ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 14

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১৪

সরকারি ত্রাণবাহী গাড়িগুলো এসে থামল নির্ধারিত চত্বরের ঠিক সামনে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও ত্রাণ নিয়ে গাড়িগুলো এসে পৌঁছেছে। লরির ডালা খুলতেই একে একে নামানো হলো কাঠের খুঁটি,বাঁশের চাটাই এবং ঘর তোলার প্রয়োজনীয় নানা উপকরণ। সেই সঙ্গে চাল, ডাল, তেল ও শীতের কম্বলের বস্তাও নামানো হচ্ছে একপাশে।

​অরিত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কার্যক্রম তদারকি করছে। তার গায়ে জলপাই-সবুজ ফৌজি পোশাক, গলায় বাঁকানো ওয়াকিটকি। পাহাড়ি মানুষগুলোর মুখে আজ কিছুটা হলেও স্বস্তির ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বয়স্ক লোকগুলো এগিয়ে এসে সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছে।

​এমন সময় সেনা লরির পেছন থেকে তদারকি করতে করতে কিছুটা সামনে এগিয়ে এলো অরিত্র। তার ঠিক পাশেই দাঁড়াল ফাহিম। হাতে কিছু কাগজপত্রের ফাইল। ফাইল থেকে একটা কাগজ অরিত্রের সামনে ধরে ফাহিম বলল,

​"স্যার, ডিসি অফিস থেকে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে মোট বারোটা পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণের কথা রয়েছে। ত্রাণসামগ্রী তো নামানো শেষ, এখন কেবল তালিকা মিলিয়ে নেওয়ার পালা।"

​অরিত্র ফাইলটা একনজর দেখে নিয়ে অকম্পিত গলায় বলল,

​"গুড। কোনো পরিবার যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখ। বিশেষ করে যাদের ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, তাদের পুনর্বাসনের কাজটা আজকেই শুরু করে দিতে হবে। পাহাড়ে শীত যেভাবে বাড়ছে, বেশিদিন তাঁবুতে রাখা সম্ভব নয়।"

​"ইয়েস, স্যার!"

ফাহিম চলে গেল। অরিত্র ঘুরে ঘুরে দেখছে কোথায় কী হচ্ছে! সহসা কাছাকাছি কোথাও শোরগোল শুনে তার পা থেমে গেল। ভ্রুজোড়া আপনাতেই কুঁচকে গেল। শব্দের সূত্র ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল তাঁবুর পেছনে খোলা প্রাঙ্গণে।

শোরগোলের উৎসে পৌঁছাতেই অরিত্রের চোখে পড়ল বেশ কয়েকজন পাহাড়ি মানুষকে। তাঁবুগুলোর পেছনের খোলা জায়গাটায় ছোটখাটো একটা জটলা তৈরি হয়েছে। মাঝখানে এক ত্রিপুরা নারী অস্থিরভাবে এদিক-ওদিক তাকাচ্ছেন। চোখেমুখে আতঙ্ক, কণ্ঠে কান্না আর ক্ষোভের মিশেল। তাঁর সামনেই দাঁড়িয়ে আছে চিত্রলেখা। আর চিত্রলেখাকে পেছন থেকে জাপ্টে ধরে আছে ছোট্ট মংচংথোই। ছেলেটার মাথা নিচু, চোখেমুখে ভীতসন্ত্রস্ত ভাব।

নারীটি উত্তেজিত কণ্ঠে মংচংথোইকে উদ্দেশ্য করে বললেন,

"তুই আমার ছেলেকে কোথায় নিয়ে গেছিস? বল! তোর সঙ্গেই তো ছিল!"

চিত্রলেখার আড়াল থেকে মংচংথোই ভয়ার্ত চোখে নারীর দিকে তাকাল। ছোট্ট গলায় বলল,

"আমি কিছু করিনি! আমি কিছু জানি না!"

"আপনি একটু শান্ত হোন। ওকে এভাবে দোষারোপ করছেন কেন? ও তো বলছে, আপনার ছেলের ব্যাপারে কিছু জানে না।"

চিত্রলেখা নারীটিকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। তবে তিনি কারোর কথাই মানতে নারাজ! ছেলেকে খোঁজে না পেয়ে তিনি পাগলপ্রায়!

"জানে না মানে? ওর সঙ্গেই তো আমার ছেলেকে দেখা গিয়েছিল! নিশ্চয়ই ও কিছু করেছে।"

নারীটির কথায় মংচংথোই এবার চিত্রলেখার পেছন থেকে মুখ বের করল। কাঁপা কণ্ঠে প্রতিবাদ জানাল,

"আমি কিছু করিনি! আমি থুইনুকে কোথাও নিয়ে যাইনি!"

"চুপ কর! আর একটা কথাও বলবি না!"

ধমকে উঠতেই ছেলেটা আবার চিত্রলেখার পেছনে মুখ লুকাল। চিত্রলেখার ভ্রু কুঁচকে গেল। সে এবার একটু শক্ত কণ্ঠে বলল,

"একটা ছোট বাচ্চার সঙ্গে এভাবে কথা বলবেন না। আপনার সন্তান হারিয়ে গেছে, আপনার দুশ্চিন্তাটা আমি বুঝতে পারছি। কিন্তু তাই বলে কোনো প্রমাণ ছাড়া আরেকটা শিশুকে দোষী করা যায় না।"

নারীটি এবার যেন চিত্রলেখার উপরই ক্ষুদ্ধ হলো। কারণ চিত্রলেখা মংচংথোইকে আড়াল করে রেখেছে। আর তিনি যখন রাগে-দুঃখে মংচংথোইকে কথা শুনাচ্ছিলেন, উন্মাদের মতো তেড়ে এসে মংচংথোইকে মারতে আরম্ভ করলেন তখন এই মেয়েটাই এসে ঢাল হয়ে দাঁড়াল। তাঁকে আটকে দিল।
তিনি চিত্রলেখাকে ধাক্কা মেরে চোখ পাকিয়ে বলল,

"তাহলে আমার ছেলেটা কোথায় গেল? সকাল থেকে খুঁজছি। কেউ বলতে পারছে না সে কোথায়!"

বলতে তিনি দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। চিত্রলেখা নারীটির কাজে রাগান্বিত হলো না। বরং একজন সন্তান হারানো মাকে দেখে নিজেকে অসহায় মনে হলো তার।

চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ নারীটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, আবার কেউ মংচংথোইয়ের দিকে সন্দেহের চোখে তাকাল।

ভিড়ের পেছন থেকে অরিত্রের কণ্ঠ শোনা গেল,

"এখানে কী হয়েছে?"

কণ্ঠস্বর শুনে উপস্থিত সবাই ঘুরে তাকাল। অরিত্র ভিড় ঠেলে এগিয়ে এলো। অরিত্রকে এগিয়ে আসতে দেখে চিত্রলেখা কিছুটা স্বস্তি পেল। তবে মংচংথোই তখনো তার পেছনে লুকিয়ে আছে।

​"কী নিয়ে এত হট্টগোল হচ্ছে এখানে?"

অরিত্রের গম্ভীর কণ্ঠস্বর চত্বরের কোলাহল এক নিমেষে থামিয়ে দিল। ​কান্নার আওয়াজ কিছুটা থামিয়ে ত্রিপুরা নারীটি হাত দিয়ে মংচংথোইকে দেখিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন,

"স্যার, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না! সকাল থেকে কোথাও নেই। মংচংথোই এর সঙ্গেই ছিল। অথচ এখন কিছুই স্বীকার করছে না!"

অরিত্রের দৃষ্টি গিয়ে পড়ল মংচংথোইয়ের দিকে। ছেলেটা চিত্রলেখার পোশাকের একাংশ মুঠোয় ধরে রেখেছে। অরিত্র তাকে আগে থেকেই চেনে। ঝরনার কাছে ঘটে যাওয়া ঘটনাটাও মনে আছে তার। সেদিনও কয়েকজন লোক এই শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

"আপনার ছেলের নাম কী?"

"থুইনু।"

"শেষবার কখন দেখেছেন তাকে?"

"সকালে। তাঁবুর সামনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। তারপর থেকেই আর খুঁজে পাচ্ছি না।"

নারীটির কণ্ঠ আবারও কান্নায় ভেঙে পড়ল। অরিত্র ধীর গলায় বলল,

"আপনি একটু ধৈর্য ধরুন। আমরা খোঁজার ব্যবস্থা করছি। তবে তার আগে নিশ্চিত হতে হবে, ঠিক কী ঘটেছে।"

কথা শেষ করে অরিত্র চিত্রলেখার দিকে তাকাল। চোখের ইশারায় জানতে চাইল, কী ঘটেছে। চিত্রলেখা সংক্ষেপে সবটা বুঝিয়ে বলল,

"উনি বলছেন, মংচংথোইয়ের সঙ্গে তাঁর ছেলেকে শেষবার দেখা গিয়েছিল। তাই ওকে দোষারোপ করছেন। এমনকি মারতেও গিয়েছিলেন।"

অরিত্রের চোয়াল সামান্য শক্ত হলো। সে এবার নারীর দিকে ফিরে আশ্বস্ত করে বলল,

"দেখুন, আপনার সন্তানকে খুঁজে বের করব। আপনি নিশ্চিত থাকুন। কিন্তু কোনো প্রমাণ ছাড়া একটা শিশুকে দোষী সাব্যস্ত করবেন না।"

তবু নারীটি মানতে নারাজ। তিনি বার বার মংচংথোইকেই দোষারোপ করে যাচ্ছে! চিত্রলেখা হাত গুটিয়ে বসে না থেকে প্রশ্ন করল,

"আপনার ঠিক কী জন্যে মনে হয়, মংচংথোই-ই আপনার ছেলে নিখোঁজ হওয়ার কারণ?"

নারীটি জবাব দিতে পারল না। হয়তো তাঁর কাছে জবাব আছে তবে একবুক সাহসের জন্য উপযুক্ত কারণটা বলতে পারলেন না। নারীটি হুট করেই ঘাবড়ে গেলেন!

অরিত্র আবার নারীর দিকে মনোযোগ দিল।

"আপনার ছেলের কোনো ছবি আছে?"

নারীটি আঁচলের ভাঁজ থেকে ছোট্ট একটি ছবি বের করে দিলেন। অরিত্র ছবিটা হাতে নিয়ে একবার দেখে নিল। খোঁজার কাজে লাগবে এটা! তারপর সেটি যত্ন করে ভাঁজ না করে নিজের ফাইলের মধ্যে রাখল।

"এই ছবিটা আমাদের কাজে লাগবে। আপনি আপাতত এখানেই থাকুন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই।"

নারীটি অসহায়ভাবে মাথা নাড়লেন।

অরিত্র চলে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু যাওয়ার আগে একবার মংচংথোই এর দিকে ফিরে তাকাল। ছেলেটার চোখে তখনো পানি জমেছিল। কেউ সুযোগ বুঝে ছেলেটার উপর হামলা যে করবে না, তারই বা নিশ্চয়তা কতটুকু? ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। চিত্রলেখাকে উদ্দেশ্য করে বলল,

"ওকে নিয়ে আপাতত তাঁবুর ভেতরে যাও। আর কেউ যেন ওকে বিরক্ত না করে, সেটা খেয়াল রেখো।"

চিত্রলেখা সম্মতিসূচক মাথা নাড়ল। মংচংথোই তার হাত ধরে ধীরে ধীরে তাঁবুর দিকে এগিয়ে গেল।

ঝরনার কাছে ঘটে যাওয়া সেই ঘটনাটা নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না তো? সেদিনের লোকগুলোর সঙ্গে আজকের শিশুটির নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। অরিত্র কোমর থেকে ওয়াকিটকিটা হাতে তুলে নিল।

"বেস, ক্যাপ্টেন অরিত্র বলছি। একটি শিশু নিখোঁজ হয়েছে। ক্যাম্পের আশপাশে অনুসন্ধান শুরু করা হচ্ছে। স্থানীয়দের সহায়তা নিয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিন। ওভার।"

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন