ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 3

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |৩|

স্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিকাল পাঁচটা বেজে আট মিনিট। বিকালের নরম রোদ ধীরে ধীরে ঢলে পড়েছে ঢাকা শহরের পশ্চিম আকাশে। গাছের ফাঁক গলে আসা সোনালি আলো ছড়িয়ে পড়েছে রাস্তার ধারে, পুরোনো দালানের কার্নিশে আর ফুটপাতের ধুলোমাখা ঘাসে। কৃষ্ণচূড়ার ডালে ডালে পাখিরা উড়ে বেড়াচ্ছে। চলমান দিনের শেষ ডাকটুকু ছড়িয়ে দিচ্ছে মানব কুলের মাঝে। রাস্তা থেকে ভেসে আসছে রিকশার টুংটাং শব্দ। ফুটপাতের চায়ের দোকানগুলোতে মানুষ জমতে শুরু করেছে। সেখানে এখন ধোঁয়া ওঠা চায়ের কাপে জম্পেশ আড্ডা হবে। কনক্রিটের তৈরি ঢাকা শহরের যানজটের ব্যস্ততা পেরিয়েও বিকেলের বাতাসে মিশে আছে একধরনের শীতলতা। প্রকৃতিতে মিশে আছে স্নিগ্ধতা। সেই মনোরমতা ভেঙে সাইরেন বাজিয়ে হাসপাতালের সামনের আঙিনায় এসে থামল একটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই নারী কণ্ঠের করুণ আর্তনাদ ভেসে এল। মধ্যবয়সী ভদ্রমহিলাটা ক্রন্দনরত অবস্থায় একটা শীর্ণ রক্তাক্ত শরীর নিজের বুকের মাঝে আঁকড়ে আছেন। দুজন পুরুষ ওনার বাহুডোর থেকে দেহখানা সরিয়ে নিলেন। হাসপাতালের ভেতর থেকে স্ট্রেচার নিয়ে ছুটে এল কয়েকজন নার্স। স্ট্রেচারে শুইয়ে নিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হলো রক্তাক্ত বাচ্চা মেয়েটাকে। বয়স বড়ো জোর তেরো/ চৌদ্দ হবে। নিথর শরীর, বিবর্ণ মুখ, এলোমেলো চুলের ফাঁকে জমাটবাঁধা রক্ত দেখে মনে হচ্ছে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও মেয়েটা নিঃশব্দে বেঁচে থাকার শেষ লড়াইটুকু চালিয়ে যাচ্ছে। মুহূর্তেই হাসপাতালে পরিবেশ বিক্ষিপ্ত হয়ে উঠল। কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত তাকে নিয়ে গেলেন জরুরি কক্ষে। করিডোরজুড়ে ছড়িয়ে পড়ল ব্যস্ত পায়ের শব্দ, নার্সদের উদ্বিগ্ন কণ্ঠস্বর আর স্বজনদের চাপা কান্না। অথচ বাচ্চা মেয়েটার মুখে কোনো শব্দ নেই। ফ্যাকাশে মুখে কেবল একদৃষ্টে শূন্যে চেয়েই আছে। কেবল শ্বাস টুকুই চলছে। না কান্না, না কোনো প্রকার আর্তনাদ। যেন তার কণ্ঠস্বরটুকুও কেউ নিষ্ঠুরভাবে কেড়ে নিয়েছে। কী হৃদয়বিদারক দৃশ্য!

চড়ুই আসরের নামাজ পড়ে মাত্রই কেবিন থেকে বের হচ্ছিল। এতক্ষণ কাজে ব্যস্ত থাকায় সময়মতো নামাজ আদায় করতে পারেনি। কিন্তু এখনো সময় যখন আছে তখন অযথা নামাজ কাযা করার প্রশ্নই আসে না। তার শরীরে ঢিলেঢালা থ্রি পিস জড়ানো। সেটার উপর দৃশ্যমান সফেদ রঙা অ্যাপ্রোন। মাথায় সুন্দরভাবে হিজাব বাঁধা। সম্পূর্ণ শরীরে কেবল হাত, পা আর মুখটা ব্যতীত কিচ্ছুটি দেখার উপায় নেই। সে করিডোর ধরে হাঁটছে সেই সময় তার সহকর্মী এবং বান্ধবী নিনিতা ছুটে এল। মেয়েটা হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বলল,
“একটা রেপ সারভাইভার বাচ্চা মেয়ে এসেছে, চড়ুই। রক্তে মাখামাখি সম্পূর্ণ শরীর। এতটুকুন শরীর ওর। একেবারেই ছোট্ট। বয়স চৌদ্দ এর বেশি হবে না। দ্রুত দোতলার ইমার্জেন্সি ওয়ার্ডে চলো।”
চড়ুই এর বুকটা ধ্বক করে উঠল। যদিও এইসব নতুন কিছু নয় তাদের জন্য। প্রতি সপ্তাহে এমন কতজন পেশেন্ট তারা পায়। চিকিৎসা শেষে কেউ ভাগ্যক্রমে পৃথিবীর আলো টুকু দেখতে পায়, কেউবা চিরতরে হারিয়ে যায়। ধরিত্রীর বুক থেকে তাদের নাম আজীবনের জন্য মুছে যায়। কিন্তু আজকে মেয়েটার বয়স শুনে তার কেমন একটা যেন অনুভব হলো। অতটুকু বাচ্চার সাথে এত বড়ো অমানুষিক নির্যাতন কে করল? সে আর কিছু ভাবতে পারল না। তারা ছিল চার তলাতে। ছুটল নিচের দোতলার দিকে। মিনিট কয়েকের ব্যবধানেই তারা গন্তব্যস্থলে পৌঁছে গেল। ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকেই দ্রুত স্ট্রেচারের পাশে এগোল। জুনিয়র, সিনিয়র, ইন্টার্ন মিলে মোটামুটি অনেক জন ডাক্তারই সেখানে উপস্থিত আছে। চড়ুই এর চোখের পর্দায় একটা ছোট্ট জীবন্ত পুতুলের অবয়ব ভেসে উঠল। যার শারীরিক গঠনও এখনো পূর্ণতা পায়নি অথচ সে মুড়িয়ে আছে তাজা লাল রক্তের সমাহারে। পা দুটো বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। একজন নার্স তুলো দিয়ে সেগুলো পরিষ্কার করছে। মেয়েটার সম্পূর্ণ শরীর জখম হয়ে আছে। গাল দুটো ফুলে লালচে দেখাচ্ছে। সেখানে থাপ্পড়ের ছাপ স্পষ্ট। মাথার চুলগুলো ছেড়া, অগোছালো। বাচ্চা মেয়েটার রক্তমাখা পোশাক, এলোমেলো চুল আর নিথর দেহটার দিকে তাকিয়ে মুহূর্তেই গম্ভীর হয়ে উঠলেন কর্তব্যরত সিনিয়র চিকিৎসক ডা. মিজান চৌধুরী। ব্যস্ত গলায় আদেশ ছুঁড়লেন,
“পালস, ব্লাড প্রেশার চেক করুন, দ্রুত!”
আদেশ পেতেই পাশে থাকা একজন নার্স চটজলদি মেয়েটার হাতে ক্যানোলা লাগালেন। অন্যজন রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লেন। কোনোকিছুই স্বাভাবিক নয়। অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। ডা. মিজান চৌধুরী পুনরায় আদেশ দিলেন,
“অক্সিজেন সিলিন্ডার আনার ব্যবস্থা করুন। ওনার শ্বাস প্রশ্বাস স্লো।”
কয়েক জন নার্স ত্বরান্বিত পদযুগলে অক্সিজেন সিলিন্ডার আনতে ছুটে বাইরে বেরিয়ে গেলেন। বাচ্চা মেয়েটার শারীরিক আঘাতগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশ দিলেন ডা. মিজান চৌধুরী। মাথায় বা শরীরে গুরুতর আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণ কিংবা অন্য কোনো জটিলতা আছে কি না, সেগুলোও যাচাইয়ের ব্যবস্থা করা হলো। তিনি সকলকে উদ্দেশ্য করে জানালেন,
“সবকিছু কিছুটা স্থিতিশীল হলে মেয়েটাকে আলাদা একটি কক্ষে নেওয়া হয় যেন।”
উপস্থিত সবাই মাথা নেড়ে সম্মতি দিল। পরপরই বাচ্চা মেয়েটার পরিবারের সম্মতিতে প্রশিক্ষিত নারী চিকিৎসকের সহায়তায় ধর্ষণ পরবর্তী চিকিৎসা, প্রয়োজনীয় নমুনা সংগ্রহ এবং ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলতে লাগল। কয়েকজন ব্যতীত সবাই এক এক করে বাইরে বেরিয়ে গেল। ততক্ষণে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হলো। প্রতিটি পদক্ষেপে চিকিৎসকেরা চেষ্টা করছে, শারীরিক ক্ষতগুলোর পাশাপাশি তার মানসিক বিপর্যয়টুকু যেন আরও গভীর না হয়। বয়স এমনিতেও বড্ড কম। কিন্তু হাসপাতালের সাদা চাদরে শুয়ে থাকা মেয়েটির চোখ দুটো তখনও স্থির, নির্লিপ্ত। কোনো সাড়াশব্দ নেই। শরীরের ক্ষত সারানোর চিকিৎসা শুরু হলো। অথচ তার অন্তর্লোকে যে পৃথিবীটা প্রতিনিয়ত ভেঙে চুরমার হচ্ছে, সে খবর কারও জানা নেই। জানার কথাও নয়। এইটুকু বয়সে এমন যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা পৃথিবীর কারোর না হোক। অতটুকু মেয়েটার এমন দূর্বিষহ অবস্থা দেখে আজ প্রথম বারের মতোই চড়ুই এর কান্না পেল। বাচ্চা মেয়েটার মুখের দিকে ছলছল নেত্র যুগলে চেয়ে রইল। অকস্মাৎ বড্ড অশান্তি অনুভব হলো তার। মিনিট দুই দাঁড়িয়ে থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল জরুরি বিভাগ থেকে। তার পিছু পিছু নিনিতাও চলে এল। দুজন করিডোরে পাশাপাশি নীরব হয়ে দাঁড়িয়ে রইল। কারোর মুখে কোনো শব্দ নেই। চারপাশ ও প্রায় নিস্তব্ধ। কেবল শোনা যাচ্ছে মেয়েটার মায়ের করুন আর্তনাদ। উনি একমনে বিলাপ করছেন,
“আমার ছোট্ট মেয়েটাকে ওই জানোয়ার শেষ করে দিল। নিস্তেজ শরীরটা খুবলে খাইছে।”
চড়ুই বড়ো একটা দীর্ঘশ্বাস ফেলল। এই দেশটা কবে ঠিক হবে? এই সবের হাত থেকে কবে রক্ষা পাবে সাধারণ জনগণ? কবে মেয়েদের জন্য একটু নিরাপত্তা নিশ্চিত হবে? শারীরিক পরিপক্কতা আসার আগেই তাদের রক্তাক্ত, ক্ষতবিক্ষত হতে হচ্ছে। আল্লাহর লানত পড়বে এই জাতির উপরে। নিজেকে সামলিয়ে নিল চড়ুই। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল। জানতে চাইল,
“মেয়েটার সাথে এমন কে করেছে, শুনেছ কিছু?”
নিনিতার চোখেও পানি। একমনে ভাবছিল কিছু। বান্ধবীর করা প্রশ্নে নরম গলায় উত্তর দিল সে,
“সম্ভবত কোনো নেতার দলের লোক। আমি শিওর না। উড়ো কথা শোনা। তাছাড়া প্রমাণই সব।”
চড়ুই এর মসৃণ কপাল গুটিয়ে এল। ভ্রু যুগল কুঁচকে গেল আপন গতিতে। নিনিতার আমতা আমতা কথায় বুঝল সেও আহামরি কিছু জানে না। আচ্ছা সমস্যা নেই, আস্তে ধীরে সব জানা যাবে। মাথা নেড়ে তাচ্ছিল্য হাসল সে। বিড়বিড় করে বলল,
“ইশ্! বাংলাদেশের মাটি থেকে এই নরপশুগুলোকে যদি শিকড়সহ উপড়ে ফেলা যেত! এমন দৃষ্টান্তমূলক শাস্তি হতো, যেন একটা মেয়ের গায়ে হাত তোলার আগে তাদের আত্মাও কেঁপে উঠত। অথচ এ দেশে ন্যায়বিচার যেন ক্ষমতাবানদের পায়ের নিচে পিষ্ট এক অসহায় শব্দ। ক্ষমতার মসনদে যে দলই বসুক, গদি পেতেই তাদের আসল চেহারা বেরিয়ে আসে। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নিজেরাই হয়ে ওঠে একেকটা জঞ্জাল। আর এমপির ছত্রছায়ায় বেড়ে ওঠা চামচাদের দাপট তো আরও ভয়ংকর! আইন যেন তাদের পকেটের সম্পত্তি এবং সাধারণ মানুষের আর্তনাদ নিছক তামাশা। এমন দেশে অপরাধীর শাস্তি চাওয়াটাও দুঃসাহস বটে। আর ন্যায়বিচারের আশা করা নিছকই এক বিলাসী প্রলাপ!”
চড়ুইয়ের মুখনিঃসৃত প্রতিটা বাক্যে মিশে আছে অদ্ভুত রকমের ক্ষোভ আর আক্ষেপ। নিনিতা মাথা নেড়ে তার সাথে সম্মতি দিল,
“ঠিক বলেছ। এই রাজনীতির মতো নোংরা কিছু আর হয় না।”
কথাগুলো শুনল চড়ুই। হঠাৎ কিছু স্মরণে আসতেই শুধাল নিনিতাকে,
“এই নিনি লাবুর ডিউটি আজ ইভনিং শিফটে ছিল না? আজ এল না তো? খোঁজ খবর নিয়েছ কি? আমি তো কাজের চাপে ভুলেই গেছি।”
নিনিতা, চড়ুই আর লাবণ্য তিনজন ব্যাচমেট। মেডিকেল কলেজে ভর্তি হয়ে থেকে এই অবধি একসাথে আছে। একই বেঞ্চে বসে ক্লাস করেছে তারা। কতশত খুনসুটিতে মেতেছে। সেই থেকে একটু একটু করে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে। নিজেদের সুখ দুঃখ একে অপরের কাছে অনায়াসেই প্রকাশ করে থাকে। হসপিটালে কাজ ব্যতীত বাকিটা সময় একসাথেই কাটে তাদের। ভীষণ সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান তাদের মধ্যে। তিন বোনের থেকে কোনো অংশে কম নয় তাদের সম্পর্ক। নিনিতা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল,
“হ্যাঁ শুনেছিলাম গো। তিনটার দিকে কথা হয়েছে ওর সাথে। তোমাকে বলতে ভুলেই গেছি। ওর ছোট ভাইটা মিসিং গতকাল থেকে। পরিবারের মাথার উপর থাকা ছাদটা তো ও নিজেই। তাই আন্টিকে সামলিয়ে ছুটতে হচ্ছে ওকেই। ওইজন্যই নাকি তিন দিনের ছুটি নিয়েছে।”
কথাগুলো শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করা মাত্রই চড়ুই এর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজ যেন দিনটাই খারাপ তার জন্য। শুধু দুঃসংবাদ পাচ্ছে। লাবণ্যর ভাইটা সবে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। জাবির ছাত্র সে। হঠাৎ করেই কোথায় হারিয়ে গেল? ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল সে। ছোট্ট করে শুধাল,
“ডিউটি শেষে কোনো কাজ আছে তোমার?”
নিনিতা দুই দিকে মাথা নাড়ল,
“না।”
চড়ুই দন্ত দিয়ে অধর চেপে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। ভাবল অত্যল্প। মুখে বলল,
“তবে সন্ধ্যায় ডিউটি শেষে আমরা লাবুর বাড়িতে যাচ্ছি।”
একবাক্যেই মেনে নিল নিনিতা,
“আচ্ছা, ঠিক আছে।”
দুজনের কেউই আর কথা বলল না। নীরবতায় কেটে গেল কিছু মুহূর্ত। চড়ুইয়ের কাছে গোটা ব্যাপারটাই কেমন যেন দুর্বোধ্য ঠেকছে। তবু মনে প্রাণে প্রার্থনা করছে, লাবণ্যর ভাইটার যেন একটা সন্ধান মেলে। বাবা হারা সংসারটাকে একা হাতে আগলে রেখেছে লাবণ্য। নিজের কাঁধে তুলে নিয়েছে পরিবারের সমস্ত দায়ভার। ছোট ভাইটাকে পড়াচ্ছে, তাকে ঘিরে বুনছে একরাশ স্বপ্ন। মেয়েটা তাদের সঙ্গে মনের সব কথা ভাগ করে নেয়। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই মেয়েটার জীবনেই আজ এমন দুর্বিষহ অনিশ্চয়তা! এ দেশে মানুষ বোধ হয় বেঁচে থাকাটাকেও নিশ্চিন্তে উপভোগ করতে পারে না। প্রতিটি মুহূর্তে অজানা আশঙ্কা, প্রতিটি দিনেই প্রিয়জনকে হারানোর ভয়। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকুও যেন কারও হাতে নেই। কী অদ্ভুত এক দেশ! যেখানে বেঁচে থাকাটাই কখনো কখনো এক দীর্ঘ আতঙ্কের নাম। আবারও চড়ুই আর নিনিতার ডাক পড়তেই ভাবনার জগৎ থেকে ফিরে এল চড়ুই। আর এক মুহূর্তও দেরি করল না। দুজনেই একসঙ্গে সেদিকে ছুটল।
.

সময় গোধূলি লগ্ন। দিনের আলো তখন শহরের বুক থেকে গুটিয়ে নিচ্ছে নিজের শেষ আস্তরণটুকু। বহুতল ভবনের ছায়া দীর্ঘ হয়ে নেমে এসেছে ফুটপাতে। আকাশের গায়ে মিশেছে লালচে আর কমলা আভা। দূরের একটা ছাদের কার্নিশে বসে আছে গুটিকয় শালিক। অদূরের কোনো বাড়ির টিভি থেকে ভেসে আসছে বাজতে থাকা পুরোনো দিনের গান। শহরের ব্যস্ততার মাঝেও গোধূলির এই ক্ষণটুকুতে যেন সময় একটু থমকে দাঁড়ায়। মানুষের বিরহ উৎযাপনের সময় এটুকু। দিন আর রাতের মাঝখানে ঝুলে থাকে এক মায়াময় অবকাশ। অরিত্র মাত্রই ঘুম থেকে উঠল। শরীরে একটা টিশার্ট আর ট্রাউজার জড়ানো। এখন গোসল দিয়ে বাইরে বেরোবে সে। পোলাপান বেশ কয়েকবার ফোন দিয়েছে তাকে। বিছানায় বসে আলগোছে আড়মোড়া ভাঙতেই দরজায় করাঘাতের ক্ষীণ শব্দ ভেসে এল। এই অসময়ে কে আসতে পারে তার অজানা নয়। মুখমণ্ডল স্বাভাবিক রেখেই অনুমতি দিল,
“ভেতরে আয়, অরণি।”
অমনিই সঙ্গে সঙ্গে দরজার কপাট একটুখানি ফাঁকা হলো। পরপরই দুয়ারের সম্মুখে সুশ্রী একটা তরুণীর অবয়ব স্পষ্ট হলো। গাত্র বর্ণ ফর্সা। তবে এই রঙটা কেমন যেন চোখে তাক ধরিয়ে দেয়। একটু বেশিই সুন্দর। অরণির শরীরে পরিলক্ষিত মেরুন রঙের একখানা থ্রি পিস। ওড়নাটা সুন্দর করে মাথায় তুলে দেওয়া আছে। হাতে একটা ট্রে দৃশ্যমান। যেখানে চা, বিস্কুট,‌ নুডলস সহ বেশ কিছু পদের নাস্তা রাখা আছে। মেয়েটা গুটি গুটি পায়ে ঘরের মধ্যে প্রবেশ করল। একটু ঝুঁকে ট্রে টা ডিভান সংলগ্ন সেন্টার টেবিলে রাখল। সোজা হয়ে দাঁড়িয়ে তাকাল অরিত্রের দিকে। অরিত্র ভ্রু কুঁচকে তার প্রতিটা পদক্ষেপ নীরবে দেখছিল। অরণি মুচকি হেসে জানতে চাইল,
“ঘুম ভালো হয়েছে, আপনার?”
অরিত্রের মসৃণ কপাল অধিকতর গুটিয়ে এল। দৃষ্টি সরু হলো। সে বসা থেকে উঠে দাঁড়াল। পায়ে পায়ে এগোল আলমিরার দিকে। জবাবে গম্ভীর কণ্ঠের ত্যাড়া একটা বাক্য ছুটে গেল অরণির দিকে,
“তুই জেনে কী করবি?”
এতেও অরণি মৃদু হাসল। অপরপক্ষ এমনই। কখনো সোজাসাপ্টা কিছু বলে না। সে এইসবে অভ্যস্ত হয়ে গেছে‌‌। উলটো তার ভীষণ ভালো লাগে। রিনরিনে গলায় ছোট্ট করে বলল,
“এমনিতেই।”
অরিত্র শব্দটা শুনেও আর কিছু বলল না। অরণিও জানে সে ফিরতি একটা শব্দও শুনতে পারবে না।কী আর করবে? অগত্যা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অরিত্র আলমিরা থেকে পাঞ্জাবী পাজামা নিয়ে ওয়াশ রুমের দিকে পা বাড়াল। অরণি দেখল সেদিকে। প্রয়োজনীয় সবকিছু নিয়ে, কোনো কথা ছাড়াই ওয়াশ রুমে ঢুকে পড়ল অরিত্র। দরজাটা শব্দ করে লক হলো। অরণি তবুও মিনিট কয়েক দাঁড়িয়ে রইল। নাহ! একা একা আর ভালো লাগছে না তার। সে নিজেও উলটো ঘুরে হাঁটা ধরল। দুই কদম এগোতেই শ্রুতিগোচর হলো নিরেট, শীতল পৌরুষদীপ্ত গলায় উচ্চারিত তার নামটা,
“অরণি?”
থমকে দাঁড়িয়ে পড়ল অরণি। ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল। অরিত্র ওয়াশ রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাদামি মণি জোড়া নিবিষ্ট তার দিকেই। অরণি জিজ্ঞাসা সূচক চাহনিতে চেয়ে রইল। কেন ডাকা হলো তাকে সেই সম্পর্কে সে অবগত নয়। তা অরিত্রের দৃষ্টিগ্রাহ্য হতেই ধীরস্থির কণ্ঠে আদেশ করল,
“আমার পাঞ্জাবী পাজামা গুলো আইরন করে রাখিস তো।”
অরণির মুখের হাসি বাড়ল। দ্রুত মাথা নাড়ল সে,
“আচ্ছা, আজকেই করে রাখব।”
জবাব টুকু অপরপক্ষের শ্রবণগোচর হতেই পুনরায় ওয়াশ রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। অরণি একদৃষ্টে কিছুক্ষণ বন্ধ দ্বারের দিকে চেয়ে রইল। হঠাৎ মনে হলো তার, অরিত্রের গোসল দেওয়ার সময়টুকুতেই চা ঠাণ্ডা হয়ে যাবে। সে তো ভেবেছিল এতক্ষণে মানুষটার গোসল দেওয়া হয়ে গেছে। অমনিই সে চায়ের কাপটা হাতে উঠিয়ে নিল। একটু পরে গরম চা দিয়ে যাবে। চায়ের কাপ নিয়েই ফুরফুরে মেজাজে কক্ষ থেকে বেরিয়ে গেল মেয়েটা। মুক্ত বিহঙ্গের মতো উড়ছে সে। গুনগুনিয়ে গানও গেয়ে চলেছে। যেন এই মুহূর্তে পৃথিবীর সবটুকু আনন্দ তার মনগহীনে এসে জড়ো হয়েছে। কী আনন্দ আজ আকাশে বাতাসে!
.

ঘড়ির কাঁটার দখলদারিত্ব সাতটা দুইয়ের ঘরে। সন্ধ্যা পেরিয়ে রাতের সময় চলমান। চারপাশ থেকে আঁধার জেঁকে বসেছে প্রকৃতিতে। রাস্তার পাশের উঁচু বৃক্ষের ফাঁকফোকর ও তারের জটিল বুননের ওপর দিয়ে একফালি চাঁদ উঁকি দিচ্ছে। তাছাড়া কৃত্রিম আলোয় অবশ্য আলোকিত ঢাকা শহরের রাস্তা ঘাট, অলিগলি। দিন আর রাতের তফাৎটা এখানে অতখানি বোঝা যায় না। একটা রিকশা নিয়ে এসে গলির মুখে থামল চড়ুই এবং নিনিতা। গলিটা বড্ড বেশিই সরু। রিকশা নিয়ে সামনে এগোনো যায় না। অগত্যা এখানেই নামতে হলো তাদের। ভাড়া মিটিয়ে দিয়ে সম্মুখে হাঁটা ধরল দুজন। লাবণ্যর বাড়িটা এইত কয়েকটা বাড়ির পরেই। মিনিট দুই হেঁটে দুই বান্ধবী উপস্থিত হলো লাবণ্যদের একতলা পাকা ইটের রং করা বাড়িটার সামনে। প্রধান ফটক খোলাই ছিল। দুজন বাড়িতে প্রবেশ করল। পায়ে পায়ে হেঁটে উঠানের মাঝখানটাতে যেতেই লাবণ্যর মায়ের গুনগুনিয়ে কান্নার আওয়াজ কর্ণগোচর হলো। দুজন কয়েক কদম এগিয়েই দেখল, দেওয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে লাবণ্যর মা কাঁদছেন। ওনার পাশেই এক খণ্ড পাথরের ন্যায় থমকে বসে আছে লাবণ্য। একদিনেই মেয়েটা যেন শুকিয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। মুখটা রক্তশূন্য দেখাচ্ছে। চড়ুই আর নিনিতার বুকটা ব্যথায় জর্জরিত হলো। চড়ুই ডাকল লাবণ্যকে,
“লাবু?”
পরিচিত কণ্ঠস্বর শুনতেই লাবণ্য মেঝেতে নিবিষ্ট চোখ তুলে সম্মুখে চাইল। ততক্ষণে ঘরে উঠে দাঁড়িয়েছে চড়ুই এবং নিনিতা। কাছের মানুষদের দেখতেই লাবণ্যর কঠিন রুপটা ঠুস করে ঝরে পড়ল। ফুঁপিয়ে কেঁদে উঠল। চড়ুই ত্বরান্বিত পায়ে অগ্রসর হয়ে লাবণ্যর পাশে বসল। দুহাতে আগলে নিল মেয়েটাকে। লাবণ্য কেঁদেই চলল। চড়ুই ও স্বেচ্ছায় থামাল না ওকে। কাঁদলে মনের ভার কমে। বেশখানিকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল লাবণ্য। চড়ুই এর বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। সন্তর্পণে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি টুকু মুছে ফেলল। এই পর্যায়ে চড়ুই জিজ্ঞাসা করল,
“কী হয়েছে? প্রথম থেকে বলো তো?”
লাবণ্য মিনিট কয় চুপ রইল। অতঃপর বলতে শুরু করল,
“গতকাল ভার্সিটিতে গেছিল লিয়ন। ক্লাস ও করেছে। এটেনডেন্সও আছে ওর। কিন্তু তারপর কোথায় গেছে কেউ জানে না। রাতে বাড়িতে ফেরেনি। কিন্তু এটা আহামরি কিছুই না ওরজন্য। মাঝেমধ্যেই পোলাপানের সাথে বাইরে থাকে। তাই আমরা তেমন গুরুত্ব দেইনি। কিন্তু আজ..”
লাবণ্যকে মাঝখানে থামিয়ে দিল চড়ুই। ভ্রু কুঁচকে জানতে চাইল,
“পোলাপান বলতে?”
লাবণ্য এই প্রশ্নে একটু নিশ্চুপ রইল। খানিকটা ইতস্তত বোধ করল বৈকি। পরক্ষণেই ম্লান বদনে বলল,
“ছাত্র রাজনীতিতে ছিল লিয়ন। এমপি অগ্নিভ দেওয়ান ও এমপির ভাই অরিত্র দেওয়ানের দলের পোলাপানের সাথে থাকত। মানে, ভালো সম্পর্ক ছিল ওই দলটার সাথে। আমি খুব করে চেয়েছি ওকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনতে কিন্তু সক্ষম হইনি। সামনে তো ইলেকশন কেউ ওর ক্ষতি করল কি কে জানে! আজ সকাল থেকে ছুটছি থানা আর বাড়ি। কিন্তু আহামরি কোনো কাজ হয়নি। টাকাও দিয়েছি থানাতে কিন্তু ওরা আদৌও আমার ভাইটাকে খুঁজছে কি কে জানে! যতবার থানাতে গেলাম ততবারই বলল খোঁজ চালাচ্ছে। এদিকে একটা দিন পেরিয়ে গেল কিন্তু আমার ভাইটার কোনো খোঁজ নেই। কী করব আমি? কার কাছে যাব?”
কথাগুলো ভাঙা গলায় বলে আবারও কেঁদে ফেলল লাবণ্য। একদম মাটির মতো নরম মেয়ে সে। তার মতো অত ভদ্র নম্র মেয়ে এখনকার সময়ে পাওয়া যায় না। অথচ ভাগ্যটা দেখো! চড়ুই একঝলক লাবণ্যর মায়ের দিকে তাকাল। ভদ্রমহিলা কেমন যেন পাথর বনে গেছে। এখন আর কাঁদছেন ও না। চড়ুই চোখ ফিরিয়ে শুধাল লাবণ্যকে,
“তো ওই দলের পোলাপানের কাছে গেছ? জানিয়েছ সবটা? আর ওই যে কী যেন নাম বললে, কী দেওয়ান যেন? ওনাদের সাথে যোগাযোগ করেছ?”
মানুষগুলোর নাম ও মুখে নিতে ঘৃণা লাগে চড়ুই এর। জবাবে লাবণ্য ডানে মাথা নাড়ল। অশ্রুসিক্ত নয়নে, শোকাতুর গলায় বলল,
“দলের পোলাপানদের জানিয়েছি। আর অরিত্র দেওয়ান, অগ্নিভ দেওয়ান! ওনারা বড়ো মানুষজন। এত সহজে সাক্ষাৎ পাওয়া যায় না।”
চড়ুই বড্ড বেশিই অবাক হলো। এক মুহুর্তের জন্য হতবাক হয়ে পড়ল। তার রেশ মুখমণ্ডলে ফুটে উঠল। আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করল,
“কী বলছ! ওনাদের দলের একটা ছেলে নিখোঁজ। এখানে ওনাদের দায়িত্ব সবার আগে। যাদের দিয়ে কার্যসিদ্ধি করে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এ কেমন নেতা!”
এই কথার পরিপ্রেক্ষিতে লাবণ্য বলল,
“ওনাদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। লিয়নের মুখে শুনেছি মানুষ হিসেবে ওনারা ভীষণ ভালো। কিন্তু শত্রুতার জের ধরে কেউ কিছু করল কী না ওর সাথে, সেটাই বুঝতে পারছি না।”
মেয়েটার এমন বাচ্চামো কথাতে চড়ুই তাচ্ছিল্য হাসল। বিদ্রুপের সুরে বলল,
“আলো থেকে অন্ধকারে গেলে যেখানে নিজের ছায়াটাও বেইমানি করে সেখানে তুমি অন্যদের বিশ্বাস করছ, লাবু?”
লাবণ্য একটু অবাক চোখে দেখল চড়ুইকে। কথাটা ফেলে দেওয়ার মতো নয়। রাজনীতি শব্দটাই তো ভয়ংকর। সে আর কিছুই বলল না। এর প্রত্যুত্তরে তার কিছুই বলার নেই। চড়ুই কিছুক্ষণ স্থবির হয়ে বসে রইল। মস্তিষ্ক কিছু একটা ভাবতে মরিয়া হয়ে উঠল। এই দুর্বিপাকের সময় বান্ধবীর পাশে তারা না থাকলে বড্ড অপরাধ হয়ে যাবে। অকস্মাৎ বলে বসল চড়ুই,
“আগামীকাল প্রস্তুতি নিয়ে থেকো। আমরা ওনাদের কার্যালয়ে যাচ্ছি। এখানে একটা তরতাজা প্রাণের প্রশ্ন। ওনারা জবাব দিতে বাধ্য। সময় অপচয় করা মানেই বোকামি, লাবু।”
চড়ুইয়ের মুখনিঃসৃত কথাগুলো সকলের কান অবধি পৌছাল। লাবণ্যর মা চকিতে ফিরে তার দিকে তাকালেন। ভদ্রমহিলার দৃষ্টি বড়ো দুর্বোধ্য ঠেকল। নিনিতা একটু বিস্মিত হলো বৈকি। রাজনীতিকে সবসময় থুথু দেওয়া মেয়েটা সেই রাজনীতিবিদদের আস্তানায় যাবে? কী আশ্চর্য! লাবণ্য ফের আলগোছে মাথাটা রাখল চড়ুইয়ের বুকে। সেভাবেই চুপটি করে ঠাঁয় বসে রইল। ড্রয়িংরুমে চারজন মানুষের উপস্থিত, অথচ নিস্তব্ধতা ভেদ করে তা টের পাওয়ারও উপায় নেই। জীবন বড্ড কঠিন। কার দোরগোড়ায় কখন দুর্দিন এসে কড়া নাড়বে, তা আগেভাগে আঁচ করার সাধ্য কারও নেই। সময়ের নিষ্ঠুর আবর্তে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন নিজের ইচ্ছা, অনিচ্ছা কিংবা আত্মসম্মান সবকিছুকে বিসর্জন দিয়ে মনের বিরুদ্ধে গিয়েও কিছু সিদ্ধান্ত মেনে নিতে হয়। তখন চাওয়া পাওয়ার হিসাব মেলে না, মেলে না মস্তিষ্কের সঙ্গে বাস্তবতার সমীকরণ। শুধু পরিস্থিতির কাছে নীরবে আত্মসমর্পণ করে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না।

#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন