#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৮
"আপনি কখনো প্রেম করেছেন?"
অদ্ভুত প্রশ্নে উশান অবাক হলো। আলোচনার শুরুতেই এমন প্রশ্ন শুনলে উশান কেন যেকেউ হতবাক হবে! আকস্মিক এমন প্রশ্ন দিয়ে কে আলাপ শুরু করে ভাই?
প্রায় পনেরো মিনিট ধরে প্রমি কথাহীন ভদ্র মেয়ের মতো বসেছিল। পনেরো মিনিট খুবই কম সময় মনে হতে পারে। তবে অচেনা কারো সামনে কথা না বলে চুপেচাপে দু'দন্ড স্বস্তিতে বসে থাকা দায়! তাই প্রথমে প্রমিই কথাবার্তা আরম্ভ করে নীরবতার দেয়াল ভাঙেছিল।
উশান থ মেরে থেকে জবাব দিল, "না।"
"আপনার মেয়ে বন্ধু নাই?"
আবারও একই ধাঁচের প্রশ্ন! মেয়েটা কী তার কাছ থেকে আগেভাগেই সব বিস্তারিত জেনে নিচ্ছে নাকি? উশান এবারও উত্তর দিল, "নাই।"
প্রমি কিছুক্ষণ উশানের মুখের দিকে তাকিয়ে রইল। লোকটার মুখে বিরক্তির ছাপ নেই, আবার বিশেষ আগ্রহও নেই। যেন সে প্রেম করেছে কি করেনি, পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ খবরই নয়!
প্রমি ঠোঁট কামড়ে ফের প্রশ্ন করল,
"আপনার কখনো কাউকে ভালো লাগেনি?"
এবার আর ঝটপট জবাব দিল না। প্রশ্ন এড়াতে ক্লান্ত গলায় বলল,
"আচ্ছা, মানসম্মত প্রশ্ন করার মতো আর কোনো প্রশ্ন নেই?"
জবাবটা কেমন কেমন নিরীহ লাগল না? লোকটা কী সরল-সহজ ধাঁচের, বোকাসোকা প্রকৃতির? নাকি তাকে দেখেই নিরীহ হওয়ার ভান করছে!
প্রমি তাচ্ছিল্য সুরে ঠোঁট ভেঙালো। যাইহোক! বিথি আপু 'তোমরা কথা বলো,আমি আসছি!' বলে সেই যে গেলেন আর খবর নেই। ঊষাও গিয়েছে তার সাথে, সে কত করে বলল তার সাথে থাকতে, থাকল না। পিঁপড়ের মতো একপা দু'পা করে বিথি আপুর পিছু নিল। পিচ্চি বাবুটাকেও দেখা যাচ্ছে না।
রেস্তোরাঁর একপাশে বসে থাকা পরিবারটির বাচ্চাটা কিছুক্ষণ আগেও বেশ চেঁচামেচি করছিল। এখন তারও কোনো আওয়াজ নেই। সম্ভবত মা-বাবার সঙ্গে বেরিয়ে গেছে। অথচ বিথি আপু যাওয়ার আগে এমন ভাব করেছিলেন, যেন এই বুঝি দু-এক মিনিটের মধ্যে ফিরে আসবেন! প্রমি টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে নিল। এক চুমুক পানি খেয়ে আড়চোখে উশানের দিকে তাকাল।
অপরিচিত কারো সঙ্গে সে এমনেই কোনো কথা বলতে পারে না। আবার ভালোভাবে পরিচয় হয়ে গেলে তার আলাপ ফুরোয় না। বিথি আপু যদি জোরাজোরি না করত, তাহলে সে এই বিকালে এখানে এসে এতক্ষণ ধরে সং সেজে বসে থাকত না। সে তো বাড়ি থেকে বেরিয়েছিল কিছু বই কিনবে বলে। ভালোমত কিছু ইংলিশ নভেল কিনবে দেখে। কদিন আগে উপন্যাস পড়ে পড়ে তার মাথায় ভুত চেপেছিল, বই লিখবে! নিজের ঘরের সমস্ত জিনিস উল্টালে-পাল্টালে হয়ত বই আর বই পাওয়া যাবে। বিছানায় মাথার কাছে বই! টেবিলের তাক বইয়ে ভরা! কাপড়ের নিচে বই! ড্রেসিং টেবিলের সামনে বই! সে হলো ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর তার ঘরের আনাচে-কানাচে বাংলা উপন্যাসে ঠাসা! তবে তার লেখক হওয়ার ভুত বেশি দিন টিকেনি। অর্ধেক লিখেই আর এগোতে পারেনি। ঝাড়ুফুক কিংবা কোনো ওঝা ডেকে ভুত তাড়াতে হয়নি, মা ঝাটা মেরেই সব সাফ করে দিয়েছে!
এরপর এলো ছবি আঁকা! জলরঙ,মোমের রঙ যতপ্রকার রঙ আছে সব কিনেছিল। এমনকি, একজন আর্টের টিচারও রেখেছিল। আর্ট শিখবে বলে! আর্টের টিচারও বেশিদিন টিকেনি। প্রথম প্রথম খুব উৎসাহ নিয়ে রংতুলি হাতে বসত প্রমি। ইউটিউব দেখে দেখে কত কী যে আঁকার চেষ্টা করেছে! কখনো ফুল, কখনো পাহাড়, কখনো আবার নদীর ধারে সূর্যাস্ত। কাগজে আঁকা ছবির সঙ্গে ভিডিওর ছবির মিল খুঁজে না পেয়ে শেষমেশ বিরক্ত হয়ে রংতুলিই ছুঁড়ে মেরেছিল।
টিচার বেচারা কত যত্ন করে শেখানোর চেষ্টা করতেন! কিন্তু প্রমির মন তো এক জায়গায় স্থির হওয়ার নয়। দু-দিন পরপর নতুন কিছু শেখার শখ জাগে, আবার কিছুদিন যেতেই সেই শখের মৃত্যু ঘটে। রংতুলি, ক্যানভাস সব এখনো ঘরে পড়ে আছে। ধুলো ঝেড়ে কেউ ব্যবহার করলে হয়তো উপকার হতো!
তারপর শখ জাগল রান্না শেখার। মা প্রথমে ভেবেছিলেন, মেয়ের বুঝি অবশেষে সুবুদ্ধি হয়েছে। কিন্তু সেই সুবুদ্ধির ফলস্বরূপ রান্নাঘরে এমন এমন কাণ্ড ঘটেছিল যে, মা তাকে রান্নাঘরে ঢুকতে দিতেই রাজি হন না। সে যাই করত না কেন একটু পর পর বেসিনে হাত ধুতো। এটাই কী সুস্বভাব নাকি বদস্বভাব, আল্লাহ'ই ভালো জানেন! সবজি কাটলেও বেসিনে হাত ধুবে, তরকারিতে লবণ চেকে দেখলেও, এমনকি ন্যাকড়া দিয়ে গরম কড়াই চুলোতে থেকে নামানোর পরও। তারপর পুরো রান্নাঘরের ফ্লোর জুড়ে হাত ঝাড়া মেরে পানি ছিটাবে। কিন্তু সে একটা জিনিসই বুঝে না, অল্প করে হাত ঝাড়া দেয় সে। মেঝেতে বন্যা কী করে হয়ে যায়? এতে মা প্রচন্ড বিরক্ত। আর এই বিরক্তকে গোলাবারুদে পরিণত করতে তার ছোট ভাই ঠাস করে রান্নাঘরের মেঝেতে পা পিছলে পড়ে গিয়েছিল একবার, তার ছিটানো পানিতে!
তারপর থেকে রান্নাঘরে ঢুকতে গেলেই মায়ের মুখে একটাই কথা, 'হ্যাঁ, তুই শুধু খাওয়ার সময় আসিস! তাহলেই হবে!'
প্রমি দীর্ঘশ্বাস ফেলল। তার শখের তালিকা যে কত দীর্ঘ, তা মনে করতে গেলেও মাথা ঘুরে যায়। শুধু শখগুলোই দীর্ঘস্থায়ী হয়নি। একটা কাজে মন বসতে না বসতেই আরেকটা কাজের প্রতি আগ্রহ জন্মেছে। তবে বই পড়ার অভ্যাসটা এখনো যায়নি। বরং সেটাই তার একমাত্র শখ, যেটা ধরে রাখতে পেরেছে।
বিথি আপু ফিরে এসেছেন। সাথে ঊষা নিজেও। ঊষা হলো উশানের ছোট বোন। বিথি আপু উশানের কাজিন। বিয়ে হয়ে গিয়েছে, একটা বাচ্চাও আছে হয়ত! দুজনকে এগিয়ে আসতে দেখে প্রমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরও কিছুক্ষণ একা বসে থাকলে হয়তো টেবিলের নকশা গুনতে শুরু করত!
বিথি নিজের জায়গায় বসতে বসতে প্রমির দিকে তাকাল।
"অনেকক্ষণ বসে থাকতে হলো?"
প্রমি মৃদু মাথা নাড়ল।
"না, ঠিক আছে।"
ঊষা বসে নিজের ব্যাগটা পাশে রাখল। তারপর একবার ভাইয়ের দিকে, আরেকবার প্রমির দিকে তাকাল। তার চোখেমুখে কৌতূহল থাকলেও কিছু জিজ্ঞেস করার আগে যেন ইতস্তত করছিল।
বিথি অবশ্য নীরবতা ভাঙল।
"তোদের কথা হলো কিছু?"
উশান সংক্ষিপ্ত উত্তর দিল, "হ্যাঁ।"
বিথি ভ্রু তুলে তাকাল, "কী কথা হলো?"
"অনেক কিছু।"
ঘোড়ার আন্ডা হয়েছে। সেটাও ভাজি করে খাওয়া যাবে! সেই কথা বিথি ঢের জানে। সে আর কিছু বলার আগেই ঊষা মৃদু হেসে বলল,
"ভাইয়া, তুমি না একটু বেশিই কম কথা বলো!"
উশান বোনের দিকে তাকাল।
"তোর কাছে কম মনে হয়?"
"আমার কাছে না, সবার কাছেই!"
ঊষার কথায় বিথির মুখেও হাসি ফুটল। তবে প্রমি হাসল না। অপরিচিত মানুষের সামনে এমনিতেই সে স্বচ্ছন্দ নয়, তার ওপর এখানে বসে নিজের অজান্তেই সবার কথাবার্তার বিষয় হয়ে উঠতে তার ভালো লাগছিল না।
বিথি এবার প্রমির দিকে তাকিয়ে বলল,
"তুমি কি খাবে বলো? অর্ডার দিই?"
"না, আপু। আমার কিছু লাগবে না।"
"আরে, এতক্ষণ বসে আছ। কিছু তো খেতেই পারো।"
প্রমি ভদ্রভাবে না করল না। বিথি মেন্যু কার্ডটা এগিয়ে দিলে সে হাতে নিল বটে, তবে কার্ড হাতে নিয়েও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। আজ যে তার বই কেনার কথা ছিল!
বিষয়টা উশান লক্ষ্য করে বোনদের উদ্দেশ্যে বলল,
"তোমরা কথা বলো। আমার একটা কাজ আছে, শেষ করে আসছি।"
সুযোগ বুঝে প্রমিও আমতা-আমতা করে বলল,
"আসলে, আমার একটু কাজ ছিল। আমি কি এখন যেতে পারি?"
বিথি আপু অবাক হয়ে তাকাল,
"এত তাড়াহুড়ো কিসের?"
"না মানে, কিছু বই কেনার কথা ছিল। একটু পরই দোকান বন্ধ হয়ে যেতে পারে!"
"সবেমাত্র কথা শুরু হলো। বসো না, শুনলাম তুমি বেশ ভালো কথা বলতে পারো। আজ বলছো না কেন?"
"না মানে আপু, আজ যাই? আরেকদিন দেখা করব, হ্যাঁ?"
"আচ্ছা, আরেকদিন কিন্তু? মনে থাকে যেন!"
"ঠিক আছে, ঠিক আছে।"
"উশান, ওকে একটু এগিয়ে দিয়ে তারপর তোর যেখানে ইচ্ছা সেখানে যাস। সন্ধ্যে হয়ে এলো বলে!"
"লাগবে না। আমি পারব!"
বলতে বলতে সে উশানের আগে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো। রাস্তায় উশানকে তার পিছু পিছু আসতে দেখে প্রমি দাঁড়িয়ে বলল,
"আমাকে এগিয়ে দিতে হবে না! আমি যেতে পারি।"
উশান পকেটে হাত গুঁজে হাঁটতে হাঁটতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
"আমাদের বাড়ির মেয়ে বা বউরা কখন সন্ধ্যার পর একা একা কোথাও বের হয় না, যদি না প্রয়োজন পড়ে!"
-
প্রমি বসে বসে মুড়ি খাচ্ছে। তাও ম্যাড়ম্যাড়ে মুড়ি। ঘরে খাওয়ার মতো আর কিছু নেই। চানাচুর, বিস্কুট সব ফুরিয়ে গেছে। মা আজকে মিষ্টি কুমড়ো আর শিং মাছ রেঁধেছে। সে দুটোর একটাও খায় না। তাদের ঘরে সবারই মিষ্টি কুমড়ো পছন্দ কেবল সে ছাড়া। মিষ্টি তরকারি খায়টা কে? সুস্থ-স্বাভাবিক মানুষ খায়? তাহলে তো মানুষ চা খাবে, চিনির বদলে এক টুকরো কুমড়ো দিয়ে দিলাম! পায়েস খাবে চিনির পরিবর্তে আরো এক টুকরো কুমড়ো!
ফ্রিজ খুলে দেখে সে, দুটো কাঁচামরিচ আর অর্ধেক লেবু ছাড়া মুড়ি মাখানোর মতো কিছুই নেই। অগত্যা মুড়ির সঙ্গে লবণ, পেঁয়াজ আর সরিষার তেল মাখিয়ে খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পেঁয়াজ কাটতে আলসেমি লাগায় শেষমেশ সাদামাটা মুড়িই ভরসা।
হাতে ফোন। রিলস দেখছে। ঘরে বসেই শুনতে পেল, বসার ঘর থেকে কারো কথা বলার আওয়াজ আসছে। ফোন রেখে কান পেতে শুনল, এক প্রতিবেশী আন্টি এসেছে। মা বলছেন,
"মিষ্টি কেন ভাবি?"
আন্টি এক গাল হেসে বললেন,
"আমাদের টুম্পা এসএসসিতে এ প্লাস পেয়েছে তাই।"
"কিন্তু এখন কেন?"
"সেসময় বাড়িতে ছিলাম না তো, সেজন্য আজ দিচ্ছি। দেরি হয়ে গেছে, তাই না ভাবি?"
"না, না ঠিক আছে!"
আহ্! কী রসের খবর! এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেই কবে! এতদিনে পোলাপাইন কলেজে ভর্তি হয়ে হাফ ইয়ারলিও দিয়ে ফেলেছে হয়ত। সবই ভং! উনার মেয়ে এ প্লাস পেয়েছে, অথচ পাড়ার লোক সেকথা জানেই না। সেই উদ্দেশ্যেই মিষ্টি বিতরণ।
মা আবারও বললেন,
"তা, মেয়েটা এখন কোথায় ভর্তি হয়েছে?"
"এই তো, বেসরকারি কলেজে। একটুর জন্য সরকারি কলেজে ভর্তি হতে পারেনি। নম্বর আরো লাগে! শুধু অল্পের জন্য! তবে যেখানে ভর্তি হয়েছে সেই কলেজটা বেসরকারি হলেও ভালো আছে!"
প্রমি মুড়ি চিবোতে চিবোতে চোখ পাকাল। আন্টি সগর্বে গদগদ গলায় ফের বললেন,
"এসএসসিতেও সাইন্স নিয়েছিল। এইচএসসিতে সাইন্স নিলো। আমি বলেছিলাম, আর্টসই নিক! শুনল না সাইন্স'ই নিল!"
বাঙালির এক স্বভাব হলো এরা সুযোগ পেলে কেউ কখনো কথায় ছাড় দিতে চাই না। গর্বে বুক ফুলিয়ে চলতে চাই!
"আমাদের প্রমিও তো এসএসসি, এইচএসসি দুটোতেই সায়েন্সে ছিল।"
"তাহলে ভার্সিটিতে এসে ইংরেজি নিয়ে পড়ল কেন? সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি ছেড়ে? ম্যালা ভালো সাবজেক্ট! পড়লেই পাবলিকে চান্স নিশ্চিত! সাথে চাকরিও!"
আন্টির কথাটা প্রমির কানে আসতেই গলায় তার মুড়ি আটকে গেল। এবার আন্টি একটা কাজের কাজ করলেন, ফিরে এসেছেন চিরচেনা পাশের বাড়ির আন্টি রূপে! এতক্ষণ সে এই রূপই মিস করছিল। ভাগ্যিস, সামনে পানি ছিল! ঢকঢক করে পানিটুকু পান করল।
ইন্টারমিডিয়েটে যারা সাইন্স নেয়, তারা আবেগেই নেয়। অতিরিক্ত আবেগ কন্ট্রোল করতে পারে না। ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দেশ-জাতির মুখ উজ্জ্বল করব! অথচ উচ্চতর গণিতের ক্যালকুলাস, কনিক্স আর ভেক্টরের সঙ্গে পরিচয় হওয়ার পর দেশ-জাতির মুখ তো দূরের কথা, নিজের মুখের দিকে তাকানোরও সাহস থাকে না! ক্যালকুলাসের অঙ্ক দেখলেই মনে হয়,আজ না পড়ি? বিছানাটা কোথায়? বালিশটা কোন দিকে?
#চলবে...