ফন্ট সাইজ:
থিম:
মন কেমনের দিনে

পর্ব 2

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#মন_কেমনের_দিনে [২]
#সানজিদা_খানম_স্বর্ণা

আজ তিন দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ। পৃথিবীটা এতো জঘন্য, এতো নিষ্ঠুর কেন? যেই ছেলেটার সাথে আমার প্রেম হয়নি সেই ছেলেটার রূঢ় আচরণে আজ তিন দিন ধরে আমি মর্মাহত হয়ে বসে আছি। আশ্চর্য! সম্পর্ক নেই, অধিকার নেই, অথচ তার দুটো কঠিন কথার ভারে মনটা ভারাক্রান্ত হয়ে আছে ভীষণ!

অ-প্রেমিকের নামে উৎসর্গ করা বিকেলগুলোকে ঘরবন্দি করেছি আজ তিনটে দিন। বারান্দার রেলিং পেরিয়ে বিকেলের রোদ এসে মেঝেতে পড়ে, পাখিরা ডেকে ওঠে, দূরে কোনো মসজিদ থেকে ভেসে আসে মাগরিবের আজানের ধ্বনি, তবু আমি বের হই না। উদাস মনটাকে বিষণ্ণতার চাদরে মুড়িয়ে ঘরময় পায়চারি করি অলস প্রহর। সহসা উত্তাল প্রেমতরঙ্গে কম্পিত, কণ্টকিত, আন্দোলিত মনটা ‘প্রেম’ শব্দের ওপর একরাশ ঘৃণার আস্তরণ জমিয়েছে। প্রেমের উদ্দামতা স্তিমিত হয়ে গিয়েছে সেদিনের পর থেকে। অবশ্য সেদিনের পর থেকে সন্ধ্যার ঠিক পরপর বারান্দায় গিয়ে উপস্থিত হই আমি। বারান্দা জায়গাটা আমাকে এক অজানা আকর্ষণে টানতে থাকে সর্বক্ষণ। সেই আকর্ষণ উপেক্ষা করার শক্তি আমার নেই। সন্ধ্যার আয়োজন ফুরিয়ে যাওয়ার পরপরই চঞ্চল পা দুটো ছুটে যায় বারান্দায়। আমি নির্বাক তাকিয়ে থাকি তারাভরা আকাশের দিকে। এক টুকরো নির্মল আকাশ আমার মন খারাপের সঙ্গী হয়ে থাকে মধ্যরাত অবধি।

বেহায়া মনটা মাঝে মাঝে ক্ষীণ সম্ভাবনার আশায় দুয়েকবার বাধ্য করে নিচে তাকাতে। বিমূঢ় বিহ্বল দৃষ্টিতে নিশ্চিহ্ন শূন্যতার দিকে তাকিয়ে থাকি অপলক। আজ হঠাৎ নিচে তাকিয়ে সামান্য নড়েচড়ে উঠলাম। অবছা অন্ধকারে একটা পরিচিত ছায়ামূর্তি সরে গেল মনে হলো। মনের কোণে একটা কৌতূহলী প্রশ্ন উঁকি দিল, সেই ছেলেটা আর সন্ধ্যার পরপর বাড়ি ফিরছে কেন? আচ্ছা, ছেলেটা কয় তলায় থাকে? সে কি একা থাকে? নাকি পরিবারের সঙ্গে বাস করে? আমরা একই বিল্ডিংয়ে থাকি কিন্তু ছেলেটার নাম-দাম থেকে শুরু করে কোনো রূপ তথ্যই জানা নেই আমার। জানার কোনো উপায়ও নেই। স্বেচ্ছায় আমি কোনোদিনও এই ছেলে বা তার পরিবার সম্পর্কে খোঁজ করতে পারব না। মনে মনে কেবল প্রশ্নের পসরা সাজিয়ে অপেক্ষা করতে পারব দিনের পর দিন…

অতএব, ওই চকিত ছায়াটুকু আশ্রয় করে আমি আরও একবার খোঁজার চেষ্টা করলাম মানুষটাকে। ইস্, আর একটু আগে এলে বোধহয় সম্পূর্ণ মানুষটাকেই দেখতে পেতাম। তিন তলার অন্ধকার বারান্দায় আমার অস্তিত্ব আবিষ্কার করতে কোনোভাবেই পারত না চশমিশ ছেলেটা। বুকের মাঝে অস্থির তোলপাড় হলো। তিন মাসের ব্যবধানে ছেলেটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, সেই অভ্যাসের দাসত্ব থেকে নিজেকে কোনোভাবেই বের করতে পারছি না আমি।

অস্থির মন নিয়ে এই দমবন্ধকর পরিবেশে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না আমার। দ্রুত পায়ে রান্নাঘরে এসে ঝটপট এক কাপ আদা চা বানালাম। অতঃপর বিষণ্ণতা কাটাতে ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। এই বাড়ির ছাদটা প্রকাণ্ড। চারদিকে রেলিং এবং একপাশে ছোট্ট চিলেকোঠার ঘর। জাঁদরেল বাড়িওয়ালার নির্দেশে বিল্ডিংয়ের বাচ্চাদের ছাদে ওঠা বারণ। এতদিন নিজেকে বাচ্চাদের কাতারে ফেলেই ছাদের মুক্ত বাতাসের স্বাদ নেওয়া থেকে নিজেকে বঞ্চিত করেছিলাম আমি। আজ হঠাৎ আমার বিহঙ্গ মন একটু উড়তে চাইল।

ছাদের দরজাটা হাট করে খোলা। আমার ভীষণ রকম অস্বস্তি হলো, অচেনা কারো অস্তিত্ব থাকতে পারে ভেবে একবার ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। কিন্তু আমার অসভ্য মনটা কিছুতেই সায় দিল না। অগত্যা গুটিগুটি পায়ে এগিয়ে গেলাম, ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে।

“আপনি আবার আমার খোঁজে ছাদে চলে এসেছেন?”

অপরিসীম বিস্ময়, অবাধ কৌতূহল, অবোধ সারল্য নিয়ে আমার পাশে এসে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালাম আমি। অপমানের তীব্র বাক্যটা আমার অন্তর ছিন্নভিন্ন করল মুহূর্তে। প্রচণ্ড রাগ আর গা-জ্বালানি অনুভূতি নিয়ে নির্লিপ্তভাবে উচ্চারণ করলাম,

“আপনার সমস্যা কী বলুন তো? সব জায়গায় ফাইজলামি না করলে আপনার ভালো লাগে না, তাই না? আর ইউ ম্যাড? অসুস্থ হলে প্লিজ ডাক্তার দেখান। তবুও যখন-তখন পাতা সেবন করে এসে যেখানে-সেখানে নিজের মুখ খুলবেন না, প্লিজ।”

ছেলেটার চোখদুটোতে টলমল করে উঠল কৌতুক। সে হাসল ঠোঁট প্রসারিত করে। হাসি দেখে আমার ব্রহ্মতালু অবধি জ্বলে গেল। এই অসভ্যটাকে দেখার জন্য আমি উতলা হচ্ছিলাম এতো? ছি! এই মুহূর্তে নিজের গালে কষিয়ে একটা থাপ্পড় দিতে পারলে বোধহয় ভালো লাগত। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললাম আমি। রুক্ষভাবে বললাম,
“এই আপনি বেহায়ার মতো হাসছেন কেন? গাধা নাকি? বাংলা ভাষা বোঝেন না?”

ছেলেটার ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। ঠোঁটের কোণে অসহ্য হাসিটা ঝুলিয়ে রেখে আমার আরও একটু কাছে সরে এল বেয়াদব ছেলেটা,

“বাংলা ভাষা বুঝি তো! কিন্তু আমার জন্য আপনার এমন উতলা হওয়ার কারণটা ঠিক বুঝতে পারছি না। তার মানে ওইদিন আমার আন্দাজে ছোঁড়া তীরটা ভুল ছিল না…”

ভ্রু জোড়া কিঞ্চিৎ কুঞ্চিত করে হাস্যমুখের দিকে তাকালাম আমি। ছেলেটার হেঁয়ালিপূর্ণ কথাগুলো কিছুতেই মাথায় ঢুকল না। থমথমে গলায় বললাম,
“মানে?”
“মানেটা খুব সিম্পল। আমার বারণের পর থেকে আপনি আর বারান্দায় এসে দাঁড়িয়ে থাকেন না যেহেতু, সেহেতু আমি ধরে নিতে পারি আপনি সবসময় আমাকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতেন…”

আমার মনের আকাশে মেঘ জমল তখনই। বিদায় নেওয়া টলমলে আবেগগুলো ফিরে ফিরে এল হঠাৎ। ছেলেটা এমন রহস্য করে কথা বলছে যেসবের আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। এটা খুব সত্যি যে আমি তাকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতাম এবং সেই দাঁড়িয়ে থাকাটা যখন ছেলেটার অস্বস্তির কারণ হলো আমি সরে গিয়েছি। আবেগগুলো বন্দি করে ফেলেছি বহু কষ্টে। এখন আবার নতুন সুর কেন? এই ছেলেটা কী চায়? উফফ! বিদ্রুপের সুর উথলে উঠল আমার কণ্ঠে। তাচ্ছিল্যের হাসি ঠোঁটে এঁকে প্রত্যুত্তর করলাম,

“নিজের গুরুত্ব সম্পর্কে আপনার ধারণা বেশ উঁচু। বাট সবার জীবনে আপনি সমান গুরুত্ব পাবেন না মিস্টার…”

“ফারাবি।”

আমি থামার সঙ্গে সঙ্গেই নিজের নাম অবগত করল ছেলেটা। আমি ভ্রু টানটান করে মাথা ঝাঁকালাম। যার অর্থ—ওকে মিস্টার ফারাবি, আপনার নাম জেনে ভালো লাগল। অবশ্য মুখে কোনো কথা উচ্চারণ করলাম না। ফারাবি আবার বলল,
“আপনার নামটা কী যেন?”

ভীষণ পরিচিত একটা ভাব, যেন বহু আগে থেকেই ছেলেটা আমার নাম জানত। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার নামটা মনে করতে পারছে না। নাটক! কঠিন মুখে বললাম,
“আমার নাম জেনে আপনার কী লাভ?”

ছেলেটা ফের হাসল,
“নামের সাথে লাভ-লোকসানের কী সম্পর্ক?”
“সম্পর্ক যেহেতু নেই, সেহেতু নাম না জানাটাই উত্তম। এমনিও আপনাকে আমার অসহ্য লাগে। আপনি ভীষণ বিরক্তিকর একজন মানুষ।”

ঠিক কী কারণে এই ছেলেটা সামনে আসলে আমার এতো বিতৃষ্ণা জাগে মনে সেটা ঠিক বুঝতে পারলাম না। হতে পারে দিন তিনেক আগের অমন অভদ্র আচরণই এর জন্য দায়ী। অবশ্য আমার কঠিন কথায় ফারাবি বিন্দুমাত্র বিচলিত হলো না। ঠোঁটে লেপ্টে থাকা চিকন হাসির রেখা সামান্য চওড়া করে স্থির কণ্ঠে প্রশ্ন করল,
“আর যদি বলি, লাভ আছে। তাহলে নামটা বলবেন?”

“না, বলব না।”

ফের রূঢ়ভাবে জবাব দিলাম আমি। ফারাবি অসহায় চোখে তাকাল এবার। চশমার আড়ালের চোখদুটোতে ভিড় করল ভীষণ রকম কাতরতা। অনুনয়ের সুরে বলল,
“আপনি আমার ওপর রাগ করেছেন?”
“না।”
“মিথ্যে বলছেন কেন?”
“কী আশ্চর্য! আপনাকে মিথ্যে বলে আমার কী লাভ? আপনাকে আমি ঠিক করে চিনিই না।”

ফারাবি তীক্ষ্ণ চোখে তাকাল। যেন আমি বিশাল কোনো অপরাধ করে ফেলেছি আর সে আমাকে দেখছে পুলিশের নজরে। আমি চোখ ঘুরিয়ে আকাশ পানে তাকালাম। ঠান্ডা চায়ের কাপ রেখে দিলাম রেলিংয়ের ওপরে। ফারাবি আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল,
“আপনি মন খারাপ করেননি, এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন, শেষ বিকেলের মেয়ে?”

আমি ভ্রুকুটি করে তাকালাম। ‘শেষ বিকেলের মেয়ে’ সম্বোধনে সচকিত ভাব স্পষ্ট হলো আমার মুখের রেখায়। জহির রায়হানের এই উপন্যাসটা আমার ভীষণ প্রিয় বলেই বিহ্বল ভাবটা বেশিই কাবু করল আমাকে। খুব দ্রুতই সেই বিস্মিত ভাব কাটিয়ে উঠে ঝংকার দিয়ে উঠলাম,

“হাউ সিলি! আপনার কথার টোন শুনে মনে হচ্ছে আপনি আমার প্রেমিক এবং আমি আপনার অভিমানী প্রেমিকা। আমি রাগ করে আপনাকে বলছি, ‘আমি তোমাকে আর ভালোবাসি না।’ আর আপনি আমাকে গাঢ় স্বরে আহ্বান করছেন—‘এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, প্রিয়া।’ পুরো বাংলা সিনেমার মতো… হা, হা।”

আমার কথার নিষ্ঠুর ব্যঙ্গের ছুরি ছেলেটাকে কাবু করতে পারল না। না দূর করতে পারল ঠোঁটের কোণের বিশ্রী, অসহ্য হাসিটাকে। নির্বিকার চিত্তে সে আওড়াল,
“দেখলেন, আপনি মিথ্যে বলতে পারেন না।”

কী অদ্ভুত আত্মবিশ্বাস! কী ভীষণ দুঃসাহস এই ছেলেটার! আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সহসাই কোনো কথা খুঁজে পেলাম না। অস্বস্তির মহাসমুদ্রে ডুবে গেল আমার অস্তিত্ব। ফারাবি আমার দিকে আরও একবার তাকিয়ে চায়ের কাপটা হাতে তুলে নিল। এবং অভদ্রের মতো বিনা অনুমতিতে ঠান্ডা চা এক চুমুকে শেষ করে ফেলল। আমি ফুঁসে উঠে বললাম,
“এটা কী হলো?”
“কোনটা?”

অবোধের ন্যায় প্রতিপ্রশ্ন করল ফারাবি। আমার মেজাজ গরম হলো। রক্তিম চোখে চাইলাম তার দিকে। আমার রোষরক্ত নয়নের দিকে তাকিয়ে একটু থতমত খেলো ফারাবি। আমতা আমতা করে বলল,
“সরি, ঠান্ডা হয়ে যাচ্ছিল এজন্য শেষ করে দিলাম। অপচয় জিনিসটা আমার ঠিক সহ্য হয় না। হোক সেটা চা অথবা সময়…”

ছেলেটার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। বিরক্তিভরা কণ্ঠে আওড়ালাম,
“বুঝলাম না, আমি আপনার সময় অপচয় করছি? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনি আগে অভদ্রের মতো আমার সাথে কথা বলতে এসেছেন। আমি কিন্তু যাই নি…”

সরল মুখে স্বীকারোক্তি প্রদান করল ফারাবি,
“যান নি বলেই তো সমস্যা, গেলে আর আজকের দিন দেখতে হতো না।”

ছেলেটার ধোঁয়াশাপূর্ণ কথাগুলো বড্ড দুরূহ মনে হলো আমার কাছে। দুর্বোধ্য কথার অর্থ উদ্ধার করতে না পেরে মেজাজ খারাপ হলো। বিরক্তি নিয়ে বললাম,
“আপনার কথার তো দেখছি কোনো মাথামুণ্ডু নেই, মশাই।”
“জানি।”

দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় বললাম,
“আপনি কি জানেন না, বলুন তো?”
“আপনাকে। আমি আপনাকে জানি না, মিস নামহীনা। কিন্তু আগ্রহ ভীষণ।”

আবেগ, উদ্বেলিত কন্ঠে আওড়াল ছেলেটা। দুর্বোধ্য বাক্যগুলো মস্তিষ্কে ধাক্কা দিল বারকয়েক। গাঢ় বিরক্তিতে কপাল কুঁচকে তাকালাম আমি। অসহ্য! এই ছেলেটা ভীষণ রকম অসহ্য! কঠিন মুখে বললাম,
“আপনি মানুষকে অকারণে বিরক্ত করেন।”
“হুম।”
“আপনি বোধহয় নিজেকে খুব চালাক মনে করেন।”
“সেটাও সত্যি।”

আমি ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললাম। কোনো পরিস্থিতি বা কটু কথাই এই ছেলেটার গায়ে লাগা ভাব দূর করতে পারছে না। মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে সুতরাং রাখঢাকের বালাই রইল না আমার কণ্ঠে। ক্ষুব্ধ কণ্ঠে বললাম,
“আপনি ভীষণ অসভ্য।”
“জানি।”
“বেহায়া।”
“সেটাও জানি।”
“বিরক্তিকর।”
“এই তথ্যটাও আপনার কাছ থেকে আগেই পেয়েছি।”

আমার মাথা দপদপ করতে লাগল। ছেলেটার আন্তরিকতার সুরে হাঁসফাঁস লাগল খুব। না, এখানে এক মুহূর্তও নয়। এমন একটা বাজে ছেলেকে কেন্দ্র করে ঘুরছিল আমার সমস্ত চিন্তা-চেতনা? ছিঃ! মনটা খারাপ হলো ভীষণ। ফ্যাকাশে, বিবর্ণ মুখখানা নিয়ে ঘুরে দাঁড়ালাম আমি। তখনই বাজে ছেলেটা আবার ডাকল,
“শুনুন…”

আমি পেছনে না ঘুরে সাড়া দিতেই ছেলেটা আমার মুখোমুখি এসে দাঁড়াল। এতোটাই কাছাকাছি যে পুরুষালি শরীরের ঘ্রাণ এসে ধাক্কা দিল আমার নাসারন্ধ্রে। আমি আবার দীর্ঘশ্বাস ফেলে চোখে প্রশ্ন নিয়ে তাকালাম। সে মৃদু হেসে চায়ের কাপটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কাপটা গ্রহণ করতেই বুকে হাত বেঁধে সিনা টানটান করে দাঁড়াল ফারাবি। অনড়, অবিচল কণ্ঠে উচ্চারিত হলো,

“ওই দিনের ব্যবহারের জন্য আমি খুব সরি, ম্যাডাম। আসলে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিলাম। শেষ অবধি আর নিজেকে আটকাতে পারিনি বলেই…”

কথাটা সম্পূর্ণ করল না ফারাবি। আমাকে এক আকাশ প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে সে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমার মনটা অকারণে খারাপ হয়ে গেল। মনটা চিৎকার করে প্রশ্ন করল, এতোগুলো বাজে উপাধি ছেলেটাকে না দিলেই চলছিল না? আমি উত্তর দিতে পারলাম না। এবং ফারাবির শেষের কথাগুলোর অর্থও উদ্ধার করতে পারলাম না। ছেলেটার সাথে সাথে তার কথাগুলোও রহস্যপূর্ণ…

—চলমান—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন