#চড়ুইপাখির_ঘুলঘুলি |৪|
রাত পেরিয়ে নব্য দিবসের সূচনা। ঘড়িতে কেবল সাতটা। শহরটা ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে উঠছে। পথেঘাটে বাড়ছে যানবাহনের আনাগোনা। ফুটপাতের দোকানগুলোও খুলতে শুরু করেছে একে একে। চায়ের দোকানে ধোঁয়া ওঠা কাপে চুমুক দিতে দিতে দিন শুরুর গল্পে মেতেছে কয়েকজন মানুষ। এরই মাঝে সকালের কোমল রোদ উঁকি দিয়েছে দালানকোঠার ফাঁক গলে। দালানগুলোর গা বেয়ে নেমে আসা রোদ ফুটপাতের ধুলোয় সোনালি আভা ছড়াচ্ছে। রাস্তার ধারের গাছগুলোতে জমে থাকা শিশিরে সেই কোমল দ্যুতি ঝিলমিল করছে। মৃদু বাতাসে পাতার মর্মরধ্বনি মিশে যাচ্ছে দূরের কোলাহলে। দূরের কোনো গাছ থেকে ভেসে আসছে পাখির ডাক। ব্যস্ত নগরীর বুকেও সকালবেলার প্রকৃতি যেন নিজস্ব এক স্নিগ্ধতা ছড়িয়ে রেখেছে। নগরীর এই আধোব্যস্ত প্রভাতে মানুষের জীবন বয়ে চলেছে পুনরায় নিজস্ব ছন্দে। এই সময়ে দেওয়ান নিবাসের প্রায় সকলেই উঠে পড়েছে। রান্নাঘরে কাজের খালার সঙ্গে ব্যস্ত সময় পার করছেন সৈয়দা নুরুন্নেসা বেগম। সকালের নাস্তার তোড়জোড় চলছে। বড়ো ছেলে বের হয়ে যাবে আটটা নাগাদ। তার আগেই সবকিছু বন্দোবস্ত করে খাবার টেবিলে রাখতে হবে। নচেৎ ছেলেটার আর খাওয়া হবে না ঠিক মতো। মায়ের মন তো, সহজে মানতে পারে না ছেলের কষ্ট। পাখি ফজরের নামাজ পড়ে বাড়ির আঙিনায় পুষ্পের বাগিচায় বানানো বেঞ্চে বসে আছে। অদ্রি, অন্বয় এত সকালে ওঠে না। এই নিস্তব্ধ প্রাতঃকালের শীতল ঝিরঝিরে হাওয়া, সতেজ পরিবেশ ভীষণ ভালো লাগে পাখির। তাই প্রতিদিনই এইসময়ে এখানে বসে থাকে সে। ভাবে নিজের জীবনের সুখকর অতীত। আজও তার ব্যতিক্রম নয়। সে ডুব দিয়েছে নিজের ভার্সিটি জীবনে। তখন সবে অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল পাখি। একদিন ক্যাম্পাসে হঠাৎ হল দখল নিয়ে ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে পাখির বেস্ট ফ্রেন্ড মৌমিতা আহত হয়। কপালে জোরাল আঘাত পায়। রক্ত ঝরছিল ক্ষতস্থান থেকে। পাখি তো এমনিতেই নরম স্বভাবের। মৌমিতার কপাল ফেটে বেরিয়ে আসা রক্ত দেখে সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। শ্বাস প্রশ্বাস কমে আসে। ওদিকে ভার্সিটির প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। বাইরে যাওয়ার সুযোগ নেই। সবমিলিয়ে দুই বান্ধবীর একেবারে করুণ অবস্থা। সেই সময়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ছাত্রলীগ নেতা অগ্নিভ দেওয়ান। মানুষটার সাথে প্রথম সাক্ষাৎ সেবারেই হয় পাখির। তখন দুজনের কেউ কাউকে চিনত না। অগ্নিভ সবকিছু মাড়িয়ে পাখি এবং মৌমিতাকে ভার্সিটির বাইরে এনে রিকশায় তুলে দিয়েছিল। পুরো সময়টাতে নীরব থাকলেও শেষের দিকে শুধু একটা বাক্য বলেছিল অগ্নিভ,
“ইঁদুরের মতো প্রাণ নিয়ে জাবিতে ভর্তি হওয়া বোকামি।”
পাখি রিকশায় বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল মানুষটার দিকে। অপরিচিত একজন ছেলের থেকে এমন বাক্য সে কস্মিনকালেও আশা করেনি! তাকে পরোক্ষভাবে ইঁদুর বলেছিল ওই ছেলে, সেটা সে মানতেই পারছিল না। কান্না থামিয়ে, মৌমিতাকে একহাতে আগলে কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে বসে ছিল। ওই একটা বাক্যের রেশ তার মস্তিষ্ক গেঁথে ছিল দীর্ঘ একটা সময়। হা হা হা কী বোকাটাই ছিল সে! প্রতিবারের ন্যায় এবারও অতীত স্মরণ হতেই পাখির ঠোঁটের কোণে জায়গা করে নিয়েছে স্নিগ্ধ মুচকি হাসি। তখন তার জীবনে সব ছিল। আল্লাহ ভালোবেসে সবই দিয়েছিলেন। কোনোকিছুর অপূর্ণতা ছিল না। সেদিনের দেখা অদ্ভুত সত্ত্বার মানুষটার সাথেই ছয়টা বছর সংসার জীবন কাটিয়ে দিল পাখি। সময় কী দ্রুত বয়ে যায়! সবকিছু আগের মতো থাকলেও পাখি নিজের হাতটা হারিয়েছে। সময়ের সাথে সাথে তার ভালোবাসার মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। হাহ্! মেয়েটার হাসিমুখটা বদনখানা আস্তে ধীরে ম্লান হয়ে উঠল। ঠিক সেই সময় শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল পরিচিত পৌরুষদীপ্ত প্রগাঢ় কণ্ঠস্বরে আওড়ানো অতীব প্রিয় সম্বোধনখানা,
“প্রাণপ্রিয়া?”
পাখি সেই কণ্ঠ লক্ষ্য করে পিছনে তাকাল। দেখল অদূরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অগ্নিভ। বলিষ্ঠ শরীরে ছাই রঙের শার্ট এবং পরনে শুভ্র রঙের লুঙ্গি জড়ানো। বেশ পরিপাটি হয়েই বেরিয়েছে। উত্তর দিল মেয়েটা,
“জি বলুন।”
এইবার তার কথার পৃষ্ঠেই অগ্নিভের শান্ত শীতল গলা ভেসে এল,
“আম্মাকে বলে দিও আমি বের হচ্ছি। ফিরব সন্ধ্যায়। নিজের যত্ন নিবে। ফোন কাছে রাখবে। একটা কল ও যেন মিস না হয়।”
এত এত যত্ন এখন আর পাখির অন্তর ছুঁতে পারে না। অস্বস্তি হয় তার। সবকিছু থেকে মুক্তি পেতে মুখিয়ে আছে সে। এই জীবন বড্ড পীড়া দিচ্ছে তাকে। কিন্তু ওই যে ভালোবাসা শব্দটার কাছে সে এখনো অসহায় হয়ে আছে। মুখে মিছে হাসি ফুটিয়ে ঘাড়টা ঈষৎ কাত করল পাখি,
“আচ্ছা।”
জবাব পেতেই অগ্নিভ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসল। পরক্ষণেই বিএমডব্লিউ গাড়িটা মিনিটের ব্যবধানে দেওয়ান নিবাসের প্রাঙ্গণ ত্যাগ করল। পাখি একদৃষ্টে তাকিয়ে দেখল সেই প্রস্থান। চাহনি বড়ো দুর্বোধ্য ঠেকল। আরও কিছুক্ষণ একাকী বসে থেকে উঠে দাঁড়াল সে। শাশুড়ি আম্মাকে অগ্নিভের বাইরে যাওয়ার খবরটা দিতে হবে। শ্লথগতিতে বাড়ির দিকে হাঁটা ধরল সে। ড্রয়িংরুমে প্রবেশ করতেই আজ একটু অবাক হলো সে। অরিত্র বসে আছে সোফায়। হাতে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ। তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে অরণি। পাখি ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে চাইল। সবে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট। এত সকালে অরিত্র কখনো ওঠে না। আজ হঠাৎ কী মনে করে? পাখি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেয়ে সোফার একপাশে বসল। অরিত্র তাকাল তার দিকে। স্বভাবসুলভ গম্ভীর মুখে জানতে চাইল,
“ভাইয়া বাসায় আছে, ভাবী?”
পাখি জবাবে মুচকি হাসল,
“না তো, আপনার ভাইয়া কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল।”
অরিত্র শুনল কিন্তু আর কিছু বলল না। পাখি অরণির দিকে চেয়ে বলল,
“অরু, আম্মাকে একটু বলো তো তোমার ভাইয়া বাইরে বেরিয়ে গেছে। জানিয়েছে, সন্ধ্যা নাগাদ বাসায় ফিরবে।”
অরণি মাথা নেড়ে রান্নাঘরের দিকে চলে গেল। মামিকে সবটা বলেই ফিরে এসে পাখির পিছনে দাঁড়াল। একটু ঝুঁকে দুহাতে পাখির গলা জড়িয়ে ধরল,
“বলেছি ভাবীমনি। তুমি কিছু খাবে এখন? চা, বিস্কুট দেই?”
পাখির মুখের হাসি বাড়ল। এই নরম সত্বার মেয়েটা তার ভীষণ প্রিয়। অরণির মাথায় স্নেহের পরশে হাত বুলিয়ে দিল। ফিসফিস করে বলল,
“শুধু নিজের জনাবকে চা খাওয়ালেই হবে? হুঁ? আমরা কী দোষ করেছি? আমার শুধু কম চিনি দিয়ে এক কাপ চা হলেই চলবে।”
ভাবীর এমন কথাতে অরণির ফর্সা বদনখানা রাঙা হয়ে উঠল। আড়চোখে একঝলক অরিত্রকে দেখল। ছেলেটার অবশ্য এদিকে খেয়াল নেই কোনো। বরাবরের মতোই ফোন স্ক্রল করতে ব্যস্ত। আব্দুল আজিজ দেওয়ান অরণির সাথে অরিত্রের বিয়ে দিবেন বলে ঠিক করে রেখেছেন। নিজের মেয়ে সন্তান না থাকায় অরণিকে তিনি বড্ড বেশিই ভালোবাসেন। তাই সারাজীবনের জন্য নিজের বাড়িতেই রেখে দিতে চান। মা হারা অরণিও ওনাদের পেয়ে পরিপূর্ণ। এছাড়া বয়ঃসন্ধিতে মনে ধরা মানুষটাকে আমৃত্যু নিজের করে পাওয়ার অনুভূতি ভীষণ সুন্দর। হঠাৎ করেই তার ভীষণ লজ্জা লাগল। কিন্তু কারণ অজানা। এক শব্দে ছোট্ট করে জবাব দিল অরণি,
“আচ্ছা।”
পরপরই একপ্রকার ছুটে সেখান থেকে প্রস্থান করল। রান্নাঘরে চলে গেল। মেয়েটার এমন কাণ্ডে পাখি ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে আওড়াল,
“পাগলী মেয়ে একটা।”
.
মধ্যাহ্নোত্তর সময়। ঘড়ির কাঁটা একটা বিশে। দুপুরের এই সময়টাতে আকাশজুড়ে দিবাকর যেন তার সবটুকু তেজ ছড়িয়ে বসে আছে। পথের পিচঢালা বুকে তাপের হলদে আভা দৃশ্যমান। বাতাসে ধুলোর মিহি আস্তরণ। রিকশা, বাস আর প্রাইভেট কারের অবিরাম আনাগোনায় মুখরিত সড়ক। ফুটপাতের গাছগুলোও রোদের ভারে যেন নিথর। দূরের বহুতল ভবনগুলোর গায়ে ঝলসে পড়া আলোয় নগরীটা কেমন ক্লান্ত হয়ে এসেছে। চড়ুই এবং নিনিতা এই সময়ে অবস্থান করছে তিন তলার ছয় নম্বর মহিলা ওয়ার্ডে। ওখানেই গতকালের সেই বাচ্চা মেয়েটাকে ভর্তি করা হয়েছে। বাচ্চা মেয়েটার একপাশেই চড়ুই বসে আছে। মেয়েটার মায়ের থেকে সবটা শুনে জানার সুযোগ হয়েছে, ওনাদের সাথে শত্রুতার জের ধরে বাচ্চাটাকে প্রাইভেট শেষে সরু গলি থেকে তুলে নিয়ে যেয়ে ধর্ষণ করা হয়েছে। ছেলেটা ছাত্রলীগের একজন কর্মী। মেয়েটার বাবা নিজ এলাকার বিএনপির সাবেক সভাপতি ছিলেন। রাজনীতির মাঠ থেকেই সৃষ্টি এই শত্রুতার। বাচ্চা মেয়েটা নিখোঁজ ছিল দুইদিন। পুলিশের নিকট গেলে আহামরি ফায়দা হয়নি ওনাদের। অযথা ঘুরিয়েছে শুধু। আজকে নিজেদের বাসার পাশে পরিত্যক্ত শুকনো ডোবাতে মেয়েটাকে কারা যেন ফেলে রেখে গেছে। এখন মেয়েটার মুখনিঃসৃত জবান নিয়ে বাকি কাজটা করতে হবে। তবে মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি। তাই সবাই একটু সময় দিচ্ছে। মেয়েটা পরিবারকেই এতটুকু বলেছে গতকাল রাতে। সবকিছুর বর্ণনা শুনে বাকিটা ওনারা ধারণা করে নিয়েছেন। তাছাড়া ফরেনসিক রিপোর্টও এখনো আসেনি। ওটা এলে সবকিছু সম্পর্কে বিস্তারিত জানা যাবে, বোঝা যাবে। বাচ্চা মেয়েটাকে ঠিক কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে এতটুকু আঁচ করতেই অন্তরাত্মা কেঁপে উঠছে সকলের। মেয়েটা শূন্য দৃষ্টিতে চড়ুই এর দিকে চেয়ে আছে। এখন আগের থেকে একটু ভালো আছে। চড়ুই মুচকি হেসে আলতো করে নিজের হাতটা মেয়েটার হাতের উপর রাখল। কণ্ঠে আদর মিশিয়ে জানতে চাইল,
“আপনার নাম কী, ছোট আপু?”
মেয়েটা কিছুক্ষণ চুপ রইল। সময় নিয়ে আস্তে করে বলল,
“আছিয়া।”
চড়ুই অধর প্রসারিত করে হাসল। আয়েশার চোখে চোখ রাখল। শান্ত ধীরস্থির গলায় বলতে শুরু করল,
“আপনার নামটা কিন্তু বিশেষ। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ চারজন নারীর মধ্যে আসিয়া (রা.) ছিলেন একজন। আছিয়া নামের আরবি অর্থ দৃঢ়তা। পৃথিবীর ধৈর্যশীল নারীদের মধ্যেও তিনি অন্যতম। জানেন তো, সর্বাবস্থায় মহান আল্লাহর উপর বিশ্বাস, ধৈর্য এবং মনের জোর থাকা ভীষণ প্রয়োজন। আমি আশাবাদী আপনিও পারবেন সবকিছু ওভারকাম করতে। আপনার নামটার মাঝেই আলাদা বিশেষত্ব আছে। সবকিছু একটা দুঃস্বপ্ন ভেবে নিজের মনকে সান্ত্বনা দেন। তবে একেবারে ভুলে যাবেন না। এই ঘটনা মনে রেখে সুষ্ঠ এবং সুন্দর একটা জীবন লিড করে সবাইকে দেখিয়ে দেবেন। আপনার এই নীরব প্রতিশোধ হবে সবকিছুর ঊর্ধ্বে। সবাই জানবে আছিয়ারা কখনো গিভ আপ করে না। একেকটা ক্ষত তাদেরকে দ্বিগুণ ধৈর্যশীল করে গড়ে তোলে। বেঁচে থাকার আগ্রহ কয়েকগুণ করে বাড়িয়ে দেয়। এই তথাকথিত সমাজ, সমাজের মানুষ কী বলল সেটা নিয়ে আপনার যৎকিঞ্চিত ভাবার প্রয়োজন নেই। আজ থেকে আপনি অন্ধ, কর্ণবধির। নিজেকে ব্যতীত আর কিছু আপনি দেখতে পান না, শুনতে পান না। জীবন আমাদের একটাই। আল্লাহ ভালোবেসে আপনাকে সেটা আবারও উপহার দিয়েছে। তাই আল্লাহর উপর ভরসা রেখে আপনি ভালো থেকে সবাইকে দেখিয়ে দেবেন। বলুন পারবেন না, ছোট আপু? আপনি বাঁচার মতো বেঁচে থেকে দেখিয়ে দিতে পারলে আগামীর আছিয়ারাও বাঁচার স্বপ্ন দেখবে। আপনি কি পারবে না, আছিয়া? একটাবার চেষ্টা করা যায় না?”
সময় নিয়ে বাক্যগুলো উচ্চারণ করে থামল চড়ুই। কথাগুলো নিগূঢ় মনোযোগের সহিত শুনল আছিয়া। অকস্মাৎ তার আননে পরিবর্তন পরিলক্ষিত হলো। চোখ দুটো জ্বলজ্বল করে উঠল অজানা কোনো সাহসীকতায়। প্রতিটা বাক্য মস্তিষ্কে আধিপত্য বিস্তার করতে লাগল। আলগোছে আঁখি জোড়া বুঁজে নিল সে। শরীর জুড়ে তার অদ্ভুত রকমের অনুভূতি প্রবাহিত হচ্ছে। শীর্ণ দেহ খানা থরথর করে কাঁপছে। চড়ুই হাতটা আরও দৃঢ় ভাবে ধরল। নীরবে নিভৃতে ভরসা দিল আছিয়াকে। একেকটা জোরাল থাপ্পড়, জোরপূর্বক তাকে ছোঁয়া, তাকে রক্তাক্ত করার দৃশ্য মানসপটে ভেসে উঠল। তড়িৎ গতিতে নেত্রপল্লব মেলে তাকাল সে। মিনিট দুই চুপ থেকে ঝরঝরিয়ে কেঁদে ফেলল। অস্ফুট স্বরে আওড়াল আছিয়া,
“আমি পারব, আমাকে পারতেই হবে।”
চড়ুই এর আঁখি জোড়ায় বিজয়ের আনন্দ ছড়াল। ইয়েস, সে পেরেছে। এতটুকু শুনতে মুখিয়ে ছিল সে। আছিয়ার মা আর নিনিতা মুগ্ধ চোখে দেখে চলেছে চড়ুইকে। কী চমৎকার মন মানসিকতা! কী দারুণ বাচনভঙ্গি, কী অসাধারণ শব্দচয়ন! সবাই কেন এভাবে ভাবতে পারে না? ধর্ষকের আগে ধর্ষিতাকেই কেন শারীরিক ও মানসিকভাবে দাফন করা হয়? এত এত প্রশ্ন আছে, অথচ উত্তর নেই। বড্ড কঠিন প্রশ্ন বোধহয়। হয়ত এ দেশের মাটিতে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ এখনো জন্মায়নি। তাই হবে হয়তো!
.
সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট। ঢাকা শহরের ব্যস্ত রাজপথের একপাশে দাঁড়িয়ে আছে দোতলা রাজকীয় একটা ভবন। ভবনটির নিচতলায় সংসদ সদস্য অগ্নিভ দেওয়ানের কার্যালয়। সাঁঝের আবছা আলোয় কার্যালয়টির চারপাশে এক গম্ভীর পরিবেশ বিরাজ করছে। মূল ফটকের দুপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের চোখেমুখে কঠোর সতর্কতা। ভেতর থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তা। শোনা যাচ্ছে মাঝেমধ্যে করিডোর পেরিয়ে যাওয়া পায়ের শব্দ। কার্যালয়ের সামনে সারিবদ্ধ কয়েকটা কালো, সাদা বিএমডব্লিউ গাড়ি রাখা আছে। সীমানাপ্রাচীরের ওপর জ্বলে ওঠা বাতিগুলো সন্ধ্যার অন্ধকারকে খানিকটা ম্লান করে দিয়েছে। এমপি অগ্নিভ দেওয়ানের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে চড়ুই, নিনিতা এবং লাবণ্য। চড়ুই এবং নিনিতা নিজেদের ডিউটি শেষ করেই লাবণ্যকে নিয়ে এসেছে। চড়ুই একবার মাথা তুলে ভবনটির দিকে তাকাল। অমনিই ঘৃণায় শরীর গুলিয়ে উঠল। তাদের সুন্দর পরিবারের ভাঙন এই ভবনের মালিকের হাত ধরেই। চড়ুই এর পাশে নিনিতা আর লাবণ্য চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনজনের ভেতরেই কাজ করছে এক অদৃশ্য উৎকণ্ঠা। এখান থেকে আদৌ কোনো প্রকার সাহায্য পাবে কি-না কে জানে! চড়ুই দীর্ঘশ্বাস ফেলে বলল,
“চলো যাওয়া যাক।”
নিনিতা এবং লাবণ্য মাথা নেড়ে সম্মতি দিল। তিনজনে একসাথে হাঁটা ধরল ভবনটার দিকে। আজ লাবণ্যর অবস্থা বেশি শোচনীয়। মুখটার দিকে তাকানো যাচ্ছে না। চলতি পথে একজনের থেকে শুনে কিছু সময়ের ব্যবধানে তিন বান্ধবী উপস্থিত হলো ভবনের নিচ তলার দক্ষিণ দিকে। দক্ষিণ পাশের কক্ষটাই এমপি অগ্নিভ দেওয়ানের। প্রকোষ্ঠের দরজার এক পাশের নেমপ্লেটে লেখা ‘অগ্নিভ দেওয়ান’ নামটা জ্বলজ্বল করছে। ঘরের সামনে পাহারাদার সহ বেশ কয়েকজন যুবক পোলাপান দাঁড়িয়ে আছে। তারা তিনজন সেদিকেই এগোল। দরজার সম্মুখে আসতেই রাফিজ ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
“কী দরকার এখানে?”
চড়ুই ইশারায় লাবণ্যকে বলতে বলল। তা দেখে লাবণ্য উত্তর দিল,
“আমি লিয়নের বোন, লাবণ্য। অরিত্র বা অগ্নিভ স্যার যেকোনো একজনের সাথে একটু কথা বলার প্রয়োজন ছিল।”
‘লিয়ন’ নামটা শুনতেই যুবকগুলো অদ্ভুত দৃষ্টিতে লাবণ্যর দিকে তাকাল। পরপরই নিজেরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। রাফিজ বলল,
“আপনারা বসুন। আমি ভাইজানের থেকে অনুমতি নিয়ে আসি।”
কথাগুলো বলেই কক্ষের দিকে চলে গেল রাফিজ। চড়ুইরা তিনজন বাইরে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুণতে লাগল। রাফিজ দরজা নক করে অনুমতি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। প্রশস্ত কক্ষজুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। ফ্যানের শো শো শব্দ ব্যতীত আর কোনো শব্দের আনাগোনা নেই। সামনের টেবিলের উপর পা দুটো তুলে চেয়ারে মাথা এলিয়ে লোচন জোড়া বুজে বসে আছে অরিত্র। এই সময়ে অগ্নিভ বাড়িতে গেছে তাই তাকেই থাকতে হয়েছে। শরীরে সবসময়ের মতোই হিমশুভ্র রঙের পাজামা পাঞ্জাবী দৃশ্যমান। পেছনের স্তরকাটা চুলের ওপরের অর্ধেক অংশ হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছে, বাকি চুলগুলো খোলা। হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটা জ্বলজ্বল করছে। রাফিজ চোখ নামিয়ে বলল,
“ভাইজান, লিয়নের বোন এসেছে আপনার সঙ্গে দেখা করতে। কী যেন একটা প্রয়োজনে।।”
মুহূর্তেই অরিত্র বন্ধ চোখদুটো খুলে তাকাল। ভ্রু যুগল নিজগতিতে কুঁচকে গেল। কপালে ভাঁজ ফেলে কিছু একটা ভাবল। অনুমতি দিল,
“ভেতরে নিয়ে আয়।”
কথাটা শুনেই কক্ষ থেকে বেরিয়ে গেল রাফিজ। মিনিট দুইয়ের ব্যবধানে ঘরটাতে প্রবেশ করল সে। পিছনে চড়ুইরা তিনজন আছে। চড়ুই, নিনিতা এবং লাবণ্য একবার সম্পূর্ণ ঘরটাতে নজর বোলাল। তাদের চোখের সামনে ভাসল পরিপাটি একটা ঘর। সফেদ রঙা দেয়ালে শোভা পাচ্ছে জাতীয় নেতাদের প্রতিকৃতি। কক্ষের মাঝখানে পালিশ করা কাঠের বিশাল টেবিল, তার ওপর সুশৃঙ্খল ফাইলপত্র এবং দৈনিক পত্রিকার স্তূপ পড়ে আছে। এক কোণায় বেশ বড়ো সড়ো একটা আলমারি ও ডানপাশে খিড়কির মুখোমুখি বসার জন্য ডিভান রাখা আছে। অরিত্র ততক্ষণে ঠিকঠাক হয়ে বসেছে। সবাইকে একঝলক দেখল। লাবণ্যর চেহারাটা লিয়নের সাথে মেলায় বুঝল উনিই হচ্ছে লিয়নের বোন। লাবণ্য নিজ থেকেই সালাম দিল,
“আসসালামুয়ালাইকুম স্যার। আমি ডা. লাবণ্য হাওলাদার, লিয়ন হাওলাদারের বড়ো বোন।”
অরিত্র গুরুগম্ভীর কণ্ঠস্বরে সালামের জবাব দিল,
“ওয়ালাইকুমুস সালাম। জি, বলুন।”
নিস্তব্ধ ঘরটাতে ওমন ভারিক্কি গলার আওয়াজ বাড়ি খেল যেন। লিয়নের কথা বলতে যেয়েই লাবণ্যর চোখ দুটো ফের ভিজে এল। কাঁপা কাঁপা গলায় বলল,
“লিয়ন আজ দুইদিন ধরে নিখোঁজ, স্যার। দুইদিন আগে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে আর বাসায় ফেরেনি। ক্লাসও করেছে আমার ভাই। কিন্তু তারপর কী হয়েছে কেউ জানে না। থানাতে গেলে ওনারা বারবার শুধু ঘুরাচ্ছে। এই ঢাকা শহরে আমি বড়ো একা, স্যার। ও তো আপনার দলের একজন ছিল। আপনাদের জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত ছিল। যদি ওকে খুঁজে পেতে একটু সাহায্য করতেন আমায়। আমি আজীবন কৃতজ্ঞ থাকব স্যার।”
শেষ পর্যন্ত ফুঁপিয়ে উঠল লাবণ্য। নিজেকে আর ধরে রাখতে পারল না। ওকে দুইপাশ থেকে চড়ুই এবং নিনিতা ধরল। আস্থা দিল, সাহস জোগাল। তৎক্ষণাৎ অরিত্র প্রত্যুত্তর করল। কণ্ঠস্বরে একটু অবিশ্বাস্যতা মিশে আছে,
“কী বলছেন! এইজন্যই তবে ছেলেটার দেখা নেই? আপনি এখানে এত দেরিতে কেন এলেন? আমাদের গতকালই জানাতে পারতেন। আচ্ছা দেখছি বিষয়টা।”
পরপরই রাফিজের উদ্দেশ্যে আদেশ ছুঁড়ল,
“পোলাপান নিয়ে কাজে লেগে পড়, রাফিজ। আগামীকাল সন্ধ্যার আগে ছেলেটার আপডেট চাই।”
রাফিজ বাধ্যের মতো মাথা নাড়ল,
“আচ্ছা ভাইজান।”
বড়ো বড়ো পা ফেলে সে প্রস্থান করল। এভাবে এত দ্রুত অপরপক্ষ প্রতিক্রিয়া করবে তারা তিন বান্ধবী কখনো ভাবেও নাই। ভোলাভালা লাবণ্য কাঁদতে কাঁদতেই কৃতজ্ঞতা জানাল,
“অসংখ্য কৃতজ্ঞতা, স্যার। আমি আগামীকাল আসব, লিয়নের আপডেট নিতে।”
অরিত্রের ঘাড়টা কিঞ্চিৎ ডান দিকে হেলল। যার অর্থ আচ্ছা। রাজনীতিবিদদের মুখের মধুর ভাষণ একদমই বিশ্বাসযোগ্য নয়। এমন কত বুলিই তারা আওড়িয়ে থাকে। তাই চড়ুইও ঠিক বিশ্বাস করে উঠতে পারল না। তাছাড়া, দলের একনিষ্ঠ এক কর্মী গত দুই দিন ধরে দলে আসেনি, অথচ তা নিয়ে কারোরই মাথাব্যথা নেই। তারা না এলে এটুকুও হয়ত করত না। কখনো হয়ত জানতেও চাইত না লিয়নের কথা। কী অদ্ভুত! অন্তত একটা খোঁজ নিতে পারত। হায়রে স্বার্থান্বেষী ধরিত্রীর স্বার্থপর মানুষ। এতক্ষণ সে ছিল একেবারেই নীরব দর্শক। সবটা কেবল নিশ্চুপ হয়ে শুনছিল। এই পর্যায়ে মুখ খুলল,
“আশাকরি নিজের দেওয়া জবান রাখবেন। অন্যান্য জায়গার মতো এখানে এসে অন্তত একজন মেয়েকে হয়রানির শিকার হতে হবে না।”
নারীর তীক্ষ্ণ তেজস্বী কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই অরিত্রের নমনীয় ঘাড়টা বেঁকে সেদিকে ঘুরল। দৃষ্টি নিবিষ্ট হলো কালো বোরকা, হিজাব, নিকাব পরিহিতা ভদ্রবেশী একজন রমণীতে। মুখ বাঁধা থাকায় মেয়েটাকে এখনো ঠিকভাবে খেয়াল করেনি অরিত্র। চোখদুটো বেশ পরিচিত মনে হলো তার নিকট। খুব কাছের কারোর সাথে মিল পেল বৈকি। একজোড়া শাণিত চাহনির সঙ্গে একজোড়া ঘৃণাভরা চাহনি মিলল কিয়ৎক্ষণের জন্য। চড়ুই নিজেই আগে চোখ সরিয়ে নিল। পরক্ষণেই লাবণ্যকে নিয়ে সে এবং নিনিতা প্রস্থান করল। অরিত্রের দৃষ্টি নড়ল না। নির্লিপ্ত ভঙ্গিতে দেখল চড়ুইদের প্রস্থান।
#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী
(আগামী পর্ব পরশুদিন পাবেন ইন শা আল্লাহ। ভীষণ ব্যস্ততায় সময় কাটছে। তাই লিখেই পোস্ট করা হলো। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি। বেশি বেশি রেসপন্স করবেনননননননন।)