ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 9

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |৯|

“আমি নিঃস্ব, রব। তুমি ব্যতীত আমার আর কেউ নেই। সর্বশান্ত আমি তোমার আশ্রয় চাই। আমার ব্যথিত অন্তরে একটুখানি স্বস্তি দাও, আল্লাহ। এই দুনিয়ার জীবনে আমি ভীষণ ক্লান্ত। ছোট্ট জীবনে প্রতি পদে পদে শুধু সবাইকে পরিবর্তন হতেই দেখলাম। আমি আর পারছি না। অল্পতেই হাঁপিয়ে উঠেছি। আ…..”
বাক্যটা অসম্পূর্ণই রয়ে গেল। কণ্ঠনালি বেয়ে আর একটা অক্ষরও উচ্চারিত হলো না। ক্রন্দনসিক্ত কণ্ঠে এতক্ষণ ধরে আওড়ানো শব্দগুলো থেমে গেল মাঝপথেই। নিস্তব্ধ ঘরটাতে ছড়িয়ে পড়ল কেবল ফুঁপিয়ে কান্নার মৃদু আওয়াজ। সময় এখন ভোর। পূর্ব দিগন্তে আলোর আভাসটুকু সবে রেখা টানতে শুরু করেছে। সফেদ আভাটা এখনো সেভাবে স্পষ্ট হয়ে ওঠেনি। ফজরের আজান হয়েছে বেশ কিছুক্ষণ হলো। জায়নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে একচিত্তে কেঁদে চলেছে পাখি। সারাটা রাত দুই চোখের পল্লব এক করতে পারেনি মেয়েটা। বিছানায় শরীরটুকু ছোঁয়ানোর ইচ্ছা হয়নি। প্রতিদিনের মতো আজও যথাসময়ে জায়নামাজে বসেছে ফজরের সালাত আদায় করতে। জায়নামাজের সম্মুখে দুটো বালিশ উঁচু করে রাখা। স্ফীত উদর নিয়ে এখন আর মেঝেতে সিজদা দেওয়া সম্ভব হয় না তার। তাই বালিশের ওপরেই কপাল ঠেকায়। সৈয়দা নুরুন্নেসা বেগম অবশ্য তাকে পরামর্শ দেন, বেশি অসুবিধা হলে যেন চেয়ারে বসেই সালাত আদায় করে। কিন্তু জায়নামাজে না বসলে পাখির অন্তরে প্রশান্তি আসে না। অগত্যা এই কষ্টটুকু নিয়েই ইবাদত করে সে। ভোরের স্নিগ্ধ বাতাসের সঙ্গে মিশে ঘরের আনাচকানাচে ছড়িয়ে পড়ছে তার চাপা কান্নার সুর। রমণীর বুকভাঙা আর্তনাদ যেন ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিকেও। চারপাশের স্নিগ্ধতা কেমন বিষণ্ন হয়ে উঠেছে। নিরপরাধ, নিষ্পাপ, নিষ্কলুষ হৃদয়ের মানুষগুলোর জীবনেই কেন বারবার এত দুর্বিষহ আঘাত নেমে আসে? কেন তাদেরই ভাগ্যে জোটে এত অবহেলা, এত বেদনা? প্রকৃতিরও বুঝি এতে মন ভার হয়। অথচ তার কিছুই করার থাকে না। তৎক্ষণাৎ অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার নেই। কেবল জখম অন্তরের শব্দহীন আর্তনাদের নীরব সাক্ষী হয়ে থাকতে হয়। পাখি ভেবে নিয়েছে, এও হয়তো মহান আল্লাহর পক্ষ থেকে তার জন্য আসা এক কঠিন পরীক্ষা। ধৈর্য ধরতে হবে। সবর করতে হবে। মোনাজাত শেষ করে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়ল মেয়েটা। ধীরে ধীরে শরীর এলিয়ে দিল জায়নামাজের ওপরেই। আলগোছে বুজে এল আঁখিপল্লব। গাল বেয়ে নিঃশব্দে টুপটাপ গড়িয়ে পড়তে লাগল অশ্রুবিন্দু। বাবা নামক বটবৃক্ষের স্নেহচ্ছায়া থেকে বেরিয়ে আসার পর থেকেই জীবনটা তার জন্য বড্ড কঠিন হয়ে উঠেছে। প্রতিটি বাঁকে যেন নতুন কোনো দুর্ভোগ অপেক্ষা করে থাকে। তবুও সে জানে, আসমানের ওপারে থাকা মহান আল্লাহর দৃষ্টির আড়ালে কিছুই নেই। তিনিই তার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রুবিন্দুর হিসাব রাখছেন। তিনিই একদিন এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে তাকে মুক্তি দেবেন। পাখি হারবে না। এত সহজে ভেঙে পড়বে না সে। অন্তত তিনটা নিষ্পাপ প্রাণের জন্য হলেও বেঁচে থাকতে হবে তাকে। সূরা ইয়াসিন মুখস্থ পাখির। বাবা পাশে বসিয়ে দীর্ঘ সময় ধরে তাকে আর চড়ুইকে সূরা ইয়াসিনসহ বেশ কয়েকটা বড়ো সূরা মুখস্থ করিয়েছিলেন। সেই স্মৃতিটুকুই আজও অমূল্য সম্পদ হয়ে আছে তার কাছে। বিড়বিড় করে সূরা পড়তে শুরু করল মেয়েটা। পরিচিত আয়াতগুলো ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসতেই যেন স্মৃতির অলিগলি বেয়ে ফিরে এল বাবার স্নেহমাখা মুখখানা। এতে যেন পাখির বুকজ্বালা বেড়ে গেল। ঠিক তখনই খোলা খিড়কি গলিয়ে এক দমকা শীতল বাতাস এসে ছুঁয়ে গেল তার সর্বাঙ্গ। মুহূর্তেই কেমন শীতল হয়ে এল পাখির অন্তর। ধীরে ধীরে মনের ভেতর জমে থাকা অস্থিরতাটুকুও প্রশমিত হতে লাগল। কিছুক্ষণের জন্য হলেও যেন সমস্ত দহন থেকে রেহাই পেল মেয়েটা। ঘরের দুয়ারটা সামান্য ফাঁকা হয়ে আছে। দুটো নির্ঘুম রক্তিম লোচন জোড়ার যন্ত্রণাক্লিষ্ট দৃষ্টি নিবিষ্ট মেঝেতে শুয়ে থাকা পাখির দিকেই। এতক্ষণ ধরে নীরবে সবকিছুর সাক্ষী ছিল অগ্নিভ। রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর একবারের জন্যও এদিকে আসেনি সে। এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে অগ্নিভের চোখ দুটো কেমন জ্বালা করে উঠল। ডান হাতের তর্জনী আঙ্গুল তুলে বারকয়েক চোখের কোণ ঘষল সে। কিন্তু অস্বস্তিটুকু কাটল না। চোখের ভেতর জমে থাকা জ্বালাটা যেন আরও তীব্র হয়ে উঠল। আর এক মুহূর্তও দাঁড়াল না অগ্নিভ। প্রকৃতির সান্নিধ্য বড্ড প্রয়োজন তার। বড়ো বড়ো কদমে সেখান থেকে প্রস্থান করল। পা বাড়াল ছাদের দিকে। কক্ষে আর প্রবেশ করল না। পাখির সামনে দাঁড়ানোর সাহসটুকুও যেন এই মুহূর্তে তার মাঝে অবশিষ্ট নেই।
.

“মাম্মাহ? ও মাম্মাহ? তুমি এখানে ঘুমাও কেন?”
অদ্রির মিষ্টি নরম কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই পাখি বন্ধ নেত্রপল্লব ঈষৎ নড়ল। পরপরই চোখ মেলে তাকাল সে। অদ্রি এবং অন্বয় দুজনেই তার পাশে বসে আছে। পাখি খেয়াল করল, এখনো জায়নামাজেই শুয়ে আছে সে। কখন যে আঁখি জোড়া এঁটে এসেছিল খেয়াল নেই তার। নিজের সুবিধামত ধীরগতিতে উঠে বসল। জানালা দিয়ে বাইরে দেখল একঝলক। রোদ উঠে গেছে। ইশরে! তাহলে তো অনেক বেলা হয়ে গেছে। দেয়াল ঘড়িতে নজর পড়তেই আঁতকে উঠল। বেলা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট। পাখির চোখ দুটো কপালে উঠে গেল। হায় আল্লাহ! এত দেরি হয়ে গেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বালিশ গুলো বিছানায় রাখল। জায়নামাজ ভাঁজ করে যথাস্থানে রাখা অবস্থাতেই বলল,
“আমার বাচ্চারা দাঁত ব্রাশ করতে হবে। ওয়াশ রুমে চলো।”
অদ্রি এবং অন্বয় মাথা নাড়ল। অন্বয় একদৃষ্টে মায়ের দিকেই চেয়ে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে কিছু একটা দেখছে। মায়ের মুখটা ওমন শুকনো দেখাচ্ছে কেন? চোখদুটোই ফুলে আছে। বাচ্চাটা অবুঝের মতো শুধাল,
“মাম্মাহ তোমার কি মন খারাপ?”
পাখি বিছানা ঝাড়ছিল। ছেলের এমন কথায় ব্যস্ত হাতটা থেমে গেল। পিছনে ফিরল সে। জোরপূর্বক হাসার চেষ্টা করল,
“না তো, আব্বু।”
অন্বয়ের ভ্রু দুটো কুঁচকে গেল। মায়ের কথা তার বিশ্বাস হলো না। অল্প বয়সেই মাকে বড্ড বেশিই বোঝে সে। হঠাৎ করেই জ্ঞানীর ভাব ধরে বলল,
“আমি বড়ো হয়ে তোমার সব কষ্ট কমিয়ে দেবো, মাম্মাহ। তোমার জন্য আমি আছি তো।”
পাখি পুনরায় বিছানা ঝেড়ে সব ঠিকঠাক করে রাখল। কাজ শেষ তার। ওয়াশ রুমের দিকেই এগোচ্ছিল এখন। ছেলের এমন কথাতে থমকে দাঁড়াল সে। ঘাড় ঘুরিয়ে পিছু দেখল। তার চার বছরের বাচ্চা বলছে এটা? একজীবনের সব অপূর্ণতা মুহূর্তেই যেন মিইয়ে এল। মহান আল্লাহ কখনোই হয়ত কাউকে সবদিক থেকে শূন্য রাখেন না। খুশিতে পাখির চোখদুটো ছলছল করে উঠল। মুচকি হাসল সে,
“অনেক বড়ো হও তুমি, আব্বু। দোয়া করি সুশিক্ষা লালন করো বুকে। সবসময় নারীর সম্মানের কারণ হও। তোমার মাম্মার একজন সুসন্তান হও, আব্বু।”
মায়ের কথাতে অন্বয় জোরে জোরে একপাশে মাথা নাড়ল,
“হবো মাম্মাহ।”
পাশ থেকে অদ্রিও হেসে কুটিকুটি হয়ে বলল,
“আমিও হবো মাম্মাহ।”
মেয়ের কথা কর্ণগোচর হতেই পাখির মুখের হাসি বাড়ল,
“দোয়া করি আম্মু, তুমি অন্তত তোমার মাম্মার মতো বোকা না হও। এখন জলদি জলদি এসো তো। তোমাদের ফ্রেশ করিয়ে দিয়ে নিচে যেতে হবে আমায়। বেলা হয়েছে অনেক।”
অদ্রি এবং অন্বয় দুজন মায়ের আগেই সুরসুর করে ওয়াশ রুমে ঢুকে পড়ল। পানি তাদের অনেক পছন্দের। শুধু সমস্যা হচ্ছে, তাদের কেউ পানি নিয়ে খেলতে দেয় না। পাখিও প্রবেশ করল ভেতরে। ব্রাশে পেস্ট লাগিয়ে বাচ্চাদের হাতে দিল। নিজেও চোখ মুখ ধুয়ে নিল। গড়গড়া করে কুলি করল। সেই সময় শোনা গেল অরণির গলা,
“অন্বয়, অদ্রি কোথায়? সকালের নাস্তা করতে হবে তো সোনারা। আমি সব রেডি করে ফেলেছি।”
বাচ্চা দুটোর তিনবেলা খাওয়ানোর সবটুকু দায়িত্ব অরণির। ইদানিং রাতের খাবারটা অবশ্য অগ্নিভ খাইয়ে থাকে। ওয়াশ রুম থেকে উঁকি দিল অন্বয় আর অদ্রি। সবগুলো দাঁত বের করে হাসছে তারা। অরণি হেসে জানতে চাইল,
“এখনো ফ্রেশ হওনি আজ?”
তাদের পিছনে এসে দাঁড়াল পাখি। মৃদু হেসে উত্তর দিল,
“আর বলো না গো। আমার উঠতে দেরি হয়ে গেছে আজ। নামাজের পরে কখন যে চোখদুটো লেগে গেছে আর খেয়ালই নাই। তুমি দুই মিনিট বসো। ওদের এক্ষুনি হয়ে যাবে।”
অরণি অধর প্রসারিত করে হাসল,
“আরে সমস্যা নেই। তুমি ধীরে সুস্থেই করো সবটা। প্যারা নাই। প্রয়োজনে আমি আরেকবার গরম করব নাস্তা।”
পাখি ঘাড় কাত করে সম্মতি দিল। পরপরই বাচ্চা দুটোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অরণি আরাম করে বিছানায় বসল। আজ তার মনটা একটু বেশিই ফুরফুরে। সকাল সকাল সবার আগে প্রিয় মানুষটার সাক্ষাৎ পেয়েছে কি-না! গুনগুনিয়ে মনের সুখে গান গেয়ে চলল সে।
.

সন্ধ্যার ম্লান আলোয় এমপির কার্যালয়টি কেমন যেন গম্ভীর ও থমথমে হয়ে আছে। পশ্চিম আকাশে দিনের শেষ আভাটুকু ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তিন বান্ধবী আজও একসঙ্গে এসেছে এমপির কার্যালয়ে। লাবণ্য আজ থেকে পুনরায় ডিউটিতে যোগ দিয়েছে। তাই ডিউটি শেষ করে হাসপাতাল থেকেই সরাসরি এখানে চলে এসেছে তারা। একটা অটোরিকশা থেকে নেমে তিনজন একসঙ্গে দাঁড়াল। চড়ুই ভাড়া মিটিয়ে দিয়ে পা বাড়াল কার্যালয়ের অভিমুখে। ঠিক সেই সময় গেট দিয়ে একটি গাড়ি প্রাঙ্গণে প্রবেশ করল। গাড়িটির সামনেই পড়েছে ছোট্ট একটি বিড়ালছানা। ছোট ছোট পা চালিয়ে প্রাণপণে ছুটছে সে। চড়ুইয়ের চোখে সর্বপ্রথম ওই দৃশ্যটাই ধরা পড়ল। আড়চোখে একবার পেছনে তাকাল। গাড়িটির দূরত্ব খুব বেশি নয়। অথচ এমন অসহায় একটি প্রাণকে চোখের সামনে চাকার নিচে পিষ্ট হতে দেওয়াও তার পক্ষে সম্ভব নয়। কী করবে, কী করবে ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় একটি বুদ্ধি খেলে গেল। আর এক মুহূর্ত দেরি না করে রাস্তার মাঝবরাবর দাঁড়িয়ে পড়ল সে। লাবণ্য ও নিনিতাও ভ্রু কুঁচকে থেমে গেল। চড়ুইয়ের এমন আকস্মিক আচরণের কারণ তাদের বোধগম্য হলো না। গাড়িটা তার সম্মুখে এসেই ব্রেক কষে থেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল চড়ুই। রাস্তার একপাশে সরে দাঁড়াল সে। তবে গাড়ির দিকে আর তাকাল না। তার সমস্ত মনোযোগ তখন বিড়ালছানাটার দিকে। ছোট্ট প্রাণটা বিপদসীমা পেরিয়ে নিরাপদে সরে যেতেই গাড়ির দিকে মুখ ফেরাল চড়ুই। গাড়ির পেছনের জানালার কাচটা খানিকটা নেমে এল। মুহূর্তেই একজোড়া অর্ধপরিচিত গাঢ় বাদামি চোখের সঙ্গে চোখাচোখি হলো তার। নিকাবের আড়ালে থাকা চড়ুইয়ের চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল,
“সরি, সামনে এগোতে পারেন।”
কথা শেষ করেই আর এক মুহূর্ত দাঁড়াল না সে। দ্রুত পায়ে সামনে এগিয়ে গেল। বাকি দুজন ও ছুটল তার পিছু। অন্যদিকে, গাড়ির ভেতরে বসে থাকা ব্যক্তিটির ওষ্ঠের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠল বাঁকা হাসি। চড়ুইয়ের চলে যাওয়ার পথেই স্থির রইল তার দৃষ্টি।

মধ্যিখানে পেরিয়ে গেছে মিনিট পনেরো। চড়ুই, নিনিতা ও লাবণ্য বর্তমানে এমপি অগ্নিভ দেওয়ানের কার্যালয়ের কক্ষে অবস্থান করছে। ভাগ্যক্রমে আজ অগ্নিভ এখনো কার্যালয়েই রয়েছে। তাদের সম্মুখে রাখা চেয়ারে বসে আছে সে। জানালার ভারী পর্দার ফাঁক গলে বাইরের কৃত্রিম আলোর আভা এসে পড়েছে কক্ষের মেঝেতে। বাইরে করিডরে কর্মচারীদের ব্যস্ত আনাগোনা। মাঝেমধ্যে ভেসে আসছে ফোনের রিংটোন, মানুষের চাপা কথাবার্তা ও পায়ের শব্দ। সন্ধ্যার ব্যস্ততা চারপাশে বিরাজ করলেও এই কক্ষের ভেতর একধরনের সংযত নীরবতা বিরাজমান। ঠিক সেই সময় মৃদু শব্দে খুলে গেল কক্ষের দরজাটা। উপস্থিত সবাই সেদিকে দৃষ্টি ফেরাল। দরজার ওপাশে পরিচিত একটি মুখ। নিজস্ব ভঙ্গিতে ঘরে প্রবেশ করল অরিত্র দেওয়ান। চড়ুই তীব্র বিতৃষ্ণায় মুখ ফিরিয়ে নিল। অরিত্র অবশ্য কারও দিকে ভ্রুক্ষেপ না করে সোজা গিয়ে ডিভানে বসল। তার ভাবভঙ্গি এমন, যেন এই কক্ষে উপস্থিত কাউকেই সে দেখেনি। অগ্নিভ ছোট ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকাল। লাবণ্যকে দেখেই চিনতে পেরেছে সে। তবে তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছে চড়ুইয়ের চোখদুটোতে। মেয়েটার চোখজোড়া অবিকল পাখির মতো। তবুও না চেনার ভান ধরল। মুখখানা আরও গম্ভীর করে বলল,
“প্লিজ, বসুন আপনারা। ছেলেটার খোঁজ চলছে এখনো। বাট কোনো আপডেট পাওয়া যায়নি। তবে শিঘ্রই পাব বলে আশা রাখছি।”
কথাগুলো শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই চড়ুইয়ের রক্ত যেন টগবগ করে ফুটতে শুরু করল। তবুও আপাতত নিজেকে সংযত রাখল। লাবণ্য একটু ইতস্তত করে বলল,
“স্যার, আমার কিছু কথা ছিল।”
অগ্নিভ আগেপিছে না ভেবে তৎক্ষণাৎ সম্মতি জানাল,
“জি, শিওর।”
লাবণ্য দীর্ঘশ্বাস ফেলে নিজের কথাগুলো গুছিয়ে নিল। অতঃপর বলল,
“ভাইয়া, লিয়ন আমার ভাই। আপনারা বলেছিলেন, ওর খোঁজ বের করবেন। কিন্তু তিন দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো আপডেট পেলাম না। তাই আমি নিজেও এবার একটু চেষ্টা করতে চাইছি।”
এমন কথায় অগ্নিভের কপালে গুটিকয়েক ভাঁজের সৃষ্টি হলো। ভ্রুযুগল কুঁচকে প্রশ্ন করল,
“কিন্তু আপনি কী করবেন?”
প্রশ্নটা কানে যেতেই চড়ুইয়ের সবটুকু ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নিজেরা হাত-পা গুটিয়ে বসে আছে, অথচ নির্লজ্জের মতো জানতে চাইছে তারা কী করবে! অপর পক্ষের কথার রেশটুকু মিলিয়ে যাওয়ার আগেই সে বলে উঠল,
“সেটা আপনারা জেনে কী করবেন? কাজের কাজ আদৌ কিছু করতে পারবেন? নাকি আবারও সময় নিয়ে খোঁজার ভান ধরবেন?”
অগ্নিভের কপালের ভাঁজ আরও স্পষ্ট এবং দৃঢ় হলো। সেই একই কণ্ঠস্বর! গতরাতে পাখি যখন তাকে কাপড় পরিবর্তনের কথা জিজ্ঞেস করেছিল, ঠিক এমনই তীক্ষ্ণ ছিল তার কণ্ঠ। দুজনের কণ্ঠস্বরের তীব্রতায় আশ্চর্য রকমের মিল রয়েছে। অথচ একজন প্রতিবাদী ও স্পষ্টভাষী, অন্যজন কোমল ও শান্ত। অগ্নিভ ভ্রু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে পালটা জবাব দিল,
“অযাচিত চিন্তায় আপনাদের মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে, সেটা বুঝতে পারছি। কিন্তু সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। একটু সময় দিয়ে সহযোগিতা করতে হবে আপনাদের।”
চড়ুই চোখ দুটো সরু করে তাকাল,
“আসন্ন নির্বাচনে ব্যানারে এই বাক্যগুলো উল্লেখ করে দেবেন। তাহলে আপনাদের সম্পর্কে আমজনতার ধারণা করতে বেশ সুবিধা হবে।”
এই পর্যায়ে অগ্নিভের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল,
“এলাকার হাজার হাজার মানুষের ভরসাস্থল এমপি অগ্নিভ দেওয়ান। আপনার মতো মানুষের সংখ্যা এখানে যৎসামান্য। চেষ্টা করে দেখতে পারেন অবশ্য।”
কথার সুরটা যেন মুহূর্তেই পালটে গেল। এমন জবাবে চড়ুই, নিনিতা ও লাবণ্য রীতিমতো হতভম্ব। অন্যদিকে অরিত্র এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এবার হাতে থাকা ফোনটি পাজামার পকেটে রেখে ধীরেসুস্থে উঠে দাঁড়াল। শ্লথগতিতে এগিয়ে এসে চড়ুইয়ের মুখোমুখি হলো। মাঝখানে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার উপর থেকে নিচ অবধি চড়ুইকে পরখ করল। পরমুহূর্তেই ঘরের নীরবতা চিরে ভেসে এল পৌরুষদীপ্ত দৃঢ় কণ্ঠস্বর,
“হেটিং আস উইদাউট ইভেন নোয়িং হু উই রিয়েলি আর। ইন্টারেস্টিং!”
কথাগুলো চড়ুইয়ের কাছে কাটা ঘায়ে নুনের ছিটার মতো ঠেকল। মুহূর্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এল। ঠিক সেই সময় খিড়কি গলে প্রবেশ করা এক ঝাপটা বাতাসে চড়ুইয়ের মুখের নিকাবটা কিঞ্চিৎ সরে গেল। আর এই সামান্য সুযোগটুকুই কাজে লাগাল মেয়েটা। তীব্র ঘৃণায় একদলা থুতু ছুড়ে মারল অরিত্রের মুখের ওপর। তেজস্বী কণ্ঠে বলে উঠল,
“দ্যাটস হাউ আই নো ইউ অল।”
একেবারে অপ্রত্যাশিত, অভাবনীয় ও দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসেছে চড়ুই। অগ্নিভ ততক্ষণে চেয়ার ছেড়ে তড়িৎগতিতে উঠে দাঁড়িয়েছে। মেয়েটির দুঃসাহস দেখে সে রীতিমতো হতবাক। চোখজোড়া বিস্ফারিত। লাবণ্য ও নিনিতা মুখে হাত চাপা দিয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন মুহূর্তের জন্য তাদের বাকশক্তি লোপ পেয়েছে। অরিত্রের বাদামি মণিজোড়া মুহূর্তের জন্য রক্তিম আভায় ছেয়ে গেল। পরক্ষণেই তা স্বাভাবিক হয়ে এল। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কপাল ও গালে হাত ছোঁয়াল। আঙুলে লেগে থাকা আঠালো তরলের স্পর্শ অনুভব করতেই তার শাণিত চোয়াল আরও শক্ত হয়ে উঠল। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই ঝড়ের গতিতে এগিয়ে এসে চড়ুইয়ের সঙ্গে সবটুকু দূরত্ব ঘুচিয়ে ফেলল। চোখে চোখ রেখে নিচু এবং হিসহিসে কণ্ঠে বলল,
“আপনার ভাগ্য ভালো আমি মেয়েদের গায়ে হাত তুলি না। এই থুতু আর ঘৃণা বাঁচিয়ে রাখুন, ম্যাম। শিঘ্রই অন্য কাজে প্রয়োজন পড়বে।”
বাক্যগুলোর অন্তরালে নীরব হুমকি স্পষ্ট। অরিত্রের আকস্মিক এগিয়ে আসায় চড়ুই সামান্য পিছিয়ে গেছিল। তার নয়নজোড়া যেন সাক্ষাৎ এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। তবে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল। আর এক মুহূর্তও সেখানে অবস্থান করল না। হন্তদন্ত হয়ে লাবণ্য ও নিনিতাকে সঙ্গে নিয়ে কক্ষ ত্যাগ করল। অরিত্র সেদিকে তাকিয়েই ঠোঁটের কোণে ক্রুর হাসি ফুটিয়ে তুলল। হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে টিস্যু তুলে নিল। বেশ সময় নিয়ে মুখমণ্ডল, গলা এমনকি পাঞ্জাবির গায়ে লেগে থাকা থুতুর দাগগুলো মুছে ফেলল। এরপর নির্বিকার ভঙ্গিতে শিস বাজাতে বাজাতে কক্ষ থেকে বেরিয়ে গেল। অগ্নিভের কপালের শিরাগুলো ততক্ষণে দুশ্চিন্তায় ফুলে উঠেছে। ছোট ভাইয়ের এই অস্বাভাবিক নির্লিপ্ততা তার মোটেও স্বস্তির কারণ হলো না। অরিত্রকে সে খুব ভালো করেই চেনে। এই মুহূর্তের শান্ত, নির্বিকার আচরণের আড়ালে ঠিক কতখানি ভয়ংকর কিছু লুকিয়ে থাকতে পারে, তা তার অজানা নয়। ছোট ভাইয়ের এই উদাসীনতা যে আগামীতে কোনো শুভ পরিণতি বয়ে আনবে না, সে বিষয়ে অগ্নিভের বিন্দুমাত্র সন্দেহ রইল না।

#চলবে

(ভুলক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি। আশাকরি পেইজের এই করুণ সময়ে আপনাদের পাশে পাবো।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন