#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১১
দু'দিন হলো অরিত্রের কোনো দেখা নেই। অথচ তার জিনিস যে কারো হাতে পড়ে আছে, সেই খেয়াল আছে? নেই! থাকলে এমন নিখোঁজ হতো না।
চিত্রলেখা একজন সৈনিককে ডেকে বলল,
"ক্যাপ্টেন অরিত্র কোথায় আছে বলতে পারবেন? দুদিন ধরে তো তাঁকে ক্যাম্পে দেখছি না!"
সৈনিকটি চিত্রলেখার দিকে তাকিয়ে সামান্য সোজা হয়ে দাঁড়াল। তারপর বিনয়ের সঙ্গে উত্তর দিল,
"ক্যান্টনমেন্টে আছেন। এখানে তো তিনি আসেন না এখন। সম্ভবত ডিউটি নেই!"
"ওহ্!"
চিত্রলেখা ছোট্ট করে মাথা নাড়ল। আর কিছু জিজ্ঞেস করল না। সৈনিকটিকে চলে যেতে ইশারা করল। কয়েক মুহূর্ত ভেবে ক্যাপটা হাতে নিয়েই ফিরে চলল চিত্রলেখা। তার হাতে তো এখন কাজ নেই! আচ্ছা, সেনানিবাসে গেলে কেমন হয়?
-
"তা কী সিদ্ধান্ত নিলি?"
নিখিলের প্রশ্নে বিহান একবার ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। কথাটার আগামাথা কিছুই বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করল,
"কিসের সিদ্ধান্ত?"
"তুই কী এখানে শিকড় গেঁড়ে বসে থাকতে চাইছিস নাকি?"
নিখিলের কথায় বিহান ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। কাঁধ ঝাঁকিয়ে বেশ নির্বিকার ভঙ্গিতে বলল,
"শিকড় গাঁড়ার কী আছে? আমি তো সিলেক্টেড!"
"এসব ছেড়ে বাড়ির ছেলে, বাড়ি ফিরে যাহ্! তোর চিন্তায় চিন্তায় খালার হয়তো প্রেসার আবারও লো হয়ে গেছে।"
নিখিলের কথায় বিহানের মুখের হাসি মিলিয়ে গেল। বিরক্তিতে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে বলল,
"সবই ঠিক ছিল। মাঝখান দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল কেন করছো, নিখিল ভাই?"
শক্ত সিমেন্টের বস্তাগুলো সারি করে স্তূপ বানিয়ে রাখা হয়েছে সেনানিবাসের একটি নির্মাণাধীন ভবনের পাশের খোলা জায়গাটায়। বিহানকে এখানেই শাস্তিস্বরূপ কিছু কাজ করতে দেওয়া হয়েছিল। কাজের ফাঁকে নিখিলের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছে সে।
"গল্প হচ্ছে নাকি?"
অরিত্রের কণ্ঠ শুনে দুজনেই তার দিকে তাকাল। বিহান অবশ্য সুযোগটা হাতছাড়া করল না। মুহূর্তেই মুখের দুঃখী দুঃখী ভাব পাল্টে খুশি খুশি চেহারা নিয়ে অরিত্রের দিকে ফিরল।
"অরিত্র ভাই, আপনার বন্ধু বলছিল, তার নাকি ডায়াবেটিসের সুগার ওঠানামা করছে। বারবার টয়লেটে দৌড়াতে হচ্ছে। তাই আমার কাছে কিছু সাজেশন চাচ্ছিল!"
অরিত্র ছিল নিখিলের ছোটবেলার বন্ধু। ছিল না বরং এখনো আছে এবং থাকবে। খুব কাছের দোস্ত হওয়ায় প্রায়ই নিখিলদের বাসায় অরিত্রের আসা-যাওয়া হতো। আর বিহান, নিখিলের কাজিন হওয়ার সুবাদে অরিত্রকে সে চেনে। চেনে বলতে বেশ ভালোমতই চেনে।
নিখিলের পাশে জায়গাটা অরিত্র এসে দখলে নিয়ে নিল। এরপর বুকে আড়া-আড়িভাবে দু'হাত বেঁধে বিহানকে উদ্দেশ্য করে বলল,
"আর কত ধোয়া-মোছা করবে? তোমার শাস্তি মওকুফ করা হলো। এখানে আসো,পাশে বসো। খানিকটা আলাপ করলে কেমন হয়?"
অরিত্র এসেছে, এখন যে আড্ডাখানা হবে। এটা নিখিল ঢের বুঝেছে। তাই বিহান রাজি হওয়ার আগেই বলে উঠে সে,
"শাস্তি মওকুফ করা হয়েছে। এর মানে এই না যে, পরিবর্তিতে ফের কিছু বলা হবে না! আমি তিন পর্যন্ত গোনার আগেই কেটে পড়!"
নিখিলের হুমকিতে বিহান একবার অরিত্রের দিকে তাকাল। নিখিল ইতোমধ্যে গণনার কাজে লেগে পড়েছে,
"এক!"
দুই বলার আগেই বিহান যাওয়ার প্রস্তুতি নিতে নিতে বলল,
"আরে! যাচ্ছি, যাচ্ছি! এভাবে বলার কী আছে?"
বিহানকে চলে যেতে দেখে অরিত্র বিরক্ত হলো।
"তাড়িয়ে দিলি কেন বেচারাকে?"
বিহানকে চোখের আড়াল হতে দেখে নিখিল মৃদু মাথা নাড়ল। অরিত্রের কথা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল,
"চল, কাজ শেষ করি।"
নিখিলের কথায় অরিত্র চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। নির্মাণাধীন ভবনের পাশে এখনো বেশ কিছু কাজ বাকি। একদিকে সিমেন্টের বস্তাগুলো গোছানো, অন্যদিকে পড়ে থাকা কিছু দড়ি ও নির্মাণসামগ্রী সরিয়ে রাখা হচ্ছে।
"কেন? কোনো সৈনিক নেই? আমাদেরকেই কেন করতে হবে?"
ওপাশ থেকে কোনো জবাব এলো না। পাশ থেকে ছুরিটা তুলে অরিত্রের দিকে ঢিল মারল নিখিল।অরিত্র দীর্ঘশ্বাস ফেলে কাজে হাত লাগাল।
কিছুক্ষণ পর অরিত্র একটা বিপত্তি বাঁধাল। দড়ি কাটতে গিয়ে ডান হাতের তর্জনী সামান্য কেটে গেল অরিত্রের। ভোঁতা ছুরি! ক্ষতটা তেমন গভীর নয়, কিন্তু তার যাবতীয় রাগ গিয়ে পড়ল ভোঁতা ছুরির ওপর।বাপ, তুই কাজের কাজ কিছুই করিস না কিন্তু অকাজের বেলায় তোর জুড়ি মেলা ভাঁড়!
আঙুলটা চোখের সামনে তুলে ধরে বিরক্তিতে মাথা নাড়ল সে। ক্ষতস্থান থেকে অল্প অল্প রক্ত বেরোচ্ছে। ঝাড়া মারলেই ঠিক হয়ে যাবে। এই সামান্য কাটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। একটু পর এমনিতেই বন্ধ হয়ে যাবে।
"অরিত্র, আপনি তখন ক্যাপটা ফেলে রেখে গিয়েছিলেন। এই নিন।"
রিনরিনে কারো কণ্ঠ স্বরে অরিত্র আঙ্গুল থেকে মনোযোগ সরিয়ে মাথা উঁচিয়ে তাকাল। চিত্রলেখা! মেয়েটা কখন এসেছে? সে তো টেরই পায়নি! আকস্মিক উপস্থিতিতে কয়েক মুহূর্তের জন্য তার চোখেমুখে বিস্ময় ফুটে উঠল। তারপর সেই বিস্ময় ছাপিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা দিল।
চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে অরিত্র একটু থমকে গেল। চোখে-মুখে আগের মতো বিরক্ত নেই, নাই কোনো গাম্ভীর্য। যেটা তার সাথে কথা বলার সময় মেয়েটা সবসময় মুখাবয়বে ঝুলিয়ে রাখে। সাবলীল মুখ ভঙ্গিমা এবং হাস্যোজ্জ্বল এক চেহারা।
চিত্রলেখার বাড়ানো হাতের দিকে তাকাল অরিত্র। অতঃপর হাত বাড়িয়ে সে ক্যাপটা নিজের কাছে নিয়ে নিল।
"ধন্যবাদ।"
অরিত্রের কণ্ঠে কৃতজ্ঞতার সঙ্গে হালকা প্রশান্তিও মিশে রইল। চিত্রলেখা একবার মাথা নাড়ল। তখন চিত্রলেখার নজর কাড়ল তার হাতে ব্যান্ডেজটা।
যা দেখে চিত্রলেখার ঠোঁটে চিকিৎসকের স্বাভাবিক মৃদু হাসি ফুটে উঠল। ব্যান্ডেজটার দিকে ইশারা করে উপদেশের সুরে বলল,
"ব্যান্ডেজটা এখনো বেঁধে রেখেছেন কেন? এক সপ্তাহে ঘা শুকানোর বাকি নেই। এখন খুলে ফেলতে পারেন এটা।"
চিত্রলেখার কথায় অরিত্র একবার নিজের হাতের দিকে তাকাল। তারপর মেয়েটার মুখের দিকে। তার ঠোঁটের কোণে তখনো হাসির রেখা লেগে আছে।
চিত্রলেখার হাসি দেখে অরিত্রের ঠোঁটে আপনাতেই কোমল হাসির পরশ ছুঁয়ে গেল। অরিত্র মাথা নাড়াল।
চিত্রলেখা ছোট্ট করে "আসছি" বলে বিদায় নেওয়ার ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে গেল।
অরিত্র জবাব দেওয়ার জন্য ঠোঁট ফাঁক করেও কিছু বলতে পারল না। কেবল সেই পথে মোহিনী দৃষ্টে চেয়ে রইল। তার হাসির রেখা ধীরে ধীরে চওড়া হতে থাকল। নিজ মনে বিরবির করে বলল,
"হাসলে আরো বেশি সুন্দর লাগে, তাই না?"
সেদিক থেকে নজর সরিয়ে আনমনে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাল অরিত্র। ওমনি তার ছাতি ধড়াস করে উঠল। নিখিলকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। বাহুতে হাত গুঁজে দাঁড়িয়ে আছে নিখিল। সে ভুলেই গিয়েছিল যে, এই ব্যাটা তার সঙ্গেই দাঁড়িয়েছিল এতক্ষণ। সে নিশ্চিত নিখিল তার বিড়বিড় করে বলা কথা আড়ি পেতে শুনে ফেলেছে। মুহূর্তের মধ্যে মুখ থেকে প্রেম-প্রেম ভাবটা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করল অরিত্র। জোরপূর্বক হাসির চিহ্নটুকু মুছে ফেলল। অরিত্রের বর্তমান অবস্থা এমন যেন চোর চুরি করে মালিকের কাছে ধরা পড়েছে, এখন জান বাঁচাতে পালাবে নাকি ধুলায়ের জন্য প্রস্তুত হবে!
নিখিলের ভাবসাব ভাবগম্ভীর। মুখে না বললেও চোখ দেখেই অরিত্র স্পষ্ট বুঝতে পারছে, নিখিলের অব্যক্ত কটাক্ষ বচন, 'তুই কী জীবনেও ভালো হবি না? মেয়ে দেখলেই তোর সবজায়গায় পিছলে পড়তে হয়?'
পরিস্থিতি সামলাতে হুট করেই অরিত্র মিছে আর্তনাদ করে উঠে। একটু বাঁকা হয়ে এক হাত দিয়ে বুকের বাম পাশটা চেপে ধরল সে, আর অন্য হাত দিয়ে নিখিলের বাহু খামচে ধরে কাতরাতে লাগল,
"আহ্, বুকে ব্যথা! মনে হচ্ছে, ক্ষতটা বেশ গভীর!"
নিখিল নড়লও না, চড়লও না। বাহুতে অরিত্রের হাত তেমনই পেঁচানো রইল। মুখাবয়ব থমথমে। ভুল শুধরিয়ে বলল,
"কিন্তু কাটল তো হাতে, রক্তও পড়ল তর্জনীতে। তো ব্যথাটা বুকে গেল কীভাবে?"
"ওহ্, হাতে কাটেছিল, না?"
অরিত্রের বাহানা এক ধাক্কায় চুপসে গেল! তবে দমে যাওয়ার পাত্র সে নয়। একটুও না থমকে, একদম পাকা অভিনেতার মতো করুণ চোখে বলল,
"তাহলে...আহ্...আমার হয়তো হার্ট অ্যাটাক-ফ্যাটাক কিছু হয়ে গেছে। নয়তো বুকে এতো ব্যথা করবে কেন? তুই থাক, আমি যাই। ডাক্তার দেখিয়ে আসি!"
কথা শেষ করে অসুস্থ লোকের মতো হেলেদুলে এক পা বাড়াতে নিলে নিখিল এদিক-ওদিক তাকিয়ে ধীর গলায় বলল,
"হার্ট অ্যাটাকটা কি তবে ডাক্তারকে দেখার জন্যেই আরম্ভ হয়েছে?"
নিখিলের চোখ দুটো হাসলেও মুখের সেটার লেশমাত্র নেই। অরিত্র দাঁতে দাঁত চাপল। আর কোনো কথা খুঁজে পেল না সে। অগত্যা সোজা হয়ে ঝটপট প্রসঙ্গ পাল্টিয়ে বলল,
"ওহ্! মনে পড়েছে আমার তো হাত কেটে গেছে। চিন্তা করিস না। সেটাও অতি সামান্য। থু থু দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। চল, সামনে এগোই।"
বলে আর এক সেকেন্ড অপেক্ষা করল না। বিড়াল পায়ে সেখান থেকে স্রেফ কেটে পড়ল!
অরিত্রের এমন চোর-পালাচ্ছে মার্কা কেটে পড়ার ভঙ্গিমায় হাঁটা দেখে, নিখিলের ঠোঁটের কোণে এতক্ষণে জমে থাকা বরফ গলে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে হাত দুটো বুকের ওপর বেঁধে অরিত্রের যাওয়ার পথের দিকে তাকিয়ে ধীর গলায় খোঁচা মারল,
"তোর যে শেষমেষ মনে পড়েছে এতেই ধন্য আমি। শুধু শুধু চিন্তা করে মাথা ব্যথা কেন তুলব?"
#চলবে..