#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১২
তাঁবুর সামনে পেতে রাখা বেঞ্চটায় বছর দুয়েকের একটি শিশু মায়ের কোলে বসে আছে। নাক দিয়ে অনবরত পানি পড়ছে, চোখ দুটোও কেমন লালচে হয়ে এসেছে। মাঝেমধ্যে হাঁচি দিচ্ছে শিশুটি। পাশে বসে থাকা মা বেশ চিন্তিত মুখে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
চিত্রলেখা ছোট্ট টুলটায় বসে শিশুটির দিকে মনোযোগ দিল। গলায় ঝোলানো স্টেথোস্কোপটা সরিয়ে রেখে প্রথমে মায়ের কাছ থেকে সমস্যার কথা শুনল।
"কখন থেকে এমন হচ্ছে?"
"কাল রাত থেকে, ম্যাডাম। প্রথমে একটু হাঁচি দিচ্ছিল। আজ সকাল থেকে নাক দিয়ে পানি পড়ছে, সঙ্গে কাশিও হচ্ছে।"
মারমা মায়ের উদ্বিগ্নতায় চিত্রলেখা মুচকি হেসে আশ্বস্ত করল। বাচ্চাটার প্রাথমিক পরীক্ষা শেষ করে সে তাঁবু থেকে বেরিয়ে এলো।
এই সন্ধ্যায় এখন সবাই বিশ্রাম নিচ্ছে। হাতে কাজ নেই। আর তাই তারা তিনজন বেঁচে যাওয়া সময়টুকুতে আড্ডায় মজেছে। শুকনো ডালপালা আর খড়কুটো দিয়ে জ্বালানো অগ্নিকুণ্ডকে ঘিরে বসে আছে বিহান, নীরব এবং তৃধা। শীতের কবল হতে রেহাই পেতে একটুখানি তাপ নেওয়া আরকি!
অগ্নিকুণ্ডের আগুনে শুকনো ডালপালাগুলো মাঝে মাঝে মটমট শব্দে জ্বলে উঠছে। তার লালচে আভা তিনজনের মুখে পড়ছে। বিহান দুহাত আগুনের দিকে মেলে দিয়ে হাত ঘষছে। তারপর হাত দুটো উল্টেপাল্টে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল।
"আহ্! জীবনটা বড়ই অদ্ভুত। একদিকে শীত, অন্যদিকে কাজের চাপ। মাঝখানে আমরা কয়েকটা অসহায় প্রাণী!"
নীরব মুখ তুলে তাকাল তার দিকে। তারপর বলল,
"তোর আবার কীসের কাজের চাপ? সারাদিন তো কাজের চেয়ে কথা বলতেই বেশি ব্যস্ত থাকিস!"
সে নিজের কাজের কঠিন কঠিন উদাহরণ কটা দিতেই যাচ্ছিল, তবে চিত্রলেখা চলে আসায় আর বলা হলো না। নীরব একটু সরে তাকে বসার জন্য জায়গা দিল। কিন্তু চিত্রলেখা বসল না। সে বসল গিয়ে তৃধার পাশে।
তৃধা সুয়েটারের হাতা গুটিয়ে দুহাত আগুনের দিকে মেলে ধরল। শীতের তীব্রতায় তার নাকের ডগাটাও লালচে হয়ে এসেছে। একটু উষ্ণতার আশায় আগুনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে।
"পাঁচ কাপ চা হলে ভালো হতো!"
চিত্রলেখা তৃধার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল।
"পাঁচ কাপ কেন? আমরা তো সংখ্যায় চারজন!"
তৃধা নির্বিকার মুখে কাঁধ ঝাঁকাল,
"ডাবল কাপ ছাড়া আমার আবার চলে না!"
নীরব মুখে চাপা হাসি ফুটিয়ে আগুনের দিকে তাকিয়েই মন্তব্য করল,
"না, ঠিকই আছে। চাখোর তো!"
তৃধা সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে তাকাল। চোখে-মুখে প্রতিবাদের ছাপ।
"ভাবছি, নীরবকে বুড়ি বুড়ি দেখে চারটা বিয়ে করাবো।"
নীরব এবার মুখ তুলে তাকাল। তার ভ্রু দুটো কুঁচকে গেলেও চিত্রলেখা আগ্রহ নিয়ে তৃধার দিকে তাকাল।
"কেন? কচি মেয়ের কী অভাব পড়েছে দেশে?"
তৃধা মুখ টিপে হাসল। নীরবের দিকে একবার তাকিয়ে আবার চিত্রলেখার দিকে ফিরল।
"অভাব না পরলেও নীরবের জন্য ঠিকই সংকট পড়বে!"
চাখোর বলেছে বলে এইভাবে প্রতিশোধ নিচ্ছে! নীরব ভেংচি কেটে। তৃধার ভুল ধারণা চূর্ণবিচূর্ণ করতে বলল,
"চাখোর তো খারাপ কিছু না!"
"তা না! তবে তোর কথা কিন্তু আমি সত্যি সত্যি বলছি। তুই তো আমাদের মতো আর চপরচপর, জপ্পরজপ্পর করতে পারিস না!"
নীরব এবার বিরক্ত মুখে মাথা নাড়ল। অন্যদিকে চিত্রলেখা হেসে উঠল। তারপর তৃধার দিকে তাকিয়ে বলল,
"লো কোয়ালিটির ঘটক! ঘটকের চোখ থাকবে সিসি ক্যামেরার মতো। আমার বিয়ের ঘটকালি তোকে দিয়ে করানোর শখ মিটে গেছে। বিহান, তুই কী বলসি? এমন ঘটক তোর বিয়েতে রাখবি?"
বিহান এতক্ষণ আগুনে হাত সেঁকছিল। প্রশ্ন শুনে সে হাত দুটো নামিয়ে চিত্রলেখার দিকে তাকাল। মুখে এমন একটা ভাব ফুটে উঠল, যেন তাকে বেশ কঠিন কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সে বিড়বিড় করে বলল,
"আশ্চর্য কথাবার্তা। পাত্রী না থাকলে আমি বিয়ে করব কীভাবে?"
বিহানের কথা শুনে তৃধা মুচকি হাসল। চিত্রলেখাও তার দিকে তাকিয়ে কিছু বলার আগেই তৃধা সুযোগটা লুফে নিল। সে চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে বলল,
"তোর বিয়ের ঘটকালির কী প্রয়োজন? ওই যে অফিসারটা? কী যেন নাম! ওহ্, মনে পড়েছে! অরিত্র নাম। তাঁর সঙ্গেই তো ওইদিন দেখলাম ভালোই গুসুরগুসুর ফুসুরফুসুর করছিস!"
কথাটা শুনে চিত্রলেখার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে তৃধার দিকে চোখ বড় বড় করে তাকাল। অরিত্র এর নামটা শুনে বিহান একটু নড়ে চড়ে বসল। তৃধা আর চিত্রলেখাকে ফিসফিস করে কথা বলতে দেখে তার মনের মাঝে একটুখানি খচখচানি আরম্ভ হলো।
চিত্রলেখা আগুনের দিকে মেলে রাখা হাত দুটোও নামিয়ে নিল।
"চুপ!"
তৃধা যেন এই প্রতিক্রিয়ারই অপেক্ষায় ছিল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে ভ্রু নাচাল। তারপর একটু সামনে ঝুঁকে ফের বলল,
"প্রপোজ-টপোজ কী করেছে নাকি?"
চিত্রলেখা এবার দাঁতে দাঁত চেপে তার দিকে তাকাল। তৃধার মুখের হাসি অবশ্য তাতে একটুও কমল না।
"আমার হাতের শক্ত মার খেতে না চাইলে মুখ বন্ধ কর।"
তৃধা কথাটা শুনেও দমল না। বরং চোখ সরু করে চিত্রলেখার মুখের দিকে তাকাল। তারপর বেশ কৌতূহলী গলায় বলল,
"না মানে এখনো কিছু বলেনি? পরিচয় তো অনেকদিন হলো!"
চিত্রলেখা তার হাত খামচে ধরল। তৃধা মুখ ফুটে ব্যথাতুর শব্দ করে সামনে চাইল। স্বাভাবিক হয়ে বসে সকলের উদ্দেশ্যে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল,
"ওহ্! কী যেন বলছিলাম?"
তৃধা মনে করার চেষ্টা করল। বিহান সাহায্য করল,
"নীরবের বিয়ে!"
"ও! হ্যাঁ, মনে পড়েছে! নীরব, তোর.."
বাকি কথা আর তৃধা বলতে দিল না নীরব। বিব্রত কণ্ঠে বলল,
"তুই হঠাৎ আমার পেছনে পড়লি কেন বইন?"
"বুঝিস না? মেয়ের বিয়ের বয়স হয়েছে তো! বাসায় তো আর বলতে পারছে না। লজ্জা-শরমের একটা ব্যাপার-স্যাপার আছে তো! তাই আমাদের খোঁচাচ্ছে যেন তাকে আমরা সাহায্য করি। সমস্যা নেই, তৃধা। আন্টির নাম্বারটা একটু টুকে দিস আমাদের। তোর বাসায় বিষয়টা নিয়ে হালকা-পাতলা শলাপরামর্শ হবে নি!"
চিত্রলেখা বলতে বলতে গায়ের চাদরটা ভালোমত জড়িয়ে নিল। তৃধা দুষ্টুমি গলায় বলল,
"ও-ই আরকি!"
তৃধার কথায় তারা সকলে একযোগে হেসে ফেলল। কেবল বিহান ছাড়া। হুহ! সবই ভণ্ডামি! তার সঙ্গে ব্রেকআপ করে এখন বিয়ে করা হচ্ছে!
তৃধার কথায় চিত্রলেখা ভ্রু দুটো সামান্য উঁচু করল। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তার দিকে তাকাল।
"ওও আচ্ছা?"
তৃধা এবার লজ্জা পেয়ে একটু সোজা হয়ে বসল। মুখে এমন একটা ভাব আনল, যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা এইমাত্র নিয়ে ফেলেছে। এক হাত বুকের ওপর রেখে নাটকীয় ভঙ্গিতে বলল,
"আরে না না! আমি তো জীবনে বিয়েই করব না। সন্ন্যাসী হয়ে বনবাসে ধ্যান করব!"
তার এমন ভাবভঙ্গি দেখে নীরব মুখ ঘুরিয়ে মৃদু হাসল। বিহানও ঠোঁটের কোণে হাসি আটকে রাখার চেষ্টা করল। চিত্রলেখা অবশ্য একটুও অবাক হলো না। বরং তৃধার দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে মাথা নাড়ল। তারপর ঠাট্টা করে বলল,
"তাহলে সাথে করে বিহানকেও নিয়ে যাস, তোর শিষ্য হিসেবে!"
কথাটা শেষ করেই চিত্রলেখা হাসি চেপে অন্যদিকে তাকাল। এরপর আর হাসি চেপে রাখা গেল না কারও। তৃধাও মুখ বাঁকিয়ে চিত্রলেখার দিকে তাকাল।
পাহাড়ি সন্ধ্যা ধীরে ধীরে আরও গাঢ় হয়ে আসছে। দূরের পাহাড়ের গায়ে দিনের শেষ আলোটুকুও মিলিয়ে গেছে। তাঁবুগুলোর সারির ফাঁকে ফাঁকে ল্যাম্পপোস্টের হলদেটে আলো ছড়িয়ে পড়েছে। গাঢ় হতে থাকা সন্ধ্যার মাঝে আড্ডার রেশ তখনো কাটেনি। অগ্নিকুণ্ডের আগুনে হাত সেঁকতে সেঁকতে বিহান বলল,
"অনেকদিন হলো নীরবের গলায় গান শোনা হয় না। একটা গান হলে কেমন হয়?"
বিহানের কথায় নীরব তার দিকে তাকাল। যেন প্রস্তাবটা একেবারে অপ্রত্যাশিত নয়, তবু এই মুহূর্তে গান গাওয়ার কথা ভেবে একটু ইতস্তত করল। চিত্রলেখা অবশ্য বেশ আগ্রহ নিয়ে তার দিকে ফিরল। মুখে মৃদু হাসি টেনে সায় দিল,
"মন্দ হয় না! শুরু করে দে, নীরব!"
নীরব এবার চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। তারপর নিজের দুই হাতের তালু একসঙ্গে ঘষতে ঘষতে বলল,
"কিন্তু গিটার তো এখানে নেই!"
তৃধা সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে কাঁধ ঝাঁকাল। যেন গিটার না থাকাটা কোনো সমস্যাই নয়।
"তাতে কী? আমরা তো আছি, গান শোনার জন্য অধীর আগ্রহে!"
মোটামুটি সাইজের ডালপালাগুলো পুড়ে নিঃশেষ হয়ে এলো বলে। বিহান পাশ থেকে দুটো লাকড়ি নিয়ে অগ্নিকুণ্ডে ছুঁড়ে মারল। নতুন লাকড়ি দুটো আগুনে পড়তেই মুহূর্তের জন্য ছোট ছোট ফুলকি ছিটকে উঠল। শুকনো কাঠের গায়ে আগুন ছড়িয়ে পড়তে শুরু করল আবারো। সেই সাথে সুর উঠল নীরবের কণ্ঠে,
তোমার নামের রোদ্দুরে,
আমি ডুবেছি সমুদুরে,
জানি না যাবো কদ্দুরে এখনো।
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে,
তুমি কেন এলে জানি না এখনও..
#চলবে...
[কী যে ছাই-ফাস লিখলাম, আল্লাহ্ ই ভালো জানেন! বিচ্ছিরি একদম!]