ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 10

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১০

চিত্রলেখা সর্বত্র পানি খুঁজছে। ড্রামের পানি ফুরিয়ে গেছে। যা আছে তা হলো খাবার পানি। খাবার পানি ব্যবহার করে ফেললে পরে খাবে কী তারা? খাবার পানি তো আর আজ আসবে না, আসবে পরদিন।

বিরক্তিতে কপাল কুঁচকে এদিক-ওদিক তাকাল সে। তাঁবুর এক কোণে রাখা পানির জারটা প্রায় অর্ধেক খালি। ওটুকু পানি দিয়ে হাত ধোয়া যায়, কিন্তু অন্যান্য কাজ? তাছাড়া শুধু সে একা তো নয়, আরও অনেকের প্রয়োজন আছে। এখন পানি ব্যবহার করতেও এভাবে হিসাব করা লাগছে! কী মুসিবত!

'এমন একটা জায়গায় এসে পড়েছি, যেখানে পানির জন্যও মিটিং ডেকে সিদ্ধান্ত নিতে হবে!'

মনে মনে বিড়বিড় করে হাতে লেগে থাকা ময়লাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাটি লেগে আছে। ঘষে পরিষ্কার করতে হবে! কিন্তু উপায়?

তাঁবুর সামনে খোলা আঙিনায় নয়-বছরের কয়েকজন ছেলেপুলে খেলতে দেখে চিত্রলেখা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কারও হাতে শুকনো ডাল, কেউ আবার ছোট ছোট পাথর সাজিয়ে কী যেন বানাচ্ছে। তাদের হাসি-চিৎকারে চারপাশের গুমোট পরিবেশটা খানিকটা প্রাণ ফিরে পেয়েছে।

চিত্রলেখা এগিয়ে গিয়ে মৃদু স্বরে ডাকল,
"এই যে, তোমরা কী খেলছ?"

তাদের মধ্যে থেকে একজনকে ডাক দিল সে। ছেলেটার গায়ের ত্রিপুরা গোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক। পরনে গাঢ় লাল আর কালো রঙের বোনা কাপড়, কোমরে জড়ানো ঐতিহ্যবাহী বস্ত্রখণ্ড। হাতে কয়েকটা ছোট পাথর নিয়ে আপনমনে খেলছিল সাথীদের সঙ্গে। চিত্রলেখার ডাক শুনে মুখ তুলে তাকাল ছেলেটা। অপরিচিত মুখ দেখে খানিকটা ইতস্তত করে এগিয়ে এলো।

চিত্রলেখা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,

"তোমার নাম কী?"

ছেলেটা প্রথমে তার মুখের দিকে তাকাল। তারপর নিচু স্বরে উত্তর দিল,

"মংচংথোই ত্রিপুরা।"

নাম নাকি অন্যকিছু বলল! চিত্রলেখা সেটা বুঝতে পারল না। তবু ছেলেটাকে খুশি করতে বলল,

"বাহ্! সুন্দর নাম তো।"

কথাটা শুনে ছেলেটার মুখে সামান্য হাসি ফুটল। চিত্রলেখা এবার তার হাতের পাথরগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,

"আচ্ছা, তোমাদের এখানে পানি কোথায় পাওয়া যাবে, বলতে পারবে?"

"ঝরনা আছে ওই দিকটায়!"

ছেলেটা হাত তুলে পাহাড়ের ঢাল ঘেঁষে থাকা সরু পথটার দিকে দেখিয়ে দিল। চিত্রলেখা সেদিকে তাকাল। ঘন সবুজ গাছপালার ফাঁক দিয়ে আঁকাবাঁকা পথটা কোথায় গিয়ে মিশেছে, তা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না।

"কত দূরে?"

"এই তো, একটু হাঁটলেই!"

চিত্রলেখা মনে মনে দূরত্বের হিসাব কষল। পাহাড়ি বাচ্চাদের কাছে একটু হাঁটা আর শহুরে মানুষের কাছে একটু হাঁটার সংজ্ঞা যে এক নয়, সে বিষয়ে তার যথেষ্ট ধারণা আছে।

"আচ্ছা, ওই ঝরনার পানি কি তোমরা খাও?"

ছেলেটা মাথা নাড়ল।
"আমরা খাই।"

"পানি পরিষ্কার?"

"হুম। অনেক পরিষ্কার!"

চিত্রলেখা ঠোঁট চেপে হাসল। বাচ্চাদের কথায় পুরোপুরি ভরসা করা যায় না। তা ছাড়া ঝরনার পানি দেখতে স্বচ্ছ হলেই যে পান করার উপযোগী হবে, এমনটাও নয়। তবে হাত ধোয়ার জন্য হলে আপত্তি নেই।

"তুমি আমাকে ঝরনাটা দেখিয়ে দিতে পারবে?"

ছেলেটা এবার একটু ইতস্তত করল। পেছনে ফিরে নিজের সঙ্গীদের দিকে তাকাল। তারা তখনো পাথর সাজানো নিয়ে ব্যস্ত। একজন অবশ্য তাদের কথোপকথন শুনে কৌতূহলী চোখে তাকিয়ে আছে।

"পারব।"

"কিন্তু তোমার সঙ্গীরা তো তোমাকে ডাকছে!"

"ডাকুক! আগে আপনাকে ঝরনাটা দেখিয়ে দেই।"

"তাহলে চলো।"

"আচ্ছা!"

বলেই ছেলেটা হাতের পাথরগুলো পাশের একটা গাছের গোড়ায় রেখে দিল। তারপর চিত্রলেখার সামনে এসে দাঁড়াল। তার এই উৎসাহ দেখে চিত্রলেখার মুখে হাসি ফুটল।

"বাহ্! আমাকে সাহায্য করার জন্য এত তাড়া কেন?"

ছেলেটা সরল গলায় বলল,
"আপনার পানি লাগবে না?"

চিত্রলেখা হেসে ফেলল।
"লাগবে তো!"

"তাহলে চলেন!"

ছেলেটার কথায় এমন একটা স্বাভাবিক আন্তরিকতা ছিল যে চিত্রলেখা আর কিছু বলল না। শুধু তার সঙ্গে পা মেলাল।

তাঁবুগুলোর সারি পেরিয়ে তারা যখন পাহাড়ের ঢাল ঘেঁষে থাকা সরু পথটায় উঠল, তখন বিকেলের রোদ গাছের পাতার ফাঁক গলে মাটিতে ছোপ ছোপ নকশা এঁকে দিয়েছে। দুপাশে বুনো ঝোপঝাড়, কোথাও কোথাও পাথরের গায়ে জমে থাকা শ্যাওলা। বাতাসে ভেজা মাটির গন্ধ। দূর থেকে ভেসে আসছে পানির কলকল শব্দ।

চিত্রলেখা হাঁটতে হাঁটতে ছেলেটার দিকে তাকাল।
"আচ্ছা, তোমার নামটা যেন কী বললে?"

ছেলেটা ঘাড় ঘুরিয়ে উত্তর দিল,

"মংচংথোই!"

"স্কুলে যাও তুমি?"

"না!"

পথ শেষ! কাঙ্ক্ষিত স্থান সামনে। কয়েক পা এগিয়ে এসে থমকে দাঁড়াল। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলধারা পাথরের গায়ে আছড়ে পড়ে আপনমনে বয়ে চলেছে। কোথাও পানি উঁচু পাথর থেকে ছোট্ট ধাপ তৈরি করে নিচে নেমেছে, কোথাও আবার পাথরের ফাঁক গলে সরু স্রোত হয়ে এগিয়ে গেছে সামনের দিকে। ঝরনার পানিতে বিকেলের রোদ পড়ে চিকচিক করছে। মনে হচ্ছে, সবুজ পাহাড়ের বুকের ওপর কেউ একমুঠো সোনালী সুতো ছড়িয়ে দিয়েছে।

চারপাশে ঘন সবুজ গাছপালা। বড় বড় গাছের ডালপালা মাথার ওপর ছায়া তৈরি করে রেখেছে। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে ভেজা পাথরের গায়ে। ঝরনার অবিরাম কলকল শব্দের সঙ্গে মিশে আছে পাখির ডাক আর পাতার মর্মর। বাতাসে একধরনের স্নিগ্ধ শীতলতা, যেন পাহাড়ের এই ছোট্ট কোণে বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল এসে থেমে গেছে।

সাবধানে পাথরের ওপর পা রেখে ঝরনার ধার ঘেঁষে এগিয়ে গেল। পানির কাছে বসে হাত বাড়াতেই শীতল জল আঙুল ছুঁয়ে বয়ে গেল নিচের দিকে। দুই হাত পানির নিচে মেলে ধরল। আঙুলের ফাঁকে লেগে থাকা মাটি ধুয়ে যেতে লাগল ঝরনার স্রোতে। হঠাৎ চিত্রলেখা খেয়াল করল, মংচংথোই এর দু হাঁটুতে ময়লা লেগে আছে। তাতে ছোপ ছোপ রক্ত। পড়ে গিয়ে হয়ত ব্যথা পেয়েছে কোথাও! চিত্রলেখা তাকে ডাক দিল,

"তোমার হাঁটুতে কি হয়েছে, মংচংথোই?"

প্রশ্ন শুনে মংচংথোই এর সংবিৎ ফিরে এলো। খেলার সময় পড়ে গিয়ে হাঁটু ছিলে গিয়েছিল। তখন খেয়াল অবশ্যি করেছিল তবে খেলার আনন্দে আর সেদিকে মনোযোগ দেওয়া হয়নি। এখন চিত্রলেখার প্রশ্ন শুনে সে নিজের হাঁটুর দিকে তাকাল। তারপর এমনভাবে কাঁধ ঝাঁকাল, যেন ব্যাপারটা একেবারেই তুচ্ছ।

"পড়ে গেছিলাম!"

চিত্রলেখা ভ্রু কুঁচকে বলল,
"পড়ে গিয়েছিলে মানে? কখন?"

"একটু আগে!"

"আর তুমি এতক্ষণ ওই অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলে?"

মংচংথোই কোনো জবাব দিল না। বরং হাঁটুর ওপর লেগে থাকা শুকনো মাটিটুকু হাত দিয়ে ঝেড়ে ফেলার চেষ্টা করল। তাতে মাটি কিছুটা সরলেও রক্তের দাগগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। চিত্রলেখা ভ্রু কুঁচকে তার দিকে তাকাল।

"হাত দিও না! দাঁড়াও তো, দেখি।"

ছেলেটা হাত সরিয়ে নিল। চিত্রলেখা পানির ধার থেকে উঠে তার সামনে এসে হাঁটু গেড়ে বসল। তারপর সাবধানে হাঁটুর ওপরের ময়লাগুলো দেখল। চামড়ার ওপরের অংশ ছিলে গেছে। ক্ষতটা খুব গভীর নয়, তবে মাটি লেগে থাকায় পরিষ্কার করা প্রয়োজন।

"ব্যথা করছে?"

"না!"

"এখানে বসো। পানি দিয়ে ধুয়ে দিচ্ছি।"

ছেলেটা বাধ্য ছেলের মতো পাথরের ওপর বসে পড়ল। চিত্রলেখা ঝরনার ধার থেকে পানি হাতে নিয়ে তার হাঁটুর ওপর ঢালতে লাগল। মংচংথোই মুখ তুলে বলল,

"আপনি আমার দাদু চিকিৎসা করেছিলেন, তাই না?"

চিত্রলেখা প্রথমে তার কথা বুঝল না। পরে মনে পড়ল, সেদিন আগুনে দগ্ধ হওয়া বৃদ্ধ লোকটার নাতি হয়তো। যিনি বার বার কেবল নাতির কথাই স্মরণ করছিলেন। তারপর চিত্রলেখা মাথা নাড়াল। সে দেখল, ছেলেটার ধারণার সত্যি হওয়ার চোখে-মুখে কেমন আনন্দের ঝিলিক খেলে উঠতে। মংচংথোই কৃতজ্ঞতা চোখে তার দিকে ফিরে হাসল। চিত্রলেখা কিছু বলার আগেই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো।

"ওহ্‌, তুমি এখানে! আর আমি গোটা ক্যাম্প খুঁজে খুঁজে হয়রান!"

পিছনে ফিরে দেখল চিত্রলেখা। বুকে হাত গুঁজে অরিত্র দাঁড়িয়ে আছে সরু পথটার সম্মুখে। চিত্রলেখা দৃষ্টি ফিরিয়ে নিয়ে জবাব দিল,

"আমাকে খোঁজতেই কেন হয় আপনার? হয়রানি বা কেন হওয়া লাগে?"

অরিত্র বুকের সামনে গুঁজা বাঁধন আলগা করে, এদিকে আসতে আসতে খানিকটা দুঃখ নিয়ে বলল,

"ওসব ভালোবাসা তুমি বুঝবে না!"

বলেই সে বুট, মাথার ক্যাপ এবং ঘড়ি খুলে একটা শুকনো বড় পাথরের উপর সাবধানে রাখল। পানিতে যেন ভিজে না যায়! তারপর ঝিরিতে পা ডুবিয়ে নেমে পড়ল অরিত্র।

চিত্রলেখা মুখে ভেংচি কেটে প্রত্যুত্তর করল,

"আহা! কী পিরিত আপনার!"

অরিত্র তার কথা ধরণ আর প্রতিক্রিয়ায় মৃদু শব্দ তুলে হেসে ফেলল।

"আহ্‌! এত ঠান্ডা কেন পানি?"

"ঝরনার পানি ঠান্ডাই তো থাকবে। আপনার জন্য এখানে কে গরম করে রেখেছে?"

অরিত্র কথা বাড়াল না। মুখে পানি ঝাপ্টা দিল। হাত-মুখ ধুয়ে বুট পড়ে সেখান থেকে প্রস্থান করল। মংচংথোই অপলক নয়নে অবলোকন করল। অবাক হয়ে চিত্রলেখাকে বলল,

"চলে গেল! তাহলে এই ঘড়ি আর ক্যাপ নিল না যে?"

মংচংথোইয়ের প্রশ্নে চিত্রলেখার পাথরের ওপর রাখা ঘড়ি আর ক্যাপের পানে নজর পড়ল। সত্যিই তাই! জিনিসগুলো নেয় নি। হয়তো ভুলে গেছে!

চিত্রলেখা পথের দিকে দৃষ্টি ফিরে ডাক দিল, অরিত্রের নাম ধরে। অরিত্র ততক্ষণে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। নজর সরিয়ে নিতে গিয়েও তার কপালে ভাঁজ পড়ল। একই পথ ধরে তিনজন লোক আসতে দেখা যাচ্ছে। বিষয়টা চিত্রলেখার কাছে ভালো বলে মনে হলো না। লোক তিনজনকে দেখে মনের ভেতর কেমন একটা অস্বস্তি দানা বাঁধল তার। তাদের হাঁটার ভঙ্গি, বারবার পেছনে ফিরে তাকানো। যেন ওঁত পেতেই ছিল, কখন অরিত্র জায়গাটা ছাড়বে!

দেখে পাহাড়ি'ই মনে হচ্ছে। সামনাসামনি এসে হ্যাঙ্গলা-পাতলা করে লোকটা কোনো কথা নেই, বার্তা নেই। সরাসরি মংচংথোই'কে বলল,

"তুই এখানে কী করস? চল, আমগোর লগে!"

বলেই লোকটা হাত টান দিতে গেলে, মংচংথোই আঁকড়ে ধরল চিত্রলেখার হাত। অর্থাৎ সে যাবে না। চিত্রলেখা দেখল, ছেলেটার মুখ ভয়ে এইটুকুন হয়ে গেছে। কাচুমাচু ভঙ্গিতে কোনোমতে চিত্রলেখাকে খুঁটি হিসেবে আঁকড়ে ধরেছে!

চিত্রলেখা শক্ত গলায় বলল,

"যেতে চাইছে না বাচ্চাটা! জোর কেন করছেন?"

লোকটা তার দিকে বিরক্ত চোখে তাকাল। চিত্রলেখার হাত আঁকড়ে ধরে থাকা মংচংথোইয়ের দিকে একবার তাকিয়ে ঠোঁট বাঁকাল। যেন একটা বাচ্চাকে নিয়ে এত কথা বলার কোনো অর্থই খুঁজে পাচ্ছে না।

"পোলাপান মানুষ ওয়! ওর কথার কী দাম? আর আপনে আটকানোর কে?"

"সেটা আপনার না জানলেও চলবে। ছেলেটা যেতে চাইছে না। আর আপনি তো আর যে কাউকে হুট করে ধরে বেঁধে নিয়ে যেতে পারেন না!"

"আপনে বললেই আমার ওরে রেখে যাইতে হবে?"

মংচংথোই এর ধরে রাখা হাতটা আঁকড়ে নিয়ে, তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তেজি কণ্ঠে শুধালো চিত্রলেখা,

"অবশ্যই!"

লোকটা এতক্ষণ বিরক্তি হলেও এখন রীতিমতো রেগে গেল। তবু ক্রোধটুকু গিলে নিল। কাছাকাছি সেনা ক্যাম্প থাকায় ঝামেলায় যেতে চাইছে না। তবে ভয় দেখানোর জন্য কোমরে হাত দিয়ে বলল,

"দেখেন, এক এ তো আপনে মাইয়া মানুষ! দ্বিতীয়ত.."

কথা শেষ করল না। কোমর থেকে ধারালো ছুরিটা বের করে ইশারা বুঝিয়ে দিল। তারা আসলে ভালো লোক নয়!

চিত্রলেখা এক পা পিছিয়ে গেল। তার হাতশূন্য! তিনজন পুরুষ মানুষের সঙ্গে একা একজন মেয়ে, কতক্ষণ টিকতে পারবে? বিচলিত না হয়েও যেন পারল না। তবে লোকগুলোর সামনে তা প্রকাশ পেতে দিল না।

লোক তিনটে হাসল। কিন্তু সেই হাসি বেশি সময় স্থায়ী হলো না।

"বেস, ক্যাপ্টেন অরিত্র বলছি। আমার বর্তমান অবস্থান থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। অবিলম্বে একটি টিম পাঠান। লোকেশন, ক্যাম্পের পূর্ব পাশের পাহাড়ি ঝরনা সংলগ্ন এলাকা। ওভার।"

দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ স্বর! অরিত্রকে ওয়াকিটকি হাতে নির্দেশ দিতে দেখে লোক তিনজনের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ওপাশের উত্তরের প্রতীক্ষা আর করতে হলো না। তার আগেই লোকগুলো দিকবিদিক হয়ে দৌড়ে পালালো। যেন কান খাড়া করেই রেখেছিল, অস্বাভাবিক কিছু হলেই পালিয়ে যাবে!

অরিত্র এমনভাবে কাঁধ ঝাঁকাল, মনে হলো এতে তার কোনো অবদান নেই। তারপর কোমরে দু হাত রেখে ফের চলে যেতে যেতে চিত্রলেখাকে উদ্দেশ্য করে বলল,

"ওখানে দাঁড়িয়ে থেকে আর কাজ নেই। চলে এসো। বলতে পারছি না লোকগুলো কতদূর অবধি গেল। হতেও পারে কোথাও ঘাপটি মেরে আছে!"

কী জন্য যে ফের এসেছিল এখানে, সেটাই ভুলে গেছে অরিত্র। কী যেন নিতে এসেছিল? ধ্যাত! সাঁঝ বেলা ঘনিয়ে এলো বলে!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 10 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন