#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ঊষসী বড় একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ফোনটা রিসিভ করলো। গলা চিরে কোনো শব্দ বের হতে চাইছিল না তাও আপ্রাণ চেষ্টা করে অস্পষ্টস্বরে বলল,
– হ… হ্যালো, ভাইয়া?
অপরপাশ থেকে তার ভাই ইশরাক এর উদ্বিগ্ন ও রাগী গলা ভেসে এলো,
– ঊষা! তুই কোথায়? এত রাতে ফোন তুলছিস না কেন? তোকে কলে পাওয়া যাচ্ছে না কেন? তুই নাকি বাসে উঠিসনি?
তার মানে বাস মিস করার খবর বাড়ি অব্দি পৌঁছে গেছে। সে কোনোরকম সামাল দিতে বলল,
– ভাইয়া, আমি… আমি ঠিক আছি। আসলে পঞ্চগড়ে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, নেটওয়ার্ক একদম ছিল না। আমরা এই বৃষ্টিতেই আটকে পড়েছিলাম।
ইশরাক উদ্বিগ্ন কণ্ঠে বলল,
– আটকা পড়েছিস মানে? তুই বাস মিস করেছিস ফিরবি কিভাবে? কার সাথে আছিস তুই? একা?
– না না ভাইয়া একা না! আমি সিনিয়রদের একটা টিমের সাথে আছি। ওনারাও বাস মিস করেছে এখন বৃষ্টির বেগ একটু কমেছে, আমরা রাজশাহীর বাসে উঠে পড়েছি।
ইশরাক ঊষসীর কাছে সবার খবরাখবর নিলো কে কে কে আছে সাথে ইত্যাদি। এরপর কল কাটতেই ঊষসী হাঁফ ছেড়ে বাঁচল। তারপর একে একে সকলে বাসে উঠে গেল। পুরো রাস্তা কারও মুখে কোনো কথা নেই। যাওয়ার সময় আনন্দে মেতে থাকা ছেলে মেয়েগুলোর মুখে এখন রা নেই।
.
রাজশাহীতে পৌঁছাতে আর বেশিক্ষণ বাকি নেই। লম্বা একটা জার্নি হয়েছে বেশ টায়ার্ড সবাই। একেকজনের উপর যা গেল!
জানালার পাশে থুতনি চেপে বসে থাকা ঊষসীর চোখ দুটি লাল হয়ে আছে। সারা রাত তার চোখের পাতা এক হয়নি। একটু চোখ বুজে আসলেই গ্রামের সেই মোড়লদের হুমকি, টিনের চালের নিচে মোমবাতির টিমটিমে আলো, আর কাজী সাহেবের খাতার পাতাগুলো তার চোখের সামনে ভেসে উঠছিল। সঙ্গে ভেসে উঠছিল নির্ঝরের শক্ত চোয়াল আর নির্বিকার সই করার দৃশ্যটা। মাথা যন্ত্র’ণায় ফেটে যাওয়ার উপক্রম হলেও সে কোনো সাড়াশব্দ করছে না।
পাশে বসা নুরী আড়চোখে ঊষসীকে দেখে নিয়ে একটা বিষাদময় দীর্ঘশ্বাস ফেলল। সে জানে, এই শারীরিক আর মানসিক ধকল এই অল্পবয়সী মেয়েটার জন্য সহ্য করা কতটা কঠিন।
একদম পেছনের সিটে মিরাজ, তানভীর আর হাবিব সিটে মাথা হেলিয়ে চোখ বুজে আছে। ঘুম আসছে না কারও কেবল মাথা চেপে ধকল সামলানোর চেষ্টা করছে। নির্ঝর একদম সামনে ড্রাইভারের পেছনের সিঙ্গেল সিটে একাই বসেছিল। সে পকেট থেকে ফোন বের করে সময় দেখল, কয়েক মিনিটের মধ্যেই বাস টার্মিনালে ঢুকবে।
বাসের ইঞ্জিনের শব্দ ধীর হয়ে আসতেই নির্ঝর ড্রাইভারের পাশ থেকে উঠে দাঁড়াল। বাসের শেষের দিকে বন্ধুদের সিটের সামনে এসে গম্ভীর কণ্ঠে পেছনের বন্ধুদের উদ্দেশ্যে বলল,
– বাস স্ট্যান্ড চলে এসেছে। রাজশাহী পৌঁছে সবাই যার যার মতো হোস্টেল বা মেসে চলে যাবি। রাতে যা হয়েছে, তা এই বাসের ভেতরেই ফেলে রেখে নামবি।
কথাটা বলতে বলতে নির্ঝরের চোখ একবার ঊষসীর ওপর গিয়ে পড়ল। কিন্তু পরক্ষণেই সে চোখ সরিয়ে নিল। বাস থামতেই মেয়েদের আগে নামতে বলে পেছন পেছন সব ছেলেরা নেমে এলো। এরপর সেখান থেকে খুব কাছেই ভার্সিটি যার কারণে খুব দ্রুতই ভার্সিটিতে পৌঁছে যাবে এবার অটো নিয়ে ডাইরেক্ট যে যার যার হলের দিকে যাওয়ার জন্য রওনা দিবে। মিরাজ ইতস্তত করে বলল,
– ঊষসী… তোমাকে আমরা কেউ হলে দি…
ওর কথা থামিয়ে ঊষসী নিজের হেসে বলল,
– আমি একা চলে যেতে পারবো ভাইয়া। আপনাদের অনেক ধন্যবাদ অনেক করেছেন। আর আমি স্যরি খুব, আমার জন্য আপনাদের এত ঝড় ঝাপটার মুখোমুখি হতে হলো এইটুকু আমি নিজেই চলে যেতে পারবো।
হাবিব বলল এবার,
– যেটা হওয়ার সেটাই হয়েছে এর জন্য নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই। তোমার বড় ভাইয়ের মতো আমরা তাই এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
ঊষসী হেসে বিদায় নিয়ে অটোর দিকে পা বাড়ালো। আচমকা আনিকা ওকে ডাকলো। সে পেছন ফিরতেই আনিকা এগিয়ে এলো। সবার সামনেই বলল,
– যে কথা নির্ঝর বাসে বলেছে, কাল রাতের ঘটনা ওখানেই শেষ, তুমি আর ও সম্পূর্ণ অচেনা। বুঝেছো?
ঊষসী মাথা নাড়ল কিন্তু আনিকা থামলো না। সে তার মতো বলল,
– তুমি হয়তো ভাবছ বিপদে পড়ে যা পেয়েছ, তা তোমার কপাল! কিন্তু মনে রাখবে নির্ঝর শুধু তোমার মান-সম্মান আর পরিস্থিতি সামাল দিতে ও নিজের ভবিষ্যৎটা বাজিতে লাগিয়েছে।
ঊষসী মলিন হেসে বলল,
– আমি এমন কিছু ভাবছি-ও না আপু! আমি পুরো বিষয়টা জানি এবং বুঝি। এবার আমি আসি।
ঊষসী উল্টো ঘুরে পা চালালো। পেছন থেকে আনিকার কিছু কথা কানে আসলো,
– এই ভুলের খেসারত যে নির্ঝরকে কতদিন দিতে হবে আমি জানি না! খুব ভালো করতে গিয়ে নিজে ফেঁসে বসে আছে!
ঊষসী হাঁটা থামালো না বরং হেসে আরো দ্রুত পা চালিয়ে অটোতে উঠলো। তখন নির্ঝরের কঠোর কণ্ঠস্বর কানে আসলো,
– আমি ফাঁ’সলে তোর কি? চুপ করে আছি দেখে মাথায় উঠবি না আনিকা! আর যেন উল্টো পাল্টা কিছু না শুনি আমি।
আর কিছু শোনা গেল না। শো শো বাতাসের শব্দে মিলিয়ে গেল অন্য সকল ভাষা। ঊষসীর অটোটা হাওয়ায় মিলিয়ে গেল। বাকিরা নিজেদের হলের দিকে রওনা দিলো। একই সুতোই গেঁথে যাওয়া দুটো মানুষ দুজনকে পেছনে ফেলে দুই রাস্তায় পাড়ি জমালো যেন কেউ কারো সাথে দেখা করতে চায় না! কিন্তু রাস্তা ভিন্ন হলেও গন্তব্য যদি এক হয়ে যায়?
.
– মেয়েটা ভালোই ভালোই নিজের রাস্তায় চলে গেলেই হয়! নির্ঝর তো নিজের থেকে অনেক বড় দায় ঘাড়ে চেপে নিল, কিন্তু এইসবের জন্য যে কতদিন কি কি দিতে হবে কে জানে!
ফিরেছে অব্দি আনিকা এসব বকে যাচ্ছে। নুরী এক প্রকার বিরক্ত হয়ে গেল ওর উপর। এবার বাড়াবাড়ি করছে মেয়েটা। সেই কাল থেকে যা নয় তা বলেই চলেছে। নুরী আনিকার দিকে ঘুরে কড়া চোখে তাকাল।
– আনিকা, প্লিজ মুখটা বন্ধ রাখবি? মেয়েটার ওপর দিয়ে কী গেছে তুই দেখিসনি? সব জেনেশুনে তুই এমন নিষ্ঠুর আচরণ কীভাবে করতে পারছিস?
– আমি নিষ্ঠুর? আমি রিয়্যালিটি বলছি, নুরী! ওই একটা মেয়েকে বাঁচাতে গিয়ে নির্ঝর নিজের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করল। স্যারেরা বা ওর ফ্যামিলি জানতে পারলে কী হবে চিন্তা করেছিস? আর মেয়েটা যদি শেষমেশ ওর গলায় ঝুলতে চায়?
– চুপ। মেয়েটাকে নিয়ে উল্টো পাল্টা বলবি না আনিকা। ঊষা অমন মেয়ে না।
আনিকা ভেংচি কেটে বলল,
– অমন মেয়ে নয়! দেখা যাক। সুযোগ পেলে কেউ হাত ছাড়া করে না! তোরা ইভেন নির্ঝর যে কি বুঝে এটা করলো আমি বুঝতে পারছি না!
– নির্ঝর যা সিদ্ধান্ত নেওয়ার নিজের বুদ্ধিতেই নিয়েছে। তোকে বুঝতে হবে না! তোর কোনো ক্ষতি তো হয়নি বোন! তাই এখন অন্তত জ্ঞান দেওয়া বন্ধ কর।
আনিকা আর কোনো জবাব না দিয়ে গজগজ করতে করতে তোয়ালে আর জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে হনহন করে হেঁটে গেল। নুরী একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। আনিকার এই আচরণের পেছনের কারণটা নুরী খুব ভালো করেই বুঝে কিন্তু কালকের পরিস্থিতিও সে অস্বীকার করবে কি করে?
ওদিকে ঊষসী নিজের রুমে এসে দরজায় খিল দিয়েছে। সবাই ওকে জিজ্ঞেস করছে কিভাবে কোথায় কেন দেরি হয়েছে আরো হাজারো প্রশ্ন! ঊষসী সেসবের উত্তর না দিয়ে ক্লান্ত বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলো। আটকে দিয়েই দরজার সাথে পিঠ ঠেকিয়ে সে আস্তে আস্তে নিচে বসে পড়ল। এতক্ষণের জমে থাকা সমস্ত বিষাদ আর কান্না যেন আর বাধ মেনে থাকতে পারল না। দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে উঠল সে।
বাইরে থেকে রুমমেটদের একজন দরজায় হালকা টোকা দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল,
– ঊষা, কী হয়েছে রে? শরীর খারাপ লাগছে?
ঊষসী গলার কান্না চেপে কোনোমতে একটু স্বাভাবিক স্বরে বলল,
– আমি... আমি একদম ঠিক আছি। প্রচণ্ড মাথা ব্যথা আর ঘুম পাচ্ছে। আমি কিছুক্ষণ ঘুমাব, প্লিজ আমাকে এখন ডাকিস না।
আর কেউ ওকে ডাকলো না। ঊষসী উঠে দাঁড়িয়ে ধীর পায়ে গিয়ে বিছানায় শুলো। বালিশে মুখ গুঁজে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। বালিশটা শক্ত করে চেপে ধরে চোখ বুজতেই হাজারটা স্মৃতি আর ভাবনা এসে ভিড় করল তার মাথার ভেতর। মনে পড়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা! মধ্যবিত্ত পরিবারের এতগুলো মানুষের আশা-ভরসা আর ভালোবাসার প্রতিদান দিতে সে কত রাত জেগে পড়াশোনা করেছিল। যেদিন সে চান্স পেয়েছে সেদিন বাবা ইশতিয়াক হায়দার এর আনন্দের সেই অশ্রুসজল মুখ, ভাই ইশরাকের গর্বিত হাসি, আর তাকে নিজের সবটুকু দিয়ে এখানে পড়তে পাঠানো, সব দৃশ্য একে একে চোখের সামনে ভেসে উঠল। তার মাথায় হাত রেখে তার বাবা বলেছিল,
– পড়তে পাঠাচ্ছি তোকে মা। পড়ালেখা করবি মন দিয়ে কখনোই ভুল পথে পা বাড়াবি না। আগে আমাদের মুখ মনে করবি।
বাবার কথা মেনে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিল সেই বিশ্বাসটুকু টিকিয়ে রাখার! কিন্তু… যদি তারা জানতে পারে কাল রাতের ঘটনার কথা? যদি ভাবে ঊষসী তাদের বিশ্বাস ভেঙেছে? যদি তার ভাইয়া জানতে পারে, তবে কত বড় আঘাত পাবে? বিশ্বাস করবে তাকে? বুঝবে তার পরিস্থিতি? পরিবারের বিশ্বাসের জায়গাটা যে একেবারে ভেঙে গুঁড়িয়ে ছারখার হয়ে যাবে! সব কিছু ভাবতেই ডুকরে কেঁদে উঠলো সে। কোনো এক অচেনা রাজকোট আর কাজী খাতার পাতায় তার নামটা জড়িয়ে গেল অন্য একজনের সাথে! এটা ভাবতেই আরো এক দফা বুক ফেটে আসছে তার। সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ওরা তো বললই এটা গোপন থাকবে, যা ভাবছে এমন কিছুই হবে না। সে এখন ওদের সামনে গেলে যে অস্বস্থিতে পড়বে এইটুকু সে জানে তাই ওদের বিশেষত নির্ঝর এর আশেপাশেও না যাওয়ার চেষ্টা করবে। হাজারো শিক্ষার্থীর ভিড়ে সে নিজেও নির্ঝরের সম্পূর্ণ অচেনা কেউ হয়েই দিন কাটাবে। এই ভেবে সে জোর করে একটা লম্বা ঘুমের প্রস্তুতি নিলো।
কিন্তু নিয়তির সমীকরণ কি এত সহজে শেষ হয়? জীবনের যে মোড়ে এসে দুটো অদৃশ্য পথ এক সুতোয় বাঁধা পড়ে গেছে তা ছেঁড়া এত সহজ? এতো বিশাল ক্যাম্পাসে কি চাইলেই লুকিয়ে থাকা সম্ভব?
#চলবে…?
(আজকে খুব বেশি বড় লিখতে পারলাম না সারাদিন ক্লাস করে এসে লেখার সুযোগই পাইনি🤧 আজ এইটুকুই পড়ুন।
রিচেক করা হয় নি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন🌸)