ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 15

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১৫

শীতটা একটু বেশিই জেঁকে বসেছে। ঘরের সব দরজা এবং জানালা সেঁটে দেবার পরও মনে হচ্ছে, কোনো সুপ্ত ছিদ্র দিয়ে হু হু করে বাতাস ঘরে প্রবেশ করছে। অরিত্র রুমের লাইটটা নিভিয়ে ল্যাম্পশেডটা জ্বালালো। বিছানার কাছে বালিশের উপর হেলান দিয়ে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। ল্যাপটপের স্ক্রিনে যথেষ্ট আলো আছে। এতেই চলবে। সামনে পড়ে আছে লেফটেন্যান্ট কর্নেলের দেওয়া সেদিনের নীল রাঙা ফাইলটা।

অরিত্র ল্যাপটপটা পাশে সরিয়ে ফাইলটা হাতে নিল। মলাটের ওপর চোখ বুলিয়ে ভেতরের কাগজগুলো একে একে উল্টাতে লাগল। কয়েকটি পাতায় প্রয়োজনীয় তথ্য, কিছু প্রতিবেদন আর কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সংযুক্ত করা হয়েছে। প্রথম পাতার এক কোণে চোখ আটকে গেল তার। কপাল সামান্য কুঁচকে আবারও লেখাটুকু পড়ল। তারপর টেবিলের ওপর রাখা কলমটা হাতে নিয়ে পাতার পাশে ছোট্ট একটা দাগ টানল।

বাইরে বাতাসের শব্দ আরও বেড়েছে। জানালার কাচে হালকা কাঁপুনি উঠছে। অথচ ঘরের ভেতর ল্যাম্পশেডের মৃদু আলোয় বসে অরিত্রর অভিনিবেশ এখন পুরোপুরি ফাইলটার পাতায়।

দরজায় খট করে শব্দ হওয়ার দরুন তার মনোযোগে ব্যাঘাত ঘটল। নিখিল এসেছে। নিখিলকে সে-ই তার ফ্ল্যাটে আসতে বলেছিল। নিখিল দরজাটার ছিটকিনি লাগিয়ে দিয়ে দৃঢ় পায়ে খাটে এসে বসল।

নিখিল বসতেই অরিত্র ফাইলটা বন্ধ করে তার দিকে এগিয়ে দিল।

"দেখেছিস?"

নিখিল ফাইলটা হাতে নিয়ে মলাটের দিকে একবার তাকাল। তারপর ভেতরের পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল,

"হ্যাঁ। প্রাথমিক রিপোর্টটা দেখেছি। তবে সবকিছু এখনো পরিষ্কার নয়।"

"হ্যাঁ। রিপোর্টে যেটুকু আছে, তার চেয়ে বেশ কিছু তথ্য বাদ পড়েছে বলে মনে হচ্ছে।"

নিখিল চোখ তুলে তাকাল। অরিত্রর মুখে তখনও সেই গম্ভীর ভাব। সে ফাইলের নির্দিষ্ট একটি পাতায় আঙুল রাখল। তারপর পকেট থেকে প্রতিবেদন বের করে অরিত্রের দিকে এগিয়ে দিয়ে বলল,

"এটা দেখ!"

প্রতিবেদনের শব্দগুচ্ছ পড়তে পড়তে অরিত্রের কপালে ভাঁজ পড়ল। প্রতিবেদনটি দোকান হামলার উপর ভিত্তি করে লেখা। সে জিজ্ঞেস করল,

"কবে ঘটলো?"

"গত পরশু!"

নিখিলের উত্তর শুনে অরিত্র আবারও প্রতিবেদনটির দিকে চোখ ফেরাল। কয়েক মুহূর্ত নীরবে পড়ার পর বলল,

"দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে?"

"হ্যাঁ। স্থানীয় প্রশাসনের লোকজনও কথা বলেছেন। দোকানদারের বক্তব্যের সঙ্গে প্রত্যক্ষদর্শীর বক্তব্যের বেশ কিছু মিল রয়েছে।"

"আর যারা হামলা করেছিল?"

"তাদের পরিচয় জানা গেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকেই তাদের বিরোধ ছিল। তবে দোকানদারের কাছ থেকে টাকা দাবি করার বিষয়টাও নিশ্চিত হওয়া গেছে।"

অরিত্র কথাগুলো মনোযোগ সহকারে শুনতে শুনতে পাশ থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিল। সিগারেটের মাথায় আগুন জ্বলানোর জন্য আশ-পাশ হাতরেও যখন লাইটার পেল না, তখন নিখিল পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দিল। অরিত্র হাত বাড়িয়ে সেটা নিল। আপাতত সিগারেটে সুখ টান দিয়ে ক্ষণিকের জন্য জাগতিক চিন্তা থেকে সরে আসা যাক। প্রতিবেদনটার দিকে থেকে চোখ সরিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে বাইরে ছাড়ল।

"ঘরে চা পাতা আর চিনি দুটোই আছে। কিন্তু চা আমি বানাতে পারি না। তাই সিগারেট দিয়েই আপাতত আপ্যায়ন করছি। এই নে!"

প্যাকেট থেকে আরেকটা সিগারেট নিয়ে অন্য হাতে সেটা নিখিলকে সাধল সে। তবে নিখিল সেটা নিল না। যা দেখে অরিত্র চোখ ছোট ছোট করে চেয়ে থেকে খোঁচা মেরে বলল,

"গার্লফ্রেন্ডের নিষেধাজ্ঞা আছে নাকি?"

তারপর নিজেই নিজের ভুল শুধরিয়ে ফের বলল,

"ওহ্‌, তোর তো আবার বউ আছে! লিটল মিসটেক! গার্লফ্রেন্ড না ওটা বউ হবে।"

নিখিল অরিত্রর দিকে একবার তাকিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে বলল,

"না, তেমন কিছু না।"

"তাহলে?"

"এমনিই ইচ্ছে করছে না।"

অরিত্র ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। নিখিলের এই অনীহা তার কাছে বেশ অস্বাভাবিক ঠেকল। কারণ সুযোগ পেলেই ব্যাটা তার সঙ্গী হতো। আজ হঠাৎ এমন সাধু সাজার কারণ কী?

"বাহ! হঠাৎ এত ভালো হয়ে গেলি কবে থেকে?"

নিখিল হেসে মাথা নাড়ল।

"সবকিছুর পেছনে কারণ খুঁজতে হবে?"

"তোর ক্ষেত্রে তো অবশ্যই।"

নিখিল এবার আর উত্তর দিল না। বরং বিছানার ওপর রাখা প্রতিবেদনটা হাতে নিয়ে চোখ বুলাতে লাগল। অরিত্রও আর কথা বাড়াল না। সিগারেটের ছাই ঝেড়ে অ্যাশট্রেতে রেখে বলল,

"আচ্ছা, বাদ দে। কাজের কথায় আয়।"

"বল্‌!"

"আমার মনে হয়, এখানে এক্টিভ কোনো সন্ত্রাস গ্রুপের আস্তানা আছে। সেই সাথে তারা যথেষ্ট স্ট্রং! তা না-হলে অপহরণ, চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এতকিছু দিনের পর দিন চালিয়ে যাওয়ার সাহস পায় কোথা থেকে? নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের শক্তিশালী যোগাযোগ কিংবা আশ্রয়দাতা রয়েছে।"

"তোর ধারণা, ঘটনাগুলোর পেছনে একই গ্রুপ কাজ করছে?"

অরিত্র সিগারেটে আরেকটা টান দিয়ে সম্মতি জানাল,

"সম্ভাবনা আছে। তবে নিশ্চিত হওয়ার আগে আরও কিছু তথ্য দরকার।"

বলেই ঘড়ির দিকে একবার তাকাল। রাত বেশ হয়েছে। আধ খাওয়া সিগারেটটা ফেলে দিল ছাইদানিতে। অরিত্র হামি তুলে বলল,

"রাতে চেকিং এর পরিমাণ বাড়িয়ে দে। আর যে তিনজনকে ধরেছিস, তাদের থেকে কথা বের কর। আপাতত এতটুকুই! রাত অনেক হয়েছে। বাকিটা আবার নতুন করে সকালে ভাবা যাবে। তুই এখন বিদেয় হ! ঘুমাবো আমি! আর শুন, যাওয়ার আগে দরজাটা ভিজিয়ে দিয়ে যাবি।"

বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল অরিত্র। নিখিল বিছানা ছেড়ে দুয়ারের দিকে এগোতে এগোতে শুধালো,

"চোর-ডাকাতের ভয় নেই?"

অরিত্র হেয়ালি গলায় নিজের অভিব্যক্তি প্রকাশ করল,

"চোর এসে সব নিয়ে যাক, কেবল আমাকে বাদে!"

-

প্রমি হাই বেঞ্চে মাথা ঠেকিয়ে একটু পর পর হামি তুলছে। চোখের পাতাগুলোও যেন ভারী হয়ে আসছে। সামনে স্মার্ট বোর্ডে ম্যাম একের পর এক কীসব লিখে চলেছেন। অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বরং জানালার বাইরে তাকিয়ে সময় কাটানোই এখন তার কাছে অধিক আনন্দদায়ক মনে হচ্ছে।

সকাল থেকে ক্লাসের পর ক্লাস করে মাথাটা একেবারে ধরে গেছে। তার ওপর আজকের লেকচারগুলোও কেমন যেন একঘেয়ে ঠেকছে। মাঝেমধ্যে খাতায় দু-একটা শব্দ লিখছে বটে, তবে সেগুলো যে লেকচারের সঙ্গে আদৌ সম্পর্কিত কি না, তা নিজেও নিশ্চিত নয়।

পাশ থেকে কেউ একজন কনুই দিয়ে গুঁতো দিতেই প্রমি বিরক্ত মুখে তাকাল। এটা আর কেউ নয়, তার পাশে বসা পায়েল। মুখে চাপা হাসি নিয়ে ফিসফিস করে বলল,

"কী রে, ঘুম পাচ্ছে?"

প্রমি চোখের পাতা অর্ধেক নামিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল,

"না, আমি চোখ বন্ধ করে লেকচার শুনছি।"

পায়েল মুখ টিপে হাসল।

"তাহলে খাতায় লিখছিস কী?"

প্রমি নিজের খাতার দিকে তাকাল। কয়েকটা আঁকিবুঁকি ছাড়া সেখানে বিশেষ কিছুই নেই। সে নির্বিকার ভঙ্গিতে কলমটা আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল,

"নোট নিচ্ছি।"

"কিসের নোট?"

"আমার ধৈর্যের শেষ সীমার!"

কথাটা বলেই প্রমি আবার বেঞ্চের ওপর মাথা ঠেকাল। বান্ধবির কান্ডে পায়েল এবার বিরক্ত হলো বেশ।

"রাতে ঘুমাসনি?"

প্রমি আবারও মাথা উঠিয়ে বলল,

"ক্যামেনে ঘুমাবো? আম্মু ভোর ৪টা থেকে চিল্লাপাল্লা শুরু করছে। পড়াশোনা চার অক্ষরও করছ না। হেন করছ না, তেন করছ না। আইনস্টাইন এক ব্যাটায়, মাথার উপর আপেল নাকি নারকেলই পড়ল। তারপর কত কী আবিষ্কার করল! সব বুঝলাম কিন্তু কথা হলো, আইনস্টাইন রে কেউ ভালা কয়? মরার উপর খাড়ার ঘা। ব্যাটারে প্রতিদিন নিয়ম করে তিনবেলা অভিশাপ তো ঠিকি দেয় মানুষ। তাইলে পড়াশোনা করে লাভটা কি? যদি মানুষের বদদোয়া-ই নেওয়া লাগে?"

প্রমি তার কথায় হেসে বলল পায়েল,

"বিয়ে হয়ে যাচ্ছে! তাহলে এত পড়াশোনা কিসের?"

"আমারও একই কথা!"

প্রমি নির্জীব কণ্ঠে তাল মিলিয়ে বলল।

ছুটি শেষে তারা দুজন বেরিয়ে এলো ভার্সিটি থেকে। প্রমি গেটের বাইরে এসে একবার আকাশের দিকে তাকাল। শীতের সময় তো। তাই সাড়ে পাঁচটা বাজতেই পুরোপুরি সাঁঝ নেমে পড়ে। ক্যাম্পাসের সামনের রাস্তায় শিক্ষার্থীদের ভিড়, রিকশার ঘণ্টি আর যানবাহনের হর্ন মিলেমিশে একাকার। পায়েল আগেই চলে গেছে। তার বাবা এসেছিল তাকে নিতে!

এতক্ষণে প্রমিরও বাড়ি ফেরার তাড়া অনুভব হলো। ব্যাগের ফিতাটা কাঁধে ঠিক করে রাস্তার পাশে দাঁড়াল। কয়েকটা রিকশা পাশ কাটিয়ে চলে গেল। আজকে তার মেজাজ এমনেতেই বিগড়ে ছিল তার উপর মনটাও খারাপ হয়ে গেল।

ক্লাসে শেষে বেরোনোর ক্ষণে সাক্ষাৎ হয়েছিল উশানের সঙ্গে। বন্ধু-বান্ধব নিয়ে ঠিকি পাশ কাটিয়ে চলে গেল, কথা অবধি বলল না! তাতে কী? কিচ্ছু যায় আসে না তার। কিন্তু খারাপ লাগল তখন, যখন পায়েল ছোট ছোট চোখ করে প্রশ্ন করল তাকে,

"কী রে! ভাইয়া তো তোকে চিনে। তাছাড়া উনার সাথে তোর বিয়ের কথা চলছে। তাহলে এমন এড়িয়ে গেলেন কেন?"

প্রমির হুট করেই খারাপ লাগা বেড়ে গেল। আসলেই তো! বন্ধুরা সাথে ছিল বলে কী পরিচয় দিতে ইতস্তত করল লোকটা? পরিচিত কারো সাথে সাক্ষাৎ হওয়ার পর সেই ব্যক্তি যদি দেখেও না দেখার ভান করে তখন মনে হয়, মানুষটা হয় দেমাগী নয়তো অপর মানুষটাকে নিজের পরিচিত বলে স্বীকার করতে সংকোচ বোধ করেছে!

এখন হৃদয়ে ক্ষরণ তো, তাই মস্তিষ্কে নেগেটিভ চিন্তাভাবনা সক্রিয় হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে প্রমির মস্তিষ্কও দ্বিতীয় সম্ভাবনাটাকেই মনে জায়গা দিল।

"সন্ধ্যাবেলা কোনো রিকশা এখানে পাবেন না। দাঁড়িয়ে থেকে লাভ নেই!"

কারো ব্যক্তব্যে প্রমির ভাবনার সুতো ছিঁড়ে গেল। চেনে সে এই কণ্ঠের মালিককে। তবে সে রাস্তার সৌন্দর্য থেকে দৃষ্টি সরাল না একচুলও। একই ভঙ্গিতেই বলল,

"তাতে আপনার কী?"

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন