ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 5

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |৫|

রাতের আকাশে চন্দ্রিমা চুপটি করে বসে আছে। তার মায়াবী জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে শহরের অলিগলি থেকে শুরু করে উঁচু দালানকোঠার ছাদ অবধি। দূরের কোথাও থেকে ভেসে আসছে কুকুরের ডাক। মাঝেমধ্যে নিস্তব্ধতা ভেঙে ছুটে যাচ্ছে দুই একটা গাড়ি। জানালার ফাঁক গলে ভেসে আসছে রেডিওতে বাজতে থাকা পুরোনো দিনের গান। কোনো শৌখিন মনের কথা মানুষ হয়ত মনের সুখে শুনছে। ব্যস্ত নগরী ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। রাতের হিমেল হাওয়ায় মিশে আছে শিউলির মৃদু সুবাস। আকাশজুড়ে তারার মেলা বসেছে। সেই স্নিগ্ধ মিটিমিটি আলোয় সময় যেন খানিকটা থমকে আছে। দিনশেষে বিভাবরীর এই নির্জনতার শহরটা বড্ড চেনা হয়েও কেমন যেন অচেনা মনে হয়। চড়ুই একাকী চুপচাপ নিজের ঘর সংলগ্ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হাত দুটো ঠাঁই পেয়েছে ব্যালকনির গ্রিলে। আলতো করে গ্রিল ছুঁয়ে গেছে আঙুল গুলো। একদৃষ্টে চেয়ে আছে সুন্দরী শশীর পানে। বাসায় ফিরে, গোসল দিয়ে, মায়ের জোরাজুরিতে কোনোরকমে দুই লোকমা খেয়ে ঘরে এসে ঘাঁটি বেঁধেছে সে। আর বাইরে বের হয়নি। বাসার সবাই ভাবছে সে বিশ্রাম নিচ্ছে তাই কেউ আর বিরক্ত করেনি। অথচ মেয়েটা সেই থেকে ব্যালকনিতে অবস্থান করছে। সময় পেরিয়ে এখন নয়টা বেজে বিশ মিনিট। আজ হঠাৎ করেই চারপাশের সবকিছু তাকে ভাবুক করে তুলছে। আফসোস হচ্ছে তার। নিরপরাধ মানুষগুলোর ভোগান্তি চোখের সামনে ভাসছে। তাদের করুণ আর্তনাদ কানে বাজছে। একদণ্ড স্থির থাকতে পারছে না সে। বড্ড অসহায় অনুভব হচ্ছে। এত এত প্রাণের দায়ভার কাদের? ক্ষমতাধর ওই মানবকুলের কি? এদেশটা মানুষের জন্য এমন মরণফাঁদ কেন হলো? মাতৃভূমি বুঝি কখনো এমন পারে? পারে কি? চড়ুইয়ের রাগ, দুঃখের সংমিশ্রণে অদ্ভুত অনুভূতি হলো। সে তার আপন দুনিয়ায় নিজেকে খুইয়েছে। ভাবছে অনেককিছুই। সেই সময় ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। পরপরই ভেসে এল শুয়াইব শিকদারের গলা,
“আম্মু, ঘুমিয়ে পড়েছ?”
বাবার কণ্ঠস্বর শ্রবণগোচর হতেই চড়ুই নড়েচড়ে দাঁড়াল। সময় ব্যয় না করে জবাব দিল,
“না আব্বু। ভেতরে এসো।”
মেয়ের থেকে অনুমতি পেতেই ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন শুয়াইব শিকদার। অমনিই ভ্রু যুগল কুঁচকে গেল ওনার। কক্ষের বাতি নেভানো। খিড়কি গলিয়ে প্রবেশ করা ল্যাম্পপোস্টের হলদে নিয়ন আলো এবং ব্যালকনির দরজা দিয়ে আসা চাঁদের মৃদু দ্যুতিতে ঘরটা আবছা আলোকিত হয়ে আছে। চড়ুইয়ের মন খারাপ ব্যতীত এমনটা সে কখনো করে না। মেয়ের যে বড্ড মন খারাপ সেটা আর বুঝতে বাকি রইল না শুয়াইব শিকদারের। ঘরজুড়ে একবার চড়ুইকে খুঁজলেন। কিন্তু মেয়েটা কোথাও নেই। বুঝলেন, তাহলে ব্যালকনিতেই আছে। সেদিকেই পা বাড়ালেন। এগিয়ে এসে চড়ুইয়ের বাম পাশটাই দাঁড়ালেন। বাবার উপস্থিতি অনুভব করতেই চড়ুই ঘাড় ঘুরিয়ে পাশে দেখল। শুয়াইব শিকদার মেয়ের ম্লান মুখে চেয়ে শুধালেন,
“মন খারাপ, আম্মু?”
বাবার এমন আদুরে কথায় চড়ুইয়ের খুব কান্না পেল। সে সম্পূর্ণ পৃথিবীর কাছে এক সত্তার আর বাবার কাছে আরেক সত্তার। যেই সত্তা সম্পর্কে তার বাবা ব্যতীত আর কেউ অবগত নয়। নিজেকে খুব করে সামলিয়ে নিল সে। মুখে বলল,
“না, আব্বু।”
মেয়ের বলা মিথ্যাটা শুয়াইব শিকদার সহজেই ধরে ফেললেন। মেয়ের মাথায় স্নেহের পরশে হাত রাখলেন,
“কোনো সমস্যা হয়েছে? মন খুলে বলো তো আমার কাছে। দেখি সমস্যার সমাধান দিতে পারি কি-না।”
চড়ুই কিছুক্ষণ অপলক দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে রইল। বয়স বাড়ছে মানুষটার। মুখের চামড়া আগের মতো আর টলটলে নেই এখন। মানুষটা তার ক্ষেত্রে নির্ঘাত অন্তর্যামী। নয়ত সবকিছু কীভাবে বুঝে যায়? একচিলতে মিথ্যা বলে কখনো বাঁচতে পারেনি চড়ুই। বড়ো একটা শ্বাস ফেলে বলল,
“লাবুর ছোটভাইটা দুইদিন ধরে নিখোঁজ, আব্বু। ছাত্রলীগের একজন পরিচিত মুখ ছিল সে। বর্তমান এমপি সহ ওনার ভাইয়ের দলেই থাকত। আজ লাবুকে নিয়ে এমপির কার্যালয়ে গেছিলাম আমি আর নিনিতা।…..”
মেয়েকে মাঝপথে থামিয়ে দিলেন শুয়াইব শিকদার। কথা শেষ করতে দিলেন না। অবিশ্বাসের সাথে জানতে চাইলেন,
“কী বললে, আম্মু? তুমি ওখানে গেছ? তোমাকে হারাতে পারব না আমি।”
চড়ুই বাবার কথার উত্তর স্বরুপ ওনাকে সান্ত্বনা দিয়ে পুনরায় বলতে শুরু করল,
“আহা আব্বু, শোনো প্রথমে সবটা। আগেই হাইপার হয়ো না। তোমার মেয়ে আমি। কার এত বড়ো দুঃসাহস খুব সহজেই আমাকে আঘাত করে বসবে? আঘাতের বদলে ফিরতি আঘাতে আমি বিশ্বাসী। যাইহোক, ওখানে অরিত্র দেওয়ানের সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি জানিয়েছেন সাহায্য করবেন। আগামীকাল আবার যেতে হবে। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না ওনাকে। লাবুর বড্ড আদরের ভাই, আব্বু। খুব অসহায় লাগছে আমার।”
শুয়াইব শিকদার গভীর অভিনিবেশের সহিত মেয়ের বলা প্রতিটা শব্দই শুনলেন। ওনার কপালে গুটিকয় ভাঁজের সৃষ্টি হয়েছে। চিন্তিত মুখে আবারও প্রশ্ন করলেন,
“তুমি ওই অমানুষদের মুখোমুখি কেন হলে, আম্মু? ওরা মানুষ ভালো না। আর সবচেয়ে বড়ো কথা তুমি ভাবলে কীভাবে ওরা সত্যিই সাহায্য করবে? রাজনীতির মারপ্যাঁচ তুমি বোঝো না, আম্মু। এই নোংরা মাঠ অনেক বিস্তৃত। তুমি অন্যভাবে সাহায্য করার চেষ্টা করো।”
চড়ুই বুঝতে পারছে বাবার দুশ্চিন্তার কারণ। একটা মেয়েকে হারিয়েছেন মানুষটা। ভয়টা অনর্থক নয়। কিন্তু সে নিজেও কী করবে বুঝে উঠতে পারছে না। দন্ত দিয়ে অধর চেপে কিছুক্ষণ ভাবল। অতঃপর বলতে শুরু করল,
“আব্বু, লাবুর ভাই লিয়ন বেঁচে আছে কি-না এতটুকু সম্পর্কে আমি নিশ্চিত হতে চাই। তুমি তো জানো লাবু মেয়েটা ভীষণ নরম মনের। ওর দ্বারা কিছু বের করা সম্ভব নয়। দিনশেষে বৃথা ছোটাছুটি ছাড়া কিছুই হবে না। ওকে স্টিল পুলিশেরা শুধুই ঘোরাচ্ছে। তাই আমাদের সাহায্য করা আবশ্যক, আব্বু। একটা তরতাজা মানুষ হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যাবে? তাও কোনো কারণ ছাড়া। বিষয়টা বড্ড ঘোলাটে। আমার মন বলছে, এর সুরাহা হয়ত এত সহজে আমি পাব না। তবে আমি হাল ছাড়ছি না। আর আপাতত দেখতে চাইছি ওনারা ঠিক করে। আমার ঘাপলা লাগছে সবকিছুতেই। আচ্ছা আব্বু, তোমার পরিচিত কোনো সৎ সাংবাদিক নেই? যে একেবারে নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে। কোনো দল না দেখে সব সত্য গুলো সবার সামনে তুলে ধরে।”
শুয়াইব শিকদারকে এই পর্যায়ে ভাবুক দেখাল। মেয়ের মস্তিষ্কে ঠিক কী চলছে তিনি বুঝতে চেষ্টা করলেন। যদিও সর্বদা তিনি চড়ুইয়ের পাশে থাকেন। কখনো মুখ ফিরিয়ে নেননি কিংবা কোনো কাজে বাঁধা দেননি। মেয়ের প্রতি ওনার আস্থার স্থানটা বরাবরই দৃঢ়। তবুও এই ক্ষেত্রে সময় নিলেন একটু। জানালেন,
“তরুণ সাংবাদিক রওনক নির্বান আছে। খুবই সততার সাথে কাজ করে। আমার সাথে সম্পর্কও ভালো ছেলেটার। আপাতত দেশ টিভিতে কর্মরত আছে সে। তুমি চাইলে তার সাথে কথা বলিয়ে দিতে পারি। যদি কোনো সাহায্য পাও তার থেকে।”
এতক্ষণে চড়ুইয়ের মলিন বদনে পরিবর্তন এল। অধরের কোণ ঘেঁষে একফালি হাসির রেশ ছড়াল। সে জানত বাবা কখনোই মুখ ফিরিয়ে নেবে না। দুহাতে বাবাকে জাপটে জড়িয়ে ধরল মেয়েটা,
“আগামীকালই তবে কথা বলিয়ে দিও, আব্বু। এর শেষ আমি দেখতে চাই। এরজন্য যতদূর যেতে হয় যাব। এভাবে আর কত? আশাকরি এতে তোমার কাজও অনেকখানি এগিয়ে যাবে। আফটার অল ঘুরেফিরে আমাদের উদ্দেশ্য একই হচ্ছে।”
শুয়াইব শিকদার মেয়ের মাথায় ভরসার হাত রাখলেন। মেয়ের এমন সাহসী মনোভাবে ওনার বুকটা গর্বে ভরে উঠল। এমন রুপেই চড়ুইকে তিনি দেখতে চেয়েছেন। চোখে দেখা অন্যায়ের সাথে কখনো আপোস নয়। অদম্য প্রত্যয়ের সাথে বললেন,
“এই না হলে আমার রক্ত। তুমি সামনে এগিয়ে যাও। পিছনে আমি আছি। তোমার উপরে আমার বিশ্বাস আছে। নূন্যতম একটা প্রাণের বিচারও যদি তোমার মাধ্যমে জনগণ পেয়ে থাকে তবে তোমাকে দেওয়া আমার শিক্ষা স্বার্থক হবে, আম্মু। শুধু ক্যারাটেটা অনুশীলনে রেখো। একেবারে ভুলে যেও না। সুযোগ বুঝে প্রয়োগ করিও। আর আগামীকাল তোমার আম্মুকে নিয়ে মেয়েটার বাসায় যেও। ওদের এখন মানসিক সাপোর্ট ভীষণ প্রয়োজন।”
বাবার মুখনিঃসৃত কথাগুলোতে চড়ুইয়ের মনোবল যেন কয়েকগুণ বাড়ল। তার মুখের হাসি চওড়া হলো। বাবা মেয়ে দুজনেই গর্ব অনুভব করল একে অপরের জন্য। চড়ুই প্রত্যুত্তর করল,
“লাবুর বাসায় আম্মুকে নিয়ে যাব, আব্বু। আমিও ভেবে রেখেছিলাম এমনটা।”
মেয়ের জবাবে সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন শুয়াইব শিকদার। দুজনের কেউ আর কোনো কথা বলল না। নীরবে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশ দেখতে লাগল। মস্তিষ্কে অবশ্য নানান চিন্তার দখলে। বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত সেটা। বিশ্রাম নেই একদণ্ড। বাবা মেয়ের রাস্তা আলাদা হলেও চাওয়াটা ঠিক একই। তাই একে অপরের ঢাল হতে ক্ষতি নেই। এখন শুধু দেখার পালা অদূর ভবিষ্যতে কী আছে!
.

ঘড়ির কাঁটার দখলদারিত্ব এগারোটা বিশে। চারপাশ নিস্তব্ধ হয়ে আছে। প্রকৃতিতে ছড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতা। রাস্তা ঘাটে মানুষের চলাচল কমেছে। যানবাহনের আনাগোনা কমে এলেও দুই একটা বাস আর রিকশার দেখা মিলছে এখানে সেখানে। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলোর হলদেটে আলোর সাথে চাঁদের ক্ষীণ দ্যুতি মিলে ছড়িয়ে আছে ফুটপাতজুড়ে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। মাঝেমধ্যে কোনো গাড়ির হর্ন ভেঙে দিচ্ছে রাতের নীরবতা। বহুতল ভবনগুলোর অধিকাংশ জানালা বন্ধ। দুই একটা খোলা জানালাতে জ্বলছে মিটিমিটি আলো। ব্যস্ত শহরটা যেন সারাদিনের ক্লান্তি শেষে একটু একটু করে চোখ বুজছে। অগ্নিভ এবং অরিত্র দুই ভাই এখনো নিজেদের কার্যালয়েই আছে। দলের পোলাপান সব ঘরের বাইরে আছে। আড্ডা দিচ্ছে। কক্ষের ভেতরে নিজ চেয়ারে বসে আছে অগ্নিভ। তার সম্মুখে একপাশে পেতে রাখা ডিভানে পায়ের উপর পা তুলে শুয়ে আছে অরিত্র। বাতায়ন গলিয়ে ঠাণ্ডা ফিরফিরে পবন এসে তাকে ক্ষণে ক্ষণে ছুঁয়ে দিচ্ছে। বেশ লাগছে। এক হাতে ফোন তার। সেটাই স্ক্রল করতে ব্যস্ত। কানে ব্লুটুথ স্পিকার লাগানো। সন্ধ্যার সকল ঘটনা অগ্নিভের কান অবধি পৌঁছেছে ইতোমধ্যে। ছোট ভাইকে এমন নির্বিকার থাকতে দেখে অগ্নিভ নিজেই মুখ খুলল,
“লিয়নের বাসায় যাওয়া উচিত বোধহয় একটু। আন্টির সাথে কথা বলা প্রয়োজন।”
অগ্নিভ প্রশ্নটা করলেও আহামরি ভ্রুক্ষেপ দেখা গেল না অরিত্রের মাঝে। সে নিজ কাজে ব্যস্ত। ভাইয়ের নির্লিপ্ততায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল অগ্নিভ। সে জানে অরিত্র সবটা শুনছে। ফের বলল,
“তোকে কিছু জিজ্ঞাসা করেছি, অরিত্র।”
এইবার সময় নিয়ে গম্ভীর অথচ শীতল পুরুষালী কণ্ঠে উত্তর ভেসে এল,
“পোলাপান নিয়ে তুমি যেয়ে দেখা করে এসো।”
নিজ কাজে মগ্ন থেকেই নির্বিকার চিত্তে বাক্যটা উচ্চারণ করল অরিত্র। অগ্নিভ শুনল সেটা। মনস্থির করল, তাহলে আগামীকাল সে পোলাপান নিয়েই লিয়নের বাসায় যাবে। এটা তার কর্তব্য। মাথা নাড়ল,
“আচ্ছা, তবে তাই যাব। এখনকার পোলাপানের বালের গোছার থেকে পাপের গোছা বেশি।”
পরক্ষণেই কিছু একটা স্মরণে আসতেই ললাটে গুটিকয় ভাঁজের সৃষ্টি হলো। ভাবল অত্যল্প। গম্ভীর গলায় প্রশ্ন ছুঁড়ল,
“সন্ধ্যায় তিনজন মেয়ে এসেছিল এখানে। একজন লিয়নের বোন হলে বাকি দুজন কে? চিনিস কাউকে?”
এতক্ষণে মোবাইল থেকে দৃষ্টি সরল অরিত্রের। ধারাল চাহনিতে তাকাল ভাইয়ার দিকে। উত্তর না দিয়ে পালটা প্রশ্ন ছুঁড়ল,
“আচ্ছা, ভাবীর একটা বোন আছে না?”
অগ্নিভের ভ্রু যুগল কুঁচকে গেল। চোখ দুটো ছোট ছোট হয়ে এল,
“হ্যাঁ, আছে কিন্তু সেটা জেনে তোর কী? আমার শালীর দিকে নজর দিস না, অরিত্র। তোর ভাবীর কলিজা সে। প্রয়োজনে রুদ্রর হোটেলে যা।”
অরিত্রের মসৃণ কপাল গুটিয়ে এল। বিরক্তির আভাস ছড়াল মুখমণ্ডল জুড়ে। ভাইয়ার কথা শুনেও শুনল না। মানুষটা সবসময় একধাপ বেশি বোঝে। পুনরায় গুরুগম্ভীর পুরুষালী কন্ঠে প্রশ্ন ভাসমান হলো,
“নাম কী?”
নিজের শালীকে নিয়ে হঠাৎ ছোট ভাইয়ের এত আগ্রহের কারণ আপাতত অজানা অগ্নিভের নিকট। কী চলছে তার মনে কে জানে? অগ্নিভ সেভাবেই শান্ত শীতল গলায় জবাব দিল,
“ডা. নিবেদিতা শিকদার। ডাকনাম চড়ুই।”
অরিত্রের মস্তিষ্ক সর্বপ্রথম ক্যাচ করল ডা. পদবিটা। লিয়নের বোনও একই পদবি বলেছিল। অমনিই তার তীক্ষ্ণ মস্তিষ্ক দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলল। ঠোঁট দুটো একপাশে কিঞ্চিৎ উঁচু হলো। কুটিল হাসি জায়গা করে নিল সেথায়। ছোট ভাইয়ের মতিগতি অগ্নিভের নিকট সুবিধার ঠেকছে না। সরু দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ করেই প্রশ্ন করল,
“চড়ুই এসেছিল সন্ধ্যায়? তিনজনের মধ্যে সে একজন ছিল? তাই তো?”
অরিত্রের ঘাড়টা ঈষৎ বেঁকে ডান দিকে গেল। যার অর্থ হ্যাঁ। অগ্নিভ আর কিছু জানতে চাইল না। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মিনিট দশেক পেরোতেই উঠে দাঁড়াল। সম্মুখের টেবিল থেকে নিজের ফোনটা উঠিয়ে নিল। পরপরই দরজার দিকে অগ্রসর হলো। তাকে চলে যেতে দেখেই পিছন থেকে জানতে চাইল অরিত্র,
“এত রাতে কোথায় যাচ্ছ?”
অগ্নিভ আলগোছে দরজাটা খুলল। তাতে শব্দ হলো সামান্য। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দুষ্টু হাসল,
“শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে। একটু চাঙ্গা হয়ে আসি।”
অরিত্র মুখমণ্ডল সবসময়ের মতোই শাণিত। ভাইয়ার কথাতে তার মধ্যে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। জবাব শুনে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করল। অগ্নিভ আলগোছে কপাট আটকে প্রস্থান করল। ইদানিং এই বদঅভ্যাসটা তার অভ্যাসে পরিণত হয়েছে।
.

“তুমি আমায় মারলে ভাইয়া? আমি বাবাহর কাছে বিচার দেবো।”
মায়ের কোলের মধ্যে বসে ক্রন্দনরত গলায় চিৎকার করে বলল অদ্রি। উচ্চস্বরে কাঁদছে সে। রাত এখন একটা বেজে দশ মিনিট। অথচ অদ্রি, অন্বয় কারোর চোখেই ঘুম নেই। দুপুর থেকে সন্ধ্যা অবধি ঘুমানোর ফলস্বরূপ তাদের এই রাত জাগা। দুই ভাই বোন বিছানার একপাশে বসে খেলনা নিয়ে খেলছিল। পাশেই শুয়ে ছিল পাখি। দেখছিল তাদের খেলা। বাচ্চা দুটো না ঘুমালে সে নিজেও ঘুমাতে পারছে না। খেলার মধ্যে হঠাৎ করেই দুজনের মনমালিন্য হয়। একটা খেলনা যেটা অদ্রি নিবে। কিন্তু সেটা অন্বয়ের কাছে আছে। ভাইয়া দিচ্ছে না বলে অদ্রি নিজেই আগে মেরেছে। পরবর্তীতে অন্বয় মারলে সে এভাবে কাঁদছে। বোনের কথার পরিপ্রেক্ষিতে অন্বয় বলল,
“বাবাহ কি তোমার একার নাকি? আমিও বিচার দেবো। বলব তুমি আগে মেরেছ।”
এতে অদ্রির কান্নার বেগ বাড়ল। হাত পা ছড়িয়ে কাঁদতে লাগল সে। পাখি অসহায় মুখে বসে আছে। এই হচ্ছে নিত্যদিনের ঘটনা। দুই ভাই বোনের ভীষণ মিল। একসাথে খেলবে, সব করবে কিন্তু যখন বিগড়াবে দুটোই একসাথে। পাখি নরম গলায় দুজনকে বোঝানোর চেষ্টা করল,
“এই তোমরা না একসাথে খেলা করো? তাহলে আবার মারামারি কোথায় থেকে আসে? তোমরা না ভালো ছেলে মেয়ে? ভালোরা কখনো মারামারি করে না, সোনারা। এই অন্বয় এদিকে এসো। ছোট আপুকে সরি বলো।”
মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পাখি। নিজের ওড়না দিয়ে যত্নের সাথে চোখ মুখ মুছিয়ে দিল,
“কাঁদে না, মা। অনেক রাত হয়েছে। বাড়ির সবাই ঘুমাচ্ছে। তোমায় পঁচা বলবে তো।”
কিন্তু কে শোনে কার কথা! ছোট্ট অদ্রি কাঁদতে কাঁদতে মুখটা লাল করে ফেলেছে একেবারে। অন্বয় মায়ের কথা শুনেও শুনল না। বিছানার অপরপাশে মুখ ফুলিয়ে, মাথা নামিয়ে চুপটি করে বসে রইল। ছেলের অভিমান দেখে পাখি অবাক না হয়ে পারল না। কিছুক্ষণ চুপ থেকে অগত্যা অদ্রিকে বলল,
“মা, তুমি ভাইয়াকে সরি বলো আগে। তুমিই তো আগে মেরেছ। সরি বলা ভীষণ ভালো একটা কাজ। সরি বললে কেউ ছোট হয় না।”
অদ্রি দ্রুত দুদিকে মাথা নাড়ল। যার অর্থ সে আগে সরি বলবে না। এ কী মুশকিল! পাখি পড়ল বিপাকে। বাচ্চা দুটোই ভেজাল। পুরাই বাপের ফটোকপি। পাখি যখন দুটো বাচ্চাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে তখন ঘরের বন্ধ দরজাটা মৃদু আওয়াজে খুলে গেল। সবাই সেদিকে তাকাল। দেখল, অগ্নিভ এসেছে। ভেতর থেকে একটু স্বস্তি পেল পাখি। যদিও মুখ দেখে তা বোঝার উপায় নেই। যার পোটলা পুটলি এখন সে সামলাক। তার শান্তি। বাবাকে দেখে অদ্রি মায়ের কোল থেকে সুর সুর করে নেমে গেল। দৌড়ে যেয়ে এক লাফে বাবার কোলে উঠে পড়ল। অগ্নিভ নিচ থেকেই ফ্রেশ হয়ে এসেছে। মেয়ের সিক্ত চোখ মুখ দেখে কপাল কুঁচকে জানতে চাইল,
“কী হয়েছে, প্রিন্সেস? কাঁদছেন কেন? মাম্মাহ বকেছে? আজ এখনো ঘুমাননি যে?”
অদ্রি যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। তৎক্ষণাৎ ফুপানো অবস্থায় বলল,
“ভাইয়া আমায় ঠাস করে মেরেছে। এই যে এখানে। খুব লেগেছে আমার। দোলে যাচ্ছে, বাবাহ।”
হাত দিয়ে পিঠের একপাশ দেখাল বাচ্চাটা। অগ্নিভ মেয়ের ভেজা মুখটা আলতো করে মুছিয়ে দিল। পিঠটা নরম স্পর্শে ছুঁয়ে দিল,
“কাঁদে না, মা। আমি ভাইয়াকে বকে দেবো, কেমন?”
অদ্রি মাথা নাড়ল। তবে কান্না একেবারে থামল না। সেই সময় অন্বয় বিড়বিড় করে বলে উঠল,
“কেউ ভালোবাসে না আমায়। আমি বাড়ি থেকে চলে যাব অনেক দূরে।”
পাখি ফিক করে হেসে ফেলল এমন কথায়। অগ্নিভ পায়ে পায়ে এগিয়ে এসে অন্বয়কেও অপর হাতে কোলে তুলে নিল,
“কে বলেছে আমার বাপজানকে কেউ ভালোবাসে না? হ্যাঁ? আমার বাপজান আমার ঘরের চাঁদ।”
অন্বয় কথাগুলো শুনেও মুখ তুলল না। মনটা ভার করে রইল। অগ্নিভ বুঝল ভেজাল ভালোই পেকেছে। এভাবে হবে না। মিনিট দুই চুপ থেকে দুজনের উদ্দেশে বলল,
“আপনারা দুজন যদি এখনিই একে অপরকে সরি বলে‌ ঘুমিয়ে পড়েন তাহলে আগামীকাল আপনাদের দুজনের জন্য গিফট হিসেবে থাকবে দুইটা রিমোট কন্ট্রোল প্লেন। ডিল কি ডান হবে, বিচ্ছু বাহিনী?”
এই কথা শোনা মাত্রই অদ্রি এবং অন্বয় দুজনই বাবার পানে তাকাল। পরপরই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল। পর মুহূর্তেই সমস্বরে দুজন একে অপরকে বলে উঠল,
“সরিইইইইই।”
অগ্নিভ হেসে দুজনের গালে টপাটপ চুমু খেল,
“এইত আমার ভালো বাচ্চারা। এইবার জলদি করে ঘুমিয়ে পড়ুন দেখি। সকালে উঠে মার্কেটে যেতে হবে তো।”
অদ্রি, অন্বয় দুজনই মাথা নাড়ল। যার অর্থ আচ্ছা।‌ দুজনের মুখেই এখন হাসি। তাদের খুশি আকাশ ছোঁয়া। পাখি ততক্ষণে বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। বাচ্চাদের খেলনাগুলো সরিয়ে বিছানাটা ঝেড়ে দিল। অগ্নিভ দুজনকে সুন্দর করে শুইয়ে দিল,
“চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন এইবার।”
দুজনের চোখেই ঘুমের রেশ আছে। এইজন্যই আরও বিগড়েছে বেশি। কিছু সময়ের ব্যবধানেই বাচ্চা দুটো ঘুমিয়ে পড়ল। অগ্নিভ এটা সেটা কাজ করছে। পাখি তাই আর শুলো না। খাটের হেডবোর্ডের সাথে বালিশ রেখে আধশোয়া হয়ে বসে রইল। মানুষটার যদি কোনো কিছুর প্রয়োজন হয়। এইরাতে আবার কে দেবে? সে চুপটি করে বসেই রইল। হঠাৎ করেই অগ্নিভ ঘরের বাইরে চলে গেল। কিছু সময়ের ব্যবধানে ফিরেও এল। হাতে একটা ট্রে দৃশ্যমান। যেখানে একগ্লাস ঠান্ডা পানি এবং একগ্লাস দুধ রাখা আছে। অগ্নিভ অগ্রসর হয়ে বেড সাইড বক্সের উপর ট্রেটা রাখল। সেখান থেকে দুধের গ্লাসটা তুলে এগিয়ে দিল পাখির দিকে। ইশারায় নিতে বলল সেটা,
“কোনো তাল বাহানা চলবে না। পুরোটা শেষ করতে হবে। নিজের প্রতি বড্ড উদাসীন তুমি।”
পাখি নিঃশব্দে দুধের গ্লাসটা নিজের হাতে নিল। কারণ সে জানে এখানে তার কোনো অযুহাত চলবে না। আলগোছে গ্লাসে ঠোঁট ছোঁয়াতেই বুঝল কুসুম গরম দুধটা। তার মানে মানুষটা দুধ গরম করেই এনেছে। মনের কোথাও একটু ভালো লাগা কাজ করল। সে নাক মুখ বুঁজে কয়েক ঢোকেই খেয়ে নিল সবটা। দুধ অতটা পছন্দের না তার। খাওয়া প্রয়োজন তাই খায় আরকি। তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল অগ্নিভ। সেটা ট্রেতে রেখে নিজেও পাখির পায়ের কাছটাই বসল। মেয়েটার পা জোড়া ফুলেছে আজ দুই দিন হলো। হাঁটতে বড্ড বেশিই কষ্ট হয়। তবুও হাঁটে। নয়ত আরও বাড়বে ওটা। পাখির ফুলো পা দুটো আস্তে করে নিজের উরুর উপর তুলে নিল অগ্নিভ। তার পরিহিত ম্যাক্সিটা হাঁটু অবধি ওঠাল। আলতো করে পা দুটোয় হাত ছুঁয়ে দিল। মালিশ করার মতো করেই হাত বুলিয়ে দিতে লাগল। এতে পাখির বেশ শান্তি লাগছে। তক্ষুনি শুনতে পেল অগ্নিভের শীতল গলার আওয়াজ,
“প্রাণপ্রিয়া, নিজের এতটা অযত্ন করো না। আমার সহ্য হয় না। পানি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। পটাশিয়াম জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। আগামীকাল ফ্রি হয়েই ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমায় নিয়ে একটুও রিস্ক নিতে চাই না।”
পাখি একদৃষ্টে মানুষটার দিকে চেয়ে আছে। মনের কোণে একটা কথায় বারবার উঁকি দিচ্ছে, এত যত্ন নিয়ে দেখানো ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। অথচ সব সত্যি আবার সত্যিও হয় না। সে আর ভাবতে পারল না কিছু। মূলত ভাবতে চাইল না। জবাবে ছোট্ট করে বলল,
“আচ্ছা।”
আলতো করে মালিশ করা শেষ হলে উঠে দাঁড়াল অগ্নিভ। পানির গ্লাসটা তুলে পাখির হাতে দিল,
“একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়ো। চোখ দুটো দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত তুমি। আমি আছি পাশেই। নিশ্চিতে, শান্তিতে ঘুমাও তুমি। বিচ্ছু বাহিনী ইদানিং একটু বেশিই জ্বালাচ্ছে তোমায়।”
পাখি সত্যিই বড্ড ক্লান্ত। গ্লাসের অর্ধেক পানিটুকু খেল সে। বাকিটুকু আর পারল না শেষ করতে। অগ্নিভ ও জোর করল না। আস্তে ধীরে পাখিকে ধরে শুইয়ে দিল। অগ্নিভের শরীর থেকে ভেসে আসা একটা তীব্র সুবাস তার নাসারন্ধ্রের নিকট এসে বাড়ি খেল। এই সুগন্ধটা অপরিচিত তার নিকট। ক্লান্তিতে লোচন জোড়া বুজতেই চুলের ভাঁজে পাঁচ আঙুলের অস্তিত্ব অনুভব করল পাখি। মাথায় বিলি কেটে দেওয়া হাতটার মালিক যে তার প্রেমিক পুরুষ সেটা বুঝতে আর বাকি নেই। অগ্নিভ তার মাথার কাছটাই বসেছে। পাখির বুক চিরে কাতর দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ঠোঁটের কোণে উঁকি দিল তাচ্ছিল্যের হাসি। অথচ সেটাও স্নিগ্ধ দেখাচ্ছে। হয়ত এই আদর যত্নে সে সুখ খুঁজে পাচ্ছে তাই। কী কঠিন দোটানায় পড়ল সে! আল্লাহ উদ্ধার করুন। সব খারাপ থেকে তাকে দূরে সরিয়ে দিক। সে সবকিছু হাসিমুখে কবুল করে নেবে। বিড়বিড় করে আওড়াল,
“আপনি আছেন বলেই তো আমার শেষ শান্তিটুকু বিলিনের পথে।”

#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী

(আগামী পর্ব পরশুদিন পাবেন ইন শা আল্লাহ। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি। সবাই রেসপন্স করবেননননননন‌।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন