ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 7

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |৭|

সন্ধ্যায় ঢাকার আকাশে এখন দিনের ক্লান্তি মিশে গিয়ে রাতের আগমনী সুর। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মির্জা কুঞ্জ দাঁড়িয়ে আছে নিজস্ব আভিজাত্য নিয়ে। সফেদ রঙে মোড়ানো দেয়াল, ধূসর পাথরের নিপুণ কারুকাজ আর প্রশস্ত বারান্দার নান্দনিক বিন্যাসে ভবনটির প্রতিটি কোণে আভিজাত্যের স্বাক্ষর। ছাদের আলোকসজ্জায় সাদা দেয়ালগুলোতে তৈরি হয়েছে আলো ছায়ার বিচিত্র নকশা। বাড়ির আঙিনায় সুসজ্জিত বাগান। বাতাসের মৃদু দোলায় নড়ে উঠছে পল্লবেরা। চারপাশে ছড়িয়ে আছে সদ্য ফোটা পুষ্পের মৃদু সুবাস। অথচ এই স্নিগ্ধতার মাঝেও বাড়িটির পরিবেশে মিশে রয়েছে এক অদৃশ্য গাম্ভীর্য। প্রশস্ত প্রবেশপথের দুই পাশে আনুষ্ঠানিক পোশাকে কর্মীদের ব্যস্ত চলাচল পরিলক্ষিত। ঢাকার ছাত্রদলের প্রভাবশালী নেতার এই বাসভবনে সন্ধ্যাটুকুও যেন রাজকীয়ভাভে নেমে আসে। মির্জা কুঞ্জের ড্রয়িংরুমের সোফায় বসে আছে ছাত্রদলের নেতা রুদ্রনীল মির্জা। শরীরে জড়ানো টিশার্ট এবং ট্রাউজার। জ্বরে পিষ্ট চোখদুটো রক্তিম এবং ফুলো ফুলো হয়ে আছে। ফরেস্ট গ্রিন রঙের মণি জোড়া বড্ড অদ্ভুত দেখাচ্ছে। মুখমণ্ডল গম্ভীর। হাতে আজকের সংবাদপত্র। রাজনৈতিক বিষয়গুলোতেই একটু নজর বোলাচ্ছে। আজ সারাদিনে বাইরে বেরোয়নি। বিছানাকে সঙ্গি করেই কাটিয়েছে। সন্ধ্যার আগেই উঠে গোসল দিয়ে পরিপাটি হয়ে বাইরে বেরিয়েছে। রুদ্র সংবাদপত্রের পৃষ্ঠা ওল্টাচ্ছে। সেই সময় পাশে এসে দাঁড়াল তার স্ত্রী নম্রতা। হাতে চায়ের কাপ দৃশ্যমান। শরীরে ঢিলেঢালা থ্রি পিস জড়ানো। ওড়নাটা সযত্নে মাথায় তুলে দেওয়া। নামের মতোই নম্র ভদ্র মেয়েটা। হাতে থাকা চায়ের কাপটা এগিয়ে দিল রুদ্রের দিকে,
“নীল, আপনার চা। আদা, গোল মরিচ সহ বেশ কিছু জিনিস দিয়ে বানিয়েছি। খেয়ে দেখুন স্বস্তি লাগবে। মাথা ধরাটা কমে যাবে।”
মোলায়েম কণ্ঠে কথাগুলো বলে থামল নম্রতা। রুদ্র সংবাদপত্র থেকে চোখ সরিয়ে পাশে দেখল। অমনিই গাম্ভীর্য ভাবটা কমে এল। নেত্রযুগলে জায়গা করে নিল একরাশ মুগ্ধতা। স্ত্রী এর সাথেই কুঞ্জে থাকে সে। আম্মা গত হয়েছেন বছর পাঁচেক হলো। বাবা থাকে ইউএসএ। সামনে ইলেকশন এগিয়ে আসছে। উনিও আসবেন আগামী মাসে ছেলেকে সঙ্গ দিতে। চায়ের কাপটা নিজের হাতে নিল রুদ্র। আরেকহাতে নম্রতার ডান হাতটা ধরে সামনে নিয়ে এল। বসাল নিজের থাইয়ের উপর। অমনিই নম্রতার মুখে লাজুক হাসি এসে ভিড় জমাল। তখনিই সে শুনতে পেল গম্ভীর পুরুষালী কণ্ঠ,
“আগে তুই টেস্ট কর, জান। বলা তো যায় না বিষ মিশিয়েও আনতে পারিস।”
এমন কথাতে নম্রতার মুখের হাসি বাড়ল বৈকি। মুখটা এগিয়ে চায়ের কাপ বরাবর নিল। আলতো করে ঠোঁট ছোঁয়াল সেখানে,
“ভয় নেই, জনাব। আপনাকে মারতে হলে কোনো ছলচাতুরির প্রয়োজন পড়বে না আমার। আপনার মুখোমুখি দাঁড়িয়ে বুলেট ছোঁয়ার সাহস রাখি আমি। আপাতত নিশ্চিন্তে চা টা খেয়ে নিন।”
আজ স্ত্রীর মুখে এমন কথা শুনে রুদ্র কিছুক্ষণের জন্য থমকাল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নিজের কান দুটোকে ঠিক বিশ্বাস করতে পারছে না। বুঝল তার অদ্ভুত কথার পরিপ্রেক্ষিতে বিরক্ত হয়েই কথাটা বলেছে নম্রতা। মৃদু আওয়াজে হেসে ফেলল রুদ্র। নম্রতার ডান হাত উঠিয়ে শব্দ করে বারকয় চুমু খেল,
“তোর হাতে মৃত্যু কবুল, জান।”
নম্রতা খিলখিলিয়ে হেসে উঠল। রুদ্র চায়ের কাপে চুমুক দিল। দুজন বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছিল। তৎক্ষণাৎ কুঞ্জের প্রধান ফটক দিয়ে পরপর তিনটা বিএমডব্লিউ প্রবেশ করল। সেই শব্দ কর্ণগোচর হতেই রুদ্রর ললাট গুটিয়ে এল। মিনিট কয় পেরোতেই নম্রতাকে আদেশ করল,
“উপরে যা, জান। এখন আর নিচে আসার প্রয়োজন নেই।”
নম্রতা বুঝল না বিষয়টা। অবুঝের মতো শুধাল,
“কেন? আমি থাকলে আপনার সমস্যা কিসের? হুঁ?”
এই বোকাহরণিকে নিয়ে রুদ্র আর পারে না। সবকিছুতেই তার প্রশ্ন। তবুও যদি কিছু বুঝত তাহলে তো হতোই। নম্রতার কোমর অধিকতর শক্তভাবে চেপে ধরে খানিকটা ঘনিষ্ঠ হলো। ফিসফিস করে বলল,
“সম্ভবত কোনো রাজনৈতিক নেতা আসছে। আমি চাই না কেউ তোকে আমার মতো করে দেখুক। আমার কতখানি জুড়ে তুই আছিস, সেটা তুই নিজেও জানিস না। এইবার কথা কম। দ্রুত উপরে যা।”
নম্রতার মুগ্ধ চোখে মিনিট দুই ব্যক্তিগত পুরুষটাকে দেখল। এত ভালোবাসা পেতে ভাগ্য লাগে। ঠোঁটের কোণে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। পরক্ষণেই লজ্জা পেল মেয়েটা। উঠে একপ্রকার দৌড়ে দোতলায় চলে গেল। রুদ্র সেদিকে চেয়েই হেসে ফেলল। এই বয়সে এসেও এমন একজন আলাভোলা রমণিতে সে আটকাবে কল্পনাতেও ভাবেনি। তার ঘোর ভাঙল একজন বিশ্বস্ত গার্ডের ডাকে,
“স্যার, এমপি অগ্নিভ দেওয়ান এবং তার ছোট ভাই অরিত্র দেওয়ান এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে।”
রুদ্র তাকাল দরজার দিকে। তার ধারণাই তবে সঠিক। এই অসময়ে মির্জা কুঞ্জে কেন তাদের পদার্পন হয়েছে সেটা অবশ্য রুদ্রর অজানা নয়। ক্রুর হেসে অনুমতি দিল,
“ভেতরে নিয়ে এসো।”
গার্ড মাথা নেড়ে সম্মতি দিল। পরপরই ওখান থেকে চলে গেল। মিনিট পাঁচেকের ব্যবধানে সদর দরজা দিয়ে আসতে দেখা গেল অগ্নিভ এবং অরিত্রকে। দুই ভাইয়ের অদমনীয় পলযুগলেই যেন আলাদা একটা ভাব প্রকাশ পাচ্ছে। নেতা শব্দটা যেন তাদের পোশাক পরিচ্ছদ, চলন বলনে অতঃপ্রত ভাবে মিশে আছে। মোদ্দা কথা রক্তেই মিশে গেছে। ওটা আলাদা করে মুখে বলার আর প্রয়োজন পড়ে না। অগ্নিভ এবং অরিত্র এগিয়ে আসতেই রুদ্র হাসিমুখে বলল,
“বসুন এমপি অগ্নিভ দেওয়ান এবং সাবেক ছাত্রলীগ নেতা অরিত্র দেওয়ান।”
অরিত্রের চোয়াল সবসময়ের মতোই শাণিত। ভদ্র সুলভ যৎকিঞ্চিত পরিমাণ হাসল না সে। অগ্নিভের অধরযুগল একপাশে সামান্য প্রসারিত হলো। সম্মুখের সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসল দুজন। ড্রয়িংরুম জুড়ে ভাসমান হলো ব্যাঙ্গাত্মক গলার আওয়াজ,
“শুনলাম জ্বর নাকি আপনাকে খেয়ে দিচ্ছে। তাই একটু দেখা দিতে এলাম।”
অগ্নিভের বলা এমন কথাতে রুদ্রর মুখের হাসি বাড়ল,
“আপনার থেকে কমই খাচ্ছে। জ্বর তো আপনার মতো অত ধূর্ত খেলোয়াড় নয়।”
কথাগুলো বলেই মেইডদের ডেকে নাস্তাপানি সার্ভ করতে বলল রুদ্র। মেইডগুলো ত্বরান্বিত পায়ে রান্নাঘরের দিকে ছুটল। অগ্নিভের অধরের কোণে উঁকি দেওয়া বক্র হাসি বাড়ল বৈকি,
“শুনলাম, আপনার জন্মদাতা আসছে এইদেশে। লুঙ্গির কাছা শক্ত করে বাঁধতে বলিয়েন।‌ জনসম্মুখে খুলে গেলে ইজ্জতের দফারফা হয়ে যাবে একেবারে। তখন কিন্তু বিপক্ষ দলের উপরে দোষ চাপিয়েও কাজ হবে না।”
রুদ্রর ভ্রু যুগল নিজ থেকেই কুঁচকে গেল। তার বাবা আসবে এই খবর তো বাইরে এখনো প্রকাশ করেনি সে। তাহলে এই ভদ্রলোক কীভাবে জানল? কিছু একটা ভাবল সে। অমনিই দুষ্টু হাসল,
“বাবা ভদ্রলোক। লুঙ্গি পরে না তো। তাই খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এটা ঘটলে আপনার সাথেই ঘটতে পারে। আউটলুক আপনার সাথেই মেলে।”
রুদ্রর কথা বলার ভঙ্গিমা দেখেই অগ্নিভ হেসে ফেলল। অরিত্র বেজায় বিরক্ত হলো। চোখে মুখে তার আভাস দিব্যি ছড়াল। দুজনের কথার মাঝেই সে বাম হাত ঢোকাল। নয়ত অপর দুইজন এত সহজে থামবে না। দৃঢ় অথচ শান্ত কণ্ঠে প্রশ্ন ছুঁড়ল,
“নিজের দলের মানুষদের ক্ষতি নিজেই করে আমাদের দলের দোষ দেওয়ার কারণ কী মিস্টার রুদ্রনীল মির্জা? এতে আদৌও ফায়দা হবে বলে মনে হচ্ছে?”
রুদ্রর হাসিমুখটা মিলিয়ে গেল। চোখ দুটো ছোট ছোট করে চাইল অরিত্রের দিকে। এই ছেলেটার কথাবার্তা কেমন কেমন যেন একটু। রহস্যময়, ঘোলাটে টাইপ। ঠিকমতো বোঝা যায় না। রাজনীতির মাঠে একেবারে নীরব ঘাতক। রুদ্র জানতে চাইল,
“কোন বিষয়ে কথা বলছ? এত নিচু কাজ কারবার করার মানুষ আমি রুদ্রনীল মির্জা নই। আর যেখানে সম্মুখে মোকাবেলা করার সাহস আমি রাখি সেখানে এইসব করা মানে নিজেকেই ছোট করা।”
এতক্ষণে অরিত্রের অধরযুগল বামপাশে ঈষৎ উঁচু হলো। অপরপক্ষের কথাতে বাঁকা হাসল। ডান ভ্রু উঁচিয়ে বলল,
“ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের তিন তলার ছয় নম্বর ওয়ার্ডের তিন নম্বর বেডে মৃত্যু যন্ত্রণায় কাতর মেয়েটা সম্পর্কে খোঁজখবর নিন। বড্ড বোকা কাজ করেন আপনি।”
রুদ্র যেন আকাশ থেকে পড়ল। সে তো এই সবের কিছুই জানে না। কোন কেইসের সঙ্গে তাকে জড়াতে চাইছে অপরপক্ষ? সরু চাহনিতে নীরবে চেয়েই রইল সে। দন্ত দিয়ে অধর চেপে ভাবল কিয়ৎক্ষণ। তার রাগের পারদ ক্রমশ বেড়েই চলেছে। তবুও নিজেকে শান্ত রেখে মুখে বলল,
“ভুল করছেন। আমাকে শান্ত থাকতে দিন। নয়ত হিতে বিপরীত হবে।”
পরপরই তাকাল পাশে বসে মিটিমিটি হাসতে থাকা অগ্নিভের দিকে,
“আপনার আমলনামা খোলা প্রয়োজন বোধহয়। আপনি সংসার তো করতে চান নাকি?”
নীরবে একেবারে জায়গামতো তীর ছুঁড়ে হুমকি দিল রুদ্র। এত বড়ো কথা অথচ অগ্নিভের মাঝে যৎসামান্য পরিমাণ হেলদোল দেখা গেল না। কেবল শার্টের পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে সম্মুখের সেন্টার টেবিলে রাখল,
“মাথা ঠাণ্ডা হলে সময় সুযোগ করে এটা দেখে নিবেন। আসি আমরা। আবার দেখা হবে ইন শা আল্লাহ।”
কথাগুলো বলেই অগ্নিভ এবং অরিত্র উঠে দাঁড়াল। বিদায় জানিয়ে দরজার দিকে হাঁটা ধরল। রুদ্র ভ্রু কুঁচকে একবার পেনড্রাইভটা দেখল আরেকবার দুই ভাইয়ের প্রস্থান দেখল। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ হলো। ওষ্ঠদ্বয় ক্রোধে দৃঢ় হয়ে এল। গর্জে ডাকল,
“প্রলয়?”
প্রলয় বাইরে ছিল। এক ডাকেই হাজির হলো সে। রুদ্র কপালে তর্জনী আঙ্গুল দিয়ে ক্রমশ ডলা দিয়ে চলেছে। এই সময়ে ভুল কিছুতে ফেসে গেলে মুশকিল। সাজানো সবকিছু ভেস্তে যাবে। ব্যস্ত গলায় আদেশ ছুঁড়ল,
“ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের তিন নম্বর ফ্লোরের ছয় নম্বর ওয়ার্ডের তিন নম্বর বেডে অ্যাডমিট থাকা পেশেন্টের সব ডিটেইলস চাই, ফাস্ট।”
প্রলয় দ্রুত বাধ্যের মতো মাথা নাড়ল,
“ওকে, স্যার।”
ওখান থেকে চলে গেল সে। রুদ্র দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ বসে রইল। তার ধারণা এইবার পুরোপুরিই ভুল প্রমাণিত হলো। মস্তিষ্ক বিক্ষিপ্ত লাগছে। সামনের টেবিল থেকে পেনড্রাইভটা উঠিয়ে নিল। একদৃষ্টে তাকিয়ে রইল সেটার দিকে। কী আছে এটাতে? অত্যধিক আক্রোশে সেটা ছুঁড়ে ফেলতে নিয়েও থেমে গেল। পরক্ষণেই সেটা নিয়েই দোতলার সিঁড়ির দিকে অগ্রসর হলো। এখানে কী আছে সেটাই আগে দেখা প্রয়োজন। তারপর বাকিসব।
.

রাত নয়টা। নগরীর বুকে এখন রাতের ব্যস্ততা। রাস্তার বুকে সারি সারি যানবাহনের আলো ছুটে চলেছে। মাঝেমধ্যে যানজটের ভেতর থেকে ভেসে আসছে হর্নের কর্কশ ধ্বনি। রাস্তার পাশের চায়ের দোকানগুলোতে জমেছে আড্ডা। ছোট ছোট টেলিভিশনের পর্দায় চলছে রাতের খবর। কোথাও আবার দোকানের ঝাঁপ নামানোর প্রস্তুতিও চলছে। খাবারের দোকানে ক্রেতাদের ভিড়ও দেখা যাচ্ছে। বাতাসে মিশে আছে ধুলাবালি, গাড়ির ধোঁয়া আর ভাজাপোড়া খাবারের গন্ধ। বহুতল ভবনের জানালায় জ্বলছে বৈদ্যুতিক আলো। অলিগলিতে রিকশার টুংটাং শব্দ রাতের নীরবতাকে বারবার ভেঙে দিচ্ছে। ব্যস্ত নগরী আপন ছন্দে ছুটে চলেছে। এই সময়ে কারোর ঘরে ফেরার তাড়া। আবার কেউ জীবিকার সন্ধানে এদিকে ওদিকে ছুটছে। শুয়াইব শিকদার বাড়িতে ফিরেছেন মিনিট বিশেক হলো। কাজের চাপ থাকায় ইদানিং একটু রাত হয়ে যাচ্ছে বাড়িতে ফিরতে। ফ্রেশ হয়ে শরীরে পাজামা পাঞ্জাবী জড়িয়ে বিছানায় বসেছেন। একটা নথিপত্র হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন। তক্ষুনি চিন্তিত মুখে ঘরে প্রবেশ করলেন আলেয়া বেগম। এগিয়ে এসে বিছানার একপাশে বসলেন। শুয়াইব শিকদারকে ছোট্ট করে ডাকলেন,
“শুনছেন?”
শুয়াইব শিকদারের নথিপত্র থেকে চোখ সরিয়ে সামনে দেখলেন। স্ত্রীর দুশ্চিন্তাগ্রস্ত বদন দেখেই শুধালেন,
“তুমি কি কোনো কারণে টেনসড? কিছু হয়েছে কি?”
কথার পৃষ্ঠেই কোনো রকম ভণিতা ছাড়াই বললেন আলেয়া বেগম,
“চড়ুই আজ এখনো বাসায় ফেরেনি। এত দেরি তো করে না। সাড়ে ছয়টার দিকে একবার কথা হয়েছিল। বলেছিল, একটা অপারেশনে নাকি থাকতে হবে তাই আজকে একটু লেইট হবে আসতে। কিন্তু এখন ফোন দিলে আর রিসিভ হয় না। আমার খুব টেনশন হচ্ছে। আপনি একটু এগিয়ে যাবেন?”
শুয়াইব শিকদারের কপালে গুটিকয় ভাঁজের সৃষ্টি হলো। উদ্বেগের রেশ ছড়াল মুখমণ্ডলে। হঠাৎ কিছু স্মরণে আসতেই ব্যস্ত হাতে পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা উঠিয়ে নিলেন। তারিখটা দেখলেন। আগস্টের বিশ তারিখ আজ। অমনিই বুকটা ধ্বক করে উঠল। উনি আর বসে থাকতে পারলেন না। হাতের কাগজখানা ওভাবেই ওখানে রেখে উঠে দাঁড়ালেন। বেড সাইড বক্সের উপর থেকে বাইকের চাবি নিয়ে হন্তদন্ত হয়ে দরজার দিকে এগোলেন। আলেয়া বেগমের উদ্দেশ্যে বললেন,
“আসছি আমি।”
নিচে নেমে কোনোদিকে না তাকিয়ে বাইক নিয়ে ছুটলেন শুয়াইব শিকদার। আগ্নিভের দেওয়া চিঠি খানায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ঠিকানা লেখা ছিল। যেখানে চড়ুই কর্মরত আছে। উনি জানেন, অগ্নিভ মজা করেছে ওনার সাথে। সে এসেছিল মূলত সাবধানবাণী শোনাতে। চিঠিখানা ছিল কেবল একটা ছুতো। তবুও কোথাও একটা কিন্তু থেকেই যায়। তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না ওই অমানুষটাকে। যদি চড়ুইয়ের কোনো ক্ষতি করে দেয়? বর্তমানে সব হারিয়ে সর্বশান্ত তিনি। কেবল চড়ুইকে আশ্রয় করেই বেঁচে আছেন। কলিজা সমতূল্য মেয়েটার শরীরে একটা ফুলের টোকাও তিনি কল্পনা করতে পারেন না। একদমই না। এই পর্যায়ে এসে ওনার মনে হলো আজ রাস্তাটা যেন ফুরাচ্ছেই না। অমনিই বাইকের গতি বাড়ালেন একটু। চারপাশের সবকিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে চললেন।
.

চড়ুইয়ের সকল কাজ শেষ হতে হতে নয়টা পঁয়তাল্লিশ মিনিট। দ্রুত সবগুছিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল সে। নিনিতা গেছে মিনিট পাঁচেক হতে চলল। তাকে নিতে বাসা থেকে গাড়ি এসেছিল। তাই আর অপেক্ষা করতে পারেনি চড়ুইয়ের জন্য। সে অবশ্য একবার বলেছিল, চড়ুইকে বাসায় ড্রপ করে দিয়ে আসবে। কিন্তু চড়ুই নিজেই না করে দিয়েছে। আত্মসম্মানে লাগে বিষয়গুলো। অগত্যা এখন তাকে একাই যেতে হবে। আকাশ কুসুম ভাবনা মনে এঁটেই নিচে নেমে হাসপাতাল প্রাঙ্গণে এসে উপস্থিত হলো সে। চোখজোড়া চারপাশে ভাসমান হলো। সামনে এগোতে নিয়েই হঠাৎ নজরে এল অতিব পরিচিত একটা মুখ। চোখের ভুল বলে উড়িয়ে দিতে নিয়েও সেদিকে পুনরায় তাকাল চড়ুই। বারকয়েক চোখের পলক ফেলল। না, সে ভুল দেখছে না। সত্যিই বাবা এসেছে তাকে নিতে। শুয়াইব শিকদার বাইকের সাথে হেলান দিয়ে হাসিমুখে মেয়ের দিকেই তাকিয়ে আছেন। মেয়েকে দেখেই অর্ধমৃত দেহে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। চড়ুই সময় বিলম্ব না করেই বড়ো বড়ো পা ফেলে সেদিকে অগ্রসর হলো। এগিয়ে এসে বাবার সম্মুখে দাঁড়াল। শুয়াইব শিকদার ব্যস্ত হয়ে জানতে চাইলেন,
“সব ঠিকঠাক আছে তো আম্মু? কোনো সমস্যা হয়নি তো কোথাও?”
চড়ুই মাথা নেড়ে মুচকি হাসল,
“না না, সব ঠিক আছে আব্বু। কিন্তু তুমি আজ হঠাৎ করেই এখানে যে? কোনো কাজে এসেছিলে? কতক্ষণ ধরে অপেক্ষা করছ?”
একের পর এক প্রশ্নের বাণ ছুঁড়ে থামল চড়ুই। শুয়াইব শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন,
“বেশিক্ষণ অপেক্ষা করি নাই। তুমি বাইকে উঠে বসো। তোমায় দেখে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। নিশ্চয় আজ ভীষণ দৌড়ঝাপের উপরে ছিলে?”
সত্যিই আজ বড্ড ধকল গেছে মেয়েটার উপর দিয়ে। সকাল সকাল মাকে নিয়ে গেছিল লাবণ্য দের বাড়িতে। ওখান থেকে বাসায় যেয়ে আবার গুছিয়েই হসপিটালে চলে এসেছে। তারপর থেকে আর বসার সুযোগ হয়নি ঠিকমতো। চড়ুই ক্লান্ত গলায় জবাব দিল,
“হ্যাঁ, চলো যাওয়া যাক, আব্বু।”
শুয়াইব শিকদার বাইক ঘুরিয়ে উঠে বসলেন। চড়ুইও বাইকের পিছনে বসল। বাবাকে আলগোছে ধরল। বাইকটা ধীর গতিতে চলতে শুরু করল। অমনিই ক্ষণে ক্ষণে ঝিরিঝিরি হাওয়া এসে শরীর জুড়ে ঢেউ খেলে যেতে লাগল। এতক্ষণে চড়ুই একটু স্বস্তি পেল। কোলাহলে মুখরিত রাস্তায় উঠতেই চড়ুই দেখল, প্রতিদিনের মতো আজও পথের দুইপাশে ফুচকার স্টল বসেছে। অনেক মানুষের আনাগোনা সেখানে। হঠাৎ করেই চড়ুইয়ের আগের সুবর্ণ দিনগুলোর কথা মনে পড়ে গেল। শুয়াইব শিকদারকে ডেকে বলল,
“আব্বু, আগের দিনের কথা মনে আছে তোমার? এভাবেই বাইকে করে রাতে আমাকে আর বড়ো আপাকে তুমি ফুচকা খাওয়াতে নিয়ে আসতে। আপা একটুও ঝাল খেতে পারত না। সামান্য ঝাল খেয়েও ওর অবস্থা নাজেহাল হয়ে যেত।”
চড়ুইয়ের ঠোঁট দুটো দুপাশে প্রসারিত হয়েছে। আগের দিনগুলো ভাবতেও তার ভালো লাগে। এই প্রশ্নের জবাবে শুয়াইব শিকদার তৎক্ষণাৎ কিছুই বললেন না। কিছুটা সময় পেরোল সেভাবেই। চড়ুই উত্তরের আশাও করল না। বড়ো আপার কথা বললে বাবা এভাবেই চুপ হয়ে যায়। কিন্তু আজ তাকে পুরোদমে অবাক করে দিয়ে শুয়াইব শিকদার মৃদু হেসে বললেন,
“আমার কাঁধে চেপে যার শৈশব কেটেছে তাকে এবং তার সাথে অতিবাহিত সময়গুলো কীভাবে ভুলি, আম্মু?”
কথাগুলোতে ঠিকরে পড়ছে একজন বাবার অসহায়ত্ব। প্রতিটা শব্দে মিশে আছে আকাশসম আফসোস, হাহাকার। বাবার মুখনিঃসৃত একটা বাক্য অথচ চড়ুই শুনল, না বলা হাজারো আর্তনাদ। আপা শিকদার নিকেতন ত্যাগ করার পরে বাবাকে কখনো এভাবে বলতে দেখেনি চড়ুই। বাবার মনের ভঙ্গুর অবস্থাটা তারা কেউই হয়ত কখনো বুঝতে সক্ষম হয়নি। আপা তো সবচেয়ে বাবার কাছের মানুষ ছিল। চড়ুই আর কিছু বলল না। শুধু বুকচিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। আলতো করে নিজের মাথাটা বাবার পিঠে রাখল। আঁখি জোড়া বুঁজে নিল। শুয়াইব শিকদার শুধালেন,
“ফুসকা খাবে, আম্মু?
চড়ুই হ্যাঁ বলতে নিয়েও থামল। সে অনুভব করল বড়ো আপাকে সঙ্গে নিয়ে ফুসকা খাওয়ার আনন্দটুকু সে এখন আর পাবে না। কেবল এখন কেন আর কোনোদিনই হয়ত পাবে না। ফুসকার প্রতি একপ্রকার বিতৃষ্ণা দুদিকে মাথা নাড়ল সে,
“না, আব্বু। বাসায় যেয়ে একেবারে ভাত খাব। নয়ত খালিপেটে এগুলো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে।”
“আচ্ছা।”
শুয়াইব শিকদার একবাক্যে চড়ুইয়ের কথা মেনে নিলেন। কোনো প্রকার জোর করলেন না। মেয়ের না করার কারণ তো আর ওনার অজানা নয়। হাহ্ জীবন! সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল।

#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী

(পরবর্তী পর্ব পরশুদিন আসবে ইন শা আল্লাহ। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাণ্ডা, জ্বর সহ নানান সমস্যা নিয়ে লেখা। কোনো রিচেক নেই। ছোট পর্ব লিখতে যেয়েও বড়োই হয়ে গেল। যাকগে, আপনাদের সকলের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি। আর হ্যাঁ, রুদ্রর চোখের মণি ফরেস্ট গ্রিন কেন সেটা আসন্ন কোনো একটা পর্বে জানতে পারবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন