটা তার কাছে যথেষ্ট বিরক্তিকর। নাক ছিটকিয়ে ফের বলল,

"কোয়ার্টারে ফিরেই কড়া করে ডেটলসহ এক বালতি ঠান্ডা পানিতে গোসল করতে হবে।"

ভয়ে ভয়ে অরিত্রের দিকে তাকিয়ে অত্যন্ত সরল মুখে লোকটা বলল,

"স্যার! ঠান্ডা পানি আবার কড়া হয় নাকি? ওটা তো গরম পানি হবে!"

নিখিল লোকটার কলার ততক্ষণে ছেড়ে দিয়ে অরিত্রের দিকে তাকাল। অরিত্রের চোখেমুখে তখন এমন বিরক্তি যেন এই লোকটার সঙ্গে আর এক মুহূর্ত কথা বলার ইচ্ছেও তার নেই। এমনকি নিখিল সুদ্ধ! নিখিল শুষ্ক গলায় বলল,

"চেপে ধরলাম আমি, আর গোসল করবি কিনা তুই! তুই তো ছিঃ ছিঃ করতে করতেই ওই রাইফেল হাতে দাঁড়িয়ে আছিস এক কিলোমিটার দূরে!"

অরিত্র সঙ্গে সঙ্গে নিখিলের দিকে ফিরল। তার কণ্ঠে এবার বন্ধুকে খোঁচা দেওয়ার পরিচিত সুর,

"তুই এর মর্ম বুঝবি কী? একটুখানি গাছের পাতা নড়লেই তো চারদিনে একদিন গোসলই করিস! আর এখন তো পৌষ মাস!"

উচিত জবাব দিতে পেরে অরিত্রের মুখের কোণে চাপা হাসি খেলে গেল। এতক্ষণকার বিরক্তির মধ্যেও বন্ধুকে খোঁচা দেওয়ার সুযোগটা সে হাতছাড়া করেনি। নিখিল অবশ্য এসবে কান দেওয়ার পাত্র নয়। সে ঠান্ডা মেজাজে লোকটাকে মাটিতে থেকে উঠে দাঁড়িয়ে পড়তে ইশারা দিল।

লোকটা কাঁপতে কাঁপতে কোনোমতে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল। হাতে ধরা সেই প্লাস্টিকের বদনাটা তখনো তার মুঠোর ভেতর শক্ত করে ধরা। অরিত্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। বনের ভেজা ও ঠান্ডা বাতাসের কারণে তার গায়ে কাঁপুনি ধরে গেছে। সে ওয়াকিটকিটা মুখের কাছে এনে চার নম্বর টিমের অন্য সদস্যদের উদ্দেশ্যে শক্ত গলায় নির্দেশ দিল,

"টিম ফোর, অল ক্লিয়ার! কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারী নয়, ভুল অ্যালার্ম ছিল। তোমরা নিজ নিজ পোস্টে ব্যাক করো। ওভার!"

ওয়াকিটকিতে রেসপন্স আসার পর অরিত্র কোমড়ে হাত রেখে নিখিলের দিকে তাকিয়ে নিরাশ গলায় হেলেদুলে বলল,

"চল, চেকপোস্টে ফিরি। এতক্ষণ পাহাড় চষে বেড়ানোর পর হাতে এল একটা বদনা আর এক বালতি বিরক্তি! কাল থেকে সন্দেহভাজন দেখলেই আগে তার হাতে কী আছে দেখবি। নইলে পরেরবার দেখা যাবে বালতিসহ ধরা পড়েছে কেউ!"

নিখিল লোকটার দিকে শেষবারের মতো একটা শাসানির দৃষ্টি দিয়ে অরিত্রের পেছন পেছন পা বাড়াল। এই অরিত্র ভালো হবার নয়! এতো খোশমেজাজে মানুষ আসলে থাকে কীভাবে?পাহাড়ের নিঝুম অন্ধকার চিরে ফৌজি বুটের ভারী আওয়াজ আবার মিলিয়ে যেতে শুরু করল রাতের গভীরে।

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন