#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১৩
সন্ত্রাসী গোষ্ঠী খোলামেলা অপরাধ করার সাহস তখনই পায়, যখন উপরমহলের কোনো না কোনো পক্ষের প্রশ্রয় পায় কিংবা নিজেদের অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে না বলে নিশ্চিত থাকে। সেই সুযোগে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে তারা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তা নাহলে কাছাকাছি কোথায় শৃঙ্খলাবাহিনীর ঘাঁটি থাকা সত্ত্বেও এরা কীভাবে দিনে-দুপুরে একটা দোকানে হামলা করার সাহস পায়?
আজ দুপুরে পাহাড়ি বাজারের এক মুদির দোকানি চাঁদা দিতে রাজি না হওয়ায় স্থানীয় তিনজন দুষ্কৃতকারী বন্ধ দোকানে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাজারের রাস্তাটা ছিল পাকা। আর সৌভাগ্যক্রমে,ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে সেনাবাহিনীর একটি জিপ যাচ্ছিল। দোকানের সামনে অস্বাভাবিক পরিস্থিতি দেখে গাড়ির চালক গতি কমিয়ে আনলেন। ভেতরে থাকা সদস্যদের দৃষ্টি মুহূর্তেই সেদিকে আটকে গেল।
লোক তিনটে অনবরত দোকানের সাটারে হাতের দিয়ে কোপ বসাচ্ছে। দোকানিকে সামনে পেলে হয়তো রক্তারক্তি একটা অবস্থা হয়ে যেত মুহূর্তের মাঝেই।
জিপটি থামতেই দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা নেমে এলেন ভারী অস্ত্র হাতে। তাদের উপস্থিতি টের পেয়ে তিনজনের মধ্যে অস্থিরতা দেখা দিল। তবে পালিয়ে যাওয়ার আগেই সেনাসদস্যরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আটক করলেন। একজন অফিসার ধমকে উঠে হাতের অস্ত্র ফেলতে বললেন দুষ্কৃতকারীদের। সেনাসদস্যরা রাইফেল তাক করে আছে তাদের দিকে। উপায়ান্তর না পেয়ে তিনজনই তখন রামদা হাত থেকে ফেলে দেয়!
"সন্ত্রাসী তিনজন এখন কোথায় আছে?"
নিখিল গম্ভীরমুখে প্রশ্ন করল। ঘটনাস্থলে উপস্থিত থাকা সার্জেন্টটি জবাব দিল,
"স্যার, তিনজনকেই আমাদের গাড়িতে রাখা হয়েছে। বর্তমানে তারা সেনাসদস্যদের তত্ত্বাবধানে রয়েছে।"
নিখিল একবার হাতঘড়ির দিকে তাকাল। তারপর পুনরায় প্রশ্ন করল,
"দোকানির অবস্থা কেমন? কোনো শারীরিক ক্ষতি হয়েছে?"
"না, স্যার। সৌভাগ্যক্রমে তিনি নিরাপদে আছেন। তবে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। দোকানের সাটারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।"
নিখিলের মুখের গাম্ভীর্য আরও স্পষ্ট হলো।
"স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে?"
"জি, স্যার। যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে।"
"ঠিক আছে। দোকানির বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করুন। আটক ব্যক্তিদের বিষয়ে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করুন। আর ঘটনাটির একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে আমাকে পাঠাবেন।"
"ইয়েস, স্যার।"
সার্জেন্ট স্যালুট ঠুকে চলে গেলেন।
-
প্রমি বিছানায় পিঠ ঠেকিয়ে শুয়ে আছে। গায়ে আধো কম্বল। কম্বলের নিচে এক পায়ের উপর অপর পা তুলে বাদামের খোসা ছাড়িয়ে বাদাম মুখে পুরছে। এমন সময় স্বপ্নীল এলো আরো এক মুঠো বাদাম নিয়ে। স্বপ্নীলকে দেখে প্রমি চোখ তুলে তাকাল। বাদামের খোসা ছাড়াতে ছাড়াতেই হাত বাড়িয়ে দিল তার দিকে। স্বপ্নীল মুঠোভর্তি বাদামগুলো বিছানার পাশে রেখে দিল।
প্রমির ভ্রু কুঞ্চিত হলো। হঠাৎ এতো খাতির-যত্ন?
"এবারো আনলি যে?"
"আপু, তুই নে খা! দুদিন পর তো শ্বশুরবাড়ি চলে যাবি!"
ভাইয়ের আদুরী কথায় প্রমির দুচোখে পানি চলে আসার উপক্রম। সে কথা বলতে পারল না। অশ্রু না গড়ায় সেই ভয়ে চোখে মিটমিট করতে লাগল। স্বপ্নীলও বিছানায় বসে বাদামের খোসা ছাড়তে ছাড়তে বলল,
"তুই তো দুদিন পর চলে যাবি। তোর বিয়ের পর তোর ঘরটা আমার হয়ে যাবে!"
ওহ্! তাহলে এই ব্যাপার! খাতির করার কারণটা প্রমির উপলব্ধি করতে বেশি সময় লাগল না। প্রমি চোখের পানি সামলে ভাইয়ের দিকে তাকাল। এতক্ষণকার আবেগের রেশ মুহূর্তেই উধাও। তার জায়গায় ফুটে উঠল বিরক্তি। হাতে থাকা বাদামের খোসাটা স্বপ্নীলের দিকে ছুড়ে মারল সে।
"ছাগল কোথাকার! আমি মরে গেলেও তোর ঘর হবে না!"
স্বপ্নীল খিলখিল করে হেসে উঠল। বোনের এমন প্রতিক্রিয়া যেন আগে থেকেই অনুমান করেছিল। সে নির্বিকারভাবে বাদামের খোসাটা সরিয়ে রেখে বলল,
"মরতে হবে কেন? বিয়ে করেই তো চলে যাবি!"
ঘরে পরার স্যান্ডেল জোড়া খোঁজছে প্রমি। ঠান্ডা টাইলসের কারণে ঘরেও স্যান্ডেল পরা হয় এখন। ফ্লোর হাতরে একটা স্যান্ডেল পেল কেবল। সেটাই ছুঁড়ে মারল স্বপ্নীলের পানে। স্বপ্নীল বিপদ বুঝে ততক্ষণে এক লাফে বিছানা থেকে নেমে পড়েছে। তাই আর স্যান্ডেলটা তার গায়ে লাগার সুযোগ পেল না। স্বপ্নীল যেতে যেতেও একবার দরজার পাশ থেকে উঁকি মারল। তা দেখে প্রমি বলল,
"চোরের মতো উঁকিঝুঁকি না মেরে আমার ফোনটা দিয়ে যা। টেবিলের উপর চার্জে বসানো।"
স্বপ্নীল মুখ ফুটে হ্যাঁ বললেও তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে, ফোনটা আনতে তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বরং বোনের ঘর থেকে কিছু একটা বগলদাবা করে নিয়ে যাওয়ার সুযোগ খুঁজছে সে।
"কয়টা বাজে দেখ!"
প্রমির কথায় স্বপ্নীল ঘাড় উঁচিয়ে ফোনের স্ক্রিনে সময় দেখে জবাব দিল,
"সাড়ে একটা!"
কথাটা শুনে প্রমি কপাল কুঁচকে তাকাল। অবিশ্বাসের সুরে বলে উঠল,
"কী সব উল্টাপাল্টা বলিস! সাড়ে একটা কখনো হয় নাকি?"
স্বপ্নীল জিভ কেটে ভুল শুধরিয়ে ফটাফট বলল,
"না, ভুল বলেছি। সাড়ে দুইটা বাজে।"
স্বপ্নীলের কথায় প্রমির চোখ দুটো কপালে উঠল। ছেলেটাকে বারবার সময়টা ভালো করে দেখে বলতে বলার পরও সে যে প্রতিবারই গুলিয়ে ফেলছে। তাতে প্রমির বিরক্তি যেন আরও বেড়ে গেল। বিছানায় আধশোয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে বসে সে বিরক্ত চোখে ভাইয়ের দিকে তাকাল। তারপর ধমকের সুরে বলে উঠল,
"অ্যাই গরু, তুই আমার ফোন দিয়ে যা!"
প্রমির ধমক শুনে স্বপ্নীল আর দাঁড়াল না। ফোনটা হাতে নিয়ে দ্রুত বিছানার পাশে এসে রাখল। তারপর নিজেই একটু দূরে সরে দাঁড়াল, যেন পরক্ষণেই আবার কোনো কিছু ছুড়ে মারার ঘটনা না ঘটে।
"নিলি তো! এবার শান্তি?"
প্রমি ফোনটা হাতে নিয়ে তার দিকে চোখ রাঙাল।
"আর একবার ভুলভাল সময় বললে তোর মাথায় এই ফোনটাই ছুড়ে মারব!"
স্বপ্নীল ঠোঁট চেপে হাসি সামলানোর চেষ্টা করল। তারপর দুই হাত সামান্য তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে বলল,
"আচ্ছা, আর বলব না।"
"যা এবার!"
প্রমির নির্দেশ পেয়ে স্বপ্নীল দরজার দিকে এগিয়ে গেল। তবে ঘর থেকে বের হওয়ার আগে একবার পেছন ফিরে তাকাতে ভুলল না।
"আপু, বাদামগুলো কিন্তু সব খেয়ে ফেলিস না। আমার জন্যও রাখিস!"
মুখ ভ্যাঙ্গিয়ে জবাব দিয়ে চাইল। তবে পাশ থেকে ফোনটা বেজে ওঠায় আর সেদিকে নজর দেওয়া হলো না। বিছানার পাশে রাখা ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকাতেই মুখের অভিব্যক্তি বদলে গেল। কলটা আসছে উশানের!
স্বপ্নীল ততক্ষণে দরজার কাছে পৌঁছে গেছে। প্রমি ফোন রিসিভ করার আগে তাকে উদ্দেশ্য করে বলল,
"দরজাটা লাগিয়ে যা!"
স্বপ্নীল পেছন ফিরে তাকিয়ে মুচকি হাসল। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল।
প্রমি পড়ল বিপাকে। কলটা রিসিভ করবে কী করবে না! সিদ্ধান্ত নিতে নিতেই কলটা প্রথমবার কেটে গেল। দ্বিতীয়বার আর সাত-পাঁচ ভাবল না। সঙ্গে সঙ্গে রিসিভ করল।
"হ্যালো!"
ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের উত্তর এলো। আশানুরূপ ব্যক্তিকে না পেয়ে প্রমি অবাক হলো। জবাব দিল,
"হ্যালো, কে?"
"হ্যালো, ভাবি আমি!"
কণ্ঠটা শুনে প্রমি কয়েক মুহূর্ত চুপ করে রইল। অপরিচিত নম্বর নয়, অথচ কণ্ঠটাও পরিচিত মনে হচ্ছে না। সে একটু ইতস্তত করে বলল,
"'আমি' কে?"
"আমি ঊষা! ভাবী, ভুলে গেছেন আমায়?"
প্রমির চোখেমুখে এবার বিস্ময় ফুটে উঠল। উশানের বোন! কথাটা মনে পড়তেই সে বিছানায় একটু সোজা হয়ে বসল। এতক্ষণ ফোনটা কানে ধরে থাকলেও এবার যেন কথার গুরুত্ব বুঝতে পারল।
"না, ভুলে যায় নি। কেমন আছো?"
"আমি ভালো আছি। আপনি কেমন আছেন, ভাবি?"
'ভাবি' সম্বোধনটা শুনে প্রমির ঠোঁটের কোণে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। বিয়ের আরো বেশ দেরি। অথচ নতুন সম্পর্কগুলোর সঙ্গে পরিচিত হওয়ার ব্যাপারটা এখনো তার কাছে বেশ অস্বাভাবিক লাগছে। তাছাড়া 'ভাবী' সম্বোধন শুনলে নিজেকে আর তরুণী মনে হয় না প্রমির, মনে হয় দুই বাচ্চার মাকে ডাকছে!
"আমিও ভালো আছি।"
"আপনার নাম্বারটা আমার ফোনে ছিল না। তাই ভাইয়ার ফোন দিয়ে কল করছি। আপনি কী ব্যস্ত আছেন,ভাবী?"
প্রমি একটু হেসে বলল,
"আরে না, ব্যস্ত কোথায়! বলো, কী করছো?"
"এই তো, আপনার সঙ্গে কথা বলছি।"
কথাটা শুনে প্রমির হাসি একটু প্রশস্ত হলো। মেয়েটার কথাবার্তায় বেশ আন্তরিকতা আছে। অপরিচিত হয়েও এমন সহজভাবে কথা বলছে যে প্রমির অস্বস্তিটুকু ধীরে ধীরে কেটে যেতে লাগল।
আচ্ছা, উশান আশে-পাশে কোথাও ঘাপটি মেরে তাদের কথা শুনছে না তো? লোকটার অবস্থান জেনে নিলে কেমন হয়?
"তোমার ভাই কোথায়?"
ঊষা ঠোঁট টিপে হেসে জবাব দিল,
"জানি না। কিন্তু ভাইয়া আশেপাশে নেই, এটা সিউর একদম!"
প্রমি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের কথার মাঝেই ওয়াসরুমের দরজায় খট করে খোলার শব্দ হলো। প্রমি শুনল, ভেতর কেউ গমগম স্বরে বলছে,
"কার সাথে কথা বলছিস? আমার ফোন তোর হাতে কেন?"
উশান বড়সড় এক ধমক দেবার প্রস্তুতিই নিচ্ছিল কিন্তু ঊষা এক অদ্ভুত কাজ করে বসল। আচমকা ফোনটা উশানের হাতে ধরিয়ে দিয়ে, সে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। উশান হাতে ফোন নিয়ে বোকা বনে গেল।
প্রমি দু'মিনিট যাবত 'হ্যালো হ্যালো' করেই যাচ্ছে। ওপাশের কোনো সাড়াশব্দ নেই। সাড়াশব্দ পাবে কীভাবে? উশান সেই-ই কখন থেকে কান ফোন ঠেকিয়ে, মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে আছে।
প্রমি অপেক্ষা করছে ঊষার জন্য। মেয়েটা হঠাৎ উধাও হয়ে গেল কীভাবে! ওপাশে কী কেউ নেই? আচ্ছা, এখন কেটে দিয়ে পরে না হয় কল দেওয়া যাবে।
"হ্যালো, আমি উশান!"
উশানের কণ্ঠ শুনে প্রমি যেন মুহূর্তের জন্য থমকে গেল। ফোনের ওপাশে তাহলে এতক্ষণ কেউ ছিল! অথচ চুপচাপ হাত গুটিয়ে বসেছিল। মুহূর্তেই প্রমির মেজাজ তুঙ্গে উঠল। সে ঝারি মেরে বলল,
"কতক্ষণ ধরে হ্যালো হ্যালো করছি, এতক্ষণ পর আপনার উত্তর দেওয়ার সময় হলো!"
উশান অপ্রস্তুত গলায় বলল,
"না মানে, আসলে.."
কথাটা শেষ করার আগেই প্রমির ভ্রু দুটো আরও কুঁচকে গেল। ফোনের ওপাশে উশানের এমন আমতা-আমতা ভাব শুনে তার বিরক্তি যেন আরও বেড়ে গেল। ঠোঁট বাঁকিয়ে সে বিছানায় হেলান দেওয়া অবস্থায় একটু নড়েচড়ে বসল। মেজাজ না সামলিয়ে ধমকে উঠে বলল সে,
"কী আসলে-নকলে করছেন? ফোন রাখেন মিয়া!"
বলেই সে আর উশানের কল কাটার অপেক্ষা করল না। নিজেই ফোন রেখে দিল। ফোনের স্ক্রিনে কল শেষ হওয়ার সংকেত ভেসে উঠতেই উশান কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল। হাতে ধরা ফোনটার দিকে তাকিয়ে তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল। কথাটা শেষ করার সুযোগটুকুও দিল না মেয়েটা! অথচ সে তো কিছু বলারই চেষ্টা করছিল!
#চলবে...