#চড়ুইপাখির_ঘুলঘুলি |১০|
ঘড়ির কাঁটা ঘাঁটি বেঁধেছে নয়টার ঘরে। ঢাকার আকাশে রাতের কালচে পর্দা নেমে এলেও শহরের বুকে তখনো ঘুমের ছাপ পড়েনি। ব্যস্ত সড়কগুলোতে হেডলাইটের আলো এঁকেবেঁকে ছুটে যাচ্ছে। মাঝেমধ্যে কোনো গাড়ির কর্কশ হর্ন রাতের স্থিরতাকে খানিকটা কাঁপিয়ে দিচ্ছে। ফুটপাতের চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় জমেছে। টং দোকানের বেঞ্চিতে বসে চলছে তর্ক বিতর্ক। বিতর্কিত বিষয়টা অবশ্যই সমসাময়িক রাজনীতি। ইলেকশনের সময় ক্রমশ ঘনিয়ে আসছে বৈকি। রাস্তার বাতিগুলোর নিয়ন দ্যুতিতে আলোকিত ধুলোমাখা ফুটপাত। তারই পাশ ঘেঁষে ছুটে চলেছে রিকশা। শহর কোথাও এখনো সরব। কোথাও আবার রাতের নীরবতা ধীরে ধীরে ঘনিয়ে আসছে। কনক্রিটের তৈরি শহরটা কিঞ্চিৎ অদ্ভুত বটে। এই শহরে কারোর ঘরে ফেরার তাড়া। কারোর অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘ হচ্ছে। কারোর আবার রাতের অন্ধকারে হারিয়ে যাওয়ার ব্যস্ততা। জীবনযুদ্ধে বড্ড বেশিই ক্লান্ত কি-না! এই সময়ে শিকদার কুঞ্জের সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। রাতের খাবার খাওয়া চলছে টুকটাক। কমবেশি সবাই খাবারে মনোযোগী হলেও চড়ুইয়ের মুখে যেন কিছুই উঠছে না। থালার সামনে বসে আছে ঠিকই কিন্তু খাবারের দিকে মন নেই তার। নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে। নিজের করা বোকামিতে নিজেই এখন দিশেহারা। কী করবে, কীভাবে পরিস্থিতি সামাল দেবে, কিছুই বুঝে উঠতে পারছে না। স্বেচ্ছায় বিন বাজিয়ে সাপকে গলায় জড়ানোর মতো অবস্থা হয়েছে তার। সেই সন্ধ্যা থেকে একদণ্ডের জন্যও স্বস্তি মেলেনি অন্তরে। এতটা শান্ত মস্তিষ্কের অধিকারী হয়েও এমন অবুঝের মতো কাজ কেন যে করতে গেল! এখন সেই ভুলের মাশুল কীভাবে দেবে, সেটাই ভেবে কূল পাচ্ছে না। শুয়াইব শিকদার খাবার টেবিলে বসার পর থেকেই মেয়ের অন্যমনস্কতা লক্ষ্য করছেন। ওনার মনটাও কেমন খচখচ করছে। চারপাশে যেভাবে একের পর এক মানুষ নিজেরাই শত্রুতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেখানে মেয়েটাকে নিয়ে ওনার দুশ্চিন্তার অন্ত নেই। পৃথিবীর অন্য সব চিন্তাকে ছাপিয়ে মেয়ের নিরাপত্তার বিষয়টাই এখন ওনার কাছে মুখ্য। এই পর্যায়ে শুয়াইব শিকদার নরম গলায় ডাকলেন,
“আম্মু? কোনো সমস্যা?”
চড়ুই থালার একপাশে আঙুল দিয়ে অন্যমনস্কভাবে আঁকিবুঁকি করছিল। বাবার ডাকে ঈষৎ নড়েচড়ে বসল। চোখ তুলে সামনের দিকে তাকাতেই দেখল, বাড়ির প্রায় সবাই কৌতূহলী দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। ঠোঁটে জোরপূর্বক একটুখানি হাসি ফুটিয়ে তুলল সে,
“না, আব্বু।”
মেয়েটা মিথ্যা বলতে অভ্যস্ত নয়। কণ্ঠে মিশে থাকা বিষণ্নতাই মুহূর্তে তার মিথ্যেটুকু প্রকাশ করে দিল। শুয়াইব শিকদার কিছুটা আঁচ করতে পারলেন বটে তবে নিজ থেকেই প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। বাড়ির এই দুটো নির্জীব প্রাণকে অযথা দুশ্চিন্তায় ফেলার কোনো মানে হয় না। এমন সময় রোকসানা বেগম পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে উঠলেন,
“আরে, দাদুভাইয়ের বিয়ার বয়স পেরিয়ে যাইতাছে না? তাই হয়তো শাউরির পোলাডার লাইগা মন কেমন করতাছে!”
কথাগুলো বলে নিজেই খিকখিক করে হেসে উঠলেন। চড়ুই তাকাল দাদির দিকে। মানুষটার স্নিগ্ধ হাসি চোখে পড়তেই যেন মনের ওপর জমে থাকা ভারটা খানিকটা হালকা হলো। রোকসানা বেগম মানুষ হিসেবে বেশ মজার। আনন্দ ফুর্তিতেই মেতে থাকেন সবসময়। বয়স যেন ওনার কাছে নিতান্তই একটা সংখ্যা। চড়ুইয়ের তো মাঝেমধ্যে মনে হয়, ছোটবেলা থেকে দেখে আসা মানুষটা আজও ঠিক আগের মতোই রয়ে গেছেন। বয়সের ভার ওনাকে একটুও ছুঁতে পারেনি। বোধহয় মানুষ মন খুলে হাসলে, আনন্দে বাঁচলে চেহারাতেও বয়সের ছাপ কিছুটা দেরিতে পড়ে। এবার রোকসানা বেগম নিজের ছেলেকে উদ্দেশ্য করে বললেন,
“ও সুয়াইব, দাদুভাইয়ের একটু গতি করে দে এইবার। একজন তো নামের মতোই উইড়া গেল। ফাঁকি দিলো আমারে। তার বিয়া নিয়া কত স্বপ্ন ছিল আমার! যাক গে, এইবার ছোট দাদুভাইয়ের বিয়াডা খাইয়া মরি।”
কথাগুলো বলতে বলতে ওনার মুখের হাসিতে একটুখানি বিষাদের ছায়া পড়ল। শুয়াইব শিকদার নীরব চোখে কিছুক্ষণ জন্মদাত্রীর দিকে তাকিয়ে রইলেন। হয়তো মায়ের কথার আড়ালে লুকিয়ে থাকা আক্ষেপটুকু অনুভব করলেন। অতঃপর মুখে হাসি ফুটিয়ে জবাব দিলেন,
“সময়মতো সব হবে, আম্মা। ইন শা আল্লাহ, এইবার আপনার সব শখ পূরণ হবে।”
ছেলের আশ্বাসে সন্তুষ্ট হলেন রোকসানা বেগম। পাশ থেকে আলেয়া বেগম শুধালেন,
“আরেক পিস গোশত দেই, আম্মা?”
রোকসানা বেগম তৎক্ষণাৎ নাকচ করলেন,
“না গো বউমা, আর দিও না। সেই বয়স কি আর আছে নাকি যে তিন চার টুকরা গোশত খাব! দেখছ না, দুই টুকরা নিয়াই খাইতে পারি না।”
আলেয়া বেগম আর জোর করলেন না। নিজের বাড়ি, যখন ইচ্ছা খাবেন। আপাতত শাশুড়ির কথায় মৃদু হেসে নিজের খাবারে মনোযোগ দিলেন। এতক্ষণ নীরব চোখে পুরো দৃশ্যটা পরখ করছিল চড়ুই। পরিবারের মানুষগুলোর এমন চমৎকার মিল মহব্বত দেখে বুকের ভেতরটা প্রশান্তিতে ভরে উঠল। তার বোধবুদ্ধি হওয়ার পর থেকে কখনো মাকে দাদির সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখেছে বলে মনে পড়ে না। বরং দুজনের সম্পর্কটা বরাবরই স্নেহ আর বোঝাপড়ায় মোড়ানো। প্রয়োজনই পড়েনি কখনো মনোমালিন্যের। দাদি মানুষটাই এমন, যাঁর সান্নিধ্যে থাকলে অকারণেও মন ভালো হয়ে যায়। চড়ুইয়ের মনে হলো, একটা পরিবারের সৌন্দর্য বোধহয় এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। ভাবনার মাঝেই হঠাৎ কর্ণগোচর হলো শুয়াইব শিকদারের কণ্ঠ,
“খাও, আম্মু। দেখো, তোমার আম্মার রান্না ডালটা ভীষণ টেস্টি হয়েছে।”
চড়ুই বাবার দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ল। অতঃপর ভাত মেখে এক লোকমা খাবার মুখে তুলল। মেয়েকে অন্তত এক লোকমা খেতে দেখে শুয়াইব শিকদার এতক্ষণে কিছুটা স্বস্তি পেলেন।
এদিকে স্বামীর কাছ থেকে সামান্য প্রশংসা পেয়েই ভেতরে ভেতরে আনন্দে গদগদ হয়ে উঠলেন আলেয়া বেগম। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে লাজুক হাসি। শুয়াইব শিকদারের চোখ এড়াল না সেই হাসি। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। নিজের ঠোঁটের কোণের হাসিটুকুও আরও বিস্তৃত হলো।
.
রাতের সময় এগারোটা। আকাশের বুকজুড়ে থালার মতো বিশাল একখণ্ড চাঁদ ঝুলে আছে। তার স্নিগ্ধ জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে নগরীর ছাদ, বৃক্ষরাজি আর ফাঁকা প্রাঙ্গণজুড়ে। আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নক্ষত্রগুলো চাঁদের আলোর কাছে কিছুটা ম্লান হয়ে এসেছে। মৃদুমন্দ বাতাসে গাছের ডালপালাগুলো বারবার দুলে উঠছে। পাতায় পাতায় লেগে থাকা জ্যোৎস্নার রুপালি আভা বাতাসের দোলায় কেমন নড়েচড়ে উঠছে। কোথাও থেকে ভেসে আসছে পাতার মর্মর শব্দ, রাতজাগা ঝিঁঝিঁ পোকার একটানা ডাক। দূর আকাশে ভেসে বেড়ানো হালকা মেঘের আস্তরণ কখনো শশীর মুখ ঢেকে দিচ্ছে। আবার পরক্ষণেই বাতাসের টানে তা সরে যাচ্ছে। রাতের ঠাণ্ডা ঝিরঝিরে হাওয়ায় দিনের উত্তাপ অনেকটাই প্রশমিত। সব মিলিয়ে প্রকৃতিজুড়ে চোখজুড়ানো স্নিগ্ধতা ছড়িয়ে আছে। চাঁদের আলোয় রাতটাকে কেমন অলৌকিক মনে হচ্ছে। এমন সুন্দর রাতে নিজেদের বাড়ির ছাদে একাকী দাঁড়িয়ে আছে চড়ুই। নিজ কক্ষে দমবন্ধ হয়ে আসছিল তার।ওড়না দিয়ে মাথাসহ শরীরটা বেশ ভালোভাবেই আবৃত করে রেখেছে। একদৃষ্টে চেয়ে আছে আসমানের বুকে বিরাজমান সুন্দরী মৃগাঙ্কের দিকে। অথচ তার মস্তিষ্কজুড়ে চিন্তার কোনো সুনির্দিষ্ট বিন্যাস নেই। সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে, মাথার ভেতরটা একেবারে শূন্য। অথচ তার যুদ্ধের তো সবে শুরু! কোথা থেকে শুরু করবে, কীভাবে পরিস্থিতি সামাল দেবে, কিছুই বোধগম্য হচ্ছে না। মেয়েটা যেন একেবারে মাঝনদীতে এসে পড়েছে। চারপাশে অথৈ জল। তীরে পৌঁছানোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। বারবার অরিত্র দেওয়ানের সেই হাড়হিম করা দৃষ্টি চোখের পর্দায় ভেসে উঠছে। অমনি অজানা এক শীতল স্রোত বয়ে যাচ্ছে মেরুদণ্ড বেয়ে। সম্পূর্ণ শরীর শিরশির করে উঠছে। কী এক অবিবেচকের মতো কাজ করে বসেছে সে! নিজের রাগটুকু সংবরণ করতে পারল না কেন? সেই সামান্য মুহূর্তের আবেগই কত বড়ো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, তা ভেবেই অন্তরটা কুঁকড়ে আসছে বারবার। নিজের উত্তাল ভাবনার মাঝেই পাশে কারও উপস্থিতি অনুভব করল চড়ুই। এই সময়ে কে আসতে পারে, সে সম্পর্কে তার ধারণা আছে। তবুও নিশ্চিত হতে আড়চোখে পাশে তাকাল। ধারণা ভুল হয়নি। শুয়াইব শিকদার এসে দাঁড়িয়েছেন তার পাশে। চড়ুই এইবার পাশ ফিরে বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। শুয়াইব শিকদারও কিছুক্ষণ মেয়ের চোখে চোখ রাখলেন। দুজনের মধ্যে কোনো প্রশ্নের আদান প্রদান হলো না। বিনিময় হলো না একটা শব্দও। কেবল নিঃশব্দে একহাতে মেয়েকে নিজের বুকের কাছে টেনে নিলেন তিনি। চড়ুইয়ের ঠিক এইটুকুই প্রয়োজন ছিল। বাবার বুকের একপাশে মাথা রেখে বুকভরে শ্বাস নিল সে। বাবার পাঞ্জাবীর পরিচিত সুগন্ধটা তার ভীষণ প্রিয়। এই গন্ধে কেমন এক অদ্ভুত নিরাপত্তা মিশে থাকে যেন। পরম আবেশে চোখের পাতা বুজে নিল চড়ুই। মনে হলো, পৃথিবীর সমস্ত অস্থিরতা থেকে আপাতত এই বুকটাই তাকে শান্তি দিচ্ছে। সেভাবেই বেশ কিছুক্ষণ সময় পেরোল। চারপাশের নিস্তব্ধতা ভেঙে চড়ুই নিজেই মুখ খুলল। বাবার বুকের সঙ্গে মাথা ঠেকানো অবস্থাতেই চাপা কণ্ঠে বলল,
“একটা বোকামি করে ফেলেছি, আব্বু। স্বেচ্ছায় রাস্তার সাপ গলায় ঝুলিয়েছি। সাজানো সবকিছু ঘেঁটে ঘ করে ফেলেছি। খুব অসহায় লাগছে।”
মেয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন শুয়াইব শিকদার। কণ্ঠে কোনো বিস্ময় কিংবা উদ্বেগ প্রকাশ না করে জানতে চাইলেন,
“কী করেছ, আম্মু?”
বাবার প্রশ্নে চড়ুই বড়ো একটা শ্বাস ফেলল। কিছুটা সময় নিয়ে দৃঢ় কণ্ঠে উত্তর দিল,
“থুতু দিয়েছি অরিত্র দেওয়ানের গায়ে। রাগ সংযত করতে পারিনি, আব্বু। ওনাদের ওই লোক দেখানো দায়িত্ব আমি আর নিতে পারছি না। একটা জলজ্যান্ত প্রাণীকে ওনারা ফেলনা ভেবে বসে আছে। যেন মানুষটার কোনো অস্তিত্বই ছিল না!”
মেয়ের এমন স্বীকারোক্তিতে ফিক করে হেসে ফেললেন শুয়াইব শিকদার। চড়ুই চোখ বড়ো বড়ো করে বাবার দিকে তাকাল। হাসছেন বাবা? অথচ এখানে হাসার মতো কী আছে! তার দৃষ্টিতে স্পষ্ট প্রশ্ন ফুটে উঠল। মেয়ের অভিব্যক্তি লক্ষ করে শুয়াইব শিকদার হাসি সংবরণ করলেন। অতঃপর শান্ত গলায় বললেন,
“কাজটা একেবারে ভুল করেছ, তা বলছি না। তবে এমন কিছু করা উচিতও হয়নি। সবসময় মনে রাখবে, রাগ সংবরণ করতে পারা একটা সুন্দর গুণ। যেটা সবাই পারে না। এই যে এর ফলে তোমার যুদ্ধটা আরেকটু কঠিন হয়ে উঠতে পারে, আম্মু। অপরপক্ষ এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেই। ব্যস, এইটুকুই।”
বাবার এমন স্বাভাবিক প্রতিক্রিয়ায় চড়ুইয়ের ভ্রু যুগল কুঁচকে গেল। তিনি কি বিষয়টাকে খুব সহজভাবে নিচ্ছেন? নাকি পরিস্থিতির ভয়াবহতা এখনো আঁচ করতে পারেননি? বাবাকে সে যতটা চেনে, তাতে এমন নির্বিকার থাকার কথা নয়।
কিছুটা দ্বিধা নিয়েই প্রশ্ন করল,
“এত সহজভাবে সবকিছু কি আদৌ হবে, আব্বু?”
শুয়াইব শিকদার মেয়ের মাথায় স্নেহের পরশে হাত রাখলেন। কণ্ঠে আশ্বাসের দৃঢ়তা রেখে বললেন,
“আব্বু আছে তো। তাহলে এত চিন্তা কিসের? আমার লাশের ওপর দিয়ে যেতে হবে তোমার ক্ষতি করতে হলে।”
কথাগুলো শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই চড়ুইয়ের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মাঝেমধ্যে তার মনে হয়, সত্যিই ভীষণ ভাগ্যবতী সে। নতুবা এমন একজন বাবা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। যে মানুষটা নিজের সমস্তটুকু দিয়ে আগলে রাখতে চান তাকে। চড়ুইয়ের কাছে পৃথিবীর সমস্ত প্রতিকূলতার বিপরীতে নির্ভরতার একটিমাত্র নাম, আব্বু। কৃতজ্ঞতায় চোখ দুটো টলমল করে উঠল মেয়েটার। মুখে কিছু বলল না। কেবল বাবার বুকে মাথা রেখে আরও একটু সেঁধিয়ে গেল। শুয়াইব শিকদারও মেয়ের মাথায় স্নেহের পরশ হাত বুলিয়ে দিতে লাগলেন। বাবা মেয়ে দুজন সেভাবেই নীরবে বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে রইল।
.
পরদিন দুপুর। ঘড়ির কাঁটার দখলদারিত্ব বারোটার ঘরে। মাথার ওপর সূর্যটা বেশ চড়া অথচ বাড়ির উঠোনজুড়ে যেন একখণ্ড শীতল শোক নেমে এসেছে। কয়েকদিনের উৎকণ্ঠা, অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটেছে ঠিকই তবে তার পরিবর্তে যে সংবাদটি ফিরে এসেছে তা মেনে নেওয়ার সাধ্য কারও নেই। বাড়ির প্রধান ফটক থেকে ভেতরের উঠোন পর্যন্ত মানুষের ভিড়। আঙিনার বাতাসে ভেসে চলা উটকো দুর্গন্ধও মানুষের ঢল কমাতে সক্ষম হয়নি। কারোর চোখে অশ্রু, কারোর মুখে বাকরুদ্ধ বিস্ময় স্পষ্ট। কেউ চাপা স্বরে কিছু একটা বলছে আবার পরক্ষণেই থেমে যাচ্ছে। যেন সামান্য উচ্চকণ্ঠ হলেই বাড়িটার বুক চিরে কান্নার স্রোত বেরিয়ে আসবে। উঠোনের একপাশে পড়ে আছে সাদা কাপড়ে আংশিক ঢাকা একটা রক্তাক্ত, কর্দমাক্ত বস্তা। বাড়ির পেছনের পুকুরে কে বা কারা যেন সেটা ফেলে রেখে গিয়েছে। সকালে এক গৃহিণীর নজরে আসতেই পাড়াজুড়ে হইচই পড়ে যায়। বস্তাটির মুখের দিক থেকে ভেসে আসছিল পঁচা মাংসের অসহনীয় দুর্গন্ধ। শেষমেশ একজন পুরুষ মানুষ মুখে গামছা বেঁধে এগিয়ে যায়। ইতস্তত হাত বাড়িয়ে বস্তার মুখ খুলতেই উপস্থিত সকলের হৃৎস্পন্দন থমকে যায়। বস্তার ভেতরে পড়ে আছে একটা মানুষের ক্ষতবিক্ষত অর্ধগলিত দেহাবশেষ। ধারালো কোনো অস্ত্রের আঘাতে শরীরটাকে নির্মমভাবে খণ্ডবিখণ্ড করা হয়েছে। পচনের কারণে চেহারা শনাক্ত করার উপায় নেই বললেই চলে। তবে বস্তার ভেতরে পড়ে থাকা একটি পঁচা শার্টের অংশ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটার সঙ্গে লিয়ন নিখোঁজ হওয়ার দিন পরিহিত শার্টের মিল রয়েছে। সেই সূত্র ধরেই উপস্থিত সবাই ধারণা করেছে, এটি সম্ভবত লিয়নেরই মৃতদেহ। যে মানুষটাকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি মুহূর্ত গুনেছে পরিবার, সে ফিরেছে ঠিকই। তবে এমনভাবে, যেভাবে কোনো স্বজনকে ফিরে পাওয়ার দুঃস্বপ্নও কেউ দেখতে চায় না। লিয়ন মিশুকে, নম্র ভদ্র স্বাভাবের হওয়ায় পাড়া প্রতিবেশীদের বড্ড আদরের ছিল। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। কেউ বুক চাপড়ে বিলাপ করছে, কেউ আবার হতভম্ব হয়ে নিথর বসে আছে। বিশ্বাস করতে পারছে না, কয়েকদিন আগেও যে মানুষটা তাদের সঙ্গে কথা বলেছে, হেসেছে, স্বাভাবিকভাবে জীবন কাটিয়েছে, আজ তার এমন পরিণতি হতে পারে! লিয়নের মায়ের মুখে কোনো শব্দ নেই। বারবার ছেলের মুখটা মনে করার চেষ্টা করছেন। কোথায় গেল সে? এতদিন কোথায় ছিল? কেন এভাবে ফিরতে হলো তাকে? কিসের বেড়াজালে আটকে গেছিল যে দিনশেষে এমন পরিণতি হলো? অথচ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো মানুষটা আজ চিরতরে নীরব। বাইরে রোদের তীব্রতা একটুও কমেনি। উঠোনের গাছগুলোর পাতায় দুপুরের আলো ঝিলমিল করছে। দূরে কোথাও পাখি ডেকে উঠছে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে দিব্যি চলমান। কেবল বাড়ির ভেতরের সময়টা যেন ঠিক এই মুহূর্তেই থমকে দাঁড়িয়েছে। লাবণ্যর মা একেবারে পাথর বনে গেছেন। মানুষটা আর কাঁদছেনও না। অল্প শোকে মানুষ কাতর হয়, অধিক শোকে পাথর প্রবাদটির যেন বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি। নিজের সামনে ছেলের এমন পরিণতি দেখেও ওনার চোখে আর অশ্রু অবশিষ্ট নেই। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন বস্তাটার দিকে। যেন এখনো বিশ্বাস করতে পারছেন না, ওখানে তাঁরই বুকের ধন শুয়ে আছে। লাবণ্য বাড়িতে নেই। হাসপাতালে ডিউটিতে আছে। এতক্ষণে হয়তো খবর পেয়ে গেছে। কিন্তু খবরটা শোনার পর তার মনের ভেতর কী চলছে তা ভাবার শক্তিও যেন কারও অবশিষ্ট নেই। সেভাবেই কতক্ষণ পেরোল কে জানে! অকস্মাৎ এক নারী কণ্ঠের আর্তনাদে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে উঠল। উপস্থিত সবাই একযোগে প্রধান ফটকের দিকে তাকাল। দেখা গেল, লাবণ্য এসেছে। সঙ্গে চড়ুই এবং নিনিতাও রয়েছে। লাবণ্যর পা টলছে। একরকম ছুটে গিয়ে মায়ের সম্মুখে বসে পড়ল সে। মায়ের মুখের দিকে তাকাতেই বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা কান্না হয়ে বেরিয়ে এল। ডুকরে কেঁদে উঠল,
“মা, আমাদের সব শেষ। আর কেউ রইল না!”
লাবণ্যর মা একঝলক মেয়ের দিকে তাকালেন। দৃষ্টিতে কোনো অভিব্যক্তি নেই। যেন চোখের সমস্ত অনুভূতি কেউ এক নিমেষে শুষে নিয়েছে। তবু মাতৃত্বের সহজাত প্রবৃত্তি তাঁকে নিস্তব্ধ থাকতে দিল না। দুহাতে মেয়েকে বুকের সঙ্গে আগলে নিলেন। মুখে একটি শব্দও উচ্চারণ করলেন না। কেবল মেয়ের মাথায় হাত রেখে বসে রইলেন। কিছুক্ষণ পর আবার দৃষ্টি ফেরালেন বস্তাটার দিকে। পুলিশ আসবে, তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ চলবে। কত নিয়ম, কত আনুষ্ঠানিকতা! কিন্তু এসবের পর কি কেউ ওনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে? যদি নাই পারে, তবে ওই প্রাণটাকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই তো। দাফন করে দিক। যে শূন্যতা বুকের ভেতর তৈরি হয়েছে, তা কি কোনো তদন্তের ফলাফলে পূরণ হওয়ার? চড়ুই এতক্ষণ থমকে দাঁড়িয়ে ছিল। এই পর্যায়ে শ্লথগতিতে এগিয়ে গেল বস্তাটার দিকে। কয়েক পা দূরে দাঁড়াতেই পঁচা মাংসের বিকট দুর্গন্ধে পাকস্থলী যেন মোচড় দিয়ে উঠল। পেটের ভেতরকার সবকিছু উঠে আসতে চাইল গলা অবধি। তবুও একচুল নড়ল না সে। স্থির চোখে তাকিয়ে রইল বস্তাটার দিকে। তার মস্তিষ্কে তখন একের পর এক প্রশ্নের আনাগোনা। কে করল এমনটা? কী অপরাধ ছিল ছেলেটার? নিষ্পাপ প্রাণগুলোকে এভাবে হত্যা করে কার কী লাভ? একটা সন্তানকে বড়ো করতে বাবা মায়ের জীবনের কতটা সময়, শ্রম আর ভালোবাসা ব্যয় হয়, তার হিসাব কি কেউ রাখে? অথচ মুহূর্তের নির্মমতায় সবকিছু শেষ হয়ে যায়। যে ঘরে একদিন সন্তানের হাসির শব্দে সকাল শুরু হতো, সেই ঘরেই আজ তার মৃত্যুর সংবাদ নিয়ে দুপুর নেমেছে। অসংখ্য প্রশ্ন জমা হলো চড়ুইয়ের মস্তিষ্কে। অথচ উত্তর মিলল না। বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাসটুকু নিঃশব্দে ছেড়ে দিল সে। দুপুরের ভারী বাতাসে মিশে গেল সেই দীর্ঘশ্বাস।
#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী
(ভুলক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশাকরি আবারও নিয়ম করে একদিন পরপর গল্প দিতে পারব। আপনাদের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি। পেইজ ঠিক রাখতে আপনাদের রেসপন্স ভীষণ প্রয়োজন, প্রিয়তমারা।)