#চড়ুইপাখির_ঘুলঘুলি |৬|
অক্টোবরের সকালের মিষ্টি রোদ গড়িয়ে পড়েছে পুরোনো ঢাকার দালানগুলোর গায়ে। সকাল দশটার রোদ ততক্ষণে ঢাকার আকাশজুড়ে নিজের আধিপত্য বিস্তার করেছে। কোথাও জানালার গ্রিল বেয়ে রোদ এসে ঠেকেছে ঘরের মেঝেতে, কোথাও আবার গাছের পাতার ফাঁক গলে ফুটপাতের ওপর এঁকেছে আলোর নকশা। পুরোনো দালানগুলোর কার্নিশ ছুঁয়ে আলো এসে পড়েছে ব্যস্ত রাজপথে। ফুটপাতে হকারদের হাঁকডাক, রিকশার টুংটাং ঘণ্টা আর দূর থেকে ভেসে আসা বাসের হর্ন মিলেমিশে তৈরি করেছে চিরচেনা নগরজীবনের কোলাহল। রাস্তার পাশের কৃষ্ণচূড়াগাছের পাতায় রোদ ঝিলমিল করছে। মাঝেমধ্যে বয়ে যাওয়া হালকা বাতাসে উড়ে আসছে ধুলোর কণা। শহরটা যেন সকাল পেরিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ছে কর্মব্যস্ত দিনের গভীরে। আকাশের নীলটুকু দালানের ফাঁকে ফাঁকে দৃশ্যমান। সেই নীলের নিচে ঢাকা শহর আপন গতিতে মেলে ধরছে একটি কর্মমুখর দিনের পরিচিতি। দেওয়ান নিবাসের সুবিশাল বারান্দায় চেয়ার পেতে পাশাপাশি বসে আছে পাখি এবং রোদেলা। গাছ গাছালির মেলবন্ধনে আবৃত দেওয়ান নিবাসের পরিবেশ সবসময় ঠাণ্ডাই থাকে। সহজে রোদের দেখা মেলে না নিচ তলাতে। রোদেলা ইদানিং ব্যস্ত থাকায় এবাড়িতে আসা হয়নি তার। আজ স্কুল ছুটি আছে। তাই একটু সময় পেতেই ছুটে এসেছে পাখির নিকট। সম্মুখের বেতের টেবিলে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ এবং হালকা পাতলা নাস্তা সাজিয়ে রাখা আছে। রোদেলা আজ এসে অবধি খেয়াল করছে পাখির মনটা ভীষণ উদাস। বদনে অদ্ভুত রকমের ক্লান্তি লেপটে আছে। কথার জবাব ও খুবই স্বল্প শব্দ উচ্চারণের সহিত দিচ্ছে। মেয়েটার জীবনে এমনিতেই দুঃখের অভাব নেই। নতুন করে সেটা আবার বাড়াল কে? মনের মাঝে কথা চেপে রাখতে অপারগ হলো রোদেলা। ডাকল পাখিকে,
“ভাবী শুনছেন?”
পাখি অন্যমনস্ক ছিল। একদৃষ্টে দূরের একটা গাছে চেয়ে ছিল। কী এত ভাবছিল কে জানে? রোদেলার ডাকে ঈষৎ কাপল কায়া। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল। হাসার চেষ্টা করল পাখি,
“জি, বলুন ভাবী।”
রোদেলা মেয়েটার মুখের দিকে চেয়ে, কোনো ভণিতা ছাড়াই শুধাল,
“মন খারাপ ভাবী? নাকি শরীর খারাপ? আজ আপনাকে একটু কেমন যেন লাগছে। কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছেন কি?”
পাখি জানত মানুষটা ঠিকই বুঝবে তার অবস্থা। স্বল্প সময়ে বড্ড আপন হয়ে উঠেছে কি-না। দুদিকে মাথা নাড়ল,
“কই না তো ভাবী। তেমন কিছুই না। আরে আপনি চা নিচ্ছেন না কেন? ঠাণ্ডা হয়ে যাচ্ছে তো।”
কথাটা বলেই একটা চায়ের কাপ তুলে রোদেলার হাতে দিল পাখি। রোদেলা হাসিমুখে নিল সেটা। বিচক্ষণ রোদেলা বুঝল পাখি স্বেচ্ছায় কথা ঘোরাতে চাইছে। তাই সে নিজেও আর ওদিকে কথা বাড়াল না। সবার নিজস্ব একটা জীবন আছে। সবসময় সেখানে ঢুকতে হয় না। জানার বেশি আগ্রহ প্রকাশ করতে নেই। এতে সম্পর্কের অবনতি হয়। প্রসঙ্গ পালটে অন্য কথা জানত চাইল রোদেলা,
“ভাইয়াকে ট্যুরের কথা বলেছিলেন ভাবী? অনুমতি পেয়েছেন কি?”
পাখি নিজেও এক কাপ চা উঠিয়ে হাতে নিয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে উত্তর দিল,
“অনুমতি তো পেলাম না, ভাবী। তবে ইন শা আল্লাহ একদিন ঠিক ঘুরব আপনার সাথে। আমারও একটা মুক্ত জীবন হবে বলে আশা রাখি।”
রোদেলা হেসে মাথা নাড়ল। যার অর্থ আচ্ছা। সে জানত এখান থেকে এত সহজে মেয়েটার মুক্তি মিলবে না। যেখানে এই বাড়ির বাইরেই একাকী যাওয়ার অনুমতি নেই সেখানে ট্যুরে যাওয়ার কথা ভাবাই তো বিলাসিতা। দুজন চুপচাপ চা খেতে লাগল। সেভাবেই পেরোল কিয়ৎক্ষণ। অকস্মাৎ পাখি জিজ্ঞাসা করল,
“ভাবী অন্বয়ের বাবার বিষয়ে ওগুলো আপনি কার থেকে শুনেছিলেন? বলা যাবে আমায়?”
চায়ের কাপটা সবে ঠোঁটের নিকট ধরেছিল রোদেলা। কিন্তু পাখির এমন প্রশ্নে থমকে গেল তার হাতটা। কোন বিষয়ে জানতে চাইছে পাখি সেটা বুঝতে তার একটু সময় লাগল বৈকি। অমনিই আর ঠোঁট ছোঁয়ানো হলো না কাপটাতে। সে চাইল পাখির আননে। মেয়েটা নির্লিপ্ত চাহনিতে চেয়ে আছে তার দিকেই। রোদেলা ওই নিস্পৃহ চোখে চোখ রেখেই বলল,
“আপনার ভাইয়ের থেকে শুনেছি, ভাবী। ওই হোটেলের ম্যানেজার আপনার ভাইয়ের বন্ধু। ভুল হওয়ার সুযোগ খুবই কম। তাছারা ওই হোটেলের ওউনার ঢাকার ছাত্রদলের নেতা রুদ্রনীল মির্জা।”
কথাগুলো বলেই পাখির প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল রোদেলা। সে খুব করে চায় মেয়েটা এই নরম মাটি থেকে খুব কঠিন হয়ে উঠুক। খারাপের সাথে কখনো ভালোর বসবাস হয় না। ভালোরা টিকতে পারে না। অথচ এইবারও তাকে পুরোপুরি হতাশ হতে হলো। পাখি একেবারে নির্বিকার রইল। যেন কিছুই শুনেনি সে। এই কথাটা শোনার পর থেকে রোদেলার নিজেরই চোখ জ্বালাপোড়া করে। বুক জ্বলে যায়। মেয়েদের বিয়ের পরে সব তো ওই স্বামী নামক মানুষটাকে ঘিরেই। সেই মানুষটাই যদি বিশ্বাসঘাতক হয় তাহলে মৃত্যুর স্বাদ মেয়েরা এই পৃথিবীতেই পেয়ে যায়। সেখানে এই মেয়ে নিজের স্বামী সম্পর্কে সব জেনেও কীভাবে এত শান্ত থাকতে পারে? নাকি বিশ্বাস করে উঠতে পারছে না? হবে হয়ত। বছরের পর বছর এত ভালোবাসা এত যত্ন পেয়ে হঠাৎ এইসব হজম করা একটু কষ্টের বটে। রোদেলা অবাক চোখে পাখিকে কেবল দেখেই গেল। বেশ কিছুক্ষণ সময় পেরোতেই ক্ষীণ শব্দ তাচ্ছিল্য হাসল পাখি,
“তাহলে ভাইয়াকে বলিয়েন একদিন স্বচক্ষে আমায় দেখার সুযোগ করে দিতে। তৃতীয় জনের পৃথিবীতে আসার সময় ঘনিয়ে আসছে। তার জন্মদাতাকে আবার কঠোরভাবে ঘৃণা করতে হবে তো।”
কথাগুলোতে কিছু তো একটা ছিল। যেটা রোদেলার জানা নেই। অজান্তেই তার নেত্র যুগল ছলছল করে উঠল। বুকটা ব্যথিত হলো। জবাবে মাথাটাই নাড়ল শুধু। প্রত্যুত্তরে একটা শব্দও উচ্চারণ করতে পারল না। পাখি একচিত্তে নীলাভ অম্বরের দিকে তাকিয়ে রইল। সে তার রবের সিদ্ধান্তের উপর বিশ্বাসী। একটা ভুলের শাস্তি স্বরূপ সে আমৃত্য সব দুঃখ সয়ে নেবে।
.
ঘড়ির কাঁটার দখলদারিত্ব বারোটার ঘরে। দুপুরের রোদ ততক্ষণে গলির সরু পথটুকু উত্তপ্ত করে তুলেছে। দুপাশে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর দেয়ালে আলো ছায়ার খেলা চলছে। কয়েকটা জানালার ফাঁক গলে উঁকি দিচ্ছে কিছু কৌতূহলী চোখ। গলির মুখে পরপর তিনটা গাড়ি এসে থামতেই আশপাশের চেনা কোলাহলে যেন সাময়িক ছেদ পড়েছে। দুটো গাড়ি থেকে বেশ কয়েকজন যুবক নেমে দাঁড়িয়েছে। মাঝের গাড়িটা থেকে এই পর্যায়ে নামল এলাকার প্রভাবশালী সাংসদ সদস্য অগ্নিভ দেওয়ান। কোনো দিকে না তাকিয়েই গলির সম্মুখে হাঁটা ধরল সে। পেছন পেছন তার দলের পোলাপান ও এগোল। তাঁদের ভারী পায়ের শব্দে সরু পথটুকু মুখর হয়ে উঠল। চায়ের দোকানে বসে থাকা লোকজন কথার মাঝখানে থেমে তাকাল। চারপাশের বাড়ির দরজা, জানালায় উঁকি দেওয়া চোখের সংখ্যা বাড়ল। এমপি অগ্নিভ দেওয়ানের আসার খবরটা এরই মধ্যে পাড়ার ভেতর ছড়িয়ে পড়েছে। একজন ভুক্তভোগীর বাড়িতে এসেছে বর্তমান সাংসদ সদস্য অগ্নিভ দেওয়ান। কতই না মানবিক সে! অতবড়ো একজন মানুষ হয়ে তার দলের সামান্য একজন কর্মীর বাড়িতে নিজে এসেছে। এতদিন জনগণের জন্য তাদের ভালোবাসার কথা সবাই শুনেই এসেছে। আজ যেন তা স্বচক্ষে দেখার সুযোগ হলো। সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ল। অগ্নিভের শরীরে একরঙা কালো শার্ট এবং শুভ্র রঙা থানের লুঙ্গি কুঁচি করে জড়ানো। হাতে ঘড়ি এবং এক্সট্রা একটা রুপার ব্রেসলেট ও দৃশ্যমান। ঘাড় ছুঁইছুঁই এলোমেলো চুলোগুলো মৃদু হাওয়ায় উড়ছে। পায়ে সবসময়ের মতোই চামড়ার জুতা আছে। দলবল নিয়ে সে সোজা এসে উপস্থিত হলো লিয়নদের উঠোনে। তার আসার খবর এবাড়িতেও পৌঁছেছে। লিয়নের মা এবং লাবণ্য ঘরের দরজার সামনেই চুপটি করে দাঁড়িয়ে আছে। অগ্নিভ সম্মুখে একটু এগিয়ে গেল। লিয়নের মায়ের মুখোমুখি দাঁড়িয়ে সালাম দিল,
“আসসালামুয়ালাইকুম আন্টি। আমি অগ্নিভ দেওয়ান। নাম শুনবেন হয়ত আমার।”
অগ্নিভের এতটুকু কথাতেই লিয়নের মা ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলের অন্তরালে মুখে ঢাকলেন। রোদনরত গলায় বললেন,
“ওয়ালাইকুমুস সালাম। আপনাকে আমি চিনেছি, স্যার। আজ তিনটা দিন আমার লিয়ন নাই। কোথাও খুঁজে পাচ্ছি না তারে। ওর একটা খবর আইনা দেন আমারে। ও যদি মইরাও যায় সেটাও আমারে জানান। আমার পোলাডা কোথায় যে হারিয়ে গেল। ওয় আমাদের বড্ড শখের। কত কষ্টে বড়ো করে এতদূর আনলাম। ওরে সেই ছোট্ট রেখে ভদ্রলোক পৃথিবী ছাড়লেন। আমি খেয়ে না খেয়ে ওদের দুই ভাই-বোনরে মানুষ করলাম। আমার কলিজা রে। আমার লিয়ন। কতদিন দেখি না তোরে।”
কী করুণ আর্তনাদ! চারপাশে তা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়লেন। ওনাকে লাবণ্য দুহাতে আগলে নিল। ভদ্রমহিলার ধৈর্যশক্তি যে ক্রমশ ফুরিয়ে আসছে তা দিব্যি বোঝা যাচ্ছে। তিনটা দিন সন্তান হারা তিনি। এখন অবধি একটা ভালো মন্দ খোঁজ মিলল না। অগ্নিভের ভীষণ খারাপ লাগা কাজ করল। লিয়নের মায়ের আহাজারি তার বুকটা এফোঁড়ওফোঁড় করে দিচ্ছে যেন। একজন মায়ের মানসিক অবস্থা ঠিক কোন পর্যায়ে গেলে সে তার ছেলের মৃত্যুর খবরটাও এভাবে শুনতে চায়। হাহ্! অগ্নিভ নিজেও পায়ের উপর ভর দিয়ে বসল। ডান হাতটা উঠিয়ে লিয়নের মায়ের মাথার উপর রাখল,
“এভাবে কাঁদবেন না আন্টি। এই যে দেখুন আমি আছি তো, আপনার আরেক ছেলে। খোঁজ চলছে। শিঘ্রই একটা আপডেট পাওয়া যাবে বলে আশারাখি। ছেলেটা ভীষণ ভালো ছিল। আমার সাথে দুয়েকবার যা কথা হয়েছে তাতেই বুঝেছিলাম ভীষণ ভদ্র ছেলে সে। কিন্তু হঠাৎ করেই কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না। তবে আল্লাহ ঠিক এই বিপদ থেকে রক্ষা করবেন।”
মাথার উপর অবশেষে একটা ভরসার হাত তো পেলেন লিয়নের মা। অগ্নিভের হাতটা ধরেই হু হু করে আবারও কেঁদে ফেললেন,
“আল্লাহ সহায় হোক আমাদের।”
অগ্নিভ চুপচাপ কিছুক্ষণ বসেই রইল। হঠাৎ কিছু মনে পড়তেই লাবণ্যর ফ্যাকাসে মুখটার দিকে তাকাল। রাতে অরিত্রের মতিগতি তার ভালো লাগেনি। কী চলছে তার মনে বোঝা দুষ্কর। চড়ুইকে সে এইসবের মাঝে একদমই আনতে চাইছে না। পাখি জানলে তাদের মধ্যকার দুরত্ব আরও বাড়বে। আর এটা সে একেবারেই মানতে পারবে না। উঁহু, অসম্ভব। লাবণ্যকে শান্ত অথচ রাশভারী গলায় উপদেশ ছিল অগ্নিভ,
“আপু, রোজ রোজ আমার অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পোলাপানের কার মনে কী থাকে। আপডেট পেলে আমার লোকই এসে জানিয়ে দিয়ে যাবে। আপনি ম্যাচিউর, আপু। আশাকরি সবটা বুঝবেন আপনি।”
লাবণ্য কথাগুলো শুনল। ভেবে দেখল, ভুল কিছু বলেনি মানুষটা। আসলেই এভাবে বারবার যাওয়া বোকামি হবে। এতে যদি সে সহ চড়ুই এবং নিনিতা বিপদে পড়ে যায় তখন ঝামেলা বাড়বে বৈ কমবে না। মাথা নাড়ল সে,
“আচ্ছা, স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।”
জবাবে সন্তুষ্ট হলো অগ্নিভ। ক্ষীণ হাসল। বসা থেকে উঠে দাঁড়াল। তাদের থেকে নম্র ব্যবহারের সহিত বিদায় নিল। তারপর যেভাবে এসেছিল সেভাবেই পোলাপান নিয়ে প্রস্থান করল। বাসায় ফিরবে এখন সে। পাখি এবং বিচ্ছু দুটোকে নিয়ে বেরোবে। পাখিকে ডাক্তার দেখানো আর অদ্রি, অন্বয়কে নিয়ে মার্কেটে যেতে হবে। রাতের দেওয়া কথা রাখতে হবে। লাবণ্য খেয়াল করে দেখল অগ্নিভের উপস্থিতিতে সবকিছুই কেমন যেন থমকে ছিল। অথচ এখন সবকিছুই স্বাভাবিক, স্বস্তির মনে হচ্ছে। কী আশ্চর্য! এমনটা মনে হওয়ার কারণ? নাকি তার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত থাকায় এমনটা অনুভব হচ্ছে? তাই হবে হয়ত!
.
দুপুরের খরতাপে কনক্রিটের ঢাকা শহর এখন বেশ উত্তপ্ত। ক্যাফেটেরিয়ার কাচের জানালার ওপারে যানবাহনের অবিরাম ছুটে চলা, রিকশার টুংটাং ঘণ্টা আর পথচারীদের ব্যস্ত আনাগোনা পরিলক্ষিত। বাইরে রোদ ঝলমল করলেও ক্যাফের ভেতরটা শীতাতপনিয়ন্ত্রিত শীতলতায় বেশ স্বস্তিদায়ক। এক কোণের টেবিলে মুখোমুখি বসে আছে একজন রমণি ও একজন যুবক। টেবিলের ওপর রাখা ধোঁয়া ওঠা কফির কাপ। যা থেকে ধীরে ধীরে সুবাস ছড়াচ্ছে। জানালা গলে আসা আলোয় রমণিটির মুখের একাংশ উজ্জ্বল হয়ে উঠেছে, বিপরীতে বসা যুবকটির অবয়ব পড়েছে মৃদু ছায়ায়। চারপাশে মানুষের চাপা কথোপকথন, কাপ-পিরিচের টুংটাং শব্দ আর কফির সুবাসে দুপুরের ব্যস্ত শহরের মাঝেও তৈরি হয়েছে এক স্বতন্ত্র আবহ। দুজন ব্যক্তিই মিনিট পাঁচেক ধরে চুপচাপ বসে আছে। কেউই ভদ্রতা থেকে বেরিয়ে আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছুক নয়। কিন্তু এভাবে তো চলে না। এই পর্যায়ে নীরবতা ভেঙে যুবক একটু গলা খেকারি দিল। নিজেই পুনরায় সালাম দিল,
“আসসালামু আলাইকুম। আমি রওনক নির্বান। পেশায় একজন সাংবাদিক।”
রমণির দৃষ্টি নিবিষ্ট ছিল মেঝেতে। একমনে নিজের পা দুটো নিজেই দেখে চলেছিল। ওই যে বলে, কাজ কাম নেই তো খই ভাজ। তারও একই অবস্থা। অপরপক্ষের কথাতে নতবদন তুলে সামনে তাকাল সে। দৃশ্যমান চোখ দুটো যেন কিঞ্চিৎ হাসল। অধিকতর নরম গলায় সালামের জবাব দিল,
“ওয়ালাইকুমুস সালাম। আমি ডা. নিবেদিতা শিকদার চড়ুই।”
চড়ুই একঘণ্টার ব্রেক নিয়ে, শুয়াইব শিকদারের সাহায্যে নির্বানের সঙ্গে এই ক্যাফেটেরিয়ায় সাক্ষাৎ করতে এসেছে। সবটা বাবাই ম্যানেজ করে দিয়েছে। নির্বান কথাগুলো বলেই চোখ নামিয়ে নিয়েছে। এইবার মৃদু হেসে বলল,
“যোহরের নামাজ শেষ করে আসতে যেয়ে একটু দেরি হয়ে গেছে। যার জন্য আপনাকেও অপেক্ষা করতে হলো। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
পুরুষ মানুষের এমন সৌজন্য ব্যবহারে চড়ুই মুগ্ধ হলো বৈকি। চোখ দুটোতেও সেই অনুরাগের রেশ ছড়াল। একবার হাত ঘড়িতে সময় দেখল। দুটো বেজে ত্রিশ মিনিট। হাতে সময় কম। তিনটার ভেতরে হাসপাতালে পৌঁছাতে হবে তাকে। এতক্ষণ বিরক্ত নিয়ে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করলেও অপরপক্ষের ব্যবহারে মুগ্ধ হয়ে আপাতত তার আর কিছুই বলতে ইচ্ছে হলো না। মুচকি হাসল চড়ুই,
“কোনো সমস্যা নেই। আচ্ছা আমার সময় কম। কাজের কথায় আসি। আব্বু নিশ্চয় ইতোমধ্যে আপনাকে সবকিছু সম্পর্কে জানিয়েছেন?”
কথার পৃষ্ঠেই নির্বান মাথা নেড়ে জবাব দিল,
“জি, মোটামুটি অবগত হয়েছি আংকেলের থেকে। এখন আপনি কোনো সংশয় না রেখে বাকিটা বললেই বেটার হবে।”
চড়ুই কথাগুলো শুনল। অপরপক্ষ ভুল কিছু বলেনি। তার সবকিছুই খোলামেলাভাবেই বলা উচিত। তবেই উনি সবটা আরও দৃঢ়ভাবে বুঝতে সক্ষম হবে। বড়ো একটা শ্বাস ফেলল চড়ুই। অতঃপর বলতে শুরু করল,
“আমার কলিগ প্লাস ফ্রেন্ড লাবণ্য এর ছোট ভাই লিয়ন আজ তিন ধরে নিখোঁজ। জাবির ইতিহাস বিভাগের স্টুডেন্ট প্লাস ছাত্র রাজনীতিতেও যুক্ত ছিল সে। ইভেন ছাত্রলীগের সঙ্গে সরাসরি যুক্ত। আমাদের এখানকার বর্তমান এমপি ও তার ভাইয়ের কর্মীদের সঙ্গেই থাকত। হঠাৎ করেই ক্লাস করে আর বাসায় ফেরেনি। একটা জলজ্যান্ত মানুষ হারিয়ে যাওয়া কখনোই যৎসামান্য কিছু হতে পারে না। থানা থেকেও শুধু ঘুরাচ্ছে। আমার মনে হচ্ছে এটা সামান্য কোনো ব্যাপার নয়। ক্ষমতাশীল কারোর হাত আছে এই সবকিছুর পিছনে। এখন এখানে দুটো বিষয় আমার মাথাতে আসছে। প্রথমত, লিয়ন যেহেতু ছাত্রলীগের সঙ্গে জড়িত সেক্ষেত্রে বিপরীত দল অর্থাৎ ছাত্রদলের কেউ তাকে গুম করতে পারে। দ্বিতীয়ত সে দলে ছিল সেই দল দ্বারাই বিপদে পড়েছে। এমতাবস্থায় সবটা জানতে, গোড়া থেকে সবকিছু বের করে আনতে, অনেস্ট একজন জার্নালিস্টের সাহায্য ভীষণ প্রয়োজন আমার।”
নির্বান নিচের দিকে চেয়ে নিগূঢ় মনোযোগের সাথে সবটা শুনল। মস্তিষ্ক কিছুর একটা হিসাব মেলাতে চাইল। ঘটনা সে বুঝল। কিন্তু সে কীভাবে সাহায্য করবে সেটাই বোধগম্য হলো না। অগত্যা সে জানতে চাইল,
“এই সবকিছুতে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?”
চড়ুই এই প্রশ্নের উত্তরে একটু সময় নিল। কিছুক্ষণ বসে কিছু একটা ভাবল। কী যেন ভেবে সতর্ক চোখে একঝলক চারপাশে দেখে নিল। তার কেমন একটা সন্দেহ হলো। মনে হলো কেউ তাদের উপর নজর রাখছে। সত্যিই কি তাই? নাকি নিছকই মনের ভুল? হতেও পারে। প্রত্যুত্তর করল সে,
“সেটা সঠিক সময়ে আপনাকে জানাব আমি। আপাতত এই বিষয়ে সবকিছু আপনাকে জানিয়ে রাখলাম। আশাকরি আপনার সাহায্য আমি পাব। আপনার হাত দিয়ে জনগণের নিকট অদেখা অনেক সত্য পৌঁছে দেওয়ার সুযোগ খুব শিঘ্রই আসবে বলে আমি আশা রাখি, ইন শা আল্লাহ।”
প্রথম সাক্ষাতের এই স্বল্প সময়েই নির্বান উপলব্ধি করল অপরপক্ষের বিচক্ষণতা। চড়ুই যে ওই রাজনীতিবিদ দলের বিপক্ষে লড়বে সেটা বুঝতে আর বাকি নেই নির্বানের। তবুও সে দ্বিমত করল না। নারীর এমন সাহসীকতায় তার বেশ ভালোই লাগল। মাথা নেড়ে সম্মতি দিল,
“দেশের জন্য ভালো কোনো কাজে আসতে পারলে আমার নিজেরও চমৎকার লাগবে।”
নিকাবের আড়ালে থাকা চড়ুইয়ের অধরপল্লব দুদিকে ঈষৎ প্রসারিত হলো। বাবার মুখের কথার চেয়েও ছেলেটা অনেক বেশি ভদ্র এবং অমায়িক। এমন নম্র কারোর সাথে কাজ করতে চড়ুইয়ের কোনো অস্বস্তি অন্তত হবে না। তবুও চোখ কান খোলা রাখবে সে। সারাজীবন একসাথে থেকেও মানুষ চেনা যায় না। আর এ তো মাত্র কিছু মিনিট। পুরোটা সময় শুধু একবারই সামনে চোখ তুলে তাকিয়েছিল নির্বান। মেয়ে জাত মায়ের জাত, এটাই সে মনেপ্রাণে মানে। নারী জাতির প্রতি ছোট থেকেই সম্মান প্রদর্শন করে এসেছে সে। এটা তার মায়ের দেওয়া শিক্ষা।
#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী
(পরবর্তী পর্ব পরশুদিন আসবে ইন শা আল্লাহ। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত পর্বে আপনাদের রেসপন্স দেখে হতাশ আমি। আশাকরি এই পর্বে প্রথম দিকের মতো যথাযথ রেসপন্স ও গঠনমূলক মন্তব্য পাবো।)