#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১৬
উশান ধরতে পারল না হঠাৎ প্রমির রেগে যাওয়ার কারণটা! সে কয়েক মুহূর্ত মেয়েটির দিকে তাকিয়ে রইল। প্রমির এমন নির্লিপ্ত উত্তর প্রত্যাশা করেনি। বরং ভেবেছিল, তাকে দেখে অন্তত মুখ তুলে তাকাবে। অথচ মেয়েটি যেন তার উপস্থিতিকেই গুরুত্ব দিতে নারাজ। এতক্ষণ তো ভালোই ছিল।
"কী হয়েছে?"
প্রমি এবারও তার দিকে তাকাল না। রাস্তার দিকে চোখ রেখেই সংক্ষিপ্ত উত্তর দিল,
"কিছু হয়নি!"
উশান সোজা হয়ে দাঁড়াল। কিছু না হলে এমন করার তো কোনো মানেই হয় না। ওইদিনের রাগটা কী এখনো রয়ে গেল? উশান কথা বাড়াল না। তর্কে জড়ানো তার স্বভাবের মধ্যে পড়ে না। সবকিছু মেনে নেওয়াকেই সে সঠিক মনে করে।
প্রমি তপ্ত কণ্ঠে ফের বলল,
"নিজ থেকে এসে কথা বলতে আসছেন কেন? এখন আপনার ইজ্জতে ঘটতি পড়ছে না?"
খানিকটা অভিমানের সুর। উশান বুঝতে পারল এবার হুটহাট মেজাজ পরিবর্তনের কারণটা। সে দীর্ঘশ্বাস ফেলল। সে তো প্রমির অস্বস্তি হবে ভেবেই এড়িয়ে গিয়েছিল আর মেয়েটা কী না উল্টো বুঝল!
"আপনার সঙ্গে কথা বললে আমার ইজ্জত কমে যাবে, এমনটা কে বলেছে?"
"কেউ বলেনি। আপনার আচরণই তো বলে দিয়েছে।"
"আমার আচরণ?"
"জ্বি।"
উশান কয়েক মুহূর্ত চুপ করে রইল। মেয়েটার সঙ্গে কথা বলতে গেলে মাঝেমধ্যে মনে হয়, প্রতিটি উত্তরের পেছনে আরও তিনটে প্রশ্ন প্রস্তুত হয়ে আছে। কোনোটার উত্তর দিতে গেলেই অন্য কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে।
উশান পাল্টা প্রশ্ন কিংবা কথার ক্যাচালে না জড়িয়ে, প্রমি পাশ থেকে সরে এসে ঠিক তার পেছনে দাঁড়াল নীরবে। মুখ তুলে উপরে চাইল উশান। দিনের কোলাহল জড়ানো শহর অসহ্য লাগলেও রাতের ব্যস্ত রাস্তা দেখতে মন্দ লাগে না! বড়ো বড়ো দালানকোঠা, রাস্তার ল্যাম্পপোস্ট সমগ্রই ঝলমলে লাইটিংয়ের মেলা।
প্রমি প্রথমে উশানের পাশ থেকে সরে যাওয়ার বিষয়টা খেয়াল করেনি। রাস্তার দিকে তাকিয়ে খালি রিকশার অপেক্ষা করতে লাগল। তবে কয়েক মুহূর্ত পর পাশে উশানের উপস্থিতি অনুভব না করায় ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকাল। লোকটাকে নিজের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো।
"আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন?"
উশান মুখ তুলে তাকাল। তার দৃষ্টি তখনও খানিকটা ওপরের দিকে স্থির। প্রমির প্রশ্ন শুনে চোখ নামিয়ে মেয়েটির দিকে তাকাল। মুখে বিশেষ কোনো অভিব্যক্তি নেই। বরং এমনভাবে তাকাল, যেন প্রশ্নটার মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে পাচ্ছে না।
"এখানে দাঁড়িয়ে থাকাতে আপনার অসুবিধে হচ্ছে?"
প্রশ্নটা শুনে সে কিছুক্ষণ নীরব রইল প্রমি। ঠোঁট দুটো সামান্য প্রসারিত করে আবারও সংকুচিত করল। তারপর ভ্রু খানিকটা উঁচু করে বলল,
"তার মানে আমার পাশে দাঁড়াতে আপনার অসুবিধা হচ্ছিল?"
উশান পড়ল মহা বিপাকে। সে তো এসব কিছুই বোঝাইনি। কত সহজ-সরল একটা প্রশ্ন করেছিল সে! সুন্দর একটা জবাব আশা করেছিল উশান কিংবা নিরবতা, কোনো জিলাপির প্যাঁচের মতো প্রশ্নের না!
"কী হলো জবাব দিচ্ছেন না কেন?
প্রমি ভ্রু কুঞ্চিত করে শুধালো। ফের প্রশ্নে উশান ভ্যাবাচেকা খেলো যেন, পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে তার! উশান আমতা-আমতা করে বলল,
"না..মানে অসুবিধা কেন হবে আপনার পাশে দাঁড়াতে?"
প্রমির মেজাজ পারদের মতো তরতর করে বেড়ে গেল। সে তিরিক্ষি মেজাজে বলল,
"এই, আপনি! কী 'আপনি আপনি' করছেন? আমাকে দেখে কী আপনার বুড়ি মনে হয়?"
উশান সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে অস্বীকার করে বলল,
"না,না! তা কেন হবে?"
এত দ্রুত প্রশ্নের মোড় ঘুরে যাওয়ায় উশান কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। সে একবার প্রমির মুখের দিকে তাকাল, তারপর দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটির রাগের কারণ বোঝার চেষ্টা করতে গিয়ে বরং নতুন এক সমস্যায় জড়িয়ে পড়েছে সে। প্রমি হাত দুটো বুকের কাছে ভাঁজ করে দাঁড়াল। চোখেমুখে স্পষ্ট বিরক্তি। উশানের মনে হলো, এই বিরক্তির কারণ কেবল আজকের জন্য নয়। সব মিলিয়েই সৃষ্টি হয়েছে।
"তাহলে আমাকে দেখলেই আপনি এমন পালাই পালাই করেন কেন? যেমনটা খ্যাক খ্যাক করা বুড়িদের দেখলে মানুষ করে!"
প্রমি এগিয়ে আসতে আসতে আবারো বলল,
"আমি আপনার থেকে বয়সে গুনে গুনে চার বছরের ছোট। আমাকে তুমি করে বলবেন! ঠিক আছে?"
"ওহ্!"
"কি ওহ্? আমি হ্যাঁ শুনতে চেয়েছি!"
উশান মাথা মৃদু মাথা দুলিয়ে ক্ষীণ হেসে বলল,
"আচ্ছা!"
প্রমি কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। লোকটা যে সত্যিই তার কথায় সম্মতি দিয়েছে, তা বুঝতে একটু সময় লাগল। তবে সম্মতি দেওয়ার ধরনটা এমন নির্লিপ্ত যে, তাতে খুশি হওয়ার মতো কিছু খুঁজে পেল না সে। যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নিতান্তই সাধারণ একটা কথায় সায় দিয়েছে উশান।
প্রমি ঠোঁট দুটো চেপে ধরে অন্যদিকে তাকাল। তারপর আবারও চোখ ফিরিয়ে লোকটার দিকে তাকাল। উশান তখন রাস্তার ওপাশে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই। অথচ প্রমির মনে হচ্ছে, লোকটা যেন তার সঙ্গে কথা বলার চেয়ে রাস্তার যানবাহন গোনাতেই বেশি আগ্রহী।
কয়েক মুহূর্তের নীরবতার পর উশানই মুখ খুলল। কণ্ঠে স্বাভাবিক দ্বিধা, যেন কথাটা বলার আগে মনে মনে কয়েকবার সাজিয়ে নিল,
"তুমি কী বাড়ি..যাবেন না?"
কথাটা বলেই উশান প্রমির দিকে তাকাল। তার নিজের কাছেই সম্বোধনটা কেমন যেন অস্বাভাবিক শোনাল।
"কী আবোলতাবোল বকবক করছেন? 'তুমি' র সাথে কখনো 'যাবেন' হয়? মানলাম ফিজিক্স নিয়ে পড়ছেন। তাই বলে, বাংলা ব্যাকরণ কখনো পড়েননি? আপনি এইচএসসি কীভাবে পাস করছেন?"
এক নিঃশ্বাসে কথাগুলো বলে প্রমি থামল।
কিছু সময়ের জন্য দুজনেই চুপ। উশানই আগে হেঁট হয়ে নিরাশ গলায় বলল,
"আচ্ছা, চলো তবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত ঝগড়া করবে! মোড়ে যেতে হবে। তা না হলে রিকশা পাবে না!"
প্রমি মোড়ের দিকে যেতে যেতে রণমুর্তি ধারণ করে বলল,
"কী! আপনি আমায় ঝগড়ুটে বললেন! আপনার সাহস তো কম না!"
উশান এবার নিশ্চিত ছিল, তাকে এখন ঝারি খেতে হবে না। কারণ বাক্যে ব্যাকরণগত কোনো ভুল নেই! কিন্তু হায় খালিদ!
বলা শেষে প্রমি আকস্মিক দাঁড়িয়ে পড়ল। পেছন ঘুরে দেখে নিল একবার উশানকে! ফলার মতো ধারালো তার চাহনি। উশান থতমত খেলো সেই আঁখিজোড়ার পানে চেয়ে।
"কখন বললাম?"
অবুঝ মুখ করে থাকা উশানের দিকে তাকিয়ে রেগেমেগে বলল প্রমি,
"মিথ্যে বলছেন? এই-না বললেন!"
উশান ঠাহর করতে পারল না, তার দোষটা ঠিক কোথায়! তাই তর্ক এড়াতে পরাজিত গলায় বলল,
"আচ্ছা, সরি!"
নম্র ভাষায় সরি শুনে প্রমি আর বাড়ল না। দমে গেল। সে আবার সামনের দিকে হাঁটতে শুরু করল। তবে এবার তার হাঁটার গতি আগের তুলনায় কিছুটা ধীর। উশানও নীরবে তার পাশে এসে দাঁড়াল। মেয়েটির রাগ যে আপাতত কমেছে, সেটা বুঝতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলল সে। অন্তত এই মুহূর্তে আর কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না!
তাদের সামনে এগিয়ে যেতেই ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠল রাস্তার মোড়টা। মূল সড়কের সঙ্গে এসে মিশেছে আরও দুটো সরু রাস্তা। মোড়ের একপাশে ছোট্ট চায়ের দোকান, তার সামনে কয়েকজন দাঁড়িয়ে চা খাচ্ছে। দোকানের হলুদাভ আলো ফুটপাতের খানিকটা অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। ব্যাগ কাঁধে কলেজ-ভার্সিটির ছাত্ররা নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে। রাস্তার অপর পাশে সারিবদ্ধভাবে কয়েকটি রিকশা দাঁড়িয়ে আছে। যাত্রী নামানো-ওঠানোর ব্যস্ততায় চালকদের কেউ কেউ আবার রিকশা নিয়ে এদিক-ওদিক ঘুরছেন। মোড় ঘেঁষে যানবাহনের চলাচলও কম নয়। মাঝেমধ্যে বাস কিংবা প্রাইভেট কারের হর্নে পথচারীদের কথাবার্তা চাপা পড়ে যাচ্ছে। রাস্তার বাতিগুলোর আলোয় চারপাশ বেশ উজ্জ্বল দেখালেও সন্ধ্যার পরের শহুরে ব্যস্ততায় কোথাও যেন একটুখানি ক্লান্তির ছাপ রয়েছে।
উশান গলা খাঁকারি দিল।
"আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? উত্তর কিন্তু জিলাপির প্যাঁচের মতো দিবে না!"
"আপনি বলতে চাইছেন, আমার পেটের ভেতর জিলাপির প্যাঁচ?"
প্রমি চোখ বড়ো বড়ো করে উশানের দিকে তাকাল।উশান একবার তার মুখের দিকে তাকাল। তারপর দৃষ্টি সরিয়ে নিল। হতাশ গলায় শুধালো,
"থাক! কোনো প্রশ্নই করব না!"
বিরক্তির চেয়ে বরং হাল ছেড়ে দেওয়ার সুরই বেশি ফুটে উঠল উশানের কণ্ঠে। সে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগল। মনে মনে ঠিক করল, আপাতত চুপ থাকাই শ্রেয়। প্রশ্ন করার আগেই যদি এমন অবস্থা হয়, উত্তর পাওয়ার পর কী হবে! তা অনুমান করাও কঠিন।
"আচ্ছা,আচ্ছা! জিজ্ঞেস করেন!"
উশান একটু থেমে পকেটে হাত গুঁজে, ছোট ছোট চোখ করে বলল,
"তুমি কী ছোট থেকেই এমন? সবকিছুকেই কারেন্টের তারের মতো কুণ্ডলী পাকাও?"
"না। ছোটবেলায় আমি খুব ভালো মেয়ে ছিলাম। অবশ্য এখনো আছি। তবে একটা রেকর্ড আছে!"
প্রমি গর্বিত কণ্ঠে উত্তর দিল। উশান কৌতূহলী হলো। প্রমি থেমে আবারও বলতে আরম্ভ করল,
"ক্লাস ওয়ান না টু থাকাকালীন একবার মারামারি করে এক মেয়ে দাঁত ফেলে দিয়েছিলাম! তবে এতে আমার কোনো দোষ ছিল না। দাঁতটা আগে থেকেই নড়বড়ে ছিল। আমি শুধু একটু ধাক্কা দিয়েছিলাম, ব্যস!"
উশান দাঁড়িয়ে পড়ল। স্তম্ভিত হয়ে প্রমির দিকে তাকাল। এ তো রীতিমতো গুন্ডি মেয়ে! তর্কেও বেশ চ্যাম্পিয়ন!
এরই মাঝে পাশ দিয়ে একটা রিকশা চলে যাচ্ছিল। উশানের কানে বাজল, প্রমি ডাক দিয়ে রিকাশাওয়ালাকে থামতে বলছে!
#চলবে..