ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 8

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |৮|

“আমার ভয় হয়, অগ্নিভ। যদি আপনাকে আমি সবকিছুর মারপ্যাঁচে হারিয়ে ফেলি? আব্বুকে আপনি চেনেন না। ভীষণ রাগী। রাজনীতি দুই চোখে দেখতে পারেন না। রাজনীতির প্রতি আব্বুর তীব্র অনিহা দেখেই ছোট থেকে বড়ো হয়েছি। সব জেনেও আমি কীভাবে যে আপনাকে ভালোবেসে ফেললাম। আমি আব্বুর খুব কাছের। আব্বু কোর্ট থেকে ফিরে সর্বপ্রথম আমার হাতে এক গ্লাস পানি খান। আমি আমার আব্বুকে কষ্ট দিতে পারব না। আমি আপনাকেও হারাতে পারব না। সবকিছু অসহনীয় হয়ে উঠছে আমার কাছে। এ কী দোটানায় পড়লাম!”
দুপুরের রমনা বটমূলের চারপাশে রোদের তেজ বেশ চড়া। বিশাল বটবৃক্ষের বিস্তৃত শাখা প্রশাখা মেলে থাকা ছায়াটুকু যেন পথচারীদের জন্য প্রকৃতির নিজস্ব আশ্রয়। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পেতে রাখা হয়েছে কয়েকটি বেঞ্চ। দুই একজন অবসরপ্রাপ্ত মানুষ আপন মনে বসে আছেন। কেউবা পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন। প্রেমিক যুগলের আনাগোনাও পরিলক্ষিত। বাতাসের মৃদু দোলায় বটপাতাগুলো একে অপরকে ছুঁয়ে সাঁইসাঁই শব্দ তুলছে। দূরের পথ থেকে ভেসে আসছে যানবাহনের হর্ন, মানুষের কথাবার্তা আর হকারদের অস্পষ্ট হাঁকডাক। মাঝে মাঝে পাখির ডাক সেই আওয়াজের ভিড়ে আলাদা করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সব মিলিয়ে দুপুরের ঢাকা তার চিরচেনা ব্যস্ততা নিয়ে ছুটে চলেছে। অথচ বটমূলের ছায়ায় সময় যেন কিছুটা ধীর হয়ে এসেছে। বিশাল বটগাছটির ছায়া জুড়ে ছড়িয়ে আছে এক অন্যরকম প্রশান্তি। গাছের ঘন পাতার ফাঁক গলে সূর্যের আলো ঘাসের বুকে নকশা এঁকে চলেছে। ওইগাছের নিচেই পেতে রাখা বেঞ্চে বসে আছে পাখি। কাঁধ ব্যাগটা পাশেই রাখা। দৃষ্টি নত। চেয়ে আছে মৃত্তিকার পানে। অগ্নিভ সম্মুখেই দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। শরীরে সবসময়ের মতোই লুঙ্গি এবং শার্ট জড়ানো। দুই আঙ্গুলের ভাঁজে ঠাঁই পেয়েছে জলন্ত সিগারেটখানা। যা থেকে কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া উড়ছে। পরক্ষণেই তা বেনামি হাওয়ায় মিশে যাচ্ছে। প্রিয়তমার মুখনিঃসৃত কথাগুলো বেশ মনোযোগের সহিত সে শুনল। পুনরায় সিগারেটটা পিষ্ট হলো উষ্ক শুষ্ক ঠোঁট দুটোর মধ্যিখানে। শূন্যে ধোঁয়া ছেড়ে পিছনে তাকাল। মেয়েটার ওই নরম বদনখানা দেখলেই তার অন্তর ঠাণ্ডা হয়ে যায় একেবারে। তাদের সম্পর্কের বয়স বছর দুই হবে। মেয়েটা একেবারে তার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ওই সুশ্রী আনন না দেখলে যেন অগ্নিভের ঠিকমতো ঘুম হয় না। তাদের ভালোবাসাটা আর পাঁচটা সম্পর্কের মতো মাখো মাখো ভাবে হয়নি। কেউ কাউকে কখনো প্রপোজাল ও দেয়নি। জানতেও চায়নি তারা একে অপরকে ভালবাসে কি-না। হুটহাট চোখে চোখ পড়া থেকেই কবে যেন তাদের অনুভূতি গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। দুই বছরের সম্পর্কে আজ তাদের চতুর্থবারের মতো সাক্ষাৎ। পাখি অত্যধিক লাজুক স্বভাবের হওয়ায় তাদের সম্পর্কটা একটু বেশিই অদ্ভুত। এতে অবশ্য অগ্নিভের মাথাব্যথা নেই। মেয়েটার কর্মকাণ্ডে সে কেবল হাসে। ভাগ্য করে এমন একজনকে ভালোবেসেছে সে। তৎক্ষণাৎ পাখির শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল পুরুষালী নিরেট গলার প্রশ্ন,
“আমায় ভালোবেসে আফসোস হচ্ছে নাকি বাবার মতের বিরুদ্ধে যেয়ে আমার হতে পারবে না বলে আফসোস হচ্ছে?”
এমন অদ্ভুত প্রশ্নে পাখি চকিতে মুখ তুলে সামনে চাইল। ভ্রু যুগল আপনা আপনিই কুঁচকে এল। অগ্নিভ তাকিয়েই ছিল। অমনিই দৃষ্টিতে দৃষ্টি মিলল। মিনিট দুই অগ্নিভের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল পাখি। রিনরিনে গলায় প্রত্যুত্তর করল,
“আপনাকে ভালোবেসে আফসোস হলে আজ এখানে আমাকে পেতেন না।”
মেয়েটার কথা মাটিতে পড়ার আগেই লুফে নিল অগ্নিভ। ফের প্রশ্ন ছুঁড়ল,
“তাহলে বলছ আমার হতে না পারার আফসোস হচ্ছে তোমার?”
পাখি তীর্যক চাহনিতে চারপাশে একঝলক দেখল। অগ্নিভের দলের পোলাপান ছড়ায়ে ছিটায়ে আছে সবখানে। পাখির অস্বস্তি হয় এইসবে। আজ তার বেস্ট ফ্রেন্ড মৌমিতাও আসেনি। সবমিলিয়ে একটু বেশিই বিরক্ত সে। পুনরায় অগ্নিভের দিকে তাকাল। মিথ্যার আশ্রয় নিল না। অকপটে উত্তর দিল,
“হচ্ছে বৈকি!”
অগ্নিভ সিগারেটে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলল মাটিতে। জুতোর নিচে পিষল বারকয়। এইবার পুরোপুরি পিছনে ফিরে দাঁড়াল। মেয়েটাকে একবার উপর থেকে নিচ অবধি পরখ করে নিল। রাশভারী গলায় বলল,
“তাহলে নিশ্চিন্তে থাকো। দিনশেষে আমার বুকেই ঠাঁই হবে তোমার। অগ্নিভ দেওয়ান তার শখের সবকিছু নিজের করে রাখতে জানে। বাই হুক অর বাই ক্রুক।”
পাখি বেশ ভক্তি দিয়েই শুনল কথাগুলো। আর তাতেই ফ্যাকাসে আনন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। চোখদুটোতে ছড়াল মুগ্ধতা। ঠোঁটের কোণে জায়গা করে নিল একচিলতে হাসি। মেয়েটার মুখমণ্ডলের পরিবর্তন নজর এড়াল না অগ্নিভের। নিজেও মৃদু হাসল। মেয়ে মানুষকে খুশি করতে আহামরি কিছুর প্রয়োজন হয় না। তাদের চাওয়া খুবই স্বল্প। ওটুকুই একটু যত্ন নিয়ে দিলে, মুখে বললেই তারা খুশি হয়ে যায়।

অতীত ভাবতে যেয়েও আজ পাখির হাঁসি পেল না। সুখকর অনুভূতির ঢেউয়েও দুলল না মনটা। সুখের শিহরণেও তা নির্লিপ্ত রইল। উলটো বদনজুড়ে অমাবস্যা নেমে এল। যেই মানুষটার সাথে এত প্রীতিকর অতীত আছে তাকে কীভাবে ঘৃণা করবে? আদৌও সম্ভব? সুন্দর একটা‌ সংসারের স্বপ্ন দেখিয়ে কীভাবে পরিবর্তন হলো মানুষটা? পাখি নিজের সম্পূর্ণ পৃথিবী শূন্য করে যার হাত ধরল সেই মানুষটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ প্রতারক প্রমাণিত হচ্ছে। সে এতটা কোমল কেন হলো? অন্যদের মতো কঠিন হলে আজ সবখানে কি এভাবে ঠকত? সবাই পারত তাকে এতখানি সযত্নে ঠকাতে? উঁহু, একদমই নয়। বাবা, মায়ের চোখের জলের হিসাব বুঝি এভাবেই তাকে জনমভর দিতে হবে? আজ পাখির ভীষণ কান্না পেল। মুহূর্তেই বুকভার হয়ে উঠল। লোচন জোড়া পানিতে টইটম্বুর হয়ে গেল। একটা শক্ত বুকের অভাব বোধ করল সে। যেখানে অনায়াসেই মাথা রেখে একটু কাঁদতে পারত। কিন্তু তারজন্য তো এখন আর কেউ নেই। নেত্রের কোণ ঘেঁষে স্বধারায় পানি গড়িয়ে পড়ল। ঘড়িতে এখন দুটো বেজে পাঁচ মিনিট। মধ্যনিশীথে, খাটের সাথে বালিশ রেখে, সেথায় হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে সে। পাখির দুই পাশে অন্বয় আর অদ্রি শুয়ে আছে। গভীর নিদ্রায় ডুবেছে তারা। কিন্তু পাখির নেত্রপল্লবে তন্দ্রার রেশ অবধি আসেনি। ঘরে কম পাওয়ারের একটা ড্রিম লাইট জ্বলছে। মেয়েটা ঘুরন্ত সিলিং ফ্যানের দিকে একচিত্তে চেয়েই রইল। জীবনের হিসেব নিকেশ কষতে ব্যস্ত হয়ে পড়ল মস্তিষ্ক। সমাধান মিললেও শেষে এসে উত্তর মেলে না। বড্ড জটিল অংক বোধহয়। কতক্ষণ পাখি এভাবে তাকিয়ে আছে জানা নেই। অকস্মাৎ তার ঘোর ভাঙল অগ্নিভের ডাকে,
“এখনো ঘুমাও নাই, প্রাণপ্রিয়া?”
হঠাৎ পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ঈষৎ কেঁপে উঠল সে। তাছাড়া আর একবিন্দুও নড়ল না। স্থবির হয়ে বসেই রইল। যেন ধ্যান জ্ঞান শূন্য হয়ে পড়েছে তার। অন্তর্দ্বন্দ্বে বড্ড ক্লান্ত সে। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়া পানিগুলো সময়ের ব্যবধানে শুকিয়ে গেছে। রয়ে সয়ে সামান্য ঘাড় ঘুরিয়ে পাশে দেখল পাখি। অগ্নিভ কপালে ভাঁজ ফেলে তাকেই দেখে চলেছে। হয়ত তার মনোভাব বোঝার চেষ্টা করছে। কিন্তু ঠিক ঠাহর করে উঠতে পারছে না। মুখভঙ্গি ঠিক তেমনই। আবছা আলোয় পাখির সর্বপ্রথম নজরে এল অগ্নিভের পরিহিত পোশাকটা। রাতে গোসল দিয়ে যখন বাইরে যায় তখন তো এটা শরীরে জড়ানো ছিল না। এত রাতে পরিধৃত পোশাক পরিবর্তন হওয়ার কারণ কী? তবে কি রোদেলা ভাবীর বলা সবকথাই সত্য? নারী সঙ্গে মজেছে মানুষটা? চোখ দুটো ছোট ছোট করে নিরস গলায় শুধাল পাখি,
“কাপড় পরিবর্তন কেন আপনার?”
হঠাৎ এমন প্রশ্নে অগ্নিভ অদ্ভুত দৃষ্টিতে তাকাল। এই কণ্ঠস্বর, এই প্রশ্নের ধরণ অপরিচিত তার নিকট। পরক্ষণেই মুচকি হাসল,
“রাতে বস্তি এলাকার ওদিকটাতে গেছিলাম। একটা প্রজেক্টের কাজ হবে তো তাই। ওদের ভালোর জন্যই করা হবে আরকি। অত্যধিক নোংরা পরিবেশ থাকায় খুঁতখুঁতে লাগছিল। তাই লুঙ্গি, শার্ট পরিবর্তন করে ফেলেছি। তুমি তো জানো আমি কেমন।”
অগ্নিভ সত্যিই বড্ড বেশিই শুচিবাই। হাতে সামান্য ধুলো লাগলেও কতবার তা পরিষ্কার করে ঠিক নেই। কিন্তু আজকের কথাগুলো অপরপক্ষ ঠিক বিশ্বাস করল কি-না বোঝা গেল না। পলকহীন অগ্নিভের দিকে তাকিয়ে রইল পাখি। চাহনি নিস্পৃহ, বড়ো দুর্বোধ্য। অগ্নিভকে অবাক করে দিয়ে মৃদু আওয়াজে হেসে উঠল মেয়েটা। পরপরই শোনা গেল নারী কণ্ঠে উচ্চারিত কয়েকটা অপ্রত্যাশিত বাক‌্য,
“আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনি, তাই না? অথচ আমার সব ধৈর্য ফুরিয়ে এল বলে। যেদিন এই ধৈর্যের পারদ শূন্যে এসে ঠেকবে, আমার মুখ খুলবে। সেদিনই আপনার সংসারে আমার শেষ দিন হবে।”
একেকটা শব্দের গভীরতা এতটাই বেশি যে তা অগ্নিভের বক্ষঃস্থল এফোঁড়ওফোঁড় করে দিল মুহূর্তেই। তাজ্জব বনে গেছে সে। আঁখি জোড়ায় বিস্ময়ের ছাপ স্পষ্ট। পাখি যে এমন কিছু বলতে পারে সেটা অগ্নিভ কস্মিনকালেও কল্পনা করেনি। সামান্য বিষয় নিয়ে মেয়েটা কী ভাবছে? কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছে? এতটা অবিশ্বাস তার উপর কবে কবে জন্মাল? তার প্রতি জন্ম নেওয়া সেই তুখর ভালোবাসা এতটা ফিকে হয়ে এল কবে? মিনিট কয়েকের জন্য ঘরজুড়ে নিস্তব্ধতা খেলে গেল। সেই নিশ্চুপতা ভেঙে শোনা গেল পৌরুষদীপ্ত প্রগাঢ় গলা,
“তুই এতটা বুঝদার কখনোই হোস না, প্রাণপ্রিয়া। যার দরুন তোকে হারাতে হয় আমায়। এত বড়ো পৃথিবীতে, এত এত মানুষের ভীড়ে কেবল তুইই আছিস আমার।”
কথাগুলোর কোথাও একটু হলেও অসহায়ত্বের ছাপ ছিল বোধহয়। হয়ত! হয়ত না! পাখি ততক্ষণে চোখ ফিরিয়ে নিয়েছে। পাশ থেকে মানুষটা যে সরে গেছে সেটা সে দিব্যি অনুভব করল। শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল দেওয়ালের সাথে কপাট বাড়ি খাওয়ার শব্দ। বুঝল মানুষটা কক্ষ ত্যাগ করেছে। ব্যস! নিজেকে আর ধরে রাখতে পারল না সে। ফুঁপিয়ে কেঁদে উঠল। নীরবে নিভৃতে চোখের জল ঝরিয়ে চলল। সাক্ষী হিসেবে রইল, দূরাকাশের সুন্দরী শশী, প্রকৃতির বুকে রাজত্ব করা হিমেল মারুত আর ওই যে রাত জাগা পেঁচাটা। যে ক্ষণে ক্ষণে অদ্ভুতুড়ে সুরে ডেকে উঠছে। এইজন্যই বোধহয় লোকে বলে, ‘একেবারে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা জন্ম জন্মান্তরের।’
পাখি দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়াল,
“আমায় একটুখানি শান্তি দিন, রব। সবকিছু ভুল প্রমাণিত হোক। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমায় সংসারটা বাঁচিয়ে রাখার একটা সুযোগ চাই। আমার নাড়ি ছেঁড়া ধন ওরা। আমি বিহীন দুজন যে ভেসে বেড়াবে।”
সংসার গড়ার চেয়ে ভেঙে ফেলা বোধহয় অনেক সহজ। অথচ পাখি চাইলেই এত সহজে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিতে পারছে না, পারবেও না। কারণ, সে যে একজন মা। নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে সে ভাবছে সন্তানদের কথা। তার অনুপস্থিতিতে বাচ্চাগুলো হয়তো পদে পদে মানুষের মুখঝামটা শুনবে, নানা প্রশ্নের সম্মুখীন হবে। মায়ের অনুপস্থিতির দায় হয়তো তাদেরই বয়ে বেড়াতে হবে। একজন মা হয়ে এই আশঙ্কা মেনে নেওয়া পাখির পক্ষে মোটেও সহজ নয়। নিজের কষ্টের চেয়েও সন্তানদের ভবিষ্যৎ তার কাছে বড়ো হয়ে উঠেছে।
.

বিষন্ন রাত পেরিয়ে নব দিনের সূচনা। নিজ গতিতে সময় পেরিয়ে চলেছে। সকাল পেরিয়ে দুপুর এখন। দুপুরের রোদ এখনো বেশ তেজি। তবে আকাশজুড়ে সাদা তুলোর ন্যায় মেঘের আনাগোনাও আছে। বাতাসও বইছে ঝিরঝির করে। ব্যস্ত নগরীর পথেঘাটে রিকশা, বেবিট্যাক্সি আর বাসের অবিরাম চলাচল দৃশ্যমান। রাস্তার পাশের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। দুপুরের সময় সবারই খাওয়ার তোড়জোড় চলছে। হোটেল রেস্তোরাঁর চারপাশে ভাসমান দুপুরের খাবারের কড়া সুবাস। হাসপাতাল আঙিনায় মানুষের ভিড় এখন খানিকটা কমই। চড়ুই এবং নিনিতা নিজেদের কেবিনেই বসে আছে। খাচ্ছে দুপুরের খাবার। আজ এই সময়ে দুজনেরই একটু কাজের চাপ কম। খানিকটা ফুরসৎ মিলেছে। লাবণ্যর ছুটি আজকেই শেষ হবে। আগামীকাল থেকে আবার ডিউটিতে আসবে সে। নিনিতা এক লোকমা ভাত মুখে দিয়ে বলল,
“কিছু শুনেছ চড়ুই? স্বয়ং এমপি নাকি গেছিল লাবণ্যদের বাসায়।”
চড়ুই খাবার চিবোচ্ছে একমনে। এমন কথায় চাইল নিনিতার দিকে। বেশ তুচ্ছ তাচ্ছিল্য করেই জবাব দিল,
“সবই লোকদেখানো। কথা হয়েছিল লাবণ্যর সাথে। তাকে নাকি কার্যালয়ে যেতেও নিষেধ করে গেছে। আপডেট তারাই জানাবে বলে অবগত করেছে। অথচ দেখো, গতদিন রাত পেরিয়ে আজকের অর্ধেক দিন হয়ে গেল। আর কারোর কোনো খোঁজখবর নেই। আজকের দিনটাই দেখব। তারপর না হয় আমিই মাঠে নামব। দেখি একটা জলজ্যান্ত মানুষ হারিয়ে যাওয়ার পিছনের কাহিনি বের করতে পারি কি-না।”
কথাগুলো বলেই পুনরায় খেতে শুরু করল চড়ুই। নিনিতার মসৃণ কপাল জড়োসড়ো হয়ে এল। এই মেয়ে আবার কী করতে চাইছে? জানতে চাইল,
“কী করবে তুমি? একা একা কিছু করো না কিন্তু। আমারে জানিও। আগে, পিছে সবখানেই তোমার সাথে আছি।”
চড়ুই মাথা নাড়ল,
“আই নো, বেইব।”
দুই বান্ধবী এটা সেটা আরও অনেক কিছুই নিয়ে আলোচনা করছিল। তৎক্ষণাৎ দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। নিনিতা অনুমতি দিল,
“কাম ইন।”
তক্ষুনি কপাট আলগা করে তড়িঘড়ি করে কেবিনের ভেতরে প্রবেশ করল একজন নার্স। তিন তলার ছয় নম্বর ওয়ার্ডে এখন ডিউটিরত আছেন। বড়ো বড়ো পা ফেলে এগিয়ে এল। চড়ুইয়ের পাশে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলল,
“ম্যাম, ওই যে আপনার তত্বাবধানে পেশেন্ট আছিয়া আছে না? ওনার বাবা নিখোঁজ হয়েছেন। ব্যবসায়িক কাজের জন্য গতকাল সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল নাকি কিন্তু ওখানে পৌঁছায়নি। ইভেন ওনাকে নাকি ঘাটের আশেপাশেও দেখা যায়নি। কিন্তু বাসা থেকে ঠিকই রওনা দিয়েছেন। আছিয়ার মা কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বেরিয়ে গেছেন। আছিয়ার ডিসচার্জের চেষ্টা করছে তার একজন খালাতো বোন। আপনার ওখানে যাওয়া প্রয়োজন, ম্যাম।”
চড়ুই থমকাল একটু সময়ের জন্য। সবে আছিয়াকে একটু একটু করে শারীরিক ভাবে সুস্থতার পাশাপাশি মানসিকভাবেও শক্ত করছে সে। এরমধ্যে আবার আরও একটা ট্রমা এসে হাজির হলো মেয়েটার কাছে। কোথাও যে একটা ঘাপলা আছে সে দিব্যি টের পাচ্ছে। গলা দিয়ে আর ভাত নামল না তার। এক বিপদ শেষ না হতেই আবার আরেক বিপদ দরজায় এসে উপস্থিত। টিফিন বাটিতেই হাতি ধুয়ে উঠে দাঁড়াল সে। নার্সের উদ্দেশে বলল,
“চলুন।”
পরপরই ত্বরান্বিত পদযুগলে কেবিন থেকে বেরিয়ে গেল। নিনিতা তখনো একটা ঘোরের মধ্যেই আছে। পর মুহূর্তেই নিজেও হাত ধুয়ে ছুটল চড়ুইয়ের পিছু পিছু।
.

দিনের শেষ ভাগ এখন। সূর্যিমামা পশ্চিমাকাশে ঢলে পড়েছে। দিবসের এই সময়ে সূর্যের তেজ ধীরে ধীরে কমে এসেছে। পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে রোদ্দুরের লালাভ শেষ আভা। আসরের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ হলো। মুসুল্লিরা মসজিদ থেকে বেরিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছে। দ্যুতির উজ্জ্বলতা বিবর্ণ হতে শুরু করেছে। দিনটা যেন ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। কোর্ট প্রাঙ্গণ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। মানুষের জটলা ভেঙে সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুয়াইব শিকদার নিজের চেম্বারেই বসে আছেন। সম্মুখে অবস্থান করছে ছাত্রদলের তরুণ নেতা রুদ্রনীল মির্জা। দুজনেরই মুখমণ্ডল গম্ভীর। চেম্বারের ভেতরে নিগূঢ় নীরবতা বিরাজমান। দুজনের কারোর মুখেই কোনো কথা নেই। অসময়ে ছেলেটাকে এখানে দেখে শুয়াইব শিকদার একটু বিরক্ত বটে। কী প্রয়োজনে এসেছে সেটাও বলে না। রহস্যময় মণি জোড়ার শাণিত চাহনিতে কেবল চেয়েই আছে। অস্বস্তি হচ্ছে শুয়াইব শিকদারের। এই পর্যায়ে উনি অধৈর্য হয়ে জানতে চাইলেন,
“হঠাৎ এখানে কেন? তোমাদের রাজনীতির মাঝে আমার তো কোনো লেনা দেনা নেই।”
রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তখনো তাকিয়ে আছে। এই প্রশ্নে একটু সোজা হয়ে বসল। গম্ভীর অথচ শান্ত গলায় বলল,
“আমার দলের একজন বয়স্ক সাবেক সভাপতির ছোট্ট মেয়েকে রেপ করা হয়েছে কিছুদিন আগে। গতকাল থেকে উনিও নিখোঁজ। এটা কাদের কাজ সেটা বুঝতে হয়ত আপনার বাকি নেই। আফটার অল আপনি একজন বুদ্ধিমান পুরুষ। এখন আপনি টোটালি আলাদা একটা বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা অরিত্র দেওয়ানের বিরুদ্ধে মামলা লিখবেন এবং আমার হয়েই লড়বেন আদালতে। এতে আমার আপনার দুজনেরই লাভ।”
মুহূর্তেই শুয়াইব শিকদারের মুখমণ্ডল থমথমে হয়ে উঠল। চোয়াল শক্ত করে বললেন,
“অসম্ভব। তোমাদের পঁচা নর্দমায় আমি পা ডোবাব না। নিজেরা যা পারো তাই করো।”
রুদ্র জানত এমন কিছুই হবে। অপরপক্ষ এত সহজে মানবে না। তবুও সব শুনেও সে চুপ রইল। হঠাৎ বাম ভ্রু তুলে প্রশ্ন করল,
“শুনলাম, আপনার ছোট মেয়ে নাকি এইসবে নিজেকে জড়াচ্ছে?”
শুয়াইব শিকদার চোখ দুটো ছোট ছোট করে ফেললেন। শক্ত গলায় জবাব দিলেন,
“সেই বিষয়ে জেনে তোমার কী? তুমি তোমার দিকটা দেখো। আমার মেয়ে তোমার টপিকসের ভেতরে পড়ে না।”
রুদ্রর ওই সবুজ মণির চাহনি একটু অদ্ভুত দেখাল। অধরযুগল একপাশে কিছুটা উঁচু হলো। ক্রুর হাসল ছেলেটা। বসল না আর। উঠে দাঁড়াল। সানগ্লাসটা চোখে দেওয়া অবস্থায় বলল,
“শিঘ্রই আমার হয়ে মামলা লড়বেন আপনি। আজ আসি।”
দরজার কাছটাই প্রলয় দাঁড়িয়ে ছিল। রুদ্র সেদিকে এগোতেই দরজাটা খুলে দিল সে। স্যারের অপেক্ষাতেই ছিল মূলত। নিজস্ব ভঙ্গিতে, অদমনীয় পদচারণে হেটে প্রস্থান করল রুদ্র। দরজার ওপাশে তার দলের আরও পোলাপান ছিল। সবাই স্যারের পিছু পিছু চলে গেল। শুয়াইব শিকদারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। একেকবার একেক জনের ঝামেলা। সব ছেড়ে ওনাকেই পায় শুধু। চড়ুইকে নিয়ে ওনার দুশ্চিন্তা বেড়ে এইবার পাহাড় ছুলো যেন। মেয়েটা কেন যে এই সবের মধ্যে যেতে চাইছে। এত বড়ো বড়ো রাঘব বোয়ালদের বুদ্ধির সাথে আদৌও পারবে! সবকিছুর মূল ওই এমপি অগ্নিভ দেওয়ান। হাতের কাছে পেলে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতেন উনি।

#চলবে

(পরবর্তী পর্ব পরশুদিন পাবেন ইন শা আল্লাহ। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি। পেইজের অবস্থা একেবারেই যাচ্ছে তাই। ভিউজ, রিচ কিছুই নাই। আর ফলোয়ার্স তো কমতেই আছে।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন