ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 2

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– ঠিক আছে কাজী ডাকুন।

নির্ঝরের এমন কথায় সকলে বাকরুদ্ধ হয়ে গেল। ওরা কিছু বলতে চাইলে নির্ঝরের হাতের চোখের ইশারায় সবাই চুপ হয়ে গেল। ঊষসী বিস্ফো’রিত চোখে কেবল তাকিয়ে রইল সেই ছেলেটার দিকে। সবাই চুপ থাকলেও আনিকা চেঁচিয়ে উঠল,

– কি বলছিস নির্ঝর! তুই ওকে বিয়ে করবি?

বাকিরা অস্থির থাকলেও নির্ঝরের চেহারায় কেবল গাম্ভীর্য ছাড়া আর কোনো অনুভূতির লেশমাত্র ফুটে উঠল না। সে ঠান্ডা স্বরে শুধাল,

– অন্য কোনো অপশন আছে তোদের কাছে? এইসব থেকে বাঁচার জন্য? কিছু করতে পারবি?

আনিকা চুপ হয়ে গেল। বাকিরাও মাথা নিচু করে ফেললো। কারণ সবাই ভালো করেই জানে, এই গ্রাম্য মাতব্বর আর বদমাশদের তৈরি করা ফাঁদ থেকে নিজেদের এবং ঊষসীকে রক্ষা করার আর কোনো উপায় আসলেই নেই।

গ্রামের মোড়লদের একজন বিজয়ের হাসি হেসে হাঁক ছাড়ল,

– হ, ঠিক সিদ্ধান্ত নিছস পোলা! এলাকার মান-সম্মান বাঁচাইবার এইটাই একমাত্র পথ। রতন, দৌড় গিয়া কাজি সাবরে লইয়া আয়!

নির্ঝর কোনো উত্তর না দিয়ে মিরাজদের দিকে এগিয়ে এলো। পকেট থেকে ফোন বের করতে করতে নিচু স্বরে বলল,

– স্যারদের কল করে জানিয়ে দে আমাদের ফিরতে দেরি হবে ওনারা যেন চলে যায়।

ফোন হাতে নিতেই দেখলো অলরেডি ১২ টা মিসড কল। মোটামুটি সকলের ফোনেই মিসড কল জমেছে। আনিকা বলল,

– বাস চলে গেলে আমরা ফিরব কি করে?

– ওইটা কোনো একটা ব্যবস্থা করা যাবে কিন্তু এই পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে আমরা ফিরবো? এখন কলে তো কিছু একটা বলা যাবে।

নির্ঝর এবার মিরাজের দিকে তাকিয়ে বলল,

– মুশফিক স্যারকে কল দিয়ে বল আমরা বৃষ্টির জন্য আটকে গেছি এখন ফেরা সম্ভব হবে না। নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলো তাই আমরা ফোন তুলতে পারিনি। এখানের কথা যেন গুণক্ষরেও জানতে না পারে!

শেষ কথাটা হুমকিসরূপ বলল নির্ঝর। মিরাজ কল কানে ধরতেই নির্ঝরের বলা কথা হুবুহু সাজিয়ে বলে দিলো। সব শুনে রাজি হলেও নির্ঝরের খোঁজ করে বসলো মুশফিক স্যার। মিরাজ চোখের ইশারায় নির্ঝরকে সেটা জানালো। নির্ঝর ফোন নিয়ে সালাম দিতেই স্যার বলল,

– কোথায় তোমরা?

নির্ঝর কোনোরকম নার্ভাস না হয়ে কনফিডেন্সের সাথে বলল,

– স্যার মিরাজ বলেনি আপনাকে? আমরা বৃষ্টিতে আটকে গিয়েছি। নেটওয়ার্ক না থাকায় আপনাদের খবর দিতে পারিনি।

– তোমাদের আরো আগে ফেরা উচিত ছিলো না?

– জ্বি স্যার।

– নির্ঝর, তোমাকে আমি যথেষ্ট দায়িত্ববান মনে করেছি সেই তুমি কি না দায়িত্বহীনের মতো কাজ করলে? তোমাদের সাথে কতগুলো মেয়ে আছে? ওদের দায়িত্ব কিন্তু এখন তোমার উপর। বুঝতে পারছ তুমি? তোমাদের উচিত ছিলো সন্ধ্যার আগেই ফিরে আসা এত কিছু হতোই না তাহলে!

স্যার এমন আরও কিছু কথা বললেন। তিনি ওদের সাথে খুব ফ্রেন্ডলি তেমনই তাদের শাসনও করে। নির্ঝর চুপচাপ শুনলো। তারপর বলল,

– স্যরি স্যার, আমার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। আপনি চিন্তা করবেন না আমি দায়িত্ব নিয়ে সবাইকে ঠিকমতো পৌঁছে দিবো ইনশাআল্লাহ। আর স্যার…

– বলো?

নির্ঝর গলা ঝেড়ে বলল,

– ফার্স্ট ইয়ারের একটা মেয়ে… ঊষসী ইসরাত হায়দারও আমাদের সাথে আছে।

– ও ওখানে কিভাবে? ও বাসে উঠেনি?

– না স্যার আমরা যেখানে আটকেছি সে ও ওখানেই ছিলো। তবে চিন্তা করবেন না, ওর বা বাকিদের কোনো সমস্যা হবে না, সেই দায়িত্ব আমার। ঝড় কমলেই আমরা নিরাপদে ফেরার ব্যবস্থা করব।

মুশফিক স্যার একটা শ্বাস ছেড়ে বলল,

– তাই যেন হয় নির্ঝর। আমরা তবে ফিরছি তোমরা সাবধানে এসো আমরা চিন্তায় থাকবো।

– দুশ্চিন্তা করবেন না স্যার যত দ্রুত সম্ভব আমরা ফিরছি।

কল কেটে দিয়ে নির্ঝর ফোনটা মিরাজের হাতে ফিরিয়ে দিল। মাথায় আঘা’ত এবং টানা বৃষ্টিতে ভেজার কারণে ব্যথায় মাথা ঝিনঝিন করলেও চেহারায় সেটার বিন্দুমাত্র ছাপ প্রকাশ পেল না।
কিছুক্ষণের মধ্যেই গ্রাম্য এক মাতব্বরের পিছু পিছু রতন নামের ছেলেটি কাজী সাহেবকে নিয়ে হাজির হলো। মাতব্বরদের একজন গলা খাঁকারি দিয়ে বলল,

– বাইরে বৃষ্টির মধ্যে এহানে আকদ পড়ান যাইবো না। কাছেই আমাগো মোড়ল সাবের খালি ঘর আছে, হেইহানে চলো। সব ব্যবস্থা হেইখানেই হইবো।

কারো মুখ দিয়ে একটা টু শব্দও ফুটল না। থমথমে পরিবেশে ভারী পায়ে ঝুম বৃষ্টির তোড় ঠেলে মোড়লের বাড়ির দিকে হাঁটা দিল সবাই। কাঠের চাটাই আর টিনের ঘরের এক কোণে টিমটিমে এক মোমবাতি জ্বালিয়ে বসানো হলো কাজী সাহেবকে। মেহগনি কাঠের টেবিলের ওপর মেলে ধরা হলো রেজিস্ট্রি খাতা। ওদের থেকে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করে কিছুক্ষণ কিসব লেখালেখি করলো।

আনিকা নূরিদের পাশেই দাঁড়িয়ে ছিলো। সে ফিসফিস করে বলল,

– কাজটা কি ঠিক হচ্ছে? এভাবে নির্ঝর ওই মেয়েটাকে বিয়ে করে নিবে?

তানভীর নিচু স্বরে বলল,

– আর কোনো পথ না পেলে কি করবি?

– তোদের কেউ বিয়ে করে নিতি তাহলে?

– আনিকা এরকম সিচুয়েশনে উল্টাপাল্টা কথা বলিস না!

– সিচুয়েশন কি আমরা খারাপ করেছি? মেয়েটাকে হেল্প করতে গিয়েই তো ফেঁসেছি।

সবাই বিরক্তি নিয়ে তাকাল ওর দিকে সেসব পাত্তা দিল না আনিকা। বুকে হাত গুঁজে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকলো সম্মুখে বসে থাকা এক জোড়ার দিকে। নির্ঝর আর ঊষসী, দুজন দুটো চেয়ারে বসে আছে মাথা নিচু করে আর তাদের বিয়ের সাক্ষী হবে নির্ঝরের বন্ধুরা এবং গ্রামের লোকজন। লেখার কাজ শেষের দিকে আসতেই কাজী সাহেব চশমাটা নাকের ওপর সামান্য ঠিক করে গম্ভীর গমগমে গলায় শুধালেন,

– কনে, ঊষসী ইসরাত হায়দার... আপনি কি সজ্ঞানে, উপস্থিত সাক্ষীগণের সামনে এই নিকাহে সম্মতি দিচ্ছেন?

প্রশ্নটা শুনে ঊষসীর মধ্যে কোনো ভাবান্তর হলো না। কিন্তু ভেতরে ভেতরে যে ঝড় বইছে! কান দিয়ে বের হচ্ছিল তপ্ত হাওয়া। চোখের সামনে কাঠের টেবিল আর মোমের টিমটিমে আলোটা কেমন ধোঁয়াটে ঠেকছে। সে একবার চোখ তুলে সবার দিকে তাকাল সবাই তার দিকে তাকিয়ে। শুধু নির্ঝর নির্বিকার বসে টেবিলের দিকে তাকানো। কাজী সাহেব আবার একই প্রশ্ন করলেন। ঊষসীর কোনো কথা মুখ দিয়ে ফুটল না কেবল অঝোর ধারায় গাল বেয়ে বিষাদের জলের ফোঁটা গড়িয়ে পড়তে লাগল। সে চোখ দুটো শক্ত করে বুজে কেবল মাথা নাড়ল। কাঁপতে থাকা ঠোঁটে অস্পষ্ট, রুদ্ধ এক "হ্যাঁ" শব্দ তার গলা থেকে খসে পড়ল। কাজী সাহেব রেজিস্ট্রি খাতাটা এগিয়ে দিয়ে কলমটা বাড়িয়ে কোথায় কোথায় সাইন করতে হবে সেটা দেখিয়ে দিলেন। কলমটা হাতে নিতেই ঊষসীর হাত থরথর করে কাঁপতে লাগল। সবাই তাড়া দিচ্ছে দেখে ঊষসী কাঁপা হাতে সাইন করে দিল।

এরপর পালা নির্ঝরের। তার কাছে সম্মতি চাইলে সে বিনাদ্বিধায় হ্যাঁ বলে দিল। সই করার ক্ষেত্রে কোনো দ্বিধা বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কলমটা হাতে তুলে নিল। তার আঙুলের সামান্যতম কম্পনও দেখা গেল না। শক্ত চোয়ালে, নিশ্চুপ আক্রোশে এক টানে সইটা বসিয়ে দিল সে। একটা রাত একটা কাগজ দুটো মানুষের একটা অদৃশ্য বাঁধনে বেঁধে দিলো।

রেজিস্ট্রি খাতা বন্ধ হতেই কাজী সাহেব মোনাজাত ধরে আকদ সম্পূর্ণের ঘোষণা দিলেন এবং নব দম্পতির সুখের এবং শান্তির জন্য দোয়া করে দিলেন। মোড়লরা নিজেদের জেতে তুষ্ট হয়ে বিজয়ের হাসি হাসতে হাসতে বৃষ্টির অন্ধকারের মাঝে বিদায় নিল। কিন্তু সেই টিনের চালের নিচে রেখে গেল এক শ্মশান নীরবতা। তারপরই এসব!

সকলের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো ঊষসী। দেখলো বেরোনোর জন্য ডাকা হচ্ছে তাকে। সম্মুখ পানে চেয়ে দেখলো নির্ঝর অলরেডি বেরিয়ে গেছে। বাঁ হাতে মাথার চুল ঝাড়তে ঝাড়তে সোজা হাঁটছে। ঊষসী নুরীর সাথে এগিয়ে গেল। নুরী ঊষসীর ঠাণ্ডা হয়ে আসা এক হাত জড়িয়ে ধরে ভিজে যাওয়া পথ ধরে এগোতে লাগল। গ্রামের মোড়লদের বাড়ির সীমানা পেরোতেই চারপাশের নিঝুম অন্ধকারের বুকে কেবল ঝুম বৃষ্টির একটানা ঝরঝর শব্দ আর মেঠোপথের কাদা-জলের ছপছপ আওয়াজ।

সামনে খানিকটা দূরত্ব রেখে হাঁটছিল নির্ঝর। পেছনের বন্ধুদের কারোর মুখেই কোনো কথা নেই মিরাজ, তানভীর, হাবিব, আনিকাসহ বাকিরা সবাই চুপচাপ। এক অনাকাঙ্ক্ষিত বিষাদময় পরিস্থিতি সবাইকে এমনভাবে গ্রাস করেছে যে নীরবতাই যেন এখন একমাত্র ভাষা। নির্ঝর ফোন দেখতে দেখতে হাঁটছিল। হঠাৎ মাথা তুলে বলল,

– এখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। কাউকেই রিচ করতে পারছি না। আরো কিছুদূর হাঁটতে হবে সবাইকে তারপর গাড়ির ব্যবস্থা করা যাবে।

আনিকা প্রশ্ন করে বসলো,

– আমরা তাহলে কিভাবে যাবো? না মানে সামনে গাড়ি পাবি তো?

নির্ঝর হাঁটতে হাঁটতে জবাব দিল,

– নেটওয়ার্ক পেলেই পরিচিত দুয়েকজন আছে ওদের সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা করতে পারবো। এটলিস্ট বাস স্ট্যান্ড পর্যন্ত তো অবশ্যই!

সবাই সম্মতি দিয়ে হাঁটতে লাগলো। খানিকটা পথ এগিয়ে বড় রাস্তায় উঠতেই নেটওয়ার্ক পাওয়া গেলে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। নির্ঝর তার চেনা পরিচিত দুজনকে কল দিয়ে জানালে তারা গাড়ির ব্যবস্থা করে দেয়। আধ ঘণ্টা পর একটা মাইক্রো বাস এসে হাজির। নির্ঝর সোজা উঠে বসলো ড্রাইভারের পাশে সিটে। আনিকা আর ছেলেরা গেল পেছনের সিটে। মাঝের সিটে তাহফিয়া, নুরী আর ঊষসী। পুরোটা সময় ঊষসীর মুখে কোনো বাক্য নেই। একটু পর আবার বৃষ্টি নামল আকাশ ভেঙ্গে। মাইক্রোবাসের ভেতরে থমথমে নিস্তব্ধতা। স্টার্ট নিয়ে গাড়িটা যখন ঝুম বৃষ্টির জল ছিটিয়ে পঞ্চগড় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলতে শুরু করল তখন ভেজা কাচের ওপর গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো ঊষসীর চোখের জলের সাথেই যেন তাল মেলাচ্ছিল। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটার পর ড্রাইভিং সিটের পাশ থেকে নির্ঝরের গম্ভীর ও বরফশীতল কণ্ঠ ভেসে এলো। সে ড্রাইভারের অলক্ষে পেছনের গ্লাসে নজর রেখে শক্ত গলায় বলে উঠল,

– গাড়িতে ওঠার আগ পর্যন্ত কি হয়েছে সেসব সবাই ভুলে যাবি। ওই বিষয় আমি সামলে নেবো।

কথাটা বলে সে ক্ষণিকের জন্য থামল। লুকিং গ্লাসে ঊষসীর ভেজা, অশ্রুসিক্ত চোখের দিকে ওর নজর স্থির হয়ে আটকে গেল। নির্ঝরের গলার স্বর আরও নিচু আর কঠোর শোনালো,

– আর এই গ্রামে আজ রাতে যা ঘটেছে, তা এখানেই শেষ। রাজশাহী পৌঁছে গাড়ি থেকে নামার পর আমাদের কারো সাথে কারো কোনো যোগাযোগ নেই। ক্যাম্পাসে যেন কেউ কোনোদিন জানতে না পারে। আমরা এখন বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়িতে যাব তারপর বাস স্ট্যান্ড পৌঁছে বাসে উঠবো।

সবাই মাথা নাড়ল। ঊষসী সিটে মাথা হেলিয়ে চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। পঞ্চগড়ের এক রাতের কালবৈশাখী ঝড় তার শান্ত জীবনে এক ভারী রহস্য আর না-খোলা অধ্যায় লিখে দিয়ে গেল যার সুতোয় জড়িয়ে রইল সামনের সিটে বসে থাকা ওই নিশ্চুপ, গম্ভীর মানুষটি। মাত্র কয়েক ঘণ্টা আগের হাসিখুশি ঊষসী আর এখনকার এই নামমাত্র বেঁচে থাকা ঊষসীর মধ্যে যেন এক আলোকবর্ষের দূরত্ব!

মিরাজ পরিস্থিতি খেয়াল করে লুকিং গ্লাসে নির্ঝরের দিকে তাকালো। গাড়ির লুকিং গ্লাসে ভেসে উঠছে নির্ঝরের কঠিন ও থমথমে মুখশ্রী। তার কপাল কেটে গড়িয়ে আসা র’ক্তের দাগ অনেকটাই জমাট বেঁধে গেছে কিন্তু সেদিকে ছেলেটার কোনো খেয়াল নেই। চোখ দুটো বাইরের জমাট অন্ধকারের দিকে আঁকা, চোয়াল শক্ত। সে পেছন থেকে নিচু স্বরে বলল,

– নির্ঝর, তোর কপালের চো’টটা তো গভীর মনে হচ্ছে। কোনো ফার্মেসি বা ক্লিনিকে গিয়ে ব্যান্ডেজ করানো দরকার।

নির্ঝর গ্লাস থেকে চোখ না সরিয়ে সংক্ষেপে শীতল গলায় উত্তর দিল,

– লাগবে না। এসব নিয়ে চিন্তা করতে হবে না।

তানভীর আর হাবিবও কিছু বলতে গিয়েও থেমে গেল। নির্ঝরের এই একগুঁয়ে আর বরফশীতল রূপ তাদের খুব ভালো করেই চেনা। যখন সে এই মেজাজে থাকে, তখন তার সীমানায় পা রাখা বিপজ্জনক।
আনিকা একবার পেছন থেকে আড়চোখে ঊষসীর দিকে তাকাল। তার মনে এখনো হাজারটা অসন্তোষ আর প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। পরিস্থিতি যতই খারাপ হোক, এভাবে ফার্স্ট ইয়ারের একটা অনাত্মীয় মেয়ের জন্য নির্ঝর নিজের জীবনটা বাঁধনে ফেলে দিল এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু নির্ঝরের উপর কিছু বলার মতো সাহস তারও নেই।

ঘণ্টা দুয়েকের পর বাস স্ট্যান্ডে পৌঁছাল সবাই। গাড়ি থামতেই নির্ঝর ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে নিচে নামল। বন্ধুদের দিকে ফিরে গম্ভীর স্বরে বলল,

– তোরা বাস স্ট্যান্ডের শেডের নিচে দাঁড়া। আমি রাজশাহীর যে কোনো বাসের টিকিট দেখে আসছি।

সবাই একে একে মাইক্রোবাস থেকে নেমে শেডের নিচে এসে দাঁড়াল। কিছুক্ষণের মধ্যেই নির্ঝর এক কাউন্টার থেকে রাজশাহীর বাসের টিকিট কেটে ফিরে এলো। সে কাউন্টারের দিক থেকে আসতে আসতে মিরাজ আর তানভীরকে নির্দেশ দিল,

– বাসের টিকিট নেওয়া শেষ, মিনিট দশেক পরই গাড়ি ছাড়বে। টিকিট নিয়ে উঠে পড়। কারও কিছু লাগবে? কিছু আনতে হলে বল এনে দিই। খাবার, পানি কিছু?

– না রে, ভাই। কারো কিছু লাগবে না। তুই আর দেরি করিস না সোজা বাসে গিয়ে বস।

মিরাজ হাত বাড়িয়ে নির্ঝরের কাছ থেকে টিকিটগুলো নিয়ে নিল। তখনই ঊষসীর ফোন বেজে উঠলো। ঝুম বৃষ্টির শব্দ ঠেলে হঠাৎ ব্যাগ থেকে বেজে ওঠা ফোনের কর্কশ রিংটোনে আঁতকে উঠল ঊষসী। কেঁপে উঠে থরথর করে ব্যাগ থেকে ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে তার বুকের ভেতরটা খালি হয়ে গেল। তার ভাইয়া ফোন করেছে! নিঃশ্বাস প্রায় আটকে এলো তার। মাঝরাতে ফোন ধরা মানেই নিজে নার্ভাস হয়ে সব বলে দেওয়া আর না ধরলে ভাইয়া মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি করে ফেলবে।
নির্ঝর তীক্ষ্ণ চোখে ঊষসীর হাতের ফোনের দিকে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিতে তার এক সেকেন্ডও লাগল না। সে শক্ত গলায় বলল,

– ফোনটা ধরো। গলার স্বর একদম নরমাল রাখবে। এমনভাবে কথা বলবে যেন কিছুই হয়নি।

#চলবে…?

(রেসপন্স এত কম হওয়ার কারণ কি?🙃 লিখতে আগ্রহ হচ্ছে না কেন যেন মনে হচ্ছে আপনাদের ভালো লাগেনি…?)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন