#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_৯
আর বায়োলজি? ও তো তার মতোই আরেক চিজ! একপাশ দিয়ে মুখস্থ করা শুরু করলে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। ঠিক যেভাবে প্রমি মায়ের কথা এক কান দিয়ে ঢুকায় অপর দিয়ে বের করে দেয়।
একবার বায়োলজি ল্যাব ক্লাসে ম্যাম তাকে তেলাপোকা নিয়ে আসতে বলেছিলেন। ব্যাপারটা এমন নয় যে, অন্য মেয়েদের মতো প্রমিও তেলাপোকা ভয় পায়। আরে না! সে তো যথেষ্ট সাহসী মেয়ে! সমস্যা হলো, তাদের বাড়ির তেলাপোকাগুলো সাধারণ তেলাপোকা নয়। রীতিমতো ভিআইপি শ্রেণির! দিনের বেলায় তাদের দেখা পাওয়া যায় না। রাতের আঁধার নামলেই তারা নিজেদের রাজত্ব থেকে বেরিয়ে আসে। আর তাদের মূল কনসার্ট বসে ওয়াশরুমের কমোডের আশপাশে! সেখানে তারা কী আলোচনা করে, কোন বিষয়ে সম্মেলন করে, তা আজ অবধি প্রমির জানা হয়নি।
তাহলে কীভাবে এদের ধরে নিয়ে আসবে? এই সামান্য বিষয়টা ম্যামকে বোঝাতে বোঝাতে প্রমির কলেজজীবন প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু ম্যামকে বোঝানো যায়নি যে, তেলাপোকা ধরার দায়িত্ব আর তেলাপোকাকে সঙ্গে নিয়ে কলেজে যাওয়ার দায়িত্ব এক কথা নয়!
কেমিস্ট্রির কাহিনি আরও ভয়াবহ। কেমিস্ট্রি ম্যাম বলেছিল, সালফিউরিক এসিডে ধীরে ধীরে পানি যোগ করো। সে ঠাস করে ঢেলে দিয়েছিল পানি। তারপর আর কি? যা হওয়ার তাই হয়েছে! ফিজিক্সকে নিয়ে মূলত কিছু বলার নেই! এই বইয়েতে শুধু থ্রিলার আর থ্রিলার! পরীক্ষার হলে শুরু হয় ট্র্যাজেডি! প্রশ্নপত্র হাতে নিয়ে প্রথম কয়েক মিনিট প্রমি প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করত। পরের কয়েক মিনিট প্রশ্নগুলো তাকে বোঝার চেষ্টা করত। তারপর দুপক্ষই যখন ব্যর্থ হয়, তখন শুরু হতো নীরব সমঝোতা! প্রশ্ন তার জায়গায় থাকবে, প্রমি তার জায়গায় বসে থাকবে। খাতা অবশ্য মাঝখানে পড়ে থেকে সবকিছুর সাক্ষী হবে!
এরপরও কেউ যদি বলে, 'সায়েন্স ছেড়ে অন্য সাবজেক্ট কেন নিলে?' তখন তার বলতে মনে চায়, আমার বইগুলো আপনিই পড়েন, আমি না-হয় আপনার বাড়ির থালাবাসনগুলো মেজে দিব নি? তাতে অন্তত দুটো পক্ষেরই উপকার হবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আর আমার মাথাটাও অকারণে গরম হলো না!
বাইরে থেকে মায়ের গলা শোনা গেল,
"আরে ও তো নিজের পছন্দমতোই সাবজেক্ট বেছে নিয়েছে। যার যাতে আগ্রহ, তাই না? তাছাড়া ইংরেজি সাবজেক্ট তো খারাপ না!"
মা শত চেষ্টা করে বুঝাতে লাগলেন মেয়ে তাঁরটাও ছাত্রী খারাপ না! মা অবশ্য ভুল বলেনি। ইংরেজিটা ভালো লেগেছে দেখেই সে এটা বেছে নিয়েছে।
এমন সময় কলিংবেল বেজে উঠল। প্রমির ছোট স্বপ্নীল গিয়ে দরজা খুলে দিল। দাদু এসেছে' বলে চিল্লিয়ে উঠল স্বপ্নীল। মা মাথার আঁচল বড় করলেন। দাদু ভেতরে ঢুকতে প্রমির খোঁজ করলেন। তারপর রসল্লাইয়ের প্যাকেটটা টেবিলের উপর রাখলেন।
"আসছি, ভাবী!"
বলেই আন্টিটা মাথায় ঘোমটা টেনে চলে গেলেন। মা আরেকটু বসতে বললেন। বসলেন না। মা দাদুর সাথে কথাবার্তা বলে রান্নাঘরে চলে গেলেন খাবার বাড়তে। খুশি মনে প্রমি নিজের কামরা থেকে বের হয়ে এলো।
এখন মধ্যাহ্ন! রোদ মোটামুটি ভালোই উঠেছে। দাদু ওয়াশরুমে ওযু করছেন। সবসময় পাক থাকা হলো তাঁর পুরোনো অভ্যেস। প্রমি তোয়ালে হাতে দাঁড়িয়ে বকবক করছে।
"পরশু জানো কি হয়েছে?"
দাদু ওয়াশরুম থেকে বেরিয়ে জবাব দিলেন,
"না বললে জানবো ক্যামনে?"
দাদুর কথায় প্রমি চোখ বড় বড় করে তাকাল। তারপর তোয়ালেটা একপাশে রেখে কোমরে হাত গুঁজে দাঁড়াল।
"দুনিয়াতে কী পাত্রের অভাব পড়েছিল? এত মানুষ থাকতে তোমাদের ওই এক ছেলেকেই কেন পছন্দ হলো?"
দাদু ওযু শেষে হাত মুছতে মুছতে মুচকি হাসলেন।
"কেন? কী হয়েছে? ছেলেটার সঙ্গে তোর দেখা হয়েছে?"
"হ্যাঁ, গত পরশুদিন!"
"কেমন লাগল?"
প্রমি মুখ বাঁকিয়ে বলল, "আহাম্মকের মতো!"
দাদু এবার একটু অবাক হলেন।
"এমন কেন মনে হলো তোর?"
"যারা প্রশ্নের জবাবে কেবল 'হু-হা' করে, তাদেরকে এ ছাড়া আর কী বলব, বলো দাদু?"
দাদু হেসে ফেললেন।
"হ্যাঁ, কথা কম বলে। তবে ছেলে ভালো।"
"তুমি তো দেখছি ঘটকের মতো কথা বলছো! এদের এককথায় হাবাগোবা বলে!"
"ছেলেটা বোকা না, বরং যথেষ্ট শান্তশিষ্ট। তোর কেন মনে হচ্ছে উশান ছেলেটা বোকা? সে কি চশমা পরে?"
প্রমি ভ্রু কুঁচকে তাকাল।
"না। চশমার সঙ্গে বোকাদের কী সম্পর্ক? চশমা পরলেই যে ছেলেরা বোকা হয়, এসব তোমায় কোন দার্শনিক বলেছে?"
দাদু এবার আর হাসি চাপতে পারলেন না।
"কে আবার? তুই-ই তো বলিস, চশমা পরা ছেলেরা বোকা হয়!"
প্রমি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখমুখ কুঁচকে বলল,
"আমি বলেছি? কবে বলেছি?"
"তা তো মনে নেই। তবে তোর মুখে শুনেছি।"
"দাদু, তোমার বয়স হয়েছে তো! এখন তোমার স্মৃতিশক্তির ওপর ভরসা করা যায় না।"
তারপর প্রসঙ্গ এড়াতে দাদুকে টেনেটুনে ডাইনিং রুমে নিয়ে গেল। খাওয়া শেষে স্বপ্নীল দাদুকে চেপে ধরল। তাকে ব্যাট কিনে দিতে হবে। ব্যাটের দুঃখে সে ব্যাটিং করতে পারছে না। মা চোখ পাকালেন। তবু শোনল না এই ছেলে। প্রমি গিয়েছিল ছাদে। শুকনো কাপড় আনতে। ভাইয়ের কথা শুনে খোঁচা মেরে বলল,
"কালকেই না বল কিনলি? আজকে আবার ব্যাট চাচ্ছিস?"
"যেভাবে কৈফিয়ত চাচ্ছিস যেন ব্যাট দাদু না তুই কিনেবি, আপু! তোর জামাই টাহা দিবে!"
হাতে থাকা কাপড়গুলোর মধ্যে স্বপ্নীলের জিসের প্যান্টটা প্রমি, স্বপ্নীলের মুখের উপর নিশানা করে দলা পাকিয়ে ঢিল মারল।
_
"বেচারা কত কষ্ট করে এসব সহ্য করছে! কড়া নিয়ম-শৃঙ্খলার জন্য কবেই ক্যাডেট ছেড়ে দিয়েছিল! আবারও এলোই কেবল তোর জন্য। আর তুই কিনা পাত্তাই দিচ্ছিস না তাকে!"
চিত্রলেখা শক্ত বোর্ডের উপর একটা কাগজ রেখে, তাতে কিছু প্রয়োজনীয় ঔষধের নাম লিখতে লিখতে তৃধাকে বলল। ঔষধগুলো সিএমএইচ থেকে নিয়ে আসতে হবে। একজন সৈনিককে দিয়ে পাঠিয়ে দিলেই হবে।
চিত্রলেখার কথা শুনে তৃধা ভ্রু কুঁচকে তাকাল। চায়ের কাপে চামচ দিয়ে নাড়তে নাড়তে পাল্টা প্রশ্ন করল,
"কোন বেচারা? বিহান?"
"না, তোর সাত জন্মের শত্রু!"
চিত্রলেখার মুখে এমন জবাব শুনে তৃধা চোখ সরু করল। তারপর আবার চায়ের কাপে মনোযোগ দিয়ে নির্বিকার কণ্ঠে বলল,
"আসছে কেন? আমি কী আসতে বলেছি?"
চিত্রলেখা কলম থামিয়ে তার দিকে তাকাল। মেয়েটার ভাবখানা এমন, যেন বিহান এখানে আসুক কিংবা পৃথিবীর অন্য প্রান্তে চলে যাক, তাতে তার কিছুই যায় আসে না!
"আসতে বলিসনি, কিন্তু আসতে তো নিষেধও করিসনি!"
"আমি কি ওর অভিভাবক যে নিষেধ করতে যাব? ইচ্ছে হয়েছে, এসেছে। আমার কী?"
তৃধার এমন নির্লিপ্ত উত্তর শুনে চিত্রলেখা মুচকি হাসল। মুখে যতই বিরক্তি দেখাক, বিহানকে নিয়ে যে মেয়েটার মাথাব্যথা আছে, তা তার অজানা নয়। তবে মুখ ফুটে সেটা স্বীকার করানো যে সহজ কাজ নয়, তা-ও বেশ ভালো করেই জানা আছে।
তৃধা এবার চায়ের কাপটা নামিয়ে চিত্রলেখার দিকে তাকাল।
"বিহানের হয়ে ওকালতি করছিস নাকি?"
চিত্রলেখা জবাব দেওয়ার বদলে কাগজে ওষুধের নাম লেখা শেষ করল। তারপর কাগজটা ভাঁজ করে তৃধার দিকে বাড়িয়ে দিল।
"হ্যাঁ, সেটাই। এখন এই নে, ওষুধগুলোর নাম। একজন সৈনিককে দিয়ে আসিস। সিএমএইচ থেকে ওষুধগুলো নিয়ে আসবে। আমার হাতে ময়লা লেগে আছে, সবার আগে হাত ধুতে হবে।"
তৃধা কাগজটা হাতে নিয়ে একবার তালিকাটির দিকে তাকাল, তারপর চিত্রলেখার দিকে। তার চোখেমুখে এবার স্পষ্ট সন্দেহ।
"তুই কি আমার সঙ্গে কথা বলছিস, নাকি আমাকে কৌশলে কাজ বুঝিয়ে দিচ্ছিস?"
চিত্রলেখা নির্বিকার ভঙ্গিতে জবাব দিল,
"দুটোই।"
"বাহ্! বন্ধুত্বের কী চমৎকার ব্যবহার!"
"ধন্যবাদ। বন্ধুত্বের সুযোগে কাজ করিয়ে নেওয়াটা আমার জন্মগত অধিকার।"
তৃধা মুখ বাঁকিয়ে কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়াল। যাওয়ার জন্য দরজার দিকে কয়েক পা এগিয়েও আবার থেমে গেল। তারপর পেছন ফিরে চিত্রলেখার দিকে তাকিয়ে চোখ সরু করে বলল,
"তোর মতো বন্ধুর জন্য শত্রুর দরকার হয় না! নিজের কাজ নিজে করতে পারিস না?"
চিত্রলেখা মুচকি হেসে বলল,
"পারব না কেন? কিন্তু তুই থাকতে আমি করব কেন?"
কথার ইতি টেনেই তৃধা তাঁবু থেকে বের হয়ে এসেছিল। তাই আর চিত্রলেখার শেষোক্ত বাক্য শুনতে পেল না।
বিকালের পড়ন্ত সূর্য হেলে পড়েছে পর্বতের আড়ালে। শীতের কুয়াশা জমেছে অদূর পাহাড়ে। হাঁটতে হাঁটতে তৃধার পা থেমে গেল। ফুল কমব্যাট ড্রেস, ভারী বুট, মাথায় হেলমেট এবং পিঠে রাইফেল নিয়ে বিহান খোলা চত্বরে দৌড়াচ্ছে। এখানে এসেও শাস্তি!
সিভিলিয়ানদের চিকিৎসার কাজে নিয়োজিত থাকা সকল ক্যাডেটসকে সাময়িকভাবে প্রশিক্ষণের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত বিহানকে শাস্তি পেতে দেখে তৃধা অবাকই হলো। এই লেফটেন্যান্ট নিখিল একটু বেশি বেশিই করছে না? চুন থেকে পান খসলেই বিহানকে কঠিন কঠিন ড্রিল দিয়ে দেন। সেদিন তিনি চিত্রলেখাকে ইচ্ছে করেই ছেড়ে দিয়ে ছিলেন। অথচ পিটির সময় কথা বললে অবশ্যই শাস্তি পেতে হয়। চিত্রলেখার পাওনা শাস্তিটা তিনি অনায়াসে বিহানকে দিয়ে দিলেন!
দৌড়ে দৌড়ে বিহানকে এদিকে আসতে দেখে তৃধা কাগজটায় মনোনিবেশ করল। হাঁটতে আরম্ভ করল নিজ গন্তব্যে। নিদারুণ পদ্ধতিতে সে বিহানকে এড়িয়ে গেল আবারও!
"কী এতো মনোযোগ দিয়ে পড়ছিস? প্রেমপত্র নাকি?"
বলতে বলতে বিহান দৌড়ানোর গতি স্লথ করল। তাল মিলালো হাঁটতে থাকা তৃধার সাথে। তৃধা মুখ তুলে তাকাল না। সেভাবেই জবাব দিল,
"হতেও পারে!"
"তুই প্রেমও করিস?"
বিহান আঁতকে উঠল। তৃধা তবুও তার দিকে মুখ ঘুরালো না। কাগজটা হাতের মুঠোয় নিয়ে যাত্রাপথে দৃষ্টি রাখল।
"তুই করতে পারলে, আমি করলে দোষ কোথায়?
বলেই হনহনিয়ে অগ্রসর হলো সেনা তাঁবুর দিকে তৃধা!
#চলবে...